শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

দিনে গড়ে ১৫ খুন

marder15সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বেড়েই চলছে খুনের ঘটনা। পারিবারিক ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন খুনের ঘটনা ঘটছে, তেমনি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়েও প্রতিপক্ষকে খুন করা হচ্ছে নির্মমভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকায় সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরাও। সারা দেশে প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৫ জন খুন হচ্ছেন। পাল্টেছে খুনের ধরনও। আগের চাইতে আরও বেশি নির্মমতা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সন্ত্রাসীরা সুযোগ নিচ্ছে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে পারিবারিক বন্ধনেও চিড় ধরেছে। অর্থনৈতিক কারণেও ঘটছে খুনের ঘটনা। এ সবের মূল কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়া। অপরাধ করে পার পাওয়া যায় বা অর্থ দিয়ে সব ‘ম্যানেজ’ করার সংস্কৃতি চালু হওয়ায় মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকহারে বেড়েই চলছে। এর প্রতিকার করতে হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নূরুল হুদা বলেন, সমাজে অস্থিরতা থাকলে খুন-খারাবি বাড়ে। এর অন্যকোন কারণ নেই। আর বেশির ভাগ খুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয় বলে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তা ঠেকানোর সুযোগ নেই। তবে যেটি করতে হবে তা হলো, খুনের তদন্ত সঠিক ও দ্রুততম সময়ে করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে কয়েকটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। শীতাংশুর স্ত্রী কৃষ্ণা কাবেরী মণ্ডলকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এ ঘটনায় ওই দম্পতির দুই মেয়েও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর একদিন আগেই তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ী এলাকায় ওয়াসিকুর রহমান বাবু নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা বাবুর মাথায় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। যাতে তার চেহারাই বিকৃত হয়ে গিয়েছিল। এছাড়া গত মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাসায় সূর্যি বেগম (৭৫) ও মাফিয়া বেগম (৫০) নামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাদের দুজনের মাথাসহ শরীরজুড়ে অসংখ্য ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল।

অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান বলে জানিয়েছে স্থানীয় থানার পুলিশ। ২৯শে মার্চ টাঙ্গাইলের গোপালপুরে এক পাষণ্ড ছেলে তার বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছে। গত ২৪শে মার্চ রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় খুন হন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুসের বৃদ্ধা স্ত্রী রওশন আরা বেগম ও গৃহকর্মী কল্পনা। মাত্র দশ হাজার টাকা চেয়ে না পেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে রওশন আরা বেগমকে গলা কেটে হত্যা করে সাঈদ নামে ওই বাসার গৃহকর্মীর ছেলে। হত্যাকাণ্ডের দৃশ্য দেখে ফেলায় ঘাতক সাঈদ তার আপন বোন কল্পনাকেও গলা কেটে হত্যা করে। এর আগে গত ১০ই মার্চ রাজধানীর ফকিরাপুলে সুমি নামে এক তরুণীকে হত্যার পর সাত টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এছাড়া নিহত তরুণীর পরিচয় যেন শনাক্ত না হয় এজন্য তার মাথা ও মুখমণ্ডল পুড়িয়ে চেহারা বিকৃত করা হয়। ১১ই মার্চ সিলেটে আবু সাঈদ নামে নয় বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরে এক পুলিশ সদস্যেরও জড়িত থাকার প্রমাণ পায় তদন্তকারীরা। এছাড়া একদিন আগে ৯ মার্চ বনানীতে বাসের ভেতর ফেলে যাওয়া একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত মাসের ২৬শে ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাশে শ’ শ’ মানুষের সামনেই যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে অভিজিৎ রায় মারা গেলেও প্রাণে বেঁচে যান বন্যা। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা হয়।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের নৈতিক মূল্যবোধ ক্রমশ লোপ পাচ্ছে। চিড় ধরছে সামাজিক বন্ধনেও। মানুষ হয়ে উঠছে ভোগবাদী। কমছে মানুষের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ। এ কারণে তুচ্ছ ঘটনার জের ধরে একে-অপরকে নৃশংসভাবে খুন করতেও দ্বিধা করছে না। স্বামীর হাতে স্ত্রী কিংবা স্ত্রীর হাতে স্বামী যেমন খুন হচ্ছেন, তেমনি বাবা-মা খুন করছেন নিজের সন্তানকে আবার সন্তানের হাতেও খুন হতে হচ্ছে মা-বাবাকে। ভাইয়ের হাতে ভাই আর আত্মীয়ের হাতে আত্মীয় খুন হওয়ার ঘটনা এখন হরহামেশাই ঘটছে। একই সঙ্গে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। খুনের ধরনও দিনকে দিন পাল্টে যাচ্ছে। অপেক্ষাকৃত নৃশংস খুনের ঘটনা বেড়েই চলছে। হত্যার পর লাশ টুকরো করে ফেলা বা আগুনে পুড়িয়ে ফেলা এবং গলা কেটে হত্যার সংখ্যা বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি এবং সামাজিক অস্থিরতার কারণে মানুষ এমন নৃশংস হয়ে উঠছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম বলেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে সমাজে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যায়। সমাজে ভারসাম্য বজায় না থাকলে যারা বঞ্চিত তাদের মধ্যে ‘ক্রুয়েলটি’ বেড়ে যায়। এজন্য সমাজে ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। তিনি বলেন, আইন ও বিচার ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যাতে খুনের মতো বড় অপরাধ করে কেউ আইনের ফাঁক-ফোকর গলে বেরিয়ে যেতে না পারে। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
অপরাধ বিশ্লেষকদের মতে, খুনের ঘটনা বাড়ার অন্যতম কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। খুন করে কেউ একজন পার হয়ে যাওয়া মানে দৃষ্টান্ত স্থাপন করা। তাকে দেখে অন্যরা উৎসাহিত হয়ে থাকে। এছাড়া বাংলাদেশে দীর্ঘ সময় দরে বিচারকার্য চলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বা স্বজনেরাও একসময় আগ্রহ হারিয়ে ফেলে। এই সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসী বা দুর্বৃত্তরা দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও পারিবারিক কারণে নৃশংস খুনের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। একমাত্র আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এসব খুন-খারাবি ঠেকানো সম্ভব। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, খুনের ঘটনার পরও দায়ী ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব, ক্ষমতা আর অর্থ দিয়ে ‘ম্যানেজে’র মাধ্যমে পার পেয়ে যাচ্ছে। এ রকম একটি ঘটনাও ঘটলে সেটি অন্যদের মধ্যে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। অন্যরা উৎসাহিত হয় যে, খুন করেও ‘শক্ত খুঁটি’ থাকলে পার পাওয়া যায়। এজন্য অপরাধ বিশেষজ্ঞরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার ৯৭৫ জন খুন হয়েছেন। শুধু চলতি বছরের গত তিন মাসে সারা দেশে আরও অন্তত হাজার খানেক খুনের ঘটনা ঘটেছে। ২০১০ সালে সারা দেশে ৩ হাজার ৯৮৮ জন, ২০১১ সালে ৩ হাজার ৯৬৬ জন, ২০১২ সালে ৪ হাজার ১১৪ জন, ২০১৩ সালে ৪ হাজার ৩৯৩ জন ও ২০১৪ সালে ৪ হাজার ৫১৪ জন খুন হয়েছেন। এই হিসাবে সারা দেশে প্রতিদিন গড়ে ১৪-১৫ জন খুন হচ্ছেন। ডিএমপির হিসাব অনুযায়ী, গত পাঁচবছরে রাজধানী ঢাকাতেই খুন হয়েছেন ১ হাজার ৪২৪ জন। চলতি বছরের প্রথম তিন মাসেই খুনের সংখ্যা অর্ধশতক পেরিয়ে গেছে। পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, পুলিশ চিহ্নিত সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে খুন-খারাবির ঘটনা ঠেকানোর চেষ্টা করতে পারে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হওয়া খুন ঠেকাতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এছাড়া আসামিদের গ্রেপ্তারের পর দ্রুত বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সেনাবাহিনী মোতায়েনসহ ছয় দাবি বিএনপির

city election bnpসিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ ছয় দফা দাবি পেশ করেছে বিএনপি। দলীয় ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় খুলে দিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশনকে। গতকাল বুধবার বিকেলে বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে এসব দাবি জানায়। তবে সিইসি জানিয়েছেন, সেনা মোতায়েন করা হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ১৯ এপ্রিল। নির্বাচন কমিশনে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের অন্তত ১৫ দিন আগে সেনা মোতায়েন চায় তার দল। তিনি বলেন, ‘প্রার্থীরা যাতে ভোটারদের কাছে যেতে পারেন, সে জন্য আমরা সেনা মোতায়েনের দাবি করেছি। নির্বাচনী এলাকায় যাতে সন্ত্রাসী-মাস্তানি না হয়, সে জন্য ব্যবস্থা নিতে বলেছি।’

