রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার…’

maa10সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তুলনাহীন। কিন্তু সন্তানের কাছে মায়ের চাওয়া ক্ষুদ্র। আধুনিক আত্মকেন্দ্রিক বিশ্বেও মায়ের ভালোবাসার তুলনা বিরল। কিন্তু মাঝে মাঝে এ ভালোবাসার ব্যত্যয় ঘটে। মাকে সইতে হয় নানা যন্ত্রনা, কষ্ট আর লাঞ্ছনা। তারপরও মা তাকিয়ে থাকেন সন্তানের দিকে।

সারা দিনের দুষ্টামির পর সন্তান মায়ের কোলে ফেরে। আর মায়ের আদর পাওয়ার জন্য নানা রকম টালবাহানার আশ্রয় নেয়। মাও ছেলের নাড়ি-নক্ষত্র ভালোভাবেই জানেন, বাহানাগুলোও ধরে ফেলতে পারেন নিমিষে। ছেলের মুখের দিকে নিষ্পলক তাকিয়ে ভালোবাসার গভীরতাও বুঝিয়ে দেন সঙ্গে সঙ্গে। সবশেষে যদি এই মমতাময়ী মায়ের আবাসস্থল হয় বৃদ্ধাশ্রম!

১০ মাস ১০ দিন পেটে ধারণ করে নিজে খেয়ে-না খেয়ে সন্তানকে বড় করে মা। বড় হওয়ার পরে মাকে চেনে না, মায়ের পরিচয় দিতেও যেন অসহায় বোধ করে। সন্তানের ধারণা, আগের যুগের মা। বর্তমানে তাল মিলাতে পারবেন না। সে ‘কারণে’ তাকে হতে হয় অবহেলার পাত্র। এই দুঃখ কোথায় রাখেন মমতাময়ী মা! বুড়ো হয়ে গেছে মা, সংসারে তার প্রয়োজন ‘ফুরিয়েছে’। তাই শেষ বয়সে তার আশ্রয় মিলেছে বৃদ্ধাশ্রমে।

নচিকেতা তার গানেই মাকে তুলে ধরেছেন….
ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি
সবচেয়ে কমদামি ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি, ঘড়ি-ছড়ি, বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান- জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি, “না থাকলে কী করবি রে বোকা?”
ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দুহাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।।

তারপরেও বৃদ্ধাশ্রমে মা পথের দিকে তাকিয়ে চোখের জল ফেলেন সন্তানকে একপলক দেখার জন্য। কিন্তু বছরে একবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। তারপরেও মা সন্তানের মঙ্গল কামনায় থাকেন সারাক্ষণ।

মায়ের ভালোবাসার ছোট্ট এক দৃষ্টান্ত- আনুমানিক সালটা ২০০৪ কি ২০০৫ হবে। বৈশাখ মাস। পাথরঘাটার নলীতে এক লঞ্চ দুর্ঘটনা ঘটল। সেখানে কয়েকশ মানুষ নদীতে ডুবে মারা যায়। ঘটনার একদিন পরে সন্তানকে আঁকড়ে ধরা অবস্থায় দুটি মৃতদেহ ভেসে ওঠে। সেখানে মা তার সন্তানকে ওপরে উঁচিয়ে রেখেছে যাতে সন্তান ভালো থাকে। মা ও সন্তান দুজনই মৃত ভেসে ওঠে। মা জানেন, তিনি মারা যাচ্ছেন। নিজের জীবন বাঁচাতে সন্তানকে ছেড়ে দিতে পারতেন। মা সন্তানকে ছেড়ে দেননি। এটাই মায়ের ভালোবাসা। এই মৃতদেহের ছবিটি অনেক পত্রিকায়ও এসেছে।

