শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১ বছরে মোদির সরকারের ভ্রমণ-ব্যয় ৩১৭ কোটি রুপি

modiভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রথম বছরে ভ্রমণ খাতে ব্যয় দেখানো হয়েছে ৩১৭ কোটি রুপি।
দেশটির সংশোধিত বাজেট প্রস্তাবনার বরাত দিয়ে রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভ্রমণবাবদ নতুন সরকারের প্রথম বছরের এই ব্যয় কংগ্রেস নেতৃত্বাধীন গত ইউপিএ সরকারের শেষ অর্থবছরের (২০১৩-১৪) ব্যয়ের চেয়ে ৫৯ কোটি রুপি বেশি। ওই অর্থবছরের ইউএপিএ সরকারের ভ্রমণ-ব্যয় ছিল ২৫৮ কোটি রুপি।
ভ্রমণ খাতে দেখানো এই ব্যয়ের মধ্যে রয়েছে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীদের ভ্রমণ ব্যয় এবং ভিভিআইপিদের (প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট) ব্যবহৃত বিমানের রক্ষণাবেক্ষণ বাবদ খরচ।
প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার যেকোনো সদস্যের চেয়ে বেশি ভ্রমণ করেছেন।
এদিকে ভ্রমণবাবদ মোদি সরকারের ব্যয় সহসাই কমছে না উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আগামী ১ এপ্রিল শুরু হতে যাওয়া ভারতের ২০১৫-১৬ অর্থবছরে সরকারের ভ্রমণ-ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি রুপি।

‘অজানা’ পথে দক্ষিণ আফ্রিকা

africa22বিশ্বকাপের ফাইনাল তো বটেই, নকআউট পর্ব উতরে গিয়ে কীভাবে খেলতে হয় সেটাই ‘অজানা’ দক্ষিণ আফ্রিকার কাছে।
১৯৯২ সালে ক্রিকেটে ফেরার পর নকআউট পর্ব মানেই প্রোটিয়াদের জন্য বিস্ময়কর হতাশার গল্প। কখনো বৃষ্টি, কখনো ভাগ্য আর কখনো নিজেদের সামান্য ভুল- একেকবার একেকটি ইস্যু এসে দ. আফ্রিকাকে ছিটকে দেয় বিশ্বকাপের আসর থেকে।
এবারই কোয়ার্টার ফাইনালে জিতে প্রথমবারের মতো নকআউট পর্ব পার হয়েছে দক্ষিণ আফ্রিকা। সামনের বাকিটা পথ অন্তত অভিজ্ঞতার নিরিখে বেশ ‘অচেনা’।
বিষয়টা মানছেন ডেভিড মিলারও। তবে সেই অজানা-অচেনা পথে বেশ ভালো ভাবে পাড়ি দিতে প্রোটিয়ারা প্রস্তুত তার অভিমত, ‘এটা আমাদের কাছে অজানার মতো ব্যাপার। খুবই রোমাঞ্চকর সময়ও বটে। মাত্র আটদিনের ব্যাবধানে আমরা বিশ্বচ্যাম্পিয়নও হয়ে যেতে পারি! শুধু একটা পা ফেলাই বাকি। আর তার জন্য আমরা পুরোপুরিই প্রস্তুত।’
সেমিফাইনালের নকআউট ম্যাচ পার হলেই শিরোপা লড়াইয়ের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই জায়গায় মিলে যাচ্ছে নিউজিল্যান্ডের স্বপ্নও।
প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার জোর দাবিদার ব্রেন্ডন ম্যাককালামের দল। এর আগে ছয়বার বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও ফাইনাল খেলা হয়নি একবারও।
গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১৩৮ রান করা মিলার তাই সতর্ক কিউইদের নিয়েও, ‘নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ার একটা সুবিধা তো পাবেই। ফাইনালের জন্য ওরাও নিশ্চয়ই অপেক্ষা করে আছে। তবে আমরাও নিজেদের সেরাটা খেলার অপেক্ষায় আছি। মঙ্গলবার দারুণ একটা ম্যাচই হতে যাচ্ছে।’
২৪ মার্চ অকল্যান্ডের ইডেন পার্কে যে-ই জিতুক, বিশ্বকাপ তাই নতুন ফাইনালিস্ট পাচ্ছে। তবে সেটি  কারা, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা- তার জন্য এখন অপেক্ষা।

