রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর চার্জ শুনানি পেছাল

fakrul1বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। ২৮ মে ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতাউল হক ২৮ মে পুনরায় চাজ শুনানির জন্য দিন ধার্য  করেন।

কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় এই সময় আবেদন করা হয়।

মামলাটিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, দলের নেতা নূরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার পলাতক। বাস ড্রাইভার সোহেল মিয়া ও কন্ডাকটর মোঃ জসীম কারাগারে আছেন।

২০১৪ সালের ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করেন দ্রুত বিচার আইনে তেজগাঁও থানা পুলিশ।

এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বাররে বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথম চার্জশিটে আব্দুল জব্বারকে সম্পূর্ণ নাম ঠিকানা না পাওয়ায় অব্যাহতি দেয়া হয়েছিল।
২০১৪ সালের ১৬ মে ফখরুল ইসলামসহ ৩৩ আসামি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ফাঁসি মুলতুবির আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

eu16জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের শাস্তি  বাংলাদেশ সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন সব মামলা ও যেকোনো অবস্থায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও তাদের অবস্থান পরিষ্কার করেছে।

ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, “বাংলাদেশে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি অত্যাসন্ন হওয়ার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ওই বিবৃতি দিয়েছেন। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড বাতিল করার আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন।”

এতে বলা হয়, “সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কোনো অপরাধের প্রতিকার নয় এবং এতে সুষ্ঠু বিচার করতে আদালতের যে ব্যর্থতা তা অপরিবর্তনীয় থেকে যায়। তাই ইউরোপীয় ইউনিয়ন সব রকমের মৃত্যুদণ্ড শিথিল করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।”

একই সঙ্গে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাতিলের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকারকে মৃত্যুদণ্ড মুলতুবি করার আহ্বান জানানো হয়েছে।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়।

বছর দশেকের মধ্যেই দেখা মিলবে ভিনগ্রহীদের!

alienভিনগ্রহে জীব রয়েছে? তারা কী রকম দেখতে? পৃথিবীর খোঁজ কি তারা পেয়েছে? তারা কি মানুষের থেকেও শক্তিশালী? ভিনগ্রহী নিয়ে এহেন নানা কৌতুহল বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। তৈরি হয়েছে নানা গল্প, সিনেমা। তবে সব কিছুই কল্পবিজ্ঞানের পাতাতেই সীমাবদ্ধ। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী ১০ বছরের মধ্যেই ‘অ্যালিয়েন’-এর অস্তিত্ব সম্পর্কে জেনে যাবে পৃথিবীবাসী। এমনই দাবি করছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

নাসা জানিয়েছে, গবেষণা যে ভাবে এগোচ্ছে ২০২৫ সালের মধ্যেই ভিনগ্রহীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। নাসা-র প্রধান বিজ্ঞানী এলেন স্টোফানের কথায়, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী এক দশকের মধ্যেই ভিনগ্রহে প্রাণের সন্ধান পেয়ে যাব। ২০-৩০ বছরের মধ্যে ভিনগ্রহীদের প্রমাণও বিশ্বকে দেখাতে পারব।’ ভিনগ্রহীদের বিষয়ে অনেক বছর ধরেই খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। গবেষণা কেন্দ্রের কয়েকজন মহাকাশচারীও দাবি করেছেন, তারা ভিনগ্রহীদের দেখা পেয়েছেন। কিন্তু সেই সব দাবি এতকাল উড়িয়েই দিয়েছে নাসা। তবে এবার রহস্য উদ্ঘাটনে যথেষ্ট আশাবাদী মহাকাশ বিজ্ঞানীরা।

স্টোফান জানিয়েছেন, ‘আমরা জানি কোথায় খোঁজ করতে হবে। কী ভাবে খোঁজ করতে হবে। আমাদের কাছে সেই প্রযুক্তিও রয়েছে। খুব শীঘ্রই সাফল্য মিলবে। ভিনগ্রহীদের খোঁজে আমরা ঠিক পথেই এগোচ্ছি।’

