শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ব্যাংকের সব শাখায় নারী হেল্প ডেস্ক

bankবিগত পাঁচ বছরের মধ্যে ব্যাংকের যেসব শাখায় নারী হেল্প ডেস্ক চালু হয়নি, তাদের বিষয়ে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই আলোকে চলতি মাসের মধ্যে ব্যাংকের সব শাখায় নারী হেল্প ডেস্ক চালু করার কঠোর নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। কোন ব্যাংকের কি পরিমাণ শাখায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে, তার হিসাব চেয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে এই হিসাব পাওয়ার পর আগামী সপ্তাহে ব্যাংকগুলোকে ফের চিঠি দেওয়া হবে। এতে পরবর্তী ১০ দিনের মধ্যে নারী হেল্প ডেস্ক চালু করার কঠোর নির্দেশনা থাকবে।

উল্লেখ্য, গ্রাহকদের সেবা দেয়ার জন্য ব্যাংকের প্রতিটি শাখায় বিশেষ হেল্প ডেস্ক স্থাপনে কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও অনেক শাখায় তা চালু হয়নি। এতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঋণগ্রহণ, রেমিটেন্স উত্তোলনসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন নারী গ্রাহকরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত বলেন,‘কতগুলো শাখায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে, এ বিষয়ে আমরা ব্যাংকগুলোকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলেছি। এর পাশাপাশি বিস্তারিত তথ্য পেতে আমরা নিজেরাও মনিটারিং করছি। চলতি সপ্তাহে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।’

তিনি বলেন, বিস্তারিত তথ্য পাওয়ার পরপরই অর্থ্যৎ আগামী সপ্তাহে ব্যাংকগুলোকে কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা পরিপালনে ফের চিঠি দেওয়া হবে। চিঠিতে তাদের জন্য সর্বোচ্চ ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে, যেন ওই সময়সীমার মধ্যে তারা সব শাখায় নারী হেল্প ডেস্ক চালু করে।
কেন্দ্রিয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, এবার ব্যাংকের সব শাখায় নারী হেল্প ডেস্ক চালু করার বিষয়টি একেবারে বাধ্যতামুলক করা হবে। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও ভাবা হচ্ছে বলে তিনি জানান।

জনবল সংকট ও সচেতনতার অভাবে আলাদা নারী ডেস্ক স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সব ব্যাংককে বাধ্যতামূলকভাবে নারী ডেস্ক স্থাপন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, আলাদা নারী ডেস্ক স্থাপনে কিছু সমস্যার কথা অনেক ব্যাংক জানিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক মনে করেন তাদের আগ্রহের অভাব রয়েছে। তাই শিগগিরই ব্যাংকগুলোকে নারী ডেস্ক স্থাপনে আবার নির্দেশনা দেয়া হবে। তারা কি কারণে ডেস্ক স্থাপন করেনি তাও খতিয়ে দেখা হবে।
সূত্র জানায়, দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী গ্রাহকদের জন্য আলাদা ব্যাংকিং ডেস্ক স্থাপনের নির্দেশে বলা হয়েছে যে, ডেস্কের প্রধান হবেন একজন নারীকর্মী। নারী উদ্যোক্তাদের সহায়তা, পরামর্শ, ঋণ প্রদানে সার্বিক কর্মকান্ড এই ডেস্কের মাধ্যমে পরিচালনার নির্দেশ দেয়া হয়। এছাড়া রেমিট্যান্স উত্তোলনের ক্ষেত্রে নারী গ্রাহকদের বিশেষ সেবা প্রদানেরও নির্দেশ দেয়া হয়। বিভিন্ন বিল প্রদানসহ আর্থিক লেনদেনের সব কর্মকান্ড এই ডেস্কের মাধ্যমে পরিচালনা করবেন নারী গ্রাহকরা।

প্রাপ্ত তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ১২শ’ শাখার মধ্যে ১০টি, রূপালী ব্যাংকের সাড়ে ৬শ’ শাখার মধ্যে ৮ থেকে ১০টি শাখায় নারী ডেস্ক খুলেছে। অগ্রণী ব্যাংকের ৯শ’ শাখা এবং জনতা ব্যাংকের প্রায় ৮শ’ শাখায় কোনো নারী ডেস্ক স্থাপন করেনি। অন্যদিকে ৫৬টি বেসরকারি ব্যাংকের মধ্যে হাতে গোনা কয়েকটি ব্যাংক নারী ডেস্ক স্থাপন করেছে।- বাসস

বৈজ্ঞানিক ব্যাখ্যা : ক্ষমতা কেন ক্ষণস্থায়ী হয়

powerক্ষমতা মাত্রই দুর্নীতি’ ঠিক ১২৮ বছর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে এই উক্তিটি করেছিলেন ব্রিটিশ ইতিহাসবিদ লর্ড অ্যাক্টন। তিনি উক্তিটা পূর্ণ করতে যোগ করেছিলেন, এবং ক্ষমতার মাত্রা যত বেশি, দুর্নীতিপ্রবণতাও তত বেশি হয়। দুর্নীতি যেহেতু ধ্বংসের কারণ, তাই ক্ষমতা স্বভাবতই ক্ষণস্থায়ী হয়।