রণবীর-দীপিকা এক সাথে

ronobir dipikaসারাদিনে ব্যস্ত শিডিউলে প্রিয় মানুষটিকে প্রায় সময় দেওয়াই হয় না। তাই সুযোগ পেলেই তা সুদে-আসলে পুষিয়ে নিয়ে থাকেন রণবীর-দীপিকা। সম্প্রতি টিনসেল টাউনের এই লাভবার্ডকে দেখা গেল রাতের মুম্বাই শহরে ঘুরে বেড়াতে। আর সেই ছবিই ধরা পড়ল ক্যামেরার লেন্সে।

সম্প্রতি সেন্সরের জারি করা নিষেধাজ্ঞা উপর আপত্তি এনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গে বৈঠক করেন বলিউডের একাংশ। এই বৈঠকে উপস্থিত ছিলেন দীপিকা ও রণবীর সিং। আর বৈঠক শেষে দু’জনে বেড়িয়ে পড়েন লং ড্রাইভে। একান্তে একে অপরের সঙ্গে কিছু সময় কাটতে। তবে এটাই প্রথম নয় সময় পেলেই এই দুই সেলেব জুটি বেড়িয়ে পড়েন আউটিংয়ে। শেষবার তাদের দেখা গিয়েছিল ব্যাঙ্গালোরে নতুন বছর উৎযাপন করতে।

আপাতত এই জুটি ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনশালির আপকামিং ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর শুটিংয়ে। এই ছবিতে রাজি রাওয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর এবং মাস্তানির চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
অন্যদিকে সুশান্ত সিং রাজপুতকেও দেখা গেল প্রেমিকা অঙ্কিতার সঙ্গে এর রেস্তোরাঁয়। বেশ কিছু দিন ধরে পরিচালক দিবাঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’র শুটিং নিয়ে সুশান্ত এতটাই ব্যস্ত হয়ে পরেছিলেন যে কিছুতেই সময় দিতে পারছিলেন না অঙ্কিতাকে। তাই এখন শুটিং শেষ হওয়ায় সব আক্ষেপ পুষিয়ে নিচ্ছেন তিনি।

তীব্র পানিসংকটে ভুগবে বিশ্ব: জাতিসংঘ

water water‘ওয়ার্ড ওয়াটার ডে’-তে পানিসংকটের দুঃসংবাদ জানালো জাতিসংঘ৷

সম্প্রতি হওয়া এক অনুষ্ঠানে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই পানীয় জলের সংকট দেখা দিতে চলেছে সমগ্র বিশ্ব৷ সংঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পানীয় জলের অপচয় করে৷ তার মাশুল সরূপ সমগ্র বিশ্বকেই পানি সংকটে পড়তে হবে৷ অবিলম্বে এই অপচয় রোধে ব্যবস্থা নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যেই পানীয় জলের সমস্যায় পড়বে বেশ কয়েকটি দেশ৷

এছাড়া সংঘরে পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বর্তমানে বিশ্বে মোট ৭৩৫ কোটি মানুষ বসবাস করেন৷ ২০৫০ সাল নাগাদ এই জনসংখ্যা প্রায় ৯১০ কোটি হবে৷ খাদ্যের চাহিদা পূরণের জন্য চাষ-আবাদের পরিমাণ বৃদ্ধি হলেও খুব স্বাভাবিকভাবেই পানীয় জলে ব্যবহার বাড়বে৷ তার ফলেও বাড়তে পারে বিশ্বের পানি সংকটের সমস্যা৷

তালা ভেঙে চালু হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

rokeya uniদীর্ঘ চারমাস পর তালা ভেঙে খুলে দেয়া হল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন।
আজ রবিবার বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. মিজানুর রহমানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল একাডেমিক ভবন ও সেন্ট্রাল লাইব্রেরি খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রসাসন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোরশেদ-উল-আলম রনি, সহকারী প্রক্টর শাহীনুর রহমান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক রায়।

এদিকে তালা ভাঙাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তেজনা ছড়িয়ে পরে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তাই যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে তালা ভাঙার সময় ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও কিছু কর্মকর্তা-কর্মচারী।

