শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচার

facebook cityশুরু হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।

নাগরিকদের জন্য তারা কী সুবিধা নিয়ে আসবেন বা নগরজীবনকে স্বস্তি দিতে কী ধরনের প্রতিশ্রুতি থাকছে- এসব নিয়ে তারা আসবেন ভোটারদের কাছে।

যদিও এখনও প্রতীক বরাদ্দ হয়নি তবে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে তাদের প্রস্তুতি দেখা যাচ্ছে এরইমধ্যে।

প্রচারের কৌশল হিসেবে পোস্টার, বিলবোর্ড, পাড়া-মহল্লায় মাইকে ঘোষণা বা বাড়ি বাড়ি যেয়ে ভোট চাওয়া এসব তো রয়েছেই বহুকাল ধরে।

কিন্তু প্রযুক্তির এই যুগে তাকে কাজে লাগাতে থেমে নেই প্রার্থীরা। এই সিটি নির্বাচনে প্রায় সব মেয়র প্রার্থীই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রচার চালাচ্ছেন।

অনেকেই জনপ্রিয় একটি ওয়েবসাইট ফেসবুকে ওয়েব পেজ খুলে, সেখানে প্রচার চালাচ্ছেন। কেউ কেউ ভিডিও তুলে দিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রহমান মনে করেন, যেহেতু ‘নিউ মিডিয়া’ বা নতুন এই মাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ফলে সম্ভাব্য প্রার্থীরা একেই বেছে নিচ্ছেন।

স্মার্ট ফোনের সহজলভ্যতা এর পেছনে আরেকটি কারণ হিসেবে কাজ করেছে।

এছাড়া মনস্তাত্ত্বিক কারণ হিসেবে ডিজিটাল বাংলাদেশ শ্লোগানটিও বিষয়টিকে জনপ্রিয় হতে সাহায্য করছে বলে উল্লেখ করেন অধ্যাপক রহমান।

তিনি বলেন, “তরুণ সম্প্রদায়ের মধ্যে যেহেতু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বেশি। সে কারণে বলা যায় তরুণ সম্প্রদায়কেই লক্ষ্য করে এ ধরনের প্রচার চালানো হচ্ছে। আবার শুধু তরুণ সম্প্রদায়ই নয়, ৪০/৪৫ বছর বয়সীরাও এখন এই সামাজিক যোগাযোগে দারুণভাবে সক্রিয়। ফলে সোশ্যাল মিডিয়াকে বেছে নেয়া হচ্ছে প্রচারণার ক্ষেত্র হিসেবে”।

তিনি বলেন, বর্তমান যুগে সবাই নিজের মত প্রকাশ করতে চায়। কোনও বিষয়ে নিজস্ব ধারনা, আপত্তি বা মন্তব্যগুলো তুলে ধরতে চায়।

আর এই সুযোগ ঘটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে নিজেদের মতামত প্রকাশ করা যায়। একটি দ্বি-পাক্ষিক যোগাযোগ গড়ে ওঠে।

এছাড়া ভোট যেহেতু ঢাকা ও চট্টগ্রাম সিটিতে হতে যাচ্ছে, সে কারণে প্রচারের ক্ষেত্রে ইন্টারনেটকে বেশি ব্যবহার করা হচ্ছে। কারণ এই দুটো নগরীই ইন্টারনেট ব্যবহারকারী বা গতির দিক থেকে বেশ এগিয়ে।

ফলে অন্যান্য জায়গার তুলনায় এই দুই সিটি কর্পোরেশনে এর প্রভাব বেশি হবে সেটা অনস্বীকার্য বলে উল্লেখ করেন মি. রহমান।- বিবিসি

