শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কবরী মেয়র প্রার্থী হতে পারেন

koboriসাবেক সংসদ সদস্য ও নন্দিত অভিনেত্রী সারাহ্ বেগম কবরী ঢাকা সিটি করপোরেশন-উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও ঘনিষ্ঠজন তার সঙ্গে যোগাযোগ করছেন। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কবরী নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নবম সংসদে সদস্য নির্বাচিত হন।

তিনি স্বীয় নির্বাচনী এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখেন। গতকাল রাতে এ ব্যাপারে যোগাযোগ করা হলে কবরী জানান, তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন মহল পরামর্শ দিয়েছে। তিনি এ ব্যাপারে এখনও মনস্থির করতে পারেননি। তবে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা মনে রেখে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন।

বোমাবাজদের আইনের আওতায় আনা হবে

mannan oঅর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বোমাবাজি করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যারা বোমাবাজির সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদ হোসেন।

জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপিত আব্দুল হেকাম।

হবিগঞ্জে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

lash burnহবিগঞ্জে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বড়দাখই গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানার পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে শিশু মুসা মিয়া (৬) ও মুসলিমা বেগমের (৫) মরদেহ উদ্ধার করে।

বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মা রুমেনা বেগমের (৩৫) মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে রুমেনার স্বামী সৈয়দ উদ্দিনকে (৪৫) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানায়।

সৈয়দ খুন করে পালিয়েছে নাকি ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত রিপোর্ট এখনও জমা হয়নি

ovijit7সাম্প্রদায়িকতা বিরোধী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় অদূরেই দাঁড়িয়ে ছিলেন একাধিক পুলিশ সদস্য। দুর্বৃত্তরা ওই লেখক ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে নির্বিঘ্নে চলে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। এমনকি রক্তাক্ত স্বামীকে উদ্ধারের আকুতি জানালেও সামনে থাকা পুলিশ সদস্যরা এগিয়েও যাননি। তাই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পার হলেও সেই রাতে পুলিশের ভূমিকা কী ছিল তা বের করতে এখনও ব্যর্থ তদন্ত কমিটি। ঘটনার রাতে পুলিশের ভূমিকা ছাড়াও তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ নিহতের পরিবার।

অভিজিৎ হত্যার আগে ও পরে ঘটনাস্থলে পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমের কাছে তদন্তের অবস্থা নিয়ে থেকে জানতে চাওয়া হয়। তবে তিনি তদন্ত কার্যক্রম নিয়ে কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান। পুলিশের এ কর্মকর্তা বিষয়টি নিয়ে ডিএমপির গণমাধ্যম শাখায় যোগাযোগ করতে বলেন।

ওই তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, তদন্ত কার্যক্রম এখনও শেষ হয়নি। সেদিন পুলিশের ভূমিকা কী ছিল তা তদন্ত চলছে। এদিকে অভিজিৎ রায় হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ঘটনায় মান্নানকে সন্দেহের তালিকায় রাখছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি বইমেলায় অভিজিতের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্তত চার যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীকে আরও চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি।

অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, ফারসীমের ভূমিকা রহস্যজনক। ‘জিরো টু ইনফিনিটি’ নামে একটি পত্রিকার উপদেষ্টা ছিলেন ফারসীম। পত্রিকটি জামায়াত প্রভাবিত। এখন তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের দায়িত্ব পুলিশের।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, প্রয়োজনে আমরা বুয়েটের সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করব। ডিবির ডিসি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, তদন্ত সম্পূর্ণ উন্মুক্ত। সব কিছু বিবেচনায় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্বামীকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তের চাপাতির আঘাতে আহত হন অভিজিতের স্ত্রী বল্গগার রাফিদা আহমেদ বন্যা।

সংসদের অধিবেশন আবার বসছে আজ

parlament১১ দিন মুলতবি থাকার পর জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আবার বসছে আজ। রোববার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এর আগে ১২ মার্চ সংসদের বর্তমান অধিবেশনের ৩০তম কার্যদিবসের দিন ডেপুটি স্পিকার বৈঠক ২২ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

এ বছরের ১৯ জানুয়ারি সংসদের ৫ম ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন।

প্রথা অনুযায়ী দ্বিতীয় কার্যদিবসেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। ওইদিন থেকেই রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

