রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ছাত্রলীগের বুয়েট ঘেরাও কর্মসূচি স্থগিত

satrolig17বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জামায়াতপন্থি শিক্ষকদের বহিষ্কারসহ ৫ দফা দাবিতে বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত এ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (১৩ মে) বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচী স্থগিত করা হলো।

গত সোমবার (১১ মে) বুয়েট শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

ব্যাংকগুলোকে ছিটমহলবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান

atiurrছিটমহলবাসীদের মূল ধারায় ফিরিয়ে আনতে ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওদের সিএসআর কার্যক্রমের আওতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মাস্টারকার্ড, ব্যুারো এবং এনআরবি গ্লোবাল ব্যাংক আয়োজিত ১০ টাকার হিসেবধারীদের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, ‘ছিটমহলবাসীরা দীর্ঘদিন স্বাভাবিক জীবন যাপন থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাদের চিকিৎসা, শিক্ষা, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রেই পিছিয়ে আছে। তাদেরকে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন। আমি আশা করবো দেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওগুলো তাদের সহযোগিতায় এগিয়ে আসবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের সব ধরনের সহযোগিতা করবে।’

আতিউর রহমান ১০ টাকার হিসেবধারীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বলেন, এ ধরনের হিসাব খোলার ফলে এখন প্রান্তিক চাষিরা সহজে ঋণ নিতে পারছেন। ব্যাংকগুলো এজন্য আমাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে। এছাড়া যেসব কৃষকদের কৃষিতে পাওয়া ভর্তুকির টাকা মাঝপথেই হারিয়ে যেত তা ১০ টাকার হিসেবের জন্য এখন আর হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে পরিচালন ব্যয়ের ভর্তুকি যদি সরকার প্রদান করে তবে প্রান্তিক চাষিদের আমরা ব্যাংক রেটে (সর্বোচ্চ ৫ শতাংশ) ঋণ দিতে পারবো।

মাস্টারকার্ডের সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকাস ভার্মা বলেন, ব্যুরো বাংলাদেশ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সহযোগিতায় ১০ হাজার জন ১০ টাকার ব্যাংক হিসাবধারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রশিক্ষণ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিবে যা তাদেরকে অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে এবং পরিবার ও সমাজে সামগ্রিক অবদান রাখতে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবে।’

এদিকে মাস্টারকার্ড দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহায়তা প্রদান ও তাদের ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে সাহায্য করার প্রতিশ্রুতি স্বরূপ ব্যুরো বাংলাদেশ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সহযোগিতায় ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর ঘোষণা দিল। এর আওতায় ১০ হাজার ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার বা হিসেবধারীদের ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি সম্পর্কে শিক্ষা দেওয়া হবে।

প্রোগ্রামটি বাংলাদেশ ব্যাংকের রিভলবিং রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে ফিন্যান্সিয়াল ইনক্লুশন তৈরিতে সহায়তা করবে এবং মাইক্রো ফিন্যান্স লোনের যথাযথ ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিবে। মাস্টারকার্ড ২০১৩ সালে বাংলাদেশে এর প্রথম অফিস চালু করাকে চিহ্নিতকরণে প্রথম পর্যায়ে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শুরু করে। এর আওতায় ব্যুরো বাংলাদেশ-এর সহযোগিতায় দেশের এক লাখেরও বেশি নারী উদ্যোক্তাকে ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকাস ভার্মা, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।

ডিএমপি কার্যালয় ঘেরাও কেন্দ্র করে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত

monirul islamবাংলা নববর্ষে নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র ইউনিয়ন মিছিল নিয়ে আসার সময় প্রথমে তাদের নিভৃত করা হচ্ছিল। কিন্তু তারা তিনটি ব্যারিকেড ভেঙে মিন্টো রোডে স্পর্শকাতর মন্ত্রিপাড়ায় চলে আসে। এ ছাড়াও এই এলাকায় বিচারপতির বাসভবন। এই এলাকায় মিছিল সমাবেশ করতে দেওয়া হয় না।

এবিষয়ে তাদের বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তারা ওই সময় দায়িত্বপালনকারী রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল বাতেনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় এক ছাত্রীর ওপর অপেশাদার আচরণ হয়েছে।

পুরো বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, সামগ্রিক বিষয়টি নিয়ে ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ও পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (অপারেশনস্) কে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য-সচিব ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ক্রাইম-মেট্রো) ।

এ ছাড়া অপর কমিটি ডিএমপির পক্ষ থেকে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. বেলালুর রহমানকে সভাপতি করে তিন সদস্যের আরো একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

