শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সচল বাঁশেরকেল্লা, নিরাপদে সব এডমিন

basherkelllaপ্রশাসনের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ‘বাঁশেরকেল্লা’র প্রধান এডমিন খন্দকার মোহাম্মদ জিয়া উদ্দিন ফাহাদকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই পেজ কর্তৃপক্ষ ফাহাদের প্রধান এডমিন হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। পেজটিতে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ফাহাদকে প্রধান এডমিন বলে দাবি করলেও, তিনি প্রধান এডমিন নন। এদিকে, ফাহাদকে গ্রেফতার করার পর গোয়েন্দাসংস্থাগুলোর নানামুখী তৎপরতা ও বিটিআরসির কঠোর নজরদারি থাকা সত্ত্বেও ‘বাঁশেরকেল্লা’ পেজটি এখনও চালু রয়েছে।

শুক্রবার ‘বাঁশেরকেল্লা’ পেজে দাবি করা হয়, ‘আসসালামু আলাইকুম। বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন নিউজে ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছে- ‘বাঁশেরকেল্লা পেইজের প্রধান এডমিন আটক।’ কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের প্রিয় পেইজ ‘বাঁশেরকেল্লা’র প্রধান এডমিনসহ সব এডমিন নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ।’ পেজটিতে আরও বলা হয়, ‘এর আগেও কয়েকবার এরকম নাটক করে এডমিন গ্রেপ্তারের গুজব ছড়িয়েছিল সরকার। মেইনস্ট্রিম মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার সঙ্গে-সঙ্গে তারা স্যোশাল মিডিওয়ার ওপরও কালো থাবা ফেলার অপচেষ্টা করে আসছে প্রতিনিয়ত। কিন্তু জনতার কথা কি আর আটকে রাখা যায়!’ একই সঙ্গে আরও বলা হয়, ‘সবার কাছে দোয়া চাই, যেন অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় আমরা সত্যের পথে অবিচল থেকে সাহসিকতার সঙ্গে সত্য উন্মোচনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন।’

জানা গেছে, গণজাগরণ মঞ্চের দাবির মুখে ২০১৩ সালে ফেব্রুয়ার মাসে ‘বাঁশেরকেল্লা’ বিটিআরসি বন্ধ করে দেয়। এরপর মাত্র একদিনের মাথায় বিশেষ কায়দায় ‘বাঁশেরকেল্লা’ চালু হয়। অদ্যাবধি আইনশৃঙ্খলা বাহিনীর নানা কঠোর নজরদারি সত্ত্বেও অব্যাহত রয়েছে ছাত্র শিবিরের বিকল্প মিডিয়া হিসেবে খ্যাত ফ্যানপেজটি। ইতোমধ্যে পেজটির লাইকার সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া এই নামে ফেসবুকে অন্তত ৩০টি পেজের সন্ধান মিলেছে।

জানা গেছে, এর আগেও বিগত দুবছরে একাধিকবার আওয়ামী লীগ ও সরকারদলীয় অনেক নেতাকর্মীকে এই পেজ থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি মহসীনকে হুমকি দেওয়ার পরে তিনি জিডি করেন থানায়। ‘বাঁশেরকেল্লা’ পেজটিকে ছাত্রশিবির জামায়াতে ইসলামীর বক্তৃতা, বিবৃতি, সরকারবিরোধী স্ট্যাটাস, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত নেতাদের প্রশংসা করে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছে।

এছাড়া সরকারবিরোধী কয়েকজন টকশোর আলোচক, কলামিস্টসহ বিএনপি-জামায়াতপন্থী লেখকদের লেখাও শেয়ার দেওয়া হয়। এছাড়া ফাঁকে-ফাঁকে ছাত্র শিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের বক্তব্য-বিবৃতি প্রচার করে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সরকারবিরোধী বক্তব্য, ফুটেজ, অাইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর স্ট্যাটাস দিয়ে।