গত ১২ মার্চ পর্যন্ত ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ২৯ কার্যদিবস আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পুনরায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে অধিবেশন উপলক্ষে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় চলতি অধিবেশন গত ৫ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

অবশ্য কমিটির পক্ষ থেকে অধিবেশনের মেয়াদ বৃদ্ধি বা কমানোর ক্ষমতা স্পিকারের ওপর অর্পণ করা হয়। সেই ক্ষমতা অনুযায়ী স্পিকার অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে। সূত্র : বাসস

বিএনপির বিবেচনায় ছয় নেতা

city22ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন দিতে ছয়জন নেতাকে নিয়ে চিন্তাভাবনা করছে বিএনপি। প্রতিটি সিটিতে দু’জন করে মোট ছয়জন সম্ভাব্য প্রার্থীকে নিয়ে নানা হিসাব-নিকাশ কষছেন দলের হাইকমান্ড। ওই সব নেতার অবদান ও দলে গ্রহণযোগ্যতাসহ প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিষয়টিও বিবেচনা করছেন তারা। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

যদি কোনো কারণে মিন্টু প্রার্থী হতে না পারেন, সে ক্ষেত্রে বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের কথা ভাবছে দলটি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্তমান মেয়র মনজুর আলম ও দলের মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের ব্যাপারে হাইকমান্ড খোঁজখবর নিচ্ছেন।

অবশ্য কোনো কারণে প্রথম দু’জনের কাউকেই সমর্থন দেওয়া সম্ভব না হলে ঢাকা উত্তরে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দক্ষিণে দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও সহসাংগঠনিকসম্পাদক কারারুদ্ধ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু এবং চট্টগ্রাম সিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মধ্য থেকেও কেউ দলীয় সমর্থন পেতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল বিবিসিকে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা যায় কি-না, সেটা নিয়ে তারা ভাবছেন। যদিও একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি নির্বাচনে যাচ্ছে।

ঢাকা উত্তর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু দলের ঢাকা মহানগর কমিটিরও প্রথম যুগ্ম আহ্বায়ক। এফবিসিসিআইর এই সাবেক সভাপতি অখণ্ড ঢাকা সিটি করপোরেশনেও বিএনপির পক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন। জানা গেছে, ঢাকা সিটি করপোরেশনের মেয়র হওয়ার ‘স্বপ্ন’ অনেক আগে থেকেই এই শিল্পপতির। আসন্ন নির্বাচনে ঢাকা উত্তর থেকে তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হাইকমান্ডের চূড়ান্ত তালিকায় রয়েছেন। উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এফবিসিসিআইর অপর সাবেক সভাপতি আনিসুল হকের নাম ঘোষণা করায় বিএনপিতে মিন্টুকেই সব বিবেচনায় যোগ্যতম ভাবা হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, মিন্টু বৃহত্তর ঢাকার মেয়র হিসেবেই একজন যোগ্য নেতা। ঢাকা উত্তরে তিনি যোগ্যতম একজন প্রার্থী হিসেবে লড়বেন বলে জানান এই নেতারা।

কোনো কারণে মিন্টু নির্বাচনে অংশ নিতে না পারলে বিকল্প হিসেবে রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুম। দীর্ঘদিন কাউন্সিলর ও মহানগর বিএনপির রাজনীতির সঙ্গে থাকায় ঢাকা উত্তর এলাকায় তার ভালো পরিচিতি রয়েছে। এ ছাড়া দলের একজন প্রভাবশালী প্রবাসী নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সঙ্গেও তার সদ্ভাব তৈরি হয়েছে।এ ছাড়া যুবদল সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও উত্তর সিটি করপোরেশনের ‘অন্যতম’ সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। দলের তরুণ কর্মী-সমর্থকদের মধ্যে জনপ্রিয় হিসেবে তাকে অন্যতম বিকল্প প্রার্থী হিসেবে ভাবছেন হাইকমান্ড।

ঢাকা দক্ষিণ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির সমর্থন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দলের ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল। একই সঙ্গে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কারাবন্দি নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর নামও তালিকায় রয়েছে।

