বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ইউক্রেনে পশ্চিমা সেনারা রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু : পুতিন

ইউক্রেনে মোতায়েন করা যে কোনো পশ্চিমা বাহিনী মস্কোর সেনাবাহিনীর জন্য ‘বৈধ’ লক্ষ্যবস্তু হবে বলে শুক্রবার সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার একদিন আগে কিয়েভের মিত্ররা জানিয়েছিল, তারা শান্তি চুক্তির ক্ষেত্রে সৈন্য উপস্থিতির প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে দুই ডজন দেশ বৃহস্পতিবার স্থল, সমুদ্র ও আকাশপথে একটি ‘আশ্বাস বাহিনী’ হিসেবে যোগ দেবে বলে প্রতিশ্রুতি দেয়, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

তিন বছর ছয় মাস ধরে চলা এই লড়াইয়ে হাজারো মানুষের প্রাণ গেছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বহু এলাকা ধ্বংস হয়েছে—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত।

কিয়েভ বলছে, ভবিষ্যতে রাশিয়া যাতে আবার হামলা না চালাতে পারে, সেজন্য পশ্চিমা সেনাদের সমর্থনে নিরাপত্তা নিশ্চয়তা যেকোনো চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দূরপ্রাচ্যের ভ্লাদিভস্তক শহরে এক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, ‘যদি সেখানে কিছু সেনা হাজির হয়, বিশেষ করে এখন যুদ্ধ চলাকালীন সময়ে, আমরা ধরে নেব তারা বৈধ লক্ষ্যবস্তু।’

তিনি আরো বলেন, এমন কোনো বাহিনী মোতায়েন দীর্ঘমেয়াদি শান্তির অনুকূল নয় এবং ইউক্রেনের পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককেই তিনি সংঘাতের ‘মূল কারণগুলোর একটি’ হিসেবে অভিহিত করেন।

ইউক্রেনের মিত্ররা এখনো পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি—কত সেনা এতে থাকবে বা কোন দেশ কতটুকু অবদান রাখবে, তা অজানা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের ২৬টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে—যে তারা ইউক্রেনে ‘আশ্বাস বাহিনী’ হিসেবে সেনা পাঠাবে বা স্থল, সমুদ্র কিংবা আকাশপথে উপস্থিত থাকবে।’

জেলেনস্কি এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজ আমি মনে করি, দীর্ঘ সময় পর এটাই প্রথম গুরুতর ও বাস্তব পদক্ষেপ।’

তবে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, এই সেনারা ‘সম্মুখ সারিতে’ মোতায়েন হবে না, বরং উদ্দেশ্য হবে ‘নতুন কোনো বড় ধরনের আগ্রাসন প্রতিরোধ করা।’

ইউক্রেনকে আরো বেশি ভূখণ্ড ছেড়ে দেওয়ার ও পশ্চিমা সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করার কট্টরপন্থী দাবিতে অটল মস্কো।
তবে কিয়েভ সেগুলোকে ‘পুরাতন আলটিমেটাম’ বলে উড়িয়ে দিয়েছে।

পুতিন শুক্রবার বলেছেন, যদি কোনো চুক্তি করা সম্ভব হয়, তবে সৈন্যদের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ‘যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা শান্তির দিকে, দীর্ঘমেয়াদি শান্তির দিকে পরিচালিত করবে, তবে আমি কেবল ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির অর্থ দেখতে পাচ্ছি না। কারণ যদি চুক্তি হয়, তবে কেউ যেন সন্দেহ না করে যে রাশিয়া তা সম্পূর্ণরূপে মেনে চলবে।’

ফাঁস হয়ে গেল ‘কিং’-এর লুক!

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার কমতি নেই। ছবিতে তাকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের ‘লুক’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মাথা ভর্তি ধূসর চুল।
‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট।

অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এমন বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি।
তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা।

‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগেই গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই কাঁধে হয়েছে অস্ত্রোপচার।
হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”

রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি।
এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পিছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।”

শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে, রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাংকি’-তে। এখানে তার বিপরীতে ছিলেন তাপসী পান্নু।

উল্লেখ্য, ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানা খানকেও। এছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন, রানী মুখার্জিকেও।

