রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার: রউফ

digontoষমতাসীনরা জনগণকে ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। তিনি বলেছেন, “জনগণকে ক্ষমতার উৎস বললেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের ধোঁকা দেয়া হচ্ছে।”

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দিগন্ত টেলিভিশন সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞার আঁধারে দুঃসহ দুই বছর’শীর্ষক এক প্রতিবাদী সংহতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী  পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সাংবাদিক কলামিস্ট মাহফুজ উল্লাহ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন, কলামিস্ট ও কবি ফরহাদ মজহার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাবির শিক্ষক সুকোমল বড়ুয়া, ডিআরইউর সভাপতি  শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রেস ক্লাবের  যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

ক্ষমতাসীনদের উদ্দেশে রউফ বলেন, “আপনারা জনগণকে যেমন  বোকা ভাবেন, জনগণ তেমন বোকা নয়। তারা (জনগণ) যা বুঝে আপনারাই তা বোঝেন না। একদিন আপনাদের ক্ষমতায় থেকে তারাই নামাবে।”

সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ করন, “সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।” দেশের সংবিধান পরিবর্তন না করা পর্যযন্ত মিডিয়ার ওপর  অত্যাচার চলতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সম্মিলিত পেশাজীবী  পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন,  “কয়েক দিন হলো মুক্ত মিডিয়া দিবস  গেছে, সেখানে মিডিয়ার অনেক সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী। কিন্তু যেসব মিডিয়া বন্ধ আছে,  সে সম্পর্কে তিনি (ইনু) কোনো কথা বলেননি, এটা খুবই  দুঃখজনক।”

সাংবাদিক কলামিস্ট মাহফুজ উল্লাহ বলেন, “যে সমাজে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকে না, সে সমাজ বেশিদিন টেকে না। যারা টেবিলে বসে বক্তব্য দেয়, তারা কখনো বন্ধ গণমাধ্যম খুলতে পারে না।”

দিগন্ত টিভি বন্ধের কারণে তার কষ্টের কথা জানান মাহফুজ উল্লাহ, “দিগন্ত টেলিভিশন বন্ধের কারণে আমি দুই ধরনের কষ্টে আছি। প্রথমটি হলো সঠিক তথ্য থেকে বঞ্চিত হতে হচ্ছে; দ্বিতীয়টি হলো যারা এখানে কাজ করেছে, তাদের পরিবারের নিদারুণ করুণ কাহিনী নিয়ে।”

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন বলেন, “আমি ৫০ বছর ধরে সাংবাদিকতা করছি। মিডিয়ার ওপর এ রকম পরিস্থিতি কখনো দেখিনি। আজকে নয়াদিগন্ত  পত্রিকা অনেক জায়গাতে গোপনে পড়তে হয়।”

সরকার হিটলারকে অনুসরণ করছে্- এমন মন্তব্য করে মহিউদ্দীন বলেন, “হিটলার বলেছিল- দুটি জিনিস নিয়ন্ত্রণ করলে ক্ষমতায় থাকা যায়। একটি হলো গণমাধ্যম, অন্যটি ধর্ম। সরকার তা-ই করছে।”

ফরহাদ মজহার বলেন, “কিছু গণমাধ্যম সন্ত্রাসী মিডিয়া হিসেবে কাজ করছে। সাংবাদিক হয়েও যারা একটি দলের হয়ে কাজ করে, তারা সরকারি দলের ক্যাডার ছাড়া আর কিছু নয়।”

ফরহাদ মজহার বলেন, “দেশের মিডিয়া বন্ধের জন্য শুধু শেখ হাসিনাই দায়ী নন, এটা ফেলস্টেটের গভীর ষড়যন্ত্র।” বর্তমান ক্ষমতাসীনদের কপালে দুর্ভোগ আছে মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি আসবে না। সামনে আরো কঠিন সময় অতিক্রম করতে হবে।”