সূত্র জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসাদুজ্জামান রিপনই দলের হাইকমান্ডের নজরে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের এই সাবেক সভাপতির নিজ জেলা মুন্সীগঞ্জের বিপুলসংখ্যক ভোটার রয়েছেন এ এলাকায়। এই ‘নিজস্ব ভোটব্যাংক’ থাকার সুবাদেও তিনি দলীয় সমর্থন পেতে পারেন। এ ছাড়া পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবেও তার সুনাম রয়েছে। ২০১২ সালে ঢাকা সিটি করপোরেশনের স্থগিত নির্বাচনেও তাকে কেন্দ্র করে সচেতন জনতা নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন তার অনুসারীরা।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল দলের তরুণ কর্মী-সমর্থকদের মধ্যে জনপ্রিয় বলে মনে করেন সিনিয়র নেতারা। ছাত্রদলের এই সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলকে নির্জীব অবস্থা থেকে একটি কার্যকর সংগঠনে পরিণত করেছেন বলেও হাইকমান্ড মনে করেন। এ কারণেই অপেক্ষাকৃত এই তরুণ নেতাকে দলের মহানগর কমিটির সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। দলে নতুন প্রজন্মের যোগ্য নেতা তৈরি করার উদ্দেশ্যেই সুবক্তা সোহেলকে ঢাকা দক্ষিণে দলের সমর্থন দেওয়ার চিন্তা করছেন হাইকমান্ড।

এ ছাড়া কারাবন্দি নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুকেও দক্ষিণ সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে কারাগারে থাকায় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে শেষ পর্যন্ত তাকে দল থেকে সমর্থন দেওয়া হবে কি-না, তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। দলের ভেতরে একাধিক গ্রুপিংয়ের বিষয় থাকায় একজন মেয়র পদপ্রার্থীর সশরীরে উপস্থিত না থাকলে নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কার কথা ভাবছে দল। সে হিসেবে শেষ পর্যন্ত পিন্টু নির্বাচনে অংশ নাও নিতে পারেন বলে জানা গেছে।

বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির উপদেষ্টা আবদুস সালামের কথাও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এই নেতার ঢাকার রাজনীতির সঙ্গে দীর্ঘ পরিচয় রয়েছে। একই সঙ্গে সাবেক প্যানেল মেয়র হিসেবেও তিনি অভিজ্ঞ প্রার্থী বলে বিবেচিত। তবে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি একটু বেকায়দায় রয়েছেন বলে মনে করছেন অনেকে।

চট্টগ্রাম সিটি: চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদে সমর্থনের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র এম মনজুর আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির উদ্দিন লবিং চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে মেয়র এম মনজুর আলম বলেন, ‘চট্টগ্রামে বিএনপির সমর্থন কে পাবে, সেটি চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলব। চেয়ারপারসন যার ওপর আস্থা রাখবেন, তারই নির্বাচন করা উচিত বলে আমি মনে করি।’জানা গেছে, বিএনপির সমর্থনে মনজুর আলম মেয়র হলেও পরে দলের সঙ্গে তিনি সেভাবে সম্পর্ক রাখেননি। তবে মনজুর আলমকে এগিয়ে রাখছে অভিজ্ঞতা ও ইমেজ। কাউন্সিলর হিসেবে টানা ১৫ বছরের সঙ্গে গত পাঁচ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। সিটি করপোরেশন পরিচালনার এ সময়ে সুনির্দিষ্ট কোনো দুর্নীতিতে জড়াননি তিনি।

আবার চট্টগ্রাম সিটি করপোরেশনকে যুবদল-ছাত্রদলের আখড়াও করেননি। উন্মুক্ত টেন্ডারে লটারির মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করেছেন, যা তার পক্ষে যাবে। তবে বড় প্রকল্পে অর্থ বরাদ্দ আনার ব্যর্থতা, জলাবদ্ধতা দূর, আবর্জনামুক্ত চট্টগ্রাম গড়ার প্রতিশ্রুতি রক্ষা ও করপোরেশনের আয় বাড়াতে পর্যাপ্ত নতুন প্রকল্প গ্রহণ করতে না পারার বিষয়গুলো যাচ্ছে তার বিপক্ষে। এ ছাড়া মেয়র থাকাকালে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সখ্য বাড়ানোর কারণে দলীয় নেতারা নাখোশ তার ওপর।

এ কারণে মেয়র পদে বিএনপি এবার যোগ্য প্রার্থী মনে করছে দলের মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে। তৃণমূলের বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকায় শাহাদাতের জন্য নেতাকর্মীরা মনেপ্রাণে মাঠে থাকবেন বলে ধারণা হাইকমান্ডের। মামলার আসামি হয়ে শীর্ষ নেতারা আত্মগোপনে থাকায় চট্টগ্রামে মেয়র নির্বাচনে এবার তৃণমূল নেতাকর্মীদেরই বড় ভূমিকা থাকবে বলে মনে করে বিএনপির এ অংশ।

