রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

অচেনা লোকজন আমাকে তুলে নিয়ে যায়

salauddin indiaঅচেনা লোকজন তাকে রাজধানী ঢাকার উত্তরা থেকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

মেঘালয় পুলিশ সোমবার সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের পর স্থানীয় একটি মানসিক হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা মানসিক কোনো সমস্যা না থাকার কথা জানালে তাকে অন্য একটি সরকারি হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল স্থানান্তরের সময় সালাহ উদ্দিন নিজেই বলেন, ‘হ্যাঁ, আমিই বিএনপি নেতা সালাহ উদ্দিন। অচেনা লোকজন আমাকে রাজধানী ঢাকার উত্তরা থেকে তুলে নিয়েছিল। আমি জানি না আমি কিভাবে এখানে এলাম।’

‘অপহরণের’ পর আর কি হয়েছিল কিছুই মনে করতে পারছেন না বলে জানান ৫৪ বছর বয়সী এই রাজনীতিক।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে কিছু লোক তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ দুইমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হয়।

মঙ্গলবার ভারতের মেঘালয়ের পাসতোর হিলসে মেঘালয় ইস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সাইন্স (মিমহাস) হসপিটালের কর্তৃপক্ষ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীকে ফোন দেন। এ সময় সালাহ উদ্দিন তার স্ত্রীকে পাসপোর্টসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে আনার কথা বলেন।

অনন্ত’র টাইমলাইন

ananto bijoyমঙ্গলবার সকালে দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করেছে অনন্ত বিজয় দাসকে। ব্লগ সাইট মুক্তমনায় নিয়মিত লিখতেন তিনি৷

হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ব্লগার অভিজিৎ রায় হত্যার পর মুক্তমনার আরো এক ব্লগারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবারো তোলপাড় শুরু হয়েছে।

তার মৃত্যুর পর অনেকেই মুক্তমনায় প্রকাশিত অনন্তর পোস্ট ও ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইন নিয়ে কৌতুহলী হয়ে উঠেছেন।

অনন্ত বিজয় দাস
গত দু’বছর ধরেই ইন্টারনেটে একটি হিট লিস্ট নিয়ে আলোচনা চলছে৷ বলা হচ্ছে, বাংলাদেশের ৮৪ জন ব্লগার, অ্যাক্টিভিস্টের নাম রয়েছে সেই তালিকায়, যাদের মধ্যে ন’জন এখন পর্যন্ত খুন হয়েছেন৷ মানবাধিকার সংগঠন রিপোর্টার্স উইদাআউট বর্ডার্স এই তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ তবে পুলিশ লিস্টের অস্তিত্বের কথা স্বীকার করেনি৷

নিহত ব্লগার অনন্ত বিজয় দাশ মুক্তমনা ব্লগে মূলত মানুষের জন্মের ইতিহাস, জীববিবর্তন, বিবর্তনবাদ, ডারউইন তত্ত্ব ও বিজ্ঞানের নানা বিষয়ে লেখালেখি করতেন।

উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে মঙ্গলবার সকালে দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

তাকে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এর আগে যে তিনজন ব্লগারকে প্রায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ধারণা করা হয় যে ইসলামের সমালোচনা করার কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে।

প্রশ্নবিদ্ধ পুলিশ
ব্লগার দাস হত্যাকাণ্ডের পর আরিফ জেবতিক ফেসবুকে লিখেছেন, ‘‘৮৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছিল দুই বছর আগে, তালিকা থেকে নবম হত্যা হয়েছে আজকে সিলেটে৷ তালিকা নিশ্চয়ই চূড়ান্ত নয়, গত দুই বছরে আরো নাম সেই তালিকায় নির্ঘাত যুক্ত হয়েছে৷ কিন্তু অন্তত এই ৮৪ জনের ব্যাপারে গত ২ বছরে কোনো খোঁজখবর হয়নি, তারা নিয়মিত বিরতিতে খুন হওয়া শুরু করেছেন৷”