হ্যাঁ, ক্ষমতা ক্ষণস্থায়ী। অনেকটা খবরের মতো ক্ষণস্থায়ী। নুতন খবরের ভিড়ে পুরনো খবরটা যেমন গুরুত্ব হারিয়ে ফেলে, তেমনি ক্ষমতাও। যে খবরটা একটু আগেও বক্স স্টোরি হয়েছিল, সেটাও নুতন আরেকটা তাজা খবরের ভিড়ে কোন তলানিতে গিয়ে যে ঠেকল, তার খেয়াল কে-বা রাখে।

ক্ষমতাও তেমনি ক্ষণস্থায়ী। এই একজনের হাতে আছে তো পরক্ষণেই (ক্ষেত্রবিশেষে এই ক্ষণ হবে দিন, মাস বা বছর) অন্যের হাতে। বালিশ খেলায় একটা বালিশ যেমন ঘড়ির কাঁটার মতো করে ঘুরতে থাকে সবার হাতে হাতে, ক্ষমতাও তেমনি এর হাত থেকে ওর হাতে গিয়ে পড়ে।

ক্ষমতা ক্ষণস্থায়ী হয় কেন?

খুঁজলে কারণটা মিলবে লর্ড অ্যাক্টনের ওই কথায়। ১৮৮৭ সালে তিনি তার ভাষায় বলেছিলেন, ‘পাওয়ার টেন্ডস টু করাপ্ট। অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি।’

ক্ষমতা হাতে পেলে যে কেউ নাকি তার অপব্যবহারটাই বেশি করে থাকেন। ফলে তিনি দুর্নীতিগ্রস্ত হন, অসাধুতার আশ্রয় নেন এবং ক্রমেই কুচক্রী হয়ে ওঠেন। ফলে একটা ব্যবস্থা তখন ধ্বংস হয়ে যায়। এবং অ্যাক্টন বলছেন, কারো হাতে ক্ষমতা যত বেশি হবে, তার মাধ্যমে ওই ব্যবস্থার (প্রতিষ্ঠান/সংগঠন/প্রক্রিয়া) প্রলয় তত ঘনিয়ে আসবে।

লর্ড অ্যাক্টনের এই চিন্তন এই দর্শন, মনোবৈজ্ঞানিক গবেষণায় দারুণভাবে কাজে লেগেছে। বিশেষত ১৯৭১ সালে লর্ড অ্যাক্টনের এই ‘ক্ষমতা-বাণী’ নিয়েই বিশ্বখ্যাত এক গবেষণা করা হয়েছিল, যার নাম ছিল ‘স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট’।

ক্ষমতা কেন ধ্বংস ডেকে আনে, এর বৈজ্ঞানিক কারণটি অনুসন্ধানের আগে আমরা স্ট্যানফোর্ডের কারাগার পরীক্ষণ নিয়ে একটু আলোকপাত করব।

এই পরীক্ষাটি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ১৯৭১ সালের ১৪-২০ আগস্ট। গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ফিলিপ জিমবার্ডো। এই গবেষণায় উৎসাহ দেখিয়েছিল মার্কিন নৌবাহিনী ও মেরিন কর্পস। কারারক্ষীদের সঙ্গে কারাবন্দীদের সংঘর্ষের কারণ (কজ অব কনফ্লিক্ট) সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে উদগ্রীব ছিলেন তারা। বলা বাহুল্য, মনোবিজ্ঞানী জিমবার্ডো ও তার দল দেখতে চেয়েছিলেন, ক্ষমতা মানুষের মনে কী প্রভাব ফেলে।

২৪ জন ছাত্রকে বেছে নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। তাদেরকে কাল্পনিক কারাবন্দী ও কাররক্ষী হিসেবে দায়িত্ব দেওয়া হলো। গবেষণার জন্য বিভাগীয় ভবনেই একটা কারাগার কল্পনা করা হলো। ১৪ দিনের একটা সময়সীমা নির্ধারণ করা হলো। গবেষণায় যেসব ছাত্র অংশ নিয়েছিলেন, তারা যে যার চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করলেন।

দেখা গেল, কারারক্ষীর চরিত্রে অভিনয় করা ছাত্ররা কারবন্দী ছাত্রদের ওপর মানসিক নির্যাতন শুরু করলেন।

বিস্ময়কর হলেও সত্য, কোনো কোনো কারাবন্দী এই মানসিক নির্যাতনকে পাত্তা দিয়ে প্রায় অসুস্থও হয়ে পড়লেন। এবং আরও বিস্ময়কর, কারারক্ষীদের পরামর্শে তারা আবার অন্য কারাবন্দী ছাত্রদের মানসিক নির্যাতন করা শুরু করলেন।

এটা অধ্যাপক জিমবার্ডোকেও প্রভাবিত করেছিল, তিনি এই নির্যাতনকাণ্ড চলতে দিলেন বিনা বাধায়। পরিস্থিতি এমন হলো, দুদিন যেতে না যেতেই দুই ছাত্র পরীক্ষা থেকে অব্যাহতি চাইলেন। শুধু তাই নয়, কারারক্ষীদের ওপর কারাবন্দীদের মানসিক নির্যাতনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে, ওই পরীক্ষা ছয় দিনের মাথায় গিয়ে বন্ধ হয়ে গেল!