এদিকে, দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি মাথায় রেখে মীর নাছিরকেও তালিকায় রেখেছেন হাইকমান্ড। চট্টগ্রামের রাজনীতিতে ভূমিকা রাখেন- বিএনপির এমন কোনো কোনো নেতার সঙ্গে ডা. শাহাদাতের বনিবনা না হওয়ার খবরও আছে হাইকমান্ডের কাছে। এ হিসেবে মীর নাছিরকেও আবার দলের হয়ে মেয়র নির্বাচনের দৌড়ে নামতে হতে পারে বলে নেতারা জানিয়েছেন।

১০০ মার্কিন সেনাকে হত্যার হুমকি আইএসের

is220মার্কিন সেনাবাহিনীর শ খানেক সেনাকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’ নামে একটি ওয়েবসাইটে এই সেনাদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে তাদের হত্যার জন্য আইএস সদস্যদের আহ্বান জানানো হয়েছে।

রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দফতর এই হুমকির বিষয়টি তদন্ত করছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’  ওয়েবসাইটটি কার্যত ইসলামিক স্টেটের (আইএস)সঙ্গে সম্পর্কযুক্ত বলেই মনে হচ্ছে। মার্কিন সেনাবাহিনী তাদের ওই সদস্যদের সঙ্গে আলাদা আলাদাভাবে যোগাযোগ করছে, যাদের নাম ও ছবি পরবর্তী ‘টার্গেট’ হিসেবে ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করে ওেই গোষ্ঠীটি বলছে, এরা ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলার সঙ্গে যুক্ত, এদের যেন হত্যা করে আইএস যোদ্ধারা।

এই হুমকির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। তবে তারা জানায়,  সেনাবাহিনী তার সব সদস্যকে পরামর্শদেয়া হয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে তাদের কী পরিমাণ ব্যক্তিগত তথ্য শেয়ার করা রয়েছে, তা খতিয়ে দেখতে। বিবিসি

আজ বিশ্ব পানি দিবস

water22আজ বিশ্ব পানি দিবস। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের পরিবেশ ও উন্নয়নবিষয়ক ৪৭তম অধিবেশনে পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ দিনটি বিশ্ব পানি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আনুষ্ঠানিক স্বীকৃতির পর ১৯৯৩ সাল থেকে পানি সংরণ ও উন্নয়নের ওপর গণসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

এ দিবসটিতে এবার জাতিসঙ্ঘ টেকসই উন্নয়ন কার্যক্রমে পানির সুষ্ঠু ব্যবহারের অপরিহার্যতা তুলে ধরে ৭টি সেক্টর নির্ধারণ করেছে।

সেক্টরগুলো হলো পানি ও স্বাস্থ্য, পানি ও প্রকৃতি, পানি ও নগরায়ন, পানি ও শিল্প, পানি ও শক্তিসম্পদ, পানি ও খাদ্য এবং পানি ও সমতা।

আর এই সেক্টরগুলোর প্রতিটিতেই পানির প্রয়োজনীয়তা ও ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।

সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম সম্মিলিতভাবে দেশব্যাপী বিশ্ব পানি দিবস পালনের কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে বানচিডের (ইঅঘঈওউ) উদ্যোগে ‘পানি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এতে প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এবং সচিব ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) রোববার সকালে এক মানববন্ধনের আয়োজন করেছে।

মানববন্ধনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪০

bsf28সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার রাতে উপজেলার গাজীপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা-৩৮ বিজিবি জানায়, সদর উপজেলার গাজীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ১২ নারী ও আট শিশুসহ ৪০ জনকে আটক করা হয়। এরা সবাই বাগেরহাট ও পিরোজপুর জেলার অধিবাসী।
রোববার সকালে আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