শিগগিরই শিক্ষা খাতে ৮৩ হাজার চাকরি

govt0শিক্ষিত বেকারদের জন্য বড় ধরনের সুসংবাদ। খুলে যাচ্ছে চাকরির দুয়ার। শিগগিরই শিক্ষা খাতে অন্তত ৮৩ হাজার জনবল নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে আট হাজার জনবল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। বাকি ৭৫ হাজার নিয়োগ পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। বেসরকারি এই ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীই আবার এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাবেন সরকার থেকে বেতন-ভাতা। সে হিসেবে সরকারি-বেসরকারি মিলিয়ে এই ৮৩ হাজার জনবলই সরকার থেকে বেতন-ভাতা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা মিলিয়ে আগামী তিন মাসের মধ্যে ৫৭ হাজার ৩৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। আর এসব প্রতিষ্ঠানে শিক্ষা-সহায়ক কর্মচারী নিয়োগ পাবেন ২৬ হাজার ৭০৫ জন। এসব নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে সমকালকে বলেন, ‘শিক্ষা খাতের সব শূন্য পদ পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক জনবল থাকা দরকার।’ তিনি বলেন, দিনের পর দিন পদ শূন্য পড়ে থাকলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম হোঁচট খেতে থাকে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি শূন্য পদ পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের আলোকেই শিক্ষা খাতের সব শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ নিয়োগ প্রক্রিয়া শেষ হলে ‘প্রতি পরিবার থেকে একজন চাকরি’ দেওয়ার সরকারি প্রতিশ্রুতির সিংহভাগই পূরণ হবে। এ নিয়োগ সম্পন্ন করার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা ও জনবল কাঠামোতে সংশোধনী আনা হচ্ছে। সৃষ্টি করা হচ্ছে নতুন পদ।

জানা গেছে, দেশের ২৭৯টি সরকারি কলেজে বর্তমানে চার হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব পদ পূরণের জন্য প্রয়োজনে বিশেষ বিসিএস পরীক্ষা গ্রহণের অনুরোধ জানিয়ে চলতি মাসেই পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) চিঠি দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও দেড় হাজার শিক্ষকের পদ এখন শূন্য। এসব পদের নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্যও পিএসসিকে পৃথক চিঠি দেওয়া হবে। এ ছাড়া সারাদেশের সব সরকারি স্কুল-কলেজের কর্মচারী পদ বর্তমানে ফাঁকা রয়েছে তিন হাজারের কিছু বেশি।

এর মধ্যে এক হাজার ৯৬৫ জন জনবল নিয়োগের বিষয়টি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রক্রিয়াধীন। এরই মধ্যে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। মাউশির পরিচালক অধ্যাপক এলিয়াছ হোসেন জানিয়েছেন, বাকি এক হাজার কর্মচারী পদও পূরণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা তারা পেয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে সব মিলিয়ে আট হাজার শিক্ষক-কর্মচারী আগামী জুলাইয়ের আগেই নিয়োগ সম্পন্ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও স্মরণকালের সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষক-কর্মচারী একসঙ্গে এবার নিয়োগ ও এমপিওভুক্ত হতে যাচ্ছেন। এ জন্য এমপিওর নীতিমালা সংশোধন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে নতুন করে ৭৫ হাজার জনবল এমপিওভুক্ত হতে পারবেন। বর্তমানে প্রতিটি বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সমাজ ও ব্যবসায় শিক্ষা- এ চারটি বিষয়ের বিপরীতে মাত্র তিনজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারেন।

নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ও মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোস্তফা কামাল সমকালকে বলেন, এমপিওভুক্তির জনবল কাঠামো সংশোধন করে তারা এ চারটি বিষয়ে পৃথক চারজন শিক্ষককে এমপিওভুক্ত করতে সরকারের কাছে প্রস্তাব করেছেন। এই নীতিমালা পাস হলে সারাদেশের এমপিওভুক্ত ১২ হাজার ৭০০ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে একজন করে অতিরিক্ত শিক্ষক নিয়োগ পাবেন। সে হিসাবে ১২ হাজার ৭০০ শিক্ষক একসঙ্গে এমপিওভুক্ত হবেন। নীতিমালা প্রণয়ন কমিটির অপর সদস্য ও মাউশির উপপরিচালক (বেসরকারি কলেজ) মেজবাহ উদ্দিন সরকার সমকালকে বলেন, কলেজগুলোতে ‘কম্পিউটার ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি’ নামে নতুন বিষয় আবশ্যিক করা হয়েছে।