আরেকটি ঘটনা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের হোতাপাড়া থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে মণিপুর বাজার। বাজার থেকে আরো তিন কিলোমিটার ভেতরে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। সেখানে এক বৃদ্ধা। নাম হামিদা বেগম। ছলছল চোখে জিজ্ঞেস করেন, “আমার ছেলে আফতাব এসেছে? কোথায় আমার ছেলে?” তিনি বুকভরা কষ্টে বলেন, ছেলের বউয়ের নানামুখী কৌশলে নিজ ঘর থেকে অজানার পথে বেরিয়ে পড়েন। দিনটা ছিল ২০১১ সালের ২৮ অক্টোবর। ওইদিন বিকেলে সাভারের নবীনগরে একটি চায়ের দোকানে বসে কাঁদছিলেন তিনি। ওই এলাকার দুই তরুণ তাকে এখানে নিয়ে আসেন। এরপর থেকে হামিদা এখানেই আছেন।

আবদুল জাহিদ নামে এক ব্যক্তি ১৯৮৭ সালে উত্তরার আজমপুরে এই কেন্দ্রটি স্থাপন করেন। পরে ১৯৯৪ সালে মণিপুরে স্থানান্তর করা হয় এটি। তখন থেকে এখানে শতাধিক বৃদ্ধা থাকছেন।

সেখানে রয়েছেন কুমিল্লার বাঘাওয়ারা গ্রামের মালিনা দে (৭০)। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে। এক ছেলে ভারতে থাকেন, অন্যজন মিরপুরে কাপড়ের ব্যবসা করেন। ছেলেরা তাকে দেখভাল না করায় ওঠেন মেয়েদের বাসায়। তারা তাকে রেখে যান বৃদ্ধাশ্রমে।

চট্টগ্রামের জামালখান এলাকার গৌরী সেনগুপ্ত (৭৫)। তার এক ছেলে বড় ব্যবসায়ী। মাকে দিয়ে গেছেন আশ্রমে। কখনো খবর নেন না।

তিন ক্ষেত্রে সম্মাননা পেলো কম্পিউটার সোর্স

computer sourchস্থানীয় বাজারে প্রযুক্তির প্রসার ও গ্রাহক বান্ধব পদক্ষেপের স্বীকৃতি স্বরুপ তিনটি বিশেষ সম্মাননা পেলো কম্পিউটার সোর্স। বৃহস্পতিবার (৭ মে ১৫) রাতে ঢাকাস্থ রাওয়া ক্লাবে উদযাপিত ’ডেল পার্টনার অ্যাপ্রিসিয়েশন নাইট’ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। বন্ধুত্বপূর্ণ ব্যবসায় অংশিদারিত্ব, ভোক্তার কাছে প্রযুক্তি পণ্য পৌঁছে দেয়া এবং গ্রাহককে সর্বোত্তম সেবা দেয়া- এই তিন ক্ষেত্রেই সর্বোত্তম অবদান রাখায় কম্পিউটার সোর্স-কে এই সম্মাননা দেয় মার্কিন এই প্রযুক্তি কোম্পানি। অনুষ্ঠানে কম্পিউটার সোর্স পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেল বাংলাদেশ’র কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

অনুষ্ঠানে ২০১৫ অর্থবছরের জন্য ‘বেস্ট কনজ্যুমার ডিস্ট্রিবিউশন’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন কম্পিউটার সোর্স-এর পরিচালক আসিফ মাহমুদ। এছাড়াও কম্পিউটার সোর্স-এর সিএফও মোহাম্মদ আল আমিন ও কমার্সিয়াল ম্যানেজার মো. আতিকুর রহমান এবং শাখা ব্যবস্থাপক মশিউর রহমান রাজুর হাতে ‘বেস্ট লজিস্টিক সাপোর্ট’’ ও ‘বেস্ট কনজ্যুমার সেলস’ সম্মাননা পদক তুলে দেয়া হয়।

এসময় কম্পিউটার সোর্স-এর ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম মাহফুজুল আরিফ, পণ্য ব্যবস্থাপক (ডেল) এস. এম রাশেদুজ্জামান ও হেড অব মার্কেটিং তারিক-উল-হাসান খান সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে অনুষ্ঠানের আয়োজক ডেল বাংলাদেশ-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহমুদ বিন কাইয়্যুম, মুহাম্মাদ আজাদ ও মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা।

