শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ব্রিটিশ শিক্ষার্থী হত্যা: অ্যামান্ডা নক্সকে অব্যাহতি

noxব্রিটিশ শিক্ষার্থী মেরেডিথ কার্চার হত্যার অভিযোগ থেকে মার্কিন তরুণী অ্যামান্ডা নক্স ও তার ইতালিয়ান সাবেক ছেলেবন্ধু রাফায়েল সোলেসিটোকে অব্যাহতি দিয়েছে দেশটির সব্বোর্চ্চ আপিল আদালত।
এই সিদ্ধান্তের মাধ্যমে ইতালির দীর্ঘ আইনি আর আলোচিত হত্যা মামলার সমাপ্তি ঘটতে যাচ্ছে। খবর বিবিসির।
মিজ কার্চারের সঙ্গে একই রুমে থাকতেন অ্যামান্ডা নক্স। ২০০৭ সালে সেই কক্ষেই মৃত আর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় কার্চারকে। ছুরিকাঘাতে মৃত অবস্থায় তাকে উদ্ধারের পর সেদিনই এই যুগলকে পুলিশ গ্রেপ্তার করে।
ব্রিটিশ শিক্ষার্থী মেরেডিথ কার্চারকে হত্যার অভিযোগে ২০০৯ সালে এই যুগলকে দোষী সাব্যস্ত করা হলেও দুইবছর পর সেই আদেশ স্থগিত করা হয়। কিন্তু তার বিরুদ্ধে আপিল হলে আরেকটি আদালত গতবছর সেই দণ্ড পুনর্বহাল করে।
এই যুগল অবশ্য বরাবরই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছে। কেন আদালত তাদের নির্দোষ বলে মনে করেছে, সেটা ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে।
এই রায়ের পর নির্ভার লাগছে বলে মন্তব্য করেছেন অ্যামান্ডা নক্স।
অন্যদিকে নিহত কার্চারের মা আরলিন মন্তব্য করেছেন যে, তিনি এই রায়ে বিস্মিত এবং আহত হয়েছেন।
এই মামলায় অভিযুক্ত আরেকজন, রুডি হের‍ম্যান গুয়েডে নামের একজন আইভরি কোস্টের নাগরিক ষোল বছরের কারাদণ্ড ভোগ করছেন

71Pix.com-এর আলোকচিত্র বিজয়ীদের পুরস্কার বিতরণ

pix71বাংলাদেশের প্রথম অনলাইন আলোকচিত্র কেনার মাধ্যম 71Pix.com আয়োজিত মার্চ মাসের সাপ্তাহিক আলোকচিত্র প্রতিযোগিতার দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠান অরেঞ্জ (বিডি) লিমিটেডের সৌজন্যে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে 71Pix.com-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট সিনে আলোকচিত্রী আনোয়ার হোসেন এবং 71Pix.com-এর প্রধান আলোকচিত্রী ইকবাল সোহেল।

দ্বিতীয় সপ্তাহে ভিউয়ার চয়েজ বিভাগে বিজয়ী সাইফুল হক পুরস্কার হিসেবে পেয়েছেন সনদ ও ক্রেস্ট। বিচারকমণ্ডলীর রায়ে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী হলেন জিয়াউল হক। তিনি পেয়েছেন নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট। তৃতীয় অপু জামানকে সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনে আলোকচিত্রী আনোয়ার হোসেন। এ ছাড়া অরেঞ্জ বিডি লিমিটেডের ডিরেক্টর মো. নূরুজ্জামান, ডিরেক্টর মো. হাফিজ আহমেদ, এজিএম মো. আওয়াল, ও জুনিয়র কার্যনির্বাহী মো. তৌফিক রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অরেঞ্জ বিডি লিমিটেডের শাহরিয়ার শামস।

সোনারগাঁওয়ে বাসচাপায় পোশাক কর্মী নিহত: গাড়ি ভাংচুর,অবরোধ

narayonganj mapঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে বাসচাপায় গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
শনিবার সকালে সোনারগাঁওয়ে ত্রিবর্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাক কর্মী আলম ত্রিবর্দী এলাকার চৈতি গার্মেন্টের প্রিন্টিং বিভাগের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে মোগরাপাড়া থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ত্রিবর্দী চৈতি গার্মেন্ট এলাকায় অতিক্রম করছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা আলমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলম মারা যায়। এসময় আহত হয় আরো ১০ বাস যাত্রী।
বাসচাপায় শ্রমিক নিহতের ঘটনা খবর পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরে দেয়। পরে ওই শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় শ্রমিকরা খণ্ড খণ্ড ভাবে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে শ্রমিকরা অবরোধে আটকেপড়া ও দোয়েল পরিবহনে গ্যারেজে থাকা প্রায় ১০টি গাড়িতে ভাংচুর চালায়। প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখার ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
তিনি আরো জানান, এ ঘটনার বিচারের আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধ শ্রমিকরা  বেলা প্রায় ১১টার দিকে  অবরোধ তুলে নেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে চৈতি গার্মেন্ট কর্তৃপক্ষ শনিবার কারখানা ছুটি ঘোষণা করেছে বলে নিশ্চিত করেছেন কারখানার এজিএম মিজানুর রহমান।

