শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভারতকে ২৬০ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

india irland10ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও সেটা পুরো ইনিংস জুড়ে ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। মঙ্গলবার হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয়েছে আইরিশরা। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ভারতকে করতে হবে ২৬০ রান।

টস জিতে ব্যাট করতে নেমে খুব ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে পোর্টারফিল্ড ও স্টারলিং ৮৯ রানের জুটি গড়েন। ভারতকে ব্রেক থ্রু এনে দেন অশ্বিন। ৪২ রান করে স্টারলিং ক্যাচ দেন রাহানের হাতে। এড জয়েস (২) অবশ্য সুবিধা করতে পারেননি। অধিনায়ক পোর্টারফিল্ড ও নেইল ও’ব্রায়েনের ৫৩ রানের জুটি বিচ্ছিন্ন হয় মোহিত শর্মার আঘাতে। পোর্টারফিল্ড  উমেশ যাদবের হাতে ক্যাচ দিলে। তিনি ৬৭ রান করেন।

এক পর্যায়ে নেইল ও’ব্রায়েনের ব্যাটে দুশো রান পেয়ে যায় আইরিশরা। তিনশো রানটাও দৃষ্টিসীমায় ছিল। কিন্তু ভারতীয় বোলাররা চেপে ধরে আইরিশদের। নেইল ও’ব্রায়েন থাকলেও মিডল অর্ডারে বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। নেইল ও’ব্রায়েন ৭৫, বালবার্নি ২৪, কুস্যাক ১১ ও মুনি অপরাজিত ১২ রান করেন। ভারতের পক্ষে শামি ৩টি, অশ্বিন ২টি উইকেট পান।

‘ধর্ষকের দেশ’ জার্মানিতে ইন্টার্নশিপ পেলেন না ভারতীয় ছাত্র

rape‘ধর্ষণের সমস্যা’-র জন্য জার্মানির অন্যতম প্রাচীন লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ পেলেন না এক ভারতীয় ছাত্র৷ একের পর এক ধর্ষণ, মহিলাদের প্রতি অপরাধ এবং নির্ভয়া কাণ্ডে ফাঁসির আসামিদের নিয়ে বিবিসি-র তথ্যচিত্র ভারতে সম্প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের মধ্যেই এই এক নতুন বিতর্ক৷

ওই ভারতীয় ছাত্রের এক সহপাঠী প্রশ্নোত্তরের ওয়েবসাইট কুয়োরা-য় লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং বায়ো-অর্গানিক কেমিস্ট্রির প্রফেসর অ্যানেটি জি বেক-সিকিঞ্জার-এর সঙ্গে তার বন্ধুর ই-মেল চালাচালি তুলে দিয়েছেন৷ যদিও ছাত্রটি বা নিজের নাম প্রকাশ করেনি৷ ই-মেলে প্রফেসর অ্যানেটি বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও আমি কোনো ভারতীয় ছাত্রকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি না৷ ভারতে ধর্ষণের সমস্যা নিয়ে আমরা অনেক কথা শুনি এবং তার তীব্র বিরোধিতা করি৷ আমার গ্রুপে অনেক ছাত্রী রয়েছে৷ তাই মনে করছি ব্যাপারটাকে কোনোমতেই সমর্থন করা যায় না৷’

ভারতে জার্মানির রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার এতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন৷ প্রফেসর অ্যানেটিকে চিঠিতে লিখেছেন, ‘ভারত ধর্ষকদের দেশ নয়৷ আপনি বিষয়টাকে হালকা, একপেশে করে দেখছেন৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে ভারতে যে লড়াই চলেছে এর ফলে তা ব্যাহত হবে৷’

প্রফেসর অ্যানেটি ই-মেলে এমন মন্তব্য করা অস্বীকার করেননি৷ তবে বলেছেন, পুরো ঘটনাটাই দুর্ভাগ্যজনক, ভুল বোঝাবুঝির ফসল৷ আমি ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে নই৷ এর আগেও অনেক ভারতীয় ছাত্রকে ইন্টার্নশিপের সুযোগ দিয়েছি৷ এখনও আমার ল্যাবরেটরিতে ২ ভারতীয় ছাত্র কাজ করছেন৷ তবে আমার ল্যাব এখন ভর্তি৷ আর কোনো ছাত্র নেওয়া সম্ভব নয়৷ সেটা বলতে গিয়েই এমন ভুল বোঝাবুঝি৷ আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে৷ যদিও ছাত্রটির বন্ধু আরও বেশ কয়েকটি ই-মেল কুয়োরা-য় তুলে দিয়েছেন৷ সেখানে দেখা যাচ্ছে, ভারতে ধর্ষণের সমস্যা নিয়ে এই মহিলা প্রফেসরের মনোভাব বেশ কড়া৷

