সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বিরোধী দলনেতার পদ যেন কংগ্রেস না পায়, তৎপর বিজেপি

কংগ্রেসের জন্য কি আরও একটা বড়সড় ধাক্কা অপেক্ষা করে আছে? শতাব্দীপ্রাচীন দলকে কি আরও একটা লজ্জার মুখে পড়তে হবে? কারণ, চেষ্টা চলছে, লোকসভায় বিরোধী দলনেতার পদ যেন কংগ্রেসের কাছে না-যায়৷ এমনিতে সংসদীয় রীতি মেনে সবথেকে বড় বিরোধী দলের নেতা এই সম্মান পেয়ে থাকেন৷ তবে নিয়ম হলো, সেই বিরোধী দলকে লোকসভার মোট সদস্যসংখ্যার অন্তত দশ শতাংশ আসন পেতে হয়৷ প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে কংগ্রেস সবথেকে বড় বিরোধী দল হলেও, দশ শতাংশ আসন কিন্ত্ত পায়নি৷ তবে যেহেতু জোট হিসেবে ইউপিএ দশ শতাংশ আসন পেয়েছে এবং এই জোট ছিল ভোটের আগে থেকেই, তাই বিরোধী দলনেতার পদ কংগ্রেসের কাছেই যাওয়ার কথা৷ কিন্ত্ত এখন চেষ্টা চলছে, জয়ললিতা, মমতা এবং নবীন পট্টনায়কের দল মিলে লোকসভায় একটা ব্লক তৈরি করুক৷ তা হলে সেই ব্লককেই বিরোধী দলনেতার পদ দেবেন স্পিকার৷ এ নিয়ে কথাবার্তাও শুরু হয়েছে৷ তবে আলোচনা যে খুব এগিয়েছে, এমনটা নয়৷
image_82707_0
শেষ পর্যন্ত কংগ্রেস যদি বিরোধী দলনেতার পদ পায়ও, তা হলেও সম্ভবত সোনিয়া বা রাহুল সেই পদ নেবেন না৷ বরং, কমল নাথের মতো কোনো নেতাকে এই পদ দেয়া হতে পারে৷ কারণ দুটো, তার দীর্ঘ দিনের সংসদীয় অভিজ্ঞতা এবং সব দলের সঙ্গে তার সম্পর্ক ও গ্রহণযোগ্যতা৷ কিন্ত্ত কংগ্রেস থেকে কে বিরোধী দলনেতার পদ পাবেন, এই প্রশ্নটার চেয়েও বড় হলো, এই পদ কংগ্রেস আদৌ পাবে কি?

কংগ্রেস নেতারা যুক্তি দেখাচ্ছেন, ২০১২-র সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে যখন কংগ্রেস রাজ্য সরকার থেকে বেরিয়ে আসে, তখন তাদের বিধায়কসংখ্যা সিপিএমের থেকে বেশি ছিল৷ তখন কংগ্রেস বিরোধী দলনেতার পদ দাবি করে৷ কিন্ত্ত বিধানসভার অধ্যক্ষ রুলিং দেন, যেহেতু নির্বাচনপূর্ব জোট হিসেবে বামফ্রন্ট ভোটে লড়েছে, তাই বিরোধী নেতার পদ তাদের কাছেই যাবে৷ কিন্ত্ত বিজেপি নেতাদের দাবি, বিধানসভার নিয়ম লোকসভায় খাটবে না৷ এখানে লোকসভার অধ্যক্ষ চাইলেই নতুন ব্লককে এই পদ দিতে পারেন৷

এখানে আরও একটি বিষয় আছে৷ কংগ্রেস যাতে বিরোধী দলনেতার পদ না-পায়, সে ব্যাপারে বিজেপি যথেষ্ট উৎসাহী৷ কারণ, এমনিতেই কংগ্রেসের দুর্দশা, তার উপর কংগ্রেসকে আরও একটি ধাক্কা দেয়ার সুযোগ কিছুতেই ছাড়তে চাইবে না গেরুয়া শিবির৷ বরং, তারা এটাও দেখাতে চায়, কংগ্রেসের দুরবস্থাটা এখন এমনই যে, বিরোধী নেতার পদও তারা পাচ্ছে না৷

