শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গরু জবাই নিষিদ্ধ করায় বলিউডে নিন্দার ঝড়

boli7ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরু জবাই, গরুর গোশত বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রণীত আইন পাশ হওয়ায় নিন্দার ঝড় উঠেছে মুম্বাইয়ের ফিল্ম ইন্ড্রাস্টি বলিউডে। বলিউডের অসংখ্য তারকা নিজেদের টুইটার একাউন্টে বিভিন্ন বার্তা পোস্ট করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এ সংক্রান্ত বিলে সই করার পর তা আইনে পরিণত হয়।

বলিউডের সাবেক তারকা অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, এ ব্যাপারে আমার একমাত্র বক্তব্য হল- গরুর মাংস খাওয়া না খাওয়ার ব্যাপারটি ব্যাক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়। এ ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করে কোনো আইন করা একদমই উচিৎ হয়নি।

ভিশাল দাদলানি বলেন, আমি নিজে একজন সবজিভোজি। ফলে এই আইন আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু যে দেশের ৩০% মানুষ গরুর মাংস খায় সে দেশে পছন্দের স্বাধীনতা বজায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

উদয় চোপড়া লিখেছেন, গরু জবাই নিষিদ্ধে লাল মাংস খাওয়া কমবে। তা হয়তো স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু এর মধ্য দিয়ে ধর্মতাত্বিক রাষ্ট্র কায়েমের দিকেও আরেক ধাপ এগিয়ে গেলাম আমরা!

সুমনা চক্রবর্তী বলেন, এটা ছাড়াও ধর্ষণ, দারিদ্র, দুর্নীতি এবং অবকাঠামো উন্নয়নের মতো অসংখ্য গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেগুলোর আশু সমাধান দরকার।

ভীর দাস বলেন, প্রিয় সরকার গরুর মাংসের পাশাপাশি দাঁতও নিষিদ্ধ করুন!

কৃষ্ণা ডিকে বলেন, এই আইন আপনাকে প্রভাবিত করুক বা না করুক এটা স্পষ্টতই নাগরিক স্বাধীনতার উপর অযাচিত হস্তক্ষেপ।

অনির বলেন, মনে হচ্ছে ভারতের সংবিধান বুঝি বা আর সাংস্কৃতিক বৈচিত্র বজায় রাখার নিশ্চয়তা দিবে না। আর গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করাটা তারই একটি দুঃখজনক নজির!

এছাড়া ফারহান আখতার, আয়ুষ্মান খুররানা, নিমরত কৌর, আরতি ছাবরিয়া, সিদ্ধার্থ মাল্লা, শ্রুতি শেঠ, প্রিতিশ নন্দী, মিলাপ জাভেরি, পুনিত মালহোত্রা, গৌরভ কাপুর, অনুভব সিনহা, শিরিষ কুন্দরের মতো অসংখ্য বলিউড তারকা এর তীব্র নিন্দা জানিয়েছেন।

১৯৯৫ সালে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি-শিবসেনা সরকার প্রথম গরু জবাই নিষিদ্ধ করে আইন পাস করেছিল। মহারাষ্ট্র অ্যানিম্যাল প্রিজারভেশন (সংশোধন) বিলটি ১৯৯৬ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু গত ১৯ বছরে ভারতের কোনো প্রেসিডেন্ট বিলটিতে সই না করায় তা আইনে পরিণত হয়নি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দু দফা বৃষ্টি হানা দিয়েছে। দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ের জন্য বৃষ্টি ভেজা ম্যাচে জয়ের উৎসব করেছে পাকিস্তান। তারা ২৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

কার্টেল ওভারে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলিংয়ে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও ভাল খেলেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে তিনি আউট হওয়ার পর জয়ের স্বপ্ন ঢাকা পড়েছে দলটির। ব্যক্তিগত ৭৭ রানে সোহেল খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