কারারক্ষীর সঙ্গে কারাবন্দীর সংঘর্ষের কারণ ব্যাখ্যা করতে পারে স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট (১৯৭১)

ক্ষমতা এমনই; এভাবেই সে ধ্বংস ডেকে আনে। কিন্তু কেন আমরা ক্ষমতা পেলে ‘বাহাদুরি আর জারিজুরি’ শুরু করি, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ি, জাল বুনি কুচক্রের?

উত্তর খুঁজেছিলেন কানাডার এক দল গবেষক। এদের নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক ক্যাথেরিন এ ডিসেলেস। ইউনিভার্সিটি অব টরোন্টোর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক।

গবেষণায় প্রাপ্তবয়স্ক ১৭৩ কর্মজীবী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০২ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। ন্যায়নীতি, যত্নআত্তি, মেজাজমর্জি, উদারতা ইত্যাদি বিষয় তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে চাওয়া হলো। লিখিত উত্তরে কেউ কেউ সাধারণ একটা দিনের উদাহরণ টেনে এ সব গুণের মূল্যায়ন করলেন। কেউ কেউ লিখলেন, এগুলোই তাদের জীবনের আদর্শ। কেউ বা এমন ঘটনা উল্লেখ করলেন, যেখানে নিজেকে তিনি ‘ক্ষমতাধর’ হিসেবে অনুভব করেছিলেন।

এরপর তাদেরকে ল্যাবে ডেকে এনে আরেকটা পরীক্ষা করা হলো। মোট ৫০০ পয়েন্টের একটা পুলে শেয়ার নেওয়ার জন্য তাদের বলা হলো। বলা হলো শূন্য থেকে ১০— যে কোনো সংখ্যার পয়েন্ট নিতে। আর বলা হলো, যত বেশি পয়েন্ট নেবে ততই ১০০ ডলারের একটি লটারি জেতার সম্ভাবনা বাড়বে তাদের। কিন্তু সঙ্গে বলা হলো আরেকটি শর্ত—অনেক বেশি পয়েন্ট তুলে ফেললে তো পয়েন্টের বাক্সটাই আগেভাগে ফাঁকা হয়ে যাবে, তখন তাই লটারির ড্র এমনিতেই বাতিল ঘোষণা করা হবে।

দেখা গেল, যারা সাধারণ দিনের গল্প লিখেছিলেন, তারা গড়ে তুলেছেন সাড়ে ৬ পয়েন্ট করে। যারা খুব আদর্শিক, তারা তুলেছেন সাড়ে ৫ পয়েন্ট করে। আর যারা নিজেকে ‘ক্ষমতাধর’ বলে ভাবতে ভালোবাসেন, তারা তুলেছেন সাড়ে ৭ পয়েন্ট করে।

কী বুঝতে পারলেন ডিসেলেস ও তার দল?

যারা নৈতিকতাকে তেমন দাম দেন না, তারা যদি ক্ষমতা পান তাহলে, ব্যবস্থাটা (এখানে লটারি ড্র) নষ্ট হয়ে যাবে জেনেও তারা ক্ষমতা জাহির করে থাকেন।

লর্ড অ্যাক্টনের ‘ক্ষমতা-বাণী’কে খাঁটি প্রমাণ করতে এর চেয়ে বড় পরীক্ষা আর কী হতে পারে।

ডিসেলেসের ওই গবেষণার ফলাফল প্রবন্ধাকারে ছাপা হয়েছিল জার্নাল অব অ্যাপ্লাইড সাইকোলজিতে।

না, এখানে ক্ষমতার কোনো দোষ নেই। দোষ ক্ষমতা ধারণকারী ব্যক্তিটির। ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে, তবে তারা নীতি-নৈতিকতাকে বিসর্জন দেবেন না। যেমনটা আমরা ডিসেলেসের গবেষণাতেও দেখতে পাই— যারা আদর্শিক, যারা নৈতিকতাকে মূল্য দেন, তারা ক্ষমতা পাওয়া সত্ত্বেও ব্যবস্থা (লটারির ড্র) টিকিয়ে রাখার জন্য ক্ষমতার অপব্যবহার করেন না।

তার মানে, ক্ষমতা তখনই বিপদ ডেকে আনে যখন এর ধারক হন কুচিন্তাশীল, কুচক্রী। ডিসেলেস মন্তব্য করেছেন, ক্ষমতা ক্ষণস্থায়ী জেনেই আদর্শিক নেতারা ন্যায়-নীতি আঁকড়ে থাকেন।

তথ্য ঋণ : স্মিথসোনিয়ান ম্যাগাজিন।

আমিরাতের যুবকরা: সব পেয়েও যাদের জীবন ‘একঘেঁয়ে’

amirat boysতেলসমৃদ্ধ সংযু্ক্ত আরব আমিরাতের যুবকদের সম্পর্কে বলা যায়, পৃথিবীর সবচেয়ে বেশি প্রাচুর্যের মধ্যে বড় হন তারা।

মায়ের কোল থেকে কবর পর্যন্ত কোনো কিছু নিয়েই তাদের ভাবতে হয় না। তারা সেরা স্কুলে লেখাপড়া করেন, সেরা স্বাস্থ্যসেবা পান, মোটা বেতনে চাকরি করেন।

আমিরাতের একজন তরুণী ব্যবসায়ী সুয়াদ আল-হোসানি, তার বয়েস ২৬ । তিনি বলেন, “আমি কখনো কাজে ক্ষান্ত দিই না, পাঁচ বছরের ব্যবসায় আমি কখনো ছুটি নেই নি।”

দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিশ্লেষক মোহাম্মদ বাহারুন বলছেন, ইদানীং তরুণ আমিরাতিদের মধ্যে যারা চাকরি করতে আসছেন – তারা আগের চাইতে অনেক বেশি কর্মঠ এবং গতিশীল।

তিনি বলেন, এ যুগের আমিরাতি মেয়েরা তুলনামূলক ভাবে ছেলেদের চাইতে লেখাপড়ায় ভালো, এবং বেশি পরিশ্রমী।

কিন্তু আমিরাতের সমাজে এরা হলেন ব্যতিক্রম।

অনেক ধনী আমিরাতি তরুণই কাজ করতে চায় না। তারা শিকার, ক্যাম্পিং, মাছধরা, বাজপাখী ওড়ানো, বা মরুভুমিতে দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো – এসব নিয়েই মেতে থাকে। তার পর আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, পশ্চিমা গানবাজনা, সিনেমা ।

আমিরাতি তরুণরা মনে করেন জীবন একঘেঁয়ে

আরব আমিরাতে ভিন্নমতাবলম্বীদের নিপীড়নের যেসব খবর প্রায়ই বেরোয়, তাকে আদৌ গুরুত্ব দেন না এরা।

কিন্তু তার পরও সুখী নন এই তরুণরা। বিবিসির বিল ল জানাচ্ছেন, এদের অনেকেই মনে করেন, জীবন বড় ‘একঘেঁয়ে’ – তাদের জীবনকে তারা ‘অর্থপূর্ণ ‘ মনে করতে পারছেন না।

আরব আমিরাতের জনসংখ্যা ৯৩ লাখ। কিন্তু এর মাত্র ৬ ভাগের এক ভাগ হচ্ছেন ‘আমিরাতি’ – অর্থাৎ এ দেশের আদি বাসিন্দা। বাকি সবাই মূলত নানা দেশ থেকে আসা অভিবাসী।

আমিরাতের নাগরিকরা একটি সাধারণ সেক্রেটারির চাকরিতেও ভালো বেতন পান, যা প্রায় ১৫ হাজার দিরহাম বা চার হাজার ডলারের ওপরে। প্রায়ই তাদের বেতন বাড়ানো হয়। তাছাড়া আমিরাতিদের প্রায় কখনোই কাজ থেকে বরখাস্ত করা হয় না – তা সে সরকারি-বেসরকারি চাকরি যাই হোক না কেন।

সাংবাদিক আব্বাস আল-লাওয়াতির আদি দেশ ওমানে। তিনি বলছেন, আমিরাতিরা এমন একটি সমাজে বাস করছে যেখানে রাষ্ট্রীয় ভর্তুকির পরিমাণ বিপুল, এবং এই সচ্ছলতা তারা প্রাপ্য অধিকার বলেই মনে করে।

কিন্তু তার পরও আমিরাতি যুবক-যুবতীদের মধ্যে বেকারত্ব অত্যন্ত বেশি – প্রায় ২৮ শতাংশ। লন্ডনের মিডল ইস্ট ইনস্টিটিউটের হাসান হাকিমিয়ান বলছেন, আমিরাতে ১৫ থেকে ২৪ বছরের তরুণদের প্রতি ৫ জনের একজন বেকার। মেয়েদের মধ্যে এ হার অর্ধেকেরও বেশি।

গবেষকরা বলছেন সরকার এদেশের তরুণদের কাজ করতে উৎসাহিত করতে নানা কর্মসূচি নিচ্ছে, অভিবাসীদের ওপর নির্ভরতা কমাতে চাচ্ছে। কিন্তু এতে কাজ হচ্ছে খুবই সামান্য।
আমিরাতি তরুণরা অনেকে মনে করে অভিবাসীদের ভিড়ে তারা হারিয়ে যাচ্ছে।– বিবিসি

দল পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন কামারুজ্জামান

kamruzzzযাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, তাঁদের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামান। তিনি একাধিক বিকল্পের মধ্যে দল হিসেবে জামায়াতে ইসলামীর নামও বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

‘পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কর্মকৌশল গ্রহণ সময়ের দাবি’ শিরোনামে চার বছর আগে দলের উদ্দেশে লেখা এক চিঠিতে কামারুজ্জামান এসব প্রস্তাব দিয়েছিলেন। এতে কামারুজ্জামান নিজেসহ জামায়াতের আটক নেতাদের মৃত্যুদণ্ডের আশঙ্কা এবং যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতের করুণ পরিণতি সম্পর্কে পূর্বাভাসও ছিল। তবে চিঠিতে পাকিস্তানের কারণে জামায়াতের গায়ে কাদা লেগেছে বললেও নিজেদের একাত্তর সালের কর্মকাণ্ডের বিষয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৩ জুলাই গ্রেপ্তার হন কামারুজ্জামান। ওই বছরের ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর সেল (বকুল) থেকে গোপনে চিঠিটি পাঠিয়েছিলেন তিনি। দলের উদ্দেশে লেখা ওই চিঠিতে কামারুজ্জামান মূলত জামায়াতের টিকে থাকার কৌশল হিসেবে তিনটি বিকল্প উল্লেখ করে দ্বিতীয়টি গ্রহণের প্রস্তাব করেন। তিন বিকল্প হলো-

এক. ‘যা হবার হবে। আমরা যেমন আছি তেমনি থাকব।’

