রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

স্থল সীমান্ত চুক্তি ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

bd indiaভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। বিলটি এখন রাজ্যসভায় তোলা হবে। এরপর যাবে লোকসভায়।

মঙ্গলবার দুপুরে ভারতের মন্ত্রিসভায় এ বিলটির অনুমোদন দেওয়া হয়। ফলে ’৭৪-এর সীমান্ত চুক্তিটির পুরোপুরি বাস্তবায়নে ২০১১ সালে মনমোহন-হাসিনা স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী পুরো বিলটি বাস্তবায়নের সব বাধা কেটে গেল।

এর আগে গত সপ্তাহের মন্ত্রীসভার বৈঠকে আসামকে বাদ দিয়ে এ বিলটি রাজ্যসভায় তোলার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্ত এতে প্রবল বিরোধিতার করে সে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আসাম রাজ্য সরকার।

এ নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দুই পরাশক্তি কংগ্রেস ও বিজেপির মুখোমুখি অবস্থানের কারণে স্থল সীমান্তচুক্তি বাস্তবায়নের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

এমতাবস্থায় সোমবার কংগ্রেসের দুই শীর্ষনেতা গোলাম নবী আজাদ ও আনন্দ শর্মা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বৈঠক করে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তিতে আসামকে অন্তর্ভুক্তির জোরালো দাবি জানান। এ সময় আসামকে বাদ দেওয়া হলে এর নেতিবাচক দিকগুলো মন্ত্রীদের অবহিত করেন।

এ চুক্তিটি নিয়ে দু’দিন আগে কংগ্রেস শাসনাধীন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আসামকে বাদ দেওয়ার চেষ্টার আপত্তি জানিয়েছেন। কংগ্রেস রাজ্যসভায় বিরোধিতা করলে এই সংবিধান সংশোধন বিল দুই-তৃতীয়াংশের সমর্থনে পাস হওয়া কঠিন।

এসব নানা বিষয় বিবেচনা করে সোমবার রাতে আসাম বিজেপির নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিজেপির নীতিনির্ধারকরা। তারা পরিষদের বৈঠকের সিধান্ত পুনর্বিবেচনা করে চুক্তিতে আসামকে অন্তর্ভুক্তির সিধান্ত নেন। পরে আজ মঙ্গলবার সকালে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে বিলটি দ্বিতীয়দফা অনুমোদন দেয় মন্ত্রীসভা। আগামীকাল বুধবার রাজ্যসভায় বিলটি উঠবে।

২০১৩ সালে চুক্তিটি রাজ্যসভায় উত্থাপন করা হয়। পরে এটি কংগ্রেস নেতা শশী থারুরকে প্রধান করে একটি নির্বাচিত কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটি চুক্তিটি বাস্তবায়নের পরামর্শ দেয়।

ইতালির মিলানে বিশ্ব শ্রমিক দিবস পালিত

পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস পালিত ইতালির মিলানে। হাজার হাজার শ্রমজীবী মানুষের ঢল নেমেছিল মিলানের রাজপথে, প্রায় ২৫টি দেশের শ্রমজীবি মানুষের অংশ গ্রহনে শ্রমিকের ন্যয্য অধিকারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত মিলানের আকাশ।।।।ইতালি সরকারের প্রতি দাবি তোলে শ্রমিকের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করনের কঠোর আইনের বাস্তবায়ন।লত্তো দি কমিউনিস্তার আয়োজনে রালিতে অংশ নেয় হাজার হাজার প্রতিবাদী শ্রমজীবী মানুষ।।।।।শিঁকড় সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে তুহিন মাহামুদের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেয়।।।।।।।

মিছিল-জনসভা করলে প্রার্থিতা বাতিল : শাহনেওয়াজ

shaneowjনির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন,  সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা মিছিল ও জনসভা করলে রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করে দিবেন।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।

মো. শাহনেওয়াজ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আইন অনুযায়ী প্রচার হিসেবে মিছিল ও জনসভা করা নিষিদ্ধ। তবে বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে প্রচার চালানোর বিধান আছে।

তিনি বলেন, প্রার্থীরা আচারন বিধি লংঘন করলে রিটার্নিং কর্মকর্তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। তাদের সে রকমই নির্দেশ দেওয়া হয়েছে।

ভিশন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: সমাজকল্যাণমন্ত্রী

mohoshin aliসমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।

মন্ত্রী বুধবার বেলা দেড়টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের গ্রাহকদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল অপারেটর রবির বিদ্যুৎ বিল পরিশোধ সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিদ্যুৎ খাতে যতো সমস্যা রয়েছে, তার  সমাধানের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ খাত যে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সংসদ সদস্য শফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, সিলেট বিপিডিবির চিফ ইঞ্জিনিয়ার রতন কুমার পাল প্রমুখ।

রবির কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে একটি র‌্যালি বের করা হয়।

