সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খুবই সম্ভব

koli dhoni‘পদ্মাপারে আজ সম্মান বাঁচানোর যুদ্ধে যেন অচেনা টিম ইন্ডিয়া’-এই শিরোনামে আজ আনন্দবাজার পত্রিকা খবর ছেপেছে। পত্রিকাটি থেকে ঢাকায় খেলা কভার করতে আসা রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়, যে জায়গায় আজ বাংলাদেশের থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত। যে জায়গায় আজ ভারতের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ।মাশরাফি বিন মর্তুজার টিমের পক্ষে ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খুবই সম্ভব।

প্রায় পাগলের মতো ছুটোছুটি করছেন মহেন্দ্র সিংহ ধোনি। দেশজ ক্রিকেট তাকে শীতলতম চরিত্র বলে জানে, বোঝে। প্রতিক্রিয়াশীল কোনো ব্যাপারকে খুব পাত্তা দেন না। দিলেও বাড়তি টগবগে দেখানোটা ধাতে নেই। রিল্যাক্সড, অনাবেগী প্রতিমূর্তির তিনি চলমান বিজ্ঞাপন বরাবর। অথচ সেই একই লোক কাঠফাটা রোদে টিমের ফুটবল সেশনে ধবল কুলকার্নিকে বডি ফেইন্টে ফেলে দিচ্ছেন। ভুবনেশ্বরকে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছেন। নেটে ঢুকছেন দু’বার। দীর্ঘক্ষণ থ্রো ডাউন নিচ্ছেন। স্পিনারকে টেনে টেনে মারছেন। টিম ডিরেক্টর ও দুই জাতীয় নির্বাচকের সঙ্গে নেট চলাকালীন ঢুকে যাচ্ছেন আলোচনায়।

এত রগড়ানি, এমন অ্যাড্রিনালিন ক্ষরণের কারণ কী ক্যাপ্টেন কুলের? ‘প্রতিশোধে’র পূর্বাভাস?

গান চালিয়ে দেওয়া হয়েছে বেশ জোরে। তেতে থাকা বালির উপর পাওয়ার ট্রেনিং করে চলেছেন দু’জন। ভারতের কেউ নন, বাংলাদেশের। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ইয়ার্কি-ঠাট্টা, হাসি সবই চলছে।

টিমটা সত্যিই ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সাত তো? একটা ম্যাচ জিতে এত কিছু?

রোহিত শর্মা মেনে নিচ্ছেন, সম্ভব। মাশরাফি বিন মর্তুজার টিমের পক্ষে ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খুবই সম্ভব। নিজের টিমের আগ্রাসনে ঘাটতি দেখছেন মারাঠি। দেখছেন বোলারদের লাইন লেংথেও। বলছেন, “ওদের হারাতে গেলে আমাদের সেরা ক্রিকেটটা বার করে আনতে হবে। আরও আগ্রাসী হতে হবে।”
কিছু খচখচ করছে নাকি রোহিত গুরুনাথ শর্মার?

অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সফরে গেলে নাকি ওটা বার হয়। প্র্যাকটিস উইকেটে তখন গ্র্যানাইট ফেলে আলাদা মহড়ার সেশন বসে। লাভ হলো, বল পাথরে পড়লে লাফিয়ে মুখের কাছে উঠে আসবে। কাট-পুল ঝালিয়ে নেওয়ার জন্য নাকি আদর্শ। কিন্তু মিরপুর উইকেটের জন্য বাংলাদেশ এটা প্র্যাকটিসে আমদানি করল কেন?

শের-ই-বাংলা স্টেডিয়ামের নতুন পিচে কি তা হলে বল মুখের কাছে আসছে?

জীবনে কখনও একটা দিন, একটা মুহূর্ত, একটা শিক্ষা অনেক কিছু পাল্টে দিয়ে যায়। কেউ শৈশবে পাওয়া এক ধাক্কায় সময়ের আগে পৌঁছে যায় যৌবনের পরিণতিবোধে। কেউ হীনমন্যতায় ভুগতে ভুগতে আচমকা এক দিন খুঁজে নেয় পাল্টা মারের বিশল্যকরণী। কাউকে কাউকে আবার স্রেফ একটা জয় বদলে দেয়। আপন পৃথিবীতে বহু দিন মর্যাদায় নিম্নবিত্ত থাকতে থাকতে একটা দিন সে উচ্চবিত্তের শ্রেণিতে উত্তরণের স্বপ্ন দেখতে শুরু করে।

টিম বাংলাদেশের কথা হচ্ছে।

ভারত বনাম বাংলাদেশের সাংবাদিক সম্মেলনে কোনো ভারতীয় ক্রিকেটারকে শেষ কবে এমন মেজাজ গরম করিয়ে দেওয়ার মতো প্রশ্নের মুখে পড়তে হয়েছে, বলা মুশকিল। রোহিত শর্মা আপনারা কি চাপটা বুঝতে পারছেন? প্রথম ম্যাচে কি আপনারা ঠিকমতো প্রস্তুতি নিয়ে নামেননি? তিনশো অত্যাধিক চাপে ফেলে দিয়েছিল? এমএস ধোনি আর মুস্তাফিজুরের মধ্যে যেটা হলো, সেটা নিয়ে কী বলবেন? বাংলাদেশ আবারও আপনাদের স্তব্ধ করে দিতে পারে বলে মনে হয়?

মুম্বাইকর মেজাজ শান্ত রাখতে জানেন, পাল্টা উত্তেজক কিছু তাই বেরোল না। প্রতিপক্ষকে সম্মান দিয়ে নিজেদের শক্তিকে বুঝিয়ে চলে গেলেন। রেকর্ডবুক মনে করিয়ে শুনিয়ে গেলেন যে, তিনশো বা তার বেশি সবচেয়ে সফল ভাবে তাড়া করেছে যে টিম, তার নাম ভারত। আর ভারত কাউকে নিয়ে চাপে থাকে না।  কিন্তু তার পরেও তো বাস্তবকে উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।

যে জায়গায় আজ বাংলাদেশের থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত।

যে জায়গায় আজ ভারতের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ।

গিলতে কষ্ট হলেও সত্যি যে, রবিবাসরীয় মিরপুর যুদ্ধ ভারতের হেরে যাওয়া মানে, সিরিজকে পদ্মায় ভাসিয়ে দেশে ফিরে আসা। বৃষ্টি টেস্ট জয় আটকে দিয়েছে। ওয়ান ডে সিরিজে গণ্ডগোল কিছু হয়ে গেলে সমালোচনার দাঁতনখ প্রখর ভাবে কিন্তু বেরোতে শুরু করবে। এমনিতেই সময় বিশেষ ভালো যাচ্ছে না। শর্ট বলের আলাদা অনুশীলন এদিন করল ভারত। কিন্তু সেটা করতে গিয়ে আবার কাঁধে চোট পেলেন বিরাট কোহলি। কিছুক্ষণ আইসপ্যাক দিয়ে বসে থাকার পর আবার নামতে দেখা গেল বিরাটকে। রাত পর্যন্ত যা খবর, তার নামা নিয়ে তেমন সন্দেহ নেই। কিন্তু মিরপুর উইকেটের বর্ণিত চরিত্র সত্যি হলে, তার থেকে কতটা ফায়দা তোলা যাবে, সন্দেহ আছে।

ভারত নাকি এক পেসারেও যেতে পারে!

