শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সুপ্রিম কোর্ট বারে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী

mahbub khokonসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট হারুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।

মোট ১৪ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে নীল প্যানেল ও একটি সহ-সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ১৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ুন ১৫৮৭ ভোট পেয়েছেন।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদা প্যানেলের মোমতাজ উদ্দিন মেহেদী ১৪৭৭ ভোট পেয়েছেন।

দুটি সহ-সভাপতি পদের মধ্যে নীল প্যানেলের এএসএম মোক্তার কবির খান এবং সাদা প্যানেলের আবুল খায়ের বিজয়ী হয়েছেন। সহ-সম্পাদক পদে নীল প্যানেলের মাজেদুল ইসলাম পাটওয়ারি উজ্জল এবং সাদা প্যানেলের মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী (মধু) কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের শওকত আরা বেগম দুলালী নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে চারজন নীল প্যানেল থেকে ও তিনজন সাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

দুই দিনব্যাপী নির্বাচনে গত সোমবার ও রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত ৫২টি বুথে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট চার হাজার ৩৬২ জন ভোটারের মধ্যে তিন  হাজার ৫২৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছে।

‘মানসিক চাপ ভারতের ওপর বেশি থাকবে’

basharএ কথা বলেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার। কলকাতার আনন্দবাজার পত্রিকায় আজ তার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। আনন্দবাজারের ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য মেলবোর্ন থেকে টেলিফোনে সাক্ষাৎকারটি নেন।

আনন্দবাজার লিখেছে, বাংলাদেশে বৃহস্পতিবারের কাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে উদ্দীপনা তুঙ্গে। সোমবার এমসিজিতে সপ্তাহের প্রথম দিন সমর্থক-দিন এবং যথেষ্ট ফাঁকায় ফাঁকায় প্র্যাকটিস করছিলেন মাশরাফিরা। কিন্তু আদত ছবিটা মোটেও এমন নয়। ঢাকা থেকে মুহুর্মুহু ফোন আসছে এখানে আগত বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের কাছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র উত্তেজনা। রমিজ রাজার পর এবার টার্গেট সিধু! তিনি নাকি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। রিচার্ড হ্যাডলি এবিপি ইন্টারভিউয়ে এই ম্যাচে বাংলাদেশের আশা মাত্র তিরিশ শতাংশ বলাতে তাকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কারও কারও মনে হচ্ছে কোথাও গিয়ে ক্রিকেটীয় স্বপ্ন আর নব্য জাতীয়তাবাদ একত্রিত হয়ে গিয়েছে। এ সব কিছু এবং প্রাক্ কোয়ার্টার ফাইনাল নিয়ে কথা বললেন হাবিবুল বাশার। শেষ যে বার বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে তিনি ছিলেন অধিনায়ক।

আপনার নেতৃত্বে ভারতকে বাংলাদেশ শেষ বারের মতো বিশ্বকাপে হারায় ২০০৭ সালে। এবারের সঙ্গে কোনো মিল পাচ্ছেন?
বাশার: একটাই মিল সেটাও এবারের মতো হারলেই বিদায় টাইপের ম্যাচ ছিল। আক্ষরিক অর্থে হয়তো ওটা নক আউট নয়, গ্রুপ লিগের ম্যাচ ছিল। কিন্তু দুটো টিম জানত আসলে নক আউটই। তাই হয়েছিল পরে গিয়ে। তবে সে বারের ইন্ডিয়ান টিমটা এটার চেয়ে অনেক স্ট্রং ছিল। কী কী প্লেয়ার ছিল সেটায়। শচিন, শেবাগ, সৌরভ, দ্রাবিড়…

আর বাংলাদেশের কোন টিমটা বেশি স্ট্রং? সে বারেরটা না এ বারে?
বাশার: এ বারেরটা অবশ্যই। এই টিমটা অনেক বেশি ম্যাচিওর্ড। ম্যাচ জেতানো পারফর্মারও এই দলে বেশি।