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

marderrরাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কামাল হোসেন (৩৫) নামের এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৪৬ হাজার টাকা ও দুটি দামি মোবাইল ফোনসেট নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর থানার  ভাঙ্গাপ্রেস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল হোসেনের ব্যবসায়িক সহযোগী মুনির হোসেন জানান, টঙ্গী মিলগেট এলাকায় তাদের ছোট গোডাউন আছে। শুক্রবার  রাতে সেই গোডাউন থেকে মালামাল ডেলিভারি করে নগদ ৪৬ হাজার টাকা নিয়ে কামাল বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাত দুইটার দিকে তিনি ছিনতাইয়ের শিকার হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

মুনির জানান, ছিনতাইকারীরা কামাল হোসেনের বুকে কোপ দিয়েছে। এ ছাড়া তিনি আঘাত পেয়েছেন হাতে ও বাহুতে।  কামাল যাত্রাবাড়ীর থানার মৃধাবাড়ী এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

marder gunnলক্ষ্মীপুর: সদর উপজেলার বালাইশপুর এলাকায় পুলিশ ও দীন মোহাম্মদ জিহাদ বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দীন মোহাম্মদ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ। দীন মোহাম্মদ নিজেকে যুবলীগের কর্মী বলে দাবি করেছেন।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানায়, সদর উপজেলার জয়পুর ইউনিয়নের রাজারামঘোষ গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে দীন মোহাম্মদ লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ ও চাটখিল থানায়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে লক্ষ্মীপুর-চাটখিল সীমান্তবর্তী এলাকা থেকে চাটখিল থানার পুলিশ জিহাদকে আটক করে। পরে চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ জিহাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। তারা বালাইশপুর এলাকায় পৌঁছলে জিহাদ বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় জিহাদ গুলিবিদ্ধ হন। আহত হন তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, জিহাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।

এদিকে জিহাদ নিজেকে জয়পুর ইউনিয়নের যুবলীগের কর্মী বলে দাবি করেন। তবে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তা অস্বীকার করেন।

বৃটেনে ২০ জনে ১ জন কলেজছাত্রী যৌনকর্মী

sex workerবৃটেনে উচ্চশিক্ষারত ছাত্রীদের ২০ জনের মধ্যে অন্তত ১ জন যৌন ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি ওয়েল্সের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনাল জাস্টিস এবং ক্রিমিনোলজি বিভাগ একটি সমীক্ষা করে, তাতেই এই তথ্য উঠে এসেছে।

কিন্তু এর কারণ কী? সমীক্ষায় দেখা গিয়েছে, এদের মধ্যে বেশিরভাগ ছাত্রী বৃটেনের পড়াশোনার বিপুল ব্যয়ভার বহন করতে না পেরেই এই ব্যবসার দিকে আকৃষ্ট হন। কেউ ধার মেটাতে, কেউ বা নির্দিষ্ট লাইফস্টইল বজায় রাখতে দেহ ব্যবসার জগতে পা রাখেন। অধ্যাপক ট্রেসি স্যাগার যিনি এই সমীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি জানান, ‘আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ রয়েছে যে ছাত্রীরা অনেকেই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ছিলেন। এদের বেশিরভাগই নিজেদের পরিচয় গোপন রাখেন। কারণটা খুবই স্পষ্ট। এক, সামাজিক সম্মান নিয়ে টানাটানি এবং দুই, বাবা-মা বা আত্মীয়স্বজনদের কাছে জবাবদিহি করা ইত্যাদির। এ ছাড়াও মানসিক ক্লেদকেও অস্বীকার করা যায় না।’

তিনি আরও বলেন, এটাও মাথায় রাখা প্রয়োজন যারা এই কাজে যুক্ত রয়েছেন তারা সকলে নিরাপদ না-ও হতে পারেন। তাদের সাহায্য করার জন্যই এই সমীক্ষা চালানো হয়েছে।

সমীক্ষায় আরও একটি দিক উঠে এসেছে। শতাংশের হিসাবে এটা ৫ শতাংশ হলেও, আরও ২২ শতাংশ ছাত্রীরা এটা স্বীকার করেন, যে তারা এই ব্যবসায় যাওয়ার কথাও ভেবেছিলেন। দেহ ব্যবসায় থাকা ছাত্রীদের অবশ্য এমন অনেকে আছেন যারা এখানে বেশ ভালো আছেন। তারা এটা স্বীকারও করেছেন, যে এখানে টাকাও আছে এবং দৈহিক সুখও রয়েছে। অনেকে আবার এই চক্র থেকে বেরোতে চেয়েও পারছেন না বিভিন্ন কারণে।

