শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চোখাচোখি না হলে চাকরি নয়

interviewইন্টারভিউ দেওয়ার সময় চাকরিপ্রার্থীরা সবচেয়ে বড় কী ভুল করেন জানেন? প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন না৷ এটাই চাকরিপ্রার্থীর ভঙ্গিমার সবচেয়ে বড় ভুল বলে একটি সমীক্ষায় উঠে এসেছে৷ সমীক্ষায় বলা হয়েছে, ‘মিনিট ১৫-র মধ্যেই ৯১ শতাংশ ক্ষেত্রেই বুঝে নেওয়া যায় প্রার্থীটি চাকরির যোগ্য কিনা৷’

৪০০টিরও বেশি সংস্থার উপরে সমীক্ষা করে কেরিয়ারবিল্ডার ইন্ডিয়া নামে একটি সংস্থা দেখেছে, ৫৬ শতাংশ ইন্টারভিউয়ারই প্রথম পাঁচ মিনিটেই বুঝে নেন, চাকরিপ্রার্থী সংশ্লিষ্ট পদের উপযুক্ত কিনা৷ কী ভাবে বোঝেন? ৭০ শতাংশ চাকরিদাতাই মনে করেন, চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় ভুল হল চোখের দিকে না তাকানো, আর ৫৬ শতাংশ মনে করেন, অনুপযুক্ত অঙ্গভঙ্গি (বডি ল্যাঙ্গোয়েজ) ও আচরণই ব্যর্থতার কারণ৷ অনেকে টেবিলের উপরে খেলা করতে থাকেন (৪৫ শতাংশ), হাসতে পারেন না (৪৪ শতাংশ), করমর্দনের ক্ষেত্রে দুর্বলতা থাকে (৪৪ শতাংশ), কারও বসে থাকার মধ্যে অস্থিরতা (৩৫ শতাংশ) দেখা যায়, কেউ বুকের কাছে হাত ভাঁজ করে রাখেন (৩৫ শতাংশ) প্রভৃতি৷ অনেকে আবার বার বার কপালের উপর থেকে আঙুলের ফাঁক দিয়ে মাথার দিকে চুল সরাতে থাকেন (৩১), হাত কী ভাবে রাখবেন ঠিক করতে না পেরে কেউ নানা রকম করতে থাকেন (৩১ শতাংশ) অনেকে আবার এত জোরে হ্যান্ডশেক করেন (২৩ শতাংশ)!

কেরিয়ারবিল্ডার নামে ওই সংস্থার মুখ্য মানবসম্পদ আধিকারিক রোজমেরি হেফনার বলেন, ‘শুধুমাত্র প্রশ্নের উত্তর কী ভাবে দিলেন, তার উপরেই চাকরির ইন্টারভিউয়ের সবটুকু নির্ভর করে না৷ আপনার ভাবভঙ্গি কেমন, তার উপরেও অনেক কিছু নির্ভর করে৷ চাকরিদাতারা বাচনভঙ্গির বাইরের অন্য লক্ষণ দেখে বুঝে নিতে চান, চাকরিপ্রার্থী কতটা পেশাদার এবং তিনি পদের উপযুক্ত কিনা৷’

‘৫৭ দিনে ক্রসফায়ারে নিহত ১১৪’

gazi3দেশে চলমান হরতাল-অবরোধের ৫৭ দিনে  ক্রসফায়ারে ১১৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন গাজী জানান- দেশি-বিদেশি পত্রিকা ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যে এ পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, “বিচার বহির্ভূত হত্যাকান্ডে এ পর্যন্ত নিহত হয়েছে ১১৩ জন। এর মধ্যেই খবর এসেছে তিতুমীর কলেজের নিখোঁজ ছাত্র মেহেদী হাসান রুবেলের লাশ তার এলাকায় পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে।”

