রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সালাহ উদ্দিনকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই

hasina salauddinদীর্ঘদিন পর সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

রাজধানীর গুলশানের নিজ বাসভবনে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসিনা বলেন, আমরা দ্রুত সালাহ উদ্দিন আহমেদের কাছে যেতে চাই। এ জন্য ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন করেছি। দ্রুত ভিসা দেওয়ার ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আশা করি আমরা আজকে ভিসা পাব এবং আজই ভারতে যেতে পারব।

নিখোঁজ সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তার (খালেদা) সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।

খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দুপুর সোয়া ১২টার দিকে হাসিনা আহমেদ পৌঁছান। এরপর সেখানে অবস্থানকালীন খালেদা জিয়ার সঙ্গে মোবাইলে কথা বলেন সালাহ উদ্দিন আহমেদ। ভারতের নাগাল্যান্ডের একটি হাসপাতাল থেকে সালাহ উদ্দিন কথা বলেন।

এদিকে মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে গুলশান-২ এর ৭২ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পাস্তুরহিল এলাকার মিম হ্যানস মেন্টাল হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন।

হাসিনা আহমেদ আরও জানান, দুপুর ১২টার দিকে মিম হ্যানস হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সালাহ উদ্দিনের বিষয়টি জানায়। এরপর সালাহ উদ্দিনের সঙ্গে তার (হাসিনা আহমেদ) কথা হয়। তিনি এ খবর জানানোর জন্য খালেদা জিয়ার বাসায় যান। খালেদা জিয়া তার (সালাহ উদ্দিন) সন্ধান পাওয়ার খবর জানার পর শুকরিয়া আদায় করেছেন।

এদিকে, সালাহ উদ্দিন আহমেদকে সোমবার ভারতের মেঘালয়ের শিলং থেকে সে দেশের পুলিশ আটক করে। মঙ্গলবার স্থানীয় দ্য শিলং টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশী ম্যান হেল্ড শিরোনামে প্রকাশিত খবরে পত্রিকাটি বলছে, সোমবার সকালে একজন বাংলাদেশীকে আটক করে পুলিশ। সালাহ উদ্দিন আহমেদ (৫৪) নামে ওই বাংলাদেশীকে শিলংয়ের গল্ফ লিংক নামক এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ তার ব্যাপারে তদন্ত করছে।

বাংলদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ জানান, সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

পলাতকদের গ্রেফতারে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ

court26মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সরকারকে ১৫ দিনের মধ্যে এই কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

একই সঙ্গে মনিটরিং কমিটিকে প্রতি ৪০ দিন পরপর আসামিদের গ্রেফতারের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্যও বলা হয়েছে।

অনন্ত হত্যার নিন্দা যুক্তরাষ্ট্রের

usa u0ব্লগার অনন্ত বিজয় দাশ খুন ও ব্লগারদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। হত্যাকারীদের খুঁজে বের করে তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস-ব্রিফিংয়ের শুরুতে এ বিষয়ে একটি বিবৃতি দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মহাসচিব জেফ রাথকে।

বিবৃতিতে অনন্ত খুনের নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশীরা শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার নিশ্চিতে তাদের সংগ্রাম অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিচে বিবৃতিটি তুলে ধরা হলো:

বাংলাদেশে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের নিষ্ঠুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের লেখক ও ব্লগারদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, বাংলাদেশী কর্তৃপক্ষ অপরাধীদের সুষ্ঠু বিচার-প্রক্রিয়ার আওতায় আনবে এবং সব বাংলাদেশী সহিংসতার আশঙ্কা ছাড়াই তাদের শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার নিশ্চিতে সংগ্রাম চালিয়ে যাবেন, যেটা  ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস’-এ সংরক্ষিত ।

বাংলাদেশ ও মায়ানমারকে আলোচনায় ডাকছে মালয়েশিয়া

manob pacharসাগর পথে মালয়েশিয়াগামী মানব পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ‍উপায় খুঁজে বের করতে বাংলাদেশ ও মায়ানমারকে আলোচনায় ডাকছে মালয়েশিয়া।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দাতু আলাই ইবরাহীমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করে মালয়েশিয়ার দি স্টার পত্রিকা।

বর্তমানে কয়েক হাজার অবৈধ অভিবাসীবাহী নৌকা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে অবস্থান করছে। তাদের উপকূলে ভিড়তে বাধা দিচ্ছে দেশ দু‘টির উপকূল রক্ষী বাহিনী। খাদ্য ও পানির অভাবে ইতোমধ্যেই অসুস্থ পড়েছেন নারী ও শিশু সহ প্রচুর অভিবাসী।

