বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দটির বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন।

তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ’ শব্দটির মধ্যে একটি ঢিলেঢালা ভাব থাকে, যা ‘প্রকাশ্যে নিষেধ’ শব্দটির মাধ্যমে কঠোর আইনি অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

আজ সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে আইনে পরিণত করার আশা প্রকাশ করেন।

তামাক বিরোধী সংগঠন ‘আত্মা’ (অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স) এবং ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, সমাজে তামাকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা থাকলেও ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুকের উপস্থাপনায় উঠে এসেছে যে এখনো তামাকজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি এফসিটিসি-তে স্বাক্ষর করেছিল। তিনি বলেন, ‘আমি ২০০৫ সালে যখন সংসদ সদস্য ছিলাম, তখনই ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫’ পাস হয়। আমি সেই ঐতিহাসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত।’

আসন্ন সংসদ অধিবেশন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত প্রায় ১৩০টি অধ্যাদেশ উপস্থাপিত হবে। এর মধ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যাদেশ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি, এই আইনটির নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দের বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার প্রস্তাব দেব। এটি আমার সংসদীয় এজেন্ডার শীর্ষে রয়েছে।’

আইন বাস্তবায়নের বিষয়ে তিনি ‘আত্মা’ ও ‘প্রজ্ঞা’-কে একটি কার্যকর রূপরেখা বা গাইডলাইন তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সরকারের সহযোগিতার জন্য একটি পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে রাখলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য তা বাস্তবায়ন সহজ হবে।’

তথ্যমন্ত্রী হিসেবে নিজের দায়বদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনটি হওয়ার সাথে সাথেই একটি ‘পজিটিভ ইকোসিস্টেম’ ডেভেলপ করার জন্য আমি একটি ‘ক্রিয়েটিভ ক্যাম্পেইন’ করার নির্দেশ আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে রাখব। যাতে জনমত তৈরি হয় এবং আইন প্রয়োগকারী সংস্থাও সহজে এটি প্রয়োগ করতে পারে।’

বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে অতীতের আবেগ বা প্রতিহিংসার রাজনীতি না করে ‘ফিউচার হোপ’ বা আগামীর সম্ভাবনা নিয়ে কথা বলছেন। আমাদের দল তামাকমুক্ত সমাজ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, চর্চা ডট কম-এর সম্পাদক সোহরাব হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক প্রমুখ।

গোলটেবিল বৈঠকে তামাকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে।

এখন পর্যান্ত আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।
আরো দুটি ইউনিট যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরো জানায়, ওই ভবনে আটকেপড়া ৪ জনকে ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করেছে।

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরাসরি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।’
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষা আজ রবিবারও চলেছে। এরইমধ্যে কাল থেকে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের মাধ্যমে দেশে প্রথম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রবিবার দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অধিক কৃষি ফলনের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট বড় নদ-নদীগুলো খনন কাজের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর, খাল খননের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশে খাল খনন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাব। খাল খননের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে, দেশের সব এলাকার মানুষ প্রধানত সহজে সেচ সুবিধা পাবে।
সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে উপকার হবে। বিশেষ করে এ খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিনাজপুর সফর উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮১০টি মামলা করেছে।

রবিবার (৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৫৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ২২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮ টি বাস, ১২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৫ সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৭ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ৯৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৪৮ টি গাড়ি ডাম্পিং ও ১৫৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক নেতৃত্ব আবারও তাদের শক্তি ও প্রতিরোধ সক্ষমতা নিয়ে কঠোর বার্তা দিয়েছে। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, ইরানের সামরিক শক্তি সম্পর্কে শত্রুরাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। তাদের এই ভুল ধারণার দিন শেষ হয়ে এসেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার দেওয়া এক কড়া বিবৃতিতে আবদুল্লাহি স্পষ্ট করে বলেন, ইরান কেবল স্লোগান দেওয়ার দেশ নয়—রণক্ষেত্রে বাস্তব কর্মের মাধ্যমেই তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করে।