সারাদেশের দুই হাজার ৩৬১টি বেসরকারি কলেজের প্রতিটিতে একজন করে শিক্ষক এ বিষয়ে এমপিওভুক্ত পদে নিয়োগ পাবেন। তারা হিসাব করে দেখেছেন, ৬৮২টি কলেজে বর্তমানে এ বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনি করে মাদ্রাসা শিক্ষাস্তরেও আইসিটি ও ইংরেজি বিষয়ের শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে।

এমপিওভুক্তির খসড়া নীতিমালা প্রণয়ন কমিটির সদস্যদের কাছ থেকে জানা গেছে, নীতিমালা সংশোধিত হলে এমপিওভুক্ত পদে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়োগ পাবেন মোট ৫১ হাজার ৫৩৪ শিক্ষক ও ২৩ হাজার ৭০৫ এমএলএসএস। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানে পৃথকভাবে শিক্ষকের পদ তিনটি হলে যোগ হবে ছয় হাজার ৬৫২ শিক্ষক। মাধ্যমিক বিদ্যালয়েও চার বিষয়ে চারজন শিক্ষক নিলে যোগ হবে ১২ হাজার ৭৭৩ শিক্ষক।

মাদ্রাসায় একইভাবে এমপিওভুক্তির সুযোগ পাবে সাত হাজার ৬০৬ শিক্ষক। এ ছাড়া সব স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ের ২৬ হাজার ৬৮ শিক্ষক এমপিওভুক্ত পদে নিয়োগের সুযোগ পাবেন। শিগগিরই এক কর্মশালার মাধ্যমে এ নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ২৬ হাজার ৬৮টি। এসব প্রতিষ্ঠানে তিন লাখ ৬০ হাজার ৬৪৮ জন শিক্ষক আছেন। আর কর্মচারী রয়েছেন প্রায় এক লাখ পাঁচ হাজার ৫৭৪ জন। সব মিলিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় চার লাখ ৬৬ হাজার জন। এর সঙ্গে নতুন করে আরও ৭৫ হাজার যুক্ত হবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেও সব শূন্য পদ পূরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এ অধিদপ্তরের ৩০১টি উপসহকারী প্রকৌশলী পদ শূন্য রয়েছে। শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ৪ এপ্রিল আইডিইবির ২০তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব শূন্য পদ পূরণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।

শিক্ষা খাতের সব শূন্য পদ পূরণের সরকারি সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে মনে করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি সমকালকে বলেন, শিক্ষকের পদ শূন্য থাকলে পাঠ দেবেন কারা? আর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হতে গেলে জনবলের শূন্যতা দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটায়। সরকারের এ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী ও দূরদর্শী। পাশাপাশি বেকারত্ব মোচনেও তা অনবদ্য ভূমিকা পালন করবে।

ফাঁসির মঞ্চ প্রস্তুত

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে একাত্তরে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহ আলবদর বাহিনীর প্রধান এই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার রিভিউ খারিজের রায় ঘোষণা করেন।

সকাল ৯টা ৫ মিনিটে এজলাসে এসে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড।’ তবে রিভিউ খারিজ আদেশের কপিতে গতকাল স্বাক্ষর করেননি প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ। গতকাল রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিভিউ খারিজের আদেশের কপিও কারাগারে পেঁৗছায়নি। এদিকে, রিভিউ আবেদন খারিজের পর নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রয়েছে। আদেশের কপি কারাগারে পেঁৗছলে যে কোনো সময় দণ্ডাদেশ কার্যকর হবে। রিভিউ আবেদন খারিজের পর কামারুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের বিধবাপল্লীর বাসিন্দারা উল্লাস করেছেন।