তিনি লিখেছেন, ‘এটা ঠিক যেকোনোপ ধারণা বা বক্তব্য সব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ তবে এটাও অবিশ্বাস্য যে এতদিন পরেও ভারতীয় সমাজ ধর্ষণের মতো সমস্যার সমাধান করতে পারেনি৷ জার্মানিতে বসে আমরা ভারত থেকে নিয়মিত ধর্ষণের ঘটনার খবর পাই৷ বিশেষত এই গণধর্ষণের ঘটনাগুলি তো খুব উদ্বেগজনক৷ আমার কাছে এর মাধ্যমেই মহিলাদের প্রতি ভারতীয় সমাজের মনোভাব প্রকাশ পায়৷ ভারতে তো অনেক মহিলা পর্যটককে তুলে নিয়ে গিয়ে পুরুষরা নানাভাবে হেনস্হাও করে৷’

অ্যানেটির আরও দাবি, ‘আমার মতো জার্মানির অনেক মহিলা প্রফেসরই এই কারণে ভারতীয় ছাত্রদের নিতে চাইছেন না৷ ইউরোপের অনেক মহিলা প্রফেসরও এই দলে নাম লেখাচ্ছেন৷’

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবারের হরতাল শিথিল

bdc10বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ২০ দলীয় জোট তাদের মঙ্গলবারের হরতাল কর্মসূচি শিথিল করেছে। মঙ্গলবারের হরতাল থাকছে না।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় বিজয় অর্জনের জন্য দেশবাসীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবদী দল ও ২০দলীয় জোট গর্বিত ও আনন্দিত। দল ও জোটের পক্ষ থেকে খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামিতে এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি আরো জানানো হয়, বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে সারাদেশে মিছিল হবে। সকলকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, এ উপলক্ষে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি হরতালও থাকবে।

‘বাংলাদেশ এখন বড় টিমকেও ধূলায় মিশিয়ে দিতে চাইবে’

rubel10বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে পরের ছবিগুলো নয়। আগের একটা দিয়ে লেখা শুরু করছি।

মন দিয়ে ম্যাচটা দেখব বলে একেবারে ওয়ার্ম আপ থেকে বসে গিয়েছিলাম। দেখছিলাম, মাশরফি-সাকিবরা আশ্চর্য রকম ফুরফুরে। নিজেদের মধ্যে হাসিঠাট্টা চালাচ্ছে। ইয়ার্কি মারছে। অদ্ভুত মেজাজে টিমটা। দেখে কে বলবে, ঘণ্টাখানেকের মধ্যে ওরা ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে!

সাধারণ গ্রুপের ম্যাচ যেটা নয়। গুরুত্ব ধরলে আদতে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল। যেখানে হেরে যাওয়া মানে ব্যাগপত্র গুছিয়ে দেশের ফ্লাইট ধরা। এমন একটা ম্যাচে বড় টিম ও রকম মেজাজে থাকতে পারে। তা বলে বাংলাদেশ? তখন একবার মনে হয়েছিল, এরা আর পাঁচটা বাংলাদেশ টিমের মতো হবে না। এরা লড়বে। পাল্টা দেবে। বড় টিমকেও ধুলোয় মিশিয়ে মাঠ ছাড়তে চাইবে।

বিশাল অঘটন না ঘটলে শেষ আটে ভারত-বাংলাদেশ হচ্ছে। ভারতের দিক থেকে যদি ওপর-ওপর দেখা যায়, বলতে হবে ভালই হলো। ইংল্যান্ড পড়লে ওরা মানসিক সুবিধা পেত। কারণ গত দু’মাসে দু’ বারে দু’ বারই ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ওদের বিরুদ্ধে নামলে ধোনিদের মনে হয়তো এটা চলত যে, গত দু’মাসে ওদের বিরুদ্ধে তো আমরা জিততে পারিনি। সে দিক থেকে বাংলাদেশ পড়লে ব্যাপারটা সহজ হয়ে যায়। কিন্তু সেটা হয় প্রতিপক্ষের নাম বিচারে। বাস্তব আলাদা। বাস্তব হলো, প্রতিপক্ষের নাম-টাম ভুলে যেতে হবে। ইংল্যান্ড পড়লে যতটা সিরিয়াস ভাবে নিতে হত ধোনিদের, বাংলাদেশকেও ততটাই নিতে হবে।