আপনার ২০০৭ আর মাশরাফির ২০১৫-এ ম্যাচ হলে এরা জিতবে?
বাশার: বললাম তো এরা। এই টিমটার সবচেয়ে বড় গুণ হল প্রেশার সামলাতে জানে। আফগানিস্তানের দিন কম রানে চার উইকেট চলে যাওয়ার পর ঠিক লড়াই করে তিনশোর ওপর তুলে দিয়েছে। ইংল্যান্ডের দিন চাপ এসেছে ভয়ঙ্কর রকম। তবু ভেঙে পড়েনি। আমার তো মনে হয় এই অ্যাটিটিউড নিয়ে ইন্ডিয়াকে ওরা ভাল ফাইট দেবে। যেই জিতুক কাজটা কারওর সহজ হবে না।

অনেকের মনে হচ্ছে এই পর্যায়ে প্রথম যাওয়া, তাও এমসিজির মতো প্রবাদপ্রতিম, বিশালকায় মাঠে। বাংলাদেশ ব্যাপক চাপে থাকবে।
বাশার: তাই কি? আমি শিওর নই। আমার তো মনে হয় প্রেশারে থাকবে ইন্ডিয়া। আমাদের তো মূল লক্ষ্য ছিল প্রথম বারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল যাওয়া। সেটা হয়ে গিয়েছে। এখন যা হবে সব অর্জনের পালা। হারাবার কিছু নেই। ভারতের তো তা নয়। ওদের জিততেই হবে। এ জন্যই দু’হাজার সাতেও ওদের অসম্ভব চাপে দেখেছিলাম।

আপনি তো এখন জাতীয় নির্বাচক। টিমের এই পারফরম্যান্স কী এনে দিতে পেরেছে মনে করেন?
বাশার: এটা বাংলাদেশ ক্রিকেটকে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে। এর পর কোয়ার্টার ফাইনাল থেকে দেখা স্বপ্নের তো শেষ নেই। কিন্তু একটা বড় কাজ এই টিম করে দেখিয়েছে।

এই মাহমুদুল্লাহকে তো নির্বাচকেরাই আবার ফেরত আনলেন টিমে। ওর এত ভাল খেলা দেখে কী মনে হচ্ছে?
বাশার: খুব ভাল লাগছে। আর টিমের বেস্ট ডিশিসন হল ওকে চার নম্বরে পাঠানো। মাহমুদুল্লাহকে ছয় বা সাতে না খেলিয়ে ওপরে খেলানোটা একদম রাইট ডিশিসন। ওর খেলাটা নীচের দিকের ব্যাটিং অর্ডারের সঙ্গে যায় না।

ঢাকার বিশ্বকাপ আগ্রহ নাকি অবিশ্বাস্য?
বাশার: ওরে বাবা। এবারের মতো ক্রেজ আমি বোধহয় কখনও দেখিনি। বাংলাদেশের খেলা থাকলে নিমেষে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

আপনাদের ওখানে নাকি রমিজ রাজার কিছু মন্তব্য ঘিরে এমনই উত্তেজনা যে দাবি উঠেছে ওকে বাংলাদেশে কমেন্ট্রি না করতে দেওয়ার? সিধুর বিরুদ্ধেও নাকি ফেসবুক কমিউনিটি তৈরি হয়ে গিয়েছে।
বাশার: বাঙালিরা আবেগপ্রবণ। ক্রিকেট নিয়ে তো আরওই বেশি আবেগ। আবেগ থেকে অনেক কিছুই হতে পারে যেটা সব সময় যুক্তিপূর্ণ নয়। শুধু সিধু বা রমিজকে টার্গেট করে কী হবে, বিশ্বকাপের আগে বেশির ভাগ বিশেষজ্ঞই তো বাংলাদেশকে হাতে নেননি। আমাদের কোনো আশা দেখেননি। কাউকে ব্যান করে, গালমন্দ করে কিছু হয় বলে আমি মনে করি না। একজন কমেন্টেটর সে তো তার মনের কথা বলতেই পারে। আমার মনে হয় তাকে যদি জবাব দিতে হয় সেরা জায়গা হলো মাঠ। বাইশ গজে তাকে জবাব দিয়ে দাও।
 