জোড়া গোলে বিদায়ি ম্যাচ রাঙালেন মেসি

ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে সাম্ভাব্য শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। পুরো পরিবার গ্যালারিতে আর মাঠে চমক দেখালেন এই ক্ষুদে জাদুকর। মেসির দুর্দান্ত পারফরমেন্স ও দুই গোলসহ ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে তাঁর প্রথম ম্যাচটা ছিল ২০ বছর আগে এই স্টেডিয়ামেই।
দিনটা ছিল ৯ অক্টোবর, ২০০৫। আজ সেই একই মঞ্চে মেসির বিশেষ এই রাতে এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়েছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা। ইতিহাসের সাক্ষী হতে হাজির হয়েছিলেন হাজারো আর্জেন্টাইন। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে শেষ ঝলকটাও দারুণভাবে দেখিয়েছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

ওয়ার্ম-আপ এবং জাতীয় সংগীত চলাকালে বেশ আবেগী মেসির চোখে আনন্দাশ্রু এনে দিল দর্শকদের করতালি ও উচ্চশব্দে। ম্যাচ শেষে আলোর ঝলকানির সঙ্গে ভক্ত-সমর্থকদের জয় উদযাপন ও মেসির বিশেষ ম্যাচকে ঘিরে তীব্র উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটল যেন। গ্যালারির কাছে দাঁড়িয়ে হাত নাড়িয়ে তারই জবাব দিলেন এলএমটেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিল আকাশি-সাদা জার্সিধারীরা।
ম্যাচের ৭৭ শতাংশ বল দখলের পাশাপাশি মেসি-আলভারেজ-আলমাদারা ১৭টি শট নেয়। যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভেনেজুয়েলা ৫ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর ক্রস পেয়ে হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ান রোমেরো।
তবে কাটা পড়লেন অফসাইডের দাগে। গতিময় ১৫ মিনিটের পর খেলায় কিছুটা ধীরস্থির হয় আর্জেন্টিনা। ২১ মিনিটে নিকোলাস তালিয়াফিকোর নেওয়া শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো। এরপর ম্যাচের ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ ফুটবলারের পায়ে বলের নিয়ন্ত্রণ হারানোর সুযোগটা নেন লিয়েন্দ্রো পারেদেস। তার বাড়ানো বল দারুণ ক্ষিপ্রতায় নিয়ন্ত্রণে নেন হুলিয়ান আলভারেজ।

বক্সে ঢুকে এই অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা দুজনের মাঝ দিয়ে আলতো করে বল বাড়ান মেসিকে। লম্বা পা বাড়িয়ে বলের গতি কমিয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তিনি জালে জড়ান। লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে নেমে ৬০ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের সঙ্গে ওয়ান-টু পাসের পর শট নিয়েছিলেন মেসি। তাকে হতাশ করেন ভেনেজুয়েলা গোলরক্ষক। বিশ্বচ্যাম্পিয়নরা এরপর প্রতিপক্ষকে আরো চেপে ধরে। তাদের দ্বিতীয় গোলটি আসে দুই বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেস ও লাউতারো মার্টিনেজের কল্যাণে।

মাঠে নামার দ্বিতীয় মিনিটেই লাউতারো মার্টিনেজ স্কোরশিটে নাম তোলেন। বাঁ পায়ে ডি বক্সের ভেতর ক্রস দেন নিকো, মাথা ছুঁয়ে লিড দ্বিগুণ করেন লাউতারো। চার মিনিট বাদেই এবার গোলের উপলক্ষ্য এনে দিলেন মেসি। বক্সে থিয়েগো আলমাদার পাস পেয়ে কয়েকজনের মাঝ দিয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি পেয়ে গেলেন নিজের ১১৪তম গোল।

রেফারির শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে হ্যাটট্রিকও পেয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইড রীতি এবার তাকে দমিয়ে রাখল। ইন্টার মায়ামি মহাতারকার হেডে দুর্লভ গোল হতে পারত এটি। কিন্তু হেড দেওয়ার সময় তার সামনে ছিলেন ভেনেজুয়েলা গোলরক্ষক। অফসাইড লাইন বেশ আগেই অতিক্রম করে গেছেন মেসি। তবে জোড়া গোলে আর্জেন্টিনাকে জিতিয়েই নিজের বিশেষ ম্যাচের উদযাপন তার আগে থেকেই শুরু হয়ে যায়।

