শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজধানীতে হিযবুত তাহরীর কর্মীসহ আটক ১১

arrest28শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে একজন হিযবুত তাহরীরের সদস্য এবং বাকি ১০ জন বিএনপি ও জামায়াতের কর্মী।

ঢাকা মেট্রোপলিটনের পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানান। আটককৃতদের মধ্যে হিযবুত তাহরীরের সদস্য ছাড়া আটজন বিএনপির কর্মী ও জামায়াতের দুই কর্মী রয়েছেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

রুবেলের প্রশংসায় লারা

laraশুনছিলাম, ব্রায়ান লারা নাকি শুধুই সিডনির স্পোর্টস স্টুডিওতে বসে বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন৷ সকালবেলা বন্ডাই বিচে হাঁটাহাঁটি করতে দেখা গেলেও, বাকি সময়টায় থাকছেন অধরা৷ এমন ব্যস্ত ব্রায়ান লারাকে, মেলবোর্ন ক্রিকেট মাঠে, প্রি-লাঞ্চ শো-এ অংশগ্রহণ করতে দেখব, তা ভাবতেই পারিনি৷ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু হতেই চলে এসেছিলেন তিনতলার কমেন্ট্রি বক্সে৷ ‘খিদে পেয়েছে? লাঞ্চ রুম কোথায়?’ দুটি জরুরি প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার পর হাঁটতে শুরু করেছিলাম৷ মার্ক ওয়া, ড্যামিয়েন ফ্লেমিং, রায়ান হ্যারিসরা ততক্ষণে মিডিয়া ডাইনিং হলে পৌঁছে গিয়েছিলেন৷ খাওয়া-দাওয়ার পর, কিছুক্ষণ গ্যালারিতে বসে খেলা দেখলাম৷ পরে কমেন্ট্রি বক্সের পাশের ওয়েটিং রুমে৷

বাংলাদেশ তখন জাঁকিয়ে বসতে চাইছিল৷ ব্রায়ান লারা বললেন, ‘তুলনায় ছোট দলগুলো টানা ৫০ ওভার ভালো খেলতে পারে না৷ হঠাৎ হঠাৎ আলোর ঝলকানির মতো, ওরা, মাঝেমধ্যেই চমকে দিতে চায়৷ তবে, বাংলাদেশ কিন্তু ভালো খেলল এখানে৷ প্রচুর উন্নতি করেছে৷ রুবেল ছেলেটাকে কিন্তু বেশ তীক্ষ্ণ মনে হলো৷’

বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার সঙ্গে সম্পর্কের কথা তিনি জানেন৷ রুবেল বনাম হ্যাপির কথাও তার অজানা নয়৷ সুস্মিতা সেন কী করছেন, খবর নিলেন৷ ‘দু দিন আগে স্যর ভিভিয়ান রিচার্ডস ডিনার করালেন৷ হঠাৎই ভিভের ম্যানেজার টেলিফোন করে ডিনার করালেন৷ স্যর ভিভকে খুশি মনে হল৷ ভিভের গানটা শুনেছেন নাকি? ভিভ নিজে কিন্তু প্রচণ্ড উত্তেজিত হয়ে আছে ওর এই গান নিয়ে৷ ভালোই সময় কাটল৷ বস্তুত, এত বন্ধুবান্ধব, প্রাক্তন, বর্তমান ক্রিকেটারদের সঙ্গে দেখা হচ্ছে এবার এখানে যে খুব আনন্দে সময় কাটছে৷’

ভিভের মেয়ে মাসাবা-র তো বিয়ে, জানেন? কদিন আগে এনগেজমেন্ট অনুষ্ঠান হয়ে গেল মুম্বাইয়ে….৷
ব্রায়ান লারা: তাই? কই ভিভ তো বলল না!

ভিভ নিজেও ওই অনুষ্ঠানে আসতে পারেননি৷ ভিডিওর মাধ্যমে নিজের বার্তা পাঠিয়েছেন৷
ব্রায়ান লারা: এটা তো একটা ক্লাসিক ব্যাপার৷ বিশ্বকাপের জন্য ব্যস্ত থাকায় হয়তো যেতে পারেনি৷ এমন একটা সময় অনুষ্ঠানটা তো আয়োজন না করলেই পারত, তাই না? আগে বা পরে করলে, বাবা হিসেবে ভিভ কিন্তু থাকতে পারত৷

নীনা গুপ্তর সঙ্গে ভিভের কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে?
ব্রায়ান লারা: তাই? জানতাম না তো!