এমনও কিছু বাংলাদেশি বলছেন যে আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভারতকে যদি হারিয়ে সেমিফাইনাল যাই আর ও দিক থেকে পাকিস্তান অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারায়, ২৬ মার্চ বাংলাদেশ সৃষ্টির দিন পাকিস্তানকে হারিয়ে আমাদের ফাইনাল যাওয়ার সুযোগ!
বাশার: আমার মনে হয় না ক্রিকেটের সঙ্গে জড়িত কোনো লোক এ ভাবে বা আদৌ ভাবছে বলে। কিছু লোক খেলাকে মিশিয়ে ফেলছে অন্য কিছুর সঙ্গে। আমি এর সমর্থক নই। ক্রিকেটটা ক্রিকেটই থাক- আমার মতে।

খোলাখুলি বলুন, ম্যাচে বাংলাদেশের ভয়ের মুহূর্ত কোন জায়গা থেকে তৈরি হতে পারে?
বাশার: ভারতীয় পেসাররা গোটা টুর্নামেন্ট খুব ভালো বল করছে। শর্ট বলটা ওরা খুব ভালো ব্যবহার করছে। সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমাদের হারাবার কিছু নেই। প্রথম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ব্যাপারটা উপভোগ করি, এ ভাবে যেন ছেলেরা দেখে। তা হলে ওরা ইন্ডিয়াকে আরও প্রবলেমে ফেলবে।

পান্ডার কামড়ের ক্ষতিপূরণ মিলল ৮০ হাজার ডলার

panda17চীনে বন্য পান্ডার কামড়ে গুরুতর আহত ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে শেষ পর্যন্ত ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে স্থানীয় বন কর্তৃপক্ষ।

উত্তর পশ্চিম চীনে এক বুনো পান্ডাকে ধরার চেষ্টায় স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা তাকে তাড়া করলে পান্ডাটা মিঃ গুয়ান কুয়ানঞ্জহির খামারে গিয়ে ঢোকে।
লানহ্জু ইভনিং নিউস পত্রিকার খবরে বলা হয়েছে কর্মকর্তারা আশংকা করছিলেন পান্ডাটি সুস্থ নয় এবং তাকে ধরা দরকার।

গত বছর মার্চ মাসে ওই্ এলাকার এক ব্যক্তি বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন যে কাদা মাখা বুনো একটি পান্ডাকে গানসু প্রদেশে লিজিবা গ্রামের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

কর্মকর্তারা তখন পান্ডাটিকে ধরতে স্থানীয় গ্রামবাসীদের সাহায্য চান।

এরপর মানুষের তাড়া খেয়ে পান্ডাটি ভয় পেয়ে যায় এবং মিঃ গুয়ানের ক্ষেতে ঢুকে পড়ে।

খবরে বলা হয় পান্ডাকেএগিয়ে আসতে দেখে মিঃ গুয়ান থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েন এবং পান্ডা তার বাঁ পায়ে জোরালো কামড় বসায়।

দেখতে লোমশ আর আদুরে হলেও পান্ডার চোয়ালের পেশীগুলো খুবই শক্ত এবং তার লম্বা ধারালো দাঁতের কামড় খুবই কঠিন ও ভয়ঙ্কর।

”তার কামড়ের যন্ত্রণা ছিল অসহ্য- সঙ্গে সঙ্গে রক্তে আমার পা ভেসে যায়,” সংবাদপত্রকে বলেন মিঃ গুয়ান।

গোটা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য মিঃ গুয়ান স্থানীয় বন ও বন্যপ্রাণী কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।

তার পায়ে সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার করতে হয় এবং চিকিৎসকরা বলেছেন তার আরো অস্ত্রোপচার প্রয়োজন।

মিঃ গুয়ান লানহ্জু ইভনিং নিউস পত্রিকাকে জানান ক্ষতিপূরণের অঙ্কে তিনি সন্তুষ্ট।- বিবিসি

