বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

জলাবদ্ধতা-খানাখন্দকে চরম ভোগান্তিতে রাজধানীবাসী

মাঝারি ধরনের একটু বৃষ্টিতেই সোমবার অচল হয়ে গেল রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজার-মৌচাক-শান্তিনগর। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো বিভিন্ন স্থানে আটকের ফলে তৈরি হয়েছে ভয়াবহ জট। বর্ষা মৌসুমে এ এলাকায় চলাচলকারীদের ভোগান্তি নতুন না হলেও মৌচাক-মালিবাগ ফ্লাইওভার নির্মাণকাজের কারণে এটি বেড়েছে বহু গুণ।image_87570_0

মগবাজার মোড়, মৌচাক ও শান্তিনগর এলাকা দিয়ে যাদের যাতায়াত করতে হয়, সোমবার সকাল থেকে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। গন্তব্যে যেতে সুযোগ তৈরির আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে ব্যর্থ হয়েছেন। জলাবদ্ধতা না কমায় এবং গাড়ির চাকা না ঘুরায় শেষে জামা-কাপড় গুটিয়ে জুতা হাতে নিয়ে হাঁটু পানিতে হেঁটে যেতে হয়েছে তাদের।

রাস্তার মৌচাক-মগবাজার অংশের মাঝামাঝি জায়গায় ফ্লাইওভারের নির্মাণকাজের কারণে একপাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করতে হচ্ছে। এ কারণে একপাশের যানবাহান দীর্ঘ সময় জটের কবলে পড়ছে। একদিকের যান পার হলে অন্য দিকের যানগুলোর যাবার সুযোগ হয়। এতে সময় বাঁচাতে যাত্রীরা গাড়ি থেকে নেমে কাঁদা-মাটি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়। এছাড়া ফ্লাইওভারের কাজের কারণে বাংলামোটর থেকে শুরু হয়ে মগবাজার মোড়, মৌচাক ও শান্তিনগর এলাকার রাস্তায় ব্যাপক খানাখন্দকের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলসহ ছোট আকারের বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

বেসরকারি কর্মকর্তা এজেড খান নতুন বার্তা ডটকমকে বলেন, “এক ঘণ্টার বেশি সময় শান্তিনগরে আমি দাঁড়িয়ে আছি। আমাকে মৌচাকের দিকে যেতে হবে। কিন্তু রাস্তায় হাঁটু পরিমাণ পানি কমছেই না। গাড়িও চলছে না। এখন দেখছি পানিতে সাঁতরে যাওয়া ছাড়া উপায় নাই।”

পানির কারণে বেশ কিছু গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির  মালিকদের অনেককে মেরামতকারী ও চালক রেখে চলে যেতে দেখা গেছে। বিকল হওয়া একটি গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, “পানির কারছে গাড়িতে সমস্যা হয়েছে। সাহেবের (গাড়ির মালিক) জরুরি কাজ আছে। তাই তিনি চলে গেছেন। ফোন করে মেকানিক এনেছি। গাড়ি সচল না হওয়া পর্যন্ত পানিতে থেকেই কাজ করতে হবে।”

ট্রাফিক পুলিশকেও দায়িত্ব পালন করতে হচ্ছে হাঁটু পানিতে দাঁড়িয়ে। রমনা জোনের ট্রাফিকের সার্জেন্ট শামসুজ্জোহা নতুন বার্তা ডটকমকে বলেন, “গাড়িগুলো পার করে দেয়ার জন্য আমরা চেষ্টা করছি। ফ্লাইওভারের কাজের কারণে বিভিন্ন জায়গায় খানাখন্দক তৈরি হয়েছে। এতে গাড়িগুলো চলতে সমস্যা হচ্ছে। চালকরা চেষ্টা করলেও গর্তের কারণে রাস্তা দ্রুত পার হতে পারছেন না। কারণ, দ্রুত যেতে চাইলে দুর্ঘটনা ঘটতে পারে।”

সকাল থেকে হাঁটু পানিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করছিলেন আরেক সার্জেন্ট আজিজুল হক। তিনি বলেন, “ট্রাফিক বিভাগে আমাদের দায়িত্ব। তাই কষ্ট হলেও কাজ চালিয়ে যেতে হবে।”

ফ্লাইওভার নির্মাণকাজে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে রাজধানীবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন, এমন মন্তব্য ভুক্তভোগীদের। ঢাকা ওয়াসা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গাফিলতির অভিযোগও করেন তারা। ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এসব এলাকায় চলাচলকারীরা।

তুরিন আফরোজের কম্পিউটার থেকে তথ্য ‘চুরি’, জিডি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কার্যালয়ে সংরক্ষিত কম্পিউটার থেকে তথ্য চুরি হওয়ার সন্দেহে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কৌঁসুলি তুরিন আফরোজ।image_87519_0