নীনা আবার বিয়ে করেছেন৷
ব্রায়ান লারা: আবার বিয়ে? মানেটা কী? ভিভ তো কখনই নীনাকে বিয়ে করেনি৷

তা করেনি ঠিকই৷ দু’জনেই কিন্তু প্রচণ্ড ঘনিষ্ঠ ছিল৷ যা ছিল বিয়ে করা দম্পতির থেকেও ঠাস বুনোট৷
ব্রায়ান লারা: কখন যে কী হয়ে যায় মানুষের! তবে, ভিভের সঙ্গে আমার এ ব্যাপারে কোনো দিনও কথা হয়নি৷

গারফিল্ড সোবার্স কেমন আছেন?
ব্রায়ান লারা: ভালো৷ ৭৮ বছর বয়স হয়ে গেল! কথা হয় মাঝেমধ্যে৷

দুপুরে তো এখনও ঘোড়দৌড় দেখেন?
ব্রায়ান লারা: দীর্ঘদিনের অভ্যাস৷ সন্ধ্যার পর থেকেই বাড়িতে কাটান৷

আমরা অন্য ব্যাপারে চলে গিয়েছিলাম৷ দুটো প্রশ্ন অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম…৷ আপনি নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান?
ব্রায়ান লারা: এবার তো হতে পারলাম না৷ মন স্হির করার পর যখন মনোনয়নপত্র জমা দেব বলে ভাবছি, শুনলাম, এক মাস আগেই ওই তারিখ পেরিয়ে গিয়েছে৷

আপনার ব্যাটিং সম্পর্কেও বলা হয়ে এসেছে, আলসেমিতে ভরা মাধুর্য৷ ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও তো তা-ই করলেন৷
ব্রায়ান লারা: (হেসে), হ্যাঁ নানা কাজের জন্য দেরি করে ফেলেছিলাম৷ ঠিক আছে, দুই বছর পর, দাঁড়ানোর প্রস্তুতি আগের থেকে নেব৷ ঘোঁতঘাঁত এর মাঝে বুঝে নেব৷

ভেবে দাঁড়াবেন৷ সময় দিতে পারবেন? জোয়েল গার্নার তো সময় দিয়েও হেরে গেলেন৷…৷
ব্রায়ান লারা: চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর, নিজের গ্রুপ তৈরি করে আঁটঘাট বেঁধেই নামব৷ ডোন্ট ওরি…৷

দ্বিতীয় প্রশ্নটা হলো, সর্বকালের সেরা ওয়েস্ট ইন্ডিজ টিম গড়তে গিয়ে নিজেকে কোচ হিসেবে রেখেছেন৷ কিন্তু, স্যর এভার্টন উইকসকে রাখেননি৷
ব্রায়ান লারা: ওটা তো ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ওয়ান ডে টিম, টেস্ট দল নয়৷ টেস্ট দলে তো স্যর এভার্টনকে রাখতেই হবে৷

আর আপনি?
ব্রায়ান লারা: নিজে নির্বাচক হয়ে ব্রায়ান লারাকে রাখব কীভাবে?

এবার আপনার পরিবার সম্পর্কে বলুন…৷
ব্রায়ান লারা: বিয়ে এখনও করিনি৷ কিন্তু সিডনির পর আর একটি কন্যা হয়েছে৷ নাম রেখেছি টাইলা৷

সিডনি কত বড় হলো?
ব্রায়ান লারা: স্কুলজীবন শেষ হল বলে৷ বিগ গার্ল৷

আপনার জন্মদিনও এসে গেল…৷
ব্রায়ান লারা: হ্যাঁ, এবার আর ত্রিনিদাদ বা লন্ডন নয়, বার্বাডোজের বন্ধুরা এবার বার্বাডোজেই আমার জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছে৷

বিশ্বকাপে ফিরছি৷ ভেবেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না?
ব্রায়ান লারা: না, এখনও ওয়েস্ট ইন্ডিজ এত খারাপ দল হয়ে পড়েনি যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবে না৷ আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়াটা, রিয়েল শকিং৷

এমন অবস্হা দাঁড়িয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের নাম অনেকেই, এক কথায়, বলতে পারবেন না?
ব্রায়ান লারা: সবাইকে ছেড়ে জেসন হোল্ডারকে আসামি ভাবাটা ঠিক হবে না৷ বাচ্চা ছেলে৷ এখনও জেসন বখে যায়নি৷ সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, জেসন অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে যেতে পারে৷