নির্বাচনে যাবে বিএনপি চ্যালেঞ্জে আওয়ামী লীগ

alig bnpখানিকটা হলেও হোঁচট খেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সিটি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপির নাটকীয় ইতিবাচক মনোভাব আওয়ামী লীগকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এখন তাদের নির্বাচনী কৌশলকে নতুন করে ঢেলে সাজাতে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশলের পাশাপাশি ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জের মুখোমুখি করার কৌশল গ্রহণ করেছে। এদিকে গতকাল আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও একাধিক নেতা বিএনপিকে এ মর্মে সতর্ক করে দিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
তারা বলেছেন, অবরোধ-হরতালের কর্মসূচি প্রত্যাহার করেই তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত।
আগামী ২৮ এপ্রিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও হবে। গত বুধবার এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এর আগে থেকেই অবশ্য সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি ও তার জোটকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছিল আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও দলটির নেতারা বিষয়টিতে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন। দলের কয়েকজন নেতা বলেছেন, দল ও জোটে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করে বিএনপিপন্থি পেশাজীবী নেতা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের মনোভাব ইতিবাচক বলে তার মনে হয়েছে।
সিটি নির্বাচন প্রশ্নে বিএনপির এমন অবস্থানে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগও। কিছুটা অপ্রস্তুতও হয়ে পড়েছে ক্ষমতাসীন দলটি। এর আগে থেকে ক্ষমতাসীন মহল থেকে ধরেই নেওয়া হচ্ছিল, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও যাবে না বিএনপি জোট। সে ক্ষেত্রে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক, সবার কাছে গ্রহণযোগ্য ও উৎসবমুখর করে তুলতে বেশি সংখ্যক প্রার্থী ও দলকে নির্বাচনে
নিয়ে আসার প্রচেষ্টা চলছিল সরকারি মহল থেকে। বিএনপি জোটের বাইরের দলগুলোকেও বেশি সংখ্যায় নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার কৌশলও নেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি হঠাৎই সিটি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখানোয় মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদের প্রার্থী বাছাইয়ের বেলায় আরও সতর্কতা অবলম্বনের কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণের পর শক্তিশালী ও জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে এমন প্রার্থী বাছাইয়ের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে নীতিনির্ধারকদের পক্ষ থেকে।
এই কৌশলের অংশ হিসেবে ইতিমধ্যেই গণভবনে বৈঠক করে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দলসমর্থিত প্রার্থী হিসেবে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীকে বেছে নিয়েছেন। উত্তর ও দক্ষিণ ঢাকায় আগে যে দুইজন মেয়র প্রার্থীকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছিল, তাদের একজনের বিষয়ে ঋণখেলাপির অভিযোগ ওঠায় এ বিষয়েও নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক নির্বাচনী তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটির নির্বাচন পরিচালনায় আলাদা আলাদা কমিটিও করে দিয়েছেন তিনি। রাজধানীর ১৫টি সংসদীয় আসনকে ঘিরে করা হচ্ছে আরও ১৫টি সমন্বয় কমিটিও। চট্টগ্রামের নির্বাচন পরিচালনায়ও অনুরূপ কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে সিটি নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে সর্বাত্মক নির্বাচনী তৎপরতায়ই নেমেছে ক্ষমতাসীন দল।
এদিকে ক্ষমতাসীন দল ও জোট নেতারা গতকাল বিভিন্ন অনুষ্ঠানে সিটি নির্বাচন প্রশ্নে আরও বলেছেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ নিলেও তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধের নামে নাশকতা-সন্ত্রাস ও মানুষ হত্যার মামলাগুলো চলবে। মানুষ হত্যার দায় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রেহাই পাবেন না।