রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

প্রফেসর ইউনূস বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে।
’

বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডলিং ক্যাপাসিটি আগামী পাঁচ বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব।

তিনি জানান, বর্তমানে চালু থাকা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বছরে ১.২৭ মিলিয়ন ইউনিট ও মোংলা বন্দর ০.১ মিলিয়ন ইউনিট হ্যান্ডলিং করতে সক্ষম। এগুলোর সক্ষমতা যথাক্রমে ১.৫ মিলিয়ন ও ০.৬৩ মিলিয়নে উন্নীত করা সম্ভব।

আরো জানান, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, লালদীয়া কনটেইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ হয়ে গেলে পাঁচ মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডলিং ক্যাপাসিটি তৈরি হবে বাংলাদেশের।

বিদেশি বিনিয়োগে লালদীয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মাহমুদুল হোসাইন খান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

১৫ বছর পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যোগ করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটে সেনা মোতায়েনের জন্য আর সরকারের মুখাপেক্ষী হতে হবে না।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সংশোধন এনে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি নির্বাচনী সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ পাঠাতে বললে ইসি এমন সুপারিশ করল।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর থেকে ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী ছিল না। পরবর্তী নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে ২০০৯ সালে সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়া হয়।

শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত বছর গণ-অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। তথাপিও শ্রমিকরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে আজ বুধবার (৩০ এপ্রিল) দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তারেক রহমান।

শ্রমজীবী মানুষদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশে-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই দিবস আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম) ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সব সময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।
শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এ দেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, এ দেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় থাকাকালীন। আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাকশিল্পে। এই শিল্পে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়।
পোশাক শ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।

দুঃশাসনের প্রকোপে শ্রমিক শ্রেণি সবচেয়ে নিপীড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, গত বছর গণ-অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। তথাপিও শ্রমিকরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে।

তারেক রহমান আরো বলেন, শুধু বাংলাদেশেই নয়, দুনিয়াজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মে দিবসে শপথ নিতে হবে। আমি মহান মে দিবসের সব কর্মসূচির সার্বিক সফলতা এবং তাদের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

সুইডেনের উপসালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

সুইডেনের উপসালা শহরে একটি হেয়ার সেলুনে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কয়ারের কাছাকাছি এক সেলুনে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন ছিল সুইডেনের ওয়ালপুরগিস বসন্ত উৎসবের আগের দিন। যখন হাজারো মানুষ রাস্তায় নেমে উৎসব উদযাপন করে।
উপসালা শহরটি সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত এবং এটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় শহর। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলাকারী গুলি ছুড়ে একটি স্কুটারে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।

পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে। একজন প্রত্যক্ষদর্শী সুইডিশ টিভি চ্যানেল টিভিফোর-কে বলেন, ‘সব কিছু খুব দ্রুত ঘটল।
হঠাৎ করেই ‘ব্যাং ব্যাং ব্যাং’ আওয়াজ হয়।’ আরেকজন জানান, তিনি যখন ঘরে রান্না করছিলেন, তখন রাস্তায় বাজির মতো দুইটি বিস্ফোরণের শব্দ পান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে রাস্তা বন্ধ করে দেয় ও সবাইকে সরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে বড় অভিযান চলছে।
হেলিকপ্টারও অনুসন্ধানে অংশ নিচ্ছে। ট্রেন সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, যাতে অপরাধী পালাতে না পারে। এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার টিভিফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে ‘নির্মম সহিংসতা’ বলে মন্তব্য করেছেন। সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওয়ালপুরগিস উৎসবের আগে জনমনে উদ্বেগ থাকলেও, তারা প্রাথমিকভাবে মনে করছে এটি একটি একক ঘটনা এবং সাধারণ জনগণের জন্য বর্তমানে কোনও ঝুঁকি নেই।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেনের ওরেব্রু শহরের একটি প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলিতে ১০ জন নিহত হয়। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাং সহিংসতা ও গুলির ঘটনা বাড়ছে, যার কারণে সরকার আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার পরিকল্পনা নিয়েছে।

সূত্র : বিবিসি

ইরেশ যাকেরের নামে হত্যা মামলা, যা জানাল পুলিশ সদর দপ্তর

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটির সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবীসহ ৪০৮ জনের নামোল্লেখ করা হয়। এ মামলায় অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এবার ইরেশ যাকেরের মামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের সদর দফতর জানায়, অভিনেতার নামে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে এক পোস্টে সকালে বাংলাদেশ পুলিশের সদর দফতর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। ওই পোস্টে আরও জানানো হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসেবে নেওয়ার জন্যে।
সেই নির্দেশ অনুযায়ী মামলা রুজু করে পুলিশ।’

গত ২০ এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। এরপর গত রবিবার ২৭ এপ্রিল আদালত মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

ভাবমূর্তি ফেরাতে তৎপর বিসিবি

দীর্ঘদিন ধরে কথাবার্তা হয় না এমন একজন বন্ধু সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালকের কাছে। সৌহার্দ্য বিনিময় পর্ব শেষে সেই বন্ধু নাকি জানতে চেয়েছেন, ‘কিরে, তোদের বোর্ড সভাপতি নাকি ১২০ কোটি টাকা সরিয়েছে। সেখান থেকে কত টাকা ভাগ পেয়েছিস?’

