শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিএনপি হরতালকে ভোতা করে দিয়েছে : তোফায়েল

tofayelরাজনীতিতে হরতাল ও অবরোধ আন্দোলনের একটি বড় অস্ত্র। কিন্তু মাসের পর মাস অর্থহীন হরতাল দিয়ে সে অস্ত্রকে ভোতা করে দিয়েছে বিএনপি।

রাজধানীর যমুনার ফিউচার পার্কে তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এন্ড ইন্টেরিয়র ডেকর এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা এ অগ্রযাত্রাকে বাধা দিচ্ছে। মাসের পর মাস হরতাল দিয়ে যাচ্ছে। কোন লাভ নেই। আন্দোলনের এ মূল অস্ত্রকে বিএনপি ভোতা করে দিয়েছে। এখন রাজধানীতে তীব্র যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজটের কথাও শোনা যায়।

বিএনপিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে সংলাপের কথা বলেছিল। সেটি সম্ভব নয়। কারণ জঙ্গি বা নাশকতাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না। যারা দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের সঙ্গে আলোচনা নয়। বিএনপি’কে নাশকতা ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মন্ত্রী বলেন, সরকার পণ্য রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে বাজার এবং পণ্যের বহুমুখীকরনের ওপর গুরুত্ব দিচ্ছে। এ কারণে গার্মেন্টস ছাড়াও ৫টি খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার।

সরকার ফার্মেসি, চামড়া, তথ্য প্রযুক্তি, শিপিং এবং ফার্নিচার খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজারের বহুমুখীকরণ ও রপ্তানি আয় বৃদ্ধির জন্যে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, টেক্সটাইল ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক বলেন, সরকার রপ্তানিকারকদের উৎসাহ দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।

আমদানিকারকদের আরো নতুন নতুন পন্থায় আকর্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লা আল মামুন, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রমুখ।

যমুনা ফিউচার পার্কে এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ফার্নিচার ও সংশ্লিষ্ট খাতের প্রচারণার লক্ষ্যে ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

ডিগ্রি পরীক্ষা পেছাল

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা অনিবার্য কারণে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৮ এপ্রিল থেকে। আগের সময়সূচিতে এ পরীক্ষা ২৮ মার্চ হওয়ার কথা ছিল।

পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।

বৈশাখী থেকে নিশোকে অব্যাহতি

nisho24বৈশাখী টেলিভিশনের হেড অব কর্পোরেট ফারহানা শবনম নিশোকে অব্যাহতি দেয়া হয়েছে। বৈশাখীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ মঙ্গরবার বেলা পৌনে ১টায় নিশোর হাতে অব্যাহতিপত্র পৌঁছে দেয়া হয়।অব্যাহতিপত্রে সাক্ষর করেছেন চ্যানেলটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর টিপু আলম।
ফারহানা শবনম নিশো বৈশাখীতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি চ্যানেলটিতে খবরও পড়তেন। ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটির অ্যাঙ্করও ছিলেন তিনি।

কেন নিশোকে হঠাৎ অব্যাহতি দেয়া হলো সে সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি।

এর আগে নিশো বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ানে খবর পড়তেন।

অবশেষে প্রকাশ্যে আসলেন বিএনপি নেতারা

bnp logoঅবশেষে প্রকাশ্যে আসলেন বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের আয়োজনে আলোচনা সভায় দেখা মিলেছে এসব নেতার। সঙ্গে দেখা মিলেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদেরও।

যদিও উপস্থিত কোনো নেতাকে প্রায় তিন মাস ধরে আন্দোলনে ঢাকার রাজপথে দেখা যায়নি

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করছেন দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

আলোচনার সভায় মঞ্চে আছেন-  বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল (অব:) মাহবুবুর রহমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ব্যারিস্টার হায়দার আলী,  আবদুল হালিম, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো: ইবরাহীম।

সামনের সারিতে অবস্থান করছেন- বিএনপি বহিষ্কৃত নেতা মেজর (অব: ) আখতারুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, জাসাসের সভাপতি এম এ মালেক, সাবেক এমপি বিলকিস ইসলাম,  মহিলা দলের ঢাকা মহানগরের সভানেত্রী সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি।

অন্যদিকে বিএনপির অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেস ক্লারের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। অন্য সময়ের মতোই নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক আছে।

বাংলাদেশে তৃতীয় বিক্রয় ডটকম

bikroyবাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও সার্চ ইঞ্জিন গুগল খুবই পরিচিত একটি নাম। এবার এর পরের তালিকায় জায়গা করে নিয়েছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম।

জরিপ ভিত্তিক গবেষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা এমআরবি বাংলাদেশ।

জরিপে “অনলাইন” সাইট নিয়ে অংশগ্রহণকারীদের “টপ-অব-মাইন্ড রিকগনিশন” হিসাবে প্রশ্ন করা হলে তারা ফেসবুক এবং গুগলের পরে বিক্রয় ডটকমের নাম বলেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

গবেষণায় অংশগ্রহণকারীদের “ক্লাসিফাইড ওয়েবসাইট” সম্পর্কে প্রশ্ন করা হলে বিক্রয় ডটকম’র নাম ৭৬ শতাংশ, ওএলএক্স ১৩ শতাংশ এবং এখানেই ডটকম’র নাম বলেছে ১০ শতাংশ।

বেসরকারি সংস্থা এমআরবি বাংলাদেশ’এর করা ‘স্টাডি অন অনলাইন ক্লাসিফাইডস’ শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগীয় শহরের এক হাজার ব্যক্তির উপর গবেষণাটি করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, “বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস” বিক্রয় ডট কম ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য সাইট হিসাবে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে কেনা-বেচায় মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা বরাবরই সবচেয়ে বেশি। বিক্রয় ডট কমেও মোবাইল ফোন কেনা-বেচা করতে গ্রাহক বেড়েছে অন্যান্য ক্যাটাগরির তুলনায় অনেক বেশি। এছাড়া ইলেক্ট্রনিকস্ পণ্য, মোটর বাইক, গাড়ি এবং ফ্ল্যাট কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী কেনাবেচাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিক্রয় ডট কম মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, “অনলাইন মার্কেটপ্লেস বাংলাদেশে কেনা-বেচার প্রথাগত ধারণা বদলে দিয়েছে। এ ধরনের গবেষণা প্রতিবেদন বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস ব্যবহারকারীদের সম্পর্কে ধারনা পেতে সহায়তা করবে। বিক্রয় ডট কম বরাবরই গ্রাহকের চাহিদা পূরণে সচেষ্ট। আমরা খুবই আনন্দিত হয়েছি যে বিক্রয় ডট কম তার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং গ্রাহক সন্তুষ্টিকরণে আরো এগিয়েছে। আর গ্রাহকদের সন্তুষ্ট রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখছি।”

ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি’র সাত শিক্ষক

du logoমৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষক। সম্প্রতি ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের জন্য ৬ জন এবং ২০১৩ সালের জন্য ১০জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে

২০১২ সালের জন্য মনোনীত ঢাবি’র অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন। ২০১৩ সালের জন্য মনোনীত ঢাবি’র অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন, ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটের অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন।

মনোনীত শিক্ষকদের প্রত্যেককে তাদের বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা ছাড়াও সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। আগামী ২৯ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষকদের হাতে  এই অ্যাওয়ার্ড তুলে দেবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে ইউজিসি এ অ্যাওয়ার্ড চালু করে।

শহীদ কাপুরের বিয়ের খবরে খুশি কারিনা!