দুই. ‘পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত সিদ্ধান্ত নিয়ে পেছন থেকে একটি নতুন সংগঠন গড়ে তুলবে। এই সংগঠন প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে ধর্মহীন শক্তির মোকাবিলা করবে।’

তিন. ‘আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তাঁরা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াব এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেব। অর্থাৎ, একটা নিউ জেনারেশন জামায়াত হবে এটি।’

দ্বিতীয় প্রস্তাবের পক্ষে একটি বিস্তারিত রূপরেখাও দিয়েছিলেন কামারুজ্জামান। তাতে ‘সাংবাদিক তৈরি করে বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে ঢোকানো’ এবং কৌশলের অংশ হিসেবে যুব ও ছাত্রদের সহায়তায় ক্রিকেট, ফুটবল ও হকি দল, প্রয়োজনে ক্লাব গঠন করার কথাও বলেছিলেন।

কামারুজ্জামানের এই চিঠি নিয়ে দলে তখন কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। চিঠিতে লেখা সতর্কবাণী নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং দলের শুভাকাঙ্ক্ষীদের একটি অংশ ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দলের নীতিনির্ধারকদের সম্পর্কে সে সময় নানা মন্তব্য করে।

জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, কামারুজ্জামানের ওই চিঠি নিয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা অস্বস্তিতে পড়েছিলেন। এ বিষয়ে ২০১১ সালের ফেব্রুয়ারিতে জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের (পরে গ্রেপ্তার ও কারাবন্দী) সঙ্গে কথা বলে প্রথম আলো। চিঠির বিষয়ে বক্তব্য জানতে চাইলে তখন তিনি বলেছিলেন, ‘কারাগারে যাঁরা আছেন, তাঁরা দল পরিচালনার জন্য বাইরের নেতাদের দায়িত্ব দিয়েছেন। এর বাইরে কিছু করার সুযোগ নেই। কেউ যদি এমন কিছু করার চেষ্টা করেন, তা হবে দল ভাঙার ষড়যন্ত্র।’ তখন তিনি এ প্রশ্নও তুলেছিলেন, ‘এত বড় চিঠি কারাগার থেকে এল কী করে?’

নিজের তিন বিকল্পের ব্যাখ্যায় কামারুজ্জামান চিঠিতে লিখেছিলেন, ‘আমার ক্ষুদ্র বিবেচনায়, উপরোক্ত তিন অবস্থার প্রথমটা হচ্ছে নেতৃত্ব আঁকড়ে থাকা, হতবুদ্ধিতা এবং হতাশাবাদিতা। একটি গতিশীল আন্দোলন এ ধরনের পশ্চাৎমুখী অবস্থান গ্রহণ করতে পারে না।’

এ বিষয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী ও জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন্নাহার নিজামী ২০১১ সালের ১১ ও ২৫ মার্চ সাপ্তাহিক সোনার বাংলায় দুই কিস্তিতে একটি নিবন্ধ লেখেন। ‘বিবেচনায় আনতে হবে সবকিছু’-এ শিরোনামে লেখা ওই নিবন্ধে তিনি কামারুজ্জামানের চিঠির কিছু জবাব দেন।

শামসুন্নাহার নিজামী লেখেন, জামায়াত মনে করে, যেকোনো পরিস্থিতিতে বা পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কোনো কর্মকৌশল নয়, বরং শাশ্বত কর্মকৌশলই অবলম্বন করতে হবে। পরিস্থিতি যতই নাজুক হোক, চ্যালেঞ্জ যত কঠিনই হোক; শর্টকাট কোনো পথ নেই।

কামারুজ্জামান কারাগারে আটক দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে চিঠিতে লিখেছিলেন, ‘নির্মোহ এবং নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করতে হবে। নিজেকে সম্পৃক্ত করে চিন্তা করলে সমস্যার সমাধান হবে না।’ তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় যে বিকল্পটির কথা উল্লেখ করেছি, সবাই মিলে তা সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করাই হবে কাঙ্ক্ষিত এবং যুক্তিযুক্ত। এ ধরনের একটি অবস্থান গ্রহণ করলে সাময়িকভাবে আমাদের জন্য ব্যক্তিগতভাবে অবমাননাকর মনে হলেও শেষ পর্যন্ত মহত্ত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক ও সিনেট সদস্য তানভীর মুহাম্মদ হায়দার ‘আইএমবিডিডটব্লগডটকম’-এ কামারুজ্জামানের চিঠির সমর্থনে লেখেন, ‘কোনো লাভ নেই। যাঁরা তখন বুঝেননি, তাঁদের একে একে বিদায় নেওয়ার সময় হয়েছে। আর যাঁরা বাকি থাকবেন, তাঁরা বাধ্য না হওয়া পর্যন্ত বুঝবেন না। বাধ্য হয়ে বুঝার পর আবারও নিজ গুণগানে ব্যস্ত হয়ে উঠবেন।’

চিঠিতে কামারুজ্জামান দেশের গণমাধ্যমকে দোষারোপ করে লেখেন, ‘মিডিয়া জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল বানিয়ে ফেলেছে। যদি সরকারের বর্তমান ঘোষণা অনুযায়ী বিচারকার্য চলে, তাহলে জামায়াত যুদ্ধাপরাধীদের দল হিসেবে দেশে-বিদেশে চিহ্নিত হয়ে যাবে। ফলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।’