প্রসঙ্গত, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বখাটেদের হাতে কয়েকজন নারী লাঞ্ছিত হন। ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রোববার ডিএমপির সদর দফতর ঘেরাও করতে যান ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে ওই ছাত্র সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন আহত হন। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম আনিস। তিনি নায়েক পদে কর্মরত ছিলেন।

বর্ষবরণে যৌন হয়রানিতে জামায়াত জড়িত

hasan mahmudবর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির ঘটনায় জামায়াত-শিবির জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যারা পয়লা বৈশাখ চায় না, আমাদের দেশীয় সংস্কৃতিকে বিজাতীয় সংস্কৃতি বলে। আমি নিশ্চিত তারাই এ হামলা ঘটিয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে গণতান্ত্রিক লীগ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনাও করেন সাবেক এই বনমন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশ তিনি বলেন, অতীতে আপনি সীমান্ত চুক্তিকে গোলামীর চুক্তি বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এখন আপনিই এ চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের নেত্রীত্বকে স্বাগত জানিয়েছেন।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার

gold11চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দারা। এই ঘটনায় বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের সংখ্যা ৩২৫পিস।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল স্বর্ণ বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাসি করে ৩২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৩০ কেজি।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ কোটি টাকা। এই ঘটনায় স্বর্ণবহনকারী যাত্রীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক যাত্রীর নাম জানা যায়নি।

ক্রিকেটের নয়া হ্যারি পটার

harriযা চলে আসছে, সেটা ভেঙে নতুন কিছু করে দেখানোর চেষ্টা সব শিল্পীই করে থাকেন৷ সাহিত্য, ছবি আঁকা, গান-বাজনা, সিনেমা বানানো, সবেতেই এটাই দস্তুর৷ কেউ পারে, কেউ পারে না৷ যারা পারে, তাদের জন্য থাকে ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত৷ আর যারা পারে না, তারা মাঝারিয়ানার গন্ডিতেই রাজ করে৷

খেলাধুলোর দুনিয়াও তুলে ধরে ওই ছবিটাই৷ হৃদপিন্ডের গোপন কুঠুরিতে সব ক্রীড়াবিদের ঠাঁই হয় না৷ হাতে গোণা বিরল প্রজাতির কয়েকজনেরই সেখানে প্রবেশাধিকার থাকে৷ যেমন লিওনেল মেসি৷ যিনি মাত্র হপ্তাখানেক আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন ম্যাচের রাতে ধূম লাগিয়ে দিয়েছিলেন ফুটবলপ্রেমীর হৃদকমলে! আর এমনই অব্যর্থ লাগিয়ে দিয়েছিলেন যে ম্যাচ হয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা পরেও আবেশের হ্যাংওভার কাটতেই চাইছিল না৷ অনির্দিষ্ট কালের সম্মোহনে বেঁধে রাখছিল মনকে৷

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সঙ্গে একটা আইপিএল ম্যাচের তুলনা করলে মহান খেলা ক্রিকেটকেই ছোট করা হয়৷ সেটা অবশ্যই করছি না৷ কিন্তু এবি-ও সেই বিরল প্রজাতিরই প্রতিনিধি৷ তাই ৫৯ বলে ১৩৩ নট আউটের ম্যাচ শেষ হয়েছে তো কী, এবি-ম্যানিয়া ‘শেষ হয়েও না হইল শেষ!’ গত রাতের মহাভোজের আঘ্রাণ এখনও আবিষ্ট করে রেখেছে ক্রিকেটদুনিয়াকে৷

তাই পাড়ার রক থেকে অভিজাত ক্লাবের সান্ধ্যবাসর, ফেসবুক-টুইটার-গুগল প্লাসের দুনিয়াতেও সংলাপের সিংহভাগ জুড়ে শুধুই এবি৷ ১৩৩ নট আউট বা ৫৯ বল দুটো সংখ্যা মাত্র৷ আসল কথা হল, এবি-র ব্যাটের ঐশ্বরিক জাদুস্পর্শে ক্রিকেট নতুন করে আবিষ্কার করছে ব্যাটসম্যানশিপের নতুন সীমানা৷