এর প্রায় এক ঘণ্টা পর কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী মোতায়েন করার বিষয়ে কমিশনের ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষা বৈঠকে সিদ্ধান্ত হবে। বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময়ই বলেছি, সবার জন্যই আইন সমান।’ বিএনপির কার্যালয়ের তালা খুলে দেওয়ার অনুরোধ প্রসঙ্গে সিইসি বলেন, বিএনপি নেতারা বলেছেন, তারা এসব বিষয়ে আইনগতভাবেলড়বেন। বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য জমির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুটি পার্টি অফিসে তালা, এটি মৌলিক অধিকারের পরিপন্থী। অজ্ঞাতপরিচয় দুই হাজার ব্যক্তির নামে মামলা আছে। এই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ধরার নামে যেন আমাদের দলীয় লোকদের ধরে নিয়ে যাওয়া না হয়। যারা জামিনে আছেন, তাদের যেন হয়রানি না করা হয়।’

বিএনপির এসব দাবি প্রসঙ্গে সিইসি বলেন, ‘আইনের বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই। গ্রেফতারের ভয়ে যেসব প্রার্থী আত্মগোপনে রয়েছেন, তাদের আমরা কীভাবে খুঁজে বের করব?’ সিইসি বলেন, ‘যারা আদালত থেকে জামিন নিয়ে এসে নির্বাচনী প্রচারকাজ চালাবেন, তাদের জন্য এক ব্যবস্থা আর যারা আত্মগোপনে থেকেই নির্বাচন করতে চান তাদের জন্য ভিন্ন ব্যবস্থা।’সিইসির বক্তব্যে বিএনপি সন্তুষ্ট কি-না? এ প্রশ্নে বিএনপির প্রতিনিধি জমির উদ্দিন সরকার বলেন, ‘সন্তুষ্ট কি-না তা সিইসির কাজের ওপর নির্ভর করছে।’ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র করণিক ভুলের কারণে বাতিল হয়েছে বলে দাবি করেন হান্নান শাহ। বিষয়টি সিইসিকে জানিয়েছেন। এ ব্যাপারে সিইসি বলেন, ‘যথাসময়ে আপিলের আবেদন করলে আইন অনুসারে এসব বিষয় দেখা হবে। নথিপত্র সুচারুভাবে দেখা হবে। এখানে কারও প্রতি কোনো অবিচারের সুযোগ নেই।’

হান্নান শাহ বলেন, ‘ভোটের আগেই কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে বলেছি, যাতে বিতর্কিত কেউ নির্বাচনে দায়িত্ব পালন করতে না পারেন।’ এ প্রসঙ্গে সিইসির জবাব, ‘ইসির নিজস্ব জনবল তেমন নেই। আমরা নির্বাচনের সময় সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে থাকি। আগেভাগেই নির্বাচনী কর্মকর্তাদের নামের তালিকা সব প্রার্থীর কাছে পাঠানো হবে। কোনো কর্মকর্তার বিষয়ে আপত্তি থাকলে আমরা অবশ্যই তা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’বিভিন্ন দাবি নিয়ে বিকেল ৩টার দিকে হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, দলীয় নেতা সৈয়দ সুজাউদ্দিন ও মুশফিকুর রহমান, নির্বাচন কমিশনের সাবেক সচিব আবদুর রশীদ সরকারসহ বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়।

প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন

hasina2প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ দিয়ে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিশ্ব অটিজম সচেনতা দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের মা-বাবারা অনেক সময় হতাশা প্রকাশ করেন, হতাশার কোনো কারণ নেই। তাদের ভালোবাসা-স্নেহ দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন। সমাজের সচেতন মানুষরা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখুন। তারা জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠবে।

প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে সেসবের ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার প্রতিবন্ধীদের লালন-পালনে ট্রাস্ট গঠন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এদের প্রতিবন্ধী নয়, জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের সাধারণ ক্রীড়াবিদরা বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিবন্ধীরাই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের শির উন্নত করেছে।

বাংলাদেশিদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন দুই কর্মকর্তা

shariyarrrইয়েমেন আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সেদেশে যাচ্ছেন দুই কর্মকর্তা।  বুধবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওই স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমরা দুজন কর্মকর্তাকে ওমান থেকে জিবুতি পাঠাচ্ছি। সেখান থেকে তারা ইয়েমেনের এডেনে যাবেন। ওই দুজন ইয়েমেনে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করবেন। দরকারি ভ্রমণ নথিপত্র দেবেন। প্রয়োজনে জাহাজে করে পারাপারে সাহায্য করবেন।’
সংশ্লিষ্টরা জানান, ওই দুই কর্মকর্তা আগামী শুক্রবারের মধ্যে ইয়েমেনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজে পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে তারা বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করবে।
এদিকে বুধবার পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ‘ইয়েমেনে ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশি থাকতে পারে। যেহেতু দেশটি স্বল্পোন্নত, সেখানে বহুসংখ্যক বাংলাদেশির থাকার সম্ভাবনা নেই। যারা সেখানে আছেন, তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।’
সৌদি আরবের সীমান্ত সংলগ্ন ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই।
শিয়া হুতি বিদ্রোহীদের দমনে কয়েক দিন ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চলছে। এতে এখন পর্যন্ত বহু লোক নিহত হয়েছে।  এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে চীন, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।
ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশিরাও সরকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