এই সম্মাননাকে প্রতিষ্ঠানের সামগ্রিক সফলতা উল্লেখ করে কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ বলেছেন, “সকলের কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় গ্রাহক আস্থা অর্জনের মাধ্যমে আমরা আজ সফল হতে পেরেছি। এই সম্মাননা আমাদের সম্মিলিত প্রয়াসকে আগামীতে আরো ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।”

প্রসঙ্গত, গত অথবছরেও ডেল ‘বেস্ট কনজ্যুমার ডিস্ট্রিবিউশন-ডেল বেস্ট পারফরমার’ পদক অর্জন করেছিলো কম্পিউটার সোর্স।

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি-স্পিডবোট মুখোমুখি সংঘর্ষ

madaripurকাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ফেরির সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে কিংবা হতাহতের সংখ্যাও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা শামীম মাতুব্বরের মালিকানাধীন একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আলোস্বল্পতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কাওড়াকান্দি ফেরিঘাটের বিআইডব্লিটিএর ম্যানেজার আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌরুটে রাতে আলোস্বল্পতার কারণে স্পিডবোট চলাচল নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্পিডবোট চলছে। এ দুর্ঘটনায় কতজন যাত্রী নিখোঁজ রয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।

কক্সবাজারে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৮

eyaba23কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে একটি রিজার্ভ বাস তল্লাশি চালিয়ে ১ কোটি ৩২ লাখ টাকা মুল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকা হয়ে বাগেরহাট গামী ওই রিজার্ভ বাসটিতে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।

এ সময় বাসের নিচে সংযুক্ত একটি বক্সের মধ্যে থেকে কৌশলে লুকানো ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ।

এ ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের পাঁচজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ ছাড়াও অপর একটি ঘটনায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় ওই বাড়ির মেঝের নীচে লুকিয়ে রাখা ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উ্দ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়ার আব্দুল হোসাইনের স্ত্রী সাজিরা খাতুন (৪০) ও ছেলে মোহাম্মদ ইসমাঈল (১০) এবং একই এলাকার মোহাম্মদ মনতাজের স্ত্রী জান্নাত বিবি (৪০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেহেরপুরে বজ্রপাতে প্রবাসীর স্ত্রীসহ নিহত ২

meherpurমেহেরপুরের গাংনীর বিভিন্ন স্থানে  বজ্রপাতে প্রবাসীর স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ভ্যান চালক আতিয়ার রহমান ও কাজীপুর গ্রামের সৌদি প্রবাসী লিটন হোসেনের স্ত্রী বিলকিস আরা।

রোববার সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় গোয়াল গ্রামের আতিয়ার রহমান নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

এছাড়া কাজীপুর গ্রামের  প্রবাসীর স্ত্রী বিলকিস আরা বসতঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থাইল্যান্ডে আরো ৩২ বাংলাদেশি উদ্ধার

thailand10থাইল্যান্ডে আরো ৩২ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে থাই পুলিশ। দেশটির শংখলা প্রদেশের হাত ইয়াই ও রাত্তাফাম জেলার খায়ো কেও পবর্তের পাদদেশ থেকে শনিবার তাদের উদ্ধার করা হয়।

থাইল্যান্ডের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যাংকক পোস্ট স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। এর আগে শুক্রবার ওই এলাকা থেকেই ৯১ বাংলাদেশিসহ ১১১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে থাইল্যান্ডের পুলিশ। পাচারকারীরা তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ফলে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, খায়ো কেও পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া ৩২ বাংলাদেশি অভিবাসীর সবাই পুরুষ। তারা থা চামুয়াং বনের একধার দিয়ে হেঁটে অন্যত্র পালিয়ে যাচ্ছিলেন। তাদের সবাইকে ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছিল।

উদ্ধারের পর তাদের স্থানীয় একটি স্কুলে নেওয়া হয়। সেখান থেকে রাত্তাফামের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে তাদের। ওই আশ্রমেই এর আগে উদ্ধার হওয়া বাংলাদেশের ৯১ জনসহ আরো ১১৭ অবৈধ অভিবাসীও রয়েছেন।