এবার, তা হলে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কোন দেশ?
ব্রায়ান লারা: সম্ভাবনা বেশি অস্ট্রেলিয়ার৷ সিডনিতে ধোনিরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে, ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে৷

অন্য প্রসঙ্গ৷ আপনার গল্ফ কেমন চলছে?
ব্রায়ান লারা: খুব ভালো৷ এপ্রিলে দুবাইয়ে আইকন কাপ খেলতে যাব৷ আমেরিকা বনাম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ম্যাজিক জনসন খেলবে আমেরিকার হয়ে৷ অবশিষ্ট বিশ্ব একাদশে থাকব আমি, ডোয়াইট ইয়র্ক, লুই ফিগো এবং কপিলদেব৷

দেবাশিস দত্ত: ভারতীয় সাংবাদিক।

আ জ ম নাছির চট্টগ্রামে আ. লীগের প্রার্থী

nachirচট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র-প্রার্থী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে দলীয়ভাবে আ জ ম নাছিরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে বৈঠকের পর ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিশ্চিত করেন। এদিকে গণভবন থেকে বেরিয়ে দলীয় সমর্থন পাওয়া মেয়র প্রার্থী আ জ ম নাছির শুক্রবার রাতেই ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে ডাকেন চট্টগ্রাম জেলার নেতাদের। এতে চট্টগ্রাম জেলার নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রামের তিনবারের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির, চট্টগ্রাম উত্তরের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, চট্টগ্রামের সংসদ সদস্য আফসারুল আমীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বৈঠকে অংশ নেন।

আ জ ম নাছিরকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বৈঠকের পর সাইফুজ্জামান চৌধুরী বলেন, দলীয়ভাবে নাছিরকে সমর্থন করার সিদ্ধান্ত হয়েছে।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেন, আ জ ম নাছিরকে সর্বসম্মতভাবে মেয়র প্রার্থী করা হয়েছে। নেত্রী (শেখ হাসিনা) সবাইকে একসঙ্গে তার হয়ে কাজ করতে বলেছেন।

প্রসঙ্গত, বিএনপি শেষ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আসতে পারে এমন ধারণা থেকে ভোটযুদ্ধের ছক চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে চট্টগ্রামের নির্বাচনে মেয়র পদে নতুন প্রার্থী বাছাই করেছেন সরকারি দলের শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আ জ ম নাছির উদ্দিনকে দলের পক্ষে সমর্থন করার কথাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের চট্টগ্রাম মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম বিবেচনায় থাকলেও বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার বিকল্প হিসেবে আ জ ম নাছিরের নাম এসেছে। মহিউদ্দিন চৌধুরীও প্রধানমন্ত্রীর বক্তব্যে একমত পোষণ করেছেন। তিনি নাছিরকে সহযোগিতা ও সমর্থন করার অঙ্গীকারও করেছেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন।

সূত্র জানায়, সভার শুরুতে মহিউদ্দিন চৌধুরী নিজেই প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমার বয়স হয়েছে। আগেও মেয়র ছিলাম। আপনি যাকে মনোনয়ন দেবেন তাকেই মেনে নেব।

এর আগে বৃহস্পতিবারও গণভবনে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে কয়েক দিন আগে দলীয় সিদ্ধান্ত ছাড়াই সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজেকে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী ময়দানে হাজির হন।

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

trak cngময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বালু ভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ভাবকীর মোড় এলাকার এ ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তারা মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিলেন।
নিহতরা হলেন,মুক্তাগাছা উপজেলার রামপুর গ্রামের  আলাল উদ্দিন (৫৫), ছমির তালুকদার (৩৫), মন্ডলসেন গ্রামের আকবর আলী(৩২) ,ভট্রবাড়ি গ্রামের জালাল উদ্দিন (৩২) , লেংড়া বাজার গ্রামের তুলা ব্যবসায়ী সেলিম মিয়া (৬০) ও ময়মনসিংহের কাশর এলাকার শফিকুল ইসলাম (৪০)।
এ ঘটনায় অটোরিকশাটির চালক আড়াইবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও মন্ডলসেন গ্রামের নিজামউদ্দিন আহত হয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকাল ৬টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ভাবকির মোড়ের মারুফ ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল গামী একটি বালুভর্তি ট্রাকের সাথে মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ-টাঙ্গাইল মহসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জহুরা, সহকারী কমিশনার ( ভূমি) জসিম উদ্দিন ও ওসি কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাইড বইয়ের প্রশ্ন হুবহু এসএসসিতে!