তিনি বলেন, “দেশ এক প্রকার অচল হয়ে আছে। একদিকে চলছে জনগণের প্রতিরোধ আন্দোলন, অবরোধ-হরতাল, অন্যদিকে সরকারি বাহিনীর বন্দুকের গুলিতে-সহিংসতায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত আর দগ্ধ মানুষের সারি, সরকারি সব বাহিনীর অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগ। চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দমনে নামে সরকারি বাহিনী সরাসরি বুকে গুলি করে মানুষ হত্যা করছে। হত্যার পর সেই পুরনো পন্থায় বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহতের হয়েছে বলে মিথ্যা কল্পকাহিনীর প্রচার করছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধে’র নামে  বিচার বহির্ভূত হত্যা চলছে বেপরোয়াভাবে। কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পিতভাবেই রাজনৈতিক কর্মীদের গাড়ির নিচে চাপা দিয়ে কিংবা সারা শরীরে অসংখ্য গুলিবিদ্ধ মৃত ব্যক্তিকে গণপিটুনিতে মৃত বলে দেখানো হচ্ছে। অবরোধের ৫৭ দিনে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে অর্থাৎ তথাকথিত ক্রসফায়ারে মোট ১১৪ জন নিহত হয়েছে।”

রুহুল আমিন গাজী  বলেন, “দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম। সংসদে প্রধানমন্ত্রীর দেয়া হিসাবেই চলমান সংকটে ১ লাখ ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, এই ভয়াবহ সংকট সমাধানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। জাতিসংঘসহ আন্তজাতিক বিশ্ব এবং দেশের সর্বমহল থেকে সংকট সমাধানে দুই রাজনৈতিক পক্ষকে দ্রুত সংলাপে বসার আহবান জানালেও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাতই করা হচ্ছে না। সরকার একটি ন্যায্য রাজনৈতিক আন্দোলনকে ধ্বংসাত্মক বা সন্ত্রাসী কর্মকা- হিসেবে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের একগুঁয়েমির কারণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। অস্ত্রের ভাষা যে রাজনীতির ভাষা হতে পারে না, সে কথা কিছুতেই তারা বুঝতে চাচ্ছে না। ফলে দেশের ভবিষ্যত নিয়ে গোটা জাতি-আজ চিন্তিত। আতংক, অনিশ্চয়তার অন্ধকার থেকে মানুষের মুক্তি মিলছে না । চারদিকে এক দমবন্ধ অবস্থা। ”

তিনি বলেন, “আজকের সংকটের মূল উৎস গত বছরের ৫ জানুয়ারির ভুয়া নির্বাচন। ওই নির্বাচনটির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন, ‘সংবিধানের বাধ্যবাধকতার কারণে এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন। সবার সঙ্গে আলোচনা করে আবার পূর্ণাঙ্গ নির্বাচন করা হবে।’ তাই ৫ জানুয়ারির নির্বাচন প্রধানমন্ত্রীর মতেই ছিল অপূর্ণাঙ্গ, অগ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু সেই প্রতিশ্রুতির কথা তিনি বেমালুম ভুলে গেছেন। এ বিষয়ে তাকে বিভিন্ন মহল থেকে বার বার স্মরণ করিয়ে দেয়া সত্ত্বেও তিনি তা মানতে নারাজ। গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে হবে এ সহজ কথাটি তিনি কিছুতেই বুঝতে চাচ্ছেন না। তিনি সংকট সমাধানের জন্য অপরিহার্য বিষয় গ্রহণযোগ্য নির্বাচনের ইস্যুটিকে বাদ দিয়ে গণআন্দোলনকে পুলিশের মাধ্যমে দমনের নামে এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছেন। ফলে দেশ আজ হত্যা, গুম আর ধ্বংসের রাজনীতিতে মেতে উঠেছে। এ অবস্থায় মরছে সাহসী যুব সমাজ ও ভুগছে সাধারণ মানুষ। ”

গাজী বলেন, “চলমান সংকটের সমাধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই। তিনি নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে সেই প্রতিশ্রুতি দেশের স্বার্থেই বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে আমরা পেশাজীবীরাই শুধু নয়, দেশের যেকোনো একজন নগণ্য নাগরিকও বলতে পারবেন যে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনটি দিলে অশান্ত পরিস্থিতি বা অপতৎপরতা চালানোর সুযোগ কারোর জন্য থাকবে না।”

