শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

৪জি বিশ্বে কোথায় সবথেকে দ্রুত?

4gআচ্ছা আপনি তো স্মার্টফোন ব্যবহার করেন, নেটও ব্যবহার করে থাকেন৷ ২জি, ৩জি অথবা ৪জি যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন৷ কিন্তু জানেন কী বিশ্বের কোন দেশে ৪জি স্পিড সবথেকে বেশি?

অতিসম্প্রতি ‘ওপেন সিগনাল’ নামক এক সংস্থার তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশ ভিত্তিতে ৪জি এলটিই স্পিড সবথেকে বেশি পাওয়া যায় স্পেনে৷স্পেনে ৪জি নেটওয়ার্কে গড়ে স্পিড পাওয়া যায় ১৮ এমবিপিএস৷অন্যদিকে ২০১৫ সালে ৪জি এলটিই স্পিডের ক্ষেত্রে আমেরিকার সময়টা খুব একটা ভালো যায়নি৷সে দেশের ক্রিকেট ইউএসএ নেটওয়ার্কের স্পিড ছিল সর্বনিম্ন৷

কুকুরের ‘প্রতিশোধে’ ক্ষতবিক্ষত গাড়ি!

dog16একেই বোধ হয় বলে মধুর প্রতিশোধ! স্টিয়ারিং হাতে বেমক্কা তাকে ধাক্কা দিয়েই চলে গিয়েছিল গাড়িটা। চিনে রেখেছিল সে। ঠিক সময় বুঝে দলবল নিয়ে এক ব্যক্তির শখের গাড়িটিকে নষ্ট করে চলে গেল এক কুকুর।

কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানা গল্প রয়েছে। নানা সময় তার প্রমাণও পাই আমরা। কিন্তু মানুষের মতো কুকুরের প্রতিরোধ স্পৃহাও যে কিছু কম নয়, তার প্রমাণ চীনের এই ঘটনা। গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করা করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি লাল গাড়িকে দু’তিনটি কুকুর মিলে কামড়ে, দুমড়ে একেবারে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই কাণ্ড করার পর, রাগ কমল। এবং বিজয়ীর মতো সদলবলে ফিরে গেল তারা। কেন? যে ব্যক্তির গাড়ি তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে চীনের চংকিং শহরে গাড়ি চালানোর সময় রাস্তার একটি কুকুরকে ধাক্কা মারেন তিনি। কুকুরটি তখন ঘুমোচ্ছিল। গাড়ির ধাক্কায় আকস্মিক ঘুম ভেঙে যায়।

রাস্তা-ঘাটে এহেন ঘটনা আকছারই ঘটে। কিন্তু গাড়ির মালিক ভাবতে পারেননি, কুকুরটি তাকে ও তার গাড়িটি চিনে রেখে দিয়েছে। এবং মনে মনে ঠিক করেছে, প্রতিশোধ নেবেই। সেই মতো ঘটনার কয়েক দিন পর কুকুরটি সদলবলে হামলা চালায় গাড়িটির ওপর। গাড়িটি তখন রাস্তার ধারে একটি পার্কিং প্লেসে দাঁড় করানো ছিল। বার বার কামড়ে সাধ্যমতো গাড়িটির ক্ষতি করে তবে সে ক্ষান্ত হয়। তারপর দলবল নিয়ে ফিরে যায়। ওয়েব দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই, ঘটনাটি রীতিমতো চর্চায় বিষয় হয়ে গিয়েছে চীনে।

জয়ের হ্যাটট্রিক রুনিদের

runi16ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ হারাল রেড ডেভিলসরা। ইপিএলে ম্যান ইউ-এর এটা টানা তৃতীয় জয়। আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছিল লুইস ভ্যান গালের দল।

এবার নিজেদের মাঠে মারোয়ানি ফেলাইনির দুর্দান্ত গোলে দশ মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউ। মাইকেল ক্যারিকের পাস পেয়ে ডি বক্সের মধ্যে দ্রুত ঢুকে কোনাকুনি শটে গোল করেন বেলজিয়ামের মিডফিল্ডার।
ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যারিক। কর্নারে প্রথমে জোরালো হেড করেছিলেন ফেলাইনি, কিন্তু বিপক্ষ রক্ষণের এক খেলোয়াড় তৎপরতায় তা জালে জড়ায়নি। ফিরতি বলে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ক্যারিক।