এর চেয়েও কমসংখ্যক বলে বছর দুয়েক আগে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ নট আউট দেখেছে আইপিএল৷ সাত বছর আগে চিন্নাস্বামীতে শিহরণ তোলা ম্যাকালামের ১৫৮-ও দেখেছে৷ গেইল তো আট বছর ধরেই আইপিএলে ছক্কা মেরে চলেছেন৷ ‘জামাইকান জল্লাদ’ কুড়ি-বিশের ফর্ম্যাটে কী করতে পারেন, দুনিয়া জানে৷ কিন্তু ভয়ঙ্কর গেইলও কোনওদিনই ধারাবাহিক ছিলেন না৷ তাই ১০৩ টেস্ট খেলেও তার ব্যাটিং গড় ৪২.১৮ তেই আটকে৷ সেখানে ধারাবাহিকতায় গত পাঁচ বছরে ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই যে ধারাবাহিকতা এবি দেখিয়েছেন, তা এক কথায় আধুনিক ক্রিকেটে ব্র্যাডম্যানোচিত৷

মাত্র ১৬ বলে ওয়ান ডে হাফ সেঞ্চুরি ও ৩১ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড বা টেস্ট ও ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দীর্ঘকাল এক নম্বরে থেকে যাওয়া (এখন অবশ্য টেস্টে সঙ্গকারার পরে দুই, ওয়ান ডে-তে এক) একটা শুকনো পরিসংখ্যান মাত্র৷ আরও চমকপ্রদ, গত পাঁচ বছরে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবি-র গড় ৫৪.৪২, নিউ জিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা যথাক্রমে ৪৮, ৪১.৭২ ও ৪১.২৮৷ সেটাই আবার ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৪, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৩৭, ভারতের বিরুদ্ধে ৫৮, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৷ একমাত্র ইংল্যান্ড বাদ দিলে সব ক’টা নামী টেস্ট বা ওয়ান ডে খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে অভাবনীয় সাফল্য৷ এখন পর্যন্ত ৯৮ টেস্টে ব্যাটিং গড় ৫২.০৯, ১৮৭ ওয়ান ডে-তে অবিশ্বাস্য ৫৩.৬৫! সব ধরনের উইকেটে, সব ধরনের পরিবেশে বিশ্ব ক্রিকেটের সফলতম ব্যাট৷

আরও দুই গ্রেটকে দেখুন৷ শচিন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারা৷ শচিনের টেস্ট ব্যাটিং গড় যেখানে ৫৩.৭৮, সেটাই ওয়ান ডে-তে কিন্তু ৪৪.৮৩৷ সাঙ্গাকারার টেস্ট গড় যেখানে ৫৯ ছুঁইছুঁই, সেটাই ওয়ান ডে-তে ৪২ পেরোয়নি৷ এবি-র বয়স এখন ৩১, ধরেই নিচ্ছি কম করে আরও পাঁচটা বছর আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন৷ সে ক্ষেত্রে কোথায় থামবেন তিনি? সাধে প্রোটিয়া টিমমেট ডেল স্টেইন তাকে ‘ম্যাট্রিক্স’ ছবির নিও বলছেন?

মার্টিন ক্রো বিশ্বকাপের আগে ব্যাটিং ও আধুনিক ব্যাটসম্যানশিপ নিয়ে একটা লেখার শিরোনাম দিয়েছিলেন ‘মাইন্ড দ্য গ্যাপ’৷ বিলেতের পাতাল রেলের প্রতিটি স্টেশনে যা প্লাটফর্মের উপর লেখা থাকে আর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষিত হয়৷ ক্রো বলতে চেয়েছিলেন, প্রতিটা বল হয়ে যাওয়ার পরে বল সরাসরি ফিল্ডারের হাতে গেলেও স্টান্স নিয়ে পরের বলটা খেলার আগে যে কোনও ব্যাটসম্যান গড়ে ২০ থেকে ৩০ সেকেন্ড পেয়ে থাকে৷ মোদ্দা কথা, খেলাটা চলমান নয় বলে ব্যাটসম্যান তার মস্তিষ্কের ধূসর কোষে সঙ্কেত পাঠাতে পারে বা ভাবতে পারে, ফিল্ড অনুযায়ী পরের বলটা কী ভাবে খেলবে৷ কে কী ভাবে এই ২০ থেকে ৩০ সেকেন্ডের গ্যাপটা কত ভালো ভাবে কাজে লাগাচ্ছে বা নিজেকে কতটা বদলে নিতে পারছে, সে তত গ্রেট ব্যাট৷