পাকিস্তানের বোলিংয়ের সামনে ভিলিয়ার্স ছাড়া সুবিধা করতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। তারপরও আমলার ৩৮ ও প্লেসিসের ২৭ রানে গুটিয়ে যাওয়ার আগে ২০২ রান করেছিল তারা।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান। অ্যাবোটের বলে ক্যাচ আউট হয়েছেন ওপেনার আহমেদ শেহজাদ (১৮ রান)। তবে রান আউট হওয়ার আগে রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার সরফরাজ আহমেদ। এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯ রান) বঞ্চিত হয়েছেন তিনি।

রান খরায় থাকায় অভিজ্ঞ ইউনিস খান জ্বলে উঠার ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত খাতায় ৩৭ রান যোগ করার পরই ডি ভিলিয়ার্সের বলে রোসোউর তালুবন্দী হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সুবিধা করতে পারেননি ফর্মহীন উমর আকমল (১৩ রান)। মর্কেলের বলে ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন এই ক্রিকেটার।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বলতে গেলে একাই লড়াই করেছেন অধিনায়ক মিসবাহ। দু দফা বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন হলেও নিজের ছন্দেই ছিলেন মিসবাহ। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি। শেষ অবধি তার ৫৬ রানের কল্যাণে গুটিয়ে যাওয়ার আগে ২২২ রান করেছে পাকিস্তান। বৃষ্টির জন্য পুরো ৫০ ওভার নয়, পাকিস্তান খেলেছে ৪৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২২২/১০, ওভার ৪৬.৪ (মিসবাহ ৫৬, সরফরাজ ৪৯, ইউনিস ৩৭, আফ্রিদি ২২; স্টেইন ৩/৩০, মর্কেল ২/২৫)

বলিউডের নিষিদ্ধ ১০ ছবি

bannedনিষিদ্ধের প্রতিই যেন মানুষের কৌতুহল বেশি থাকে। তাই সেন্সর বোর্ডে আটকে যাওয়া ছবিগুলো তন্ন তন্ন করে খুঁজতে থাকে কৌতুহলী দর্শক। এ কারণে বলিউডে নিষিদ্ধ হওয়া ছবিগুলোও ইন্টারনেট সার্চ ইঞ্জিনে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। বলিউডের এমন কয়েকটা ছবি একটা সময় সমাজে বিতর্কের ঝড় তুলেছিল৷ সেই সমস্ত ছবিকে দিনের আলো দেখা নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷ কিন্তু সেই ছবিগুলিই আজও মানুষের মনে রয়ে গেছে। এখনও ইউটিউব, গুগলে দর্শকরা খুঁজে বেড়ায় সেই ছবিগুলো। এসব ছবির মধ্যে অনেকগুলোই আবার পরবর্তীতে নানা পুরস্কারে ভূষিত হয়।

আসুন দেখে নেওয়া যাক, বলিউডের এমন ১০টি ছবি যা সেন্সর বোর্ডের চৌকাঠ মাড়িয়ে আলোর মুখ দেখেনি:
১. আঁধি:  দেশে জরুরি অবস্থার সময় মুক্তি পাওয়া আরও একটি বিতর্কিত ছবি হল আঁধি৷পরিচালক গুলজারের এই ছবিটিও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি৷সাফল্যের সঙ্গে ২০ সপ্তাহ চলার পর এই ছবিটিও নিষিদ্ধ করা হয় কংগ্রেস সরকারের নির্দেশে৷পরে ছবিটি ২৩তম ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড-এ সেরা ছবি হিসাবে মনোনীত হয়েছিল৷

২. দ্য ব্যানডিট কুইন: পরিচালক শেখর কাপুর নির্মীত এই ছবির গল্পে ফুলন দেবীর জীবন তুলে ধরা হয়েছিল৷ সেন্সর বোর্ড ভাবতেও পারেনি যে, ভারতীয় দর্শকের কাছে ছবিটি এতখানি গ্রহণযোগ্য হবে৷ছবিতে সেক্সুয়াল কনটেন্ট, নুড্যিটি এবং কিছু অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য দ্য ব্যানডিট কুইনের মতো একটা ব্রিলিয়ান্ট সিনেমাকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে৷ কিন্তু ছবিটিতে বিতর্কের মাত্রা যোগ করেন ফুলন দেবী স্বয়ং৷ ফুলন দেবীর অভিযোগ ছিল, তাঁর জীবনের বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বিকৃত করা হয়েছে৷