আনন্দ মিছিল করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এদিকে রায়ের পর গতকাল কামারুজ্জামানের বাড়িতে জামায়াতের কোনো নেতাকর্মীর অবস্থান ছিল না। রাজধানীর মিরপুর ১১ নম্বর কালশীর ৪ নম্বর সড়কের ১০৫ নম্বর বাড়ির আশপাশের পরিস্থিতি ছিল স্বাভাবিক।

এদিকে দণ্ড কার্যকরের সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে গতকাল সন্ধ্যায় কারাগারে ‘শেষ দেখা’ করেন তার স্বজনরা। ঘণ্টাব্যাপী কারাগারে অবস্থানের পর কামারুজ্জামানের বড় ছেলে কারাফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘এ মামলা ও তার রায় ঐতিহাসিকভাবে ভিত্তিহীন ও মিথ্যা। যারা এই রায় লিখেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাদের বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিলাম। এই রায়ে আমার বাবা বিচলিত নন।’ তিনি জানান, আদালতের আদেশের কপি তার বাবার কাছে পেঁৗছেনি। তার কাছে পেঁৗছার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির গতকাল বলেন, ‘বিচারপতিরা এখনও আদেশে স্বাক্ষর করেননি বলে আমরা জেনেছি।’

এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছিল। একাত্তরে আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি, যার সর্বোচ্চ সাজা আপিল বিভাগ বহাল রাখল।

রিভিউ খারিজের পর মঙ্গল ও বুধবার দুই দিনের হরতাল ডেকেছে জামায়াত। যে কোনো নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে বিজিবি, র‌্যাব-পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গতকাল বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। সেখানে দণ্ডাদেশ কার্যকরের ব্যাপারে আলোচনা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেন, কারাগারে আদেশ না গেলে কীভাবে দণ্ডাদেশ কার্যকর হবে? কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি নিয়ে রেখেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সমকালকে বলেন, কামারুজ্জামানের দণ্ডাদেশ যে কোনো মুহূর্তে কার্যকর হবে। এই রায় কার্যকরকে ঘিরে কোনো নাশকতা হলে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন সমকালকে বলেন, রিভিউ খারিজের আদেশনামা কারাগারে পেঁৗছার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রায়ের কপি এখনও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ফাঁসির মঞ্চে কাদের মোল্লার দণ্ডাদেশ কার্যকর করা হয়, সেই মঞ্চে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হবে। গতকাল সেখানে জল্লাদ রাজু আর জনির নেতৃত্বে মহড়াও হয়।গতকাল সকাল ৯টা ৩ মিনিটে মাত্র ১০ সেকেন্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে আপিল বিভাগ কামারুজ্জামানের করা রায় রিভিউ আবেদন খারিজ করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে এ রায় দেন। আদেশে প্রধান বিচারপতি একটি শব্দই বলেন, ‘ডিসমিসড।’ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, কিছু আনুষ্ঠানিকতা শেষে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ যে কোনো সময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে।

একাত্তরে শেরপুরের সোহাগপুরে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন। এর বিরুদ্ধে কামারুজ্জামানের করা আপিলের শুনানি নিয়ে গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তার ফাঁসির ওই আদেশ বহাল রাখেন। এর পর ৫ মার্চ ফাঁসির রায় রিভিউ চেয়ে আবেদন করে আসামিপক্ষ। ওই আবেদনের ওপর রোববার পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রমুখ।

যে অভিযোগে ফাঁসি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় ও চতুর্থ অভিযোগে হত্যার দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ কার্যকর করার আদেশ দেন। এর মধ্যে তৃতীয় অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে ১৬৪ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতি সর্বসম্মতভাবে আসামি কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করেছেন। আর তাকে মৃত্যুদাদ্ধা গোলাম মোস্তফা তালুকদারকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ দেন আপিল বিভাগ। দ্বিতীয় ও সপ্তম অভিযোগে কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া দ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রায়েও বহাল রাখা হয়। দ্বিতীয় অভিযোগে এক শিক্ষককে নির্যাতনের ঘটনায় এই জামায়াত নেতাকে ট্রাইব্যুনাল ১০ বছরের কারাদ দেন। আর সপ্তম অভিযোগে গোলাপজান গ্রামের পাঁচজনকে হত্যার ঘটনায় কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদ দেওয়া হয়।