ফারুক আহমেদ বিসিবির টাকা নয়ছয় করেছেন—সংবাদমাধ্যমে কিছুদিন আগে এমন খবর প্রকাশের পর বিসিবির সক্রিয় থাকা বোর্ড পরিচালকরা নিজ কর্মস্থল, এমনকি নিকটাত্মীয়দের কাছেও বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। সব মিলিয়ে এই ঘটনায় আস্থার সংকটে পড়েছেন বলে মনে করছেন বিসিবি সভাপতিসহ অন্য বোর্ড পরিচালকদের অনেকে।

এ জন্য গত রবিবার অনলাইনে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকেন ফারুক। সেখানে আলোচনার পর গতকাল আরো একটি বৈঠক ডাকা হয়। দুপুর ২টায় অনলাইনে হওয়া আড়াই ঘণ্টার ওই বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের অডিট রিপোর্ট এবং যে টাকা বিসিবি সভাপতি নিজে সরিয়েছেন বলে অভিযোগ, সেই টাকা বাড়তি মুনাফার আশায় কোন প্রক্রিয়ায় অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়েছে সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান একজন পরিচালক। সেসব টাকার হিসাব এবং অডিট রিপোর্ট জনসমক্ষে আনতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে বলে জানিয়েছে বিসিবি।

এই তথ্য প্রকাশের আগে আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিসিবির দুর্নীতির খোঁজে নামা দুদকের কাছে অডিট রিপোর্টের একটি নথি বিসিবি পাঠাবে বলে জানা গেছে। মূলত হারাতে বসা ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য বেশ তৎপর হয়েছেন বোর্ড পরিচালকরা।

রেফারির দিকে বস্তু ছুড়ে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে হারের ক্ষোভ রেফারির ওপর ঝাড়তে গিয়ে বড় শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।

রেফারির দিকে বরফের টুকরা ছুড়ে মারায় এই জার্মান সেন্টার-ব্যাককে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

কোপা দেল রের ফাইনাল ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রুডিগার ও লুকাস ভাসকেজ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দুজনকেই লাল কার্ড দেখান ম্যাচ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।
পরে রেফারির ম্যাচ রিপোর্টে বলা হয়, রুডিগার ‘টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন, যা রেফারির গায়ে লাগেনি’।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রিপোর্টে জানানো হয়, ৩২ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডারকে ‘রেফারিদের বিরুদ্ধে হালকা সহিংস আচরণের’ কারণে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরএফইএফ-এর শৃঙ্খলাবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই ধরনের আচরণের জন্য চার থেকে বারো ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যায়। সেই হিসাবে রুডিগারের শাস্তি মাঝামাঝি পর্যায়ে রাখা হয়েছে।

সব ছয়টি ম্যাচের নিষেধাজ্ঞাই লা লিগায় কার্যকর হবে—ফলে তিনি চলতি মৌসুমের শেষ পাঁচটি ম্যাচ এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

তবে এই নিষেধাজ্ঞা রুডিগারের ওপর খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। কারণ মঙ্গলবার তিনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন এবং অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না তার, এমনকি ১৫ জুন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপেও অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, লুকাস ভাসকেজকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা কেবল কোপা দেল রে প্রতিযোগিতায় প্রযোজ্য হবে। অন্যদিকে প্রমাণ না মেলায় বাতিল করা হয়েছে বেলিংহামের লাল কার্ড। ফলে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হচ্ছে না এই ইংলিশ মিডফিল্ডারকে।

কানাডায় কার্নির জয়, অভিনন্দন জানালেন ট্রাম্প

কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন মধ্য-বাম লিবারেল পার্টি। মঙ্গলবার জয় ঘোষণার পরই কার্নিকে দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ের জন্য ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করার ব্যাপারে একমত হয়েছেন।

তবে বিজয়ী ভাষণে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কার্নি।
তিনি বলেন, ট্রাম্প আমাদেরকে (কানাডা) ‘ভাঙার’ চেষ্টা করছেন, যাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে দখলে নিয়ে নিতে পারে। তবে এমনটি কখনোই হবে না। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না।