চিঠিতে কামারুজ্জামান দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ও আন্তর্জাতিক মহলের প্রতি খেদও প্রকাশ করে লেখেন, ‘জামায়াতের ওপর এবং জামায়াতের নেতা হিসেবে আমাদের ওপর সুস্পষ্ট জুলুম হচ্ছে। এ জন্য অনেকে দুঃখ প্রকাশ বা নিন্দা করলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠী কার্যকরভাবে আমাদের তথা জামায়াতের পক্ষ অবলম্বন করবে না। আন্তর্জাতিক সম্প্রদায় বিচারকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মৌখিক সৌজন্য প্রকাশ করলেও একটি ইসলামি দলের নেতাদের শাস্তি হলে ভেতরে-ভেতরে তারা অখুশি হবে না।’

এখন দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে কামারুজ্জামান যা লিখেছিলেন, এখন তার অনেকটাই ফলে গেছে। কিন্তু জামায়াতের শীর্ষ নেতৃত্ব তা আমলে তো নেনইনি, কেউ কেউ এর বিরুদ্ধাচরণও করেছেন।

গত বছরের নভেম্বরে এই চিঠির বিষয়ে কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে কথা হয় । তিনি তখন বলেছিলেন, ‘আমরা দেখেছি, দলের জন্য তিনি (কামারুজ্জামান) যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার অনেকগুলো বাস্তবে ফলে গেছে।’

কামারুজ্জামান চিঠিতে বলেছিলেন, ‘জামায়াতের অনেকে মনে করেছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয়টি একসময় মিটমাট হয়ে যাবে।…যেহেতু বিষয়টি আমরা মিটমাট করতে পারিনি অথবা এই রাজনৈতিক বিরোধটি মীমাংসা করতে পারিনি, যেহেতু আমরা অনেকেই মনে করেছিলাম এটা একসময়ে এমনিতেই শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকের চিন্তার গণ্ডি অতিক্রম করে এটা একটা জ্বলন্ত ইস্যু হিসেবে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যেহেতু সরকারও এ বিষয়ে অবশ্যই একটা কিছু করতে বদ্ধপরিকর এবং যেহেতু কিছু না হলেও দল ও নেতৃত্বের ভাবমর্যাদা ধুলায় লুণ্ঠিত হয়েছে এবং জনমনে একধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছে, সেহেতু সামগ্রিক বিবেচনায় নতুন কর্মপন্থা ও কর্মকৌশল নির্ধারণ করা সময়ের অনিবার্য দাবি।’

নতুনভাবে সংগঠনের রূপরেখা
পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে পেছন থেকে সর্বাত্মক শক্তি নিয়োগ করে নতুন প্ল্যাটফর্মে সামাজিক আন্দোলন গড়ে তোলার কৌশল গ্রহণেরও পরামর্শ দিয়েছিলেন কামারুজ্জামান। তাঁর মতে, সেই প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে কেউ সরাসরি আক্রমণ করতে পারবে না। আপাতদৃষ্টিতে জামায়াতে ভাঙন সৃষ্টি হয়েছে এমনটি মনে হলেও ক্ষতির কিছু নেই।

কামারুজ্জামান প্রস্তাব করেছিলেন, বাংলাদেশের সংবিধান সামনে রেখে যে ধরনের সংগঠন হলে কোনো প্রশ্ন থাকবে না, সে ধরনের সংগঠন করতে হবে। ছায়া মন্ত্রিসভার ধারণা গ্রহণ করতে হবে। তিনবারের বেশি কেউ কেন্দ্রীয় সভাপতি বা জেলা সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটিতে সব পেশার লোকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। নির্বাচনে প্রথমে স্থানীয় সরকারব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে। যুব ও ছাত্রদের সহায়তায় ক্রিকেট, ফুটবল ও হকি দল, প্রয়োজনে ক্লাব গঠন করতে হবে। সাংবাদিক তৈরি করে বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে ঢোকাতে হবে।

কামারুজ্জামানের এই প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা করতে বললে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, টিকে থাকার জন্য জামায়াত নাম পাল্টানোসহ সব ধরনের কৌশলের আশ্রয় নিতে পারে। তবে তাদের মওদুদিবাদ থেকে যাবে। হত্যা-ধর্ষণ-নির্যাতনের বৈধতা দেওয়ার রাজনীতি বা আদর্শ থেকে যাবে। – প্রথম আলো

মোল্লা ওমর আছেন করাচিতে!

molla omarমোল্লা ওমর জীবিত এবং সুস্থ রয়েছেন, এমনটাই প্রকাশিত হল আফগান এই তালেবান নেতার জীবনীতে৷ আফগানিস্তানে তালেবানদের সর্বোচ্চ নেতা হিসেবে ১৯ বছর অতিক্রান্ত করলেন বলেও প্রকাশিত হয়েছে৷ রোববার চারটি ভাষায় ১১ পাতার ৫,০০০ শব্দের এই জীবনীটি আফগান তালেবানদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে ওমরের জীবনের বিস্তারিত তথ্য থাকায় তার জন্ম ও বেড়ে ওঠা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হবে বলে ধারণা করছে তালেবানরা৷ওমর খুব সাধারণ জীবনযাপন করেন ও তার “বিশেষ” ধরনের কৌতুকবোধ আছে (সেন্স অব হিউমার) বলে জীবনীতে জানানো হয়েছে। তার প্রিয় অস্ত্র আরপিজি সেভেন। তবে মোল্লা ওমর কোথায় থাকেন তা কেউ না জানলেও তিনি সবসময় আফগানিস্তানের প্রতিদিনকার ও বিশ্বের সব ঘটনার খবরাখবর রাখেন বলেও জীবনীতে দাবি করা হয়েছে।