ssc10চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটলেও নতুন এক কেলেঙ্কারির জন্ম দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বাজার থেকে কেনা গাইড বই থেকে পদার্থবিজ্ঞান বিষয়ের ইংরেজি ভার্সনের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা হয়। এরই মধ্যে এ বিষয়ের খাতা মূল্যায়নের কাজও শেষের পথে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, এ ঘটনা প্রশ্নপত্র ফাঁসের চেয়েও গুরুতর। প্রশ্নপত্র কারা ফাঁস করছে, তা হয়তো ধরা সম্ভব নাও হতে পারে; কিন্তু কারা গাইড বই থেকে পরীক্ষায় প্রশ্ন তুলে দিচ্ছেন, সেটি নিশ্চয়ই বের করা সম্ভব। এ কাজটিই সরকার এবার করে দেখাক।

বৃহস্পতিবার এ নিয়ে সমকালের সঙ্গে আলাপকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, অভিযোগটি তিনি এই প্রথম শুনলেন। কেউ লিখিত কোনো অভিযোগও করেনি। তবে তদন্ত করে দেখবেন। জানা গেছে, পদার্থবিজ্ঞানের ইংরেজি ভার্সনের প্রশ্ন ‘পাঞ্জেরী গাইড বই’ থেকে নেওয়া হয়েছে। অথচ এসএসসি পরীক্ষার প্রশ্ন কোনো গাইড বই থেকে নেওয়া সম্পূর্ণ অবৈধ। কারিকুলাম ও সিলেবাস অনুসারে, মূল বই থেকে শিক্ষকদের প্রশ্ন করতে হবে। অথচ এই বোর্ডের পদার্থবিজ্ঞানের প্রশ্নপ্রণেতারা পাঞ্জেরী গাইড বই থেকে পদার্থবিজ্ঞানের ইংরেজি ভার্সনের প্রশ্ন প্রণয়ন করেছেন।বিষয়টি নজরে আসার পর সারাদেশের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে। তারা বলছেন, সৃজনশীল পদ্ধতিতে পদার্থবিজ্ঞানের প্রশ্ন প্রণয়ন করতে হয়। গাইড বই থেকে এসএসসিতে প্রশ্ন তুলে দিয়ে সংশ্লিষ্ট শিক্ষকরা প্রমাণ করলেন, তারা নিজেরাও সৃজনশীল প্রশ্ন প্রণয়নে পারদর্শী নন।এ বিষয়টি নিয়ে সম্প্রতি সরব হয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি গত সোমবার সব গণমাধ্যমের সম্পাদকদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেছেন, ‘সম্প্রতি পাবলিক পরীক্ষাগুলোতে গাইড বই থেকে প্রশ্ন তুলে দেওয়ার একটি বিষয় ঘটতে শুরু করেছে। এক অর্থে এই বিষয়টি প্রশ্ন ফাঁস থেকেও গুরুতর। এর আগে ১৩ মার্চ তিনি বিভিন্ন সংবাদপত্রে কলাম লিখে বিষয়টি সবাইকে জানান।

এ প্রসঙ্গে এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, অভিযোগটি নতুন এবং খুব অভিনব। পরীক্ষার আগে বোর্ড কর্তৃপক্ষ প্রশ্ন দেখতে পারে না। তবে এ ব্যাপারটি তারা খতিয়ে দেখবেন। আর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, প্রতিটি বিষয়ে এবার ৮টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে ৪ সেট করে মোট ৩২ সেট প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নপ্রণেতা শিক্ষকরা প্রশ্ন তৈরি করে মডারেটরের কাছে পাঠান। মডারেটর সেখান থেকে প্রশ্ন বাছাই করে লটারি করেন। লটারিতে যে সেটের প্রশ্ন ওঠে সে প্রশ্নই বিজি প্রেসে পাঠানো হয় ও সেখানে ছাপা শেষে পরীক্ষা কেন্দ্রে যায়। তাই তারা বলতে পারছেন না কোন শিক্ষক এই কাজটি করেছেন। তিনি বলেন, হাতে লেখা মূল প্রশ্নপত্র এখন ঢাকার ট্রেজারিতে রাখা আছে। পরীক্ষা চলমান থাকায় এখন তা তারা দেখতে পারবেন না। তবে পরীক্ষা শেষে ট্রেজারি থেকে প্রশ্নের পাণ্ডুলিপি এনে ওই গাইড বইয়ের প্রশ্নের সঙ্গে এসএসসির প্রশ্ন মিলিয়ে দেখবেন। প্রশ্ন মিলে গেলে খুঁজে বের করা হবে সংশ্লিষ্ট প্রশ্ন প্রণয়নকারী শিক্ষককে। তার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে নিজে প্রশ্ন তৈরি করার যোগ্যতা অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পরও দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষক এখনও সৃজনশীল পদ্ধতি আয়ত্ত করতে পারেননি। বিষয়টি উপলব্ধি করে ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাজার অথবা গাইড থেকে নমুনা প্রশ্ন নিয়ে পাবলিক কিংবা স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন করা যাবে না। তবে বাস্তবে এ নির্দেশনার তোয়াক্কা করছেন না শিক্ষকরা।