‘অমরত্ব’ নিয়ে শি-পুতিনের আলোচনা

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অমরত্ব’ নিয়ে কথা বলেছেন। বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ শুরুর আগে তাদের এই আলাপ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাইক্রোফোনে ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে লাল গালিচা দিয়ে হেঁটে এক ঐতিহাসিক দৃশ্যের অবতারণা করেন পুতিন, শি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলেন, হাত মেলান ও ছবির জন্য পোজ দেন। এ সময় শির ডান পাশে ছিলেন পুতিন এবং বাঁ পাশে ছিলেন কিম।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির ভিডিও ফুটেজে ম্যান্ডারিন ভাষায় শিকে বলতে শোনা যায়, ‘আজকাল…৭০ বছর বয়স।’ এরপর চীনা ভাষার অনুবাদক পুতিনের মন্তব্য শিকে শোনান।

অনুবাদকের মতে, পুতিনের জবাব ছিল, ‘বায়োপ্রযুক্তির উন্নয়নে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ বারবার ট্রান্সপ্লান্ট করা যায়। যেভাবে আগে মানুষের বয়স বাড়তে থাকত, একইভাবে এখন বয়স কমানো সম্ভব। এমনকি, তাঁরা অমরত্বও অর্জন করতে পারেন।’ এরপর শি আবারও বলেন, ‘পূর্বাভাস আছে, চলতি শতাব্দীতে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে।

পরে সংবাদ সম্মেলনে এই আলাপের সত্যতা নিশ্চিত করেন পুতিন। পুতিন বলেন, ‘হ্যাঁ, যখন আমরা কুচকাওয়াজ দেখতে যাচ্ছিলাম, তখন সম্ভবত চেয়ারম্যান (শি) এ বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।’

পুতিন বিষয়টির ব্যাখ্যা দিয়ে আরো বলেন, ‘সার্বিকভাবে স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়নের মাধ্যমে, অঙ্গ প্রতিস্থাপনের (ট্রান্সপ্লান্ট) সব ধরনের আধুনিক প্রক্রিয়া ব্যবহারে মানবজাতি এখন আশা করতেই পারে যে এখন তারা যত দিন সক্রিয় জীবন যাপন করতে পারে, ভবিষ্যতে তা আরো অনেক বাড়বে।’

কাকতালীয়ভাবে তাদের দুজনের বয়সই ৭২ বছর। তারা কেউই শিগগির অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি।
শির দুই পূর্বসূরি জিয়াং জেমিন ও হু জিনতাও উভয়ই ১০ বছর ক্ষমতায় থেকে অবসর নেন। তবে শি ২০১৮ সালে এ ধরনের বাধ্যবাধকতা তুলে দেন।

এরপর ২০২৩ সালে নতুন মেয়াদে আবারও নির্বাচিত হন তিনি। অন্যদিকে পুতিন দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী পদে থেকে ধরে রেখেছেন দেশ পরিচালনার রাশ।

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাল ইরান

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জবাবে ইরান তাদের কূটনৈতিক প্রতিনিধিত্বের স্তর কমিয়েছে। অস্ট্রেলিয়া সম্প্রতি ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক কমানোর ঘোষণা দিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই এ কথা জানান। সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

বাঘাই বলেন, অস্ট্রেলিয়ার পদক্ষেপের জবাবে ইরানও অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বের স্তর হ্রাস করেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইতোমধ্যেই ইরান ছেড়ে গেছেন। এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি এবং বলেন, এটি দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, আমরা কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানাই না, কারণ এর কোনো যৌক্তিক কারণ নেই।
এটি দুই জাতির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।

তবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ইরানের কনস্যুলার সেকশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান অব্যাহত থাকবে।

অ্যান্টিসেমিটিজমের অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বাঘাই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।
দেশটির অভিযোগ ছিল, তেহরান মেলবোর্ন ও সিডনিতে ইহুদি সম্প্রদায়ের স্থাপনায় অগ্নিসংযোগ হামলার পেছনে ভূমিকা রেখেছে।

নভেম্বরে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা, শুরু হচ্ছে ক্যাম্প

সাভারের বিকেএসপিতে ৩০ ক্রিকেটারকে নিয়ে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের বিশেষ ক্যাম্প। আগামী তিন সপ্তাহ ধরে এই ক্যাম্প চলবে, যা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। এরপর কিছুদিনের বিশ্রাম শেষে আবারও দুই সপ্তাহের ক্যাম্প করবে তরুণ এই ক্রিকেটাররা।
সেখান থেকে ১৫ সদস্যের একটি স্কোয়াড গঠন করা হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে খেলার জন্য। আগামী ২৪-২৫ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের। সে সময় তিনদিনের দুটি ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সফরের বিষয়টি চূড়ান্ত হলেও এখনও ভেন্যু ও খেলার সূচি চূড়ান্ত হয়নি।

গত বছর অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প হয়েছিল ২৯ জন ক্রিকেটারকে নিয়ে। এবার একজন বাড়িয়ে ৩০ জন করা হয়েছে। এই ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন চাঁপাইনবাবগঞ্জের পেসার তানভীর হোসেন দ্বীপ।

বিকেল পাঁচটায় সকল ক্রিকেটার রিপোর্টিং করবেন বিকেএসপিতে। সেখানে থাকবেন কোচ হান্নান সরকার। গতকাল তিনি জানিয়েছেন, ‘আশা করছি এবারের ক্যাম্প ভালোভাবে শেষ হবে। ক্রিকেটারদের সামনে চ্যালেঞ্জ থাকবে। যারা ভালো করতে পারবে তাদের সামনে দুয়ার খুলে যাবে।’

মিষ্টি হাসিতে নজর কাড়লেন মিম

পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, সাগর পাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে ক্যামেরাবন্দী হয়েছেন মিম।

তার নজরকাড়া হাসি নেটিজেনদের মনে দাগ কেটেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা নায়িকার রূপের বেশ প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, ‘দারুণ দেখাচ্ছে তোমাকে বিদ্যা দি এক কথায় অসাধারণ, চমৎকার এবং আকর্ষণীয় ও অতুলনীয়। তোমাকে নীল রঙে দারুণ মানিয়েছে।’ আরেকজনের কথায়, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।’

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমে প্রায় অর্ধেকে নামলো।

দীর্ঘ আলোচনার পর হওয়া এ চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতেও রাজি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছেন। এতে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো মোটরশিল্পের জায়ান্টদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে— এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।

এ চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মার্কিন প্রকল্পে বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। এর মধ্যে গাড়ি ও চালও অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মাসব্যাপী আলোচনার পর এ সমঝোতা হয়।

মূলত জাপানের অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানিনির্ভর। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই হচ্ছে গাড়ি। গত আগস্টে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বজুড়ে সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি হয়। বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে অনেকে।

গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, শুধু মার্কিন শুল্কের প্রভাবেই তাদের এ বছর প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ: ম্যাক্রোঁ

বিশ্বের ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ২৬টি পশ্চিমা মিত্রদেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৩৫ দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দেন। এ বৈঠককে বলা হচ্ছে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। ম্যাক্রোঁ জানান, এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সঙ্গে কথা বলেছেন এবং “ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা” চেয়েছেন।

তবে গত মাসে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর থেকে যুদ্ধ শেষ করার কোনও সম্ভাব্য চুক্তির আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে রাশিয়ার তেল-গ্যাস আমদানি বন্ধ করতে হবে, যাতে অর্থনৈতিকভাবে মস্কোর যুদ্ধযন্ত্র থামানো যায়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের বরাত দিয়ে এ তথ্য জানায় হোয়াইট হাউস।

ইইউ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের তেল ও গ্যাস আমদানি বন্ধ করবে। হোয়াইট হাউস জানিয়েছে, গত এক বছরে ইউরোপ রাশিয়ার কাছ থেকে অন্তত ১.১ বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, পশ্চিমা মিত্ররা এখন ইউক্রেনের প্রতি “অটলভাবে অঙ্গীকারবদ্ধ” এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ দিতে হবে।

যদিও ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি প্রকাশ্যে খুব কম দেশই দিয়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে, তারা স্থল সেনা পাঠাবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এখনই এ ঘোষণা দিলে সেটি পুতিনের পশ্চিমবিরোধী প্রচারণাকে আরও জোরদার করবে।

মস্কো বলেছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। বরং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টারদের মধ্যে থাকতে হবে। আর এটি কিয়েভ ও তার মিত্ররা প্রত্যাখ্যান করেছে।

