রাজবাড়ী সাইট দেখতে যাচ্ছেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

SHARE

স্বপ্নের পদ্মা ব্যারাজ নির্মাণে সরকারের সিদ্ধান্ত গ্রহণের পর রাজবাড়ীসহ ১৯ জেলার মানুষের মধ্যে এক ধরনের আনন্দ ও আবেগ তৈরি হয়েছে। সুন্দর আগামীর এক স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাদের মাঝে। গত ১৩ মে ২০২৬ জাতীয় অর্থনৈতিক পরিষদে নীতিগত সিদ্ধান্তের পর এমন এক আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

ইতোমধ্যে একনেকের সভায় প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্পও পাস হয়েছে। এ ব্যারাজ হতে যাচ্ছে রাজবাড়ীর পাংশা থেকে ওপারে পাবনার সুজানগরের মধ্যে। যার সুফল পাবেন উত্তর ও দক্ষিণ বঙ্গের বহু মানুষ।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে সাইট দেখতে আসছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

দীর্ঘদিনের চেষ্টার ফসল এই পদ্মা ব্যারাজ নির্মাণকে সরাসরি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হিসাবে দেখছেন দেশবাসী। ব্যারাজসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ২.১ কিলোমিটার দৈর্ঘ্যের এ ব্যারাজ নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের খেয়াঘাট থেকে ওপারের পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চনপার্ক পর্যন্ত।

এ ব্যারাজ বাবদ একনেকের সভায় ৩৪ হাজার ৩৪৭ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্পের মধ্যে রয়েছেÑনদী শাসন, অ্যাপ্রোচ রোড নির্মাণ, পাকা সড়ক ও নানা অবকাঠামো নির্মাণ। তাছাড়া কুষ্টিয়ার হিসনা নদী, চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ও গড়াই নদী শাসনের কাজ রয়েছে।

পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকেশৗলী) হাসান মাহমুদ আমার দেশকে জানান, উপদেষ্টা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি), প্রধান প্রকৌশলী, স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। অতিথিরা মূলত জায়গা দেখতে আসছেন। পদ্মা ব্যারাজ নির্মাণের জন্য দুপাড়ের জায়গা ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, দক্ষিণ ও উত্তরবঙ্গের ১৯টি জেলার মানুষ এই ব্যারাজের সুফল ভোগের পাশাপাশি সারা দেশের সঙ্গে সড়ক ও রেল সড়কের জাতীয় নেটওয়ার্ক তৈরি হবে। জেলাগুলো হলোÑউত্তরের রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা এবং দক্ষিণের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ অন্যান্য জেলা।