প্রশিক্ষণ বিমানের সঙ্গে পুড়ে ছাই হলো তামান্নার স্বপ্নও

tamannaরাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে একটি সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানে দগ্ধ হয়ে নারী প্রশিক্ষণার্থী তামান্না রহমান হৃদি (২২) ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল সাড়ে ৪টায় তাকে একটি ক্যারাভ্যান বিমানে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন লিমিটেডের। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত তামান্না রহমান প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। একদিন আগেই গত বুধবার তিনি সলো (এককভাবে বিমান উড্ডয়নের) অনুমতি পান। নিয়ম অনুযায়ী তিনি ১৫০ ঘণ্টা এককভাবে বিমান উড্ডয়নের পর পাইলট হিসেবে ল্যাইসেন্স পাওয়ার আবেদন করতে পারতেন। অপর আহত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাহেদ কামাল (৫০)। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সিভিল অ্যাভিয়েশনের একটি সূত্র জানায়, প্রশিক্ষণ বিমানটি ১টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। এর তিন মিনিট পরই বিমানটি বিমানবন্দরের রানওয়ে থেকে ১৫-২০ হাত দূরে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় বিমান বিধ্বস্তের শব্দ শুনে রানওয়ের সীমানা প্রাচীরের পাশে চালিকিপাড়া এলাকার ডাবলু ও অটোরিকশা চালক লুৎফুর দেয়াল টপকে রানওয়ের ভেতরের এলাকায় প্রবেশ করে বিমানের আগুন থেকে প্রশিক্ষক ক্যাপ্টেন সাহেদ কামালকে বাঁচানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিমানবন্দরে ফায়ারসার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরআগেই আগুনে বিমানটির ককপিট, পাখা, ইঞ্জিন, মূল কাঠামো পুড়ে যায় এবং বিমানটির সামনের চাকা ছিটকে প্রায় ২০ হাত দূরে পড়েছিল। এ ছাড়া বিমানটি যে স্থানে আছড়ে পড়েছে  সেখানে মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়।
গতকাল সরজমিনে গিয়ে কথা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী ডাবলু, লুৎফর ও আনারুলের সাথে। এর মধ্যে প্রত্যক্ষদর্শী ডাবলু মানবজমিনকে বলেন, বিমানবন্দরের সীমানা প্রাচীরের পাশে গমের ক্ষেত থেকে গম তুলতে এসেছিলেন। এ সময় বিমানটি আকাশে চক্কর দিচ্ছিলো এবং রানওয়ে নামার চেষ্টা করে। একপর্যায়ে বিকট শব্দ পেয়ে তিনি সীমানা প্রাচীরে উঠে দেখেন বিমানটির একটি পাখা রানওয়ের পাশের মাটিতে ধাক্কা খেয়ে সামনের চাকা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বিমানটি আছড়ে পড়ে আগুন ধরে যায় এ সময় বিমানের কাচ ভেঙে এক ব্যক্তি বেরিয়ে তাদেরকে বাঁচানোর জন্য অনুরোধ করে। ডাবলু ও আরও দুইজন প্রাচীর থেকে নেমে তাকে মাটিতে গড়াগড়ি দিতে বলেন। কিন্তু তারা বিমানে আটকে পড়া নারী পাইলটকে আর বাঁচাতে পারেননি। কেননা বিমানটিতে চারদিক থেকে আগুন ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ারসার্ভিসের গাড়ি প্রায় ২০ মিনিট পরে আসে। আগে গাড়ি এলে মৃত নারীকে বাঁচানো যেত। তাদের চোখের সামনেই তিনি মারা গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত পাইলটের সহকর্মী মানবজমিনকে বলেন, বিমানবন্দরে যে ফায়ারসার্ভিসের (সিভিল বিভাগ) গাড়ি থাকে তা প্রায় নষ্ট। সামনে (৭ এপ্রিল) ঢাকা রুটে বাণ্যিজিক বিমান চলাচলের কথা রয়েছে। এতে সংকট আরও বাড়বে। তিনি ফায়ারসার্ভিসের গাড়ি দেয়ার দাবি করেন। বলেন, তামান্না ফিরে এসে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু সে যে এভাবে হারিয়ে যাবে তা তারা ভাবতে পারেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে রাজশাহীর জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন চৌধুরী, পুলিশ, র?্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। পরে ফ্লাইট সেলভি এন্ড সেগুলেশন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আনামসহ চার সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বাংলাদেশ ফ্লাইং একাডেমির সভাপতি ক্যাপ্টেন শাহাবুদ্দীন আহমেদ (বীরউত্তম) বলেন, প্রশিক্ষণ ফ্লাইটটির ইঞ্জিনে আগুন ধরে যায়। গ্রাউন্ডে সিগন্যাল পাঠিয়েই রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের চেষ্টা চাল?ান প্রশিক্ষণার্থী পাইলট ও প্রশিক্ষক। কিন্তু শেষ রক্ষা হয়নি। রানওয়েতে  নেমে ফ্লাইটটি ছিটকে পড়ে।
নিহত পাইলট তামান্নার বাড়ি রাজধানী ঢাকার নিকুঞ্জ-২ নম্বরে। আহত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাহেদ কামালের বাড়ি নড়াইল জেলায়।
এদিকে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের সিনিয়র ইঞ্জিনিয়ার এনামুল কবির বলেন, আমরা সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমাদের ফায়ারসার্ভিসের গাড়ি যাতে পানির পরিবর্তে ফোম (কেমিক্যাল মিশ্রিত পানি) ব্যবহারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগে কো-পাইলটের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে ৬ হাজার ফিট রানওয়ে রয়েছে। সেখানে গ্যালাক্সি, ফ্লাইয়িং ক্লাব ও অ্যাভিয়েশন এই তিনটি প্রতিষ্ঠান যথেষ্ট দক্ষতার সাথে বিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে। তিনি ফায়ারসার্ভিসের গাড়ি বিলম্বে যাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা যথা সময়েই ঘটনাস্থলে যায়। তবে তাদের কাছে সংকেত যেতে ৩/৪ মিনিট সময় লেগেছে। যা স্বাভাবিক।