এদিকে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চললেও রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন ম্যাক্রোঁ। বৃহস্পতিবার উত্তর ইউক্রেনে রুশ হামলায় মাইন অপসারণে নিয়োজিত দুইজন নিহত হয়েছেন।

ইউক্রেন ও তার মিত্রদের মতে, প্রথমে অস্ত্রবিরতি হওয়া জরুরি, তারপর বৃহত্তর শান্তিচুক্তি। তবে রাশিয়া এতে রাজি নয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, জেলেনস্কির অংশগ্রহণে একটি শীর্ষ বৈঠকে প্রথম অগ্রাধিকার হবে অস্ত্রবিরতি নিশ্চিত করা এবং পরে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া।

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির চাওয়ায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইচ্ছামাফিক চিলির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয়। যেখানে বড় জয়ে উৎসব নামিয়েছেন এস্তেভাও-গুইমারেস ও লুকাস পাকেতারা। বিশ্বকাপের আগে ব্রাজিল ঘরের মাঠে শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে।

নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটা আগেই দখলে ছিল ব্রাজিলের। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি। গত বছরের অক্টোবরে তাদের সঙ্গে সর্বশেষ দেখায় সেলেসাওরা ২-১ গোলে জিতেছিল। সবমিলিয়ে চিলির বিপক্ষে ৭৪ ম্যাচে ৫২ জয় ছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই সংখ্যাকে তারা মারাকানায় আরেকটু বাড়িয়ে নিলো। ব্রাজিলের হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।

ম্যাচজুড়ে পজেশন থেকে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় আনচেলত্তির শিষ্যরা। এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে চিলি ৩টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। বোঝাই যাচ্ছে সেলেসাও রক্ষণ দেয়ালে তারা কতটা নাস্তানাবুদ ছিল। শুরু থেকেই ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শাণাতে থাকে। পঞ্চম মিনিটেই ক্যাসেমিরো হেডে গোল করেছিলেন। কিন্তু তাদের উদযাপন ভেস্তে যায় অফসাইডের কারণে।

ফলে দর্শকদের পুনরায় উৎসবের আমেজটা আসে ৩৭ মিনিটের পর। নিখুঁত দলীয় আক্রমণ যাকে বলে। জোয়াও পেদ্রো, সান্তোস হয়ে বল পেয়ে ড্রিবলিং করে বক্সে ঢুকে শট নেন রাফিনিয়া। কিন্তু চিলি গোলরক্ষকের বাধায় সেটি বেরিয়ে যাওয়ার পথে থাকলে, দ্বিতীয় বারের সামনে থাকা এস্তেভাও কিছুটা লাফিয়ে মাথার ওপর দিয়ে শটে বল জালে জড়ান। কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে গোল করলেন তিনি (১৭ বছর ৪ মাস )। পিছিয়ে পড়া চিলির জন্য ধাক্কা হয়ে আসে ৪৫ মিনিটে মারিপানকে দেখানো লাল কার্ড। ওয়েসলিকে বেপরোয়া ফাউল করায় তাকে রেফারির সরাসরি মাঠ ছাড়ার নির্দেশ দেন, তবে খানিক বাদে মনিটর দেখে সেটি বাতিল করে হলুদ কার্ড দেওয়া হয়।

বিরতির পর অল্প সময়ের মাঝে ব্রাজিলের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আনচেলত্তি। বদলি নেমে লুইস হেনরিক, কাইও জর্জ ও পাকেতারা ঝলক দেখান। ইংলিশ লিগে নিষিদ্ধ হওয়ার শঙ্কা থাকায় মাঝে দলে ডাক পাননি পাকেতা। তবে ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডারের জাতীয় দলে ফেরার ম্যাচে দর্শকরা শোরগোল তুলে অভিবাদন দেন। এরপর ব্রাজিলের দ্বিতীয় গোলটাই আসে তার হেডে। অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে দ্বিতীয় বারে শট নেন। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।

মিনিট চারেক বাদেই ফের মারাকানায় স্বাগতিক শিবিরে উৎসবের উপলক্ষ্য। এবারও বলের জোগানদাতা হেনরিক। তবে তিনি নিজেই জোরালো শট নিয়েছিলেন। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। আক্রমণ অব্যাহত ছিল বাকি সময়েও, তবে আর কেউ গোলের দেখা না পেলেও বড় জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।