ট্রেসি আরও জানিয়েছেন, ‘এখনও এমন অনেক ছাত্রী রয়েছেন যারা সম্মানহানির ভয়ে এই পেশায় থাকার কথা বলতে চান না। আমরা যদি উদাহরণ রাখতে পারি তবে অদূর ভবিষ্যতে সাহায্যের আশ্বাস পেলে আরও অনেক ছাত্রী এগিয়ে আসবেন এবং যারা এই চক্র থেকে বেরোতে চান তারা উৎসাহী হবেন।’

দিনে ২২ ঘণ্টা কাজ করে ৪০০০ ক্রীতদাস!

worker induপ্রায় চার হাজার বিদেশি মৎস্যজীবীকে ক্রীতদাস করে ইন্দোনেশিয়ায় আটকে রাখা হয়েছে। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ্যে এসেছে।

শুক্রবার ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন ইন ইন্দোনেশিয়ার ডেপুটি চিফ স্টিভ হ্যামিলটন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে এত জন মৎস্যজীবী কোন দেশে থেকে এবং কীভাবে এলেন, তা নিয়ে স্পষ্ট ধারনা নেই কারোরই। মনে করা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ডের বাসিন্দা এরা।

 
চার হাজারের মধ্যে অন্তত দুহাজার জনকে ইন্দোনেশিয়ার সমুদ্র-শহর বেনজিনাতে একটি কার্গো জাহাজে কাজ করানো হয়। এই দলে এদের মধ্যে কেউ ১০ বছর ধরে, কেউ ২০ বছর ধরে ক্রীতদাস হয়ে রয়েছেন। নামমাত্র মজুরিতে ২০ থেকে ২২ ঘণ্টা সমুদ্রের জলে ভিজে ভিজে কাজ করতে হয় এদের। ছুটির দিন বলতে কিছু নেই। ক্লান্ত হয়ে পড়লে লাথি মেরে, চাবুক মেরে, বেত মেরে কাজ করানো হয়। খবর ছড়িয়ে পড়তেই ইন্দোনেশিয়া সরকার এ নিয়ে তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববারই শেষ ওয়ান ডে খেলবেন ক্লার্ক

clarkওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে কাল রোববারের ফাইনাল ম্যাচের পর এক দিনের ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৩৩ বছর বয়সী ক্লার্ক আজ তার এ সিদ্ধান্তের কথা জানান।

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদিন শিরোপা জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক নিশ্চয়ই তার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে চাইবেন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ২০১৩ সালে। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও চাইবেন স্বপ্নের ট্রফিটা ছুঁতে।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট খেলা চালিয়ে যাবেন ক্লার্ক। অস্ট্রেলিয়ান অধিনায়কের আশা, এই সিদ্ধান্তে তার টেস্ট ক্যারিয়ার আরও দীর্ঘ হবে।
মোট ২৪৪ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ৭,৯০৭ রান। তার সর্বোচ্চ রান ১৩০।
তবে টেস্ট ক্রিকেট খেলবেন তিনি। এখনও পর্যন্ত তিনি ১০৮ টি ম্যাচ খেলেছেন এবং তার সর্বোচ্চ রান ৩২৯ নট আউট। মোট সংগ্রহ ৮,৪৩২।

হয়তো আনুশকার বিরাট শো

birat anuskaসিডনি তাদের কাছে সুখের হয়নি। এসসিজি গ্যালারিতে ক্যামেরা ‘জুম’ করেছিল যে মুখ, বিশ্বকাপ থেকে ভারত-বিদায়ের সেটা মূর্ত অভিব্যক্তি হয়ে দাঁড়িয়েছে যেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললে চোখে পড়া উচিত। ঘাড় ঘুরিয়ে মাঠের দিকটা একবার দেখে এসসিজি ড্রেসিংরুমের দিকে এগোচ্ছেন পরাজিত এক যোদ্ধা। আর তা দেখে গ্যালারিতে প্রায় রক্তশূন্য, বিবর্ণ মুখ নিয়ে বসে তারই প্রিয় বান্ধবী।