এমনিতেই ধোনি বনাম মুস্তাফিজুর পর্ব ম্যাচ রেফারির ঘরে মিটে গেলেও আমজনতার দরবারে মেটেনি। সেখানে ভারত অধিনায়ক এখনও দোষী। বাংলাদেশের সাংবাদিকরাও ভারতের কাউকে দেখলে জিজ্ঞেস করে বসছেন, ইন্ডিয়া ধোনির এমন আচরণ নিয়ে কী বলছে? ঘনিষ্ঠমহলে ভারত অধিনায়ক শোনা গেল, জরিমানার চব্বিশ ঘণ্টা পরেও উষ্মা দেখিয়েছেন অনিচ্ছাকৃত কাণ্ডেও এভাবে তাকে টেনে নামানো নিয়ে। অর্থাৎ, অহেতুক চাপের বাতাবরণ একটা আছে। সঙ্গে আবার আবহের চাপ। রমজান, ইফতার, জয় সব মিলেমিশে পদ্মাপারের মননের নির্যাস এখন খুব সহজ। যে ক’টা ম্যাচই আর থাকুক, সিরিজ আমরাই জিতছি!

যুক্তি বলে, যা আবেগ বশীভূত ধারণা। ধারে-ভারে, কাগজ-কলমে র্যাঙ্কিংয়ে ধোনিরা এখনও এগিয়ে। শক্তি অনুযায়ী খেললে, আবেগকে ছিঁড়ে দু’টুকরো করে দিতে তারা এখনও পারে। শোনা গেল, টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ব্রেকফাস্ট টেবলে নাকি বলে ফেলেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যা-ই করে থাকুক, বাড়তি সমীহ আর করা যাবে না। প্রথম ম্যাচে যা করতে গিয়ে ডুবতে হয়েছে। ভারতের নিজস্ব ক্রিকেট-ব্র্যান্ডকে বার করার এবার সময় হয়েছে। যেখানে প্রথম বল থেকে প্রতিপক্ষের মাথায় চড়ে বসার লক্ষ্য থাকবে।

ভালো। কিন্তু টিম ম্যানেজমেন্টের কয়েকটা ব্যাপার নিয়ে তো প্রশ্ন থাকছে। মহেন্দ্র সিংহ ধোনি ব্যাটিং অর্ডারে কেন আরও উপরে আসছেন না, উত্তর নেই। শাস্ত্রী নিজেও তাকে কিছু এ নিয়ে বলছেন না। আর পিচ চরিত্র নিয়ে বাংলাদেশ সাংবাদিককুলের বক্তব্য যদি সত্যি হয়, তা হলে স্ট্র্যাটেজিটাও অদ্ভুত। মিরপুরের এই পাঁচ নম্বর পিচ নাকি পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছিল। বলা হচ্ছে এর গতি গত বৃহস্পতিবারেরটার চেয়েও বেশি। বাংলাদেশ চার পেসারে যাচ্ছেই যাচ্ছে।

ভারত সেখানে এক বা দেড়। দু’টো কম্বিনেশন শোনা গেল। উমেশ যাদব আর মোহিত শর্মার নামার সম্ভাবনা নাকি কম। তাদের বদলিতে দু’টো বিকল্প। অম্বাতি রায়ুডু প্লাস অক্ষর প্যাটেল। অথবা স্টুয়ার্ট বিনি প্লাস অক্ষর প্যাটেল। ভারত মনে করছে, বাংলাদেশ ব্যাটসম্যানরা নাকি টেকনিকের তোয়াক্কা না করে উত্তেজক ক্রিকেটে চলে যাচ্ছে। ফাস্ট বোলার পেলেই এমন তেড়ে চালাচ্ছে যে লাগলেই বাউন্ডারি! স্পিনার বেশি থাকলে সেটা হবে না। প্রমাণ গত ম্যাচে রায়নার দশ ওভার। তা ছাড়া উমেশ-মোহিত প্রথম ম্যাচে মনে রাখার মতো কিছু করেছেন, এমনও নয়। স্ট্র্যাটেজি খেটে গেলে কিছু বলার নেই। কিন্তু ফেল করলে?

পদ্মাপারের সূক্ষ্ম বিদ্রূপ তখন কিন্তু কর্ণগহ্বরের বারোটা বাজিয়ে দেবে!

অনলাইনে দেয়া রিভিউর বড় একটি অংশই ভুয়া!

reviewপুরো ইন্টারনেটজুড়েই মানুষকে বোকা বানানোর এই জালিয়াতির প্রবণতা রয়েছে। বিবিসির এক অনুসন্ধানে এমনটাই জানা গেছে। এমনকি অনেক বৃটিশ কোম্পানি প্রকাশেই মিথ্যা পর্যালোচনার জন্যে টাকা প্রস্তাব করছে। ভুয়া পর্যালোচনা লেখার জন্য অনেক লেখক ইন্টারনেটে বিজ্ঞাপনও দিচ্ছেন।

এমন প্রমাণও পাওয়া গেছে যে, অনেক প্রতিষ্ঠান যেমন টাকার বিনিময়ে এসব রিভিউ কিনছে, আবার অনেকে শুধুমাত্র রিভিউ লেখার কাজটি পেশাদারি ভাবে শুরু করেছেন।

গবেষকরা বলছেন, এ ধরনের ওয়েবসাইটগুলোর কমেন্টের অন্তত কুড়ি শতাংশই সাজানো হয়ে থাকে।

সবচেয়ে বেশি যেসব সাইটে রিভিউ দেখা যায়, তার একটি ভ্রমণ বিষয়ক ইন্টারনেট সাইট ট্রিপএ্যাডভাইজার। কিন্তু সব রিভিউ কি বিশ্বাসযোগ্য?