ওমর ১৯৬০ সালে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলার চাহ-ই-হিম্মাত গ্রামে জন্মগ্রহণ করেছেন বলে জীবনীটিতে বলা হয়েছে। তার পুরো নাম মোল্লা মোহাম্মদ উমর মুজাহিদ উল্লেখ করে তিনি হোটাক নৃগোষ্ঠীর তোমজি গোত্র থেকে এসেছেন বলে জানানো হয়েছে। বাবার নাম মৌলভি গুলাম নবি, যিনি একজন ‘শ্রদ্ধেয় পণ্ডিত এবং সামাজিক নেতা’ ছিলেন। ওমরের জন্মের পাঁচ বছর পর তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর ওমরদের পরিবার উরুজগান প্রদেশে চলে যায়।

সোভিয়েত ইউনিয়নের সেনারা আফগানিস্তান দখল করে নিলে ওমর মাদ্রাসার পড়াশোনা ছেড়ে জিহাদে নামেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। এ সময় তিনি চারবার আহত হয়েছিলেন এবং তার ডান চোখ হারান।

এরপর ১৯৯২ সালে আফগানিস্তানে কমিউনিস্ট শাসন অবসানের পর দেশটির যুদ্ধবাজ নেতারা “গোষ্ঠীগত হানাহানিতে” জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ১৯৯৪ সালে ওমর দেশটির ইসলামি মুজাহিদদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং হানাহানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ১৯৯৬ সালে তাকে “আমির-উল-মোমেনিন” খেতাব দেওয়ার মাধ্যমে সর্বোচ্চ নেতা মনোনীত করা হয়।

এক অধ্যায়ে ওমরের “ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব” সম্পর্কে বলা হয়েছে, মোল্লা ওমর কখনোই বিচলিত হন না, কখনো মেজাজ হারান না, সাহসও হারান না। নিজের সহকর্মীদের চেয়ে কখনোই নিজেকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন না। বিশেষ ধরনের কৌতুকবোধের অধিকারী এই মানুষটির নিজের কোনো বাড়ি নেই, বলার মতো কোনো সম্পত্তিও নেই। আল কায়েদা নেতা ওসাম বিন লাদেনকে আফগানিস্তানে থেকে দল পরিচালনায় সব ধরনের সহযোগিতা করেছিলেন ওমর। তিনি সম্ভবত পাকিস্তানের করাচি শহরেই লাদেনের মতো কোনো প্রাসাদোপম বাড়িতেই লুকিয়ে রয়েছেন, এমনও লেখা রয়েছে ওই জীবনীতে৷ ২০০১ সালে আমেরিকার আফগানিস্তান দখলের পর থেকে ওমরকে আর কখনও প্রকাশ্যে দেখা যায়নি। সেই থেকে আমেরিকা মোল্লা ওমরের মাথার দাম ধার্য করেছে এক কোটি ডলার৷

একসঙ্গে ৮৭২ কর্মকর্তার পদোন্নতি

govt0প্রশাসনের তিন স্তরে একসঙ্গে ৮৭২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।  সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ২৩১ জন, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ২৯৯ এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন ৩৪২ জন কর্মকর্তা।

গত পাঁচ বছরে একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার পদোন্নতি এর আগে কখনো হয়নি।

সোমবার রাতে নিয়োগ, পদোন্নতি প্রেষণ (এপিডি) বিভাগের যুগ্ম সচিব মহিবুল হক সাংবাদিকদের জানান, এই পদোন্নতির তালিকায় লিয়েন, প্রশিক্ষণ ও প্রেষণে বিভিন্ন দূতাবাস নিয়োজিত কর্মকর্তারাও রয়েছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর আগে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে ২০, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৮৬ ও উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ৩ ও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেয়া হয়। তা ছাড়া ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও প্রশাসনিক কর্মকর্তাদের (এও) মধ্য থেকে ১০ জনকে সহকারী সচিব (নন ক্যাডার) হিসেবে পদোন্নতি দেয়া হয়।

সর্বশেষ গত ২ মার্চ ৯ জন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হন। এ ছাড়া সরকার দায়িত্ব নেয়ার এক দিন পর গত বছরের ১৩ জানুয়ারি ৮০ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

নাতাশার গোপন ভিডিও নিয়ে তোলপাড়!

natashaরাশিয়ার বিখ্যাত পপ তারকা  নাতাশা করোলেভার নগ্ন ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে শোবিজ দুনিয়ায়। সম্প্রতি তার এবং তার স্বামীর একটি যৌন মিলনের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে।

৪১ বছর বয়সী এই অভিনেত্রী এ ভিডিও নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করে গণমাধ্যমে বলেছেন, ‘এটা নিশ্চয়ই আমার কম্পিউটার থেকে চুরি করা হয়েছে এবং ওয়েব সাইট গুলোতে ছড়িয়ে দেয়া হয়েছে।

তিনি ইতোমধ্যেই মস্কো ভিত্তিক অনলাইন বিষয়ক একোটি সংগঠনের নিকট এ বিষয়ে সাহায্য চেয়েছেন। বিষয়টি প্রাকশিত হওয়ার পর নিজের ব্যাক্তিগত নিরাপত্তা হীনতায় ভুগছেন উক্রেনের বংশোদ্ভুত এই তারকা।

৩৯ দিনে মঙ্গল গ্রহে!

mohakashjanবিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাগুলো বর্তমানে মঙ্গল গ্রহে যেসব মহাকাশ যান পাঠিয়ে থাকে, সেগুলো মঙ্গল গ্রহে পৌঁছতে বেশ কয়েক মাস সময় নেয়।

তবে মার্কিন একটি রকেট পরিচালনা সংস্থা এবার এমন একটি রকেট ইঞ্জিন তৈরি করছে, যা তৈরি হয়ে গেলে মাত্র ৩৯ দিনে মঙ্গল গ্রহে পৌঁছে যাওয়া যাবে। প্রকল্পটির অর্থ সাহায্য করছে নাসা।

টেক্সাসের সংস্থা অ্যাস্ট্রা রকেট কোম্পানির সিইও ফ্র্যাঙ্কলিন চাং ডিয়াজের দাবি, নতুন এই রকেট ইঞ্জিন মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত খুলে দেবে। পৃথিবী থেকে ভিনগ্রহে যাওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে এই রকেট।

প্রাক্তন মহাকাশচারী ফ্র্যাঙ্কলিনের দাবি, এরকম রকেট আগে কেউ দেখেনি। এটি হল প্লাজমা রকেট। নতুন রকেটটির কর্মপ্রণালী নিয়ে একটি প্রমোশনাল ভিডিওতে তিনি বলেছেন, রেডিও ওয়েভকে ব্যবহার করে রকেটটির ইঞ্জিন এক ধরনের তড়িদাহত গ্যাসকে (প্লাজমা) প্রচণ্ড উত্তপ্ত করে দেবে।

তারপর শক্তিশালী চৌম্বকক্ষেত্রের সাহায্য সেই গ্যাসকে একটি সরু ফানেলের সাহায্যে বাইরে বার করে দেওয়া হবে।

এর ফলে প্রচন্ড উর্ধ্বমুখী শক্তি তৈরি হবে, যা রকেটটিকে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি কাটিয়ে মহাকাশে পাঠিয়ে দেবে অত্যন্ত দ্রুত গতিতে।

আগামী তিন বছরের মধ্যে এই রকেট তৈরি করে নাসার হাতে তুলে দেবে সংস্থাটি। প্রকল্পটির জন্য ১০ মিলিয়ন ডলার দিচ্ছে নাসা।

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

marder gunলক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে সাদ্দাম হোসেন(২৮) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন জাহানাবাদ গ্রামের আমানত উল্যার ছেলে এবং ইউনিয়নের যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছে যুবদলের নেতা মোসলেহ উদ্দিন সোহেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে সদর উপজেলার জাহানাবাদ গ্রামের কোটা বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসা ছিলেন যুবদল কর্মী সাদ্দাম হোসেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী ঘটনাস্থলে এসে সাদ্দাম হোসেনকে লক্ষ করে  এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ১৪টি গুলির চিহৃ রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দক্ষিন হামছাদী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. মোসলেহ উদ্দিন সোহেল জানান, সাদ্দাম হোসেমন ইুউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, এলাকার চিহিৃত সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

হাজিরা দিলেন নাছির, জামিন পেলেন সাংসদ

nasir6নিজ দলের নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাজিরা দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তার সঙ্গে হাজিরা দেন ফেনীর সাংসদ নিজাম হাজারী ও কাউন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ সাতজন।

সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে হাজিরা দেন আসামিরা। এ সময় নাছির ছাড়া অন্যরা জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ১ এপ্রিল আত্মসমর্পণ করে এ মামলায় জামিন নেন নাছির। আদালত আগামী ৪ মে বাদী ও সাক্ষীকে জেরার তারিখ ধার্য করেন।

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার করা হয়। হাইকোর্টের আদেশটি গত ৩ মার্চ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায়।

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও তিনটি মামলায় ২০০০ ও ২০০১ সালে বেকসুর খালাস পান নাছির।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবুল হাশেম প্রথম আলোকে জানান, হত্যাচেষ্টার অভিযোগে নগরের কোতোয়ালি থানায় করা মামলায় আসামিদের উপস্থিতি ও সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল আজ। মামলার ১৮ আসামির মধ্যে নাছিরসহ আট আসামি আজ হাজির হন। অন্য আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেন।

পিপি আবুল হাশেম বলেন, মামলার বাদী সুফিয়ান সিদ্দিকীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় সুফিয়ান বাদী কি না, জানতে চাইলে তিনি স্বীকার করেন। এরপর তার কাছে জানতে চাওয়া হয় তিনি মামলার এজাহারটি লিখেছেন কি না, পড়েছেন কি না এবং ঘটনা সম্পর্কে জানেন কি না। জবাবে তিনি বলেন, এজাহার তিনি লেখেননি, পড়েননি, কিছু জানেনও না এবং ঘটনাস্থলে তিনি আসামিদের দেখেননি। পরে জেরা মুলতবি রেখে আগামী ৪ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত।