সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

শেষ দফার নির্বাচনেও কেন্দ্র দখল-জাল ভোটের মহোৎসব

ঢাকা: শেষ দফার নিরুত্তাপ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত দেশের ১২টি উপজেলায় এ ভোট হয়।বরাবরের মত এ দফাতেও ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের দাপট লক্ষ্য করা গেছে। কেন্দ্র দখল, বিরোধী এজেন্টদের বের করে জাল ভোট দিয়েছেন তারা।
82723_1
আর ভোটে ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে দুটি উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। এই দুটি উপজেলা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও বরগুনার তালতলী।

এদিকে, কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ৬শ’ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এছাড়া কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় কেন্দ্র দখল করে জালভোট দিয়েছেন সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা।

ভোট চলাকালে আদর্শ সদর উপজেলার মাদিগাছি আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়, বামইল স্কুল এন্ড কলেজ এবং চায়াগুটান কেন্দ্রে জালভোট দেয়া হয়।

রত্নগাতী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চেয়ারম্যান প্রতীকের দুটি বই ছিনতাই করে নিয়ে গেছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা।

এদিকে, সিরাজগঞ্জে পুলিশ, বিজিবির পাহারার মধ্যে জাল ভোটের মহোৎসব চলেছে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে নারী বুথের ভোটারদের বের করে দিয়ে ব্যালটে সিল মেরেছে সরকার দলীয় লোকজন। খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাদেরও বুথে ঢুকতে দেয়া হয়নি।

এক পর্যায়ে কামারখন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ভোটকেন্দ্রে এসে সিল মারা অবস্থায় দুজনকে আটক করে। কিন্তু সরকার দলীয় লোকজন একজনকে ছিনিয়ে নেয়। তবে ফয়সাল নামের অপরজন আটক থাকে।

এ সময় ইউএনও কয়েকটি বুথ থেকে ৬শ’ সিলমারা ব্যালট উদ্ধার করেন। এ সময় সরকার দলীয় কর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

সিলমারা ব্যালটে দেখা গেছে, সরকার সমর্থিত চেয়ার্যেমান প্রার্থী চৌধুরী আবদুল মতিন চৌধুরীর আনারস প্রতীক, আনিসুর রহমানের টিউবওয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানের ফুটবল প্রতীকে সিল মারা ছিল।

প্রিসাইর্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন অসহায়ত্ব প্রকাশ করে বলেন, সরকার দলীয় কর্মীদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়। ভোটাররা ক্ষোভ প্রকাশ করলেও আমি নিরুপায়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শেষ ধাপে ১৪টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সীমানা সংক্রান্ত জটিলতায় পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়নগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

ফলে ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৬৪ জন, ভাইস-চেয়ারম্যন পদে ৬৯ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন মোট ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

যেসব উপজেলায় ভোট হচ্ছে
রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল উপজেলা, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।

র‌্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার

ঢাকা: নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার বিনিময়ে সাতজনকে খুনের ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের পর এবার টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
image_91766_0
রোববার তাদের প্রত্যাহার করা হয়।

গত শুক্রবার কুমিল্লা থেকে দেড় লাখ টাকাসহ চার ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি টিম। কিন্তু তালিকায় ৬০ হাজার টাকা জব্দ দেখিয়ে বাকি ৯০ হাজার টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা র‌্যাব সদর দপ্তরে একটি অভিযোগ করেন। পরে তদন্তে তাদের অন্যায়ভাবে আটক এবং অর্থ আত্মসাতের সত্যতা খুঁজে পায় র‌্যাব। এরই প্রেক্ষিতে সিপিসি-৩ এর সকল সদস্যকে সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।

তবে র‌্যাব সদর দপ্তর প্রত্যাহারের বিষয়টিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছে।

হাথুরুসিংহেই টাইগারদের নয়া কোচ

ঢাকা: অবশেষে শ্রীলঙ্কার সাবেক টেস্ট ক্রিকেটার চন্দিকা হাথুরুসিংহেই হলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ।সোমবার বিকেলে বিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

image_91837_0

এছাড়া কন্ডিশনার কোচ হিসেবে মালিও ভিলা ভারায়েরকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। শ্রীলঙ্কা দলের সাবেক এ উদ্বোধনী ব্যাটসম্যান যে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন তা অনেকটা আগেই প্রকাশ পায়। তবে হাথুরুসিংহে এর মধ্যে স্বদেশের কোচ হতে আগ্রহও দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবেই আত্মপ্রকাশ করলেন।

এর আগে দীর্ঘদিনের দল নিউ সাউথ ওয়েলসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় এবং ছাড়পত্র নিয়ে নেন হাথুরুসিংহে। তখনই এক প্রকার নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশ দলের পরবর্তী প্রধান কোচ তিনিই হতে যাচ্ছেন। বাকী ছিল কেবল আনুষ্ঠানিকতা। বিসিবি সভাপতির ঘোষণায় সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হল।