পদার্থবিজ্ঞানের প্রশ্নপ্রণেতারা শনাক্ত না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক সমকালকে বলেন, তারা এ বইটি প্রকাশ করেছিলেন দুই বছর আগে। বইটি প্রকাশ করা হয়েছিল পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের অনুশীলন করার জন্য ‘প্র্যাকটিস বুক’ হিসেবে। যে শিক্ষক এ বই থেকে মূল পরীক্ষার প্রশ্ন হুবহু তুলে দিয়েছেন, তিনি কাজটি সঠিক করেননি।

শিশুদের নিউমোনিয়ারও টিকা দেওয়া হবে

tikaদেশে টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়া টিকা ও পোলিও ইনজেকশন যুক্ত হতে যাচ্ছে। চলতি বছর থেকে টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়া প্রতিষেধক নিউমোকক্কাল টিকা ও পোলিওর জন্য মুখে খাওয়ানোর টিকার পরিবর্তে ইনজেকশন দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার রাজধানীর শিশু হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

দেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর এক-পঞ্চমাংশের কারণ মিউমোনিয়া। এ রোগের টিকার বিষয়টি দীর্ঘদিন ধরে সরকারের পরিকল্পনায় ছিল। শিশুমৃত্যুর হার কমানোর জন্য সরকার ১৯৭৯ সাল থেকে যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস ও হামের টিকা দেওয়া শুরু করে।

বর্তমানে সম্প্রসারিত জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এক বছরের কম বয়সী শিশুদের ৯টি রোগের টিকা দেওয়া হচ্ছে। এক বছর পূর্ণ হওয়ার আগে নিয়মমাফিক সব টিকা নেওয়া শিশুর হার বর্তমানে ৮৫ শতাংশ।

এই সাফল্যের ফলে আরও পাঁচটি দেশের সঙ্গে বাংলাদেশও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নিয়মিত সময়ের আগেই
শিশুমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।

নিয়মিত টিকাদানের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ দু’বার গ্যাভি বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।

তিন সিটি নির্বাচনে যাচ্ছে বিএনপি

bnp logoচলমান আন্দোলন অব্যাহত রেখেই ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছে বিএনপি। ভোট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে শুধু অবরোধ রেখে হরতাল শিথিল করা হতে পারে। ইতিমধ্যে তিন সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দিতে শুরু করেছে দলের হাইকমান্ড। আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। নির্বাচনে অংশ নেওয়া অথবা না নেওয়ার ‘সুফল’ সম্পর্কেও জোট ও দলের সিনিয়র নেতা, সম্ভাব্য মেয়র প্রার্থী এবং দল সমর্থিত পেশাজীবী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবীদের পরামর্শ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানা যুক্তি তুলে ধরে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারাও। গতকাল রাতেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে বিএনপি সিটি নির্বাচনে যেতে পারে। সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া তিন সিটি নির্বাচনে ছাড় দেওয়া যাবে না জানিয়ে পেশাজীবীদের বলেন, এতে দল চাঙ্গা হবে। একই সঙ্গে তিনি বিএনপি নির্বাচনে অংশ নিলে সরকার নির্বাচনের তফসিল স্থগিত করতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন। পেশাজীবীরাও নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জোরালো মত দেন।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পদে ঢাকা উত্তর সিটি করপোরেশনে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, দক্ষিণে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটিতে দলের মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে সমর্থন দেওয়ারব্যাপারে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করছেন বিএনপি হাইকমান্ড। তবে কোনো কারণে এদের কাউকে সমর্থন দেওয়া সম্ভব না হলে ঢাকা উত্তরে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুম, দক্ষিণে দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক কারারুদ্ধ নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং চট্টগ্রাম সিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও বর্তমান মেয়র এম মনজুর আলমের মধ্য থেকেও কেউ দলীয় সমর্থন পেতে পারেন। সূত্র জানায়, বিকল্প হিসেবে প্রতিটি সিটিতে মেয়র ও ওয়ার্ড কাউন্সিল পদে একাধিক দলীয় নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হচ্ছে। ঋণখেলাপিসহ নানা কারণে প্রথম পছন্দের কারও মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে দ্বিতীয় বিকল্প প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।