ফরহাদ আরো বলেন,“বাংলাদেশে্ এখন এমন পরিস্থিতি বিরাজ করছে্- প্রিয় নবীর বিরুদ্ধে কথা বললে কিছু হয় না; অথচ বঙ্গবন্ধু ও হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর আছে।”

ইউনিস-আজহারের শতকে শক্ত অবস্থানে পাকিস্তান

paki younusদলীয় ৫৮ রানের মধ্যে দুই ওপেনার আউট হলেও ইউনিস খান ও আজহার আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের পার্টনারশিপে ভর করে বড় সংগ্রহর পথে এগোচ্ছে সফরকারীরা। দু’জনই শতক হাঁকিয়ে ব্যাট করছেন।

ইউনিস ১৪২ বল মোকাবেলায় ৯টি চার ও এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূরণ করেন। অন্যদিকে, ১০টি চারের সাহায্যে আজহারের শতকটি আসে ২১২ বল থেকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২.২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দুই ইউকেটে ২৫০ রান। ইউনিস (১১০*) ও আজহার (১০৫*) ১৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে এ ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

মোহাম্মদ শহীদ নিজের দ্বিতীয় ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে মুশফিকের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ (৮ রান)। এর আগে আরেক পেস বোলার শাহাদাত চোটের কারণে মাঠের বাইরে চলে যান। তবে, প্রায় সোয়া এক ঘণ্টা পর মাঠে ফেরেন শাহাদাত। তবে, মধ্যাহ্ন বিরতির সময় অনুশীলন করতে গেলে আবারো চোট পান তিনি।

দিনের শুরুতে হাফিজকে হারিয়ে বেশ বড় ধাক্কা খায় সফরকারী পাকিস্তান। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারানো পাকিস্তানকে আরেকবার কাঁপিয়ে দেন মোহাম্মদ শহীদ। নিজের ষষ্ঠ ওভারে থার্ড স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন আজহারকে। তবে, ‘নো বল’ হওয়ায় এ যাত্রায় বেঁচে যান আজহার।

খুলনা টেস্টের ৬ উইকেট পাওয়া বাংলাদেশের সফল বোলার তাইজুলের শিকারে দলীয় ৫৮ রানের মাথায় সাজঘরে ফেরেন সামি আসলাম। চোটের কারণে বাইরে থাকা শাহদাত মাঠে ফিরলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ব্যক্তিগত ১৯ রান করা সামি আসলাম।

প্রথম সেশনের ২৮ ওভার ব্যাট করে পাকিস্তান মাত্র ৭০ রান তোলে। সেটিও দুই উইকেট হারিয়ে। কিন্তু, দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ১২৬ রান স্কোরবোর্ডে জমা করে সফরকারীরা। আর সেটি মাত্র ৩১ ওভার ব্যাট চালিয়ে। দিনের শেষ সেশনে ব্যাট করতে নামেন অপরাজিত থাকা আজহার আলি এবং ইউনিস খান।

দিনের শুরুতে বাংলাদেশের হয়ে বোলিং সূচনা করতে আসেন শাহাদাত হোসেন। আর পাকিস্তানের ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে আসেন গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ এবং সামি আসলাম।

বাংলাদেশের হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে পারেন নি রুবেল হোসেন। তার জায়গায় দলে এসেছেন শাহাদাত হোসেন। শাহাদাতের সঙ্গে পেস বোলিংয়ে জুটি বাঁধবেন খুলনা টেস্টে অভিষিক্ত মোহাম্মদ শহীদ। অন্যদিকে পাকিস্তান জুলফিকার বাবরের পরিবর্তে ইমরান খানকে দলে নিয়েছে।

আগেই ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টির একমাত্র ম্যাচটি জেতা হয়েছে বাংলাদেশ দলের। খুলনা টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকেও প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করে টাইগাররা। তাই, এ টেস্ট ম্যাচটিকে ‘ফাইনাল’ মানছেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম।

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারানো ও সিরিজ জয়ের দারুণ এক সুযোগ বাংলাদেশের সামনে। ক্রিকেটাররাও মুখিয়ে আছেন শেষ টেস্টে দেশ ও দলকে ভালো কিছু উপহার দিতে।