আইনজীবীদের মহাসমাবেশ ২৪ মে, থাকবেন খালেদা

ঢাকা: নারায়ণগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাত অপহরণ ও খুনের ঘটনা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্নহস্তক্ষেপ বন্ধ ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে আইনজীবীদের নিয়ে মহাসমাবেশ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

image_91797_0

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ২৪ মে সুপ্রিমকোর্ট চত্বরে এ সমাবেশের আয়োজন করেছে।

সোমবার সুপ্রিমকোর্টের দক্ষিণ মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে খোকন বলেন, ‘আইনজীবীদের এ মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সমাবেশে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।

উপযুক্ত দামে শেয়ার কিনতে আনিসুল হককে নির্দেশ

ঢাকা: দেশ অ্যানার্জি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আনিসুল হককে কোম্পানির দুই উদ্যোক্তার শেয়ার উপযুক্ত দাম দিয়ে ক্রয় করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
image_91825_0
সোমবার বিচারপতি রেজাউল হাসানের একক বেঞ্চ এ বিষয়ে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানির করেন অ্যাডভোকেট আকতার ইমাম জামান।

রায়ে দেশ অ্যানার্জি লিমিটেডের উদ্যোক্তা নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার শেয়ার উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়েছে।

কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ এনে গত বছরের ১৫ এপ্রিল এই মামলা দায়েরে করেন নূহের ও তার বোন।

বিজেপির জয়ে আ. লীগ বিচলিত: ফখরুল

রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের মন্ত্রীরা অনেকে বলছেন, ভারতের লোকসভা নির্বাচনে বাংলাদেশের মানুষ ও বিএনপি নাকি উল্লসিত হয়েছে। কোথায় দেখছেন তিনি এই উল্লাস। বরং এই নির্বাচনের ফলাফলের পর আপনারাই নাভার্স হয়ে নানা কথাবার্তা বলছেন। নার্ভাস না হলে কেন এতো কথাবার্তা বলছেন?”

ফখরুল বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতের নির্বাচনের ফলাফলে কোনোভাবে উল্লসিত নয়।”

fakhrul-islam

এর আগে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভায় সৈয়দ আশরাফ ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিজয়ে বাংলাদেশে যারা উচ্ছ্বাস প্রকাশ করছে তাদেরকে ‘আহাম্মক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “যারা বলেন- মোদি এসেছে, কংগ্রেস নাই, আওয়ামী লীগ থাকবে না। তাদের বলতে চাই, যাদের গণতন্ত্র সর্ম্পকে সামান্য ধারণা আছে তারা এটা বলতে পারেন না। যারা এগুলো বলেন, ফরেন পলিসি সম্পর্কে তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।”

“যারা ভারতের নিঃশেষ দেখতে চায়, তারা মোদিকে অভিনন্দন জানাচ্ছে। এটা নরেন্দ্র মোদি ভাল করেই জানেন, কারা গণতন্ত্রে বিশ্বাস করে।”

শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর কয়েক ঘণ্টার ব্যবধানেই বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানায় বিএনপি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে ফারাক্কার লং মার্চের ৩৮তম বার্ষিকী উপলক্ষে ‘ভারতের কঠোর পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ: পরিত্রাণের উপায় ও আশ্র করণীয় নির্ধারণ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সুসর্ম্পক গড়ে তুলতে চাই। আমরা আশা করি, আজকের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের নতুন সরকার বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা অনুধাবন করে অমীমাংসিত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।”

তিনি অভিযোগ করেন, সরকারের ‘নতজানু ও দাসসুলভ’ নীতির কারণে বাংলাদেশের পানি সমস্যার সমাধান আনতে পারেনি। তারা (সরকার) সীমান্ত হত্যার প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। কারণ এই সরকার ভারতের ওপর নির্ভরশীল একটি সরকার।

উজানে ৫৪টি নদীর ওপর বাঁধ নির্মাণ করে ভারতে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ফখরুল।

গুম-খুনের জন্য সরকারকে অভিযুক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর সারা জাতি সোচ্চার হয়েছে। এরকম ঘটনা কেবল নারায়ণগঞ্জে নয়, গত তিন বছর যাবত সারাদেশে হয়ে আসছে।  বিরোধী দলকে নির্মূলের করার জন্য সরকার পরিকল্পিতভাবে র‌্যাবকে ব্যবহার করে এসব ঘটনা ঘটিয়েছে। বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের হত্যা করেছে।”

মুসলিম লীগের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন, মহাসচিব এম এ রশীদ প্রধান, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য সচিব আলমগীর মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

পদ্মা পাড়ের জেলে চঞ্চল!