ফ্রান্সের মোনাকোর ঋণ বিষয়ক একটি ওয়েবসাইট বিজি লোনস। এই সাইটটির সব পর্যালোচনাই পাঁচ তারকা সমৃদ্ধ।

ইন্টারনেট গবেষক ক্রিস এমিনিস বলছেন, এর বেশিরভাগ পর্যালোচনাই ভুয়া।

তিনি বলেন, “আমি মনে করি না এসব রিভিউ বা পর্যালোচনা সত্যি। এই কোম্পানির নাম বাড়ানোর জন্যে, হয়তো কেউ নিজের পরিচয় লুকিয়ে, বা অন্য কারো পরিচয়ে এসব মিথ্যা রিভিউ পোস্ট করছে।”

যাদের নামের এসব রিভিউ পোস্ট হয়েছে, তাদের একজন অ্যাশলে গ্রিফিন।

বিবিসির অনুসন্ধানে জানা যায়, মিস অ্যাশলে ৭ বছর আগেই এক দুর্ঘটনায় মারা গেছেন।

অ্যাশলের বাবা গ্রেগ বোথ বলেন, “এটা সত্যিই তাকে অসম্মান করার মতো একটি ব্যাপার। সোজা কথা, তারা মানুষকে প্রতারণা করতেই এসব করছে, সস্তা জালিয়াতি করছে।”

বিজি লোনস এর কর্ণধার একজন ব্রিটিশ নিল গ্রিফিথ। তিনি এই ভুয়া পর্যালোচনার সঙ্গে জড়িত কিনা, সেটি জানার জন্য তাকে ফোন করেন বিবিসির প্রতিবেদক।

কিন্তু তিনি বিবিসির পরিচয় পাওয়ার পর, টেলিফোন লাইন কেটে দেন।

বাংলাদেশের ঢাকায় এমন একজন ফ্রিল্যান্স পর্যালোচনাকারী মোঃ. রাফসান, যিনি পড়াশোনার পাশাপাশি অর্থ আয়ের জন্য ইন্টারনেটে কাজ করেন।

তিনি বলেন, “প্রতিটি রিভিউ লেখার জন্য আমি পাঁচ ডলার করে পাই। বাংলাদেশে আউটসোর্সিং এর কাজের জন্য এটা একটি বিশাল ক্ষেত্র, আমার মতো অনেকেই এই খাতে কাজ করেন।”

সুতরাং এক্ষেত্রে বিশ্লেষকদের সহজ পরামর্শ, অনলাইনে প্রত্যেক গ্রাহকের বর্ণনাই বিশ্বাস করা ঠিক হবে না, বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি সেটা খুব বেশি বেশি প্রশংসা হয়ে যায়।

কলম্বিয়া মানেই কি নেইমারের জন্য ‘অভিশাপ’

neimarব্রাজিল বনাম কলম্বিয়া মানেই কি সেটা ‘অভিশাপ’ নেইমার দ্য সিলভা জুনিয়রের জন্য? ব্রাজিল বিশ্বকাপে এই ম্যাচের পরেই শেষ হয়ে গিয়েছিল তার বিশ্বকাপ। জুনিগার কড়া ট্যাকলে এতটাই গুরুতর চোট পান নেইমার যে প্রশ্ন উঠে গিয়েছিল আদৌ আর কোনো দিন মাঠে নামতে পারবেন কি না?

সে দিনের পরে এক বছরও কাটেনি। নেইমারের ফুটবলজীবনে ফিরে এলো কলম্বিয়া নামক ‘অভিশাপ’। সে দিনের বিশ্বকাপের মতোই এদিন কোপা আমেরিকার স্বপ্নও শেষ হয়ে গেল নেইমারের। কলম্বিয়া ম্যাচে রেফারির সঙ্গে খারাপ আচরণ করায় চার ম্যাচ সাসপেন্ড হলেন ব্রাজিলীয় তারকা। যে খবরের বিস্ফোরণের জেরে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনে বড় মাত্রার ভূকম্প হয়েছে। মাথায় হাত কর্তাদের। তারা বুঝতে পারছেন না শুক্রবার পর্যন্ত এক ম্যাচ সাসপেনশন পাওয়া নেইমার হঠাত্ করে কোপা থেকে ছিটকে গেলেন কেন? কী এমন হলো যে তার সাসপেনশন বাড়িয়ে দেওয়া হলো?

শোনা যাচ্ছে, কনমেবোলের কর্তারা ম্যাচটার ভিডিও দেখেছেন। যেখানে কলম্বিয়ার এক ফুটবলারকে হেড বাট করা ছাড়াও জুনিগাকে অকথ্য গালিগালাজ করেন নেইমার। তাতে অবশ্য চটেনি লাতিন আমেরকিার ফেডারেশন। তাদের মূল অভিযোগ, বার্সা মহাতারকা নাকি ম্যাচ শেষের পরে টানেলে রেফারির সঙ্গে ঝামেলা করেন। লাল কার্ড দেখার পরে খুবই চটে যান ব্রাজিল তারকা। টানেলে গিয়েও অপেক্ষা করতে থাকেন রেফারির জন্য। রেফারি ড্রেসিংরুমে যাওয়ার পথে তাকে অকথ্য গালিগালাজ করেন নেইমার। জানতে চান, কোন ভিত্তিতে তাকে লাল কার্ড দেখানো হলো। নেইমারের এহেন আচরণের পরেই তার এক ম্যাচ সাসপেনশনের সঙ্গে আরও তিন ম্যাচ জুড়ে দেন কনমেবোল কর্তারা।

সাসপেনশনের পরে অবাক করেই নেইমার পাশে পেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফুটবলার ও কোচকে। আর্জেন্টিনার তারকা জাভিয়ার মাসচেরানো বলে দিলেন, এটা নাকি নেইমারের বিরুদ্ধে ফেডারেশনের চক্রান্ত। ‘‘কোপায় এ রকম ঘটনাই ঘটে। নেইমারকে প্রায় কুড়ি বার লাথি মারা হয়। কিন্তু অবাক করে একটা হ্যান্ডবলের জন্য ওকে হলুদ কার্ড দেখতে হয়,’’ বলছেন মাসচেরানো। যিনি মনে করেন যে, নেইমারের মতো বিশ্বমানের প্রতিভাকে স্বাধীন ভাবে খেলতে দেওয়া হয় না। ‘‘মনে রাখতে হবে নেইমারের বয়স কিন্তু তেইশ। ওকে দশ বার লাথি মারলে ও রেগে যেতে বাধ্য।’’ আর জেরার্ডো মার্টিনোর সাফ বক্তব্য, নেইমারের এই শাস্তি প্রাপ্য নয়।

তবে নেইমারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ব্রাজিল স্ট্রাইকার লুই রোনাল্ডো। বলে দিলেন, ব্রাজিলের ঐতিহাসিক হলুদ জার্সি পরা মানে দায়িত্ব নিতে শেখা। ‘‘নেইমার প্রথম থেকেই খুব আগ্রাসী ব্যবহার করছিল, যেটা মানা যায় না। ব্রাজিল জার্সি পরা মানে আরও দায়িত্ব নিতে শিখতে হবে।’’