৩. ফায়ার: ১৯৯৬ সালে শাবানা আজমি এবং নন্দিতা দাস অভিনীত এই ছবিটিকেও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷দীপা মেহতা পরিচালিত এই ছবিতে ভারতীয় হিন্দু পরিবারের দুই সমকামী নারীর চরিত্র তুলে ধরা হয়েছিল৷

৪. কামসূত্র, আ টেল অফ লাভ: পুরোপুরি সেক্সুয়াল কনটেন্ট নিয়ে নির্মিত পরিচালক মীরা নায়ারের এই ছবিটিও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷

৫. পাঞ্চ: ১৯৯৭-তে যোশী-অভয়ঙ্কর সিরিয়াল মার্ডারের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল পাঞ্চ৷ অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিতে অতিরিক্ত হিংসা, ড্রাগ এবং অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য ছবিটি নিষিদ্ধ করে সেন্সর বোর্ড৷

৬. ব্ল্যাক ফ্রাইডে: ১৯৯৩-তে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ছিল এই  ডকুফিচার ছবিটির মূল বিষয়বস্তু৷ নিষিদ্ধ হওয়ার দু’বছর বাদে ছবিটি সারা দেশে মুক্তি পায়৷

৭. পারজানিয়া: এই ছবিটি ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রেক্ষাপটে নির্মীত হয়েছিল৷ দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড মিললেও গুজরাট সরকার ছবিটির স্ক্রিনিং নিষিদ্ধ করে৷

৮. সিনস: এক যুবতীর সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে পড়েন কেরলের এক পাদ্রি এবং সম্পর্কটা তিনি সমাজের থেকে লুকাতে চান৷ ছবিতে নুড্যিটি দেখানোয় সিনসকে নিষিদ্ধ করে সেন্সর বোর্ড৷

৯. ওয়াটার: দীপা মেহতা পরিচালিত এই সিনেমায় বেনারসের কিছু আশ্রমের বিধবা মহিলাদের অসহায়তার ছবি দেখানো হয়৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই ছবি নিয়ে প্রতিবাদ জানায় এবং সিনেমার সেট পর্যন্ত নষ্ট করে দেয়৷ ছবিটি পরে রিভার মুন নামে মুক্তি পায়৷

১০. ফিরাক:  গুজরাট দাঙ্গা নিয়েই মুলত এই ছবির গল্প৷ পরিচালক নন্দিতা দাশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছেন৷ যার ফলস্বরূপ গুজরাটে ছবিটি নিষিদ্ধ হয়ে যায়।

সেঞ্চুরি ছাড়া সর্বাধিক হাফ-সেঞ্চুরির মালিক মিসবাহ

misbah3একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি রেকর্ড নিজের নামের পাশে ইতোমধ্যে লিখিয়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। একদিনের ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরি না পাওয়া সর্বাধিক হাফ-সেঞ্চুরিধারী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত মিসবাহর হাফ-সেঞ্চুরির সংখ্যা ৪২টি। ১৬০ ম্যাচে ১৪৭টি ইনিংস খেলে হাফ-সেঞ্চুরির এ রেকর্ডের মালিক তিনি। একদিনের ক্রিকেটে ৪৩.৫২ গড়ে এখন তার মোট রান ৫০৪৯। ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৯৬ রান।

২০০২ সালের এপ্রিলে গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি ব্যাটসম্যান মিসবাহর।  আর ২০০১ সালে ইডেন পার্কে একই দেশের বিপক্ষেই টেস্টে অভিষেক হয় ব্যবসা প্রসাশনে মাস্টার্স ডিগ্রিধারী এ পাকিস্তানী অধিনায়কের। ৫৩ টেস্ট ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা ৮টি ও হাফ সেঞ্চুরির সংখ্যা ২৬টি। মোট রান ৩৭৩৬। টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ ১৬১ রান। অথচ একদিনের ক্রিকেটে তার কোনো সেঞ্চুরি নেই!