মুক্তমনায় প্রোফাইল
বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোটকাগজ ‘যুক্তি’র সম্পাদক। মানবতা এবং যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মুক্তমনা র্যাশনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ : (১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। (২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। (৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। (৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪

ফেসবুক টাইমলাইন
ব্লগার অনন্তর মৃত্যুর পর ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে মন্তব্য করছেন অনেকেই। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে Jannatul Laboni‎ লিখেছেন- দাদা তুমি ছিলে , আছো, থাকবে। আমাদের চেতনায়, ধমনীতে। দাদা আমরা তোমরা উতরাধিকারী। lal salam। লীল লোহিত ১০টা ৫৮ মিনিটে লিখেছেন, অনন্ত বিজয়, তোমার মৃত্যু আমাকে অপরাধী দেয়! ১০টা ৩৪ মিনিটে Shuvo Majumdar লিখেছেন, Dada Rest in peace. ৯টা ৩৬ মিনিটে মন লিখেছেন, আমি দুঃখিত,দাদা। সত্যিই বলেছিলেন আপনি। আমারই বুঝতে দেরি হয়ে গিয়েছিল। ক্ষমা করো, দাদা।

এ ছাড়া অপ্রস্তুত চৌধুরী লিখেছেন, কত কথা বাকি ছিল।

Russell Jdp লিখেছেন, যেসব গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা অথবা রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা এই প্রোফাইল এখন ঘাটাঘাটি করছ তাদের প্রতি রইলো তীব্র ঘৃণা । REP Ananta Bijoy।
Penumbra Talisman লিখেছেন, He was a one of my good friend.We used to hang around,studied together.He was a good and kind person.So many sweet memories…..Can’t believe that he is no longer alive..I read his statuses and told him not to write like that.Some people are only mentioning that he was against Islam but as far I have seen not only Islam,he was against all of the religions.Our prophet Muhammad SAW’s(Peace be upon him)uncle Abu Lahab was the biggest critics and created so much problems for him,hurt him but still Prophet didn’t do anything to him.Now days using name of Islam people are doing all the bad things and trying to justify.My point is,why wasn’t he left alone and let him write his blog.If some one is a believer,he is not gonna follow him.Almost 10 years or more then that didn’t meet him but still he was my friend and remain as a friend.Allah Rabbul Al Amin please forgive him and he knows the best.Whatever he wrote on his blog,still didn’t deserve to be killed.I want justice for his death and his family…।

চার্বাক শুভ্র লিখেছেন, কদিন আগে দেখায় বলেছিলাম, কবে বিয়ে করবেন অনন্ত দা ? বিয়েটা আর করা হলোটা, চাকরিটা আপনি পেয়েছিলেন সত্যি !

Utsab H Pronoy লিখেছেন, ভাবতে পারছিনা যে আপনি আর আমাদের মাঝে নেই! তিন ঘণ্টা আগে আপনার স্ট্যাটাসটা পড়ে ক্লাসে গিয়েছিলাম, আর এখন এসে দেখি…

কী ছিল সেই স্ট্যাটাস?
মঙ্গলবার সকালে ফেসবুকে দেয়া তার শেষ স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“একজন ক্ষমতাসীন সাংসদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে প্রকাশ্যে চাবুক মারার ইচ্ছা প্রকাশ করেছেন। চাবুক তো একসময় জমিদারদের হাতে হাতে থাকতো। প্রজাদের পান থেকে চুন খসলেই বলা নেই, কওয়া নেই চাবকিয়ে পিঠের চামড়া তুলে ফেলতো তারা। কিন্তু জমিদাররা পুকুর চুরি করলেও কারো মুখে রা কাটতো না!

ভাগ্য ভালো বলতে হয় আমাদের, এখন সেই আর জমিদারি যুগ নেই, তবে বিলুপ্তপ্রায় অঙ্গ অ্যাপেনডিক্সের মতো কতিপয় উচ্ছিষ্ট জমিদার রয়ে গেছে এখনও! জনাব সাংসদ, আপনি কোন অপেনডিক্স বংশের জমিদার বলবেন কি?