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল বরিশাল সরকারি বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার চায় বিএনপি জোট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে অগণতান্ত্রিক ধারা থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। গণতান্ত্রিক দেশ হিসেবে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সিটি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখালেও দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি নেতৃত্বাধীন জোট মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত আড়াই মাস ধরে টানা অবরোধের পাশাপাশি হরতালও করছে। অবরোধ-হরতালে সারাদেশে পেট্রোল বোমা নিক্ষেপ, অগি্নসংযোগ ও ককটেল হামলায় শতাধিক মানুষের মৃত্যুও হয়েছে। এর সমালোচনা করে আমির হোসেন আমু বলেন, তাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে কিংবা কোনো সরকারের বিরুদ্ধে নয়, দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে। নাশকতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সমকালকে বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। কিন্তু প্রধানমন্ত্রীর ফোন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাবের পরও নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে ৫ জানুয়ারির নির্বাচনে আসেনি বিএনপি। অথচ এর পর তারা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। তখন আওয়ামী লীগ সরকারে ছিল। এখনও সরকারে আছে আওয়ামী লীগ। এবার তারা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তাদের জবাব দিতে হবে, কেন তারা কথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষ খুন করল? কেন এখনও আগুনে পোড়া মানুষের গন্ধে বাতাস ভারি হয়ে আছে? কেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হলো? কেন শিক্ষার্থীদের আতঙ্কে রাখা হলো? আসলে মানুষকে ধোঁকা দেওয়ার বেলায় বিএনপি খুবই দক্ষ। মুনাফেকি আচরণ করাটা তাদের মজ্জাগত অভ্যাস।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে স্বাধীনতা ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। গণতন্ত্রের প্রধান উপাদান নির্বাচন। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিটি রাজনৈতিক দলের এ নির্বাচনে অংশ নেওয়া উচিত।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়ে জনগণকে স্বাধীন মতামত প্রদানের সুযোগ দিন। নির্বাচনে অংশগ্রহণ ও জনগণকে অংশগ্রহণের সুযোগ দেওয়াটাই গণতন্ত্রে বিশ্বাসীদের দায়িত্ব।
জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানাচ্ছি। তবে আন্দোলনের নামে খালেদা জিয়া একাত্তরের গণহত্যার মতো পরিকল্পিত হত্যাকা চালাচ্ছেন। তাই নির্বাচন বর্জন করুক অথবা অংশগ্রহণ করুক, আগুন-সন্ত্রাসের মধ্য দিয়ে পরিকল্পিত হত্যাকা ের মামলা থেকে খালেদা জিয়াকে রেহাই দেওয়া হবে না।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘গাছেরটা খাবেন, আবার তলারটাও কুড়াবেন? বাংলাদেশেও থাকবেন, আবার রাজাকারিও চালাবেন? এ রকম দ্বিমুখী নীতি বাংলাদেশে আর চলবে না।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপির অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। সমকালকে তিনি বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। বিএনপি সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। তারা জঙ্গিবাদ ও জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক, এটা জাতির আকাঙ্ক্ষা।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অবশ্য বলেছেন, স্থানীয় সরকারের নির্বাচন হিসেবে সিটি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগই নেই। কেবল কোনো প্রার্থীকে সমর্থন করা যায়। সে হিসেবে আওয়ামী লীগও এ নির্বাচনে কাউকে কাউকে সমর্থন দেবে। বিএনপি যদি প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নিতে চায়, সেটি তাদের বিষয়। এ নিয়ে আওয়ামী লীগ কিছু ভাবছে না। তবে আওয়ামী লীগ চায়, সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। যেখানে জনগণও অবাধে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিন সিটির নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেদিকে কড়া নজর রাখবে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বিএনপি সিটি নির্বাচনে এলেই যে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন আশঙ্কা করার কোনো যুক্তিসঙ্গত কারণ এ মুহূর্তে নেই। এটি স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নেতাদের কোনো উপস্থিতি এখানে থাকবে না। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দলীয় কোনো স্লোগান, এমনকি ছবিও এখানে থাকবে না। নির্বাচনের আগে প্রার্থীরা কখন কী করতে পারবেন আর পারবেন না, সে বিষয়ে নির্বাচন কমিশনের আইনেই বলা আছে।
এদিকে, চিফ হুইপ আ স ম ফিরোজ মানবকণ্ঠ আয়োজিত ‘আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি’ গোলটেবিল আলোচনায় হরতাল-অবরোধ ছেড়ে সিটি করপোরেশন নির্বাচনে আসার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খালেদা জিয়া জাতীয় নির্বাচনে এলেন না; কিন্তু জাতীয় নির্বাচনের পরই যে উপজেলা নির্বাচন হলো, সেখানে আসতেও ভুল করলেন না। তিনি অবরোধ দিচ্ছেন, হরতালও দিয়েছেন। আবার শোনা যাচ্ছে তিনি সিটি করপোরেশন নির্বাচনে আসবেন। অবশ্যই তিনি আসবেন। কিন্তু অবরোধ ও হরতাল চলবে, আবার নির্বাচনও চলবে_ এভাবে দুই স্ট্যান্ডার্ড তো চলতে পারে না। যদি নির্বাচনে আসেন, তাহলে অবশ্যই অবরোধ-হরতাল পরিহার করে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচনে আসুন।