অবশ্য দল ও জোটের ভেতর নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দুটি মত রয়েছে। একটি বড় অংশ মনে করে, গুরুত্বপূর্ণ দুই সিটিতে যে কোনো কৌশলে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইতিপূর্বে চারটি সিটিতেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া গত নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে অংশ নিলে একদিকে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা আবার সংগঠিত হওয়ার একটি সুযোগ পাবেন। আর পরাজিত হলে ‘ভোট কারচুুপির’ অভিযোগ তুলে আন্দোলন জোরদার করা যাবে। তবে ছোট একটি অংশ মনে করে, সরাসরি দল সমর্থিত প্রার্থী দিয়ে নির্বাচনে গেলে আন্দোলনের ক্ষতি হবে। সরকার প্রভাব খাটিয়ে নির্বাচনে বিজয় ছিনিয়ে নেবে, বিএনপির তখন কিছুই করার থাকবে না। এ ছাড়া মামলা ও পুলিশের হয়রানির কারণে দল সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলে সংশয় ব্যক্ত করেন তারা।দলীয় সূত্র জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। নির্বাচনে বিজয়ী হলে সরকারবিরোধী আন্দোলনের ‘যৌক্তিকতা’ প্রমাণিত হয়েছে বলে দাবি করবে দলটি। ভোট কারচুুপি হলেও এ নিয়ে আন্দোলন জোরদার করার ইস্যু তৈরি হবে বলেও মনে করছে দলটির হাইকমান্ড। তবে আপাতত চলমান টানা অবরোধ ও হরতাল-কর্মসূচি সারাদেশে অব্যাহত রাখা হবে। সরকারকে চাপে রাখতে কর্মসূচি ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে স্থগিত করা হবে না। প্রয়োজনে কর্মসূচিতে কিছু ভিন্নতাও আনা হতে পারে।

তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের মধ্যে দুই মত রয়েছে বলে জানিয়ে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনে যাবে কি যাবে না, কী করা উচিত তা নিয়ে আলোচনা হচ্ছে। শিগগির সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য টেলিফোনে দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, যারা জয়ী হতে পারবেন বলে বিবেচিত হবেন তারা দল থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তফসিল ঘোষণার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার নবনির্বাচিত সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুভেচ্ছা জানাতে গেলে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুসারে খন্দকার মাহবুব ও মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। তারা নির্বাচনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে তিন সিটিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।

সূত্র জানায়, দুই আইনজীবী নেতার ইতিবাচক বক্তব্যের পরদিন বৃহস্পতিবার বিএনপি হাইকমান্ড দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সম্ভাব্য মেয়র প্রার্থী আত্মগোপনে থাকা চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মতামত নেওয়া হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সুফল সম্পর্কে তার মতামত এবং দল সমর্থিত প্রার্থী হওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়ার ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে।সূত্র জানিয়েছে, আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে বিএনপি সরাসরি প্রার্থী দিলে বেশি সুফল পাবে বলে মত দিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। এ ক্ষেত্রে দল সমর্থিত প্রার্থী দেওয়ার পর তাকে মামলা ও গ্রেফতার এবং হয়রানি-নির্যাতন করলে বিষয়টি দেশি-বিদেশিরা ভালো চোখে দেখবেন না। এর সুফল বিএনপির আন্দোলনে কাজে লাগবে বলে মনে করেন তিনি।

