শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে বুকে গুলি করবে: বাদল

badol১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল বলেছেন, “বিএনপি একটি টেরোরিস্ট সংগঠন। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠি দিয়ে মোকাবেলা করবে। পরে পায়ে গুলি করবে। পায়ে গুলিতে কাজ না হলে পরিস্থিতি বুঝে বুকে গুলি করবে।”

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ আহ্বান জানান।

মাঈনুদ্দীন খান বাদল বলেন, “আমরা তো খালেদার কাছ থেকে রাজনৈতিক বিরোধিতা চাই। বেগম জিয়ার উচিত ছিল কিছু বই পড়া।”

তিনি বলেন, “কিছু বিজ্ঞ লোক বলেন, দেশ নাকি অসহনীয় অবস্থায় আছে। কই অসহনীয় অবস্থা। ১ তারিখে কী অবস্থা ছিল, ৩ তারিখে কী অবস্থা ছিল, ৫ তারিখ কী অবস্থা ছিল। এখন তো স্বাভাবিক।”

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের শীর্ষ নেতারা।

বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এ আউয়াল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

অবৈধ সরকারের দুর্বল ভিত্তি ভেঙে পড়েছে: কাজী জাফর

zafor2জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, “ক্ষমতালিপ্সু অবৈধ সরকার সারাদেশে গণগ্রেফতারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু সরকারের এই নগ্ন উদ্দেশ্য কখনো বাস্তবায়িত হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারাদেশে যে গণআন্দোলন শুরু হয়েছে তাতে এই অবৈধ সরকারের দুর্বল ভিত্তি ভেঙে পড়েছে।”

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফর এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই বিবৃতি দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন যাবত দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা যে ‘মিথ্যাচার’ করছেন তার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টিসহ ২০ দলীয় নেতাকর্মীদের সঙ্গবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করার আহ্বানও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

সরকারের প্রতি হুঁশিয়ার করে জাফর বলেন, “অনতিবিলম্বে আহসান হাবীব লিংকনসহ সারাদেশে গ্রেফতারকৃত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বৈরী আচরণের সমীচীন জবাব দেয়া হবে।”

সিনহা প্রধান বিচারপতি হওয়ায় ভারতে ‘উচ্ছ্বাস’

sk sinhaআপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) প্রধান বিচারপতি নিয়োগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে প্রথম হিন্দু প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার খবরটি মঙ্গলবার দেশটির পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে ছেপেছে। দেশটির জাতীয় পত্রিকাগুলো ছাড়াও আঞ্চলিক পত্রিকাগুলোতেও প্রথম পাতায় ব্যাপক গুরুত্ব পেয়েছে  বিচারপতি সিনহার খবর।

টাইমস অব ইন্ডিয়া ‘সুরেন্দ্র কুমার সিনহা অ্যাপয়েন্টটেড নেক্স চিফ জাস্টিস অব বাংলাদেশ’ শিরোনামে লিখেছে,বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রথম হিন্দু ব্যক্তি প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন।

ভারতের সর্বাধিক প্রচারিত হিন্দি দৈনিক জাগরণ ‘বাংলাদেশ কি পহেলি হিন্দু মুখ্য ন্যায়াধীশ বানে এসকে সিনহা’ শিরোনামের খবরে লিখেছে, রাষ্ট্র হিসেবে জন্ম নেয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপ্রতি হিসেবে এসকে সিনহা প্রথম হিন্দু মানুষ। যিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে যুদ্ধাপরাধের জন্য গঠিত অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর প্রধান বিচারপতি।

উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বাংলা দৈনিক যুগশঙ্খ প্রথম পাতায় গুরুত্ব সহকারে ছেড়েছে এসকে সিনহার খবর। পত্রিকাটি লিখেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে প্রথম হিন্দু প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছে। এসকে সিনহা বঙ্গবন্ধু হত্যা মামলা ও তদারকি সরকারব্যবস্থা বিলুপ্তির জন্য সংবিধানের যে সংশোধন আনা হয়েছিল সেটির বিচারপতি ছিলেন তিনি।

সব সময় বাংলাদেশবিরোধী অবস্থান নেয়া আসামের সর্বাধিক প্রচারিত দৈনিক অসমীয় প্রতিদিনও প্রথম পাতায় ছবিসহ গুরুত্ব দিয়ে ছেপেছে এসকে সিনহার খবর। তাদের শিরোনাম ছিল ‘প্রধান ন্যায়াধীশ পদত হিন্দু ধর্মীয় সুরেন্দ্র কুমারা সিনহাক নিযুক্তি।’

এ ছাড়া ভারতের হিন্দু দৈনিক মহারাষ্ট্র টাইম, নবভারত, কলকাতার দৈনিক বর্তমান থেকে শুরু করে জাতীয় ও আঞ্চলিক প্রায় সবগুলো  পত্রিকা বিচারপতি সিনহার খবর গুরুত্ব দিয়ে ছেপেছে।

প্রসঙ্গত, দেশের ২১তম প্রধান বিচাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা)।  ১৭ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।

সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসকে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের অনুপস্থিতিতে গত ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সংলাপের জন্য বিনয়ের সঙ্গে লিখিত আবেদন করতে হবে: ইমাম

htimamবিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, “সংলাপে বসতে হলে সন্ত্রাসী, জঙ্গিবাদী, যুদ্ধাপরাধীদের ত্যাগ করার লিখিত দিয়ে সরকারের কাছে ভালোভাবে বিনয়ের সঙ্গে আবেদন করতে হবে। যেনতেনভাবে করলে হবে না।”

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে এইচটি ইমাম এসব কথা বলেন। ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের এক বছর’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান।

এইচটি ইমাম বলেন, “তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। এটি একটি দেশের সরকারের ওপর নির্ভর করে, সরকার চাইলে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।”

তিনি বলেন, “বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এজন্য তারা নিজেদের চুল ছিঁড়েছে। এখন তাদের ভুলের আক্রোশ জনগণের ওপর যাচ্ছে।”

ইমাম বলেন, “যারা বাংলাদেশে বিশ্বাস করেন তাদেরই এদেশে থাকার অধিকার আছে। ৫ জানুয়ারির নির্বাচন ছিল বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। কারণ বিরোধীপক্ষের পেছনে ছিল রাজাকার, পাকিস্তান, আইএসআই ও আন্তর্জাতিক চক্র।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা  বলেন, “বিএনপি বাংলাদেশে বসবাস করে কিন্তু পাকিস্তানে বিশ্বাস করে। আজও তারা বাসে-ট্রেনে আগুন দেয়। মানুষ পুড়িয়ে হত্যা করে- কত অসভ্য, কত বর্বর যুগে এরা চলে গেছে!”

তিনি বলেন, ‘আদালত সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেছিল তাই চিন্তা করতে হবে আমরা বিএনপিকে অবৈধ ঘোষণা করব কিনা।’

সেমিনারে আরো বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, একাত্তর টিভির  মোজ্জামেল বাবু, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, অসিম কুমার উকিল, সুজিদ রায় নন্দী এবং ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

অস্ট্রেলিয়ায় সাকিবের ‘দুর্দান্ত’ বোলিং: ১৩ রানে ৪ উইকেট লাভ

sakibausতিন ফরম্যাটেই বিশ্বেসেরা অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। তিনি কেনো সেরা সেটা আবার প্রমাণ করলেন আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মাটিতে। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করে প্রতিপক্ষকে ৮০ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন দেশসেরা এই ক্রিকেটার।

মঙ্গলবার সাকিব বল হাতেই শুধু নিজের কারিশমা দেখিয়েছেন তা নয়, ফিল্ডিংয়েও তিনি মুন্সিয়ানা প্রদর্শন করেন। চার উইকেটের পাশাপাশি দুটি কট নিয়েছেন বাংলার এই টাইগার এবং একটি দুর্দান্ত রান আউটও করেছেন।

চার উইকেটের মধ্যে সাকিব দুজনকে সরাসরি বোল্ড করেন, একজন স্ট্যাম্পিংয়ের শিকার হন এবং অন্যজনকে কট এন্ড বোল্ড করেন। সাকিবের সরাসরি থ্রোতে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরতে হয় সাবেক ইংলিশ তারকা এন্ড্রু ফ্লিনটফকে।

প্রসঙ্গত, এর আগে বিগ ব্যাশের প্রথম দুই ম্যাচে তিন উইকেট লাভ করেন সাকিব আল হাসান।     -ক্রিকইনফো

বেসরকারি টিভি চ্যানেলের প্রথম নারী নির্বাহী প্রযোজক নায়লা

nailaবাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের ইতিহাসে প্রথম নারী নির্বাহী প্রযোজক হলেন নায়লা পারভীন পিয়া। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ সম্প্রতি তাকে নির্বাহী প্রযোজক হিসেবে নিয়োগ দিয়েছেন। এরইমধ্যে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করেছেন।