প্রেক্ষাপট: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুটপাট, অগি্নসংযোগ ও নির্যাতনের দায়ে কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ৯ মে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশের আদেশ দেন। এরপর বেকসুর খালাস চেয়ে আপিল করে আসামিপক্ষ। পাশাপাশি রাষ্ট্রপক্ষও আপিল করে। ২০১৪ সালের ৩ নভেম্বর চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ট্রাইব্যুনালের আদেশ (মৃত্যুদণ্ড) বহাল রেখে আপিল নিষ্পত্তি করেন। শেরপুরের সোহাগপুরে গণহত্যার দায়ে একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে বদর বাহিনীর প্রধান কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি ৫৭৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ওই রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেঁৗছার পরদিন মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ওইদিন দুপুরে তা পেঁৗছানো হয় কারা কর্তৃপক্ষের কাছে। আসামি কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। এরপর ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে ৪৪টি যুক্তি দেখিয়ে তার আইনজীবীরা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি শুনানির দিন ধার্য করতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এরপর আপিল বিভাগ প্রথমে ১ এপ্রিল ও পরে ৫ এপ্রিল রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য রাখেন। সেই মোতাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রোববার শুনানি শেষে গতকাল ওই আবেদনটি খারিজ করে দেন।

স্বাস্থ্যের সার্বিক মানোন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনগণের সার্বিক স্বাস্থ্যের মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব আরোপ ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তার সরকার দেশব্যাপী নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে।

খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক সাফল্যের সাথে কাজ করছে, যা ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো যথাযথ মর্যাদায় আজ বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ পুষ্টিকর খাবার : সুস্থ জীবনের অঙ্গীকার’।

প্রধানমন্ত্রী এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে বাণীতে বলেন, জনসাধারণের মধ্যে অনিরাপদ খাদ্য গ্রহণজনিত রোগব্যাধির প্রকোপ কমাতে অনিরাপদ খাদ্য গ্রহণ হ্রাসের কোনো বিকল্প নেই। খাদ্য উৎপাদন, বিপণন, সংরক্ষণ, প্রস্তুতকরণ ও গ্রহণের যেকোনো পর্যায়ে খাদ্য অনিরাপদ হতে পারে। এ বিষয়ে মাঠ পর্যায়ে সকল স্তরের খাদ্য উৎপাদনকারী, বিপণনকারী, ভোক্তা, আইন বাস্তবায়নকারী সংস্থাসহ সকলের ব্যাপক সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দেশে বিশেষায়িত হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসাসেবা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। তার সরকারের নেয়া এ সকল পদক্ষেপের সুফল এখন জনগণ পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে পুরস্কৃত করেছে।

শেখ হাসিনা বাণীতে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে প্রয়োজন সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা। বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপনের মধ্য দিয়ে দেশের সকল দায়িত্বশীল মানুষ, সাধারণ ভোক্তা, বিপণনকারী ও প্রস্তুতকারীসহ সকলের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পাবে- বাণীতে এই প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ইয়েমেনে একদিনের লড়াইয়ে নিহত ১৪০