আইপিএল খেলতে বিকেলে ঢাকা ছাড়ছেন সাকিব

sakib9ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছাড়বেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। তবে এবারের আসরে সাকিবের সব ম্যাচ খেলা হচ্ছে না। ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সে কারণে মাত্র দুটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে সাকিবকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, গত ৩১ মার্চ সাকিবকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সেভাবেই এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করা হয়েছে।
তিনি জানান, সেখানে শুধুমাত্র ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটির জন্যই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ২ এপ্রিল ভারতে গিয়ে ১২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ১১ এপ্রিল পরের ম্যাচটিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের।
পাকিস্তান সিরিজ শেষে আবার আইপিএলে যেতে পারেন সাকিব। তবে আইপিএল খেলতে যাওয়ায় ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি একদিনের টুর্নামেন্টে পাওয়া যাবে না সাকিবকে। তার দল প্রাইম ব্যাংক সাউথ জোন অবশ্য বিষয়টি নিয়ে আপত্তি করেনি।
২০১১ সালে প্রথম নাইট রাইডার্সে যোগ দেন সাকিব আল হাসান। ২০১৩ সালে ইনজুরি এবং জিম্বাবুয়ে সিরিজের জন্য টুর্নামেন্টে খেলতে পারেননি সাকিব। অবশ্য তার উপস্থিতিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল নাইট রাইডার্স।
এ বিষয়ে সাকিব বলেছেন, ‘একটা দলে টানা খেললে সে দলের ওপর টান বেশি থাকে। কলকাতার ম্যানেজমেন্ট আমাকে সে সুযোগ করে দিয়েছে, টানা চতুর্থবার খেলতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘যে দুটো ম্যাচ খেলব, চেষ্টা করব সেরাটা খেলার। যে পর্যায়েই ক্রিকেট খেলি, সবসময় চেষ্টা থাকে ভালো খেলার।’