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা নিঃসন্দেহে বৃহস্পতিবারের সিডনি রাত ভুলে যেতে চাইবেন। ভুলে যেতে চাইবেন সমর্থকদের একাংশের তাদের ঘিরে কদর্য মন্তব্য। স্টিভ ওয়ার শহর বর্তমান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচ্য ‘কাপল’কে যন্ত্রণা ছাড়া কিছু দেয়নি। কিন্তু আর এক শহর দিতে পারে। দিতে পারে কিছু সুখকর স্মৃতি। সংগঠকদের কথা সত্যি হলে যেখানে আর দশ দিনের মধ্যে তাদের ঢোকা উচিত। যেখানে অপেক্ষায় থাকবে এসসিজির চেয়েও বিশালায়তন এক গ্যালারি। অপেক্ষা করবে ও রকমই ক্রিকেটপাগল দর্শক। যন্ত্রণার নয়, অপেক্ষায় থাকবে মেহফিলের রাত।

কলকাতার কথা হচ্ছে। আইপিএল উদ্বোধনের কথা। ৭ এপ্রিল অনুষ্ঠান মানে তো আর দশ দিন বাকি।

এবং আবার বিরাট-আনুশকা!

বোর্ড এবং আইপিএল সংগঠকদের বিবরণ অনুযায়ী,  যে অনুষ্ঠানে পারফর্ম করতে যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকছেন আনুশকা শর্মা। বলা হচ্ছে সম্মতি পাওয়া শেষ। আনুশকা চূড়ান্ত। সেটা হলে বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এই প্রথম পারফর্ম করতে চলেছেন আনুশকা। যা বসে দেখবেন বিরাট! আইপিএলের উদ্বোধনের নিয়ম অনুযায়ী সেখানে সব টিমের অধিনায়ককে থাকতে হয়। বিরাট অবশ্য একা নন, পুরো টিম নিয়েই সে দিন থাকবেন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। উদ্বোধনের দিন তিনেকের মধ্যে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। পুরো টিম নিয়েই তাই ক্যাপ্টেন কোহলি থাকবেন। সংগঠকদের পক্ষ থেকে আবার চেষ্টা হচ্ছে বাড়তি কিছুর। যদি কোনও ভাবে বিরাটকে তখন মঞ্চে তোলা যায়! অনুষ্ঠান তো ওখানেই মেগা হিট হয়ে যাবে!

কাপ-ক্ষতেও বড় প্রলেপ সঙ্গে পড়বে বোধহয়। সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর অবিশ্বাস্য ভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আক্রমণ করা হয়েছে আনুশকাকে! যার এক দফা প্রতিবাদ শুক্রবার হল। যেখানে একযোগে ঘটনার তীব্র নিন্দা করল দেশের খেলাধুলো থেকে অভিনয় জগত। সানিয়া মির্জা থেকে সুস্মিতা সেন কেউ বাদ যাননি। সানিয়া টুইট করলেন, ‘আনুশকাকে দোষ দেওয়া আর ঠাট্টা করা হচ্ছে কেন? একজন মেয়ে কি শুধু মনোযোগ নষ্টই করে, শক্তি জোগায় না? বিরাট যখন সেঞ্চুরি করে বা আমরা যখন জিতি, তখন কী হয়?’ প্রিয়ঙ্কা চোপড়া লিখলেন, ‘মাত্র একটা ম্যাচ দেখার জন্য একজন মেয়েকে অপমান করা হলো, যে কি না সাপোর্টিভ বান্ধবী। জঘন্য!’ ঋষি কপূর বলে দিলেন, আনুশকাকে যারা এ ভাবে অপমান করছে তারা অশিক্ষিত নির্বোধ ছাড়া কিছু নয়। টুইটে লিখেওছেন সেটা। সুস্মিতা সেনও চরম আক্রমণাত্মক- ‘আনুশকাকে নিয়ে যারা ঠাট্টা করছে তাদের বলি, অন্য কোনও খেলা দেখে নাও। এ দেশের স্পিরিট আর ক্রিকেট, কোনোটাই তোমাদের জন্য নয়।’ ভারতজোড়া এমন প্রতিবাদের সরব বিস্ফোরণ দেখার পর সংগঠকদের কারও কারও মনে হচ্ছে, নীরবটা দেওয়া যাবে ক্রিকেটেরই অনুষ্ঠানে এনে। কলকাতায়। প্রকাশ্যে!

তবে শুধু আনুশকা শর্মা শো-এ উদ্বোধনের গ্ল্যামার আটকে থাকবে ভাবলে ভুল হবে। আরও এক জনের আসার কথা হচ্ছে, যাকেও আইপিএল উদ্বোধনে দেখা যায়নি কখনও। তিনি হৃতিক রোশন! যার শো-ও নাকি চূড়ান্ত। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত এবার আইপিএল সিইও সুন্দর রামনের সঙ্গে সিএবির দুই কর্তা। যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বিশ্বরূপ বললেন, “এই নামগুলোই মোটামুটি ফাইনাল। দুর্ধর্ষ উদ্বোধন হবে।”