yemen19ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার সরকার সমর্থক ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। চলমান সংঘর্ষের কারণে সেখানে মানবিক সাহায্য পাঠাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে রেড ক্রস। এতে করে দেশটিতে মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণকর্মীরা।
আরব উপদ্বীপের দরিদ্র দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী বিরোধী অভিযান চলছে।
স্থানীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে। হুতি বিদ্রোহীরা গতকাল এডেনের একটি বন্দর দখলের চেষ্টা চালালে সেখানে থাকা বর্তমান প্রেসিডেন্ট আবেদরাব্বো আল মানসুর হাদির সমর্থক বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়। সংঘর্ষে  অন্তত ৫৩ জন নিহত হয়েছেন যার মধ্যে ১৭ জনই বেসামরিক নাগরিক।
অপরদিকে এডেনের উত্তরাঞ্চলীয় দালেহ শহরে উভয় বাহিনীর এক রাতের সংঘর্ষে অন্তত ১৯ হুতি বিদ্রোহী ও ১৫ হাদি সমর্থক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে লাহজ সামরিক ঘাটিতে সৌদি নেতৃত্বোধীন কোয়ালিশন বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। হাদি সমর্থকরা আবিয়ান শহরটি অবরুদ্ধ করে রেখেছে। শাবওয়া প্রদেশেও কয়েকজন মারা গেছেন বলে জানিয়েছে এএফপি।
জাতিসংঘের দৃষ্টিতে ইয়েমেন সরকারের বৈধ প্রেসিডেন্ট মনসুর হাদি। গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় হুতি বিদ্রোহীরা হাদি সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখল করে। হুতিরা ইরান সমর্থিত ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থক বলে পরিচিত। হুতিদের কাছে উৎখাত হয়ে ইয়েমেনের বন্দরনগরী এডেনে আশ্রয় নেন প্রেসিডেন্ট মনসুর হাদি।
গত মার্চে তিনি সেখান থেকে সৌদি আরবে চলে যান। এরপর গত ২৬ মার্চ হুতিদের বিরুদ্ধে প্রতিবেশি সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলো দেশটিতে অভিযান চালায়। হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের কঠোর সমালোচনা করছে ইরান।

বড়াইগ্রামে কৃষককে গুলি করে হত্যা

marder gunনাটোর : জেলার বড়াইগ্রামে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বাহিমালি গ্রামে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। মোতালেব হোসেন একই গ্রামের মৃত খয়মুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোতালেব হোসেন। ভোরের দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে ডেকে বাইরে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

জামায়াতের হরতালেও যান চলাচল স্বাভাবিক

hortal7একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে জামায়াতের ডাকা ‍দুদিনের হরতাল চলছে।

হরতালের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। যান চলাচল রয়েছে স্বাভাবিক। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

সকালে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, শ্যামলী, গাবতলী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, পুরানা পল্টন, গুলিস্তানসহ আশপাশের এলাকার রাস্তাগুলোয় স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে।

গুলিস্তান থেকে কারওয়ান বাজার হয়ে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুরগামী বাসগুলোতে অফিসগামীদের ভিড় দেখা গেছে স্বাভাবিক দিনের মতই। কিছু কিছু স্থানে হালকা যানজটেরও সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারা দেশে হরতাল ঘোষণা করে দলটি।

কামারুজ্জামানের ফাঁসি স্থগিত করতে এইচআরডব্লিউর আহ্বান

hrwজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

মঙ্গলবার সংস্থাটির ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠনটি রিভিউয়ে কামারুজ্জামানের আবেদনের মেরিট না শুনেই আপিল বিভাগ তার রিভিউ খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছে বলে অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড একটি অপরিবর্তনীয় এবং নিষ্ঠুর সাজা। এটা আরো ভয়াবহ হয় যখন এ ধরনের সাজা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখতে বিচার বিভাগ ব্যর্থ হয়।

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে ন্যায়বিচার লঙ্ঘনের ক্রমাগত এবং বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে যার নিরপেক্ষ বিচার বিভাগীয় পর্যালোচনা দরকার।

মাহিকে সমর্থন দিলেই ২০ দলীয় জোটে ভাঙন!

mahi bঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বিএনপি সমর্থন দিলে আরেক দফা ভাঙতে পারে ২০ দলীয় জোট।

খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিলের পর বিকল্প প্রার্থী হিসেবে দলের সাবেক মহাসচিব ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরীর কথা বিএনপি চিন্তা করলেও এ ব্যাপারে কড়া আপত্তি তুলেছে ২০ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক দল।

জোটের দ্বিতীয় শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছে দলীয় সূত্র। অন্য দলগুলোও প্রকাশ্যে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে বিএনপিকে।

এ ব্যাপারে জানতে চাইলে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকারবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে যখন বৃহত্তর জোট গঠন করা হয়, তখন বি চৌধুরী-মাহি বি চৌধুরীরা এলেন না।

বললেন, বিএনপি জোটে যুদ্ধাপরাধী দল (জামায়াত) আছে। তাদের সঙ্গে এক টেবিলে বসা যাবে না, এক মঞ্চে ওঠা যাবে না। অথচ এখন মেয়র হওয়ার জন্য যুদ্ধাপরাধীদের সমর্থন পাওয়ার জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছে? এটা সুবিধাবাদের বহিঃপ্রকাশ।

দলীয় সূত্রমতে, মিন্টুর প্রার্থিতা বাতিলের পর মেয়র পদে প্রার্থী হিসেবে দুই জনকে বিবেচনায় নেয় বিএনপি। এদের একজন বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, অন্যজন আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও ছেলেকে প্রার্থী করতে আব্দুল আউয়াল মিন্টু স্বেচ্ছায় ভুল করেছেন- দলের মধ্যে এমন গুঞ্জন থাকায় তাবিথ আউয়ালের পরিবর্তে মাহি বি চৌধুরীরকে সমর্থন দেওয়ার কথা চিন্তা করে বিএনপি।

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার আব্দুল আউয়াল মিন্টুর রিট-পিটিশন ফায়সালা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে বিএনপি। এ কারণে রোববার রাতে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী গুলশানের বাসায় গিয়ে দেখা করতে চাইলেও খালেদা জিয়া তাদের সময় দেননি।

সূত্র জানায়, উচ্চ আদালত আব্দুল আউয়াল মিন্টুর রিট পিটিশন খারিজ করে দেওয়ায় সোমবার রাতেই বি চৌধুরী ও মাহি বি চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

এর পর দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে দুএকদিনের মধ্যেই ঢাকা উত্তরে মেয়র প্রার্থী হিসেবে কাকে সমর্থন দেবেন সেটা ঠিক করবেন তিনি।

এমন পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশ কয়েকটি শরিকদল মাহী বি চৌধুরীকে সমর্থন দেওয়ার বিপক্ষে সরসরি অবস্থান নিয়েছে।

এসব দলের নেতারা বলছেন, মাহী বি চৌধুরী ২০ দলীয় জোটের কেউ নন। চলমান গণতান্ত্রিক আন্দোলনে তিনি ও তার দল কোনো ভূমিকা রাখেনি। বরং বিভিন্ন সভা-সমাবেশে ২০ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন। কখনো কখনো করেছেন নসিহত।

গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়ে ওই সময় টিভি টক শো’তে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে নিষিদ্ধ করার কথাও বলেছেন তিনি। এ ধরনের সুযোগসন্ধানী ও সুবিধাবাদী ব্যক্তিকে বিএনপি সমর্থন দিলে ২০ দলীয় জোটে আরেক দফা ভাঙন লাগতে পারে।

বিশ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, মাহী বি চৌধুরী ২০ দলের কেউ নন। বাইরের কাউকে প্রার্থী হিসাবে এলডিপি সমর্থন করবে না, করতে পারে না।

শরিকদের সঙ্গে আলোচনা না করে বিএনপি এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে জোটে অসন্তোষ সৃষ্টি হতে পারে। জোটনেত্রী (খালেদা জিয়া) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শরিকদের মনের কথা  ভেবে দেখবেন বলে আশা করি।

সূত্র জানায়, এরইমধ্যে ২০ দলের শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে মাহী বি চৌধুরীকে মেয়র পদে সমর্থন না জানানোর বিষয়ে মত দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চার দলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি পদ ও দল থেকে বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেন বি চৌধুরী। এখনো তিনি আওয়ামী লীগমুখীই আছেন। সে কারণেই ২০ দলের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ নেই তার। এখন আবার ছেলেকে মেয়র বানানোর জন্য খালেদা জিয়ার পেছনে ঘুর ঘুর করছেন।