এদিকে, একদিনের ক্রিকেটে সেঞ্চুরিবিহীন সর্বাধিক হাফ-সেঞ্চুরির তালিকায় মিসবাহর পরেই আছেন নিউজিল্যান্ডের এএইচ জোনস। ৮৭ ম্যাচে তার হাফ-সেঞ্চুরির সংখ্যা ২৫টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৯৩ রান। ওয়ানডেতে তার মোট রান ২৭৮৪। জোনসের পরে আছেন ইংল্যান্ডের জিপি থর্প। ৮২ ম্যাচে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ২১টি। সর্বোচ্চ রান ৮৯। একদিনের ক্রিকেট মোট রান ২৩৮০।

অপরদিকে, নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে আজ দক্ষিণ অাফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন মিসবাহ। ৮৬ বলে ৫৬ রান করেন তিনি।

জিম্বাবুয়েকে ৩৩২ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

irland8বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। হোবার্টে টস নামক ভাগ্য পরীক্ষায় অবশ্য জয়ী হন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে ব্যাট করতে আমন্ত্রণ জানান আয়ারল্যান্ডকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৩১ রান। জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হবে ৩৩২ রান।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের জয়েসি ১১২ রান করেন।  ৯৭ রান আসে বালবিরিনির ব্যাট থেকে। ২৯ রান করেন পোর্টারফিল্ড। এ ছাড়া উইলসন ২৫ ও কেভিন ও’ব্রায়েন ২৪ রান করেন। বল হাতে জিম্বাবুয়ের শন উইলিয়ামস ও তেন্তাই চাতারা ৩টি করে উইকেট নিয়েছেন।

বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। তাই আজকের ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে নেই জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগম্বুরা। তার পরিবর্তে রেগিস চাকাবাকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মার্ক সোরেসেনের পরিবর্তে আয়ারল্যান্ড দলে এসেছেন আলেক্স কুসাক।

সমঝোতা না হলে জঙ্গিবাদের উত্থান হতে পারে

gm kaderচলমান সহিংসতা বন্ধ করা না গেলে দেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের।

আজ শনিবার রাজধানীর হোটেল লেক শো’রে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (আরএটিআরআই) আয়োজিত ‘সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ সতর্কতা দেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ শান্তি চায়। সন্ত্রাস বন্ধ হলেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার প্রয়োজন।

জিএম কাদের বলেন, রাজনৈতিক দাবি আদায়ে জন্য একটি গোষ্ঠী আন্দোলন করছে। তাদের কিছু দাবি রয়েছে। তারা সুষ্ঠু নির্বাচন চান। তবে বৃহত্তম প্রেক্ষিতে ক্ষমতায় যাওয়া বা থাকার লড়াই বলা যায়।

তিনি বলেন, যারা এই দাবি তুলেছে তাদের সঙ্গে বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। দেশের এক-তৃতীয়াংশ মানুষ একে সমর্থন দিয়েছে বিভিন্ন নির্বাচনে। এই শক্তিটি যদি শান্তিতে না থাকে, ক্ষোভে থাকে তাহলে কীভাবে তাদের দমন কর‍া যাবে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একটি উক্তিকে উদাহরণ টেনে সাবেক এ মন্ত্রী বলেন, জন কেরি মন্তব্য করেছেন, ‘ক্ষোভের কারণ দূর করা না হলে প্রতিটি সন্ত্রাসীকে মেরে ফেললেও সন্ত্রাসবাদ বন্ধ হয় না। নতুন করে সন্ত্রাসী জন্ম নিবে’।

এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংলাপের কোনো বিকল্প নেই বলেও মনে করেন জাতীয় পার্টির এই নেতা।

জাকির নায়েক পেলেন সৌদি পুরস্কার

‘কিং ফয়সাল প্রাইজ’ সৌদি আরবের অন্যতম সম্মানজনক পুরস্কার, যার আর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার। চলতি বছর জাকির নায়েক ছাড়াও আরও চারজন এই পুরস্কার পেয়েছেন।