এদিকে ট্রাম্পের বাণিজ্য শুল্ক আর কানাডার সার্বভৌমত্ব নিয়ে মন্তব্য কানাডার নির্বাচনের ওপর ছায়া ফেলেছে, যা শেষ পর্যন্ত কার্নির লিবারেল দলকে সংখ্যালঘু সরকার গঠনের পথে নিয়ে যায় বলে জানায় সরকারি সম্প্রচারকারী সংস্থা সিবিসি।

এই ফলাফল কার্নির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা এবং দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলাকে আরো চ্যালেঞ্জিং করে তুলবে, কারণ তাকে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন অর্জন করতে হবে।

নির্বাচনের পর তাদের প্রথম ফোনালাপে, ট্রাম্প কার্নিকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্নির দপ্তর মঙ্গলবার জানায়।

প্রধানমন্ত্রীর দপ্তর আরো জানায়, দুই নেতা ‘স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে কানাডা ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার গুরুত্ব’ নিয়ে একমত হয়েছেন, যা উভয় দেশের মঙ্গল বয়ে আনবে।

কানাডার হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২ আসন।
তবে লিবারেলরা ১৬৯টি আসন জিতেছে বলে ধারণা করা হচ্ছে।

তাই লিবারেলদের সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে হবে। এছাড়া আইন পাস করাতে হাউজ অব কমন্সে অন্যান্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে লিবারেলদের। তারা আস্থা ভোটেও পরাজয়ের সম্ভাবনার মুখে রয়েছে।

নিজের চ্যানেলে জেফারের ‘তীর’

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করে থাকেন। মূলত গায়িকা হলেও জেফার সাম্প্রতিক সময়ে অভিনেত্রী হিসেবেও নিজেকে জাহির করছেন।
কিছুদিন আগেই তাঁকে দেখা গেছে শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে। এতে একটি গানও গেয়েছেন। সেটি অন্তর্জালে ছড়িয়েছে বেশ। এ ছাড়া রোজার ঈদের ছবি ‘দাগি’তেও রয়েছে তাঁর গাওয়া গান।

তবে গত এক বছরে নিজের চ্যানেল থেকে গান করেননি জেফার। সে বিরতি পেরিয়ে গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করলেন নতুন গান ‘তীর’। এ গানের সুরও করেছেন জেফার নিজেই। কথা ও সংগীতায়োজনে আদিব কবির।

জেফার জানান, ভয়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার বিষয় নিয়ে সাজানো গানটি। বছর চারেক আগে গানটির প্রথম সুর করেছিলেন তিনি। কিন্তু সংগীতের কাজ সম্পন্ন করেছেন গেল বছর। এবার তা প্রকাশ্যে এলো।

২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে।
বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। সেই সঙ্গে গুটি গুটি পায়ে অভিনয়েও নিজেকে পাকাপোক্ত করছেন জেফার।

দেম্বেলের গোলে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস পিএসজির কাছে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই ওসমান দেম্বেলের গোলে পিছিয়ে পড়ে মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ঘরের মাঠে হেরে লিগের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল আর্সেনালের।

ম্যাচ শুরুর আগে এমিরেটস স্টেডিয়ামে আলো ও আতশবাজির ঝলকানিতে সাজানো হয় দুর্দান্ত পরিবেশ। কিন্তু সেই উত্তাপ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চতুর্থ মিনিটে দেম্বেলের নিচু শটে করা গোলে। খাভিচা কাভারেস্কেলিয়ার পাস থেকে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের শুরুর দিকে একের পর এক আক্রমণে আর্সেনালকে চাপে ফেলে দেয় পিএসজি।
তরুণ তারকা দিয়াসার ডউ’র একটি শট ঠেকিয়ে আর্সেনালকে রক্ষা করেন গোলরক্ষক দাভিদ রায়া। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরলেও গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে একটু একটু করে ম্যাচে ফিরতে শুরু করে আর্সেনাল। তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ছিলেন অপ্রতিরোধ্য।
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং লিয়ান্দ্রো ত্রোসার্দের দুটি শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডেকলান রাইসের ফ্রি-কিক থেকে মিকেল মেরিনোর হেডে বল জালে ঢুকলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোল বাতিল হয়। পিএসজিও কয়েকটি সুযোগ হাতছাড়া করে। ব্রাডলি বারকোলা একবার বল বাইরে মারেন, আর গঞ্জালো রামোসের শট লাগে বারপোস্টে। দুটি গোল পেলে আরো এগিয়ে যেতে পারত পিএসজি।
তবে লিড বাড়াতে না পারলেও শেষ পর্যন্ত আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে এটাই স্বস্তির প্যারিসের ক্লাবটির জন্য।

এই হারে পরের বুধবার দ্বিতীয় লেগে প্যারিসে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে আর্সেনালকে। যদিও আর্তেতার শিষ্যরা কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্নাব্যুতে। আপাতত এটা ভেবে কিছুটা নির্ভার থাকতে পারে আর্সেনাল।