যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সম্পত্তি জব্দের পর এবার লন্ডনের হাইকোর্টে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে।
গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার জন্য এই আবেদনটি করেছে ঢাকাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। পাশাপাশি সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশেও অর্থপাচার ও দুর্নীতির তদন্ত চলছে।
আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান 'এমএফএস' সাবেক এই রাজনীতিবিদের ১৭৫টিরও বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। এনসিএ-র তদন্ত চলার মধ্যেই সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পত্তির মূল তদারককারী হোল্ডিং কোম্পানি 'জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড' বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিংস) মধ্যে রয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও এসবিএসি ব্যাংক তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। সাইফুজ্জামান চৌধুরীর ব্যবহৃত আগের একটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। টানা ১৫ বছর দেশ শাসনের পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.