নিউ ইয়র্কে ছয় ঘণ্টার জিম্মি পরিস্থিতির অবসান

newyorkনিউ ইয়র্কের জ্যামাইকা এলাকায় টানা ছয় ঘন্টা জিম্মি নাটকের অবসান ঘটেছে।

সোমবার জ্যামাইকায় গায়ানার একটি পরিবারে ডাকাতি করতে আসা সন্ত্রাসী দলটি ওই পরিবারকে জিম্মি করে। এ ঘটনায়  পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।

আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে, ওই ব্যক্তির ক্রিমিনাল রেকর্ড পরীক্ষার পর ডিসট্রিক্ট এটর্নির কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

যে ভবনটিতে এই জিম্মি ঘটনাটি ঘটে সেখানে একটি বাংলাদেশী পরিবারও ছিল বলে সংবাদদাতারা জানাচ্ছেন। তবে পরিবারটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।- বিবিসি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

mujib17বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শিশু সমাবেশ, আলোচনা সভা, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সরকারিভাবে জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। দিবসটি পালনের জন্য সরকারিভাবেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সরকারি কর্মসূচি: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশ, আলোচনা সভা, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেশব্যাপী সব জেলা ও উপজেলা সদরে শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। দেশব্যাপী সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হবে।
১৮ মার্চ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‘নিখোঁজ আব্বু’র জন্য মেয়ের আকুতি

salahuddin8‘নিখোঁজ আব্বু’কে সুস্থ অবস্থায় ফেরত চায় সালাহউদ্দিন আহমেদের ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা।

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য্ অধ্যাপক এমাজউদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের পরিবারকে সহমর্মিতা জানাতে গুলশানের বাসায় গেলে তার ছোট মেয়ে সাংবাদিকদের কাছে এই আকুতি জানান।

স্কলাস্টিকার দশম শ্রেণীর ছাত্রী রাইদা আবেক আপ্লুত কণ্ঠে বলেন, ‘‘আমার একটাই আবেদন- আব্বুকে সুস্থ অবস্থায় যেন ফেরত দেয়া হয়। এটাই আমার চাওয়া।’’

আবেগে এর বেশি কিছু রাইদা বলতে পারছিল না।

রাত সাড়ে ৮টায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম লাবলু প্রমূখ নেতৃবৃন্দ গুলশানের ৭২ নম্বর সড়কের ৭ নম্বর বাসায় আসেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তার ছেলে-মেয়েকে সমমর্মিতা জানাতে আসা অধ্যাপক এমাজউদ্দিন আহমদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

সালাহউদ্দিন আহমেদের স্ত্রীকে তিনি বলেন, ‘‘তুমি আমার মেয়ের মতো। আল্লাহ আল্লাহ করো।’’

তিনি ‘‘আমি বিশ্বাস করি, সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে আনার কাজ রাষ্ট্রের। যে অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওইরকম অবস্থায় আমার প্রিয় ছাত্র সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি আমি রাষ্ট্রের কাছে জানাচ্ছি।’’

এরপর সাংবাদিকদের কাছে হাসিনা আহমেদ কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার একটিই চাওয়া আমার স্বামীকে ফিরিয়ে দাও। যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে, সেইরকম সুস্থ অবস্থায় তাকে আদালতে হাজির করা হোক-এটাই আমার আবেদন।’’

তিনি বলেন, ‘‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন আমার স্বামীকে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযখ নির্দেশ দেন। আমার ছেলে মেয়েকে আশ্বস্ত করুন-আমার স্বামী সুস্থ ও ভালো আছেন।’’

এ সময়ে মায়ের পাশে বসা তার ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও মেয়ে রাইদা আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

হাসিনা আহমেদ বলেন, ‘‘বিদেশে আমার বড় ছেলে ও মেয়েও কিছুক্ষণ পরপর টেলিফোন করে বাবার সন্ধান জানতে চায়। আমি কিছুই বলতে পারি না। আমি আমার স্বামীকে ফেরত চাই।’’

সালাহউদ্দিন আহমেদর বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডা ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়াতে অধ্যয়ন করছেন।