এসব অবৈধ অভিবাসীর মধ্যে অধিকাংশই মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। দেশটির সরকার কর্তৃক তারা ব্যাপকভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার। এসব কারণে অনেকটা মরিয়া হয়েই দেশত্যাগে বাধ্য হয় তারা। আর এ সুযোগটিই নেয় মানব পাচারকারীরা। ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দাতু আলাই ইবরাহীম দ্য স্টারকে বলেন, সাগরপথে মানব পাচারের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে আলোচনা বসবে মালয়েশিয়া।

এছাড়া থাইল্যান্ডকেও আলোচনার জন্য ডাকা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানব পাচারের ঘটনাপ্রবাহের সঙ্গে থাইল্যান্ডও সংশ্লিষ্ট। কারণ এসব পাচারকৃত অভিবাসীদের বেশিরভাগকেই থাই সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় ঢোকানো হয়।

গার্দিওলার চোখে মেসি সর্বকালের সেরা

gardi messiলিওনেল মেসি কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটি তো বার্সেলোনার কোচ থাকাকালীন সময়েই দেখেছেন। বায়ার্নের মিউনিখের কোচ হিসেবে তা আরেকবার দেখলেন পেপ গার্দিওলা।

এই আর্জেন্টাইন জাদুকরের নৈপুণ্যে জার্মান জায়ান্টদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। গার্দিওলা তাই এক বাক্যেই বলে দিলেন, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে বায়ার্ন ৩-২ গোলে জিতলেও মূল পার্থক্যটা গড়ে দেন মেসি। ন্যু ক্যাম্পে মেসিময় প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পায় কাতালানরা।

দুই লেগ মিলে ৫-৩ গোলের ব্যবধানে জিতে পঞ্চম শিরোপা থেকে এক ধাপ দূরে স্প্যানিশ জায়ান্টরা।

এক প্রেস কনফারেন্সে গার্দিওলা বলেন, মেসি সেরা ফর্মে থাকায় আমি খু্বই খুশি। সে সত্যিই অবিশ্বাস্য। বার্সার কোচের দায়িত্বে থাকাকালেও সে দুর্দান্ত ছিল।

তার মতো একজন বিশ্বমানের ফুটবলারকে স্বচক্ষে দেখাটা আমাদের জন্য সৌভাগ্যই বটে। পেলের সঙ্গে তুলনা না করলেও তাকে আমি সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেই মনে করি।

স্প্যানিশ কোচ আরও বলেন, প্রথম লেগ শেষে হতাশা থাকলেও নিজেদের মাঠে আমরাই ফেভারিট ছিলাম। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।

বার্সাকে অভিনন্দন। আশা করছি, তারা বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতে পঞ্চম শিরোপা ঘরে তুলবে।

পাকিস্তানে বাসে বন্দুকধারীর হামলা : নিহত ৪৩

pak13পাকিস্তানের করাচিতে একটি বাসে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৩ জন। আহত হয়েছে ২০ জন।

করাচির সাফোরা চক এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ছিল।

উল্লেখ্য, ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ইসলাম ধর্মের শিয়াপন্থি একটি ধর্মীয় গোষ্ঠী। সুন্নিপন্থি পাকিস্তানি জঙ্গিরা তাদের বিরুদ্ধে নানা তৎপরতা চালায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৬ জন নারী। দুজনের পরিচয় মেলেনি। নিহতদের মধ্যে কোনো শিশু নেই বলে নিশ্চিত করেছে করাচি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিন কি চারটি মোটরসাইকেলযোগে এসে আটজন বন্দুকধারী বাসটিতে থাকা যাত্রীদের ওপর ওপেন ফায়ার শুরু করে। এতে বাসটির অধিকাংশ যাত্রী আহত হয়। কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটির কোথাও গুলি লাগার চিহ্ন নেই। এতে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে উঠে গিয়ে বন্দুকধারীরা যাত্রীদের ওপর গুলি চালায়।

করাচি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডনকে বলেছেন, বন্দুকধারীরা বাসের ভেতরে গিয়ে যাত্রীদের মাথায় গুলি করে।

পুলিশের আরেক সদস্য এএফপিকে জানিয়েছেন, বন্দুকধারীরা বাসটিকে থামিয়ে প্রথমে বাইরে থেকে গুলি ছোড়ে।’