সূত্র জানায়, ঢাকা দক্ষিণে দলের আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে দলের হাইকমান্ড। আগামী দু’একদিনের মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। অবশ্য আসাদুজ্জামান রিপনের সঙ্গে গতরাতে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও দল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু বলা হয়নি। কাজেই এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।এছাড়াও দক্ষিণে আবদুস সালাম ও নাসির উদ্দিন পিন্টুর পরিবারকেও প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। নেতারা জানিয়েছেন, মামলা বা আইনগত জটিলতার কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যাতে নির্বাচনে দলের প্রতিনিধিত্ব শূন্য হয়ে না পড়ে সে বিষয়টি মাথায় রেখেই একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখা হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, টানা অবরোধ ও লাগাতার হরতাল ‘অকার্যকর’ হয়ে আসায় আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিএনপি। এ পরিপ্রেক্ষিতে তিনটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনকে আন্দোলনের নতুন মেরুকরণের ইস্যু হিসেবে দেখছে দলটি। সব হিসাবেই গুরুত্বপূর্ণ এ তিন সিটি নির্বাচনে অংশ নেওয়ার ‘অজুহাতে’ শিথিল হয়ে আসা আন্দোলন থেকেও তারা বেরিয়ে আসতে পারবে।এদিকে অপর একটি সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্তমান মেয়র এম মনজুর আলমকে এবার বিএনপি সমর্থন নাও দিতে পারে। বিএনপির সমর্থনে মেয়র হওয়ার পর থেকে চেয়ারপারসনের এ উপদেষ্টার কর্মকাণ্ডে দলের হাইকমান্ড নাখোশ বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, সিটি নির্বাচনে কাউন্সিলর পদকেও গুরুত্ব দিচ্ছে বিএনপি। মহানগরের নেতাকর্মীদের মূল ঘাঁটি হিসেবে বিবেচিত ওয়ার্ডগুলোতে নেতৃত্ব ধরে রাখতে দল সমর্থিত কাউন্সিলরের বিকল্প নেই বলে মনে করেন নেতারা। একাধিক নেতা জানিয়েছেন, মহানগরের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় নেতাদের নির্বাচিত করার তাগিদ রয়েছে ভেতর থেকে।

রুবেলই নায়ক

rubel21সেই অনূর্ধ্ব-১৯-এ শুরু। বিরাট কোহলির সঙ্গে তখনই একটা সমস্যা চলছে রুবেলের। সেই সময় রুবেলকে একটা কটূক্তি করেছিলেন বিরাট, তার পর থেকেই মন থেকে উঠে গেছে বিরাটের নাম। সেদিন তাই বিরাট কোহলির উইকেট নেওয়ার পর উচ্ছ্বাসটা বেশি ধরা পড়েছিল রুবেলের। রোহিত শর্মার উইকেটটিও তারই পাওনা ছিল; কিন্তু আলিম দারের সেই কলঙ্কিত সিদ্ধান্ত। তার পরও বিশ্বকাপের ছয় ম্যাচে তার ৮ উইকেট, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে ধারাবাহিক বোলিং করে যাওয়া, ডেথ ওভারে ইয়র্কার দেওয়া_ এসব নিয়েই বেশ খুশি রুবেল হোসেন। বিশ্বকাপে বোলিংয়ে অনেকটাই গোছালো রুবেল, ব্যক্তিগত জীবনটাও কি এবার সুন্দরভাবে গুছিয়ে নেবেন? ‘সত্যি কথা বলতে কি, একসময় ভেবেছিলাম বিশ্বকাপই বুঝি খেলা হবে না আমার। খুব কষ্টের সেই দিনগুলো…। আল্লাহর ইচ্ছায় সেই দিনগুলো পেরিয়ে এসেছি, এখন সবকিছুতেই হয়তো আরও গুছিয়ে নিতে পারব।’
একটি বিশ্বকাপ যে কতটা বদলে দিতে পারে সবকিছু, তা এখন ভীষণভাবে উপলব্ধি করছেন এই পেসার। এদিন লংহ্যাম হোটেল থেকে যখন টি-শার্ট গায়ে জড়িয়ে খেতে বেরিয়েছিলেন তখন প্রবাসী বাংলাদেশিদের আবদারে ছবি তুলতে হয়। এমনকি শচীনের ভক্ত সুধীর, গায়ে রঙ লাগিয়ে যিনি কি-না গ্যালারিতে সারাক্ষণ ভারতের জন্য চেঁচিয়ে গিয়েছিলেন, তিনিও রুবেলকে হোটেলের সামনে দেখে সেলফি তুলে নেন। অনেক ভারতীয় সমর্থকও কাছে এসে হাত মিলিয়ে দারুণ বোলিং করার জন্য শুভেচ্ছা জানান। শুধু কি তাই! সন্ধ্যায় যখন প্রবাসীদের আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে মাইকে রুবেলের নাম বলতেই গোটা হলরুম তার নাম ধরে চিৎকার করতে থাকে। সাকিব, মাশরাফি, মুশফিক নন_ এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি সেলফি, অটোগ্রাফ, ফটোগ্রাফ তোলা হয় রুবেলকে মাঝখানে দাঁড় করিয়ে। এমন জনপ্রিয়তা, এমন হিরোইজম কি আগে কখনও পেয়েছিলেন রুবেল? কৌতূহলের উত্তরে সেই ঠোঁটচাপা মুচকি হাসি তার।