তাবিথের নির্বাচনী ইশতেহার বৃহস্পতিবার

tabith150ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

তাবিথ আউয়ালের প্রচার সমন্বয়কারী শায়রুল কবির খান বুধবার বিকেলে এ তথ্য জানান।

তেজগাঁও-গুলশাল লিংক রোডের রেগনাম টাওয়ার ১৯১/বি’তে তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, তাবিথ আওয়ালের প্রধান নির্বাচন তত্ত্বাবধানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নির্বাচনের প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী প্রমুখ।

ঝাড়ু হাতে মাহী বি চৌধুরী

mahi15ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী রাস্তা ঝাড়ু দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মিরপুরের কালসি মোড়ে বুধবার দুপুরে তিনি ঝাড়ু হাতে রাস্তায় নামেন। পরে সেখানে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, জনগণ যদি আমাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত করেন তা হলে তার প্রধান এজেন্ডা হবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। কোথাও কোনো ভবন ধসে প্রাণহানি না ঘটে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহী আরও বলেন, আমাদের মূল স্লোগান হলো এবার পরিচ্ছন্ন হবে শহর, পরিচ্ছন হবে রাজনীতি। পরে তিনি পূরবী সিনেমা হল মোড়, পল্লবী আবাসিক সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রোকেয়া স্মরণী, কাজিপাড়া ও বিআরটিএ সড়কে গণসংযোগ করেন।

বৃহস্পতিবার ইশতেহার প্রকাশ

মাহী বি চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম শোভন জানান, মাহী বি চৌধুরী বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানের লেকসোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন।

জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ

hanif14জনগণ বোমা হামলাকারী, সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। খবর বাসসের।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘ভোটাধিকারের কথা বলে গত তিনমাসে অনেক মানুষ হত্যা করেছেন। আজকে আবার কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন প্রমুখ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনি (খালেদা) যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে, সিটি নির্বাচনে নিজের দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন, তখনই আপনার পুত্রের বিরুদ্ধে রেডএলার্ট জারি করা হয়। এতে একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার? বিবেকে কি একটু খারাপ লাগেনি?’
তিনি বলেন, ‘মনে রাখবেন, বাংলাদেশের মানুষ রেডএলার্ট জারি হওয়া সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ বর্ষবরণ উদযাপনের মত ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করতে চায়।’
হানিফ বলেন, ‘তিনমাস গোটা জাতিকে অবরোধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলেন খালেদা জিয়া। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল; কি কারণে সারা দেশে মানুষকে অগ্নিদগ্ধ করেছেন, হত্যা করেছেন?’

ইন্টারপোলের রেড এলার্ট গ্রেফতারি পরোয়ানা নয়

tarek21পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড এলার্ট কোনো গ্রেফতারি পরোয়ানা নয়। আসামিকে গ্রেফতারে সংস্থাটি কোনো বাহিনী পাঠায় না বা কোনো দেশকে চাপও দিতে পারে না। ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে রেড এলার্ট জারির বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে ইন্টারপোল জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কারও কাছে তারা ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদান করে না।

ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি (ওয়ান্টেড পারসন) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে সেখানে ‘রেড এলার্ট’ জারির তারিখ উল্লেখ নেই।

ইন্টারপোলের নোটিশে মামলার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় ২২ জন নিহত হন। আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ লোক আহত হন। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়।

পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।

আসামিদের তালিকায় আরও আছেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নান।

যোগাযোগ করা হলে ইন্টারপোলের গণসংযোগ বিভাগ ই-মেইলের মাধ্যমে একটি জাতীয় দৈনিককে জানায়, ‘রেড এলার্ট’ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়।

এর মাধ্যমে সংস্থাটির ১৯০টি সদস্য দেশকে জানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে কোনো সদস্য রাষ্ট্র বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইন্টারপোল সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে সহায়তা করে। যাতে এক দেশের সরকার অপর দেশের সরকারের কাছে অপরাধীকে গ্রেফতার ও প্রত্যর্পণে ব্যবস্থা নিতে পারে।

ইন্টারপোলের রেড এলার্ট জারির ফলে যুক্তরাজ্য থেকে কোনো আসামির প্রত্যর্পণ ঘটেছে-এমন নজির পাওয়া যায়নি। আবার যুক্তরাজ্য সরকার চাইলেই কাউকে প্রত্যর্পণ করতে পারে না। আসামি প্রত্যর্পণ চুক্তি থাকলেও না। কারণ সংশ্লিষ্ট আসামির আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। এতে প্রত্যর্পণের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

দেশটির আসামি প্রত্যর্পণ আইন (এক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩) অনুযায়ী, আসামি ফেরত আনতে দূতাবাস বা সরকারের বিশেষ প্রতিনিধির মাধ্যমে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ বা সাজাপ্রাপ্ত হলে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এবং যুক্তরাজ্যে গ্রেফতারি পরোয়ানা জারির উপযুক্ত তথ্যসহ আদালতের নির্দেশের বিস্তারিত জমা দিতে হয়।