কে এই শ্রীনিবাসন

srinibash30মূলত ব্যবসায়ী। মালিকানা আছে ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডে। আইসিসির চেয়ারম্যান পদে এসেছেন বিসিসিআইর প্রেসিডেন্ট থাকা সূত্রে। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে বর্তমানে বিসিসিআইয়ে তার কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই।
তবে ব্যবসায়ী বা ক্রীড়াবিদ হিসেবে নয়, শ্রীনিবাসনের নাম ঘুরেফিরে এসেছে নানা কেলেঙ্কারির সঙ্গে। তামিলনাড়ূতে জন্ম নেওয়া শ্রীনিবাসন চেন্নাইয়ে পড়ালেখা করেছেন প্রযুক্তি নিয়ে। পরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে।
তিনি তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তামিলনাড়ূ গলফ ফেডারেশনেরও প্রধান হিসেবে আছেন। একসময় প্রেসিডেন্ট ছিলেন সর্বভারতীয় দাবা ফেডারেশনেরও।
১৯৯৮ সাল থেকে ছিলেন তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি। তার ওইসময়কার প্রেসিডেন্ট এসি মুথাইয়া পরে বিসিসিআইর প্রেসিডেন্ট হয়ে শ্রীনিবাসনকেও নিয়ে আসেন। ২০০৮ সালে দায়িত্ব নেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি হিসেবে। এ পদে ছিলেন ২০১১ পর্যন্ত।
২০০৮ সালে আইপিএল চালু হলে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি কেনে। ওই সময় বিসিসিআইর আইনে ছিল, বোর্ডের কোনো কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বাণিজ্যিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে জড়িত থাকতে পারবেন না। ব্যবসায়ী কিন্তু বোর্ড কর্তা_ এমন ব্যক্তিদের সুবিধা দিতে ওই বছর বিধানটিতে সংশোধনী আনা হয়।
সে সুবাদে চেন্নাই সুপার কিংসের মালিকানা নেন শ্রীনিবাসন। তবে তার বিরুদ্ধে ভারতের আদালতে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর অভিযোগ আনা হয়।
চেন্নাই দলটির প্রধানের দায়িত্ব দেন মেয়েজামাই গুরুনাথ মায়াপ্পনকে। এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে সফল দল ধোনির নেতৃত্ব দেওয়া চেন্নাই সুপার কিংসই। পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও প্রতিবারই দলটি সেমিফাইনালে খেলেছে। ২০১০-১১ মৌসুমে নির্বাচিত হয় সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হিসেবেও।
এরই মধ্যে ২০১১ সালে তৎকালীন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের স্থলে দায়িত্ব নেন শ্রীনিবাসন। ২০১৩ সালের মে মাসে তাকে বিসিসিআইয়ে নিয়ে আসা সাবেক সভাপতি এসি মুথাইয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, শ্রীনিবাসনকে বিসিসিআইয়ে আনা ছিল বিরাট ভুল।
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তার জামাতা এবং চেন্নাই দলের প্রধান গুরুনাথ মায়াপ্পনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
ভারতের উচ্চ আদালতের প্রধান বিচারপতি মুকুল মাদুগালের নেতৃত্বাধীন কমিটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দেওয়া রিপোর্টে জুয়াড়িদের সঙ্গে তাদের লেনদেনের সত্যতা পায়। ফাঁস হয় জুয়াড়িদের সঙ্গে তার কথোপকথন।
২০১৪ সালের মার্চে সুষ্ঠু তদন্তের স্বার্থে ভারতের সুপ্রিম কোর্ট শ্রীনিবাসনকে বিসিসিআইর দায়িত্ব থেকে সরে যেতে নির্দেশ দেন। বহিষ্কৃত অবস্থাতেই জুন মাসে নির্বাচিত হন আইসিসির চেয়ারম্যান।

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: শিশুসহ ২ লাশ উদ্ধার, নিখোঁজ ৮

trolar12মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অন্তত ৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর সীমানাধীন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মারিয়া (৪) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাড়ি সিদ্ধিরগঞ্জ বলে জানা গেছে। এর আগে রাতে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার কর‍া হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯ টার দিকে ট্রলারটি মতলব উত্তর থানার বেলতলী এলাকার সোলায়মান লেংটার বার্ষিক ওরসে যাওয়ার উদ্দেশ্যে দাউদকান্দি ঘাট থেকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা করে। পথিমধ্যে বালুবাহি একটি বল্কহেডের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা জানাতে পারেনি তিনি।

তিনি জানান, ঘটনার পর খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ নদী থেকে ট্রলারটি উদ্ধার করে। ট্রলারডুবি হলেও অনেক যাত্রী সাঁতরে পারে উঠতে সক্ষম হয়। তবে কতজন যাত্রী নিখোঁজ তা সঠিক ভাবে জানাতে পারেনি স্থানীয় লোকজন ও উদ্ধার হওয়া ট্রলারের যাত্রীরা।

তিনি আরো জানান, গজারিয়া থানা পুলিশের সাথে দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। ডুবুরি দলকে ইতিমধ্যেই খবর দেয়া হয়েছে। ডুবুরি দল এলেই তাদের উদ্ধার কাজে নামানো হবে।

ইব্রার নতুন চমক ‘ডাবল ওভারহেড’