কিন্ত্ত বিরোধী ব্লক গড়তে কি এখন জয়ললিতা, নবীন ও মমতা হাত মেলাবেন? তৃণমূলের রয়েছে ৩৪ জন সাংসদ, জয়ার ৩৭৷ সে ক্ষেত্রে তারা হাত মেলালে সংখ্যাটা কংগ্রেসের চেয়ে বেশি তো হবেই, এমনকি ইউপিএ-র ৬০টি আসনকেও ছাপিয়ে যাবে ৷ আর নবীন মমতা-জয়ার সঙ্গে যোগ দিলে সংখ্যাটা দাঁড়াবে ৯১৷ জয়ললিতা ও নবীন হাত মেলালেও তাদের সম্মিলিত সংখ্যাটা ইউপিএ-র কাছাকাছি চলে আসবে৷ তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে প্রকাশ্যে মুখ না-খুললেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এবং ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী এই বিষয়গুলো নিয়ে মধ্যস্থতার জন্যই দিল্লিতে ঘাঁটি গেড়েছেন৷ ভোটের ফল প্রকাশের পর রাজ্যসভায় যিনি জয়ললিতার এআইএডিএমকে-র নেতা, সেই ভি মৈত্রেয়ণের সঙ্গে নাকি কথাও হয়েছে মুকুলের৷

শেষ পর্যন্ত যদি সত্যিই এই তিনটি রাজনৈতিক দলের ব্লক হয় এবং লোকসভার অধ্যক্ষ তাদের হলে রুলিং দেন, তখন কংগ্রেসের দুরবস্থা নিশ্চিত ভাবেই বাড়বে৷ তবে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী প্রথমেই এই ধরনের কাজে উৎসাহ জোগাবেন কি না, সে ব্যাপারেও প্রশ্নও রয়েছে৷- ওয়েবসাইট

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট, জনদুর্ভোগ

রাজশাহী: ছয় দফা দাবিতে রাজশাহীতে ২৯ ঘণ্টার প্রতিকী পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ প্রতীকী ধর্মঘট বুধবার রাত ৮টা পর্যন্ত চলবে।

এর আগে নসিমন, করিমন, ভুটভুটি পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহন বন্ধ করা না হলে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত প্রতিকী পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে গত ১৫ মে সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয়া হয়েছিল। একই দাবিতে বুধবার বিকেল ৩টায় রাজশাহী বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ রয়েছে।
image_82708_0
এদিকে, ধর্মঘটের কারণে রাজশাহী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে করে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদাক মুঞ্জুর রহমান পিটার জানান, গত ১৫ মে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবিতে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে এ ধর্মঘট শুরু হয়েছে।

তিনি আরো বলেন, ছয় দফা দাবি মানা না হলে বুধবারের সমাবেশ থেকে প্রথমে রাজশাহী জেলা, এর পর গোটা উত্তরবঙ্গ এবং সর্বশেষ গোটা দেশ অচল করে দেয়া হবে।

আর এবার কোনো ক্রমেই পরিবহন শ্রমিক ও মালিকদের এ আন্দোলন স্থগিত হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ছয় দফা দাবির মধ্যে অন্য দাবিগুলো হচ্ছে- সিএনজি, মাহেন্দ্রা, ত্রি-হুইলার, ইমা, রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল এবং রুট পারিমট দেয়া বন্ধ করতে হবে, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলাভিত্তিক চলাচল বন্ধ করা, স্কেলের নামে ট্রাকের চাঁদাবাজি এবং সবধরনের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

পাকিস্তানে জিও টিভিসহ তিন চ্যানেলের সম্প্রচার বন্ধ

ইসলামাবাদ: জিও নিউজসহ পাকিস্তানের জিও টেলিভিশন নেটওয়ার্কের মালিকানাধীন তিনটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পামরা। একই সঙ্গে তিনটি চ্যানেলের কার্যালয়ও সিলগালা করার নির্দেশ দেয়া হয়েছে।
image_82705_0
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জিও নিউজ ছাড়াও জিও তেজ ও জিও এন্টারটেইন্টমেন্টের সম্প্রচার বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় পামরা। তবে ২৮ মে এ তিন টেলিভিশনের লাইন্সেস বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এদিকে গত এপ্রিলে জিও নিউজের নির্বাহী সম্পাদক হামিদ মীরের ওপর গুলির ঘটনায় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংবাদ চ্যানেলটি। এর পরেই চ্যানেলটি বন্ধ করে দেয়ার জন্য আবেদন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি মুক্ত

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের পুলিশ আটজন বাংলাদেশি কর্মীকে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মারামারি ও গোলযোগের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন ওই বাংলাদেশীরা। এ খবর দিয়েছে সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস।
image_82703_0
এই আটজনের বয়স ২৬ থেকে ৩৮ এর মধ্যে। তারা আরো ছয়জনের সঙ্গে মিলে তিনজন ভারতীয়কে আহত করে বলে অভিযোগ ছিল।

২৫ মার্চ কাকি বুকিত রোডে তাদের মেস থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এক লাইভ খেলা দেখার সময় এই গোলযোগ বাঁধে।

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত শতাধিক, ১১৮টি মৃতদেহ উদ্ধার

আবুজা: নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন, জস শহরে দুটি বড় ধরনের বিস্ফোরণের পর সেখান থেকে ১১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আশংকা করা হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ থেকে থাকতে পারে।
image_82686_0
কোনো সংগঠন এখনো এ ঘটনার দায় শিকার করেনি, তবে ঘটনার প্রকৃতি দেখে এটি জঙ্গি সংগঠন বোকো হারামের কাজ হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রথম বোমাটি একটি ভ্যানের মধ্যে লুকানো ছিল এবং এটি একটি ব্যস্ত বাজারে বিস্ফোরিত হয়।

এর কুড়ি মিনিট পর একটি হাসপাতালের কাছে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণে কিছু উদ্ধার-কর্মীও নিহত হয়।

সম্প্রতি জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে একই ধরনের বেশ কিছু বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহের তীর ওই দলটির দিকেই যাচ্ছে।

তবে জস শহরে সাম্প্রতিক বছরগুলোতে খ্রিস্টান ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ দাঙ্গার ইতিহাস থাকায় এখনই কোনো উপসংহারে পৌঁছানো যাচ্ছে না।

হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নরের একজন মুখপাত্র।

দুর্ঘটনাস্থলে বেশ কিছু ধ্বংসস্তূপ এখনো সরানো হয়নি।

স্থানীয় জরুরি সেবা সংস্থার একজন কর্মকর্তা জানাচ্ছেন, সকাল নাগাদ ধ্বংসস্তূপ সরানো হলে সেখান থেকে আরও মৃতদেহ বের হতে পারে বলে তাদের আশংকা।

বিস্ফোরণে ৫৬ জন মানুষ আহত হয়েছে বলেও জানা যাচ্ছে।– বিবিসি।

৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৮০ হাজার ৩১৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।
82769_1
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বিশাল আকারের এই এডিপির অনুমোদন দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ‘যে টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে তা যেন যথাযথভাবে ব্যয় হয়। সচিবদের আমি নির্দেশ দিচ্ছি তারা যেন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত হচ্ছে কিনা তা সরেজমিনে দেখেন।’

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব রোধ করা গেলে বাড়তি প্রকল্প ব্যয়ও রোধ করা যাবে। মনে রাখতে হবে আমরা যদি জনগণের ভাগ্য গড়ে দিতে পারি কেবলমাত্র তখনই আমরা সার্থক।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এটা সম্ভব হলে ২০২১ নয় ২০১৯ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।

নতুন এডিপিতে সায়ত্ত্বশাসিত সংস্থাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৬৮১ কোটি টাকা।

অনুমোদিত এডিপির মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

তিনি জানান, এডিপিতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণের জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের চাহিদা ও আমাদের সক্ষমতার মধ্যে সমন্বয় করে এ এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। ২০০৯ সালে সরকার গঠনের বছর এডিপি ছিল ২৩ হাজার কোটি টাকা। আর এ বছর তা ৮৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘এডিপির এটাই নির্দেশ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। বাংলাদেশ এগিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১১৮০ ডলার।’

পদ্ম সেতু বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘এ বছর পদ্মা সেতুর জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুন মাসে পদ্মা সেতুর ওয়ার্ক অর্ডার দেয়া হবে এবং আগামী অর্থবছর থেকেই মূল সেতুর কাজ শুরু হবে। আগামী ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যেই পদ্মা সেতু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।’

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, নতুন অর্থবছরের এডিপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার ২৮৪ কোটি টাকা বৃদ্ধি করেছেন।

৭৭ বিচারক রদবদল

সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ ও রাষ্ট্রপতির আদেশে নিম্ন আদালতের ৭৭ জন বিচারক রদবদল করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ এএম জুলফিকার হায়াতকে প্রেষণে এবং আইন কমিশনের সিনিয়র গবেষণা কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) মাকসুদুর রহমানকে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
image_91944_0
আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার এ আদেশটি জারি করা হয়েছে।

বদলি আদেশে ঢাকার নিম্ন আদালতের ৭জন বিচারক রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- সাউদ হাসান, তৈয়বুল হাসান, ওয়াসিম শেখ, মো. হারুনন-অর-রশিদ, মোস্তফা শাহরিয়ার খান, মো. আব্দুছ সালাম এবং কেশব রায় চৌধুরী।

