‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল বর্ণ চেনা বা পড়তে ও লিখতে পারার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।