থাইল্যান্ডের জঙ্গলে একে পর এক অভিবাসীদের বেশ কয়েকটি কবর-গণকবর থেকে মৃতদেহ উদ্ধারের পর অভিবাসী পাচারের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে থাইল্যান্ডের সরকার। সংশ্লিষ্ট দেশ বাংলাদেশ মিয়ানমার এবং মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছে থাই সরকার।

শিরোপার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে বার্সা

barcha10লা লিগার শিরোপার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে নেইমার ও পেদ্রোর গোলে কাতালানরা ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

এই জয়ের ফলে সোসিয়েদাদের বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো লুইস এনরিকের দলের। কারণ, গত জানুয়ারিতে লা লিগায় সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সা।

৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ দাঁড়িয়েছে ৯০ পয়েন্ট। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। লিগে দুই দলেরই বাকি আছে দুটি করে ম্যাচ। আর ৩ পয়েন্ট পেলেই বার্সার শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

ক্যাম্প ন্যুয়ে সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে আক্রমণে যায় বার্সা। দারুণভাবে বল নিয়ে গিয়ে বক্সে ঢুকে শট নেন নেইমার। তবে ব্রাজিল তারকার শট ধরে ফেলেন সোসিয়েদাদের আর্জেন্টাইন গোলরক্ষক রুলি।

২০ মিনিটে আরেকটি ভালো সুযোগ আসে বার্সার সামনে। বক্সের ভেতর নেইমারকে দূরপাল্লার ক্রস দেন মেসি। তবে বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন নেইমার। ২৪ মিনিটে সোসিয়েদাদের বক্সে সুয়ারেজের শট ডিফেন্ডার ইনিগোর হাতে লাগলেও পেনাল্টি দেননি রেফারি। ২৮ মিনিটে জেরার্ড পিকের শট ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক।

৩৩ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। জাভির ক্রস থেকে অনেকটা ফাঁকায় বল পেয়েও পোস্টের বাইরে দিয়ে হেড নেন উরুগুইয়ান স্ট্রাইকার। ৪১ মিনিটে সোসিয়েদাদের তিন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভেতর বল নিয়ে গিয়েছিলেন মেসি।

তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাকে রুখে দেন অতিথি ডিফেন্ডাররা। প্রথমার্ধের শেষ মিনিটে দানি আলভেজের জোরালো একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য স্কোরলাইন নিয়েই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন নেইমার। বক্সের ভেতর দারুণ এক ক্রস দেন মেসি। সোসিয়েদাদের এক খেলোয়াড় হেডে বল বিপদমুক্ত করতে গেলেও তার মাথা থেকে আসা বল আরেকটি হেডে জালে জড়িয়ে দেন নেইমার। ৭০ মিনিটে ডি বক্সের সামনে থেকে মেসির বাঁ পায়ের জোরালো একটি শট সোসিয়েদাদের এক খেলোয়াড়ের পায়ে লেগে প্রতিহত হয়।

৮৫ মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ২-০ করেন পেদ্রো। বক্সের ডানদিক থেকে পাস দেন মেসি। বলটি শূন্যে ভাসিয়ে তোলেন সুয়ারেজ। আর তা থেকেই দারুণ এক ওভারহেড কিকে বল জালে জড়ান বদলি হিসেবে মাঠে নামা পেদ্রো। ৮৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে সোসিয়েদাদের দুই খেলোয়াড়কে কাটিয়ে শট নেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

অতিরিক্ত সময়ে সোসিয়েদাদের আলফ্রেদের একটি শট লাফিয়ে উঠে ধরে ফেলেন বার্সা গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। পুরো ম্যাচে অন টার্গেটে মাত্র একটি শট নিতে পারে সোসিয়েদাদ!