সালাহউদ্দিনের পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি।

ছয় দিন ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের কোনো ‘সন্ধান পাওয়া যায়নি’ বলে  উচ্চ আদালতকে জানিয়েছে এসবি, সিআইডি, র্যা ব, ডিএমপি ও পুলিশ হেড কোয়ার্টার। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর খোঁজ চেয়ে হাই কোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চের জারি করা রুলের জবাবে আইনশৃঙ্খলা বাহিনী আলাদাভাবে ও্ই বেঞ্চে প্রতিবেদন জমা দেয়।

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে সালাহ উদ্দিনের নামেই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দেওয়া হচ্ছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না এই রাজনীতিক। হাসিনা আহমেদের অভিযোগ, তিনি স্বামীর খোঁজ চেয়ে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।

মালয়েশিয়ায় দুই ইন্দোনেশীয় বিমান ভূপাতিত

indonesian air crash in malaysiaমালয়েশিয়ায় রবিবার দু’টি ইন্দোনেশীয় বিমান ভূপাতিত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় পতিত বিমান দু’টি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমান দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বিমান লাংকাওয়ি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অপরটি পাশ্ববর্তী একটি গ্রামে গিয়ে পড়ে।

দুই বিমানের চার পাইলটই সংঘর্ষের সময় বিমান থেকে বেরিয়ে অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে সক্ষম হন। তবে তাদেরকে চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেন হাসপাতালে চার পাইলটের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটার-বার্তায় বলেছেন, চার পাইলটই সুস্থ আছেন। প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহে ঘাটতি দেখা দেয়নি।

লাংকাওয়ি আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনী আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের প্রদর্শনীতে যে পাঁচটি টিমের অংশ নেওয়ার কথা রয়েছে, তার মধ্যে ইন্দোনেশিয়ার টিম অন্যতম। সূত্র: আরটি।

এপ্রিলের মধ্যেই ৩ সিটি নির্বাচনের পরামর্শ আইজিপি’র

shohidul৩০ এপ্রিলের মধ্যেই তিন সিটি কর্পোরেশনে নির্বাচন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন।

বৈঠকের পর আইজিপি সাংবাদিকদের বলেন, ‘আমরা ঢাকা ও চট্টগ্রামে আলাদাভাবে দুই দিনে ভোট চেয়েছিলাম। কিন্তু কমিশন একদিনে করতে চায়। সম্ভবত একদিনেই এ তিনটি সিটি নির্বাচন হবে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রায় আধা ঘণ্টা ধরে আইজিপির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াও ছিলেন বৈঠকে।

তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি সিইসির কাছে তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক। বিএনপি জোট অবরোধ-হরতাল চালিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন তিনি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একদিনে ভোট করার পরামর্শও দিয়েছেন আইজিপি।

শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। কমিশন নির্বাচনের জন্য যে ধরনের সহায়তা চাইবে, আমরা সর্বাত্মক সহায়তা করব। মে মাসের শুরুতে ক্রিকেট রয়েছে। এর আগে এপ্রিলের ৩০ তারিখের মধ্যে ভোট হলে আমাদের সুবিধা হবে। কমিশন আমাদের প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছে।’

তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ কর্মসংস্থানের উদ্যোগ

jobsচার বছরে দেশের তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের প্রশিক্ষণ দিয়েই এই উদ্যোগের সমাপণী টানতে চান না এর উদ্যোক্তারা। বরং প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের (চাকরি) ব্যবস্থা করে দেওয়াইএ উদ্যোগের মুখ্য উদ্দেশ্য বলে জানা গেছে।

দেশে সফটওয়্যার বা সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই উদ্যোগ নিয়েছে। বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’ এর একটি লক্ষ্য হলো ‘ওয়ান ‌‌‌মিলিয়ন’ পেশাজীবী তৈরি করা। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ও অাইটি এনবল্ড সার্ভিসেস (অাইটিইএস) ও বিপিও (বিজনেস প্রসেস অাউটসোর্স) পেশাজীবী তৈরি।