সাংসদের চাবুক মারার কথা শুনে আমারও অধ্যাপক আজাদের মতো জানতে ইচ্ছে করে, আপনি কী পাস সেটা এখন আর জানার দরকার নেই, আপনি কী ফেল সেটাই না-হয় বলুন! মেধা-গুণ-বুদ্ধিবৃত্তিক চর্চার কোনো দিক দিয়ে যে অধ্যাপকের হাঁটুর কাছে বসার যোগ্যতা এদের নেই তারাই আবার ওই অধ্যাপককে চাবুক মারার কথা বলে! কলিকালের শিক্ষা একেই বলে!

সাংসদ ক্ষমতার জোরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হয়েছেন, তাতেই লঙ্কা বিজয় করে ফেলেছেন ভাবখানা ধারণ করে আছেন! একটা অনির্বাচিত সংসদের মেম্বার হয়েছেন, যেখানে লজ্জায় আপনাদের বিনম্র হওয়ার কথা, তা-না, উল্টো আপনাদের অনির্বাচিতদের ক্ষমতার দম্ভ দেখলে মনে হয়, বেহায়া আর কাকে বলে!

সাংসদ, কোনো বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় আপনি কখনো গিয়েছেন কি-না সেটা জানার দরকার নেই আমাদের, আপনি বরং প্রাইমারি স্কুলের একজন শিক্ষককের নাম বলুন, বেঁচে থাকলে ওই শিক্ষককে আমরা জিজ্ঞেস করতাম, শৈশবে এরকম একটা বেয়াদপকে শিক্ষা দিয়ে নিজের অর্থপ্রাপ্তি ঘটানোর চেয়ে আপনার বরং কৃষিকাজই উত্তম ছিল। শিক্ষকতা পেশাকে কলুষিত করার কী দরকার ছিল!

জনাব সাংসদ আমাদের বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষককের বিরুদ্ধে “সিলেট-বিদ্বেষ”-এর অভিযোগ এনেছেন। তা জনাব, সিলেটের প্রতি এতো “আলগা-প্রেম” দেখানোর দরকারটাই বা কী! সিলেট কি বাংলাদেশের ভিতরে অন্য কোনো দেশের ছিটমহল, নাকি অন্য দেশের ভিতরে বাংলাদেশের কোনো ছিটমহল! আপনি কি কখনো প্রমাণ করতে পারবেন, আপনার তথাকথিত অভিযোগে অভিযুক্ত শিক্ষক “বাংলাদেশ-বিদ্বেষী”! অধ্যাপকের প্রতি আপনাদের এতো গাত্রদাহের কারণটা কি? শুনেছি এই সাংসদের পিতা ছিলেন একাত্তরের পাকিস্তানের গণহত্যার সহযোগী শান্তি কমিটির প্রভাবশালী ব্যক্তি। আর আমাদের বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে একটি বজ্রকঠিন সাহসী কণ্ঠ। তিনি ক্লাসে, লেখালেখিতে, ভাষণে তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, ৭১-এর চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেন। শিক্ষার্থীরা যেন অন্তর থেকে বাংলাদেশকে ভালোবাসে এজন্য দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেই বোধহয়, আমাদের সাংসদের অধ্যাপকের নাম শুনলেই গাত্রদাহ শুরু হয়। সমীকরণটা বেশ সোজা।