গত রোববার রিয়াদের বিলাসবহুল একটি হোটেলে সৌদি বাদশা সালমান বিন আবদুল-আজিজ আল সউদের হাত থেকে তার পুরস্কার নেন।

১৯৭৬ সালে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজের সন্তানেরা এ পুরস্কার চালু করেন। ১৯৭৫ সালে বাদশাহ ফয়সাল মারা যাওয়ার পর তার নামে প্রতিষ্ঠিত বাদশা ফয়সাল ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

আরবি ভাষাভাষীদের বাইরে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি জাকির নায়েক তার প্রতিষ্ঠিত পিস টিভিতে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনার জন্য বাংলাদেশেও পরিচিত। তবে ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।

গার্ডিয়ান লিখেছে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাকির নায়েকের জীবনীভিত্তিক একটি ভিডিও দেখানো হয়, যাতে তিনি বলেন, “ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যা মানবসম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।”

২০০৮ সালের জুলাই মাসে পিস টিভিতে এক বক্তৃতায় তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বিমান হাইজ্যাক করে হামলা চালানোর ঘটনায় আল কায়েদা দায়ী নয়।

ওই হামলায় ৩ হাজার মানুষ নিহত হওয়ার ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বুশ প্রশাসনের কারসাজি বলে মন্তব্য করেন।

জাকির নায়েক তার বক্তৃতায় বলেন, “এমন কি একজন বোকাও জানে, এটি তারা নিজেরাই ঘটিয়েছে।”

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে ২০১০ সালে জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়।

ভারতের মহারাষ্ট্রে জন্ম নেওয়া জাকির আবদুল করিম নায়েক চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী। ৪৭ বছর বয়সী এই বক্তা ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পিস টিভি ওই ফাউন্ডেশনেরই প্রতিষ্ঠান।

 

হরতাল-অবরোধে দুই মাসে ক্ষতি ২ লাখ কোটি টাকার বেশি

akram uddinদুই মাস টানা অবরোধ এবং এই সময়ের মধ্যে হরতালে  ২ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। শুধু সংলাপ নয়, আজ আমরা এর শেষ দেখতে চাই। যদি দেশের ভালো চান তবে এসব সন্ত্রাস বন্ধ করতে হবে।

রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে শনিবার আয়োজিত ‘সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি) এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউটের (রাত্রি) নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) একে মোহম্মদ আলী শিকদার।

কাজী আকরাম বলেন, ২০১৩ সালে সংলাপ কতটুকু প্রয়োজন ছিল আর আজ কতটুকু প্রয়োজন তা বিবেচনা করতে হবে।

আলোচনায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অভিনেত্রী শমী কায়সার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট স ম রেজাউল করিম, এম এম আমিনুদ্দিন, এফবিসিসিআই-এর সহ-সভাপতি হেলাল উদ্দিন,  বিজিএমইএ-এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ-এর সহ-সভাপতি এসএম আসলাম সানি ও উইমেন চেম্বারের সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ।