অন্যদিকে পাকিস্তান দলের আত্মবিশ্বাস তলানীতে। খুলনা টেস্টের প্রথম ইনিংসে প্রায় তিন’শ রানের লিড নিয়েও বাংলাদেশকে হারাতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম, শাহাদাত হোসেন, ও মোহাম্মদ শহীদ।

পাকিস্তান একাদশ: সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ ও ইমরান খান।

মেসি আতঙ্কে পেপ গার্দিওলা

gardiwalo messiএক সময় লিওনেল মেসি ছিলেন পেপ গার্দিওলার সেরা অস্ত্র। কিন্তু, সময়ের পরিবর্তনে এখন মেসিই কিনা গার্দিওলার উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের রীতিমত সতর্ক করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

গার্দিওলার অধীনেই ক্যারিয়ারের সেরা সময় পার করেন মেসি। ওই সময়ে টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডিঅর জেতেন এই আর্জেন্টাইন তারকা।

২০১২ সালে বার্সা ছেড়ে পরের মৌসুমে বায়ার্নের কোচ হন গার্দিওলা। এবার সাবেক ক্লাব বার্সার মুখোমুখি হচ্ছেন। ন্যু ক্যাম্পে আজ রাত পৌনে ১টায় দুদলের মধ্যকার প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে গার্দিওলা বলেন, মেসি সেরা ফর্মে থাকলে বিশ্বের কোনো ডিফেন্সই তাকে আটকাতে পারবে না। এক্ষেত্রে কোনো পরিকল্পনাই কাজে আসবে না।

সে খুবই দুর্দান্ত ফুটবলার। তাকে নিষ্ক্রিয় রাখতে হলে বলের লাগাম থেকে বিরত রাখতে হবে। তাতেও সে পুরোপুরি থেমে থাকবে না।

সাবেক বার্সা কোচ আরও বলেন, মেসির মতো প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তাদের পুরো দলটাই বেশ ছঁন্দে আছে। ডিফেন্সিভ ফুটবল খেললেও তাদের আটকানো সম্ভব হবে না। তবে, ভালো করতে হলে নিজেদের সেরাটাকেও ছাড়িয়ে যেতে হবে।

মিরপুর টেস্ট শেষ হয়ে গেল শাহাদাতের

shahadotমিরপুর টেস্ট আর খেলা হচ্ছে না শাহাদাত হোসেনের। ডান হাঁটুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই পড়লেন শাহাদাত। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনের প্রথম বলটি করতে গিয়েই পড়ে গিয়েছিলেন। পরে আরো একটি বল করেছেন। দ্বিতীয় বলটি করার পরই মাঠের বাইরে চলে যান ডানহাতি এই পেসার। লাঞ্চের আগে মাঠে ফিরে কয়েক ওভার ফিল্ডিংও করেছেন। তাইজুলের বলে সামি আসলামের ক্যাচটিও নিয়েছেন মিড উইকেটে।

কিন্তু লাঞ্চের পর মাঠে বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং অনুশীলন করতে গিয়ে আবারও হাঁটুতে চোট পান শাহাদাত। তারপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয় তাকে। দলীয় সূত্রে জানা গেছে, এই টেস্টে আর শাহাদাতের খেলার সম্ভাবনা নেই।

ইনজুরির কারণে ছিটকে পড়া রুবেল হোসেনের জায়গায় এই টেস্টের একাদশে এসেছিলেন শাহাদাত।

ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক প্রত্যাহার

city corporationনবনির্বাচিত মেয়রদের শপথ নেওয়ার পর বুধবার দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই প্রশাসককে প্রত্যাহার করে নিয়েছে সরকার।

গত বছরের ১১ ডিসেম্বর মো. শওকত মোস্তাফা ও ড. রাখাল চন্দ্র বর্মন এ দুইজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটি করপোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তাফাকে সরিয়ে ঢাকা ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এ ছাড়া উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মনকে তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হযেছে।