রোববার রাত আটটার দিকে শাহবাগ থানায় তিনি এই জিডি করেন।

তুরিন আফরোজ নতুন বার্তা ডটকমকে জানান, ১২ জুন অফিস করার পর তিনি ছুটিতে যান। ১০ দিন পর ছুটি শেষ করে রোববার তিনি অফিসে যোগ দিয়ে দেখেন, কার্যালয়ে তার কক্ষের কম্পিউটারের তার খোলা ও এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে একজন অফিস সহকারীকে দিয়ে কম্পিউটার খোলানোর পর তিনি হার্ডডিস্ক ও ডিভিডি রম সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পান। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে রাত আটটার দিকে পুলিশ তার কক্ষ সিলগালা করে দিয়ে যায়।

সোমবার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সঙ্গে নিয়ে পুলিশ তুরিন আফরোজের কম্পিউটার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগেও ট্রাইব্যুনাল সংক্রান্ত দুটি কেলেঙ্কারির ঘটনা ঘটে। ২০১২ সালের ডিসেম্বরে ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে এক প্রবাসী আইন বিশেষজ্ঞের স্কাইপ কথোপকথন ফাঁস হয়। পরে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। এ ছাড়া গত বছরের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া রায় ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের কার্যালয়ের কম্পিউটার থেকে চুরি যায়। ওই বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে৷

রমনা বোমা হামলায় ৮ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলা রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার আসামি মুফতি আব্দুল হান্নানসহ ৯ আসামি আদালতকক্ষে উপস্থিত ছিলেন।image_87551_0

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন ঘটনার ১৩ বছর পর সোমবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হোসেন সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম বদর, মো. আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, মুফতি আবু বকর। এদের মধ্যে মুফতি হান্নান, মাওলানা আকবর হোসেন ও আরিফ হোসেন সুমন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মাওলানা সাব্বির ওরফে মান্নান, মাওলানা শওকত ওসমান এরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু তাহের, মাওলানা সাদাত উল্যাহ জুয়েল, মাওলানা ইয়াহিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা সবাই কারাগারে রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গত ২৮ মে বুধবার আসামি পক্ষে যুক্ততর্ক উপস্থাপনের শেষে গত ১৬ জুন রায়ের জন্য দিন ধার্য করেছিলেন বিচারক। কিন্তু রায় প্রস্তুত না হওয়া পুনরায় ২৩ জুন সোমবার রায়ের জন্য দিন ধার্য করেন। গত ৫ মে তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আবু হেনা মো. ইউসুফের পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ করেন।গত বছরের  ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটির ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন অনেকে আহত হন।

এ বোমা হামলা মামলাটির তদন্তে দীর্ঘদিন কালক্ষেপণ করা হয়। অবশেষে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়। আদালত মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

মামলার ১৪ আসামির মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আবদুর রউফ, মওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মওলানা ইয়াহিয়া ও মওলানা আকবর হোসাইন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এছাড়া আসামি মওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন।

ডিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।image_87383_0

আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট কমে চার হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৯৫টির এবং অপরির্বতিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

অপরদিকে রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, পেনসুলার, গ্রামীণফোন, আফতাব অটো, মেঘনা পেট্রোলিয়াম, বঙ্গজ, বিএসসিসিএল ও মিথুন নিটিং।

অন্যদিকে, গত বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে চার হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে।লেনদেন হয় ২৬৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে  লেনদেন বেড়েছে ৩৩ কোটি টাকা।

কালো টাকা বিনিয়োগের সুযোগ চান ফিরোজ রশীদ

কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।image_87398_0

তিনি বলেন, “দেশে কালো টাকা বলে কোনো টাকা নেই। যে টাকাকে কালো টাকা বলা হচ্ছে তা বিদেশে পাচার করে সাদা করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে যেভাবেই টাকা আয় করুক তাদের বিনিয়োগের সুযোগ দিতে হবে।”

রোববার সকালে দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ রশিদ বলেন, “এ ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ প্রয়োজন। সরকারি ভুল নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গত দুই দিন ধরে দেশের সমস্ত পত্রিকায় যে খবর বেরিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।”

ফিরোজ রশীদ বলেন, “গণমাধ্যমে বলা হয়েছে দুর্নীতির টাকা সুইচ ব্যাংকে চলে যাচ্ছে। ধারাবাহিকভাবে টাকা পাচার হচ্ছে। মালোয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কানাডা, যক্তরাষ্ট্র, যুক্তরাজ্য হংকং, সিঙ্গাপুর পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এটা অত্যন্ত লজ্জাজনক।”

তিনি বলেন, “এই দেশে অপার সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলে এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে। আমরা যদি পুঁজি এখানে খাটাতে চাই আমাদের সেক্টরের অভাব হবে না। কিন্তু অত্যন্ত কঠিন নিয়ম করা হয়েছে ইনভেস্টররা বিনিয়োগ করতে পারছে না। তাই অর্থমন্ত্রীকে বলবো, আপনি বিনিয়োগের খাতগুলো সুনির্দিষ্ট করে দেন। বিনিয়োগকারীদের পাঁচ বছর ট্যাক্স ফ্রি করে দিন, সমস্ত টাকা বিনিয়োগ করুক। বিনিয়োগের সুযোগ দিলে টাকা বিদেশে পাচার হবে না।”