ঢাকার আদালত থেকে সিনিয়র সহকারী জজ সাউদ হাসানকে মানিকগঞ্জের জেলা লিগ্যাল অফিসার হিসেবে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসানকে ফরিদপুরে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখকে মানিগঞ্জের সহকারী জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুনন-অর-রশিদকে মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খানকে নরসিংদী সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুছ সালামকে নারয়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীকে নারয়নগঞ্জের সিনিয়র সহকারী জজ হিসেবে বদলি করা হয়েছে।

দেশের অন্যান্য আদালত থেকে ঢাকার আদালতে যে ৭জন বিচারক যোগ দেবেন: ফেণী থেকে ঢাকায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন বেগম নাজমুন নাহার নীপু এবং বর্তানে সংযুক্ত আইন ও বিচার বিভাগের সহকারী জজ বেগম তাহেরা আনোয়ার ঢাকার সহকারী জজ হিসেবে যোগ দিচ্ছেন। এছাড়া কুষ্টিয়া থেকে মো. শাহীনুর রহমান (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), নারায়ণগঞ্জ থেকে মোল্যা সাইফুল আলম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট), খুলনা থেকে আশোক কুমার দত্ত  (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট), ব্রাহ্মণবাড়ীয়া থেকে জাহাঙ্গীর হোসেন (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট),  ময়মনসিংহ থেকে মোহাম্মদ রাশেদ তালুকদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন।

বিচার ১/১টি-১/২০১০ (অংশ-১)-২৩৭ স্মারকের আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে নিম্নলিখিত সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ  না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত জেলার/কর্মস্থলে সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ আইন কর্মকর্তা/সমমর্যাদার পদে নিয়োগ করা হলো।

এছাড়া নং২৬৫-বিচার-৩/১টি-০৩/২০০৯ আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে নিম্নবর্ণিত যুগ্ম জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তাদ্বয়কে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ করা হল।’

রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল কবির ও মিজানুর রহমান খান উপ-সচিব (প্রশাসন-১)।

খুন করতে গিয়ে ফেঁসেছেন ইথিওপিয়ার গৃহকর্মী

সংযুক্ত আরব আমিরাতে তিন শিশুকে হত্যা প্রচেষ্টার অভিযোগে এক প্রবাসী গৃহকর্মীকে আটক করা হয়েছে। সোমবার আদালতের শুনানি থেকে জানা যায়, ওই নারী তার মালিকের তিন ছেলেমেয়েকে হত্যা করে বাড়ির মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল।

 image_92005_0.gif
ঘটনার দিন দুবাই শহরে নিজেদের বাড়িতে ঘুমিয়ে ছিল তিন শিশু- ১৪ বছরের বোন আর দশ বছর বয়সী দুই ভাই। এসময় চাপাতি আর গরম পানি নিয়ে ঘুমন্ত শিশুদের ওপর হামলা চালায় বাড়ির গৃহপরিচারিকা। এতে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং তারা চিৎকার শুরু করে। তার কাছে প্রণভিক্ষাও চায় তারা । কিন্তু শিশুদের জন্য তার দিলে দয়া হয়নি। শিশুরা প্রাণ বাঁচাতে বাথরুমে গিয়ে লুকায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
শিশুরা এ হামলা থেকে প্রাণে বাঁচলেও আহত হয়েছে। গরম পানিতে তাদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।
ইথিওপিয়ার বাসিন্দা ওই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করেছে শিশুদের অভিভাবকরা। ওই নারী আদালতে অভিযোগ স্বীকার করে বলেন, তার মালিক নানাভাবে তার ওপর নির্যতন চালাত এবং  তাকে দেশে যেতে দিত না। এতে তার মন খারাপ হয় এবং সে মালিকের ওপর প্রতিশোধ নেয়ার জন্য শিশুদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা এবং চুরির অভিযোগ এনেছে দুবাই আদালতের সরকারি পক্ষের উকিল। অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। সোমবার আদালতে শুনানি চলাকালে এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুমাইদান।

৫ দিন ধরে অচল হিলি স্থলবন্দর

দিনাজপুর: হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ৫ম দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে গত পাঁচদিন ধরে বন্ধ রয়েছে দেশর দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড এবং পরিবহনের কাজ। গত কয়েকদিন ধরে আমদানি-রফতানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দর এলাকা।
image_82268_0
এদিকে হিলি স্থলবন্দরে সৃষ্ট জটিলতা পাঁচদিনেও সমাধান না হওয়াই সোমবার হিলিতে সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। রোববার বেলা ১১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, বাধ্য হয়েই হরতাল দেয়া হয়েছে। গত পাঁচদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়াই হরতাল আহ্বান করা হয়েছে।

হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, আমাদের হরতালের প্রতি স্থানীয় সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে।

বিজিবির হয়রানির প্রতিবাদে রোববারেও বেলা সাড়ে ১১টায় বন্দরের চারমাথা মোড়ে রাস্তা অবোরধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দরের আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ট, ট্রাক ও কুলি শ্রমিক সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম জানিয়েছেন, বন্দরের জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, বন্দর দিয়ে আমদানি পণ্যের মেনিফিস্টে বা ট্রাক চালানে বিজিবির সীল মারা, ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের অপসারণের দাবিতে গত বুধবার থেকে বন্দরে ধর্মঘট পালন করে আসছে ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা।

সিঙ্গারের সব আউটলেটে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সার্ভিস

ঢাকা: বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট সার্ভিস দি ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি, বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল চেইন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং ব্যাংক এশিয়া লিমিটেড দেশব্যাপী ৩৭১টি সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সার্ভিসের কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে বিশ্বের দুইশ’টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে পাঠানো অর্থ বাংলাদেশের যেকোনো প্রান্তে অবস্থিত যেকোনো সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ থেকে নির্ধারিত ব্যাংকিং সময়ের পরও (রাত ৮টা পর্যন্ত) উত্তোলন করা যাবে।
image_82356_0
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাজধানীর একটি হোটেলে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিঙ্গার এশিয়া লিমিটেডের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এএম হামিম রহমতউল্লাহ বলেন, “সিঙ্গার, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ব্যাংক এশিয়ার এই সম্মিলিত প্রচেষ্টা গ্রাহকদের কাছে বহুমুখী পণ্য ও সেবা প্রদান করার জন্য সিঙ্গারের কর্মকৌশলের অনেকগুলো উদাহরণের একটি।”

ওয়েস্টার্ন ইউনিয়ন, সিঙ্গার এবং ব্যাংক এশিয়ার মতো তিনটি বিশ্বস্ত ব্র্যান্ডের এই প্রচেষ্টা দেশের সব সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপকে মানি ট্রান্সফার হাবে পরিণত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিঙ্গারে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস শুরু করা প্রসঙ্গে ওয়েস্টার্ন ইউনিয়নের মিডল ইস্ট ও সাউথ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিভ গারোদিয়া বলেন, “বাংলাদেশে ১২ হাজারেরও বেশি লোকেশন নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন সর্ববৃহৎ আন্তর্জাতিক মানি ট্রান্সফার নেটওয়ার্ক হিসেবে সেবা প্রদান করছে।”

এই উদ্বোধন উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের আর্থিক খাতের ক্রমাগত উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে আর্থিক লেনদেনের প্রসার এবং সহজলভ্য মানি ট্রান্সফার ব্যবস্থার প্রয়োজনীয়তা আমরা বুঝি। সিঙ্গার বাংলাদেশ ও ব্যাংক এশিয়ার সাথে সহযোগীতায় আমরা বিশ্বব্যাপী আমাদের কর্মকৌশল অনুযায়ী প্রতিনিয়ত টাচ পয়েন্ট বৃদ্ধি এবং সকলকে সহজ ও নির্ভরযোগ্য মানি ট্রান্সফার সুবিধা প্রদানের কাজটি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।”

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ. রউফ চৌধুরী বলেন, “সিঙ্গার ও ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে আমাদের এই সম্মিলিত উদ্দ্যোগের ফলে আমরা আরো বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারব এবং গ্রাহকদের জন্য দেশব্যাপী ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সার্ভিস গ্রহণ করা সহজলভ্য হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, “দেশব্যাপী সিঙ্গারের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের মানুষ আস্থা, নিরাপত্তা ও নিশ্চয়তার সঙ্গে দেশের বাহিরে থেকে পাঠানো টাকা উত্তোলন করতে পারবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে দেশের সবচেয়ে বিস্তৃত রিটেইল চেইন সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ এখন মানুষের দোড়গোড়ায় মানি ট্রান্সফার সেবা পৌঁছে দেবে। সারা দেশব্যাপী সবগুলো সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ রাত ৮টা পর্যন্ত খোলা থাকে বলে গ্রাহকরা নির্ধারিত ব্যাংকিং সময়ের পরও সিঙ্গারের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন।”

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও কমার্শিয়াল পেমেন্ট- ইস্ট ও সাউথ এশিয়ার বিজয় রাজ পাদুভাল এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হুসাইন বক্তব্য রাখেন।