একই সঙ্গে এটা নিশ্চিত করতে হয় প্রত্যর্পণের পর ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তাঁকে আনীত অভিযোগ ব্যতীত অন্য মামলায় সাজা দেওয়া হবে না এবং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুযোগ থাকবে। এসব বিষয় নিশ্চিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন আমলে নিয়ে একটি সার্টিফিকেট ইস্যু করবেন।

একইসঙ্গে আবেদনটি আদালতের বিবেচনার জন্য পাঠাবেন। এ পর্যায়ে ইস্যুকৃত সার্টিফিকেট বলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করা হয়। এ সময় একটি প্রাথমিক শুনানির পর আদালত পূর্ণাঙ্গ শুনানির (প্রত্যর্পণ-বিষয়ক শুনানি) দিন ধার্য করেন।

দায়ের করা তথ্য-উপাত্তের ভিত্তিতে ‘এক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩’ এবং ‘ইউরোপীয় হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৮’ বিবেচনায় নিয়ে আদালত সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্ত আসামির বিপক্ষে গেলে তিনি উচ্চ আদালতে আপিলের সুযোগ পান। এ বিচার প্রক্রিয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

এক মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এক মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় ১২ এপ্রিল আগাম জামিন চেয়ে আবেদন করা হয়।
বুধবার শুনানি শেষে হাইকোর্ট ওই বেঞ্চ মির্জা আব্বাসকে এক মামলায় জামিন, এক মামলায় বিভক্ত আদেশ ও আরেক মামলা বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেন।
মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এদিন আদালতে শুনানি করেন।
তিনি সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে পরে তিনি শুনানির জন্য বেঞ্চ ঠিক করবেন।
মাহবুব উদ্দিন খোকন জানান, শাহবাগ থানার মামলাটি বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ কার্য তালিকা থেকে বাদ দেন। এ মামলার শুনানি পরবর্তীতে অন্য বেঞ্চে হবে।
প্রসঙ্গত, পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয় এ মামলায়।
এছাড়া গত ৪ জানুয়ারি বিস্ফোরক আইনে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। আর শাহবাগ থানার মামলাটি গত বছরের ৬ মার্চ দুদক দায়ের করে। সাংবাদিকদের মধ্যে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা এ মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও ‘গ্রেফতারের আশঙ্কায়’ তিনি জামিন চেয়েছেন বলে জামিন আবেদনে উল্লেখ করা হয়।
মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তার নামে আগে ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারি মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের মধ্যে যারা জামিন না নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের গ্রেফতার করা হবে।

টাইমের তালিকায় বিশ্বে সবচেয়ে প্রভাবশালী পুতিন

putinটাইম ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিদের পেছনে ফেলে পুতিন এই তালিকার শীর্ষে আছেন ৬ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে।
এর আগে গত বছর টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ এবং ২০১৩ সালে ‘ইন্টারন্যাশনাল পারসন অফ দ্য ইয়ার’র স্বীকৃতি পান পুতিন।
পাঠক জরিপে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্টের পরের অবস্থানে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার লি চে-রিন। ‘সি এল’ নামে খ্যাত এই র্যা প সঙ্গীত তারকা ৬ দশমিক ৯ পয়েন্ট পেয়েছেন।
তালিকার পরবর্তী তিন অবস্থানে আছেন বিশ্বকাঁপানো তিন পপস্টার। তিনজই নারী। তারা হলেন- লেডি গাগা (২ দশমিক ৬ পয়েন্ট), রিহান্না (১ দশমিক ৯ পয়েন্ট) ও টেলর সুইফট (১ দশমিক ৮  পয়েন্ট)।
পয়েন্ট বিবেচনায় তালিকার শীর্ষ দশে স্থান পেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, নোবেলজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই ও পোপ ফ্রান্সিস।
পাঠকের মতামতের ভিত্তিতে এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (০.৬) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (০.৫)।
প্রভাবশালী ব্যক্তি নির্বাচনের এই জরিপে সবচেয়ে বেশি ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের পাঠকরা। জরিপের মোট ৫৭ দশমিক ৪ শতাংশ ভোটই এসেছে এ দেশের পাঠকদের কাছ থেকে। তবু শীর্ষ দশে হয়নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্থান। ১ দশমিক ৪ পয়েন্ট নিয়ে আছেন এগারো নম্বরে। ১ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে তার সঙ্গেই আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
পাঠক জরিপের ভিত্তিতে তালিকা প্রকাশের পরপরই টাইম জানিয়েছে, সম্পাদক প্যানেলের তৈরি করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা বৃহস্পতিবার প্রকাশ হবে।