নেইমারহীন ব্রাজিলের ভবিষ্যত্ তা হলে কী? কাকে নেইমারের দায়িত্ব দেওয়া হবে? গ্রুপ সি-র যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারাতেই হবে। কয়েক মাস আগের লুই ফিলিপ স্কোলারির মতোই অবস্থা বর্তমান কোচ দুঙ্গার। যাকে ভাবতে হচ্ছে, নেইমারের জায়গায় কে খেলতে পারেন? প্রথমে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন রবিনহো। কোপার স্কোয়াডে তার প্রত্যাবর্তন ঘটলেও এখনও পর্যন্ত ম্যাচ খেলেননি তিনি। তবে শুক্রবার অনুশীলনে নাকি বার্সার তারকার জায়গায় তাকেই ঝালিয়ে নেওয়া হয়। নেইমারের দ্বিতীয় বদলি হিসাবে থাকতে পারেন ফিলিপ কুটিনহো। তবে অনভিজ্ঞ এই ফুটবলারকে এত বড় দায়িত্ব না-ও দিতে পারেন দুঙ্গা। শেষমেশ হয়তো ফর্মেশন পাল্টে ৪-৪-২ করতে পারেন ব্রাজিলের কোচ। সেন্টার ফরোয়ার্ডে  ফির্মিনো-তারদেলির জুটি।

কনমেবোলের সিদ্ধান্তের বিরুদ্ধে চব্বিশ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারে ব্রাজিল। তবে দুঙ্গা জানিয়েছেন, তার প্ল্যান বি তৈরি। ‘‘আগেও তো নেইমারকে ছাড়া খেলেছি। আমাদের তৈরি থাকতে হবে। অবশ্যই ওর মতো ফুটবলার না থাকাটা ক্ষতি। তবে এখন ভাবতে হবে যারা আছে তাদের মধ্যে কে খেলবে।’’ নেইমারের খারাপ আচরণ নয়, রেফারিকেই এই ঘটনার জন্য দোষ দিচ্ছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল অধিনায়ক। ‘‘মানছি নেইমার খারাপ ব্যবহার করেছে। কিন্তু ওকেও পুরো ম্যাচ অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে। এভাবে কাউকে সাসপেন্ড করে দিলে সবাইকে বাড়িতে বসে থাকতে হবে।’’

নেইমার শেষ বার যখন বড় একটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন, তার পরের ম্যাচে ব্রাজিলের ভাগ্যে কী ছিল, দেশের কেউ ভুলেছেন বলে মনে হয় না। এবার কি মহাতারকাকে ছেড়ে কোপা-স্বপ্ন পূরণ করতে পারবে ব্রাজিল? নাকি নতুন কোনো বিপর্যয় অপেক্ষা করে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কপালে?

অপেক্ষা আর কয়েক ঘণ্টা।

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক আটক

mirpur mapরাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের সময় দুই যুবক মোবাইল ফোনে তা ভিডিও করে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। অভিযুক্ত যুবকরা ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেছে বলেও অভিযোগ করেছেন ওই ছাত্রী।
শনিবার দুপুরে ওই ছাত্রীর পূর্ব পরিচিত এক যুবকের মাধ্যমে এমন ঘটনা ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রী পুলিশকে জানান, শনিবার সকালে বাড্ডার বাসা থেকে মিরপুরের একটি কোচিং সেন্টারে যান তিনি। সেখান থেকে পূর্ব পরিচিত যুবক সাকিব তাকে পূর্ব শেওড়াপাড়ায় নিজের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে বসিয়ে রেখে সাকিব বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এক অপরিচিত যুবক এসে তাকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বেরিয়ে যেতে চাইলে ওই যুবক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে।
ঘটনার পর তাকে আটকে ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবকরা। পরে তাদের দাবী করা টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে আসেন এবং থানায় অভিযোগ করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ‘মেয়েটি থানায় এসে অভিযোগ করার পরপরই ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে রকি নামের এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রকির মোবাইল ফোনে ঘটনার কিছু ছবি পাওয়া গেছে। তবে ঘটনার মূলহোতা সাকিব পলাতক রয়েছে।’
ঘটনায় জড়িত সন্দেহে সাব্বির ও শাওন নামে আরও দুই যুবককে আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ‘মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফার্নেস তেল ছড়িয়েছে খাল নদী সাগরে

farnesহাজার হাজার লিটার ফার্নেস তেল ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের খাল-বিল ও নদীতে। শুক্রবার বোয়ালখালীতে সেতু ভেঙে রেলের ওয়াগন খালে পড়ে যাওয়ার পর তেল দ্রুত অপসারণ না করায় জোয়ার-ভাটায় তেল ছড়িয়ে পড়ছে কর্ণফুলী নদী হয়ে সাগরেও। শুক্রবার দুপুরে দুর্ঘটনায় খালের মাধ্যমে তেল ছড়িয়ে পড়লেও এ তেল অপসারণে কাজই শুরু করতে পারেনি রেলওয়ে ও পরিবেশ অধিদপ্তর। এতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

কর্ণফুলী ও হালদা নদী নিয়ে গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘দুর্ঘটনায় প্রায় এক লাখ লিটার তেল খাল-বিল ও নদীতে ছড়িয়ে পড়েছে। এ তেল গিয়ে পড়ছে সাগরেও। ফলে খাল, নদী ও সাগরের জীববৈচিত্র্যে মারাত্মক বিপর্যয় দেখা দেবে। পানির উপরে তেল ভেসে থাকার কারণে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় মাছসহ অন্যান্য প্রাণী মারা যেতে পারে। ফার্নেস তেল সাগরের উপকূলে গিয়ে পড়লে রেণু মাছগুলোরও একই দশা হতে পারে। আবার খাল হয়ে তেল ফসলি জমিতে গিয়ে পড়ায় ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হবে এবং মাটির দূষণ ঘটবে।’

বোয়ালখালী ও পটিয়া উপজেলা সীমান্তে রেলের একটি ব্রিজ ভেঙে তিনটি ওয়াগন থেকে প্রায় ৭৫ হাজার লিটার ফার্নেস অয়েল বোয়ালখালী হারগাজি খালে ছড়িয়ে পড়ে। এ খালটির সঙ্গে কর্ণফুলী নদী ও শ’খানেক ছোট-বড় শাখা খাল সংযুক্ত।

গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ব্যবহার করে দেশীয় পদ্ধতিতে খাল থেকে তেল তুলে নিতে পরামর্শ দেন রেলওয়ে কর্মকর্তাদের। এ পদ্ধতিতে খালের যেসব পয়েন্টে বেশি পরিমাণে তেল জমে রয়েছে, সেসব পয়েন্টে হাড়ি-পাতিল দিয়ে তেল তুলে নেওয়া হবে। পাশাপাশি বাঁশের চাটাই ও খড়ের বাঁধ দিয়ে ভেসে থাকা তেল অপসারণ করা হবে।

সুন্দরবনে শ্যাওলা নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দল বেঁধে হাড়ি-পাতিল নিয়ে সেই তেল তুলে নিতে ঝাঁপিয়ে পড়লেও সে ধরনের আগ্রহ দেখাচ্ছেন না এলাকাবাসী। ফলে মজুরি দিয়ে তেল অপসারণে লোকজনকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে গতকাল বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তেল অপসারণের কাজই শুরু করতে পারেননি তারা!