সব সত্যি হলে, দুর্ধর্ষই হবে। হৃতিককে শোনা গেল যেকোনো এক ভাবে আনা হতে পারে। প্যারাশু্যটে করে তাকে আকাশ থেকে এলইডি মঞ্চে নামানো হতে পারে। অথবা, বাইক জাম্পে আবির্ভাব! বলা হচ্ছে, ইকো পার্কে যখন শেষ পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি পাওয়া গেল না, তখন যুবভারতীতেও যাতে আগের বারের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ হয় সেটা দেখা হচ্ছে। সুরকার প্রীতম, উঠতি নায়ক বরুণ ধবনরা আসছেন। রাতের আকাশে লেজার শো-র কথা চলছে। যেখানে মাঠে ঢোকার সময় এক এক জন ক্যাপ্টেনের মুখ ফুটে উঠবে! একটু পরে ফুটে উঠবে তাদের সইও। সঙ্গে আতসবাজির রোশনাই। তবে আতসবাজির খুব দরকার পড়বে কি? প্রথমটা ঠিক হলে, শেষেরটা  অনায়াসে বাদ রাখা যায়।

বিরাট-আনুশকা একসঙ্গে- আর কিছু লাগে নাকি!

চাপের মুখে গণমাধ্যম

cpjমতিউর রহমান চৌধুরী বাংলা ভাষার জনপ্রিয় নিউজ শো ‘ফ্রন্টলাইন’-এর উপস্থাপক ছিলেন ৫ বছর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতো সপ্তাহে তিন দিন। চলমান ঘটনাপ্রবাহ আলোচনা করতে রাজনীতিবিদ, নাগরিক সমাজের সদস্যবৃন্দ ও সাংবাদিকদের একসঙ্গে এনে অনুষ্ঠানটি খ্যাতি অর্জন করে। মি. চৌধুরী তার বিনয়ী কথন কিন্তু বলিষ্ঠ আচরণে নিজেকে তার সমসাময়িক অন্যদের থেকে স্বতন্ত্র করেছেন। আলোচকদের একে-অপরের ওপর চড়াও হওয়ার মতো কোনো অনুষ্ঠান পরিচালনা করার পরিবর্তে তিনি অতিথিদের নিয়ে বাস্তবসম্মত আলোচনা সঞ্চালন করেছেন।

যে সময়টায় বাংলাদেশের সম্প্রচার মাধ্যমের বেশিরভাগ নীরব হয়ে গেছে তখন চৌধুরীর এ অনুষ্ঠানের মতো টক শোগুলো ছিল সমালোচনামূলক সংবাদ কভারেজের সর্বশেষ জায়গাগুলোর একটি।
গত মাসে ‘ফ্রন্টলাইন’ বন্ধ করে দেয়া হয়। আনুষ্ঠানিকভাবে চ্যানেলের চেয়ারম্যান বলেছেন ‘কারিগরি সমস্যার’ কারণে শোটি সাময়িকভাবে স্থগিত হয়েছে। কিন্তু সিপিজের পক্ষ থেকে বাংলাদেশ সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ঘটনার বিপরীত বিবরণ উঠে এসেছে।

মতিউর রহমান চৌধুরীসহ অনেক সাংবাদিক দাবি করেছেন রাজনৈতিক কারণে শোটি স্থগিত করার প্রচেষ্টার পেছনে কর্তৃপক্ষের হাত রয়েছে। বন্ধ হয়ে যাওয়ার আগের সপ্তাহগুলোতে বেসরকারি মালিকানাধীন বাংলাভিশন চ্যানেলকে তাদের টক শোকে কী কী বিষয় আলোচনার সুযোগ রয়েছে এবং কোন কোন সঞ্চালককে তাদের বাদ দেয়া উচিত সেই বার্তা দিয়ে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে এমন রিপোর্ট গণমাধ্যমে আসে। কিন্তু হুকুম তামিল করতে অস্বীকৃতি জানান মি. চৌধুরী। ছয় সপ্তাহের বেশি সময় পরও শোটি বন্ধ রয়েছে। উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের স্বতন্ত্র গণমাধ্যম কি ধরনের চাপের মুখে রয়েছে- অনুষ্ঠানটি বন্ধ থাকাটা তার একটি ইঙ্গিত।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ২০০৯ সালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হারিয়ে ২০০৯ সালে ক্ষমতায় ফেরেন। এ দুই নেত্রীকে প্রায়ই গণমাধ্যমে ‘ব্যাটলিং বেগমস’ আখ্যা দেয়া হয়। ১৯৯০ সালে ১৫ বছরের সামরিক শাসনের সময়কাল সমাপ্ত হওয়ার পর থেকে তারা পালাবদল করে ক্ষমতায় এসেছেন। গত বছর হাসিনার পুনঃনির্বাচন বর্জন করে বিএনপি ও অন্যান্য দলগুলো। এটা নতুন করে রাজনৈতিক নাটকীয়তায় যোগ হয়েছে। হাসিনার প্রতিপক্ষরা দাবি করে নির্বাচনে বৈধতার অভাব ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিতে তারা হাসিনার পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

অনেক সাংবাদিক আমাকে বলেছেন, এর পর থেকে রাজনৈতিক পরিবেশের অবনতি হয়েছে। বাংলাদেশের অন্যতম সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘সংসদে সত্যিকারের কোনো বিরোধী দল না থাকায় সরকারের ওপর সংসদের এখন কোনো নিয়ন্ত্রণ নেই। আর বিচার ব্যবস্থা প্রসঙ্গে বলতে গেলে, নিম্ন আদালতগুলো সরকারের আঙুলের নিচে রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকারের কোনো ভারসাম্য ও নিয়ন্ত্রণ নেই যা হাসিনা ও খালেদাকে চরম ক্ষমতাধর করে তুলেছে। এসব ক্ষমতার লাগাম টেনে ধরতে গণমাধ্যমের টিকে থাকা।’

বিরোধী গণমাধ্যমগুলো টার্গেট করার পর এবং ক্ষমতার দৃশ্যপট থেকে রাজনৈতিক বিরোধীদের কার্যত নির্মূল করার পর হাসিনা সরকারকে চ্যালেঞ্জ এবং সমালোচনা করতে পারে এমন সর্বশেষ যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে তার মধ্যে একটি হলো স্বাধীন গণমাধ্যম। বাংলাদেশে সেটা মানুষের সামনে মূলত আসে টেলিভিশনের সংবাদ এবং সংবাদপত্রের মাধ্যমে। বিবিসির মতে বাংলাদেশে টিভি এখনও সব থেকে জনপ্রিয় মাধ্যম। আর বাংলা ভাষী পত্রিকাগুলো বড় নেতৃত্বের গৌরব করে- এসব পত্রপত্রিকাগুলো কখনও কখনও নানারকম এবং রাজনৈতিকভাবে মেরুকরণ রয়েছে। বাংলাদেশের পৌঁছানোর প্রাক্কালে দেশটির অন্যতম প্রচারিক বাংলা দৈনিক প্রথম আলোর একটি মতামত-সম্পাদকীয়তে দেখলাম বলা হয়েছে, ‘সরকার তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আর দায়িত্ব ছুঁড়ে ফেলেছে। এটা একটি কর্তৃত্বপরায়ণ পুলিশ রাষ্ট্রের ন্যায় আচরণ করছে। শাসকরা বিরোধীদের রাজনৈতিক অধিকার সম্পূর্ণ সঙ্কুচিত করে ফেলার মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করে ফেলতে চেষ্টা করছে। রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। ঢালাওভাবে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আর ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। সঙ্কট সমাধা হওয়ার পরিবর্তে আরও গভীরে পতিত হচ্ছে।’

যে দিন সকালে আমি ঢাকা পৌঁছাই বিএনপি দেশব্যাপী হরতালের ডাক দেয়। কয়েক দিন ধরে তা চলে। এসব হরতাল প্রায়ই শহর বা দেশের বিভিন্ন অংশ বন্ধ করে দিয়ে পালন করা হয়। এর সঙ্গে চলে সহিংস প্রতিবাদ। এ দফায় বাসে পেট্রলবোমা আর রাজপথ সহিংসতার প্রাত্যহিক খবর আসে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থানরত মার্কিনিদের শহরের নির্দিষ্ট কিছু স্থানে নিরাপদে থাকতে পরামর্শ দিয়ে সতর্কতা ইস্যু করে।

উত্তেজনাকর এ সময়ে আমি যেসব সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেছি তারা যেসব চাপের মুখে রয়েছে সেসব কথা বলেছেন। প্রথম আলোর এক প্রতিনিধি এবং সিপিজের ২০০২ সালের ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড জয়ী টিপু সুলতান বলেন, আমাদের দেশ বিভক্ত। আওয়ামী লীগকে যারা সমর্থন করেন না তারা হুমকির মুখে রয়েছেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সকালের নাস্তার টেবিলে আলোচনা হয়। তার পত্রিকার চ্যালেঞ্জগুলো তিনি ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ‘সাংবাদিকতার জন্য পরিবেশ একেবারেই বন্ধুভাবাপন্ন নয়। বর্তমান সরকার মনে করে স্বতন্ত্র গণমাধ্যম তাদের বিরুদ্ধে কাজ করছে।’