জেনারেল আবদুল্লাহির বক্তব্যে বিশেষভাবে উঠে আসে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায়ই দাবি করে থাকে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানে। কিন্তু এই দাবিকে তিনি সরাসরি খারিজ করে দেন। তাঁর ভাষায়, শত্রুরা যদি সত্যিই ইরানের সামরিক ক্ষমতা জানতে চায়, তাহলে যুদ্ধক্ষেত্রেই তাদের সেই হিসাব মিলিয়ে নিতে হবে। সেখানে গিয়েই তারা বুঝতে পারবে ইরানের প্রকৃত শক্তি সম্পর্কে তাদের ধারণা কতটা সীমিত।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রতিরক্ষা শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটেছে। দেশের অস্ত্রশস্ত্র এখন আগের তুলনায় অনেক বেশি উন্নত, নির্ভুল এবং ধ্বংসক্ষমতাসম্পন্ন। অতীতের যুদ্ধ এবং সামরিক সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান তাদের সমরকৌশলকে নতুন মাত্রায় নিয়ে গেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে শত্রুরা যুদ্ধক্ষেত্রে ইরানের সেই বাস্তব সক্ষমতার মুখোমুখি হচ্ছে।

বক্তব্যে আবদুল্লাহি ইরানের সামরিক নীতি ও নৈতিকতার বিষয়টিও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, শত্রুপক্ষ প্রায়ই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী এবং সাধারণ পরিবারের ওপর নির্বিচারে আঘাত হানার ঘটনাকে তিনি বর্বরতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর বিপরীতে তিনি দাবি করেন, ইরান তাদের সামরিক অভিযানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং মূলত শত্রুর সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করে।

এই প্রেক্ষাপটে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা কৌশলের উদ্দেশ্য হলো আগ্রাসনের জবাব দেওয়া এবং আক্রমণকারীদের এমন বার্তা দেওয়া যাতে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়। তাঁর মতে, ইরান এমন কোনো যুদ্ধ চায় না যা সাধারণ মানুষের ক্ষতি ডেকে আনে; বরং তারা প্রতিরোধমূলক শক্তি হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে চায়।

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের পেছনে ২৮ ফেব্রুয়ারির ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকরা। ওইদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়।

ইরানের অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এসব হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটে। তেহরান এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে।

এই পরিস্থিতির জবাবে ইরান উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা অভিযান শুরু করে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ইরানের হামলার খবর প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এসব অভিযানের মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতার বাস্তব প্রদর্শন ঘটিয়েছে।সংবাদ সতর্কতা

জেনারেল আবদুল্লাহি তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন যে, ইরান এখন “অ্যাকশন ওভার রিটোরিক”—অর্থাৎ কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। তাঁর মতে, দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ইরান কোনো আপস করবে না। শত্রুরা যতদিন আগ্রাসন চালিয়ে যাবে, ততদিন ইরানের প্রতিরোধও অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রশাসন অল্প সময়ের মধ্যেই সংঘাতের সমাপ্তির আশা করছে, তখন ইরানের দৃঢ় অবস্থান পরিস্থিতিকে দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ দিতে পারে। তবুও তেহরানের বার্তা পরিষ্কার—ইরান তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেই তাদের প্রকৃত সামরিক সক্ষমতার পরিচয় দেবে। তথ্যসূত্র: তাসনিম নিউজ

ইরান যুদ্ধ: জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। এর মধ্যে যুক্তরাজ্যে প্রাকৃতিক গ্যাসের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুদ আছে, তা দিয়ে দুই দিনেরও কম সময়ের চাহিদা মেটানো সম্ভব।

ন্যাশনাল গ্যাসের তথ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাজ্যে গ্যাস মজুদ ছিল প্রায় ৬ হাজার ৯৯৯ গিগাওয়াট ঘণ্টা (জিডাব্লিউএইচ)। এক বছর আগে একই সময়ে এই মজুদ ছিল ৯ হাজার ১০৫ গিগাওয়াট ঘণ্টা। দেশটির গ্যাস সংরক্ষণের সর্বোচ্চ সক্ষমতা প্রায় ১২ দিনের সমান হলেও বর্তমানে মজুদ নেমে এসেছে দুই দিনেরও কমে।

এ কারণে মধ্যপ্রাচ্যের সংকট আরো তীব্র হলে যুক্তরাজ্যে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ন্যাশনাল গ্যাস জানিয়েছে, মজুদ কম থাকলেও দেশটি বিভিন্ন উৎস থেকে নিয়মিত গ্যাস পেয়ে থাকে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, বছরের এই সময়ের জন্য যুক্তরাজ্যের গ্যাস মজুদ স্বাভাবিক মাত্রাতেই রয়েছে এবং গত বছরের এই সময়ের সঙ্গে তা প্রায় একই রকম। তিনি বলেন, দেশের গ্যাস সরবরাহের বড় অংশ আসে যুক্তরাজ্যের নিজস্ব সমুদ্রাঞ্চল এবং নরওয়ে থেকে। এর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরোপের সঙ্গে সংযোগ পাইপলাইন এবং সংরক্ষিত গ্যাসও সরবরাহ ব্যবস্থার অংশ।

যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগও জানিয়েছে, দেশটিতে মাত্র দুই দিনের গ্যাস রয়েছে—এমন দাবি পুরোপুরি সঠিক নয়। সরকারের মতে, বিভিন্ন উৎস থেকে গ্যাস সরবরাহ থাকায় জ্বালানি নিরাপত্তা নিয়ে তারা আত্মবিশ্বাসী।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসবাহী কিছু জাহাজ ইউরোপের পরিবর্তে এশিয়ার দিকে চলে যাচ্ছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, শুক্রবারের পর অন্তত দুটি জাহাজ আটলান্টিক মহাসাগর থেকে পথ পরিবর্তন করে এশিয়ার দিকে গেছে। এর আগের সপ্তাহেও তিনটি জাহাজ একইভাবে দিক পরিবর্তন করে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তীব্র বিমান হামলা শুরু করার পর থেকেই গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এর মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ সমুদ্রপথে গ্যাস পরিবহন হয়।

অন্যদিকে ড্রোন হামলার পর কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্রেও উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখে। এর ফলে এশিয়ায় এলএনজির দামও বেড়ে যায়।

যুদ্ধ শুরুর আগে যুক্তরাজ্যে এক মাস পর সরবরাহযোগ্য গ্যাসের দাম ছিল প্রতি থার্ম ৭৮ দশমিক ৫ পেন্স। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৭ পেন্সে। এতে দেশটির জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকে সামনে রেখে তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলে দাম ব্যারেল প্রতি ১০৮.৭৭ ডলারে গিয়ে ঠেকেছে।

২০২০ সালের করোনা মহামারির পর একদিনের ব্যবধানে তেলের দাম বাড়ার অভিজ্ঞতার পর এটিই নতুন রেকর্ড। গত সপ্তাহে তেলের দাম ২৮ শতাংশ বাড়ার পর এই নতুন লাফ দেখা গেল।

সোমবার (৯ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মূলত ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যকার চলমান যুদ্ধই তেলের বাজারে এই অস্থিরতার প্রধান কারণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। দুই পক্ষের হামলা-পাল্টা হামলার মুখে কোনো বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করতে সাহস পাচ্ছে না। ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ্ব অর্থনীতি এখনও মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। আর এই তেল-গ্যাসের অধিকাংশই সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে।’

তিনি আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে তেলের দাম ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে। পরিস্থিতির উন্নতি হলে তা আবার কমতে পারে। তবে কোনো চূড়ান্ত রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারে স্থিতিশীল থাকতে পারে।’

কাসম্যানের মতে, এমন পরিস্থিতি চলতি বছরের প্রথমার্ধে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৬ শতাংশ কমিয়ে দিতে পারে এবং ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ১ শতাংশ বাড়িয়ে দিতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে তেলের দামে ঊর্ধ্বগতি বিশ্বকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা।

সে হিসাবে আজ সোমবার (৯ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

গত বুধবার (৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।