করাচি পুলিশ আরো জানিয়েছে, বাসটির যাত্রী ধারণ ক্ষমতা ৫২ জন। কিন্তু এটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তাদের মধ্যে অধিকাংশ ইসমাইলি সম্প্রদায়ের লোক।

তথ্যসূত্র : ডন অনলাইন।

দুই সহযোদ্ধাকে হত্যা করে দ. কোরিয়ায় সৈনিকের আত্মহত্যা

south koriyaদক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর একটি ব্যারাকে এলোপাথাড়ি গুলি করে দুই সহযোদ্ধাকে হত্যা করে আত্মহত্যা করছে এক সৈনিক। এ সময় ওই সৈনিকের গুলিতে তিনজন হয়।
বুধবার সকালে দেশটির রাজধানী সিউলে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে বাধ্যতামূলক অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানায়।
ওই প্রতিবেদনে জানানো হয়, সহযোদ্ধাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে আত্মহত্যা করে ওই সৈনিক। সামরিব বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনীর ব্যারাকে এ ধরণের ঘটনা নতুন নয়। তবে প্রশিক্ষণকালে এ ধরণের ঘটনা কিছুটা অস্বাভাবিক।
গত বছর এক সৈনিক সহকর্মীদের দিকে গ্রেনেড ও গুলি ছুঁড়ে। এতে পাঁচ সৈনিক নিহত ও সাতজন আহত হয়। যদিও পরে ওই সৈনিক স্বীকার করেছিল  অপমানের বদলা নিতে ওই ঘটনা ঘটিয়েছিলেন তিনি।
পাশ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার সাথে পেরে ওঠার জন্য দক্ষিণ কোরিয়ার সক্ষম পুরুষ নাগরিকদের বাধ্যতামূলক দুই বছরের প্রশিক্ষণ নিতে হয়। এ প্রশিক্ষণ শেষে সৈনিক হিসেবে আট বছর সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হয়। এর মধ্যে প্রথম ছয় বছর ড্রিল করতে করতে গুলি ছোঁড়ার প্রশিক্ষণে অংশ নিতে হয়। তবে অতীতের ঘটনাগুলোর আলোকে এ ধরণের প্রশিক্ষণে শৃঙ্খলা ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শাহ আমানতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিমান উঠানামা বন্ধ

sha amanotচট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর ফলে বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনার পর বুধবার সকাল ১১টা ১০মিনিটে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বলেন, বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে দুজন পাইলট ছিলেন। তাদের খবর এখনও আমরা পাইনি। তবে বিমান উঠানামা বন্ধ আছে।

মেহেরপুরে গণপিটুনিতে জামাই নিহত

meherpurমেহেরপুরের গাংনীর মহাব্বতপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নাজিম উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার শাশুড়ি রহিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাদিয়াপাড়া গ্রামের মহসিন আলীর জামাই নাজিম উদ্দীন গত কয়েকদিন আগে শ্বশুরবাড়ি যান। বুদবার ভোরে পার্শ্ববর্তী মহব্বতপুর গ্রামের পাহারাদাররা গ্রামের মোড়ে তাকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। তাকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন শাশুড়ি রহিমা খাতুনও।

খবর পেয়ে পুলিশ আহত জামাই-শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে জামাই নাজিম মারা যান। নিহতের স্ত্রী শাহিনা খাতুনের অভিযোগ, তার মানসিক প্রতিবন্ধী ভাই জুয়েলকে খুঁজতে বাড়ি থেকে বের হলে স্বামী ও তার মাকে গণপিটুনি দেয়া হয়।

পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের ইলিয়াছ হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে মধ্য বাসাবো ও মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মাসুদ (১৮) ও তেলু মিয়া (৪৮)।
মতিঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহমুদুল হক জানান, মতিঝিল পূবালী ব্যাংকের সামনে রাত পৌনে ২টার দিকে ট্রাকচাপায় আহত হন মোটরসাইকেল আরোহী মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত মাসুদ কুমিল্লার লাঙ্গলকোটের চণ্ডিকোট এলাকার আবুল হোসেনের ছেলে।
সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন জানান, সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তেলু মিয়া নামে এক পথচারী রাত ৩টার দিকে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নিহত তেলু মিয়ার বাসা যাত্রাবাড়ীর ধলপুরে বলে জানা গেছে।