ছাত্রলীগের আনন্দ মিছিলের পাশাপাশি তালা ভাঙার বিপক্ষে ও ধর্মঘটের পক্ষে আলাদা-আলাদা মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
তালা ভাঙাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও কোনও প্রকার সহিংসতা ছাড়াই প্রশাসনের সহায়তায় সুষ্ঠু পরিবেশে তালা ভেঙে সকল ভবন খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালা ভাঙ্গা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নুর-উন নবী হলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সবার দাবি ছিল বিশ্ববিদ্যালয় সচল করা। বারবার আলোচনা করা সত্তেও শিক্ষকরা আন্দোলন তুলে নিয়ে তালা খুলে না দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে ক্যাম্পাস সচল করার উদ্যোগ নেয়। সরকার ও বিভিন্ন মহল আমাকে বিশ্ববিদ্যালয় সচল করার পরামর্শ দেন এবং শিক্ষকদের আন্দোলন তুলে নিয়ে ক্লাস পরীক্ষা চালানোর পরামর্শ দেন। শিক্ষকরা এর জন্য রবিবার পর্যন্ত সময় নিয়েছিল। আর রবিবার তালা খুলে না দেয়ায় আমরা বাধ্য হয়েছি তালা ভাঙতে।

তালা ভাঙলেই কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করতে প্রয়োজনে আমরা আবারও আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসব। আর যদি কেই আবার তালা লাগায় তাহলে তা ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।
এদিকে একাডেমিক ভবন খুলে দেয়ার পরপরই কিছু শিক্ষক ক্লাস চালিয়েছেন বলে জানা যায়।

১৭৫ নদী রাজনৈতিক ভূমিদস্যুদের দখলে : টিআইবি

tib22দেশের অনেক নদীই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পেশীশক্তিধারী ভূমিদস্যুদের দখলে। পানি ও পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের ঘাটতিই নদী দখল ও দূষণের প্রধান কারণ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের (বাউইন) উদ্যোগে বিশ্ব পানি দিবস-২০১৫ উদযাপন উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে রবিবার সকালে ‘টেকসই উন্নয়নে চাই পানি খাতে শুদ্ধাচার’ দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ নদী প্রধান দেশ। আর এ দেশের নদীর নাব্যতা রক্ষাই বর্তমানে প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্জ্য নিষ্কাশন নীতিমালা মান্য করা হয় না বলেই দূষণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে তিনি বলেন, ২০০০ সালের পরিবেশ আইনের ৩৬ নম্বর ধারা অনুসারে প্রাকৃতিক জলাধারা বা মিষ্টি পানির প্রধান উৎস সংরক্ষণে আইনী বাধ্যতা থাকলেও ভূমিদস্যুরা নির্বিচারে বাংলাদেশের নদী ও জলাশয়গুলো দখল করেছে। ফলে ২৩০টি নদীর মধ্যে ১৭৫টি নদীই মৃত প্রায়। এ ছাড়া প্রতি বছরই দু’একটি করে নদী মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের পানি খাত অনেক জটিল এবং এর ব্যবস্থাপনার সঙ্গে কমপক্ষে ১৩টি মন্ত্রণালয় যুক্ত। যদি পানি ব্যবস্থাপনায় সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করা না যায় তাহলে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিল্প উন্নয়ন, বস্তুসংস্থানসহ মানুষের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন হবে।

পানি খাতে শুদ্ধাচারের দাবিতে টিআইবি ও বাউইনের উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো— বাংলাদেশ পানি আইন ২০১৩’র আশু বাস্তবায়ন করা, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, পানি সম্পর্কিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, নদীতে বেআইনী দূষণ রোধ ও অবৈধ দখলমুক্ত করা, শিল্পবর্জ্য নির্গমনের বিধিমালা তৈরী করা, পানি সম্পদের অপব্যবহার রোধে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শুদ্ধাচার ও নৈতিকতা শিক্ষা নিশ্চিত করা প্রমুখ।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, টিআইবি ও বাউইনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ এখন হাতের মুঠোয় : ভূমিমন্ত্রী

shorifভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়া এখন আমাদের হাতের মুঠোয়। রোববার পাবনার ঈশ্বরদী উপজেলায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সরকার নারীর অধিকার ও শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা সেনাবাহিনী, পুলিশ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী পেশায় সফলতা দেখাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে।

ভূমিমন্ত্রী পাঁচ বছরের ঊর্ধ্বে সকল শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার জন্য সকল পরিবারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বাল্যবিবাহ রোধেও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সূত্র : বাসস

বাংলাদেশি ও ইরানিরা পরস্পর ভাই-ভাই

iran bdবাংলাদেশি এবং ইরানিরা পরস্পর ভাই-ভাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্বাস ভাইঝি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

আব্বাস ভাইঝি জানান, যেহেতু দেশ দুটির মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশের আরও বেশি উন্নতি দেখতে চায় ইরান।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ইরানের রাষ্ট্রদ‍ূতকে স্বাগত জানিয়ে বলেন, ইরান এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিরাজ করছে। সেই সম্পর্ক আরও গতিশীল এবং এগিয়ে নিতে দুটি দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে।