সূত্র মতে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই ‘বাঁশেরকেল্লা’ পেজটি সচল রয়েছে। পেজটি সচল রাখতে জামায়াত-শিবিরের কর্মসূচি, মিছিল, সমাবেশ, রাস্তায় আগুনসহ বিভিন্ন কর্মকাণ্ড অত্যন্ত দ্রুততম সময়ে পেজটিতে অাপলোড করা হয়। এ জন্য অন্তত ২৫ জনের একটি টিম রয়েছে। এসব টিমের প্রত্যেকে এডমিনের দায়িত্ব পালন করেন। সারা দেশে অন্তত আরও ৫০ টি জায়গায় লোকবল রয়েছে এর পেজ রক্ষণাবেক্ষণের কাজে। এছাড়া রয়েছে পেজটির নিজস্ব ফটোগ্রাফার টিম। ‘বাঁশেরকেল্লা’র দায়িত্ব যারা পালন করেন, তাদের জন্য ছাত্র শিবিরের জন্য আলাদা অর্থবরাদ্দও রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

এসব বিষয়ে জানতে চেয়ে ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মনির আহমদ ও সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজ আবাসিক এলাকার তার বোনের বাসা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক এবং বাঁশেরকেল্লাসহ অর্ধশতাধিক ফেসবুক পেজের এডমিন কে এম জিয়া উদ্দিন ফাহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি নোকিয়া মোবাইল উদ্ধার করা হয়। ফাহাদ এসব আইডি দিয়ে বিচার বিভাগ, পুলিশ, লেখক এবং সাহিত্যিকদের ব্যঙ্গচিত্র প্রকাশসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। তাকে জামায়াত–শিবিরের আইটি বিষয়ক সমন্বয়কও করা হয়। এরপর থেকে ফাহাদ বাঁশেরকেল্লা (মেইন বাঁশেরকেল্লা), তিতুমীরের বাঁশেরকেল্লা, আওয়ামী ট্র্যাইবুনাল, বাকশাল নিপাত যাক, আই অ্যাম বাংলাদেশি, ডিজিটাল রূপে বাকশাল, বিএএন বাঁশখালী নিউজ–২৪, ইসলামী অনলাইন এক্টিভিস্ট, তরুন প্রজন্ম, বাঁশেরকেল্লা ইউএসএ, ভিশন ২০২১সহ অর্ধশতাধিক ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এছাড়া ‘ট্রুথ ফাইটার ফেসবুক আইডি‘র মাধ্যমে আরও অর্ধশতাধিক পেইজ পরিচালনা করে আসছিল ফাহাদ। গ্রেফতারের পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে ফাহাদ এসব তথ্য জানিয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।