সরকার দলীয় ২ জনকে ‘বেয়নেট চার্জ’, পুলিশের দাবি ‘গণধোলাই’

jashorযশোরে কৃষক লীগের এক নেতা এবং এক আওয়ামী লীগ কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই হাঁটুতে ক্ষত।

আহতদের দাবি, আটক করার পর পুলিশ তাদের ব্যাপক নির্যাতনের পর হাঁটুতে বেয়নেট জাতীয় কিছু ঢুকিয়ে দিয়েছে। তবে পুলিশ বলছে, গণধোলাইয়ে আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দু’জন হলেন শহরতলীর হামিদপুর এলাকার আসাদুজ্জামানের ছেলে আফরুজ্জামান আফরু (৪০) ও দায়তলার ওলিয়ার রহমানের ছেলে হাসান (৩৮)।

আফরুজ্জামান যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক বলে পরিচয় দেন। হাসান আওয়ামী লীগ কর্মী এবং ব্যবসায়ী।

আহত হাসান বলেন, ‘বুধবার সকাল ৬টার দিকে কোতয়ালী থানার এসআই জামাল আমাকে বাড়ি থেকে ডেকে থানায় আনেন। পরে আমাকে ডিবির হেফাজতে দেয়া হয়। ডিবি অফিসে আমাকে ইলেকট্রিক শক দেয়া হয়। আর জানতে চাওয়া হয়, মঙ্গলবার গুলিতে নিহত আওয়ামী লীগ কর্মী মঞ্জুর রশিদের খুনি কারা? আমি কোনো স্বীকারোক্তি না দেয়ায় রাতে চোখ বেঁধে আমার বাম পায়ের হাঁটুতে বেয়নেট জাতীয় ধারালো কিছু ঢুকিয়ে দেয়া হয়। রক্তক্ষরণ শুরু হলে পুলিশ প্রহরায় আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

আফরুজ্জামান আফরুও পুলিশ হেফাজতে নির্যাতনের একই বর্ণনা দেন। তিনি জানান, চাঁদপাড়া ফাঁড়ির পুলিশ কনস্টেবল বখতিয়ার বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে ডিবি হেফাজতে দেয়। সেখানে ব্যাপক নির্যাতনের একপর্যায়ে তার পায়ের বাম হাঁটুতে বেয়নেট জাতীয় কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয়।

তবে হাসপাতালে অবস্থানরত কোতয়ালী থানার এসআই তৌহিদুল ইসলাম আহত দুজনের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, “ওই দুই ব্যক্তি এলাকাবাসীর মারপিটে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
হামিদপুরের আওয়ামী লীগ কর্মী মঞ্জুর রশিদকে দুর্বৃত্তরা শহরের রবীন্দ্রনাথ সড়কে মঙ্গলবার দুপুরে গুলি করে হত্যা করে। মঞ্জুর হত্যাকারীদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “আমরা ওই নামে কাউকে আটক করিনি। ফলে নির্যাতনের প্রশ্নই ওঠে না।”

কখন আসবেন হাথুরুসিংহে, জানে না বিসিবি!

hatuছুটি কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরছেন শুক্রবার। কিন্তু ঠিক কখন ঢাকায় নামছেন হাথুরুসিংহে, তা জানে না বিসিবি!

হাথুরুসিংহে শুক্রবার নামছেন এটা জানেন সবাই। তবে তার ফ্লাইটের অবতরণ সময় নাকি বিসিবির কারও জানা নেই। কোচের আসার সময় সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, “জানি না। ও (হাথুরুসিংহে) ওর নিজের মতো করে আসতেছে। আসতেছে জানি। কখন আসছে জানি না।”
সাব্বির খান পরামর্শ দিয়েছিলেন বিসিবির লজিস্টিক বিভাগের সঙ্গে যোগাযোগ করতে। যোগাযোগ করা হলে, লজিস্টিক বিভাগের ম্যানেজার কাওসার আজম সজীবও জানাতে পারেননি হাথুরুসিংহের আসার সঠিক সময়। তিনিও জানেন না কখন আসছেন টাইগার কোচ।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সঙ্গে দল নিয়ে নানা মন্তব্য করেছিলেন হাথুরুসিংহে। বিসিবি যেটিকে ভালো চোখে দেখেনি। কোচকে সতর্ক করে চিঠিও দিয়েছে বিসিবি। আবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এসব মন্তব্য করে কোচ আচরণ বিধি ভেঙেছেন।