গাপটিল একাই ২৩৭

gaptil21ক্রিকেট দুনিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়েলিংটনে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

শচিন টেন্ডুলকার, বিরেন্দ্রর শেবাগ, রোহিত শর্মা ও ক্রিস গেইলের পর মার্টিন গাপটিল যোগ দিলেন অভিজাত এই ক্লাবে। ওয়ানডে ক্রিকেটে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। নিজের ক্যারিয়ারের মতোই নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই বিরাট অংকে পৌঁছালেন তিনি। গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করলেন। আর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম। এবং নকআউট পর্বে গিলস্ক্রিস্টেও ১৪৯ ছিল এর আগে সেরা। গাপটিল ছাড়িয়ে গেলেন তাকেও।

শুধু কী তাই গাপটিল ছাড়িয়ে গেছেন গেইলের ইনিংসও। বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন গেইল। শনিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গাপটিল খেললেন ২৩৭ রানের বিশাল ইনিংস। এবং থেকে গেলেন অপরাজিত।

ব্যাট হাতে ওপেনিংয়ে এসেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির কারণে দারুণ ফর্মে ছিলেন গাপটিল। একে একে সতীর্থরা সাজঘরে ফিরেছেন। কিন্তু গাপটিল এগিয়ে গেছেন ব্যাট হাতে। উইন্ডিজদের শাসন করেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিনোদিত করেছেন ওয়েলিংটনে আসা ক্রিকেটপ্রেমীদের।

৬৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন। ১১১ বলে ছুঁয়েছেন সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। এরপরই মূলত অগ্নিশর্মা হতে থাকে গাপটিলের ব্যাট। পরবর্তী ২৩ বলেই করেন পঞ্চাশ রান। পার হন দেড়শো। ১৮ বলে আসে শেষ পঞ্চাশ। ১৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই কিউই ব্যাটসম্যান।

১৬৩ বলে গাপটিলের অপরাজিত ২৩৭ রানের ইনিংসটি বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস হিসেবেই বিবেচিত হবে। যেখানে তিনি ২৪ টি চার ও দৃষ্টিনন্দন ১১টি  ছক্কা হাঁকিয়েছেন।

উল্লাপাড়া ভূমি অফিসে আগুন

fire31সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চত্বরে ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উল্লাপাড়া মডেল থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডে ভূমি অফিসের টিনসেড ভবনের চারটি কক্ষ পুড়ে যায়।

এসময় ভেতরে থাকা পুরো উপজেলার জমির রেকড ও ফাইলপত্রসহ তিনটি কম্পিউটার ভস্মীভূত হয়।দমকল বাহিনীর লোকজন স্থানীয়দের নিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকণ্ডের ঘটনাটি হরতাল ও অবরোধকারীরা ঘটিয়েছে নাকি অন্য কেউ তা এখনও নিশ্চিত নয় পুলিশ বা উপজেলা প্রশাসন। ঘটনার পর ইউএনও এবং জেলা প্রশাসক শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। রেকর্ডরুমের গুরুত্বপূর্ণ কাগজ ও ফাইলপত্র পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
উল্লাপাড়া থানার ওসি এজেএম তাজুল হুদা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম বলেন, ভূমি অফিসে লোকজন নিরাপত্তায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভূমি অফিসের রেকর্ডরুমের সমস্ত কাগজপত্র ও তিনটি কম্পিউটার পুড়ে যায়। এটি নাশকতা, নাকি অন্য কোন উদ্দ্যেশে, সেটি তদন্তের পর প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, অতিরিক্ত জেলা মাজিসেট্রট (এডিএম) কামরুল হাসান ও উল্লাপাড়ার সার্কেল এএসপিসহ দুই সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত দলকে সাত কর্মদিবস সময় বেধে দেওয়া হয়েছে।