ফিরোজ রশীদ বলেন, “দেশের এক কোটি মানুষ যদি সুন্দরবনে যায় আর যদি তারা গড়ে ১০ হাজার টাকা খরচ করে, তাহলে বছরে ১০ হাজার কোটি টাকা আয় হবে।”

জাহাঙ্গীর কবির নানক অসুস্থ হাসপাতালে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেনে।image_87368_0

শনিবার সন্ধ্যা ৭টায় নানককে রজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ বমি ও পেটের পীড়া দেখা দেয়ায় নানককে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।

খালেদার প্রেস সচিব সড়ক দুর্ঘটনায় আহত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।image_87361_0

শনিবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফরের গাড়িবহরে ছিলেন মারুফ কামাল।গাড়িটি সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পৌঁছালে চাকা পাংচার হলে সেটি রোড ডিভাইডারে ওঠে যায়। এতে গাড়িটি উল্টে যায়।এতে তিনি মাথা ও হাঁটুতে আঘাত পান।

বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন।নতুন বার্তা ডটকমকে একথা জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বৃষ্টি উপেক্ষা করে জনসভায় খালেদা জিয়া

বৃষ্টি উপক্ষো করে জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার বিকেল তিনটায় জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।image_87382_0

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম জয়পুরহাটে আসছেন তিনি। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রধানের বক্তব্য শুনতে জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।

দুই দিনের সাংগঠনিক সফরে খালেদা জিয়া বগুড়া ও জয়পুরহাট আসেন। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার গুলশান বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

রাত সাড়ে ৯টায় তিনি বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে রাত্রিযাপন শেষে রোববার বেলা ১২টায় বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় সাবেক প্রধানমন্ত্রী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হত্যা, গুম, নির্যাতন ও মামলা-হামলার প্রতিবাদসহ নিযার্তিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।

বেগম খালেদা জিয়ার এ আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নেত্রীকে বরণ করতে পুরো জয়পুরহাটকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জনসভায় লোক সমাবেশ ঘটাতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দুপাশে শোভা পাচ্ছে প্রিয় নেত্রীর ছবি ও শুভেচ্ছা সম্বলিত ডিজিটাল ব্যানার ও ফেস্টুন।

শপথ নিলেন জেবুন্নেছা

দশম জাতীয় সংসদের বরিশাল-৫ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ শপথ নিয়েছেন। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এ শপথ অনুষ্ঠান।image_87384_0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যের শপথ বাক্য পাঠ করান বলে সংসদ সচিবালয়ের উপ পরিচালক (গণ-সংযোগ)  মোহাম্মদ নাজমুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, হুইপ মো. শহিদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং সংসদ- সদস্য পংকজ নাথ উপস্থিত ছিলেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ৯ এপ্রিল হিরনের মৃত্যু হয়। হিরনের মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। গত রোববার ভোটগ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষে আফরোজাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার শহীদুল আলম। নির্বাচনে আফরোজা পান এক লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট।

সব নদ-নদীর পানি বাড়ছে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়তে পারে।image_87367_0

পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা বলা হয়।

পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৫টি স্থানে পানি বৃদ্ধি এবং ২০ স্থানে পানি হ্রাস পেয়েছে। তিনটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ৬টি স্থানের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭০ মিলিমিটার, সিরাজগঞ্জে ১৭০.৩ মিলিমিটার, পাবনায় ১৫১ মিলিমিটার, কুমিল্লায় ১১০ মিলিমিটার, নোয়াখালীতে ৭২ মিলিমিটার, নওগাঁয় ৭৫ মিলিমিটার, চট্টগ্রামে ২২৩ মিলিমিটার, পাঁচপুকুরিয়ায় ১৮৬ মিলিমিটার, পটুয়াখালীতে ৭৮ মিলিমিটার, খুলনায় ৯৫ মিলিমিটার, বান্দরবানে ৮৮ মিলিমিটার, রামগড়ে ৭০ মিলিমিটার, বরগুনায় ৬০ মিলিমিটার, ডালিয়ায় ৫৯ মিলিমিটার, সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার, দুর্গাপুরে ৭৩ মিলিমিটার, নারায়ণহাটে ৯০ মিলিমিটার, লরেরগড়ে ৫০ মিলিমিটার, মহাদেবপুরে ৫৮.৪ মিলিমিটার, কুষ্টিয়ায় ১১১.৪ মিলিমিটার, লামায় ১২৬ মিলিমিটার, রাঙ্গামাটিতে ১৩২ মিলিমিটার, রাজশাহীতে ৫৬ মিলিমিটার, কক্সবাজারে ৯০ মিলিমিটার, বরিশালে ৬৫ মিলিমিটার এবং কুড়িগ্রামে ৪৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।