না। আরও বেশি।

কাপ কোয়ার্টার ফাইনালে ওঠাটা সাকিবদের কাছে বিশাল কৃতিত্ব। ধোনি-কোহলিদের কাছে নয়। ওদের কাছে ব্যাপারটা প্রত্যাশিত। বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেও যায়, তা হলে ওদের দেশে বিক্ষোভ হবে না। বরং ক্রিকেটাররা পিঠ চাপড়ানি পাবে এত দূর আসার জন্য। উল্টোটা হলে কিন্তু ধোনিদের কপালে দুঃখ থাকবে।

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ পড়া মানে ২০০৭-এর প্রসঙ্গ আসবেই। বলছি না, সেই বিপর্যয় আবার ঘটতে চলেছে। অঘটন এক-আধবারই ঘটে। কিন্তু এটাও সত্যি যে বাংলাদেশের এই টিমটা একটা বা দু’টো স্টারের উপর দাঁড়িয়ে নেই। এই টিমে একটা সাকিব আল হাসানের ততটাই গুরুত্ব যতটা সৌম্য সরকারের। কারণ এটা টিম বাংলাদেশ। এক-আধজনকে ঘিরে ঘুরপাক খাওয়া টিম নয়। যেটা ভারতের সবচেয়ে বড় কাঁটা হতে পারে।

টিমটার ব্যালান্স ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে সোমবার ওদের ব্যাটিং শুরুতে ঝামেলায় পড়ল। একশোর মধ্যে চার উইকেট চলে গিয়েছিল। তামিম, সাকিব সবাই আউট। কিন্তু মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিম ঠিক ধরে নিল। মাহমুদুল্লাহ তো সেঞ্চুরি করে গেল! বিশ্বকাপে বাংলাদেশের প্রথম। ওরা দু’জন মিলে স্কোরকে ২৭৫-এ নিয়ে গেল। আর বোলিং? সাকিব কেমন স্পিনার নতুন করে বলার দরকার নেই। পেস বোলিংয়ে মাশরফি মর্তুজা অসাধারণ না হলেও জায়গায় বলটা রেখে যাবে। আর আছে রুবেল হোসেন। ছেলেটা ঘণ্টায় এ দিন ১৪৫ কিমি তুলল! তার সঙ্গে রিভার্স সুইং! স্টুয়ার্ট ব্রড কী ভাবে বোল্ড হল দেখেছেন? ১০ বলে ১৬ চাই, দু’টো উইকেট তুলতে হবে ওই অবস্থায় ও রকম গতিতে রিভার্স করিয়ে দু’টো উইকেট তুলে নেওয়া বোধহয় একটু কঠিন কাজ!

অর্থাৎ, এরা যেকোনো টিমকে চমকে দিতে পারে। এরা বিশ্বাস করে, হারার আগে হার বলে কিছু হয় না। এদের ক্যাপ্টেন টিমের কাছে নিজেকে তুলে আনে। মাশরফির হাঁটুর অবস্থা বেশ খারাপ। তা নিয়েই সোমবার পাওয়ার প্লে-তে বল করল। ডাইভ দিয়ে বাউন্ডারি আটকাল। টিমকে বোঝাল, আমি জেতার জন্য জীবন দিয়ে দেব। বাকি দশ জন তো এ সব দেখে তেতে যাবে। আবেগ, আগুন আর আত্মবিশ্বাস এই তিনটে ব্যাপার মাশরফিদের সম্পদ। ভারতের বিরুদ্ধে পড়লে যারা আরও জেদ নিয়ে নামবে। চাইবে, এমন কিছু করে দিতে যাতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ কোনো দিন বাংলাদেশকে ভুলতে না পারে!