আমি এরইমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে মাহির ব্যাপারে আমাদের আপত্তির কথা জানিয়েছি। দেখা যাক কী হয়।

সূত্র জানায়, আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে ব্যাপাক আলোচনা হয়েছে জোট শরিকদের মধ্যে। কেন তিনি তার প্রার্থিতা ফরমে ঢাকা উত্তরের ভোটার নন-এমন ব্যক্তিকে দিয়ে সমর্থনকারীর স্বাক্ষর নিলেন-এ নিয়েও নানা প্রশ্ন রয়েছে তাদের।

কেউ কেউ বলছেন, আবদুল আউয়াল মিন্টু অবিভক্ত ঢাকার মেয়র হতে চেয়েছিলেন। তাই বিভক্ত ঢাকার মেয়র না হয়ে ছেলেকে সুযোগ করে দিতেই জেনেশুনে ভুলটি করেছেন।

তারপরও আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের পর তার ছেলে তাবিথ আউয়ালের বিকল্প হিসেবে ২০ দলীয় জোটের বাইরে থাকা বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিতে নারাজ জোট শরিকরা।

দিল্লির নাম পাল্টাতে চায় মোদি সরকার

dilliভারতের রাজধানীর নাম পাল্টানোয় উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি সরকার। নাম পাল্টালে নাকি ‘ইউনেস্কো হেরিটেজ সিটি’ তকমা পেতে সুবিধে হবে নয়া দিল্লির। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের কথা কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে শুরু হয়েছে নানা বিতর্ক। ইউনেস্কোর  খেতাবের আশায় রাতারাতি শহরের নাম পাল্টে ফেলা যায় কি না, উঠছে সেই প্রশ্নও।

ভারতে শহরের নাম পাল্টানোর রীতি নতুন নয়। মাদ্রাজ হয়েছে চেন্নাই, বম্বে মুম্বাই, বাঙ্গালোর বেঙ্গালুরু। এবার সেই তালিকাতেই কি নতুন সংযোজন নয়া দিল্লি?

জানা গিয়েছে, নয়া দিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব দিল্লি’ ও পুরনো দিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব শাহজাহানাবাদ’ নাম দিতে চায় কেন্দ্র। ইউনেস্কোর দফতরে হেরিটেজ তকমা পেতে যে নথিপত্র পাঠানো হয়েছে তাতে দেশটির রাজধানীর দুই এলাকার জন্য ওই দু’টি নামের উল্লেখ করা হয়েছে। ইউনেস্কোর দলটি আসার আগেই তাই তড়িঘড়ি শহরের নাম পাল্টে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে মোদি সরকার।

তবে নাম পাল্টালেই হেরিটেজ তকমা মিলবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা। ইউনেস্কো-তকমা পাওয়ার জন্য বহু কড়া নিয়মকানুন রয়েছে। তাই শুধু নাম বদলে কোনো কাজই হবে না। দিল্লির নানা ঐতিহ্যমণ্ডিত এলাকারই ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় না বলে মত বিশেষজ্ঞদের। যেমন বৃটিশ স্থপতি এডওয়ার্ড ল্যুটিয়েন্সের বানানো নয়া দিল্লির কেন্দ্রস্থলের একটা বড় অংশই এখন বহুতলের তলায় ঢাকা পড়ে গিয়েছে। আবার পুরনো দিল্লির বহু প্রাচীন সৌধই ভগ্নপ্রায়, সেগুলোর কোনো দেখাশোনাই হয় না। ফলে শুধু নাম পাল্টালেই যে রোম বা হাভানার মতো ‘ইউনেস্কো হেরিটেজ সিটি’র তকমা মিলবে, তা মনে করেন না অধিকাংশ বিশেষজ্ঞেরাই।

তাই মোদি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে।  অনেকেরই মত, এ ক্ষেত্রে অনেকটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় কাজ করেছেন মোদি। অনেক সময়েই রাস্তা, স্টেশনের নাম এক কথায় বদলে দিয়েছেন মমতা। রাজধানীর নাম বদলের উদ্যোগও অনেকটা তেমনই।