শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রুবেলকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

rubel pঅভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

সোমবার ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিক্টিম সাপোর্ট সেন্টারের এসআই হালিমা খাতুন।

বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপি।

প্রাণভিক্ষার জন্য সময় কয়েক ঘণ্টা, রায় দ্রত কার্যকর

Anisul Haq  11রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান মাত্র কয়েকঘণ্টা সময় পাবেন। এর পরপরই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুর ২টার দিকে আইনমন্ত্রীর কার্যালয়ে রায় বিষয়ক প্রতিক্রিয়া ও মতামত জানতে চাওয়া হলে তিনি একথা জানান।

রায় নিয়ে তিনি বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহালের রায়ে সরকার সন্তুষ্ট।

সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকলো।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন।

গাজীপুরে জাতীয় উদ্যান থেকে দুই শিশুর লাশ উদ্ধার

gazipur mapগাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ধলিপুকুরের পাশে গজারী বন থেকে সোমবার দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় জানা যায় নি। দুইটি লাশই ছেলে শিশুর। এর এক জনের বয়স আনুমানিক সাত বছর। পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও লাল-সবুজ-কালো রংয়ের গেঞ্জি রয়েছে। অপর শিশুর বয়স আনুমানিক পাঁচ বছর। পরনে অ্যাশ কালারে ফুল প্যান্ট এবং কমলা রংয়ের গেঞ্জি রয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের ছয় নং গেট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে ধলিপুকুরের পাশে গভীর গজারী বনে দুই শিশুর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

‘আদালত পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দেয়া হয়েছে’

htimamপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপির দাবি মেনেই দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালত পর্যন্ত যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনপির নেত্রী খালেদা জিয়া তিন মাস পর তার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে আদালতে গিয়ে একটি দুর্নীতি মামলায় জামিন নেন রোববার।

পরে কার্যালয়ে না ফিরে তিনি গুলশান এলাকায় তার বাসভবনে গিয়ে ওঠেন।

এই ঘটনার পর থেকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার নমনীয়তার পরিচয় দিয়েছে।

কিছুদিন আগেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের মুখ থেকেও এমন বক্তব্য এসেছে।

সেখানে সরকারের বর্তমান অবস্থানের প্রসঙ্গে এইচ টি ইমাম বলছিলেন, সরকারের নমনীয়তা যেমন নয়, তেমনি এ ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে তেমনও নয়।

তিনি বলেন, “আমাদের কাছে তারা যেগুলো বলেছেন, সেগুলো না বললেও আমরা খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা করতাম। তাকে কার্যালয় থেকে আদালত পর্যন্ত যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেয়া হয়েছে এবং আদালতে, রাস্তায়, সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।”

এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মিস্টার ইমাম বলেন, “আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো তো বাইরে প্রকাশ্যে আলোচনা করবো না । তবে সিটি নির্বাচন কেন দেয়া হলো কারণ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বলেছেন, যাতে মানুষ নির্বাচন-মুখী হয়। তিনি চেয়েছেন দলগুলো সংগঠিত হোক। দলীয় কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নেবে না।”

এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই বলে জানান এইচ টি ইমাম। এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কোনো পক্ষ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা যে চেষ্টা করলাম তাতে সাড়া দিয়ে বিএনপি গণতন্ত্রের পথে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।”

নোয়াখালীতে শিবির পুলিশ সংঘর্ষ, নিহত ১

noyakhaliনোয়াখালী শহরে ছাত্রশিবিরের একদল কর্মী আকস্মিকভাবে সড়কে নেমে যানবাহন ভাঙচুর করেছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে শিবিরের এক কর্মী নিহত হন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে শিবির ঝটিকা মিছিল বের করে। তারা দলীয় স্লোগান দিয়ে যানবাহন ভাঙচুর করতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টহল পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পালানোর সময় একজন সড়কের পাশে নর্দমায় (ড্রেন) পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর জেলার সভাপতি মো. মায়াজ বলেন, “ আমাদের এক কর্মী পুলিশের গুলিতে মারা গেছেন। একজন গুলিবিদ্ধ হয়েছেন।”

১ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রস্তাব ভারতের

bd indiaসড়ক যোগাযোগ ও অবকাঠামোগত খাতে আরও এক বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব দিয়েছে ভারত।

সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই ঋণ সহায়তার প্রস্তাব দেন ভারতের বহির্বিভাগ সংক্রান্ত সচিব শ্রীমতি সুজাতা।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

যেভাবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর

kamruzzamanমানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে।
সোমবার কার্যদিবসের শুরুতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সরকার চাইলে যেকোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। এ ক্ষেত্রে আসামি যদি দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তবে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যাবে না। তার আবেদন প্রত্যাখ্যাত হলে কিংবা তিনি আবেদন না করলে, সেক্ষেত্রে তার স্বজনদের জেলখানায় দেখা করার সুযোগ দেয়া হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তার দণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হবে।’
তিনি বলেন, ‘কামারুজ্জামান এখন দুটি সুযোগ পাবেন। একটি হল রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চাওয়া, অপরটি হল তার আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা। রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা কবে, কখন চাইবেন আইনে তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে আসামিকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে প্রাণভিক্ষার জন্য। তবে যুক্তিসঙ্গত সময় তো আর ৭ দিন বা ১৫ দিন হতে পারে না। জেল কর্তৃপক্ষ ঠিক করবে তাকে কতক্ষণ সময় দেবে।’
রায় কার্যকরের বিষয়ে এ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিভিউ খারিজের আদেশ আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনাল হয়ে জেল কর্তৃপক্ষের নিকট যেতে পারে। আবার আপিল বিভাগ থেকে সরাসরিও জেল কর্তৃপক্ষের নিকট যেতে পারে। অবশ্য ইতোমধ্যে সবাই জেনে গেছে। তবে কবে, কখন রায় কার্যকর হবে তা ঠিক করবে সরকার। সেটা কবে হবে তা সরকারই ভাল জানে।’

যশোরে বিএনপির ১২৫ নেতার নামে চার্জশিট

bnp logoযশোর প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা ও গুলির ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২৫ নেতাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে চার্জশিটে। তদন্ত শেষে রোববার আদালতে এ চার্জশিট জমা দেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ গণি মিয়া।

অভিযুক্তদের সবাই বিএনপি জেলা, নগর ও বিভিন্ন ইউনিট কমিটির গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি রফিকুল ইসলাম তোতন, অ্যাডভোকেট জাফর সাদিক, আবদুস সবুর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) চমনআরা বেগম, নগর কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জাতীয়তাবাদী মহিলাদল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, জাতীয়তাবাদী যুবদল জেলা কমিটির সভাপতি এহসানুল হক মুন্না, সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি, সাংগঠনিক সম্পাদক এম তমাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া সম্পাদক মাহতাব নাসির পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে ও বিএনপি জেলা কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী জুলু, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, পৌরসভার কাউন্সিলর শেখ সালাহউদ্দিন আহমেদ, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, বাঘারপাড়া পৌরসভার মেয়র আবদুল হাই মনা, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, মণিরামপুরের পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল, মণিরামপুর সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।

এজাহারে পুলিশ উল্লেখ করেছে, গত ১ অক্টোবর প্রেস ক্লাব যশোরের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ সাতজনকে আটক করে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এসআই আজগর হোসেন বাদী হয়ে ১২৬ জনের নাম উল্লেখসহ অপরিচিত আরও শতাধিক ব্যক্তির নামে পুলিশের কাজে বাধাদান, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করে। সন্ত্রাস দমন আইনে করা মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দিনের ব্যস্ত সময়ে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি হওয়ায় সাংবাদিকসহ বহু মানুষ ঘটনার প্রত্যক্ষদর্শী। তাদের বিবরণ অবশ্য ভিন্ন। তারা জানান, তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ধর্ম অবমাননামূলক বক্তব্যের প্রতিবাদে ওই দিন বিএনপির ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ। দলটি এই কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপিকর্মীরা একতরফাভাবে পুলিশি হামলার শিকার হলেও এক দিন পর মামলাও হয় তাদের নামে।

এইচএসসি পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে বিজিবি মোতায়েন

bgbএইচএসসি পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে ১২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

তিনি জানান, ৬ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া ঢাকার বাইরে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরো ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

বিকালে কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

kamruzzamanজামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর সোমবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার আইনজীবারা।

সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ খারিজ করে দেয়।

দৃশ্যত এরপর শেষ আইনি পদক্ষেপের বিষয় নিয়ে কথা বলতেই আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির সাংবাদিকদের  জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ায় এ বিষয়ে তার সঙ্গে আলাপ করবেন আইনজীবীরা। তার মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আইনজীবীরা। এজন্য সোমবার বিকেল চারটায় সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করা হবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সকালে জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যাবে না।

মাহবুবে আলম জানান, রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন তবে কবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সরকারই সেই দিনক্ষণ নির্ধারণ করবে।