আজ বিশ্ব মা দিবস

maaআজ মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম `মা`। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম `মা`।

যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

জগতে মায়ের মতো এমন আপনজন আর কে আছে! তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রিয় মায়ের মর্যাদার কথা।

কালে কালে একটি কথাই চিরায়ত সত্যিতে পরিণত হয়েছে, আর সেটি হচ্ছে- পৃথিবীতে মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর দ্বিতীয়টি নেই। সন্তানের কাছে সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় হচ্ছেন তার মা।

মায়ের গর্ভে সন্তান যেমন রক্ত শুষে নিরাপদে ধীরে ধীরে বড় হয়, তেমনি জন্মের পরও তিল তিল করে মা-ই কেবল তার নাড়ি ছেঁড়া ধনকে তিলে তিলে বড় করে তোলেন আগামীর সম্ভাবনাময় একজন মানুষ হিসেবে।

জীবনের চরম সংকটকালে পরম সান্ত্বনার স্থল হিসেবে যার কথা প্রথম মনে পড়ে তিনি মমতাময়ী মা। মা প্রথম পৃথিবীর রং-রূপ-শব্দ-গন্ধ-চেনান-দেখান-শেখান। যুগে যুগে কবি-সাহিত্যিকগণ মা বন্দনা করে কত ভালোবাসাই না ঝরিয়েছেন।

কবি কামিনী রায় তার ‘কত ভালবাসি মা` কবিতায়  মাকে  বন্দনা করে লিখেছেন, `জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-/মা, তোমারে কত ভালোবাসি!/”কত ভালোবাস ধন?” জননী শুধায়।/”এ-ত বলি দুই হাত প্রসারি` দেখায়।/ তুমি মা আমারে ভালোবাস কতখানি?/মা বলেন “মাপ তার আমি নাহি জানি।”/”তবু কতখানি, বল।”/”যতখানি ধরে/তোমার মায়ের বুকে।”

আব্রাহাম লিংকন মাকে স্মরণে এনে বলেছিলেন, `আমি যা কিছু পেয়েছি, যা কিছু হয়েছি, অথবা যা হতে আশাকরি তার জন্য আমি আমার মার কাছে ঋণী`। ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, `মাতৃত্বেই সকল মায়া-মমতা ও ভালবাসার শুরু এবং শেষ।`

মাকে ভালোবাসা আর তার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধার বিষয়টি পবিত্র ধর্মগ্রন্থগুলোতে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে মায়ের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মেও মাতৃভক্তি আর তার প্রতি শ্রদ্ধাজ্ঞান সবার ওপরে স্থান দেওয়া হয়েছে।

ভার্জিনিয়ার আনা জার্ভিসকে বলা হয় মা দিবসের প্রবর্তক। মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর  জন্য ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা।

এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।

ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী সমাজে বিশেষ করে ইউরোপ-আমেরিকায় এটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। সেখানে উদযাপনের জনপ্রিয়তায় বড়দিন এবং ভালোবাসা দিবসের পর মা দিবসের অবস্থান।

সেই বিবেচনায় বাংলাদেশে এ দিবসটি ঘটা করে পালনের ইতিহাস খুব বেশি দিনের নয়। যদিও মাকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে নেওয়ার যুক্তি অনেকের কাছেই সেভাবে গ্রহণযোগ্য নয়। তবে অনেকেই মনে করেন মাকে সম্মান দেখাতে, তাকে গভীরভাবে স্মরণ করতে আন্তর্জাতিকভাবে পালিত বিশ্ব মা দিবসের গুরুত্ব রয়েছে। যে কারণে বিশেষত নাগরিক জীবনে দিনটি পালনের ক্ষেত্রে বেশি সাড়া মিলেছে কয়েক বছর ধরে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আজ বাংলাদেশেও দিবসটি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হবে।

রবি-তে ফেসবুকের বিনা খরচার ২৯ ওয়েব

robiপৃথিবীর সপ্তম দেশ হিসেবে বিনা খরচার ইন্টারনেট ব্যবহার সুযোগ পেতে যাচ্ছে রবি গ্রাহকরা। মোবাইলফোন অপারেটর রবি, আইসিটি বিভাগ এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের যৌথ প্রয়াসে ডেটা খরচ ছাড়াই প্রাথমিক ভাবে ২৯টি ওয়েব সাইট থেকে নাগরিক সেবা মূলক ওয়েবসাইট থেকে তথ্যসেবা পাবেন গ্রাহকরা।