এই ‘মাইন্ড দ্য গ্যাপ’-এর মধ্যে থাকছে থট রিডিং৷ মানে বোলারের চোখ ও হাত দেখে আগে থেকে সে কী করতে যাচ্ছে সেটা ভেবে নিয়ে মিলিয়ে দেওয়া৷ এটাই সফল ভাবে দিনের পর দিন করে চলেছেন এবি৷ লেগ বা মিডল স্টাম্প গার্ড নেওয়ার ব্যাপারটাই তার জন্য অবলুপ্তির পথে৷ কখনও লেগে সরে আসছেন, কখনও সাফল করে অফে৷ টি-টোয়েন্টি ফর্ম্যাটে ডেথ-এ বিশ্বের এক নম্বর বোলার এখনও মালিঙ্গা৷ ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ধোনিকে পর্যন্ত মারতে দেননি৷ সেই তিনিও দেখলেন, নিখুঁত ইয়র্কার ব্যাটসম্যান ক্রিজের ডেপথ ব্যবহার করে অবলীলায় স্কোয়ার লেগ বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছে৷ পরপর দুটো বল মিড উইকেট বা স্কোয়ার লেগ দিয়ে উড়ে যাওয়ার পর যেই ফিল্ডিং টিমের ক্যাপ্টেন লেগে বাড়তি লোক আনবেন, সঙ্গে সঙ্গে এবি-র অ্যাটাক ঘুরে যাবে অফের দিকে৷ মাথার মধ্যে যেন পুরো মাঠটা এঁকে রাখা আছে৷

২০ বলে ৪০ বা শেষ ওভারে ছয় মেরে জেতানোর জন্য রাসেল-পোলার্ড বা রায়াডুরা থাকবেন৷ কিন্তু এরা বড়জোর রাউলিংয়ের গল্পের ‘মাগল’ হতে পারেন, কুড়ি-বিশের বাইরে বেরোলেই কেরামতি শেষ৷ এখানে ‘ক্রিকেটের হ্যারি পটার’ ও-ই একজনই৷

অ্যাব্রাহ্যাম বেঞ্জামিন ডে ভিলিয়ার্স!

সব্যসাচী সরকার: ভারতীয় সাংবাদিক

সরকার গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছে

enu24সরকার গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার জাফরাবাদের হাশেমখান রোডে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে একটি অনলাইন স্কুল টিচার সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে উন্মুক্ত করে দিয়েছেন। একই সঙ্গে বেসরকারি গণমাধ্যমকেও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অর্থাৎ আমরা সব দরজা-জানালা খুলে দিয়েছি। এখন এ খোলা দরজা-জানালা দিয়ে যদি পোকামাকড় (জঙ্গি গোষ্ঠী) ঢুকে তবে তা ধ্বংস করতে হবে।

অনলাইন স্কুল টিচার সেন্টার উদ্বোধনের পর তথ্যমন্ত্রী বলেন, এটি একটি ভালো উদ্যোগ। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটি চমৎকার প্রয়াস। এখান থেকে শিক্ষকরা পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের উন্নত শিক্ষাদান করবেন।

এসব উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান ইনু।

এ অনলাইন স্কুল টিচার সেন্টারে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে গ্রামীণফোন। এর স্পন্সর বেসরকারি সংগঠন অগ্নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন মাউটাস অ্যাডাকটুসন, চিফ অব কমিউনিকেশন অ্যাফেয়ার্স মাহমুদ হোসাইন প্রমুখ।

সালাহউদ্দিনের সন্ধান, খালেদার সঙ্গে সাক্ষাতে হাসিনা আহমেদ

salahuddin8নিখোঁজ হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে। বিএনপির একটি সূত্র জানায়, সালাহ উদ্দিন মেঘালয়ের কোনো এক জায়গায় আছেন। মঙ্গলবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

দলীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে কথা বলার পর হাসিনা আহমেদ গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন। এরপর তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে  এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেন।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা। এরপর ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী হাসিনা আহমদ।

গত ৯ এপ্রিল শুনানি শেষে ১৫ এপ্রিল এ সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। পরে এ বিষয়ে আরও তথ্য উপস্থাপন করতে চাইলে আদালত ২০ এপ্রিল শুনানির আদেশের দিন নির্ধারণ করেন। ওই দিন আগামী ছয় মাস সালাহ উদ্দিন আহমদের খোঁজ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। প্রতি মাসের শুরুতে এই অনুসন্ধান প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ রয়েছে।

গত ১৯ মার্চ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার গুজব ওঠেছিল। পরে ওই এলাকা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কারোর সন্ধান পায়নি।