এ সময় মাহমুদ আলী বাংলাদেশের পক্ষ থেকে ইরানি জনগণকে শুভকামনা পৌঁছে দেওয়ার জন্য আব্বাস ভাইঝিকে আহ্বান জানান।

২০১৭ সালে শেষ হবে পদ্মা সেতুর কাজ: ওবায়দুল কাদের

obaidul22২০১৭ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২০১৮ সালে সেতু উদ্বোধন করা হবে এবং এর পরপরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আজ রোববার দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর সব সংযোগ সড়ক ফোর লেন করা হবে। মাওয়া থেকে বাবুবাজার পর্যন্ত আমাদের পর্যাপ্ত জমি আছে। নতুন করে অধিগ্রহণ করতে হবে না। আশা করি ফোর লেনের কাজ দ্রুত শেষ হবে।’

তিনি জানান, পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে ভাঙ্গা পর্যন্ত ১১ কিলোমিটার ফোর লেনের কাজ করা হবে। সবমিলিয়ে ২১ কিলোমিটার ফোর লেনের কাজ সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানী ঢাকায় শিগগিরই মেট্রোরেল চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে আমাদের টার্গেট ছিল মেট্রোরেলের কাজ শেষ করা। কিন্তু জাইকার অর্থায়নে তাদের পরামর্শে কাজ এগিয়ে নিয়ে আসা হয়েছে। ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করা হবে।

বর্ষাকাল ও রমজান মাসে যাতে মানুষের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ রেখে আগামী দুই মাসের মধ্যে রাজধানীসহ সারা দেশে সড়ক মহাসড়ক মেরামতের কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন। সেই সঙ্গে ঢাকার প্রবেশপথে রাস্তা দ্রুত মেরামত ও অবৈধ দখলমুক্ত করারও নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, অবৈধ দখলের কারণে ঢাকার প্রবেশপথে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে এবং ফ্লাইওভার থেকে অবাধে যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। গুলিস্তানের ফুটপাত ও রাস্তা দখল নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, যেসব পয়েন্টে গিয়ে আমি নিজেই দখলমুক্ত করেছি সেসব রাস্তা আবারও দখল হয়ে গেছে। তিনি এসব বিষয় সংশ্লিষ্ট বিভাগকে দেখার তাগিদ দেন।

মগবাজার ফ্লাইওভার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘রাজধানীর যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে মগবাজার ফ্লাইওভার। যেখানে আড়াই ঘণ্টা লাগত ওই এলাকা পার হতে সেখানে এটি হয়ে গেলে তিন মিনিটে যাওয়া যাবে।

মগবাজার ফ্লাইওভারের আশপাশের রাস্তা সংস্কারহীন থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, দফায় দফায় তাগাদা দেওয়ার পরও সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা নজর দিচ্ছেন না।

এ অবস্থা অব্যাহত থাকলে আগের মতো চলাচল অনুপযোগী বিশ্রি অবস্থা হবে। বর্ষাকাল ও ঈদের আগে রাস্তা সংস্কারকাজ শেষ করতে হবে।

যানজট কমাতে গাজীপুর, সাভারসহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপর থেকে কাঁচাবাজার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, দেশে এখন প্রতিকূল অবস্থা  বিরাজ করছে।

রাস্তায় যানবাহন মনিটরিং করতে সমস্যা হচ্ছে। পরিবহণ সংকট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে লাইসেন্সবিহীন  চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সেতুু বিভাগের সচিব, স্থানীয় সরকারের সচিব, ভূমি সংস্কার বোর্ডের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও রাজউক, বিআরটিএ, ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হবে

tofayelসিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রাখার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে যত নির্বাচন হবে, সবকটি নির্বাচনেই বিএনপি অংশ গ্রহণ করবে।

রোববার সচিবালয়ে ভিয়েতনামের ভাইস মিনিস্টার হোয়াং কোক এর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল বলেন, আমার বিশ্বাস বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া তাদের আর কোনো উপায় নেই। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে আশাকরি সেই ভুলের পুনরাবৃওি আর করবে না।

আন্দোলনের নামে বিএনপি-জাময়াত যে নাশকতা করছে, তা সাধারণ মানুষ সমর্থন করে না দাবি করে মন্ত্রী বলেন, দেশের জনগণ এখন হরতালের মত ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করে না। এখন সময় হয়েছে রাজনৈতিক দলেগুলোর বিকল্প কর্মসূচির কথা চিন্তা ভাবনা করা।

সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই তারা (বিএনপি) সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক । গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে ।