শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

দহগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsf28লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া সীমান্ত থেকে আসমত আলী নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকালে দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভারতীয় বিএসএফের সাথে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হওয়ায় তাদের পক্ষ থেকেও ওই বাংলাদেশি ফেরত আনার ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

দহগ্রাম বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আসমত আলীসহ(২৩) ৩ বাংলাদেশি ওই এলাকায় ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় আকর্ষিকভাবে ভারতীয় কুচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের তিস্তাকুষ্টি ক্যাম্পের টহল দলের সদস্যরা ধাওয়া করে আসমত আলীকে ধরে নিয়ে যায়।

অপর দুই বাংলাদেশি উমর আলী (২৫) ও মালেক হোসেন (২৮) পালিয়ে আসে। এ ঘটনায় রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়ন ও লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশি আসমত আলীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।’

নাইট ক্লাব মাতালেন নায়িকা আঁচল

acholবাংলাদেশে এখনো এরকম রেকর্ড শোনা যায়নি যে, কোনো নায়িকা নাইট ক্লাবে নেচেছেন। তবে এবার এই ঘটনাও ঘটলো। তবে সেটা বাস্তবে নয়, ছবির আইটেম গানে। এই আইটেম গানে অভিনয় করলেন চিত্রনায়িকা আঁচল।

ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা-দ্য টেরোরিস্ট সিনেমার এই আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারের ব্লু নাইট ক্লাবে। এখানে তার সহশিল্পী ছিলেন বাপ্পি চৌধুরী।

আইটেম গানটির শিরোনাম চাকবুম চাকবুম। গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে গতকাল। গানটির কথা লিখেছেন কবির বকুল। এতে কণ্ঠ দিয়েছেন রুপমা ও রমা। সুর ও সংগীতায়োজন করেছেন আলি আকবর শুভ।

আইটেম গানে অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, আমি এই প্রথম কোনো আইটেম গানে নাচলাম। খুব মজা করে আমরা কাজটি করেছি। আইটেম গানের দৃশ্যগুলো অনেক রঙিন হয়। তাই দর্শকদের সবমিলিয়ে খুব ভালো লাগবে।

এ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল। বাপ্পি-আঁচল ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অমৃতা খান, তানভীর, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।

শেখ হাসিনা জনগণের গণতন্ত্র রক্ষায় কাজ করে চলেছেন

mojibol11রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন,  শেখ হাসিনা জনগণের গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় নিবেদিতভাবে কাজ করে চলেছেন।

বৃহস্পতিবার রেলপথ ও ট্রেনে নাশকতা রোধকল্পে গাইবান্ধা রেলস্টেশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা চালিয়ে বোমা মেরে মানুষ হত্যা করার খালেদা জিয়ার এই অপরাজনীতি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মুনছুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা প্রশাসক এহছানে এলাহী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।

মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধস : নিহত ৫

monglaবাগেরহাট জেলার মংলা উপজেলার শিল্পাঞ্চল এলাকায় সেনাকল্যাণ সংস্থার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক চাপা পড়েছেন। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি। চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বেলা সোয়া ২ টার দিকে শিল্পাঞ্চল এলাকায় সেনাকল্যাণ সংস্থার এলিফ্যাণ্ট ব্রাণ্ডের সিমেন্টের নির্মাণাধীন চারতলা কারখানার ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক চাপা পড়ে। ভবনটিতে কমপক্ষে দুই শতাধিক শ্রমিক কাজ করতেছিল।

ইতিমধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। চাপা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা কাজ করছে।

ভুয়া মেজর গ্রেফতার রাজশাহীতে

arrestপদ্মা সেতুতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীতে এক ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে নগরীর উপশহর এলাকার বাসা থেকে র‌্যাব সদস্যদের হাতে গ্রেফতার সিরাজুল হক চৌধুরী হেনা (৫০) নওগাঁ সদরের নীন্দইল এলাকার  প্রয়াত এমদাদ হক চৌধুরীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, সিরাজুল হক চৌধুরী হেনা পদ্মা সেতুতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন।
তিনি জানান, চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার শিকার পবা উপজেলার মুরারীপুর এলাকার সেন্টু আলীর ছেলে সাজেমুল ইসলাম ভুয়া মেজরের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্ততে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পাঠানো হয়ছে।

জিম্বাবুয়ের হয়ে টেইলরের ক্যারিয়ার শেষ!

trailorতবে কি ১৪ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটাই জিম্বাবুয়ের পক্ষে ব্রেন্ডন টেইলরের শেষ ম্যাচ? আপাতত খবরটা এমনই।

ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে তিন বছর মেয়াদী কলপাক চুক্তি করেছেন টেইলর। ইসিবিও তা অনুমোদন করেছে। যার অর্থ চুক্তি শেষ না হওয়া পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলতে পারেবেন না জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়ক।

বিশ্বকাপের পরই পুরোপুরি নটসদের হয়ে যাবেন তিনি। জিম্বাবুয়ের হয়ে খেলার দরজাটা বন্ধ করে দিয়েছেন। নটসদের হয়ে তিন বছরের চুক্তি শেষ হয়ে গেলে টেইলর ইংল্যান্ডের হয়েও খেলতে পারবেন।

সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল টেইলরের জন্য। তিনি বলেছেন, জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট ছাড়তে কষ্ট হয়েছে তার। কিন্তু সিদ্ধান্তটা নিতে হয়েছে পরিবারের কথা মাথায় রেখেছ।

টেইলর বলেন, “এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত, যা আমাকে নিতে হয়েছে। অবশ্যই বড় সিদ্ধান্ত।” বৃহস্পতিবার অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে ম্যাচের দুদিন আগে ক্রিকইনফোকে এসব তথ্য জানান জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি বলেন, “জিম্বাবুয়ের হয়ে খেলার জন্য আমি খুবই আগ্রহী। এখনো আছি। আমি আমার স্ত্রীর সঙ্গে বসেছি এবং দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি। এটা সহজ ছিল না। আমার খুব খারাপ লাগছে। পাশাপাশি খুব উত্তেজনা বোধ করছি যে, আমি ইংল্যান্ডের অন্যতম সেরা কাউন্টি দলের সঙ্গে যুক্ত হচ্ছি। তারা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। আমি আগামী তিন বছর তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির দিকেই তাকিয়ে আছি।”

২৯ বছর বয়সী টেইলর বলেন, “কিন্তু আমার খুব খুব খারাপ লাগছে জিম্বাবুয়ের ক্রিকেট ছেড়ে যেতে। দারুণ সব স্মৃতি আছে এখানে। অনেক ভালো বন্ধু আছে। কিন্তু জীবন এগিয়ে যায় এবং আপনাকে পরিবারের জন্য ভালো সিদ্ধান্ত নিতে হবে, এগিয়ে যেতে হবে।”

জিম্বাবুয়ের হয়ে ২৩ টেস্ট, ২৬ টি-২০ খেলেছেন টেইলর। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে জিম্বাবুয়ের হয়ে তার ১৬৭তম ম্যাচ।

মনমোহন চক্রান্তের শিকার: সোনিয়া

monmohon12কয়লা ব্লক বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর পাশেই দাঁড়িয়েছে কংগ্রেস।

বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দলীয় সদর দফতরে জরুরি বৈঠক করেন রাজ্যসভা এবং লোকসভার গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে। এই বৈঠকের পরেই সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটি মিছিল মনমোহন সিংহের বাসভবন পর্যন্ত পৌঁছায়।

সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন- গুলাম নবী আজাদ, কুমারি শৈলজা, জয়রাম রমেশ, আনন্দ শর্মা, অজয় মাকেন, দিগ্বিজয় সিংসহ শীর্ষ নেতারা।

সোনিয়া গান্ধী বলেন, “মনমোহন রাজনৈতিক চক্রান্তের শিকার। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সারা পৃথিবীতে তার যথেষ্ট সম্মান রয়েছে। তিনি পারদর্শিতার সঙ্গে কাজ করেছেন। কংগ্রেস তার হয়ে দৃঢ়ভাবে আইনি লড়াই করবে। তার বিশ্বস্ততা এবং নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’

মনমোহন সিং কংগ্রেসের তৃতীয় প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং নরসিমা রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

কয়লা ব্লক দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায় বুধবার বিশেষ সিবিআই আদালত মনমোহন সিংকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।

২০১২ সালে প্রকাশ্যে আসে কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি। অভিযোগ ওঠে ২০০৫ সালে উড়িষ্যার তালবিড়ায় নিয়ম বহির্ভূতভাবে হিন্ডালকো সংস্থাকে দু’টি কয়লা খনি ব্লক পাইয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে সময় কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেই।

মনমোহন সিং অবশ্য আদালতের তলব পাওয়ায় বলেছেন, ‘খুবই খারাপ লাগছে। কিন্তু এটা জীবনের অঙ্গ। আশা করি আদালতের সামনে নিজের বক্তব্য জানানোর সুযোগ পাব।’

লড়াই চালিয়ে যাবে টাইগাররা

mariya nurমারিয়া নূর। মডেল ও উপস্থাপক। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তার উপস্থাপনায় জিটিভিতে প্রতিদিন প্রচার হচ্ছে ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানটি। কথা বলেন তিনি-‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠান নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
বাংলাদেশ এখন কোয়ার্টার ফাইনালে। সেই সুবাদে ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানটি নিয়ে দর্শকের আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। এর প্রতি পর্বে একজন সাবেক ক্রিকেটার ম্যাচ নিয়ে পর্যালোচনা করেন। পাশাপাশি একজন সেলিব্রেটি জানান, ক্রিকেট নিয়ে তার নানা স্মৃতিকথা। সেসব আলোচনা শুনতে অনেকেরই ভালো লাগে বলে জানিয়েছেন। দর্শকের এই ভালোলাগাটা আমরাও উপভোগ করি।
বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা আপনার ভালো লাগে?
সাকিব আল হাসানের অন্ধ ভক্ত আমি। তবে মাশরাফি বিন মতুর্জাকেও অনেক পছন্দ করি। তিনি অসাধারণ একজন দলনেতা। তার খেলা ও আচরণে দেশপ্রেম প্রকাশ পায় বেশি। সে সঙ্গে মুশফিকও ভালো খেলেন। বিশ্বকাপে কমবেশি সবাই ভালো খেলছেন, তবে গত খেলায় রুবেল ও মাহমুদুল্লাহর খেলোয়াড়ি নৈপুণ্যে মুগ্ধ হয়েছি। এ কারণে স্বপ্ন দেখছি, কোয়ার্টার থেকে সেমি এবং সেমি থেকে ফাইনাল পর্যন্ত যাওয়ার লড়াই চালিয়ে যাবে টাইগাররা।
উপস্থাপনার বাইরে আর কিছু করছেন কি?
যতদিন বিশ্বকাপ চলবে ততদিন উপস্থাপনা ছাড়া অন্যকিছু করার সুযোগ নেই। কেননা প্রতিদিনই ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠান নিয়ে দর্শকের মুখোমুখি হতে হচ্ছে।
শেষ পর্যন্ত কি উপস্থাপকই থেকে যাবেন? উপস্থাপনা থেকে যেমন সরে আসার ইচ্ছে নেই, তেমনি অভিনয় ও মডেলিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই। সম্প্রতি রেদোয়ান রনির ‘ঝালমুড়ি’ নামের একটি ভিন্নধর্মী নাটকে অভিনয় করেছি। পাশাপাশি কাজ করেছি ইমরাউল রাফাতের ‘ফাইভ ফিমেইল ফ্রেন্ডস’ ফিকশনধর্মী নাটকে। মজার ব্যাপার, এখানে আমাকে নিজের চরিত্রে অভিনয় করতে হয়েছে।

‘ডার্টি’ আলিয়া!

aliya12আলিয়া ভাটের মতো বলিউড সুন্দরী দিনমান ব্যস্ত থাকবেন রূপের চর্চায়, পরিচর্যায়- সেটাই স্বাভাবিক। কিন্তু তা না করে মহেশ ভাটের কন্যা চুলে শ্যাম্পু বা কন্ডিশনার তো দূরের কথা পানিও ছোঁয়াচ্ছেন না। মাথাভর্তি ‘ডার্টি’ হেয়ার নিয়ে আলিয়ার দিনযাপন চোখে লেগেছে অনেকেরই। মনে সবার প্রশ্ন একটাই- ঘটনা কী?
ঘটনা হচ্ছে, আলিয়া তার চুল ‘ডার্টি’ করছেন অভিষেক চৌবে নামে এক নির্মাতার নির্দেশে! ‘উড়তা পাঞ্জাব’ নামে নতুন সিনেমায় নতুন লুকে হাজির হওয়ার লক্ষ্যে।
‘ইশকিয়া’, ‘দেড় ইশকিয়া’র মতো সিনেমা বানিয়ে প্রশংসিত চৌবে হাত দিয়েছেন নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ। এরই মধ্যে নির্মাতা হিসেবে খুঁতখুঁতে বলে পরিচিতি পাওয়া চৌবে আলিয়াকে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন, সিনেমার চরিত্রের সঙ্গে মিশে যেতে আলিয়া যেন অন্তত ১০ দিন চুলে শ্যাম্পু, প্রসাধনী কিংবা পানিও না লাগান।
কাজের ব্যাপারে আলিয়াও কম খুঁতখুঁতে নন। পরিচালকের কঠোর নির্দেশ তিনিও পালন করছেন কঠোর নিষ্ঠার সঙ্গেই। চুল ‘ডার্টি’ করার এই প্রক্রিয়া চলবে যতোদিন- ততদিন বলিউডের এই তরুণ তারকা জনসমক্ষে আসবেন না বলে জানা গেছে।
পাঞ্জাবের মাদক ব্যবসা সিন্ডিকেট ও মাফিয়াদের কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হবে ‘উড়তা পাঞ্জাব’। আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কারিনা কাপুর। এই প্রথম দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। নায়কের চরিত্রে রয়েছেন শহীদ কাপুর। শহীন-কারিনার পর্বের শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। চুল ‘ডার্টি’করণ প্রক্রিয়া শেষে শুটিংয়ে যুক্ত হবেন আলিয়া।

ঘরের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে

amazuddinদেশে চলমান রাজনৈতিক সমস্যার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমদ বলেছেন, ঘরের সমস্যা সমাধানে কেনো আমরা বাইরের দিকে চেয়ে থাকবো? আমরা কেনো নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি না?

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঘরের সমস্যা সমাধান নিজেদেরই করতে হবে।

এমাজ উদ্দিন বলেন, সবার  মধ্যে দেশপ্রেম ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারলে এ সমস্যা তৈরি হতো না। দেশপ্রেম এমনিতে আসে না, জাগ্রত করতে হয়।

তিনি বলেন, আমার দীর্ঘ দিনের শিক্ষকতার অভিজ্ঞতায় বলতে পারি বাংলাদেশের মাটি খুবই উর্বর মাটি। এদেশের সন্তানেরা পৃথিবীর যেকোন দেশের মেধাবীদের চেয়ে এগিয়ে রয়েছেন। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছেলেমেয়েরা পড়ালেখাসহ শিক্ষকতাও করছেন।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা পদে পদে ভুল করে চলেছি। ৭১-এ যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের স্বপ্ন আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি।

এমাজ উদ্দিন বলেন, পাকিস্তান-ভারত যেভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেভাবে স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে।

দেশের সমস্যা সমাধানে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আস্থার জায়গা বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

এই রাষ্ট্রের পতন যেনো মোঘল সাম্রাজ্যের পতনের মতো না হয়, সে দিকে দৃষ্টি রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে লেখক ও সাংবাদিক সাহাদত হোসেন খানের লেখা ‘মোঘল সাম্রাজ্যের পতন’ ও ‘স্নায়ুযুদ্ধ’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ড. এমাজ উদ্দিন আহমদ।

ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নূর উদ্দিন খান, গোলাম মাওলা রনি, ব্যারিস্টার পারভেজ, কবি এরশাদ মজুমদার সহ আরও অনেক।