৩৫ মিনিটে ৩-০ করে জয়টা কার্যত নিশ্চিত করেন ওয়েন রুনি।

প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন রুনিরা৷ ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগও পায় ভ্যান গলের শিষ্যরা৷কিন্তু আর গোল হয়নি৷

এই জয়ের সুবাদে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৯ ম্যাচে ৫৬।

প্রাচীন সমাধিতে গুপ্তধনের ভাণ্ডার!

gold16‘ড্রাগনের দেশে’ যখের ধন! একের পর এক সমাধি খুলতেই চোখ কপালে। রাশি রাশি সোনার মোহর। হীরা-জহরত। সম্পত্তি যেন শেষ হচ্ছে না। চীনে কয়েক হাজার বছরের প্রাচীন কয়েকটি সমাধি থেকে মিলল বাক্স ভরতি সোনার মোহর, হীরা, গয়না, ব্রোঞ্জ। প্রত্যেকটি সমাধিই খ্রিস্টের জন্মের প্রায় ২২১ বছর আগের বলে জানা গিয়েছে।

মধ্য চীনের হেনান প্রদেশের ঘটনা। ঝউকউ শহরের কাছে জিয়াংচেং-এর বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েক বছর ধরেই খনন কার্য চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদেরা। সম্প্রতি একটি এলাকায় খননকার্য চালাতে গিয়েই ধাতব আওয়াজ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরই মেলে প্রাচীন সমাধি। সব মিলিয়ে ২১টি সমাধি উদ্ধার হয়েছে। আলোড়ন পড়ে যায়, যখন প্রত্যেকটি সমাধি থেকেই উদ্ধার হতে থাকে বহুমূল্য রত্নখচিত বাক্স। সেই বাক্সের মধ্যে পাওয়া গিয়েছে ঠাসা সম্পত্তি। সোনার মোহর, হীরা, দুর্মূল্য পাথর, গয়না-সহ বহু সামগ্রী।

চীনের সরকারি নিউজ চ্যানেল জিনুয়া-র খবর অনুযায়ী, কয়েক হাজার বছর আগে চীনে হুন সাম্রাজ্য ও ওয়ারিং স্টেট পিরিয়ডের (৪৭৫-২২১ বিসি) মধ্যবর্তী সময়ের ওই সমাধিগুলি থেকে সোনা, গয়না, হীরা ছাড়াও মিলেছে ব্রোঞ্জের কলসি, তলোয়ার ইত্যাদি। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, বেশ কয়েকটি সমাধি হয়তো ডাকাতরা খোলার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। সমাধিগুলি নিয়ে গবেষণা শুরু হয়েছে।

সাদ্দামের কবর ধ্বংস

saddam iraqইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর ধ্বংস হয়েছে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটির তিকরিত শহর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে চলমান যুদ্ধে সাদ্দামের কবর প্রায় পুরোপুরি ধুলায় মিশে গেছে। তবে তার সমর্থকরা জানিয়েছে অনেক আগেই সাদ্দামের মরদেহ সেখান থেকে গোপন জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

সাদ্দামের জন্মশহর তিকরিত। গত জুন মাসে শহরটি দখল করে নেয় আইএস। সুন্নি-অধ্যুষিত শহরটি পুনরুদ্ধারে ১ মার্চ অভিযান শুরু করে ইরাক সরকার।

আইএসের বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ

is11ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে নিষিদ্ধ ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ তুলেছে ইরাকের কুর্দিরা। রয়টার্সে দেয়া এক বিবৃতিতে কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা পরিষদ দাবি করেছে, আইএসের বিরুদ্ধে যুদ্ধরত পেসমার্গা যোদ্ধাদের ওপর রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি উত্তর ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের পোশাক ও ঘটনাস্থলের মাটি পরীক্ষা করে উচ্চ মাত্রার ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
যদিও তাদের এমন দাবি সম্পর্কে আন্তর্জাতিক কোনো সংগঠনের কাছে এখনো কোনো তথ্য নেই।
উল্লেখ্য, ক্লোরিন এমন একটি গ্যাস যা শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে এই গ্যাস প্রথম ব্যবহার করা হয়। পরে ১৯৭৭ সালে রাসায়নিক অস্ত্র সম্মেলনে যুদ্ধক্ষেত্রে এ অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়। সূত্র: রয়টার্স

কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ?