এ উদ্যোগ গ্রহণের এক বছর পার হয়েছে এরই মধ্যে। এ খাতের অগ্রগতি ইতিবাচক বলে জানা গেছে। এর মধ্যে গেমস ও মোবাইল অ্যাপস ডেভেলপিংয়ে তরুণদের বেশি অাগ্রহ দেখা গেছে। ১০ লাখের মধ্যে অাড়াই লাখ তরুণকে গেমস ও মোবাইল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দিয়ে অাগামী দিনের জন্য তৈরি করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক বলেছেন, অাগামী দিনে ট্রিলিয়ন ডলারের মার্কেট গলো মোবাইল গেমস। অামাদের সক্ষমতাকে কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে অামাদের তরুণদের এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে এক রূপরেখা প্রণয়ন করা হয়েছে। অাগামী দিনে প্রযুক্তি কেন্দ্রিক কর্মকাণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি হলো মোবাইল গেমস। তিনি বলেন, ইতোমধ্যে সরকার মোবাইল গেমস ডেভেলপমেন্টের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে এবং বেসিস ১ মিলিয়ন ডেভেলপার তৈরির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বেসিস সভাপতি শামীম অাহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অামরা অামাদের স্বপ্নের কথা ঘোষণা করি এবং সে লক্ষ্য নিয়েই অামরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, অামরা প্রশিক্ষণ দেওয়াটাই বড় করে দেখছি না। এটা অামাদের উদ্দেশ্যও নয়। অামাদের উদ্দেশ্য প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত কর্মীদের চাকরির ব্যবস্থা করে দেওয়া।

সূত্র জানায়, ২০১৮ সালের মধ্যে বেসিস তাদের লক্ষ্যে পৌঁছতে চায়। এ লক্ষ্যে বেসিস বিভিন্নভাবে এবং কৌশলে প্রশিক্ষণ দিয়ে ১০ লাখ মানবসম্পদ তৈরি করতে চাইছে। এরই মধ্যে সংগঠনটি বিশ্ব ব্যাংকের সহায়তায় সারা দেশের ২৩ হাজার শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার গোষণা দিয়েছে। অাইসিটি বিভাগের এলঅাইসিটি (লেভারেজিং অাইসিটি) প্রকল্প এরই মধ্যে ৩৪ হাজার প্রশিক্ষাণার্থীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার ঘোষণা দিয়েছে।

বেসিসের মোবাইল মানডে এবং ক্লাউড ক্যাম্পের উদ্যোগে ১০ লাখ ডেভেলপারের মধ্যে ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে গেমস ও অ্যাপসের প্রশিক্ষণ। বেসিস অাড়াই লাখ ফ্রিল্যান্স্যারকেও প্রশিক্ষণ দেবে। বাজার উপযোগী করতে তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে গড়ে তোলা হবে। এছাড়া অারও বিভিন্নভাবে বেসিস তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী হিসেবে তৈরি করবে।

হালে তরুণদের চাকরি না দিয়ে প্রশিক্ষণ দিয়ে পথ দেখিয়ে দিলেই হচ্ছে। তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান করে নিচ্ছে। কেবল প্রয়োজন সময়ের সঙ্গে তালমিলিয়ে চলার মতো প্রশিক্ষণ। সরকারের উদ্যোগে সারাদেশে শুরু হয়েছে লার্নিং অার্নিং প্রজেক্ট। ওই প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নিলে ঘরে বসেই অায় করা যাবে। বেসিসের ১০ লাখ পেশাজীবী তৈরির উদ্যোগ বেসরকারি খাতে বড় একটি কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা প্রশিক্ষণে অাগ্রহী তারা বেসিসের ওয়েবসাইটে একবার লগইন করতে পারেন।

৫ ফেসবুক ব্যবহারকারীকে খুঁজছে সরকার

facebook jজনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৫ ব্যবহারকারীকে খুঁজছে সরকার। ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ৫টি অ্যাকাউন্টের (অাইডি) বিশদ তথ্য চেয়ে আবেদনও পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার ফেসবুক প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এই নিয়ে গত দেড় বছরে ৩৪ জনের বিষয়ে তথ্য চেয়ে ফেসবুকের কাছে অনুরোধ জানালো সরকার।