shohid karinaচার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৭ সালে সম্পর্কের ইতি টানেন কারিনা কাপুর ও শহীদ কাপুর। বলিউডে ওই বছরই মুক্তি পায় এ জুটির শেষ ছবি ‘যব উই মেট’। সুপার হিট ওই ছবির পরও রূপালি পর্দায় আর একসাথে দেখা যায়নি তাদের। পর্দা ও বাস্তব জীবনে সচেতনভাবেই তারা এড়িয়ে চলছেন একে অপরকে।
এরপর পানি গড়িয়েছে অনেকদূর। পতৌদি পরিবারের ‘ছোট নবাব’ সাইফ আলী খানকে বিয়ে করে পতৌদি পরিবারে বধূ হয়েছেন কারিনা।
এদিকে, শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কারিনার সাবেক প্রেমিক শহীদ কাপুর। কনে মিরা রাজপুত এক কলেজ ছাত্রী। দিল্লি নিবাসী মীরার সঙ্গে শহীদের বিয়ের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শোনা গেছে এই বছরের শুরুতেই মীরার সাথে বাগদান পর্বও সেরে ফেলেছেন শহীদ।
তবে এই খবরে বেশ ইতিবাচক ভূমিকায় দেখা গেল শাহীদের সাবেক প্রেমিকা করিনাকে। সাইফ পত্নী জানান, বিয়ের খবরে তিনি খুবই খুশি।
জানা গেছে, এই জুটির নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ এর শ্যুটিংয়ের সময় থেকেই এই বিষয়ে অবগত ছিলেন কারিনা।
শহীদ ও কারিনা অভিনীত ছবিগুলো হলো, ফিদা, থারটি সিক্স চায়না টাউন, মিলেঙ্গে মিলেঙ্গে এবং চুপ চুপকে।
সম্প্রতি শহীদ কাপুর ব্যস্ত রয়েছেন বিকাশ বেহেল পরিচালিত ‘শানদার’ ছবির কাজে। আর কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এপিবি আনন্দ

ফাইনালে নিউজিল্যান্ড

Cricket World Cupদক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
ইডেন পার্কে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড জয়ের জন্য ২৯৯ রানে পৌছে গেছে ৪ উইকেট আর ১ বল হাতে রেখে।
ম্যাচজেতানো অপরাজিত ৮৪ রান করে ম্যান অব দি ম্যাচ হয়েছে গ্রান্ট ইলিয়ট।
ম্যাককালাম ৫৯ এবং কেন উইলিয়ামসন ৬ রান করে মরনে মরকেলের শিকার হয়েছেন।
ইডেন পার্কের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এর আগে  প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৪ উইকেটে ২৮১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া ইনিংসে ৩৮ ওভারের পর বৃষ্টিতে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। ওই সময় ৩ উইকেটে ২১৬ রান করা দক্ষিণ আফ্রিকা শেষ পাঁচ ওভারে তুলেছে ৬৫ রান।
যার ৪৯ রানই ১৮ বলের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারের। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান ওয়ান ডাউনে নামা ফ্যাপ ডু প্লেসিসের।
বৃষ্টি-বিরতির পরপরই আউট হওয়ার আগে ১০৭ বলে খেলেছেন ৮২ রানের ইনিংস।
তবে শেষপর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অধিনায়ক অ্যাবি ডি ভিলিয়ার্স। ৩২ বলে ফিফটি করা ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৬৫ রানে।
এছাড়া প্রোটিয়াদের হয়ে ৩৯ রান করেন রিলি রুশো।
টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে যায়।
ইনিংসের চতুর্থ ওভারে বোল্টকে অফ ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হন হাশিম আমলা।
অস্টম ওভারে বোল্টকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে থার্ডম্যানে সউদিকে ক্যাচ দেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।
৩১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন ডু প্লেসিস-রুশো।
৮৩ রান এনে দেওয়া তৃতীয় উইকেট জুটিটি ভাঙেন কোরে অ্যান্ডারসন।
গাপটিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরা রিলি রুশোকে।
পরে ডু প্লেসিস আর মিলারের উইকেট মিলিয়ে ৩ উইকেট নেন এই বাঁ হাতি অলরাউন্ডার।
দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া অ্যাডাম মিলনের জায়গায় নিউজিল্যান্ড দলে ভিড়িয়েছে ম্যাট হেনরিকে।
আর কাইল অ্যাবোটের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ভারনন ফিল্যান্ডার।