গত ২৮ এপ্রিল ঢাকা সিটি নির্বাচনে আনিসুল হক ও সাঈদ খোকন সরকার দলীয় দুই মেয়র নির্বাচিত হন।

যানজট-জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় মেয়রদের

citi meyor shopothযানজটমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।

এদিকে, দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের মাধ্যমে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র আজম নাছির উদ্দিন।

আজ বুধবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের সিঁড়িতে প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। এরপর একই স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনিসুল হক ও আজম নাছির উদ্দিন।

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন নিশ্চিত করে বসবাস উপযোগী সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র আনিসুল হক।

তিনি বলেন, কোনো কাজ মেয়রের একার পক্ষে করা সম্ভব নয়। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।

ভোটারদের ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তরের এ মেয়র বলেন, আমাকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ। যারা আমাকে ভোট দিয়েছেন, আমার জয়ের জন্য যারা কাজ করেছেন, তাদের সবার কাছে আমি ঋণী থাকলাম।

যানজট নিরসন, ভাঙাচোরা রাস্তাঘাট মেরামত, ময়লা আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ায় অগ্রাধিকার দিয়ে কাজ করবেন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমি আমার প্রথম দিন থেকে এ জন্য কাজ শুরু করবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমার ওপর ঢাকাবাসীর হক অনেক বেশি। আমি আমার জীবন দিয়ে হলেও আমার ওপর থাকা ঢাকাবাসীর হক আদায় করবো।

তিনি বলেন, সংকট প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকাবাসীর উন্নয়ন করে যাবো।

চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সফল হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম সিটি করপোশনের মেয়র আজম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা স্বল্প সময়ে সমাধান করা যাবে না। জলাবদ্ধতা নিরসনে নালা ও নর্দমার ধারণ ক্ষমতা বাড়াতে হবে। নতুন নালা-নর্দমা তৈরি করতে হবে।

দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে হবে বলেও জানান তিনি।

আজম নাছির বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে একটা মাস্টারপ্ল্যান করা হয়েছিল। এতোদিন ধরে এ প্ল্যানের বাস্তবায়ন করা হয়নি আবার বাদও দেওয়া হয়নি।

জলাবদ্ধতার সংকট লাঘবে চট্টগ্রাম সিটির বর্তমান নালা-নর্দমাগুলোকে পরিষ্কার করার কথাও জানান আজম নাছির ।

শেয়ারবাজারে নজর দিন, কেন্দ্রীয় ব্যাংককে বাণিজ্যমন্ত্রী

tofayel ahemedবাংলাদেশ ব্যাংককে দেশের শেয়ারবাজারের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যে তিনি বলেন, শেয়ারবাজারে যখন ব্যাংকের দশ শতাংশ বিনিয়োগের সুযোগ ছিলো, তখন ব্যাংকগুলো ৩০ থেকে ৪০ শতাংশ বিনিয়োগ করেছে।

ওই সময় ব্যাংকগুলো প্রচুর পরিমাণ মুনাফা করে শেয়ার বাজার থেকে। এই মুনাফা দেখে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগে আসে।এখন তারা নিঃস্ব।আপনারা (বাংলাদেশ ব্যাংক) বিষয়টিতে নজর দেন।

এছাড়া ৫শ’ কোটি টাকার ওপর ঋণখেলাপিদের ঋণপরিশোধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিশেষ ছাড় দেয়া প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, এ ধরনের ছাড় দেয়ার প্রবণতা ঋণ খেলাপিদের উৎসাহিত করবে। বড় ঋণখেলাপিদের এ ধরনের ছাড় দেয়া আমার কাছে ভালো মনে হয়নি।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ে ‘মেডিয়েশন ফর সেটলমেন্ট অব কমার্শিয়াল ডিসপুট অ্যান্ড রিকভারি অফ ওভারডিউ ব্যাংক লোন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তোফায়েল আহমেদ।

যৌথভাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশে ইন্টারন্যাশনাল আরবিটেশন সেন্টার (বিয়াক) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