এ ব্যাপারে নায়লা পারভীন পিয়া জানান, নতুন দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। সবার সহযোগিতা চান। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকে আরো গতিশীল ও সহজসাধ্য করতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পিয়া গণমাধ্যম কর্মী, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে দোয়া চেয়েছেন।

নায়লা পারভীন পিয়ার টেলিভিশনে প্রথম কর্মস্থল একুশে টেলিভিশন। চ্যানেলটির দেশজুড়ে অনুষ্ঠানের গবেষণা ও প্রতিবেদনের কাজ শুরু করেন পিয়া। এরপর একই টেলিভিশনে প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেন। এরপর যমুনা টেলিভিশনের প্রথম দফায় সহকারী প্রযোজক হিসেবে সেখানে যোগ দেন। তারপর ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে যোগ দেন সহযোগী প্রযোজক হিসেবে। সেখানেই দু’দফা পদোন্নতি পান তিনি। প্রযোজক থেকে জ্যেষ্ঠ প্রযোজক হন।

সবশেষে কর্তৃপক্ষ পিয়াকে নির্বাহী প্রযোজক হিসেবে পদোন্নতি দিল।

পাকিস্তান ছায়াযুদ্ধ বাধাতে চায়: ভারত সেনাপ্রধান

shingভারতীয় সেনাবাহিনী প্রধান দলবীর সিং বলেছেন, “জম্মু-কাশ্মির সীমান্তে ছায়া যুদ্ধ বাধাতে চাচ্ছে পাকিস্তান। নিজেদের নানা সমস্যা থাকা সত্ত্বেও দেশটি এমনটা করতে চাচ্ছে।”

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মির সীমান্তের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বেপড়োয়া মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।”

সীমান্তে অস্ত্র বিরতি লংঘন প্রসঙ্গে দলবীর সিং বলেন, “সন্ত্রাসীরা লাইন অব কন্ট্রোল দিয়ে ভারতে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না। তাই তারা আন্তর্জাতিক সীমাকে কাজে লাগাতে চাচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসের কাঠামো এখনো সক্রিয় আছে।”

গত আগস্ট থেকে অক্টোবর মাসে সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় দু’দেশের ১৩ জন নিহত হয়েছে। সীমান্ত এলাকা ছেড়েছে ৩২ হাজারের বেশি মানুষ।–টাইমস অব ইন্ডিয়া।

পোশক শ্রমিক নিয়ে বাস খাদে, আহত ৪০

savarসাভারে পোশাক শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪০ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সাভার থেকে একটি পোশাক শ্রমিকবাহী বাস বিরুলিয়ার কাজল গার্মেন্টেসে ৬০ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে। বাসটি বিপিএটিসির সামনে এলে ঘণ কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৬০ যাত্রীর অন্তত ৪০ জন আহত হন।

এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদের মধ্য চৈতি ও আলামিনসহ তিনজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছাত্ররাজনীতি এখন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থনির্ভর: রাষ্ট্রপতি

hamid13ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “ছাত্ররাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থনির্ভর হয়ে পড়ছে। এ থেকে বেরিয়ে এসে ছাত্ররাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে হবে।”

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে অনেক বরেণ্য রাজনীতিবিদের। মূলত ছাত্ররাজনীতির পথ বেয়েই তাদের উত্থান ঘটেছে। নেতৃত্ব সৃষ্টিতে ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। তবে তা হতে হবে আদর্শিক ও জনকল্যাণমুখী।”

নিজেদের সময়ের ছাত্ররাজনীতির কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “ষাটের দশকে আমরা যারা ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, তাদের সবারই আদর্শ ছিল। সেই আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। সেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের কোনো স্থান ছিল না।”

তিনি সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হৃদয়ে ও মননে দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে বলেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বই পড়া, নিজ এলাকায় পাঠাগার তৈরি, দরিদ্র শিশুদের সহায়তা, রক্তদান ও বস্ত্রদানসহ মানবিক, সামজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে আচার্য কার্জন হলের সামনে থেকে শোভাযাত্রা করে সমাবর্তনস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবর্তন অনুষ্ঠান বেলা একটা ৫১ মিনিটে আবার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয়।

নাসিমের মঞ্চে ককটেল বিস্ফোরণ

nasim21স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মঞ্চে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বেলা ২টার দিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ হাসপাতাল মাঠে এ ঘটনা ঘটে। পরপর ছয়টি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন প্রধান অতিথি। তিনি পৌনে ২টার দিকে মঞ্চে ওঠেন।

এর পরপরই একে একে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। এতে মঞ্চের পাশে অবস্থানরত চারজন আহত হন।
ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে চলে যান।