প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের পক্ষে ৬০% ব্রাজিলীয়

dilmaঅর্থনৈতিক মন্দা, রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০% ব্রাজিলীয়।
 
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট ফেডারেশনের(সিএনটি)অর্থায়নে জরিপকারী প্রতিষ্ঠান এমডিএ’র পরিচালিত এক জরিপের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে স্থানীয় সময় সোমবার । খবর নিউ ইর্য়ক টাইমস,রয়টার্স
 
এ বছরের মার্চ মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত পরিচালিত ওই জরিপে দুই হাজার দুইজন মানুষ অংশ নেয়।
 
জরিপে দেখা যায়, ৫৯.৭% মানুষ বর্তমান প্রেসিডেন্ট দিলমার অভিশংসন চায় এবং ৬৮.৯% মানুষ রাষ্ট্রীয় তেল কোম্পানি প্রেটোব্রাসে দুর্নীতির জন্য প্রেসিডেন্ট দিলমা রুসেফকে দায়ী মনে করেন।
 
জরিপকারী প্রতিষ্ঠানটি জানায়, দেশটির ৬৪.৮% মানুষ বর্তমান সরকারকে নেতিবাচক মনে করে। মাত্র ১০% মানুষ ইতিবাচকভাবে দেখে।
 
দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দল পিএসডিবি’র নেতা ফার্নান্দো হেনরিক কারডোসো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,পুনর্নির্বাচনের অল্প সময়ের মধ্যে রুসেফকে সরিয়ে দেয়া হলে তা গণতন্ত্রের জন্য ধংসাত্মক হতে পারে। বিশেষত আদালত যখন প্রেটোব্রাস দুর্নীতির সাথে প্রেসিডেন্ট দিলমার জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।
 
গত বছরের অক্টোবরে নির্বাচনের আগে এমডিএ পরিচালিত এক জরিপে দেখা যায়, দেশটির ৪১% মানুষ দিলমাকে খুবই ইতিবাচকভাবে এবং ২৩.৫% মানুষ নেতিবাচকভাবে মূল্যায়ন করেছিল।কিন্তু নতুন এই জরিপে দেখা যায়, দিলমার জনপ্রিয়তা আগের চেয়ে  ১৮.৯% কমেছে।
 
এই জরিপে আরো দেখা যায়, যদি এখন নির্বাচন হয় তাহলে বিরোধী দল পিএসডিবির নেতা অ্যাএসিও নেভেস জয়ী হবেন। কেননা দেশটির ৫৫.৭% মানুষ নেভেসকে ভোট দিবেন। যিনি গত নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্টের কাছে পরাজিত হয়েছিলেন। আর মাত্র ১৬.৬% মানুষ এ নির্বাচনে দিলমাকে ভোট দিবেন।
 
দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে ৯২.৮% মানুষ উদ্বিগ্ন-এমন চিত্রও ফুটে উঠেছে এ জরিপে।

দোহারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

arrestঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
সোমবার গভীর রাতে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের পল্লী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিনারখোলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সোহেল, দোহার উপজেলার মৈইতপাড়া গ্রামের মদন হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার এবং একই এলাকার মৃত সিদ্দিক আকনের ছেলে আইয়ুব আলী।
 
দোহার থানার ওসি মাহমুদুল হক জানান, সোমবার মধ্যরাতে পল্লী বাজার এলাকায় ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এদের মধ্যে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ তিনজনকে আটক করে।
 
তিনি জানায়, এ সময়  তাদের কাছ থেকে তিনটি রামদা, দু’টি চাপাতি, দু’টি ছুড়ি, দু’টি শাবল ও একটি কাটার উদ্ধার করা হয়।
 
ওসি বলেন, ‘এবিষয়ে একটি ডাকাতি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।’