তিনি দাবি করেন, তার কর্মীদের প্রায়ই গোয়েন্দারা অনুসরণ করে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অংশে মতিউর রহমান এবং তার কর্মীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলার কাগজপত্র দেখান তিনি। এসব মামলায় মানহানি থেকে শুরু করে আদালত অবমাননার অভিযোগ রয়েছে। মি. রহমান ব্যাখ্যা করলেন, সাধারণত এসব অভিযোগের বর্ণনা প্রায়ই একইরকম হয়ে থাকে। আর মামলার বাদীরা বেশিরভাগ ক্ষেত্রেই ছিলেন  সরকারি আইনজীবী, আওয়ামী লীগ সমর্থক বা গোয়েন্দা সংস্থার সদস্য।

ঢাকাভিত্তিক বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাম্প্রতিক ঝঞ্ঝাটেও একই ধারা প্রতিফলিত হয়েছে। তার বিরুদ্ধে রায়ের খবর সিপিজে প্রতিবেদনে আসে ২০১৪ সালের ডিসেম্বরে। বার্গম্যান আমাকে বলেন, ‘আইনি ব্যবস্থা নিতে সরকার সুযোগ খুঁজছে। সরকার এ যুক্তি দেখাতে পারে না যে তারা নয় আদালত এটা করছে। বেসরকারি ইংরেজি দৈনিক নিউ এজের প্রতিনিধি বার্গম্যান। এছাড়া তিনি বাংলাদেশ ওয়ার ক্রাইম ট্রাইবুন্যাল শীর্ষক একটি ব্লগ লেখেন। এতে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ও আদালত নিয়ে সমালোচনামূলক রিপোর্ট লেখেন তিনি। বার্গম্যান জানান, তাকে ৫০০০ টাকা জরিমানা বা ৭ দিনের কারাদণ্ড দেয় আদালত। তিনি ওই জরিমানা পরিশোধ করেন। বার্গম্যানের বিরুদ্ধে রায় নিয়ে উদ্বেগ জানিয়ে একটি বিবৃতিতে যেসব ব্যক্তিবর্গ, একাডেমিকস এবং পেশাদার ব্যক্তি স্বাক্ষর করেছিলেন এবং আদালত অবমাননা আইনের সংস্কার আইনের আহ্বান জানিয়েছিলেন তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বা আদালতে হাজির হতে বাধ্য করা হয়। আমার সফরের সময় এ ঘটনা ঘটে। জানুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাক্ষরকারীদের কাছ থেকে তাদের বিবৃতির বিষয়বস্তুর ব্যাখ্যা চান। এপ্রিল মাসে আদালতের কাছ থেকে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

হাসিনার সরকার গত দুবছর ধরে কিভাবে বিরোধী গণমাধ্যমকে নিশ্চুপ করিয়েছে সিপিজে তা নথিভুক্ত করেছে। ২০১৩ সালের এপ্রিলে বেসরকারি আমার দেশ দৈনিকের বিরোধীপন্থি সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা ও অবমাননাকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়াও আনা হয় রাষ্ট্রদোহিতা এবং বেআইনি প্রকাশনার অভিযোগ। প্রায় দুবছর ধরে কারান্তরীণ রয়েছেন তিনি। এদিকে তার বিচার চলছে।

২০১৩ সালের মে মাসে পুলিশ দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি স্টুডিওগুলোর নিয়ন্ত্রণ নেয়। বিভ্রান্তকারী তথ্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলগুলোকে বন্ধ করে দিতে বাধ্য করা হয়। উভয় চ্যানেল তাদের কভারেজে ছিল বিরোধীপন্থি। এখনও চ্যানেল দুটি বন্ধ রয়েছে।

সরকার এছাড়াও গত বছর একটি সম্প্রচার নীতিমালা উপস্থাপন করে যেখানে সরকারের ভাবমূর্তি নষ্ট করে এমন কোন বিষয়বস্তু সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। একইসঙ্গে বাধ্যতামূলক করা হয় সরকারের দৃষ্টিতে জাতীয় গুরুত্ববহ অনুষ্ঠানগুলোর সম্প্রচার; উদাহরণস্বরূপ সরকারি নেতাদের বক্তব্য। নীতিমালা এখনও বাস্তবায়ন না হলেও, আমি যেসব সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি তাদের মতে এটা বার্তা নিয়ন্ত্রণে সরকারের ইচ্ছার ইঙ্গিত।
জানুয়ারি মাসে বেসরকারি টিবি চ্যানেল একুশে টিভির মালিক আবদুস সালামকে গ্রেফতারেও সরকারে এ ইচ্ছা স্পষ্ট হয়েছে। তাকে বানোয়াট অভিযোগে গ্রেফতার করা হয়। খালেদা জিয়ার লন্ডনপ্রবাসী ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের পর উত্তাপ অনুভব করতে শুরু করে চ্যানেলটি। সংবাদ প্রতিবেদনগুলো অনুযায়ী তারেক তার বক্তব্যে হাসিনা-নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের আহ্বান জানান।