তবে জানা গেছে, বিমানবন্দরে সংবাদ মাধ্যমের ভীড় এড়াতেই হয়তো হাথুরুসিংহের আগমনের সময় প্রকাশ করতে চাইছে না বিসিবি।

গ্রামীণ ফোনের ‘আগামীর কৃষক, ই-কৃষক’

gp farmerকৃষকদের তথ্য নির্ভর প্রযুক্তি সম্প্রসারণ সেবা এবং বাজার সংযোগায়ন সেবা দানের লক্ষ্যে কৃষক এবং কৃষি পণ্য ব্যবসায়ীরা কিভাবে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে, সঠিক ও কার্যকর কৃষি সম্প্রসারণে সেবাসমূহ পেতে পারেন সে বিষয়েসচেতনতা সৃষ্টি করতে কাজ করছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন।

কৃষকদের তথ্যনির্ভর প্রযুক্তি সম্প্রসারণ সেবা এবং বাজার সংযোগায়ন সেবাদানের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এর (বিআইআইডি) যৌথ সহযোগিতায় দেশব্যাপী ‘আগামীর কৃষক, ই-কৃষক’ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় দেশের শীর্ষ এই মোবাইল অপারেটর।

উদ্যোগের অংশ হিসেবে কার্যক্রমে অংশ নেয়া সেরা তিন ধারণা, অগ্রসর তিন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং তিন কৃষি উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে। গত মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেরা ই-কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় জানানো হয়, বিআইআইডি ২০০৮ থেকে আইসিটি ক্ষেত্রে কাজ করে আসছে। এরই মধ্যে দেশের সাড়ে তিনশ উপজেলায় বিস্তৃত হয়েছে তাদের সেবা। ই-কৃষক ওয়েবসাইটের (www.ekrishok.com) মাধ্যমে আগামীর কৃষক, ই-কৃষক সেবা চলবে এবং পরবর্তী পর্যায়ে স্মার্ট ভিলেজের মাধ্যমে এ কার্যক্রমকে প্রসারিত করা হবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ যুব সমাজের কৃষি দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নই এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিলো বলে জানিয়েছে গ্রামীণফোন গণমাধ্যম মুখপাত্র তালাত কামাল।

কবরী-ববি হাজ্জাজের প্রার্থিতা প্রত্যাহার

ঢাকা সিটি উত্তরের দুই মেয়রপ্রার্থী কবরী ও ববি হাজ্জাজ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গিয়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে আওয়ামী লীগের সাবেকে এমপি সারাহ বেগম কবরী বলেন, “প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে দেশ ও দলের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।”

অন্যদিকে রাজধানীর বনানীতে তার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি।

এরপর বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের চুক্তি

socibaloy9রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি কর্ম-সম্পাদন চুক্তি (পারফরমেন্স কনট্র্যাক্ট) করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এ ধরনের ১৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এবং ওই ১৬টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
চুক্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানকে কিছু নির্দিষ্ট  লক্ষ্য ঠিক করে দেয়া হয়েছে। বছর শেষে এগুলো মূল্যায়ন করবে অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, রূপালি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশন,জীবন বীমা কর্পোরেশনসহ আরো নয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘অগ্রগতির জন্য সংস্কার প্রয়োজন। আজকের এই সংস্কারের (চুক্তির) উদ্দেশ্য এসব প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আরো শক্তিশালী করা। তবে এ ধরনের সংস্কারে একটা খারাপ দিকও আছে। আমরা অতিমাত্রায় বাণিজ্যিক হয়ে যাচ্ছি। মানবিক দিকগুলো হারিয়ে ফেলছি।’