গাজী বলেন, “কিন্তু সমাধানের এ সহজ পথে না গিয়ে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন নির্ভর করছে মূলত রাষ্ট্রীয় শক্তির ওপর। নির্বিচারে মামলা, গ্রেফতার, হত্যা ও হামলা চলছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর দ্বারা। এসব বাহিনীতে পছন্দসই ব্যক্তিদের উঁচু আসনে বসিয়ে একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী তৈরি করা হয়েছে। বাহিনীগুলোর নেতৃত্বে থাকা এসব ব্যক্তি সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন, আইন বহির্ভূত ক্ষমতা প্রয়োগ করছেন এবং সীমাহীন নানা সুবিধা ভোগ করছেন।”

এই সাংবাদিক নেতা বলেন, “বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের গুমও করে ফেলা হচ্ছে। এসব ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গুপ্ত হত্যা এবং নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের ক্ষেত্রে পায়ে গুলি করে পঙ্গু করে ফেলা হচ্ছে। রাজধানীর পঙ্গু হাসপাতালে পায়ে গুলিতে আহত হয়ে পঙ্গু হয়ে যাওয়া চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছেই। পত্রিকার রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলো বিএনপি ও ২০দলীয় জোটের শরীকদের শীর্ষ স্থানীয় ২,৮০০ জনের তালিকা তৈরি করে তাদের গ্রেফতার, গুম, অপহরণ এবং ক্রসফায়ারের নামে ঠাণ্ডা মাথায় বিচার বহির্ভূত হত্যার পরিকল্পনা করেছে।  আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শাসকদলের লোকজনও হত্যাকাণ্ড চালাচ্ছে। ”

গাজী উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা লক্ষ্য করছি যে, দখলদার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ চিরদিনের জন্য দেশের একচ্ছত্র ক্ষমতার মালিক হওয়ার লক্ষ্যে এক ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এই নীলনকশার অংশ হিসেবে তারা তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার প্রিয় সংগঠন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং ২০ দলীয় ঐক্যজোট তথা জাতীয়তাবাদী শক্তিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন অর্থাৎ শেষ করে দিতে চাইছে। প্রথমেই তারা টার্গেট করেছে খালেদা জিয়াকে। পেট্রলবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর-আগুনের ঘটনায় তাকে হুকুমের আসামি করে দেশব্যাপী অসংখ্য মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার বাসভবনের পুলিশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ পুলিশ তার গুলশান অফিসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।”

তিনি বলেন, খারেদার ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টির জন্য কার্যালয়ের সামনে মানববন্ধনের নামে কখনও ভাড়া করা লোক, কখনও দলীয় ক্যাডার ও স্কুলের শিশুদের জোরপূর্বক এনে উৎপীড়ন করা হয়। নৌমন্ত্রীর নেতৃত্বে তথাকথিত শ্রমিক পেশাজীবীদের দিয়ে কার্যালয় ঘেরাও কর্মসূচি, গুলশান অফিস লক্ষ্য করে ইট, ককেটল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে তাকে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা করা হয়। সরকার কতটা অমানবিক তার নিষ্ঠুর উদাহরণ হচ্ছে খালেদা জিয়া ও তার সঙ্গের লোকদের অভুক্ত রাখার জন্য গুলশান অফিসে খাবার সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা খালেদা জিয়াকে ‘খুনী, ‘জঙ্গি, সন্ত্রাসী, দানব, আততায়ী, আল কায়দা, আইএস- মুখে যখন যা আসছে তা-ই বলে যাচ্ছে। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার অসামান্যও অবদান রয়েছে। দেশের উন্নয়নে তার ভূমিকা অতুলনীয়। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তার মতো একজন বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের গালমন্দ করতে তাদের বিবেকে এতটুকু বাধছে না। এটা কি তার প্রাপ্য?”

গাজী বলেন, “বিএনপি এবং একই সঙ্গে জোটের শরীক জামায়াতকে ‘সন্ত্রাসী-জঙ্গি’ সংগঠন আখ্যায়িত করে টানা অপপ্রচার চালাচ্ছে। এ দুটি রাজনৈতিক দলকে নির্মূল করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। বিএনপি ও জামায়াতের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে। জামায়াতে ইসলামীর সব অফিস আগেই বন্ধ করে দেয়া হয়। গত দু’মাস ধরে সরকার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়, মহানগর ও জেলা কার্যালয়, শাখা ও সহযোগী সংগঠনের কার্যালয়সহ সব পর্যায়ের কার্যালয় বন্ধ এমনকি খালেদা জিয়ার কার্যালয়ও অকার্যকর করে দেয়। নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ প্রায় অসম্ভব। মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রায় ১৫ হাজার নেতাকর্মী আজ গ্রেফতার। বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন। নেতাকর্মীদের নামে শত শত মামলা দেয়া হয়েছে। ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ এবং গুলিতে হত্যা তথা বিচার বহির্ভূত হত্যার ভয়ে নেতাকর্মীরা মিছিল করতে পারছে না এবং সরকারও কোনো প্রকার মিছিল সভা-সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। মিছিল বা বিক্ষোভ করার কর্মসূচি দিলে পুলিশ আগেই নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে বলে দেয়- গুলি করা হবে। রাজনৈতিক দলের ওপর এমন দমন-পীড়ন অতীতে কখনও দেখা যায়নি। বল প্রয়োগ করে সরকার জনগণকে এমন বার্তাই দিচ্ছে যে, আওয়ামী লীগ ও আওয়ামী পন্থী সংগঠন ছাড়া এদেশে আর কোন দল বা সংগঠনের অস্তিত্ব থাকবে না কিংবা তারা রাজনীতি করতে পারবে না। বিরোধী দল ও বিরুদ্ধ মত এভাবে জব্ধ করে সরকার বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের তিটি সিটি কর্পোরেশনের এক তরফা নির্বাচন করার ঘোষণা দিয়েছে। রাজশাহী, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত বিএনপি সমর্থন মেয়রদের নামে মামলা দিয়ে ও গ্রেফতার করে তাদের অপসারনের মাধ্যমে সেগুলোও আওয়ামী দখলে নেয়া হচ্ছে। গণতন্ত্রহীন দুঃসহ এই ফ্যাসিবাদী শাসনে বর্তমানে এক দমবন্ধ অবস্থা মোকাবেলা করছে জনগণ। ”

গাজী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের পৈশাচিক হত্যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বইমেলার কারণে টিএসসি এলাকায় বিপুল লোক সমাগম ছিল এবং সিসি ক্যামেরার আওতায়,ঘটনাস্থল ও আশপাশে অস্ত্র হাতে পুলিশ সদস্যরা টহলে ছিলেন। এমন একটি অবস্থায় অভিজিৎ রায় কী করে খুন হলেন এবং খুনিরা কী করে নির্বিঘ্নে পালিয়ে গেল তা নিয়ে সবার মধ্যে প্রশ্ন উঠেছে। খুনের ঘটনার পরপরই সরকারের মন্ত্রী মোহাম্মদ নাসিম বলে দিলেন মান্না ও খোকার কথোপকথনে লাশ ফেলার কথা ছিল। এটা নাকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের প্রথম লাশ ফেলা। আমরা মনে করি ঘটনাকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্যই ক্ষমতাসীনরা বিভিন্ন কথা বলছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে অবিলম্বে আমরা খুনি চক্রের বিচার দাবি করছি।”

পেশাজীবী এই নেতা আরো বলেন, “দেশের গণমাধ্যম আজ অবরুদ্ধ। স্বৈরশাসক, সামরিক ও ফ্যাসিবাদী শাসক এবং একনায়কদের কাছে গণমাধ্যম সব সময়ই ত্রাস। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য তারা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই রোষানলে পড়ে গণমাধ্যম। এ সময় দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন ও ইসলামী টেলিভিশন বন্ধ করে দেয়া হয়। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে সত্য প্রকাশের কারণে দু’বছর ধরে জেলে বন্দী করে রাখা হয়েছে। এর আগেও তাকে ১০ মাস কারাবন্দী করে রাখা হয়। মামলা দেয়া হয় সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ছয় বছরে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ অন্তত ২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। গণমাধ্যম বন্ধের কারণে আজ হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন।  গত বছরের ৫ জানুয়ারির ভুয়া নির্বাচনের পর ক্ষমতাসীন হয়ে সরকার গণমাধ্যমের কোনো সমালোচনাই সহ্য করতে পারছে না।  গণমাধ্যমের উপর সরকারের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় দৈনিকের সম্পাদকরা বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে সংবাদপত্র ও জাতীয় প্রচার মাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে। সংসদে সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়েছে যা তাদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকিস্বরূপ। কোনো কোনো পত্রিকা বা টেলিভিশনকে অন্যায়ভাবে বিশেষ দল বা গোষ্ঠীর মুখপাত্র হিসেবে তকমা দেয়া হচ্ছে। আমরা মনে করি, সম্পাদকদের এই উদ্বেগ সময়োপযোগী। গণমাধ্যমের হাত পা সরকার বেঁধে ফেলেছে। অলিখিত প্রেস অ্যাডভাইস ও সেন্সরশিপের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে। টিভি টকশোতে নানাভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে গ্রেফতারের জন্য মামলা দেয়া হয়েছে। নিউএজ সম্পাদক নূরুল কবীরকে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে। এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ও একুশে টিভি চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে পর্যন্ত নেয়া হয়েছে। বাংলাভিশনের জনপ্রিয় টকশো ফ্রন্টলাইন বন্ধ করে দেয়া হয়েছে। আমরা অবিলম্বে গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ, গ্রেফতারকৃত সম্পাদক ও টিভি মালিকদের মুক্তি এবং বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানাচ্ছি। ”

গাজী বলেন, “চলমান সংকট নিয়ে দেশের মানুষই শুধু নয়, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্বও উদ্বিগ্ন। এ সংকট থেকে উত্তরণের জন্য সবাই একবাক্যে দুই রাজনৈতিক পক্ষকে সংলাপে বসার আহবান জানিয়েছে। আমরা আবারও বলছি, গ্রহণযোগ্য একটি নির্বাচনই দেশে শান্তি এনে দিতে পারে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সম্ভাব্য আরও ভয়াবহ পরিণামের কথা ভেবে সরকারকে নির্বাচনের লক্ষ্যে সংলাপ অনুষ্ঠানের আহবান জানাচ্ছি। রাজনৈতিক সংকটকে অস্ত্র দিয়ে মোকাবেলা না করে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাব এর সহ-সভাপতি আবদুস সালাম ও গীতিকার গাজী মাজহারুল ইসলাম প্রমুখ।

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

khilgaরাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শ্রী জীবন সাহা (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। খিলগাঁও বাগিচা রেলগেইটে মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জীবন সাহা কুমিল্লা সদর থানার কলাকচুয়া গ্রামের দিলীপ কুমার সাহার ছেলে। তিনি গুলশানে কর্মরত ছিলেন।

পথচারী মো. আলী ফয়সাল জানান, দুপুরে ট্রেনের ধাক্কায় জীবন সাহা আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুপুর পৌনে তিনটায় সেখানের কর্তব্যরত চিকিৎসক জীবন সাহাকে মৃত ঘোষণা করেন।

জীবন সাহা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানান তার স্ত্রী ইভা রানী সাহা। তিনি জানান, মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উত্তর শাহজাহানপুরের বাসায় যাচ্ছিলেন।

জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: বেনজীর

benojir rর‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, “চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে উগ্র ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে পারে। যখন এ ধরনের সন্ত্রাস তৈরির অপচেষ্টা করা হয় তখন অবশ্যই ধর্মীয় মৌলবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সে কারণে যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসী কর্মকাণ্ড সবাই মিলে দমন করতে হবে।”

মঙ্গলবার বিকালে র‌্যাব-১৪ ব্যাটালিয়ন নিয়মিত পরিদর্শন শেষে ময়মনসিংহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেনজির বলেন, “চট্টগ্রামে যদি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় র্যাব সময় মতো অভিযান না চালাতো তাহলে দেশে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। জানুয়ারির সাত তারিখ থেকে দেশে যে মাত্রায় সহিংসতা শুরু হয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা অনেক কমে এসেছে।”

এ সময় র‌্যাবের সহকারী মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, পরিচালক (অর্থ ও প্রশাসন) উইং কমান্ডার মোফাজ্জল হোসাইন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি বাইপাস রোডের পাশে আকুয়া কান্দাপাড়ায় র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর দফতরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

খালেদার গ্রেফতারে আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা

asssadujsamanবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইন সকলের জন্য সমান। কেউ আইনের ঊর্ধ্বে নন। এক্ষেত্রে তিনি বিএনপি চেয়ারপারসন কিনা সেটা দেখা হবে না।

খালেদা জিয়াকে গ্রেফতারে আদালতের নির্দেশনা এখনো পুলিশের হাতে পৌঁছায়নি বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার করলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কি-না সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেন হবে? উনি সরকারবিরোধী কাজ করে যাচ্ছেন। এতে জনগণও ক্ষুব্ধ।

কুষ্টিয়ায় লাশ নিয়ে মিছিল

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসেন(১৬) হত্যার বিচার দাবিতে তার লাশ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী।

ময়নাতদন্ত শেষে  মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে মিছিল সহকারে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, “ইমরান হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের ধরেও ছেড়ে দেয় ক্যাম্প পুলিশ। এই কারণে বিক্ষোভে ফেটে পড়ে তারা। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসে নিহতের পরিবারকে সহায়তা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর দোষী হলে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি এসআই আব্দুল আলিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষনা দিলে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে এসে কুষ্টিয়া শহরে ইমরানের অধ্যায়নরত কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে। এতে নিহত ইমরানের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী ও তার বন্ধুরা অংশ নেয়।

সোমবার সন্ধ্যায় জগতির ৩ নং কলোনীর মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে কালো ইমনসহ কয়েকজন মিলে বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে ইমরান নাজিরের মৃত্যু হয়। ইমরান জগতির রমজান আলীর ছেলে।

হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

hortal26চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি সারাদেশে মঙ্গলবার শেষ হতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো। এছাড়া একই দাবীতে বৃহস্পতিবার (৫ মার্চ) সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।’

 

ব্যথিত কেজরিওয়াল

kejriঅভাবনীয় বিজয়ের পর দিল্লিতে সরকার গঠনের একমাসও হয়নি আম আদমি পার্টির (এএপি)। এরইমধ্যে ঘরের আগুনে পুড়তে শুরু করেছে দলটি। দলের প্রধান ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দিতে দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের চিঠি চালাচালির বিষয় ফাঁস এখন দিল্লিতে মুখরোচক সংবাদে পরিণত হয়েছে।