Chanchol_635122200‘আশা নিরাশার ভেলা’ নামে এ সিনেমাতে প্রথমবারের মতো জেলে চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় এ অভিনেতা। পদ্মা পাড়ের জেলেদের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

গত ৫, ৬ ও ৭ মে মুন্সিগঞ্জের শ্রী নগরে পদ্মার পাড়ে জেলে পাড়ার বিভিন্ন লোকেশনে এ টেলিছবিটির শুটিং করা হয়। এটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন ও আবদুল্লাহ আকন্দ মানিক।

এতে চঞ্চলের স্ত্রীর ভুমিকায় কাজ করেছেন প্রসূণ আজাদ। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, এহসানুল হক মিনু, সফিক খান দিলু, বাদল, অবিদ রেহান, লিজা, সুমন আহমেদ বাবু, পায়েল, মুমেন, মমর রুবেল, মঞ্জুরুল সুমন প্রমুখ।

এ প্রসঙ্গে চঞ্চল বলেন, গল্পটি অসাধারণ। কাজ করতে গিয়ে নতুনত্ব পেয়েছি। পরিচালক অনেক যত্ন নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছেন।

ফলাফলে ইতিবাচক পরিবর্তন: শিক্ষামন্ত্রী

image_82131_0শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) এবারের ফলাফলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা প্রমাণিত হয়েছে। কারণ, ফলাফলের বিভিন্ন সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে।”

শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

নাহিদ বলেন, “ইংরেজি, বিজ্ঞান, গণিতের মতো বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জিং। এ জন্য এসব বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে।”

শিক্ষামন্ত্রী জানান, “প্রায় আট হাজার স্কুলে গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস নেয়া হয়েছে। এতে পশ্চাত্পদ স্কুলগুলোতেও ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ছাড়া সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের বুঝতে এবং উত্তর দিতেও সহজ হচ্ছে। এসব কারণে ফল ভালো হয়েছে।”

আত্মজীবনী লিখছেন আশা ভোঁসলে

asha1গত আট দশকেরও বেশি সময় ধরে সংগীতভুবনে রাজত্ব চালানো আশা ভোঁসলে দীর্ঘ জীবনে ব্যক্তিগত ও পেশাগত- দু’ দিক থেকেই নানারকম টানাপোড়েন ও ঘাত-প্রতিঘাত দেখেছেন। বিগত বেশ কয়েক বছর ধরে বিরতি ছাড়াই প্রতি রাতেই তিনি ডায়েরিতে তার জীবনের বিভিন্ন স্মৃতি লিপিবদ্ধ করেছেন।

জানা গেছে, এই ডায়েরি অবলম্বনেই একটি আত্মজীবনী প্রকাশ করবেন আশা। সেই আত্মজীবনীতে বোনদের সঙ্গে তার সম্পর্কের কথা থাকবে, বিশেষ করে পেশাজীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সুরের আরেক সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কথা; সুরকার স্বামী রাহুল দেব বর্মনের কথা; তার সন্তান হেমন্ত, বর্ষা ও আনন্দের কথা এবং থাকবে অন্যান্য আরো অনেক কিছুর পাশাপাশি রান্নার প্রতি তার ভালোবাসার কথা।

ডায়েরিতে আশার চিন্তাভাবনাগুলো বেশ ছন্নছাড়া ও অসংলগ্নভাবে ফুটে উঠেছে। তাই এগুলোকে সাহিত্যের আকার দিতে সুর সম্পর্কে বিশেষজ্ঞ এবং একইসঙ্গে হিন্দি, মারাঠি ও ইংরেজি ভাষায় সমান দক্ষ ওয়াশিংটনবাসী একজন অধ্যাপক এরই মধ্যে বেশ উঠেপড়ে লেগেছেন।

নিজের আত্মজীবনীমূলক এই বইটির উপর আশা কাজ করছেন প্রায় এক বছর ধরে। আশার ছেলে আনন্দ এই খবর নিশ্চিত করলেও আত্মজীবনীটি কী নামে প্রকাশিত হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এশিয়ার সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ: মজীনা

image_81341_0বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, এশিয়ার মধ্যে সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। যেভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাতে দেশটির এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধ হওয়াই উচিত।

সোমবার সকালে মাগুরায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদরে সঙ্গে মত বিনিময় সভায় মজীনা এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের কাছে আমেরিকাকে তুলে ধরতে এবং এই দেশ সর্ম্পেকে জানতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, জেলা প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, বদরুল আলম হিরো, বিএনপির সভাপতি কবির মুরাদসহ অর্ধশত রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় মজীনা মাগুরার লিচু, কৃষি এবং দেশের প্রাকৃতিক গ্যাস ও কয়লা সম্পদসহ বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরে তার সরকারের প্রয়োজনীয় বিনিয়োগের আশ্বাস দেন।

পরে তিনি শহরের শত বছরের পুরানো ঐতিহ্যবাহী মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া বিকেলে তিনি ঝিনাইদাহের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, পৌরসভা ও কমিউনিটি রেডিও ঝিনুক পরিদর্শন করবেন।