১৮ ফেব্রুয়ারি হাসিনা সংসদে দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি দল হিজবুত তাহরিরের একটি পোস্টারের ছবি প্রকাশ করার পর এ হুমকি দেন হাসিনা। ওই ছবির সঙ্গে শিরোনাম ছিল: ‘ফ্যানাটিকস রেইজ দেয়ার আগলি হেডস এগেইন’। ছবির ক্যাপশনে অংশবিশেষ হলো: দেশের রাজনৈতিক সঙ্কট ও সহিংসতার সুযোগ নিয়ে সশস্ত্রবাহিনীর মধ্যে অস্থিরতা উসকে দেয়ার প্রচেষ্টায় নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন হিজবুত তাহরির রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার ছেপে লাগিয়েছে।

হাসিনা অভিযোগ করেন যে ডেইলি স্টার ওই জঙ্গি গ্রুপকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের বার্তা প্রচার করছে। সংবাদ প্রতিবেদনে বলা হয় সংসদে হাসিনা বলেন, হিজবুত তাহরিরের পোস্টার পেপারে ছাপিয়ে তাদের যারা সহায়তা করছে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। তারা ইতিবাচকভাবে লিখেছে নাকি নেতিবাচকভাবে লিখেছে আমার কিছু এসে যায় না। কিন্তু ওই পোস্টারের ছবি ছাপিয়ে যেটা কোন মনোযোগই কাড়তো না, পত্রিকাটি জঙ্গি উদ্দেশে সহায়তা করেছে।

দুদিন পর পত্রিকাটির সম্পাদক প্রথম পাতার মতামত সম্পাদকীয়তে লিখেছেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাইলে প্রধানমন্ত্রীর বিবৃতি অবিবেচনাপ্রসূত। আর যা বলা হয়েছে তা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশে কোন মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বেঁচে থাকবে না।  হাসিনার বক্তব্যের কিছু সময় পরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় মি. আনামের গ্রেফতারের দাবি জানান। তথ্য-প্রযুুক্তিবিষয়ক উপদেষ্টা জয় ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানান। এদিকে, তথ্য মন্ত্রণালয় ফেব্রুয়ারির শেষের দিকে এক বিবৃতিতে গণমাধ্যমের সরকারের হস্তক্ষেপের বিষয় প্রত্যাখ্যান করে। সজীব ওয়াজেদ মাহফুজ আনামের গ্রেফতার দাবির কিছু সময় আগে আমি মি. আনামের সঙ্গে কথা বলি। ঢাকায় তার কার্যালয়ে আমাদের বৈঠকে তিনি বলেন, তিনি শুধু কর্তৃপক্ষের চাপ নিয়েই উদ্বিগ্ন নন, বরং গণমাধ্যম স্বাধীনতার সার্বিক পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘গত বছরে মিডিয়া সেলফ-সেন্সরশিপ ধারায় চলে গেছে। সরকার সমালোচনামূলক কণ্ঠের প্রতি সম্পূর্ণ অসহিষ্ণু হয়ে পড়েছে।’

এ অসহিষ্ণুতা সরকার পেরিয়ে বাইরেও বিস্তৃত হয়েছে। আমি বাংলাদেশ ছাড়ার কিছুদিন পর বাংলাদেশী-মার্কিন ব্লগার অভিজিৎ রায় এবং রাফিদা আহমেদ বন্যা অজ্ঞাত হামলাকারীদের দ্বারা হামলার শিকার হন। এতে অভিজিৎ মারা যান আর তার স্ত্রী মারাত্মক আহত হন। অভিজিৎ ইসলামী মৌলবাদ নিয়ে স্পষ্টবাদী সমালোচক ছিলেন বলে বলা হয়। আর তিনি উদারমনা, প্রগতিশীল ইস্যু নিয়ে লেখালেখি করেছেন। একমাস পেরিয়ে গেছে। তার পরিবার উদ্বেগ জানিয়েছে যে, হত্যাকারীদের আইনের আওতায় আনতে অগ্রগতি হয়েছে সামান্যই। ধর্ম নিয়ে মন্তব্যকারী ব্লগার আর সমালোকদের বিরুদ্ধে একটি সহিংস ধারার প্রতি ইঙ্গিত দেয় তার হত্যাকাণ্ড। মাহফুজ আনাম আমাকে বললেন, মুক্ত ও স্বাধীন সমাজের জন্য ধ্বংস্বাত্মক এক বিশ্বে আমরা বাস করছি।

(কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত লেখার অনুবাদ। লেখক সুমিত গালহোত্রা সিপিজের এশিয়া কার্যক্রমের রিসার্চ অ্যাসোসিয়েট। অতীতে তিনি সিএনএন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ কাজ করেছেন।)