‘কেজরিওয়াল একক সিদ্ধান্তে দল চালাচ্ছেন’ এমন অভিযোগে তাকে এএপির জাতীয় আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির মুখপাত্র সঞ্জয় সিং। এতে যারপরনাই ‘ব্যথিত’ হয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
মঙ্গলবার এএপি কার্যালয়ে কেজরিওয়াল দলের সাম্প্রতিক ঘটনাবলীতে খুবই ‘মর্মাহত হয়েছেন’ বলে মন্তব্য করেন। নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেন, ‘দিল্লিবাসী আমাদের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে এটি তার প্রতি বিশ্বাস ঘাতকতা। আমি এই নোংরা যুদ্ধে জড়িত হতে চাইনা। আমি শুধু দিল্লি শাসন বিষয়েই মনোযোগী হতে চাই।’
তবে কেজরিওয়াল না চাইলেও এএপির প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বিষয়টি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে তুলতে চান।
কেজরিওয়ালের এমন মন্তব্যের কিছুক্ষণ আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এএপির অপর প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত ভূষণ কেজরিওয়ালের কঠোর সমালোচনা করেন। দল যেভাবে চলছে তাতে তিনি একেবারেই একমত নন বলে জানান।
এএপি নেতাদের অভিযোগ কেজরিওয়ালের একক কর্তৃত্বে দল ‘ওয়ানম্যান শো’ হয়ে যাচ্ছে; যা অন্য আর দশটা দলের মতোই। কিন্তু তারা এমন চাননি।
গত ২৬ ফেব্রুয়ারি যোগেন্দ্র ও প্রশান্ত এক যৌথ বিবৃতিতে দল পরিচালনায় কেজরিওয়ালের ‘একক কর্তৃত্ব’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা এএপিতে নৈতিকতা বিষয়ক কমিটি করার উপরও জোর দেন।
দলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য আগামী আগামীকাল বুধবার এএপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হবে। এতে যোগেন্দ্র ও প্রশান্তকে দলের ‘হাইকমান্ড’থেকে সরানোর সদ্ধিান্ত হতে পারে বলে গতকাল সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এএপির এহেন দুর্দিনে জ্যেষ্ঠ নেতাদের একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ‘খোলামেলা মতামত প্রকাশে’ বর্তমান সংকট ঘনীভূত হবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

 

আয়ারল্যান্ডকে ২০১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

irland3খেলার ফলাফল প্রথমার্ধ্বেই প্রায় নিশ্চিত ছিল। দক্ষিণ আফ্রিকার ৪১২ রানের পাহাড় ডিঙাতে গিয়ে অায়ারল্যান্ড কতদূর যায়, সেটাই ছিল অপেক্ষার। শেষপর্যন্ত ৪৫ ওভারে অলআউট হওয়ার আগে আইরিশদের সংগ্রহ ২১০ রান। প্রোটিয়াদের জয় ২০১ রানের বড় ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নিয়েছেন কাইল অ্যাবোট। ম্যান অব দি ম্যাচ হয়েছেন ১৫৯ রানের ইনিংস খেলা হাশিম আমলা।
৪১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানের মাথায় পল স্টার্লিংকে ফিরিয়ে ধ্বসের শুরু করেন শততম ম্যাচ খেলতে নামা ডেল স্টেইন।
এরপর তার সঙ্গে যোগ দেন কাইল অ্যাবোট। পরপর তুলে নেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, নেইল ও’ব্রায়েন এবং গ্যারি উইলসনকে।
মাঝে এড জয়েসকে ফিরিয়ে দেন স্টেইন।
৪৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত আয়ারল্যান্ডকে শতক পার করান কেভিন ও’ব্রায়েন এবং আন্দ্রে বালবিরনি। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৮১ রান। ১২৯ রানের মাথায় মরনে মরকেলের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন ৫৮ রান করা বালবিরনি।
পরে কেভিন ও’ব্রায়েনের ৪৮ আর ডকরেল, সোরেনসেনদের ২০ উর্ধ্ব দুটি ইনিংসে দুইশ পেরোয় আয়ারল্যান্ড। অ্যাবোটের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন মরনে মরকেল। স্টেইনের শিকার ২ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১২ রানের বিশ্বকাপ রেকর্ড স্কোর দাড় করায় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে হাশিম আমলা ১৫৯ এবং ফ্যাপ ডু প্লেসিস ১০৯ রানের দুটি সেঞ্চুরি ইনিংস খেলেন।

 

ইটিভির সাংবাদিক কনক সারওয়ার গ্রেফতার

konokবেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, তেজগাঁও থানায় করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ইটিভির প্রতিবেদক কনক সারওয়ারকে গ্রেফতার করা হয়েছে।
পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।