আজ রবিবার গ্লোবাল অপারেটিং পার্টনারশিপ অব ইন্টারনেট ডটওআরজির ডিরেক্টর মার্ককু ম্যাকলেইনেন্টো, তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, টেলিকম সচিব মো: ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, অ্যাকসেস টু ইনফরমেশনের(এটুআই) পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী এবং মোবাইল আপারেটর রবির এমডি ও সিইও সুপুন বীরাসিংহে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন।

শুরুতেই রবি’র ইন্টারনেট সংযোগ থেকে মিলছে ২৯টি অনলাইন পোর্টালের নাগরিক সেবা। জনপ্রিয় সামাজিক যোগযোগ নেটওয়ার্ক ফেসবুক ছাড়াও নারীদের স্বাস্থ্য পরামর্শ বিষয়ক ওয়েব মায়া, হেলথপিরিওর, শিক্ষার্থীদের ডিজিটাল পাঠশালা- শিক্ষকডটকম, বার্তা আদান প্রদানের জন্য ম্যাসেঞ্জার, মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন- বিং, মুক্ত বিশ্বকোষ-উইকিপিডিয়া, খেলাধুলার খবরাখবর সমৃদ্ধ জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকেইনফো, সন্ধান,  সোশ্যাল ব্লাড, দৈনিক প্রথম আলো, নিউজপোর্টাল বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম, চারকরি বাকরির ওয়েব সাইট বিডিজবস, ক্লাসিফায়েড অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম, তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েব সাইট, প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট ডিভিশন, আবহাওয়ার তথ্য সংশ্লিষ্ট ওয়েব অ্যাকুওয়েদার, আমার দেশ বুটিক, আস্ক, বেবি সেন্টার অ্যান্ড মামা, ক্রিটিক্যাল লিংক, ফ্যাক্টস ফর লাইফ, ওয়াটপ্যাড, ইওরমানি, গার্ল ইফেক্ট, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মাইনেট।

রবি’র ইন্টারনেট ব্যবহার করে প্রাথমিক ভাবে বিনা খরচায় এই ওয়েব সাইটগুলো ভিজিট করা যাবে। তবে সেবা পূর্ণাঙ্গ ভাবে সেবা চালু হতে আরও মাস খানেক লেগে যাবে বলে জানা গেছে। এ পর্যায়ে আইন বিষয়ক তথ্য, চাকুরির খবর, নাগরিকত্ব সনদপত্র, পাবলিক পরীক্ষার ফলাফল, জমির পর্চা, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা, নাগরিক আবেদন, কৃষি তথ্য, স্বাস্থ্য পরামর্শ, মোবাইল ব্যাংকিং এর মতো তথ্য সেবা মিলবে রবি’র ইন্টারনেট সংযোগ থেকে।

‘সিটি নির্বাচনে জামায়াত জোটের সঙ্গে অনৈতিক কাজ করেছে’

jamat bnp2প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেছেন সিটি নির্বাচনে জামায়াত ২০ দলীয় জোটের সঙ্গে অনৈতিক কাজ করেছে। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হয়েছে।

সিটি নির্বাচনে বিএনপি পক্ষে  কাজ করা আদর্শ ঢাকা আন্তোলনের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীনকে জামায়াত নিয়ে  দুটো প্রশ্ন করে প্রথম আলো ।

একটি ছিল: কেমব্রিজ থেকে সদ্য প্রকাশিত একটি বইয়ে ‘জামায়াত বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, ‘বিএনপি যখন দুর্বল হবে, তখন জামায়াত সাফল্যের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতবিরোধী জনগোষ্ঠীর একটি বড় অংশকে সংগঠিত করতে পারবে। দীর্ঘ মেয়াদে এটা প্রকৃত সম্ভাবনা। কারণ, খালেদা জিয়ার পরে বিএনপি ভেঙে যাবে।’ আপনার মন্তব্য?