সেমিনারে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, এমসিসিআই এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, বিয়াকের চিফ এক্সিকিউটিভ তোফায়েল আলী প্রমুখ।

নিজের মূত্র দিয়েই গাছে পানি দেন ভারতের মন্ত্রী!

nitinবাগান করতে যারা ভালোবাসেন তাদের প্রতি এবার ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর পরামর্শ, গাছে পানি দিতে ব্যবহার করুন নিজের প্রস্রাব। দিল্লিতে নিজের বাসভবনে বাগান দেখভালের জন্য নাকি মন্ত্রী নিজের মূত্রই ব্যবহার করেন। এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি স্বয়ং। মন্ত্রীর বক্তব্য, প্রস্রাব ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়।

নাগপুরে সেচ ব্যবস্থা নিয়ে একটি আলোচনা সভায় মন্ত্রী জানিয়েছেন, গাছের বৃদ্ধির জন্য তিনি মূত্র একটি পাত্রে ধরে রাখেন। তারপর মালিরা সেই মূত্র গাছের গোড়ায় দেন। নিতিন গড়করির কথায়, ‘আমি ৫০ লিটার প্রস্রাব একটি ক্যানে ধরে রাখি। মালিদের বলি এই মূত্র দিয়েই গাছে পানি দিতে। আমি দেখলাম, গাছের বৃদ্ধি বেড়ে গিয়েছে।’

 

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিতে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের পাশাপাশি রসিকতাও শুরু হয়েছে বিস্তর। গড়করির মন্তব্যে তৈরি হওয়া বিতর্ক চাপা দিতে বিজেপি নেতৃত্বের বক্তব্য, কৃষকরা জমিতে সার দিতে বহু বছর ধরেই মানুষের বর্জ্য ব্যবহার করে আসছে। এই নিয়ে বিতর্কের কিছু নেই।

মির্জা ফখরুলের জামিনের রুল শুনানি ২৮ মে

fakrul6পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা চার মামলার জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি আগামী ২৮ মে।

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

এর আগে ১৬ এপ্রিল এই চার মামলার মধ্যে এক মামলায় জামিন দেয়ার পাশাপাশি সকল মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছিলেন একই আদালত।

সেই রুলের ওপর আগামী ২৮ মে শুনানি অনুষ্ঠিত হবে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

আজ আদালতে ফখরুলের পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জিন্নাহ।

গত ১২ এপ্রিল রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদনগুলো করেন।

ফখরুলের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুর করে বিএনপির পিকেটাররা। এজন্য ফখরুল ইসলামসহ ২৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেন পল্টন থানার পুলিশ। গত জানুয়ারি মাসের ৪ তারিখে করা মামলায় আজ তাকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

এছাড়াও নাশকার কাজে উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত ৪ জানুয়ারি মতিঝিল ও পল্টন থানায় পৃথক ‍দু’টি মামলা দায়ের করে পুলিশ। আর গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি একই অভিযোগ এনে পল্টন থানায় অপর দু’টি মামলা করে পুলিশ।

কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগে নারী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

qurannআফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত।

কোরান শরিফ পোড়ানোর অভিযোগ তুলে ফারখুন্দা নামের ২৮ বছর বয়সী ওই নারীকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করে পড়ে আগুনে পুড়িয়ে দেয় একদল ব্যক্তি।

গত ১৯ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হতে থাকে।

পরে প্রমাণিত হয় যে কোরান পোড়ানোর অভিযোগটি সত্যি ছিল না। এরপর ৪৯ জন ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়, যার মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

ফারখুন্দা মূলত মাজারে তাবিজ-জাতীয় জিনিস বিক্রি করছিলেন। এ সময় একজন মোল্লার সঙ্গে তার তর্ক হয়। তর্কের একপর্যায়ে তার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ করা হলে ক্রুদ্ধ একদল জনতা তার ওপর আক্রমণ করে।

সরকারি তদন্ত কর্মকর্তারা বলছেন, কোরান পোড়ানোর কোনো অভিযোগের প্রমাণ তারা পাননি।