দীপ দাশগুপ্ত: ভারতের সাবেক ক্রিকেটার

সেই নেতারা কোথায়?

bnp logoদুই মাসেরও বেশি সময় ধরে টানা আন্দোলনে বিএনপি। যাতে জোটের অন্যতম শরিক জামায়াত ছাড়া অন্য দলের অংশগ্রহণ নেই বললেই চলে। অতীতের মতো তৃণমূল নেতাকর্মীরা মাঠে থাকলেও লোকচক্ষুর আড়ালে শীর্ষ নেতারা। অনেকে বয়সের ভারে নুয়ে পড়েছেন। কেউ আবার জটিল জটিল রোগে ভূগছেন। তবে যেসব নেতা শারীরিকভাবে শক্ত আছেন তারা আবার গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছেন।

আবার অভিযোগ আছে, শীর্ষ নেতাদের বেশিরভাগই সরকারের সঙ্গে আঁতাত করে চলছেন। যার কারণে তারা গ্রেফতার তো দুরের কথা কোনো ধরণের হয়রানির শিকারও হচ্ছেন না। অথচ সারাদেশে তৃণমূলের ছোটখাটো নেতারা ঘরে থাকতে পারছেন না, বেরাচ্ছেন পালিয়ে।

তৃণমূলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি অভিযোগ সাবেক ছাত্রনেতাদের বিরুদ্ধে। যারা আন্দোলনে নামার আগে বিএনপি প্রধানকে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের গুলি শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকারও কথা বলেছিলেন। বাস্তবিক চিত্র ভিন্ন। বেগম জিয়াকে কথা দিলেও বরাবরের মতো এবারও তাদের কেউ মাঠে নেই। ব্যতিক্রম শুধু ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন।  তিনি নিয়মিত মিছিল করছেন নিজ জেলা নরসিংদীতে।

আর আন্দোলন শুরুর দিকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে আছেন সাবেক ছাত্রনেতা ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার আটকের কয়েকদিন পর রাজধানী থেকে আটক হন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু। দুজনেই কারাগারে আছেন।

জানা যায়, খালেদা জিয়া আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভরসা রাখেন ছাত্রদল ও যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর। এছাড়া সাবেক ছাত্রনেতাদের প্রতি তার আস্থা রয়েছে। সে জন্য আন্দোলনের আগে এসব নেতাদের ঝালাই করতে জাতীয় কনভেশনের ডাক দিয়েছিলেন খালেদা জিয়া। গতবছরের ১৮ ডিসেম্বর ৯০’র ছাত্রঐক্যের কনভেনশনে যোগ দিয়ে সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেছিলেন, “শুধু স্লোগান নয়, ভেদাভেদ ভুলে সবাই প্রস্তুতি নাও। যেকোনো সময় ডাক দেয়া হবে। এবার শুধু ঢাকাকে দোষ দিলে হবে না, সবাইকে মাঠে নামতে হবে।”

ওইসময় অনুষ্ঠানের সভাপতি ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ছাত্রনেতারা মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, “গণতন্ত্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছি।”  জানুয়ারিতে আন্দোলন শুরুর পর আমান উল্লাহ আমানকে আর রাজপথে দেখা যায়নি। কনভেনশনে বক্তব্য দিয়েই দায়িত্ব শেষ করেছেন। আরো যারা ছিলেন তারাও মাঠে নেই। চলে গেছেন নিরালায়।

সারাদেশে প্রশাসনের চরম কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারপরেও মাঠে থাকার চেষ্টায় কমতি নেই তৃণমূলের নেতাকর্মীদের। অথচ আন্দোলনের নিউক্লিয়াস খ্যাত সাবেক ছাত্রনেতারা মাঠে নেই। আছেন ধরাছোঁয়ার বাইরে। ফুরফুরে সময় কাটাচ্ছেন বলেও গুঞ্জন আছে।

এদের অনেকে খুব পরিচিত ছাড়া কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। পুরনো সিম বাদ দিয়ে নতুন সিম দিয়ে কথা বলছেন ঘনিষ্টজনদের সাথে। এদের খোঁজ দিতেও নিষেধ রয়েছে ঘনিষ্ঠজনদের। যার ফলে কে কোথায় আছেন তা জানা দুষ্কর হয়েছে।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হয় বিএনপির নেতৃত্বে দেশব্যাপী শুরু হয় অনির্দিষ্টকালের অবরোধ। যা এখনো চলছে। অথচ ওই মাসের ১৬ তারিখ জাতীয় সংসদের এলডি হলে ধুমধাম করে ছেলের বিয়ের অনুষ্ঠান করেন আমান উল্লাহ আমান। বিয়ের অনুষ্ঠানে থাকলেও এরপর থেকে তাকে আর দেখা যায়নি। চলে গেছেন গোপনে।

সোমবার বিকেলে আমানের ঘনিষ্ঠ একজন বলেন, “ভাই কোথায় আছেন তা আপনারা ভালোই জানেন। এতোগুলো মামলার আসামি হলে রাস্তায় নামা যায়?”

নাজিম উদ্দিন আলম কোথায় আছেন জানা নেই কারো।গত সপ্তাহে তার ঘনিষ্ট একজনের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আলম ভাই ঢাকায় আছেন।এটুকু বলতে পারি।”

এদিকে আগে হুঙ্কার দিলেও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও হাঁটছেন সাবেক ছাত্রনেতাদের পথে। শুরুর দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দুই একটি ঝটিকা মিছিলে অংশ নিলেও এখন আর তাদের দেখা যায়না। এছাড়া যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগারে। মুক্ত থাকলেও দেখা নেই সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের।

নীরবের ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি (নীরব) সরকারের হিটলিস্টে আছেন। তাই আড়ালে থেকেই যুবদলের নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি তাদের। কিন্তু কর্মীদের অভিযোগ আত্মগোপনে থাকছেন নীরব।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। একইসঙ্গে যিনি ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব। নেতাকর্মীদের অভিযোগ, মির্জা আব্বাস-সোহেলের ঢাকা মহানগর কমিটিও ‘ব্যর্থ’। সারাদেশে নেতাকর্মীরা মাঠে থাকলেও ঢাকার নেই কেউ।এজন্য সরকারের কঠোর অবস্থানকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন রাজধানীর নেতারা।  সোহেল মাঝে মঝ্যে দুই/একটি মিছিল নিয়ে অলিগলিতে বের হলেও কোথাও নেই মির্জা আব্বাস। তাকে পাওয়া যায় শুধুমাত্র বিবৃতিতেই।

এদিকে আন্দোলন শুরুর আগ থেকে নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রশাসনের কড়াকড়ির কারণে সেখানে যেতে পারছেন না দলের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামসহ শীর্ষ পর্যায়ের নেতারা। আবার ট্র্যাকিংয়ের ভয়ে তারা মোবাইলেও কথা বলছেন না। এসব কারণে আন্দোলন নিয়ে নতুন করে ভাবতে বিএনপিকে বেগ পেতে হচ্ছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।

স্থায়ী কমিটির ১৯ সদস্যের একজন মারা গেছেন।  চারজন অসুস্থ। তবে এদের মধ্যে তরিকুল ইসলাম যশোরে বসে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। তিনজন কারাগারে। একজন কূটনৈতিক পাড়ায় যোগাযোগ রাখছেন। আর আন্দোলন শুরু হলে একজনের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ থাকলেও কিছুদিন ধরে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন। বাকিরা চুপচাপ।

আর আরেক সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস রয়েছেন শুরু থেকেই লোকচক্ষুর আড়ালে।

১৮জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন মৃত ও একজন বহিষ্কৃত। বাকিদের মধ্যে সেলিমা রহমান রয়েছেন গুলশান কার্যালয়ে। আর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দেশে বসে আর সাদেক হোসেন খোকা বিদেশে বসে মাঝে মাঝে বার্তা দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা  ৩৬ জন। এদের মধ্যে একজন মৃত্যু বরণ করেছেন। দু জন কারাগারে আছেন। দু্ই একজনকে টেলিভিশন টকশোতে দেখা যায়। বাকিরা মাঠে নেই। কোথায় আছেন তাও জানেন না নেতাকর্মীরা।

সাত জন যুগ্ম-মহাসচিবের মধ্যে দুইজন কারাগারে। মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়ার মামলা নিয়ে আদালতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে হরতাল-অবরোধের পক্ষে আদালত চত্বরে মিছিল সমাবেশ করতে দেখা যায় তাকে।

আর দলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৩৮৬। এর মধ্যে ১২১ জন কর্মকর্তা। আর ২৬৫ জন সদস্যের বেশির ভাগই নিষ্ক্রিয়। হাতে গোনা কয়েকজন ছাড়া বড় একটি অংশকে দলের কোনো কর্মসূচিতে দেখা যায় না। আন্দোলনে না থাকলেও পদ পেতে লবিংয়ে সবার আগে।

এসব বিষয়ে কথা বললে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল (অব:) মাহবুবুর রহমান বলেন, “জেল-জুলুম উপেক্ষা করে নেতাকর্মীরা মাঠে আছেন। অনেকে কৌশল হিসেবে জনসম্মুখে আসছেন না। তবে তারা আন্দোলনে সম্পৃক্ত আছেন।তারা সবাই নিজ নিজ স্থান থেকে কাজ করছেন।”

আন্দোলনে মাঠে না থাকা নেতাদের বিষয়ে দল কোনো ব্যবস্থা নিবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে দলের চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন।”

শার্শায় বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

road accident2যশোর জেলার শার্শায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার যশোর-সাতক্ষ্মীরা মহাসড়কের হাড়িখালিতে সোমবার ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

taskin9জস বাটলার-ক্রিস ওয়েকসের জুটি কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বপ্নের আকাশে। ৭৫ রানের জুটিতে তারা ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিলেন বাংলাদেশকে। ইনিংসের ৪৬তম ওভারের পঞ্চম বলে পথের কাঁটা বাটলারকে আউট করে লাল-সবুজের দেশকে ম্যাচ ফেরালেন তরুণ তুর্কি তাসকিন। ৬৫ রান করে বাটলার মুশফিকের হাতে ক্যাচ দেন।

এরপর ওই ওভারের ষষ্ঠ বলে ক্রিস জর্ডানকে রান আউট করে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেন মাশরাফি। তার সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে যায়।

৪৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৩৮ রান। ওয়েকস ৩২ ও ক্রিস জর্ডান ১ রানে অপরাজিত আছেন।

দলীয় ১৬৩ জো রুটকে মুশফিকের ক্যাচ বানিয়েছেন মাশরাফি। রুট ২৯ রান করেছেন। বাংলাদেশের দেয়া ২৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট করছে ইংল্যান্ড।

রুবেলের জোড়া আঘাতের পর এবার বাংলাদেশকে উল্লাসে ভাসালেন তাসকিন আহমেদ। জেমস টেলরকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তাসকিন। ইমরুলের হাতে ক্যাচ দিয়ে  জেমস টেলর ফিরেন ১ রান করে।

ইনিংসের ২৭তম ওভারে বেল ও এউইন মরগানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রুবেল। তার জোড়া আঘাতে কাঁপছে ইংল্যান্ড। ওভারের প্রথমম বলে বিপদজ্জনক হয়ে উঠা ইয়েন বেলকে মুশফিকের ক্যাচ পরিণত করেন রুবেল। চতুর্থ বলে ইংল্যান্ড অধিনায়ক মরগানও রানের খাতা খোলার আগেই রুবেলের শিকার হন। মরগান ক্যাচ দেন সাকিবের হাতে। ৩৪তম হাফ সেঞ্চুরি করা বেল ৬৩ রান করেন।

দলীয় ৪৩ রানে মঈন আলীর (১৯) বিদায়ের পর জমে গিয়েছিল ইয়েন বেল ও অ্যালেক্স হেলসের জুটি। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন অধিনায়ক মাশরাফি। ২০তম ওভারে হেলসকে মুশফিকের ক্যাচে পরিণত করেন মাশরাফি। হেলস ২৭ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইমরুল কায়েস ও তামিম ইকবাল অ্যান্ডারসনের শিকার হন। ইনিংসের চতুর্থ বলেই ক্রিস জর্ডাদের হাতে ক্যাচ দেন ইমরুল। তৃতীয় ওভারে তামিম স্লিপে ক্যাচ অনুশীলন করান রুটকে।

শুরুর ধাক্কা বেশ সাহসিকতার সঙ্গেই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছিল টাইগাররা। কিন্তু খুব কম সময়ের মধ্যে সৌম্য-সাকিবের বিদায়ে উল্টো চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৯৪ রানে সৌম্য ক্রিস জর্ডানের বাউন্সারের শিকার হন। ৪ রান পরই সাকিব মঈন আলীর বলে স্লিপে সহজ ক্যাচ তুলে দিলেন। মাহমুদউল্লাহ- সৌম্যর তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ হয়। বড় রানের একটা ভিতও পেয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে সেটি বাধাগ্রস্ত হলো। সৌম্য ৫২ বলে ৪০ রানের (৫ চার, ১ ছয়) ইনিংস খেলেন।  সাকিব করেন ২ রান।

চতুর্থ উইকেটে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুশফিক। দুই ভায়রা ভাইয়ের ব্যাটে টাইগাররা এগিয়ে যায় বড় রানের পথে। ২৩.৫ ওভারে ১৪১ রানের জুটি গড়েন তারা। যা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। ৬৯ বলে হাফ সেঞ্চুরি মাহমুদউল্লাহ তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। তিন অংক স্পর্শ করতে তিনি বল খরচ করেন ১৩১টি। দেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির অনন্য রেকর্ডটি বগলদাবা করেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

দলীয় ২৪০ রানে রান আউট হন মাহমুদউল্লাহ। তিনি ১৩৮ বলে ১০৩ রান করেন ৭টি চার ও ২টি ছক্কায়। ৪৯ বলে ২১তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনিও। ৪৮তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ব্রডের শিকার হন মুশফিক। তার আগে তিনি খেলেন ৭৭ বলে ৮৯ রানের ঝকঝকে ইনিংস। যেখানে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার।

শেষদিকে সাব্বিরের ১৪ ও মাশরাফির ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন-জর্ডান ২টি করে উইকেট নেন।

কোরীয় কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা ছাড়ার নির্দেশ

goldবিমানবন্দরে স্বর্ণসহ আটক কোরীয় কূটনীতিককে ৭২ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে সরকার।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নির্দেশনা দেয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

স্বর্ণ চোরাচালানে হাতেনাতে ধরা পড়েন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল) সন ইয়াং ন্যাম (৫০)।

গত বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে নামার পর কোরিয়ান কূটনীতিকের লাগেজ থেকে প্রায় ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা যার দাম সাড়ে ১৩ কোটি টাকা।

সারা রাত তাকে আটক রেখে দুপুরে দূতাবাসের জিম্মায় সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনার থেকে কূটনৈতিক পল্লীতে রীতিমত তোলপাড় চলছে। অভিযুক্তকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে সে দিন দূতাবাসের যেসব কর্মকর্তারা বিমান বন্দরে গিয়ে দেন-দরবার করেছিলেন তাদের বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে। স্বর্ণ চোরাচালানে একজন না  ‘সংঘবদ্ধ চক্র’ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সরকার।

শামারুখ হত্যা, স্বামীর জামিন স্থগিত

shamarukচিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলায় গ্রেফতার হওয়া তার স্বামী হুমায়ুন সুলতানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ১ এপ্রিলের মধ্যে লিভ টু আপিল করতে বলেছেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক।

ওই মামলায় ২ মার্চ যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্র খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতানের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর ওই আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। ৪ মার্চ চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় আজ এ শুনানি হয়।

ফেরিওয়ালার ঝুড়িতে ৫৩০ বোতল ফেনসিডিল

fencidil9নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফেরিওয়ালাদের ঝুড়ি থেকে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার দুপুরে উপজেলার লাথরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে একটি মিনি ট্রাকে থাকা আটটি ঝুড়ি থেকে এসব ফেনসিডিল উদ্ধার ও চার ফেরিওয়ালাকে আটক করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
আটক চার ফেরিওয়ালা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার আলীম হোসেনের ছেরে শামীম হোসেন (২৪), চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার বিশরত আলীর ছেলে কেতাবুল (২২), কলিম উদ্দিনের ছেলে কাশেম আলী (৪২) ও নূর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৪০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোরের পরিদর্শক শাহ জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাথুরিয়া এলাকায় অভিযান চালানা হয়।
তিনি জানান, এ সময় সেখানে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি মিনি ট্রাক (পাবনা ন ১১-০০৩৩) থামিয়ে ট্রাকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের মালামাল রাখা আটটি ঝুড়ি থেকে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকে থাকা চার ফেরিওয়ালাকে আটক করা হয়।
আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান শাহ জামাল।