রিজভীর তিন মামলায় জামিন নামঞ্জুর

rizvi19বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের নাশকতার তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছে দায়রা আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল ইসলাম মোল্লা তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রিজভীর আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, তিনটি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার দুই মামলা এবং মিরপুর থানার একটি মামলা। এর আগে সিএমএম আদালত মামলাগুলিতে জামিন আবেদন নামঞ্জুর করায় এই আদালতে জামিন আবেদন করা হয়েছিল।

চলতি বছরের ৪ মার্চ রিজভীকে মিরপুর থানায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে গত ৪ ফেব্রয়ারি যাত্রাবাড়ী থানার এক মামলায় ৫ দিন এবং গত ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর থানার অপর মামলায় মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চলতি বছর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) কর্তৃক আটক হন রিজভী।

গ্রেপ্তারের পর গত ২৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরও আগে গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার আরেকটি মামলায় ৩ দিনগত ২০ ফেব্রুয়ারি একই থানার মামলায় দুই দিনের, গত ১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিন দিন, এবং গত ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রংপুরের সেই নির্যাতিতা নারীর থানায় অভিযোগ

rangpur mapরংপুরের বদরগঞ্জে এক নারীর কাছ থেকে জোর পূর্বক তালাক নামায় সই নেয়ায় থানায় অভিযোগ করেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ করায় অভিযুক্তরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য নির্যাতিতা নারী ও তার পরিবারকে চাপ প্রয়োগ করছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত এনজিও ‘নাগরিক উদ্যোক্তা’র মোবিলাইজার আবুল কালাম আজাদকে শোকজ নোটিশ দিয়েছে কতৃপক্ষ।

বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) ইনচার্জ আব্দুল লতিফ জানান, রংপুরের লোহানীপাড়া ইউনিয়নের তেলিপাড়া মুসামারী গ্রামের খাদিজা বেগম(১৯) বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তার স্বামী নুরুজ্জামানের(২৮), লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের কাজী নুরুল ইসলাম, ইউপি সদস্য দুলাল, নাগরিক উদ্যোগের স্থানীয় মোবিলাইজার আবুল কালাম আজাদ, শাশুড়ী লতিফুন্নেছা, ননদ লাভলী বেগম, মাতব্বর খায়রুল হক ও মোজাফফর হোসেনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে স্বামী, শাশুড়ি ও ননদ কর্তৃক নির্যাতনের বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করলে উল্লেখিতরা কোন ধরনের বিচারের ব্যবস্থা না করে জোর করে তালাক নামায় সই নিয়ে মহরানা বাবদ ৪৫ হাজার টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ আনা হয়েছে।

উদ্যোগের বদরগঞ্জ উপজেলা কর্মকর্তা শিল্পী শিকদার জানান, ‘বিষয়টি জানার পর আমরা সরজেমেিন তদন্ত করেছি এবং মোবিলাইজার আবুল কালাম আজাদকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।’

এ ব্যপারে লোহানীপাড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ বলেন, ‘ আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। বাইরে ছিলাম। এই সুযোগে দুলাল ও শামীম মেম্বার এবং মোজাফফর, এনজিও কর্মী আবুল কালাম, খায়রুল ও মজমল এই ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। এটা অন্যায় করা হয়েছে। তারা মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছি। ’

সূত্র জানায়, মেয়ের কাছ থেকে তালাক নামায় সই করিয়ে দেয়ার প্রতিশ্রুতিতে ইউপি মেম্বার শামীম, দুলাল, নাগরিক  উদ্যোক্তার কর্মী আবুল কালাম, স্থানীয় দেওয়ানি মোজাফফর(লাল মাথা), খাইরুল ও মজমল মিলে ৯০ হাজার টাকা নুরুজ্জামানের কাছ থেকে নেয়। সেটি তারা ইউনিয়ন পরিষদের ভেতরে সালিশের নামে মেয়ের কাছ থেকে জোড়পূর্বক সই নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে নেয়।