কর্মী থেকে মালিক

selim7মাত্র তিন বছর কঠোর পরিশ্রম করে দারিদ্র্যকে জয় করে কর্মী থেকে গার্মেন্ট মালিক হয়েছেন নেত্রকোনার এক যুবক। তিনি হচ্ছেন সদর উপজেলার অনন্তপুর গ্রামের মুশফিকুর রহমান সেলিম। জেলা শহরের বনুয়াপাড়ায় গড়ে তুলেছেন শিমু অ্যান্ড সাজ্জাদ ফ্যাশনওয়ার নামে তৈরি পোশাক প্রতিষ্ঠান। চাকরির সামান্য এক মাসের বেতনের টাকা পুঁজি নিয়ে নিজের এলাকায় এমটি সুইং মেশিন কিনে ২০১১ সালে স্ত্রী সাজেদা বেগমকে সঙ্গে নিয়ে পথচলা শুরু তার। জেলা শহরের বনুয়াপাড়ায় নেত্রকোনা-মদন সড়কের পাশে প্রতিষ্ঠা করেন শিমু অ্যান্ড সাজ্জাদ ফ্যাশনওয়ার। ধীরে ধীরে তার পথচলা। এখন সেখানে ২৫ জন কর্মী কাজ করছেন। তাদের মধ্যে ২২ জন নারী এবং ৩ জন পুরুষ। ওই গার্মেন্ট থেকে উৎপাদিত পোশাক দেশের গণ্ডি পেরিয়ে সুদূর ইউরোপের বিভিন্ন দেশ পর্যন্ত পেঁৗছেছে। মুশফিকুর রহমান জানান, তাকে প্রতিষ্ঠানটি দাঁড় করাতে আর্থিকভাবে সহযোগিতা করেছে ঢাকার আহছানিয়া মিশন, নেত্রকোনা শাখা। প্রথমে ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করে তারা। দ্বিতীয় কিস্তিতে ওই ঋণ বাড়িয়ে ৮০ হাজার এবং পরবর্তী সময়ে এক লাখ টাকা দেওয়া হয়। মুশফিকুর রহমান ঢাকায় তৈরি পোশাক কারখানায় সামান্য কর্মী হিসেবে কাজ করতেন। পরে প্রডাকশন ম্যানেজার হিসেবে একাধিক গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। আহছানিয়া মিশনের ক্ষুদ্রঋণ প্রকল্পের নেত্রকোনা সদর এরিয়া ব্যবস্থাপক মো. রুহুল আমীন জানান, গ্রামীণ দরিদ্র উদ্যোক্তাদের কার্যক্রমে ক্ষুদ্রঋণ সহায়তা সদর উপজেলা, বারহাট্টা ও পূর্বধলায় কার্যক্রম চলছে। মুশফিকুর রহমান সেলিম তাদের প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কাজ ভালোভাবেই করছেন।

যুদ্ধাপরাধীদের বাঁচানোর আন্দোলন প্রতিহত করা হবে

arefin siddikiiঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের বিচারাধীন নেতাদের বাঁচাতে যদি আন্দোলনের লক্ষ্য হয়, তবে ১৬ কোটি মানুষ তা প্রতিহত করবে।

শনিবার রাজধানীর হোটেল লেক শো’রে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএটিআরআই’র নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) একে মোহম্মদ আলী শিকদার। আলোচনা সঞ্চালনার দায়িত্বে আছেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের চেতনার ২১ ফেব্রুয়ারির দিনেও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মিনারেও বোমা ছোঁড়া হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, কোন স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলা হয়েছে? সাধারণ মানুষকে কেন মারা হচ্ছে? এর উত্তর আমাদের জানা আছে। এখানে সম্পাদকেরা আছেন, তারা জানেন সংবাদের পেছনে সংবাদ থাকে। এজেন্ডোর পেছনে এজেন্ডা থাকে।

ঢাবি উপাচার্য বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। ৭ মার্চের ভাষণে অনুপ্রেরণা পাই। আজ আমরা কঠিন অবস্থা অতিক্রম করছি। ৭ মার্চও কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। সবার বক্তব্যই এক জায়গায় রয়েছে। সন্ত্রাস, সহিংসতা নাকি সংলাপ। সন্ত্রাসের কাছে কি আপনি মাথানত করবেন। যারা পেট্রোল বোমা ছুঁড়ছে, এর পেছনে অর্থায়ন করছে, মদত দিচ্ছে তাদের সঙ্গে সংলাপ করে কি আপনি সামনের দিকে যেতে পারবেন?

গোলটেবিলের আলোচক প্যানেলে আছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক মাকসুদ কামাল প্রমুখ।

কূটনীতিক ও রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, সাবেক মন্ত্রী জি এম কাদের, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, আবু হেনা, শহীদুল হক জামাল, গোলাম মাওলা রনি ও বাসদের প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন।

এই গোলটেবিল আলোচনার মিডিয়া পার্টনার দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি, একাত্তর টেলিভশন ও এসএ টিভি।