চোখের পানি বাধা মানল না কারও

imran15ছেলেকে দেখতে কী নিয়ে এসেছেন? প্রায় এক মাস পরে ছেলের সঙ্গে দেখা করতে আসা মা তখন ব্যাগ থেকে বাটি বের করে খাবার দেখালেন।
বাড়িতে হয়তো এর চেয়ে বেশি তেমন কিছুই ছিল না। দুইটা রুটি, একটা ডিম; সঙ্গে পলিথিনে করে মুড়ি। তাই নিয়ে এসেছেন কলিজার ধনকে দেখতে। মায়ের মন তো! আধ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। একটু পরে কয়েকজন কিশোরকে নিয়ে আসা হলো। কার ছেলে কোনটা? খোঁজার তাড়াহুড়ো শুরু হলো। সন্তানকে দেখেই মায়ের বুক যে ফেটে যাচ্ছে, তা বুঝতে চোখের গড়িয়ে পড়া পানিই যথেষ্ট। দেখা হওয়ামাত্রই ছেলেকে পাশে বসিয়ে খাবার বের করে খাওয়াতে শুরু করলেন নিজ হাতে। যতটা আদর করে খাওয়ানো যায়। এতদিন পর মায়ের হাতের খাবার আর আদর পেয়ে ছেলেরও চোখের পানি বাধা মানল না। এক হাতে পানি মুছতে মুছতে খাওয়া শুরু করল। গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে (শিশু-কিশোরদের কারাগার) সন্তানদের সঙ্গে মা-বাবার দেখা করতে আসার দৃশ্যটা ছিল এমনই আবেগঘন।
ছেলের সঙ্গে থাকার জন্য হাতে মাত্র ২০ মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে কী খাওয়াবেন, আর কী বা খোঁজ নেবেন? মাথায় হাত বুলিয়ে দিতেই সময় শেষ। এমন একজন বাবা ইসমাইল হোসেন। দুই সপ্তাহ পর মাদ্রাসাছাত্র ইমরান হোসেনকে দেখতে এসেছেন কেন্দ্রে। নিজেও জানেন, সকাল ১০টার আগে সাক্ষাতের দরজা খুলবে না। তবুও প্রায় পৌনে দুই
ঘণ্টা আগে এসে কিশোর উন্নয়ন কেন্দ্রের দরজার সামনে বসে অপেক্ষা করছেন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছেন। ছেলের জন্য স্বামীর হাতে কিছু ফলমূল দিয়েছেন ইমরানের মা। বারবার ফোন করে স্বামীর কাছে জানতে চাইছেন ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা। অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা হওয়ামাত্রই মোবাইল ফোনে মায়ের সঙ্গে কথা বলিয়ে দিলেন তিনি। ‘আমি ভালো আছি মা। তুমি কেমন আছ? আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, তুমি কাইন্দো না মা।’ কথাগুলো বলতে বলতে নিজেও চোখ মুছল ইমরান। পাশে বসে বাবা দীর্ঘশ্বাস নিয়ে ছেলেকে বললেন, ‘খাওয়া শেষ করো বাবা’। তোমার সময় শেষ হচ্ছে। একটু পর বাবা-ই ছেলেকে নিতে আসা নিরাপত্তা প্রহরীর কাছে দুই মিনিট সময় চেয়ে নিলেন ছেলের খাবার শেষ করার জন্য। সাক্ষাৎ শেষে একে একে সবাইকে তল্লাশি করা হবে। বাইরে থেকে কিশোরদের কিছু ভেতরে নেওয়ার অনুমতি নেই। তল্লাশি শেষ। আবাসিক হোস্টেলে ফিরছে তারা। পেছন থেকে মা আঁচলের আড়ালে চোখ মুছে বিদায় দিয়ে বাড়ি ফেরেন মনিকগঞ্জ থেকে আসা সবুজের মা।
নিজেদের থাকার বিষয়ে জানতে চাইলে চার মাস আগে আসা এক কিশোর বলে, আমাদের থাকা-খাওয়ার খুব বেশি সমস্যা হয় না। শুধু আব্বা-আম্মার জন্য মন খারাপ হয়। আমার ঘরের সঙ্গীর সঙ্গে আমার খুব মিল হয়েছে। আমরা গল্প করেই সময় কাটাই।
কিছু অভিযোগ :গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের আসন সংখ্যা ২০০। বর্তমানে (গত ৮ মার্চের তথ্যানুযায়ী) ৩৫৪ জন কিশোর আছে। কিশোরদের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ আছে। যারা পড়াশোনা করে না তাদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। বর্তমানে স্কুলপড়ূয়া কিশোরের সংখ্যা ১৫১ এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা ৮০।
কেন্দ্রে থাকা কয়েকজন কিশোর জানায়, অপেক্ষাকৃত জ্যেষ্ঠদের দাপট বেশি। তারা কনিষ্ঠদের দিয়ে কাপড় কাচা থেকে শুরু করে জোর করে যাবতীয় ব্যক্তিগত কাজ করায়। না করলে মারারও হুমকি দেয় বলে জানায় তারা। নির্ধারিত সরকারি ডাক্তার না থাকায় অসুস্থ হওয়া কিশোরদের চিকিৎসার অসুবিধা রয়েই গেছে। পুলিশ কর্তৃক আটক এবং অভিভাবকদের আবেদনের মাধ্যমে আসা কিশোরদের আলাদা আবাসন ব্যবস্থা নেই। ফলে অপরাধ করে আসা কিশোরদের সঙ্গে স্বাভাবিক কিশোরদের বিবাদ লেগেই থাকে। কেন্দ্রে দৈনিক পত্রিকাও সরবরাহের ব্যবস্থা নেই। কেন্দ্রে আগত কিশোরদের পঞ্চম শ্রেণীর পর সাধারণ শিক্ষা গ্রহণের ব্যবস্থা নেই। এ ছাড়া পর্যাপ্ত কিশোর আদালত না থাকায় মামলা নিষ্পত্তি নিয়েও জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের কর্মকর্তারা।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে কিশোর উন্নয়ন কেন্দ্রের পরিচালক জুলফিকার হায়দার সমকালকে বলেন, কেন্দ্রে কিছু সমস্যা এখনও আছে। সমাধান হতে সময় লাগবে। কেন্দ্রের নিবাসীদের তদারকি করতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল, মেডিকেল শাখাসহ আরও বেশকিছু বিষয়ের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। কর্তৃপক্ষও আশ্বাস দিয়েছে।

পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩

lahorপাকিস্তানের লাহোরে আজ রোববার একটি গির্জার কাছে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

আহত হয়েছেন অনেকেই। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

গুম-খুন হজম করে সরকার ওপরের দিকে হাত বাড়াচ্ছে: বুলু

buluবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের বিষয়ে উচ্চ আদালতের রুল সত্ত্বেও সরকার নির্বিকার বলে অভিযোগ করেছেন আরেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, গুম-খুন হজম করতে করতে সরকারের দুঃসাহস  ক্রমাগত ওপরের দিকে হাত বাড়াচ্ছে।

রোববার বিএনপি ও ২০ দলের পক্ষে এক বিবৃতিতে এ অভিযোগ করেন বুলু।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘চোখ বেঁধে হাতকড়া পরিয়ে সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার পাঁচ দিন পরও’ তাকে আদালতে হাজির করা হয়নি বলে অভিযোগ করে বুলু বলেন, “উপরন্তু সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা গ্রেফতারের কথাও অস্বীকার করে চলেছে। সালাহউদ্দিনের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত  এই উদ্বেগজনক ঘটনার ব্যাপারে রুল জারি করলেও সরকার সম্পূর্ণ নির্বিকার।”

বিবৃতিতে বলা হয়, “যতই সময় যাচ্ছে, সালাহ উদ্দিনের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠা ততই বাড়ছে। কারণ এ সরকারের আমলে বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে গ্রেফতারের পর অস্বীকার এবং গুম ও খুন করার ভয়ংকর নজির স্থপিত হয়েছে। আবার গ্রেফতারের কথা অস্বীকারের পর নানা নাটক সাজিয়ে আটক দেখানোরও উদাহরণ রয়েছে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, বিএনপি নেতা হুমায়ুন পারভেজ, ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলমের প্রসঙ্গ টেনে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়, “সালাহ উদ্দিনের ব্যাপারে এ সরকার কোন সিদ্ধান্ত নিয়েছে এবং তার ভাগ্যে কী ঘটেছে বা ঘটতে যাচ্ছে তা আমরা জানি না। তবে আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।”

বুলু বলেন, “সালাহ উদ্দিনকে খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, তার নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। দেশবাসী তার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে; দায়িত্বহীন ও বিকৃত মানসিকতার মশকরা নয়। এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের বিদ্রূপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না।”

বিবৃতিতে বলা হয়, “বহু রাজনৈতিক নেতা-কর্মীকে অপহরণ, গুম ও খুন করে তা হজম করতে করতে বর্তমান অবৈধ সরকারের দুঃসাহস এতটাই বেড়েছে যে, তারা ক্রমাগত ওপরের দিকে হাত বাড়াচ্ছে। সালাহউদ্দিন এদের নিষ্ঠুর দুঃসাহসিকতার সর্বশেষ দৃষ্টান্ত।”

অনতিবিলম্বে সালাহউদ্দিনকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করার দাবি জানিয়ে বিবৃতিতে হুঁশিয়ার করা হয়, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।

নাটোরে পাবলিক লাইব্রেরিতে আগুন

fire tনাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের উৎপত্তি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাটি নাশকতামূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
রোববার সকাল ৬টার দিকে পাবলিক লাইব্রেরিতে আগুনের সূত্রপাত ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৬ টার দিকে সরকারি পাবলিক লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। এসময় নাটোর- বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুর রউফ বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কিডনি রোগ প্রতিরোধে সবাইকে গুরুত্ব দিতে হবে

pran gopalনীরব ঘাতক কিডনি রোগ প্রতিরোধে সবাইকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

কিডনি এ্যাওয়ারনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) ও বাংলাদেশ রেনাল এ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘সবার জন্য সুস্থ কিডনি’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে ১২ মার্চ বিশ্ব কিডনি দিবস পালন করা হয়।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘কিডনি রোগ প্রতিরোধের জন্য সবার মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে। এ রোগ হল একটি নীরব ঘাতক। কারো শরীরে একবার কিডনি রোগ দেখা দিলে ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই শুধু সচেতন হলেই এ রোগ প্রতিরোধ সম্ভব।’

অনুষ্ঠানে আয়োজক সংগঠন ক্যাম্পস’র সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, ‘বাংলাদেশে প্রায় ২ কোটিরও বেশি মানুষ কিডনি সংক্রান্ত কোনো না কোনো রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় ৫ জন অকাল মৃত্যুবরণ করছেন।’

তিনি বলেন, ‘কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের পাঁচভাগ মানুষেরও সাধ্য নেই এর চিকিৎসা চালিয়ে যাওয়া। তবে একটু সচেতন হলেই ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ রোগটি প্রতিরোধ করা সম্ভব।’

আলোচনা অনুষ্ঠানে কিডনি বিকল প্রতিরোধের ক্ষেত্রে ৮টি উপায় বর্ণনা করেন ডা. সামাদ।

উপায়গুলো হল— কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, সুপ্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, ধূমপান থেকে বিরত থাকা, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করা এবং নিয়মিত কিডনির কার্যকারিতা পরীক্ষা করা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে আগে দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে আয়োজক সংগঠন কিডনি এ্যাওয়ারনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) ও বাংলাদেশ রেনাল এ্যাসোসিয়েশন রাজধানীতে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে।

শোভাযাত্রাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে মৎস্য ভবন এলাকা ঘুরে পুনরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়।

গাজীপুরে পোলট্রি খাবারের গুদামে আগুন

fire31গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকায় মুরগি ও মাছের খাবার প্রক্রিয়াজাত ও সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. শাহীন আলম জানান, রোববার সকাল ৭টার দিকে আউটপাড়া এলাকায় ঢাকা পোল্ট্রি ফিস ফিড লিমিটেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুদাম ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।

হিলি সীমান্তে ৯৫৭ বোতল ফেন্সিডিল জব্দ

fencidil15দিনাজপুরের হিলি সীমান্তে আমদানী নিষিদ্ধ ৯৫৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে নেশাজাতীয় ৮৩০ পিস ইনজেকশনের অ্যাম্পুলও জব্দ করেছে তারা।
শনিবার মধ্যরাতে হিলি সীমান্তের বড়চড়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। বিজিবি বলছে এর আনুমানিক প্রায় আট লাখ টাকা।
বিজিবি’র বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে ভারত থেকে একদল চোরাকারবারী এগুলো নিয়ে দেশে প্রবেশ করে। এসময় গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের টহল দলের কমান্ডার শওকত হোসেন ফোর্স নিয়ে এগুলি জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
তিনি জানান, ফেন্সিডিল ও অ্যাম্পুলের দাম আনুমানিক আট লাখ টাকা।

ক্রিকেট বিশ্বকাপ স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

dackticketআইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইসিটি অধিদফতরে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন। খবর বাসসের
এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়। বাংলাদেশ ডাকঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রভাষ সাহা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আজ থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড বিক্রি করা হবে। পরে অন্যান্য জিপিও ও সারাদেশের প্রধান ডাকঘরে এগুলো পাওয়া যাবে।

প্রাথমিকে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত সেরা ১০ বিদ্যালয়

monipurপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশিত হয়েছে। রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সারা দেশের সর্বোচ্চ ১০টি বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৪৫, ডেমরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৮৫, গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৭৬, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৬১, ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫৩, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৫২, ময়মনসিংহ জিলা স্কুল ৫০, গাইবান্ধা সদরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ৪৯, চট্টগ্রাম বন্দর বিএন স্কুল অ্যান্ড কলেজ ৪৪ এবং ময়মনসিংহ  বিদ্যাময়ী বালিকা বিদ্যালয় ৪৩।