বছর তিনেক আগে ৩০ গজের বাইসাইকেল কিকে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ফ্রেন্ডলির পর তার সমর্থককূলের নতুন চমকের অপেক্ষা এক বছরের মধ্যে মিটেছিল। চ্যাম্পিয়ন্স লিগে ঘণ্টায় ১৫০ কিমির গোলে। আন্ডারলেখটের বিরুদ্ধে তার যে গোলকে ফুটবলের ইতিহাসে অন্যতম কঠিন শট বলে ধরা হয়। মঙ্গলবার ফের তিনি শিরোনামে। এ বারও ফুটবল বিশ্বকে চমকে দিলেন নিজস্ব ভঙ্গিতে। তিনি- জ্লাতান ইব্রাহিমোভিচ।

দেশের জার্সিতে ৫৪তম গোলের সুবাদে সুইডেন ফ্রেন্ডলিতে এ দিনই ৩-১ হারায় ইরানকে। তবে গোলের থেকেও ম্যাচে সুইডিশ মহাতারকার কয়েক সেকেন্ডের ব্যবধানে দু’বার ওভারহেড কিক মারা নিয়ে হইচই পড়ে গিয়েছে। যে শটে গোল হয়নি, তবে কর্নার থেকে ইব্রা যত দ্রুত দু’বার শট নেন সেই প্রচেষ্টাটাই প্রায় অসম্ভব বলা হচ্ছে। অসম্ভব ফিটনেস না থাকলে এত দ্রুত পরপর ওভারহেড শট মারা প্রচণ্ড কঠিন বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের। সুইডিশদের থেকেও ফ্রেন্ডস এরিনায় প্রায় চৌত্রিশ হাজার দর্শকদের অধিকাংশই সমর্থন করছিলেন অ্যাওয়ে টিমকে। সুইডেনে বসবাসকারী প্রায় ষাট হাজার মানুষ আছেন যাদের জন্ম ইরানে। মাঠের দাপটে ইব্রা তাদের চুপ করিয়ে দেন। শুরুতেই সুইডেনকে এগিয়ে দেওয়ার পর ডাবল ওভারহেড শটের জাদু দেখে সমর্থনে কিছুটা ভাঁটা পড়ে যায়।

ইব্রাকে নিয়ে এমনিতেই রসিকতা আছে তিনি নিয়ম মানেন না। যা অসম্ভব, সেটা নিজস্ব ভঙ্গিতে করে দেখানোই তার স্টাইল। মঙ্গলবারও এমন মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা কম করেননি। তার সমথর্করা হয়তো প্রিয় তারকার আরও একটা অবিস্মরণীয় কীর্তি চাক্ষুষ দেখা থেকেও বঞ্চিত হতেন না। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সোশ্যাল মিডিয়ায় তাই বলা হচ্ছে, ‘ইব্রার এই ব্যর্থতা এটা বুঝিয়ে দিল খুব দ্রুত পরিচিত স্টাইলে নতুন একটা চমক দেবেন সুইডিশ তারকা। গোটা সিনেমাটা আসছে। এটা স্রেফ ট্রেলার।’

কাউন্সিলর পদে বিএনপিকে ছাড় দেবে না জামায়াত

jamat bnp2ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলের ব্যানারে সক্রিয় জামায়াতে ইসলামী। কৌশলগত কারণে মেয়র পদে জোটের প্রধান দল বিএনপিকে ছাড় দিলেও কাউন্সিলর পদে তারা কোনো প্রকার ছাড় দিতে নারাজ।

একই কৌশলে গত স্থানীয় নির্বাচনগুলোতে ব্যাপক সাফল্য দেখিয়েছে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কিত দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনটি সিটি করপোরেশনেই নিজেদের আদর্শের কাউন্সিলর প্রার্থী নিয়ে জোরালোভাবে মাঠে নেমেছে জামায়াত। এজন্য প্রত্যেক মহানগরী অঞ্চল, থানা ও ওয়ার্ড পর্যায়ে একাধিক টিম কাজ শুরু করেছে। যদিও প্রকাশ্যে তৎপরতা চালাতে না পারছে না।

জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, গত ১৮ মার্চ নির্বাচন কমিশন তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরই জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ না নিলেও মেয়র এবং কাউন্সিলর প্রার্থী দেবে তারা।

এর পরপরই ঢাকা ও চট্টগ্রামের মহানগর শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকেই মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এমন সিদ্ধান্তের পর মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী বাছাই সম্পন্ন করে দলটি।

এই পর্যায়ে বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় মেয়র পদে প্রার্থী দেয়া থেকে বিরত হয় জামায়াত। তবে এককভাবে কাউন্সিলর পদে প্রার্থী দেয়ার বিষয়টি বহাল থাকে।