icc14বিশ্বকাপ ক্রিকেট পেরিয়ে গেল এক মাস। সেই সঙ্গে গ্রুপ রাউন্ডের খেলাও। পুল ‘এ’ এবং পুল ‘বি’র সবগুলো ম্যাচশেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের দল আর ভেন্যু।
যেটিকে খানিকটা ধোয়াশার মধ্যে রেখে দিয়েছিল আইসিসি। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলার সুবিধা দিতে গিয়ে ফিকশ্চারে ভেন্যু সংক্রান্ত জটিলতা রয়ে গিয়েছিল। সমস্যা বেড়ে যায় শ্রীলংকা এবং ইংল্যান্ডকে আগাম কোয়ার্টারের ভেন্যু বলে দেয়ার কারণেও।
তবে শেষমেস সব জট খুলেছে। দুটি পুলে অবস্থানের ভিত্তিতে নির্ধারণ হয়েছে প্রতিপক্ষ। সেই সঙ্গে ভেন্যুও।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টারে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ভারত-বাংলাদেশ, অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা।
বিশ্বকাপের ফিকশ্চার অনুসারে ১৮ মার্চ প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার কথা পুল ‘এ’র চ্যাম্পিয়ন বনাম পুল ‘বি’র চতুর্থ দল।
তবে সিডনিতে ওইদিন ম্যাচটি খেলবে বি-২ বনাম এ-৩। যার মানে দাড়াচ্ছে সবার আগে সেমিফাইনালের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা।
পরদিন ১৯ মার্চ মেলবোর্নে খেলবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ পুল ‘এ’র চতুর্থ দল আর ভারত পুল ‘বি’র চ্যাম্পিয়ন। ফিকশ্চার অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা এ-২ বনাম বি-৩’র মধ্যে।
অ্যাডিলেডে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ২০ মার্চের এই ম্যাচটি শিডিউল অনুসারে এ-৩ বনাম বি-২’র মধ্যে হওয়ার কথা।
নিউজিল্যান্ডের মাটিতে একমাত্র কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মার্চ। ওয়েলিংটনের ম্যাচটিতে কিউইদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ণয়ের জন্য অবশ্য এখনকার মতো অপেক্ষা করতে হবে না। সিডনি আর ওয়েলিংটনের জয়ী দল সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। আর মেলবোর্ন-অ্যাডিলেডের জয়ী দল সেমি খেলবে সিডনিতে।
অন্যভাবে বললে, সেমিতে প্রথম ওঠা দল খেলবে সবার শেষে ওঠা দলের বিপক্ষে। আর দ্বিতীয়-তৃতীয় হিসেবে ওঠা দল খেলবে পরস্পরের বিপক্ষে।

জাতীয় মারামারির আশঙ্কা: এমাজউদ্দীন

bcw15চলমান সংকটের সমাধান না হলে জাতীয় পর্যারয়ে মারামারির আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন। আর তাতে বিলীন হতে পারে রাষ্ট্রের স্বকীয় ‘অস্তিত্ব’।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আয়োজিত ‘চলমান পরিস্থিতি: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যদি দেশের চলমান সংকট সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ না নেন, তবে খুব শিগগির জাতীয় পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাতে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে।”

এমাজউদ্দীন বলেন, “চলমান সংকট একটি রাজনৈতিক সংকট, এর সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। যদি না হয় তবে খুব বেশি দূরে নয়, কাছাকাছি জাতীয় পর্যায়ে মারামারির আভাস দেখছি। পাকিস্তান-ভারতের স্বাধীনতার জন্য যে রকম মারামারি হয়েছিল, সেই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাবেক এই উপাচার্য্ বলেন, “ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, মুসোলিনি কীভাবে মারা গেছে। তার মৃত্যুর খবর কেউ জানে না। হিটলারের পরিস্থিতির কথা বিবেচনা করে দেখেন। আপনার আশপাশের লোকগুলোর কথা চিন্তা করে সিদ্ধান্ত নিন। তারা কেউ আপনার পাশে থাকেনি। আগামীতেও থাকবে না।”

জাতিসংঘের বিশেষ দূত তারানকোকে অত্যন্ত প্রভাশলী একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, “তারা (জাতিসংঘ) লোক চিহ্নিত করতে ভুল করেন না। তারানকো যদি বাংলাদেশের জন্য শান্তিরক্ষী বাহিনীর বার্তা নিয়ে আসেন, তবে সেটা আমাদের জন্য ভালো হবে না।”

সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী সুস্থ থাকলে কিছু ভালো কথাও বলেন, তখন শুনতেও ভালো লাগে। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু কথা বলেন, তখন সমস্যার সৃষ্টি হয়। তিনিই বর্তমান সমস্যার সৃষ্টি করেছেন, তাকেই এর সমাধান করতে হবে।”

জাফরুল্লাহ বলেন, “দেশে যে হারে খুন-গুম-অপহরণ হচ্ছে তাতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।” এ ব্যাপারে উচ্চ আদালতকে আরো সক্রিয় হতে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সভায় আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা.  এ কি উএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার প্রমুখ।

সালাহ উদ্দিনকে আদালতে হাজিরের বিষয়ে পরবর্তী শুনানি সোমবার

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করে আদালতে হাজির করার বিষয়ে করা আবেদনের বিষয়ে সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার দুপুরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এ আদালত এ আদেশ দেন।

সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখা। প্রতিটি বিভাগই জানায়, সালাহ উদ্দিন আহমদকে পুলিশের কোনো শাখা আটক বা গ্রেফতার করেনি। তাকে খুঁজেও পাওয়া যায়নি। তবে খুঁজে পাওয়ার সর্বাত্মক চেষ্টা পুলিশ চালাচ্ছে।

দুপুরে অনুষ্ঠিত শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই প্রতিবেদন আদালতে দাখিল করেন। এ সময় তিনি রুলটি নিষ্পত্তির আরজি জানান।
আজ সালাহ উদ্দিন আহমদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, “আমরা পুলিশ প্রতিবেদনের অনুলিপি পাইনি। এ বিষয়ে আমাদের কিছু জবাব দেয়ার আছে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা হালকাভাবে নেওয়া যায় না।”

এ সময় আদালত বলেন, “এ ধরনের একটা বিষয়ে আমরা কেন এত সময় নেব। যেখানে পুলিশের চারটি শাখার প্রতিবেদনেই বলা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা রুল নিষ্পত্তি করে একটা পর্যবেক্ষণ দিতে পারি যে, সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার প্রচেষ্টা যেন অব্যাহত রাখা হয়।”

এ সময় মওদুদ আহমদ বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন।” এ জন্য তিনি আবারও শুনানির জন্য সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল আবারও শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

গত বুধবার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

পাকিস্তানে গীর্জায় আত্মঘাতি হামলা, নিহত ১৫

pak girjaপাকিস্তানের লাহোরে সাপ্তাহিক প্রার্থনার সময় দুটি গীর্জায় তালেবান জঙ্গিদের আত্মঘাতি হামলায় অন্তত ১৫ ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে লাহোরের যুহানবাদ এলাকার রোমান ক্যাথলিক চার্চ ও ক্রিস্ট চার্চে দুটি আত্মঘাতি হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ সময় চার্চ দুটিতে লোকজন সাপ্তাহিক প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। হামলা দুটিতে ৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতের আরও সংখ্যা বাড়তে পারে। খবর- এএফপি ও ডন
পাকিস্তানি তালবান সংশ্লিষ্ট জামায়াত-উল-আহরার হামলা দুটির দায় স্বীকার করেছে। আত্মঘাতি দুই হামলাকারীও এতে নিহত হয়েছে।
যুহানবাদ এলাকার আধা কিলোমিটারের মধ্যে চার্চ দুটির অবস্থিত। হামলার পর ঘটনাস্থল দুটিতে ভেঙ্গে যাওয়া জানালার কাচ, লোহার গ্রিল, রক্ত ও জুতা পড়ে থাকতে দেখা যায়।
লাহোরের স্বাস্থ্য বিভাগের প্রধান জাহিদ পারভেজ ১৪ জনের মৃত্যু এবং ৭৮ আহতের খবর নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানি দৈনিক দ্য ডনের খবরে ১৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
হামলায় চার্চ দুটির নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন লাহোর পুলিশের মুখপাত্র নাবিলা ঘাজানফার। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, হামলার পর স্থানীয়রা দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। তবে সেই দুই ব্যক্তি হামলাকারী কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
খ্রিস্টান অধ্যুষিত যুহানবাদ এলাকায় প্রায় ১ লাখ খ্রিস্টানের বসবাস। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালে পেশোয়ারের অল সেইন্ট চার্চে এক আত্মঘাতি হামলায় ৮০ জন নিহত ও একশ’র বেশি আহত হন।