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় রেলের ওয়াগন থেকে খালে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল কর্ণফুলীসহ বিভিন্ন খালের পানিতে মিশে গেছে। আমরা স্থানীয়দের দিয়ে দেশীয় পদ্ধতিতে তেল তুলে নিতে রেলওয়েকে পরামর্শ দিয়েছি। এ পদ্ধতিতে স্থানীয়দের মাধ্যমে খালগুলোতে খড় ও বাঁশের চাটাই দিয়ে তেল তুলে নেওয়া হয়। তবে জোয়ার-ভাটার কারণে অনেক তেল নদী হয়ে সাগরে চলে যাচ্ছে।’

এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, ‘খালে সামান্য তেল পড়েছে। পরিবেশ অধিদপ্তর আমাদের যেভাবে পরামর্শ দিচ্ছে, আমরা সেভাবে কাজ করছি। লোক লাগিয়ে স্থানীয়ভাবে তেলগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘সরকার মৎস্য উৎপাদন বাড়াতে দুই মাস সাগরে মাছ ধরা বন্ধ রেখেছে। কিন্তু যেভাবে নদী-সাগরে তেল ছড়িয়ে পড়েছে, তাতে মাছের প্রজননের মারাত্মক ক্ষতি হতে পারে।’ তিনি বলেন, ‘সরকার যেহেতু সব বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস ওয়েল ব্যবহার করছে, তাই এ ধরনের দুর্ঘটনা রোধের জন্য ফায়ার সার্ভিসের মতো ইউনিট গড়ে তোলা দরকার। যারা উন্নত প্রযুক্তির মাধ্যমে পানি থেকে তেল ছেঁকে তুলে নিতে পারবে।’

বোয়ালখালী খালে নিয়মিত মাছ আহরণ করেন স্থানীয় জেলেরা। কিন্তু খালের পানি তেলে সয়লাব হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তেলের কারণে পানিতে নামতে পারছেন না। মাছের আশায় খালে নেমে তেলে জবুথবু স্থানীয় জেলে মৃদুল দে বলেন, ‘যেভাবে তেল ছড়িয়ে পড়েছে তাতে খালের সব মাছ মরে যাবে। তা ছাড়া পানি থেকেও বিশ্রি দুর্গন্ধ বের হচ্ছে। তাই পানিতেই নামা যাচ্চ্েছ না। মাছ শিকার করতে না পারলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের বোয়ালখালী-পটিয়ার সীমান্ত খালে উপজেলার বেঙ্গুরা স্টেশনের অদূরে সায়েরারপুল এলাকায় একটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায় দুটি ফার্নেস অয়েলভর্তি ওয়াগন। এ দুটি ওয়াগনের পাশাপাশি লাইনচ্যুত হওয়া আরও একটি ওয়াগন থেকে পানিতে ছড়িয়ে পড়ে ফার্নেস অয়েল। প্রতিটি ওয়াগনে ২৪ হাজার ৮৯৫ লিটার করে ফার্নেস ছিল। নগরীর পাহাড়তলী থেকে দোহাজারীর পিকিং পাওয়ার প্লান্টের জন্য আটটি ওয়াগনে করে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল রেলওয়ে।

এর আগে ২০১৩ সালে ৩০ জুলাই একই রুটের কালুরঘাট ব্রিজ সংলগ্ন বোয়ালখালীর কধুরখীর এলাকায় লাইনচ্যুত হয় তিনটি ফার্নেস অয়েলভর্তি ওয়াগন। এতে খাল ও কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে প্রায় ৫৮ হাজার লিটার ফার্নেস অয়েল।

রাজ্জাককে এখনও ফেরত দেয়নি মিয়ানমার

razzakঅপহরণের চার দিন অতিবাহিত হলেও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ফেরত দেয়নি বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে। বারবার আহ্বান জানানো সত্ত্বেও পতাকা বৈঠকে বসতে সম্মত হচ্ছে না বিজিপি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি- এ অজুহাতে তারা অপহৃত বিজিবি সদস্যকে ফেরত প্রদানে সময় ক্ষেপণ করছে। মিয়ানমারের বেপরোয়া আচরণে হতবাক সংশ্লিষ্টরাও।

এদিকে অপহৃত বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাককে হাতকড়া পরিহিত কয়েকটি ছবি বিজিপির ফেসবুক পেজে প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, রাজ্জাকের নাক দিয়ে রক্ত বের হচ্ছে আর তার পেছনে বিজিপির একজন সদস্য দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, রাজ্জাকের সামনে তার অস্ত্র ও অন্যান্য সামগ্রী রেখে তাকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আরেকটি ছবিতে তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা যাচ্ছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিজিবি সদস্যকে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। দ্রুত তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিভিন্ন লেভেল থেকে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্জাকের ছবি বিজিপির ফেসবুকে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা শিষ্টাচার-বহির্ভূত।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এ ব্যাপারে বলেন, বাংলাদেশের নিয়মিত সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্যের ওপর মিয়ানমার যে ধরনের অমানবিক আচরণ করেছে তা ভালো দৃষ্টান্ত নয়। তিনি বলেন, এমনিতেই রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে এক ধরনের টানাপড়েন রয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমার কর্তৃপক্ষ ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে। এর ফলে বাংলাদেশে মানবিক সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে খুব জোরালো কোনো উদ্যেগ চোখে পড়ছে না। এখন বিজিবির একজন সদস্যকে আটকের পর যে ধরনের আচরণ করছে, সেটাও খুব নিন্দনীয়। এ অবস্থায় স্বাভাবিক কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আরও কিছু করার সময় এসেছে বলেই মনে হচ্ছে।

কূটনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বিজিবির নায়েক রাজ্জাকের ওপর যে আচরণ ছবিতে দেখা গেছে, সেটা মিয়ানমার রাষ্ট্রের অমানবিক এবং অগ্রহণযোগ্য আচরণেরই প্রকাশ। মিয়ানমার স্বৈরতান্ত্রিক আচরণের সনাতনি একটি রাষ্ট্র হিসেবে পরিচিত। এ ঘটনার মধ্য দিয়ে সেটা আবারও তারা প্রমাণ করল। যদি দ্রুত নায়েক রাজ্জাককে তারা ছেড়ে না দেয় তাহলে কূটনৈতিক তৎপরতা জোরদার তো বটেই, বাংলাদেশের আরও কঠোর পদক্ষেপের কথা ভাবা উচিত।