এরপরই ঢাকা ও চট্টগ্রামের জামায়াত অধ্যুষিত ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে প্রার্থী দেয়া হয়েছে। আর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৯৬টি ওয়ার্ড। এরমধ্যে দক্ষিণে ৫৬টি এবং উত্তরে ৩৬টি ওয়ার্ডকে তারা টার্গেট করেছে। প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তারা।

এক্ষেত্রে মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, উত্তরা, মতিঝিল, মালিবাগ, সবুজবাগ, যাত্রবাড়ী এলাকার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন তাদের ধারণা।

চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডের মধ্যে ২০টি কাউন্সিলর পদে প্রার্থী দিয়েছে জামায়াত। অন্যগুলোতে সমঝোতা হয়েছে।

জামায়াতের সিদ্ধান্ত, এসব এলাকায় বিএনপি প্রার্থী দিলেও কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া অনেক ওয়ার্ডে বিএনপির একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সেদিক থেকে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে।

জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই এলাকাগুলোতে জামায়াত সমর্থিত প্রার্থীদের ভালো অবস্থান রয়েছে। আর বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই খারাপ। তাদের কোনো কর্মী সক্রিয় নাই। এক্ষেত্রে জামায়াত অনেক এগিয়ে আছে।

তিনি আরো বলেন, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের দিন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা গ্রেপ্তার আতঙ্কে স্বশরীরে নির্বাচন কমিশনে যাননি। আর জামায়াত সমর্থিত কাউন্সিলর পদ প্রার্থীরা আতঙ্কের মধ্যেও নিজে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলটির ঢাকা মহানগরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজপথের আন্দোলন জোরদার করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও গুলিবিদ্ধ হয়েছে কয়েক হাজার নেতাকর্মী। নিহত হয়েছেন শতাধিক জামায়াত-শিবির কর্মী। আর ৩০ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে আটক আছে। তারপরও আমরা এখনও সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছি, যা বিএনপিতে নেই।

তিনি আরো বলেন, আত্মগোপনে থেকেও জামায়াতের কেন্দ্রীয়, মহানগর এবং ইসলামী ছাত্রশিবিরের বর্তমান শীর্ষ নেতারা দলীয় বিষয়ে অতি গোপনে বিভিন্ন স্থানে বৈঠক করছেন। সকল সাংগঠনিক বিষয়ে কর্মীদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

তিন সিটি নির্বাচন ঘিরে প্রায় প্রতিদিনই নেতাদের এক সাথে বসা হচ্ছে এবং স্বাভাবিক নিয়মেই সব সিদ্ধান্তও নেয়া হচ্ছে। তবে দেশের পরিস্থিতিতে আনুষ্ঠানিক কোনো বৈঠক ডাকা হচ্ছে না, ব্যতিক্রম শুধু এটুকুই।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর পদে প্রার্থী করার ক্ষেত্রে দলীয় কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকেন না, এলাকায় গ্রহণযোগ্যতা আছে এমন লোকজন বেছে নেয়া হচ্ছে। এছাড়া আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাব আছে এমন সমর্থক পর্যায়ের মানুষকে কাউন্সিলর পদে অগ্রাধিকার দিচ্ছে জামায়াত।

এরা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত না থাকায় এবং দলের কোনো পদপদবিধারী না হওয়ায় এদের বিরুদ্ধে মামলা নেই। দু’এক জনের বিরুদ্ধে থাকলেও জামিনে মুক্ত আছেন।

ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিটি নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রচার ও তথ্য বিভাগসহ ৮টি করে টিম গঠন করেছে শিবির।

প্রত্যেকটি টিমে তিনজন করে সদস্য রয়েছে। আর এই টিমগুলোর নেতৃত্বে একাধিক সাব কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে যারা রয়েছেন, যে এলাকায় যাকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জামায়াতের কেন্দ্রীয়, মহানগরীর শাখাও একাধিক টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটি টিম আলাদা আলাদাভাবে এ নির্বাচনে কাজ চালিয়ে যাচ্ছে।

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা বলেন, তিন সিটি নির্বাচনে আমাদের কাউন্সিলরদের কীভাবে বিজয় নিশ্চিত করা যায়, সেই বিষয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে কাজ শুরু করে দিয়েছি।

আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণ আমাদের সাথে আছে। প্রত্যেকদিন আমাদের টিমগুলো মাঠে কাজ করছে। আল্লাহর রহমাতে যদি সুষ্ঠু নির্বাচন আমাদের কাউন্সিলররা বিজয়ী হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। দলের সকল স্তরের নেতাকর্মী প্রার্থীদের পক্ষে মাঠে কাজ শুরু করে দিয়েছে।