তবে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়নি অাবেদনগুলো কোন প্রতিষ্ঠান বা সংস্থা থেকে করা হয়েছে।

ফেসবুকের প্রতিবেদন অনুসারে, মোট ৫টি অনুরোধের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে। তবে কনটেন্ট ব্লক করার জন্য সরকার কোনও অাবেদন করেনি। ফেসবুকের দাবি, সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে এখনও কোনও তথ্য দেয়নি।

২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ফেসবুকের কাছে এসব অনুরোধ জানানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, প্রতি ৬ মাস পর পর ফেসবুক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

২০১৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৭ জনের (অাইডির) তথ্য চেয়ে অনুরোধ করেছিল সরকার। এর অাগে গত বছরের (২০১৩) প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ১২টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল সরকার। তবে এখন পর্যন্ত ফেসবুক কোনও তথ্য বাংলাদেশকে দেয়নি।

২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক তাতে দেখা গেছে বিশ্বের ৮৮টি দেশ থেকে ৫০ হাজার ২৩৪ জনের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২১ হাজার ৭৩১টি অাইডির তথ্য চেয়েছে দেশটির সরকার।

যুক্তরাজ্যেও এ সংখ্যা কম নয়- ২ হাজার ৮৯০টি। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এবার তথ্য চাওয়ার পরিমাণ বেড়েছে।

ভারত সরকার ফেসুবকের কাছে ৫ হাজার ৪৭৩টি অাবেদনের মাধ্যমে ৭ হাজার ২৮১ জনের তথ্য চেয়ে পাঠায়। এর প্রায় ৪৫ শতাংশ তথ্য ফেসবুক ভারতকে দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পাকিস্তান ১০০টি অাবেদনের মাধ্যমে ১৫২ জনের তথ্য চায় ফেসবুকের কাছে। মোট অাবেদনের ৪২ শতাংশ তথ্য পাকিস্তান সরকারকে দিয়েছে বলে ফেসবুকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৪ সালের প্রথম ৬ মাসের প্রতিবেদন অনুসারে ফেসবুক জানায়, সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধ্বের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। ফেসবুকের তথ্যানুযায়ী, ওই ৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৩৪ হাজার ৯৪৬টি অনুরোধ করে।

সবচেয়ে বেশি অনুরোধ করে যুক্তরাষ্ট্র। দেশটি ১৫ হাজার ৪৩৩টি অনুরোধের মাধ্যমে ২৩ হাজার ৬৬৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। এর মধ্যে শতকরা ৮০ শতাংশ ব্যবহারকারীর তথ্য যুক্তরাষ্ট্র সরকারকে দিয়েছে ফেসবুক।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারত থেকে গত বছরের প্রথমার্ধ্বে ৪ হাজার ৫৫৯টি অনুরোধের মাধ্যমে ৫ হাজার ৯৫৮টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষ প্রায় ৫১ শতাংশ ব্যবহারকারীর তথ্য সরকারকে দিয়েছে। ৪ হাজার ৯৬০টি কনটেন্ট ব্লক করেছে।

একই সময়ে পাকিস্তান থেকে ১১৬টি অনুরোধে ১৬০টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ৩৬ শতাংশ তথ্য দেওয়া হয়েছে সরকারকে। কনটেন্ট ব্লক করা হয়েছে ১ হাজার ৭৭৩টি।

এ বিষয়ে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার নিজের ওয়ালে সোমবার লিখেছেন কেন এই প্রতিবেদন প্রকাশ করা হয়, কীভাবে ফেসবুকের কাছে তথ্য চাওয়া হয়, ফেসবুক কী ব্যবস্থা নেয়, কোন কোন অাইডির তথ্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে পাঠানো হয় সেসব। এই https://www.facebook.com/zuck/posts/10101974380267911?fref=nf&pnref=story লিংকে গিয়ে জানা যাবে বিস্তারিত।

ফেসবুক প্রকাশিত পুরো রিপোর্টটি পড়তে ক্লিক করুন: https://govtrequests.facebook.com/?pnref=story