উত্তরে এমাজউদ্দীন আহমদ বলেন, “আমি এ কথার সঙ্গে একমত নই। তার কারণ হলো, বিএনপি এমন একটি দল, যার তৃণমূল পর্যন্ত সমর্থন ও ভিত্তি রয়েছে। এবং কোথাও কোথাও একটু শিথিল হচ্ছে বটে কিন্তু এখন পর্যন্ত দলটি এই পর্যায়ে যায়নি যে খালেদা জিয়ার পরে দলটি ভেঙে যাবে।”

দ্বিতীয় প্রশ্নটি হলো: সিটি নির্বাচন থেকে জামায়াতের প্রাপ্তি কী? প্রশ্নটি এ কারণে যে আপনাদের বর্জন সত্ত্বেও তারা কিছু জায়গায় জিতেছে?

এর জবারে এমাজউদ্দীন বলেছেন, “জিতেছে, তবে আমি বলব ২০-দলীয় জোটভুক্ত দল হিসেবে এর ফলে তাদের দিক থেকে একটা অনৈতিক কাজও হয়েছে। কারণ, সবাই যখন বর্জন করছে, তারা তাদের প্রার্থী রেখে দিয়েছে। এটা ঠিক হয়নি।”

এক প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ সিটি নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেছেন, “ নির্বাচন কমিশন যে নিজেই একটি নির্বাচন এভাবে নষ্ট করতে পারে, সেটা আমি আশা করিনি। আশা করেছিলাম, আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। একটা পর্যায়ে গিয়ে আমরা ঠিকই গন্তব্যে পৌঁছাব। কিন্তু সিটি নির্বাচনে যে ব্যাপক কারচুপি হলো, বিশেষ করে ইসি যেভাবে তা সমর্থন করল, তা একেবারেই আশা করিনি। আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।

এই নির্বাচন কমিশনের কাছে কেন তিনি ভালো  কিছু আশা করেছিলেন- এই প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ বলেন, “ভদ্রলোক (সিইসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার থেকে তিনি প্রায় নয় বছরের কনিষ্ঠ। তাকে বলেছিলাম, আমরা বেশি কিছু চাই না, দুটো জিনিস চাই। প্রথমত, প্রত্যেক ভোটার যাতে তাদের মনমতো প্রার্থীদের ভোট দিতে পারেন। দ্বিতীয়ত, প্রত্যেক প্রার্থী যেন ভোটারদের কাছে পৌঁছাতে পারেন। বললাম, এটুকু না পারলে এখানে আপনারা আছেন কেন? পরে দেখা গেল তাঁর অফিসের পাশে বসেই লোকজন সিল মারছে। পরে বলেছেন, নিয়মমাফিক হয়েছে। এই বয়সের মানুষ যদি এটা বলতে পারেন, তাহলে আমরা কোথায় যাব ?”

এমাজউদ্দীন আহমদকে প্রশ্ন করা হয়েছিল, “বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সাধারণ নির্বাচন করার যে অবস্থান আপনি নিয়েছিলেন, তাতে কি চিড় ধরল? নাকি আপনি অটল থাকবেন?”

উত্তরে এমাজউদ্দীন আহমদ বলেন, “না, আর অটল থাকতে পারছি না। যখন আমি ওই কথাটা বলেছিলাম, তখনো কতগুলো শর্তসাপেক্ষে বলেছিলাম। সেগুলো ছিল ইসিকে সর্বতোভাবে শক্তিশালী করা। রিটার্নিং অফিসারসহ যারা নির্বাচনী ব্যবস্থাটা চালু রাখবেন, তাদের নিরপেক্ষ হতে হবে; দলীয় লোক যাতে না থাকে। যেমন, একটা নির্বাচন বৃটেনে দেখলাম। ভারতেও তা-ই চলছে। ভারতে পাঁচজন কমিশনার নেই, একজন সিইসি সুষ্ঠু নির্বাচন করছেন।”

সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব- এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে   তিনি বলেন, “আমি কিন্তু এখন সেই ফর্মুলাটা প্রস্তুত করার চেষ্টা করছি। আসলে এই ফর্মুলা প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েই আমি খালেদা জিয়াকে নির্বাচনে আসতে রাজি করিয়েছিলাম।”