নির্দিষ্ট স্থানে না থামায় ট্রেন থেকে যাত্রীদের লাফ

train lনির্ধারিত স্টপেজে পৌঁছানোর পরও আন্তনগর ট্রেনটি থামল না। কেবল গতি কিছুটা কমল। নিরুপায় অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন। এভাবে নামতে গিয়ে দুজন আহত হলেন। যারা নামলেন, তারা ঘুরপথে গেলেন নিজ নিজ ঠিকানায়। গত সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে সিলেট অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনটির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে থামার কথা ছিল। স্টেশন মাস্টার বলছেন, ট্রেনের চালক ও পরিচালকের দায়িত্বহীনতার কারণেই এমনটা ঘটেছে।

ট্রেনের যাত্রী ব্যবসায়ী জুয়েল আহমদ ও রোগী ইউসুফ আলী অভিযোগ করেন, তারা ঢাকা থেকে ট্রেনে উঠেছিলেন। সোমবার রাত পৌনে নয়টার দিকে ট্রেনটির শমশেরনগর পৌঁছানোর কথা ছিল। ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে শমশেরনগর স্টেশন পার হয়ে যায়। আশ্চর্যের বিষয় যে শমশেরনগরে নির্ধারিত যাত্রাবিরতি থাকা সত্ত্বেও ট্রেনটি না থেমে ধীর গতিতে চলতে থাকে।

তিনি জানান, অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে শুরু করেন। এতে দুজন আহত হন। অনেকে পরে কুলাউড়া স্টেশনে নেমে যান। সেখান থেকে রাতের ঢাকামুখী উপবন এক্সপ্রেস ট্রেনে শমশেরনগরে যান।

যাত্রী জুয়েল বলেন, “ট্রেনের সহকারীর (অ্যাটেনডেন্ট) মাধ্যমে চালক ও পরিচালককে ফোন করে থামানোর অনুরোধ করা হয়। কিন্তু ট্রেনটি থামানো হয়নি।”

এ ব্যাপারে শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, “ট্রেনের চালক ও পরিচালকের দায়িত্বহীনতায় এমনটা ঘটেছে।” দুই যাত্রী আহত হওয়ার কথা জানালেও তাদের নাম জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় কুলাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শক (টিটিআই) আতাউর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। কমিটির অন্য সদস্যরা হলেন স্টেশন মাস্টার, কুলাউড়া ও সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই), সিগনাল কুলাউড়া ও লকো পরিদর্শক আখাউড়া। কমিটি তিন দিনের মধ্যে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএমও) কাছে প্রতিবেদন দেবে।

মঙ্গলবার সকালে কালনি এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. আমানউল্লা বলেন, ট্রেন থামানোর জন্য তিনি ভ্যাকুয়াম ব্যবহার করেন। তবে চালক থামাননি।

অপ্রতিদ্বন্দ্বী ‘আম্মা’

ammaaচেন্নাই: ইতিহাসের পুনরাবৃত্তি৷

মাঝখানে ১২ বছর৷ ২০০৩ সালে তানসি মামলায় যে ভাবে বেকসুর খালাস পেয়ে ফের মসনদে ফিরে এসেছিলেন জয়রাম জয়ললিতা, এ বারও সে পথেই হাঁটতে চলেছেন তিনি৷ পাঁজি-পুঁথি দেখে শপথের দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে৷ রোববার ফের ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে মন্ত্রগুপ্তি পাঠ করবেন জয়াম্মা৷

সোমবারের রায় ঘিরে পরতে পরতে ছিল উত্তেজনা৷ কারণ এর উপরেই নির্ভর করছিল তামিলনাড়ু রাজনীতির গতিপ্রবাহ৷ তাই রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে তামিলনাড়ু রাজনীতির সন্ধিক্ষণ বলেই মনে করছেন৷

কিন্তু ঠিক কী কারণে এই রায় এতটা তাৎপর্যপূর্ণ?

তা নিয়ে বিশেষ চিন্তার কোনো অবকাশ নেই৷ কারণ, জয়ললিতার শাস্তি যদি বহাল রাখত কর্নাটক হাইকোর্ট, সে ক্ষেত্রে সংসদীয় রাজনীতি থেকে তিনি ১০ বছর দূ্রে থাকতেন৷ কারণ জনপ্রতিনিধিত্ব আইন ও সুপ্রিম কোর্টের রায় অনুসারে, কোনো জনপ্রতিনিধি যদি দোষী সাব্যস্ত হন, তা হলে জেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তিনি আরও ছয় বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না৷ বিশেষ আদালত যে হেতু জয়াকে চার বছরের জেল দিয়েছিল, কাজেই তার তিনি ১০ বছর রাজনীতিতে থাকতে পারতেন না৷ ফলে, তামিলনাডুর রাজনীতি যে অনেকটাই জৌলুসহীন হতো, তা বলার অপেক্ষা রাখে না৷ কারণ তিনি দলকেও কতটা নিয়ন্ত্রণে রাখতে পারতেন, সে নিয়ে অনিশ্চয়তা থাকতই৷ ফলে জয়ার এই প্রবল ভাবে ফিরে আসা আগামী বছর তামিলনাড়ু নির্বাচনের জন্য হয়ে দাঁড়াল খুবই গুরুত্বপূর্ণ৷

রাজনৈতিক মহল মনে করছে, ‘কলুষহীন’ জয়ললিতা শুধু যে আইনি জয় পেয়েছেন তা নয়, উনি বিরাট নৈতিক জয়ও পেলেন৷ আর সেটাকে মূলধন করেই ২০১৬ সালে আম্মা বিধানসভায় লড়বেন৷ ভোট এগিয়ে আনার সম্ভাবনাও কেউ কেউ দেখতে পাচ্ছেন৷ তবে ভোট এগিয়ে আসুক বা নয়, তাতে ফলের কোনো পার্থক্য হতে পারে এমন সম্ভাবনার কথা কেউ-ই বলছেন না৷ অর্থাৎ বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে এআইএডিএমকেই৷

শুধু তাই নয়, সোমবারের রায়ের ফল এই দল এতটাই শক্তিশালী হলো, যে তারা হয়তো বিধানসভা নির্বাচন একাই লড়বে৷ ঠিক যে ভাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচন লড়েছিল৷ কাজেই বিজেপি যে জোটে গিয়ে তামিলনাড়ুতে প্রথম বার পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছে, তা হয়তো হবে না৷

এমনিতে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আম্মার সম্পর্ক যথেষ্ঠ ভালো, সরকারে না থেকেও জমি অধিগ্রহণ বিল-সহ আরও নানা বিষয়েই তার দল মোদি সরকারকে সমর্থন দিয়েছেন, কিন্তু জোটের প্রশ্ন এখনও স্পষ্ট নয়৷ তবে জয়া মুক্তি পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই মোদি তাকে অভিনন্দন জানিয়েছেন, তা যে শুধুই সৌজন্যের বশে নয়, তার মধ্যে যে রাজনৈতিক বার্তাও রয়েছে, তা বুঝতে ভুল হওয়ার কথা নয়৷

এদিকে, ডিএমকে-র অবস্থা খুবই করুণ৷ একে তো ৯৩ বছরের করুণানিধির পক্ষে কোনো বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া সম্ভব নয়৷ আর এই প্রায় আট মাস অর্থাৎ যে সময়টুকু জয়া মুখ্যমন্ত্রী পদে নেই ও এডিএমকে কিছুটা অগোছালো অবস্থায় আছে, তখনও ডিএমকে খুব একটা সুবিধা করতে পারেনি৷ বরং টুজি-তে করুণা-কন্যা কানিমোঝি, এ রাজাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, ছেলেদের মধ্যে দ্বন্দ্ব ইত্যাদি যথেষ্ঠ চাপেই রেখেছে তাকে৷ আর এ সব কিছুর প্রভাব কাটিয়ে সামনের বছর রাজ্য বিধানসভায় তারা জয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এমনটা কঠিন৷

এবার পড়ে থাকছে কিছু ছোট দল৷ যেমন, জি কে ভাসানের তামিল মানিলা কংগ্রেস, রামডসের পিএমকে, এমডিএমকে, ডিএমডিকে৷ তাদের কেউ এখন বিজেপি সহযোগী, কেউ একা৷ তাদের সবাইকে নিয়ে ডিএমকে মহাজোট গড়ে তুলল এমনটা আশা করার কিছু দেখছে না রাজনৈতিক মহল৷ সেক্ষেত্রে ২০১৬ তে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা আছে৷ সে ক্ষেত্রেও আম্মাই শেষ হাসি হাসবেন৷

কাজেই এখন অঙ্কের থেকে রসায়নই বেশি গুরুত্ব পাচ্ছে তামিলনাড়ুতে৷ আর রাজনৈতিক পুনর্জন্ম লাভ করে জয়ললিতা এখন সত্যিই পুরুচ্চি থালাইভি আম্মা- অর্থাৎ যিনি শুধু মা নন, তার সঙ্গে বৈপ্লবিক নেত্রীও বটে৷