বিজিবির এক কর্মকর্তা জানান, মিয়ানমার অধিকাংশ সময় সৎ প্রতিবেশীসুলভ আচরণ করছে না। বিভিন্ন ব্যাপারে তারা অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশ এসব ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবেলা করে। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হলে মিয়ানমার তা নিরসনে দ্রুত সাড়া দেয় না। রাজ্জাক নিরাপদ ও সুস্থ আছেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।

টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, ঘটনার পর থেকে পতাকা বৈঠকে বসার জন্য বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে বৈঠকে সম্মত হচ্ছে না। মিয়ানমারের সঙ্গে শনিবার যোগাযোগ করা হয়েছে। অনুমতি পেলে তারা বৈঠকে আসবে বলে জানিয়েছে।

গত বুধবার সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহলরত বিজিবির একটি দল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি পূর্বদিক থেকে একটি ট্রলারে করে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদ অবস্থানে চলে এলেও অপর সদস্য নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

হিগুয়েনের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

arjentinaখুব গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ না জিতলে গ্রুপ লিগ থেকেই ছিটকে যেত আর্জেন্টিনা৷ সঠিক সময়ে জ্বলে উঠল জেরাডো মার্টিনোর ছেলেরা ৷অপেক্ষাকৃত দূর্বল জ্যামাইকাকে এক গোলে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা ৷ দলের হয়ে একমাত্র গোলটি করেন হিগুয়েন ৷

খেলা শুরুর এগারো মিনিটের মধ্যেই হিগুয়েনের গোল৷ তাতে ম্যাচের রাশ নিজেদের দিকে তুলে নেয় মেসি-ডি মারিয়ারা ৷ একের পর এক আক্রমণ গড়ে তোলে আর্জেন্টিনা ৷ ২২ মিনিটে ফের গোল পেতে পারতেন হিগুয়েন ৷ কিন্তু তাঁর নেওয়া শটটি টপ বক্সের উপর দিয়ে উড়ে গিয়েছে৷ এরপর দিনের সেরা সুযোগ নষ্ট করেন ডি মারিয়া৷ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও ডি মারিয়া গোল পেলেন না ৷ তাঁর নেওয়া শট এক জ্যামাইকান ডিফেন্ডার বাঁচিয়ে দেন৷ তবে প্রথমার্ধে এদিন মেসিকে স্বমহিমায় দেখা যায়নি৷ এদিন ফ্রি-কিক, কর্নার নেওয়ার সেই দক্ষতা দেখাতে পারেননি  গোলের সুযোগও সেভাবে তৈরি করতে পারেননি ৷

দ্বিতীয়ার্ধেও মেসিকে সেভাবে চেনা গেল না ৷ হিগুয়েন ফের গোলের সুযোগ নষ্ট করলেন ৷ জ্যামাইকা বিক্ষিপ্ত লগ্নে গোলের সুযোগ তৈরি করলেও তারা গোল শোধ করতে পারেনি ৷ শেষ পর্যন্ত ম্যাচটি এক গোলে জেতে আর্জেন্টিনা ৷

কার উষ্ণতায় মজে যুবরাজ?

jubiকিম শর্মা অতীত। হ্যাজেল কিচ বর্তমান। যুবরাজ স্থায়ী। ক্রিকেট আর বলিউড ফের এক বৃত্তে। বি-টাউনে এখন চর্চার কেন্দ্রে বলিউডের উঠতি তারকা হ্যাজেল কিচ। হবে নাই বা কেন, যখন তার সঙ্গে নাম জড়াচ্ছে ক্রিকেটার যুবরাজ সিংয়ের। হ্যাজেল কিচ-ই তাহলে এখন যুবির নতুন বান্ধবী? গত এক মাসে তাদের সম্পর্কের গতিবিধি অন্তত সেরকমই ইঙ্গিত জোরাল করছে।

ফর্ম খারাপ হোক বা ভালো, যুবরাজ সিং মানেই পাপারাজ্জিদের ভিড়। এহেন যুবরাজকে বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে হ্যাজেল কিচের সঙ্গে ডেটিং-য়ে ব্যস্ত। রেস্তোরাঁ, বার, পার্টি — সব জায়গাতেই যুবি-হ্যাজেলকে একসঙ্গে। যদিও যুবির বক্তব্য, তারা নিছকই বন্ধু। কিন্তু তাদের মাখো মাখো সম্পর্কে সেই দাবি একেবারেই ধোপে টিকছে না। বলি-দুনিয়ায় জোর গুঞ্জন, হ্যাজেলেই মজেছেন যুবরাজ সিং।

কে হ্যাজেল কিচ?

বৃটিশ মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া হ্যাজেল কিচ বর্তমানে বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। বলিউডে প্রথম বড় ব্রেক ২০১১-এ সলমন খান অভিনীত ছবি ‘বডিগার্ড’-এ করিনা কাপুরের বান্ধবীর রোলে। তারপর ২০১২-এ ‘ম্যাক্সিমাম’ ছবিতে একটি আইটেম সং-য়ে দেখা যায় হ্যাজেল কিচ-কে। ২০১৩-এ বিগ বস ৭-এও অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। আপাতত হ্যাজেল যুবরাজ সিংয়ের বান্ধবী।

আইএস-এর এক বছর: দমনে নেই তেমন অগ্রগতি

isইরাক ও সিরিয়ায় স্বঘোষিত খেলাফত প্রতিষ্ঠার অঙ্গীকারকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আত্মপ্রকাশের এক বছর পার হতে চললো। কিন্তু তাদের প্রতিহত করার ক্ষেত্রে তেমন কোন অগ্রগতি দেখছেন না বিশ্লেষকরা। অস্ত্রে সজ্জিত আইএস এখনো অত্যন্ত অর্থপুষ্ট জঙ্গি সংগঠন।

বিশ্লেষকরা আরো বলছেন, আগামী দীর্ঘ সময় ধরে আইএস-এর রাজত্ব চলবে।

তবে খেলাফত ঘোষণার পর সাম্প্রতিক সময়ে সমর্থকদের কাছে খলিল ইব্রাহিম নামে পরিচিত আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে দুর্দশার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কারণ মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী আইএস নিয়ন্ত্রিত এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

চলতি সপ্তাহে আইএস গুরুত্বপূর্ণ সিরীয় সীমান্ত শহর তাল আবিয়াদের নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে একদিকে তারা নিয়ন্ত্রণ হারালেও অন্যদিকে তারা তাদের দখল অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে। এর মধ্যে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা অন্যতম।

বিশেষজ্ঞরা বলছেন, আইএস ও তার খেলাফত আগামী অনেকগুলো বছর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে সক্ষম হবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক থিংকট্যাংক চাথান হাউসের অ্যাসোসিয়েট ফেলো হাসান হাসান বলেন, আইএস বিদ্রোহীদের মতো তাদের কার্যক্রম চালাচ্ছে। একদিকে তারা নিয়ন্ত্রণ হারালেও অন্যদিকে দখলের বিস্তার ঘটাচ্ছে। ভবিষ্যতেও তারা আমাদের সঙ্গেই থাকবে। তিনি বলেন, আমি মনে করি আইএস আছে এবং অন্তত আগামী এক দশক সক্রিয় থাকবে।

আইএস-এর সফলতার পেছনে বিশ্লেষকরা নানা কারণের
কথা উল্লেখ করেছেন। এর অন্যতম বিষয় অর্থ, অস্ত্র এবং ইরাক ও সিরিয়ার স্থানীয় জনগণের ওপর তাদের প্রভাব বিস্তারের সক্ষমতা।
র্যান্ড কর্পোরেশন থিংকট্যাংকের রাজনৈতিক বিজ্ঞানী প্যাট্রিক জনসন বলেন, বিশ্বের সবচেয়ে ধনী গ্রুপ আইএস। তাদের সাপ্তাহিক আয় ২০ লাখ মার্কিন ডলার।

গ্রুপটির তেল অবকাঠামোয় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় তাদের তহবিল যোগান বাধাপ্রাপ্ত হলেও তারা কোনো না কোনোভাবে সে ক্ষতি পুষিয়ে নিচ্ছে। এসবের মধ্যে রয়েছে- চাঁদাবাজি, কর এবং লুণ্ঠিত দ্রব্য বিক্রি বাবদ অর্থ। উল্লেখ করার মত বিষয় আইএস-এর কার্যক্রম খরচ তুলনামূলক অনেক কম।

আইএস বিষয়ক বইয়ের লেখক হাসান আরো বলেন, আইএস-এর রয়েছে অস্ত্র, রয়েছে প্রশিক্ষণ। তারা যেন ছোটখাটো এক সামরিক বাহিনী।

মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস দমনে কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের সাফল্য সামান্য। এর কারণ হিসেবে তারা বিশ্বস্ত স্থলবাহিনীর অভাব এবং দুর্বল গোয়েন্দা তৎপরতাকে দায়ী করেন।

আইএস সাধারণত যেসব এলাকায় স্থানীয় সরকার ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল সেখানেই তাদের বিস্তার ঘটাচ্ছে। কোনো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পরপরই তারা সেখানে তাদের শাসন জারি করছে। এদিকে ওইসব এলাকায় তেমন কোনে বিকল্প নেই বলেও আইএস সফলতা পেয়ে যাচ্ছে।

সিরিয়া ও ইরাকে সুন্নি মুসলিমরা নিজেদের অবহেলিত মনে করছে। সেখানে আইএস সুযোগ নিয়ে জনগণের ওপর তাদের প্রভাব বিস্তার করছে।

ব্রুকিংস দোহা সেন্টারের ফেলো চার্ল লিস্টার বলেন, মূলত আইএস সমস্যা সমাধানের উপায় হলো সামাজিক বিভাজন কমিয়ে এনে রাজনৈতিক ব্যর্থতা মোকাবেলা করা। কারণ এসবের সুযোগ নিয়েই আইএস তার খেলাফত রাজত্ব কায়েম করে চলেছে।

অদৃশ্য রাজাকে সত্যিকারের দৃশ্যমান হতে হবে

modi21আজকের দিনটাকে বোঝার জন্য ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠাগুলি জানা প্রয়োজন। সেই লাল-কালো দিনগুলি তো নিছক সংখ্যা নয়। পৃথিবীর মানুষ ক্রমশ গণতন্ত্রের পথে হাঁটছে। আব্রাহাম লিঙ্কন (১৮০৯-১৮৬৫) আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন এক জটিল সঙ্কটজনক সময়ে (১৮৬০)। সমগ্র দেশ তখন দাসপ্রথা অবলুপ্তির প্রশ্নে বিভক্ত। আমেরিকার দক্ষিণাঞ্চলের প্রদেশ যেগুলি ছিল মূলত কৃষিভিত্তিক, তারা দাসত্বকে বজায় রাখতে চেয়েছিল।

তারা কী মনে করত? তারা মনে করত তাদের অর্থনীতির জন্য এই প্রথা চালু থাকা প্রয়োজন। উত্তরাঞ্চলের প্রদেশগুলিও দাসপ্রথা বহাল রাখার জন্য পৃথক এক কনফেডারেশন গঠন করেছিল। তাতে প্রমাণ হয়, উত্তরের প্রদেশগুলি সশস্ত্র সংঘর্ষে জড়িত। অবশেষে আব্রাহাম লিঙ্কন মনে করলেন যে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য যুদ্ধ এবং দাসত্বের অবলুপ্তি অপরিহার্য হয়ে উঠেছে। এর ফলে আমেরিকা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় চার বছর এই যুদ্ধ স্থায়ী হয়। অবশেষে দাসপ্রথা পরাস্ত হয়।

এখন নরেন্দ্র মোদি আবার এ দেশে রাজত্ব করবেন কি করবেন না তার জন্য পাঁচ বছরের শাসন সম্পূর্ণ হলে পরবর্তী লোকসভা নির্বাচনে মানুষ তার মতামতের মাধ্যমে ঠিক করবেন। এখন ১৮৬০ নয়, ২০১৫।

রাষ্ট্রপতি পদে ১৮৬৪ সালে লিঙ্কনের পুনর্নির্বাচন হয়। সেই উপলক্ষে প্রথম আন্তর্জাতিক শ্রমজীবী মানুষের সঙ্ঘ তাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেটির খসড়া করেছিলেন কার্ল মার্কস। মার্কসের রচনাবলিতে এটি পাওয়া যায় না। তবে প্রথম আন্তর্জাতিক কার্যবিবরণীতে (মিনিটস) সেটি সংরক্ষিত হয়েছে।

শৈলেশ বিশ্বাস এই কার্যবিবরণীর গ্রন্থনা ও তর্জমা করেন। ‘উৎস মানুষ’-এর ৪৮তম বর্ষ তিন নম্বর সংখ্যায় সেটি প্রকাশিত হয়। ‘দ্য বী হাইভ’ সংবাদপত্রে ১৮৬৫ সালের ৭ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। লন্ডনস্থ মার্কিন রাষ্ট্রদূত চার্লস ফ্রান্সিস আডামসকে ১৮৬৫-র ২৮ জানুয়ারি এটি প্রদান করা হয়।

এই বার্তায় বলা হয়, দাসশক্তির বিরুদ্ধে প্রতিরোধ যদি আপনার প্রথম নির্বাচন ভবিষ্যতের সতর্কবার্তা হয়ে থাকে তা হলে পুনর্নির্বাচনের বিজোয়ল্লাসের রণধ্বনি হচ্ছে দাসত্বের মৃত্যু।

রাষ্ট্রদূত অ্যাডামস জবাব দেন এই প্রস্তাবের। তাতে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের সরকারের একটা স্বচ্ছ চেতনা রয়েছে যে তার নীতি এখনও যেমন, ভবিষ্যতেও তেমন কখনও প্রতিক্রিয়াশীল হবে না। কিন্তু একই সময়ে শুরুতেই তারা স্থির করেছে যে সর্বত্র তারা স্বমত প্রচারে এবং বেআইনি হস্তক্ষেপে বিরত থাকবে।…এখানেই শেষ নয়। এর পর তিনি আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে যা লেখেন তা দেখে চমস্কির বা জিজেকের মতো চিন্তবিদেরা কী বলবেন সেটাই ভাবাবে আমাদের। চার্লস অ্যাডামস লেখেন, জাতিসমূহ কেবলমাত্র নিজের জন্য বেঁচে থাকে না, কল্যাণমুখী আদানপ্রদানের ও বিনিময়ের মধ্য দিয়ে মানবজাতির কল্যাণ ও সুখের চেষ্টা করে। এ ভাবে যুক্তরাষ্ট্র বর্তমানে দাসত্বের বিরুদ্ধে সংগ্রামকে সমর্থন করছে এবং ইউরোপের শ্রমজীবী মানুষের বিভিন্ন সংগ্রামর ইতিহাস থেকে নতুন প্রেরণা পেয়েছে। তাদের উচ্ছ্বসিত সমর্থন এবং আন্তরিক সহানুভূতি তাদের জাতীয় দৃষ্টিভঙ্গির সমর্থনসূচক। আর আজ আমেরিকা কী করছে সে আলোচনায় আমরা নাই বা গেলাম!
কিন্তু কার্ল মার্কসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বলশেভিক বিপ্লব করলেন লেনিন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের কী পরিণতি দেখলাম আমরা। দুনিয়া থমকে দেওয়া সেই তিন দিনটি মনে করুন, শুধু দুনিয়া কাঁপানো দশ দিন মনে রাখলে হবে?

গোরবাচেভ তিন-চার দিনের জন্য ছুটি উপভোগ করছিলেন তার স্ত্রী, জামাতা-কন্যা ও নাতনিদের নিয়ে। এ সময় সন্ধ্যার দিকে একটি সোভিয়েত টোপোলেভ ১৩৪ প্লেন ক্রিমিয়াতে নামল। এলেন কেজিবি-র জেনারেল ইউরি প্লেখানভ। গোরবাচেভ তাকে আসতে বলেননি, কিন্তু কেজিবি-র নির্দেশে তিনি এসেছেন। এবং তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ নিয়ে। গোরবাচেভ দেখলেন, তিনি যে প্রাসাদে আছেন তার সমস্ত টেলিফোনের লাইন কাটা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন এবং তারপর ইয়ানায়েভ ক্ষমতাসীন হলেন। প্রাভদা বন্ধ হয়ে গেল। কিন্তু তারপর গন্ডগোল, এলেন ইয়েলেৎসিন।

ভারতের ইতিহাস সুপ্রাচীন। ভারতীয় সভ্যতাও সুপ্রাচীন। মোগল সাম্রাজ্য, তার পর ব্রিটিশরাজ, তার পর স্বাধীন ভারতের পথ চলা। ঐতিহাসিক যদুনাথ সরকার দেখিয়েছেন, মোগল সাম্রাজ্যের ত্রুটি-বিচ্যুতি যা-ই হোক, ভারতে এই দীর্ঘ শাসন এক অখণ্ড বিস্তৃত কিন্তু কেন্দ্রীভূত ভারত নামক এক রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সম্রাট অশোক যেমন একদা অসম্ভবকে সম্ভব করেছিলেন, ঠিক সে ভাবে আকবরও সম্ভব করেছিলেন। আর এই দু’টি ক্ষেত্রেই ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে ভাবনার বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। দারার মুসলিম ধর্ম পরিত্যাগ না করেও উপনিষদ পড়া এবং তা অনুবাদ করা খুব ছোট ঘটনা নয়।

বৃটিশ জমানাতেও প্রশাসনিক দক্ষতার বিশ্লেষণ এখন নানা দিক থেকে হচ্ছে। যদুনাথ সরকারের রচনা থেকেও জানছি, মোগল সম্রাটদের নিযুক্ত গোয়েন্দা রাজকর্মচারী ছিলেন, তারা নিয়মিত প্রত্যন্ত এলাকাগুলিতে রাজকর্মচারীরা ঘুষ নিচ্ছেন কি না তা জানাতেন। ব্রিটিশ জমানাতেও, এমনকী ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনেও গোয়েন্দাবিভাগ ছিল খুব কার্যকর।

কাজেই এক দিকে প্রজাবৎসল রাজা, অন্য দিকে প্রশাসনিক দক্ষতা-এই দুই-ই প্রয়োজন। প্লেটোর রিপাবলিকের কথোপকথনে বলা হয়েছে, রাষ্ট্রের দু’টি ধর্ম, প্রথমত- মিতাচার আর দ্বিতীয় ন্যায়। মিতাচার হচ্ছে আনন্দ আর আকাঙ্খাকে শৃঙ্খলায় আনা বা নিয়ন্ত্রণ করা। রাজা চাকরও বটে, আবার চাকরদের কর্তাও বটে।

সুষমা স্বরাজকে নিয়ে বিতর্ক। রাজাকে জবাব দিতে হবে। রাজা নীরব কেন? মায়ানমার নিয়ে নিজের ঢাক নিজে পেটাবেন না বলছেন প্রাক্তন সেনাপ্রধানেরা। রাজা নীরব কেন? এক বছর অতিবাহিত হওয়ার পর যদি মানুষের মনে আসে অসন্তোষ, জাগে প্রশ্ন, তবে তার উত্তর দিতে হবে রাজাকেই। বিশু জবাব দেবে না, নন্দিনীর ও দায় নেই, দায় কিন্তু রাজার। গণতন্ত্রের দাবি, অদৃশ্য রাজাকে সত্যিকারের দৃশ্যমান হতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি নয়।

জয়ন্ত ঘোষাল: নয়া দিল্লি ব্যুরো চিফ, আনন্দবাজার পত্রিকা