সাংসদ অভিযোগ করেছেন, ওই শিক্ষকের কারণে নাকি সিলেটবাসীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে না!! হাস্যকর কথাবার্তা! সিলেটবাসী মেধার জোরে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এতে কার কি সমস্যা আছে? আঞ্চলিকতার ভিত্তিতে কোটাভিত্তিক ব্যবস্থা যারা চান সিলেটিদের জন্য, তাদের উদ্দেশ্যে বলি, ঢাকাবাসী যদি দাবি করে শুধু ঢাকাইয়ারা ঢাবিতে পড়বে, অন্য কেউ না, চট্টগ্রামবাসী যদি দাবি করে শুধু চট্টগ্রামের লোকেরা কেবল পড়বে তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী, খুলনা, বরিশালে যদি এমন দাবি উঠে তবে তো বাংলাদেশ আর অখণ্ড দেশ বলার দরকার নেই… বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে একেকটা অঞ্চলকে স্বাধীন দেশ বানিয়ে দিলে চলবে! সিলেটিরা কি ঢাবিতে, চবিতে, রাবিতে লেখাপড়া করছে না? শাবিপ্রবিতে কি সিলেটিরা পড়ছে না?

জনাব সাংসদ, বিশ্ববিদ্যালয় শব্দটার মানেই হচ্ছে বিশ্বপরিসরের বিদ্যালয়! তা আপনাদের মতো কতিপয় “ছিলটি মৌলবাদী”র বক্তব্য শুনলে মনে হয়, বিশ্ববিদ্যালয়কে আপনারা নিজের এলাকার প্রাইভেট কিন্ডারগার্টেনের চেয়ে বেশি কিছু মনে করেন না। হয়তো ক্ষমতাসীন সাংসদ হওয়ায় আপনি নিজে কোনো প্রাইভেট স্কুল বা কিন্ডারগার্টেনের পরিচালনা-কমিটির সদস্য, তাই বিশ্ববিদ্যালয় আর পারিবারিক সম্পত্তি কিন্ডারগার্টেনের মধ্যে তফাৎ আপনি খুঁজে পান না। “ছিলটি-মৌলবাদী”দের কাছে সিলেট বাংলাদেশের কিছু নয়, সিলেট আলাদা একটা রাষ্ট্র! তাই বলি কী, সিলেটকে আগে বাংলাদেশ থেকে আপনারা বিচ্ছিন্ন করে ফেলুন, আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করুন, তারপর না-হয় যতখুশি “সিলেটি-প্রেম” দেখাবেন, আর তথাকথিত “সিলেট-বিদ্বেষী”দের খুঁজে বেড়াবেন। বাংলাদেশে থেকে, বাংলাদেশের খেয়ে, বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে, বাংলাদেশের জাতীয় সংসদের সাংসদ হয়ে বেশরমের মতো “আঞ্চলিকতা” করে বেড়াবেন তা তো হতে পারে না! আপনারা না-হয় আগে বাংলাদেশি আইডেনটিটি ত্যাগ করুন!

২০০৭ সালের দিকে আমি যখন “যুক্তি”র প্রথম সংখ্যাটা সম্পাদনা করি, সেখানে লেখক সুমন তুরহান-এর লেখা প্রকাশ করেছিলাম, যার নাম ছিল “সিলেটি মৌলবাদ”। এই লেখার শেষের দিকের কিছু অংশ এখানে তুলে ধরছি :

“সিলেট, মহাসমুদ্রের একটি ক্ষুদ্রতম চর, আর আমরা সেই চরের অধিপতিরা, আর কিছু করতে না পারলেও জন্ম দিয়েছি একটি স্বতন্ত্র মৌলবাদের। সিলেটি মৌলবাদ, অত্যন্ত নীরবে, বহুদিন ধরেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ মহামারি আকারে, এখনই এই প্রগতিবিরোধী আঞ্চলিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের গোষ্ঠীবদ্ধ করে রেখে কোনো ইতিবাচক অর্জন আনা সম্ভব নয়। কোনো মুক্তমনের মানুষই আঞ্চলিক মৌলবাদে দীক্ষিত হতে পারে না; পারেন না সংকীর্ণতার দেয়ালে নিজেকে আবদ্ধ করে রাখতে। পৃথিবীটা অনেক বড়ো, তবে আমাদের সুশীল ভণ্ডরা এখনো বেশ আদিম, তাঁদের সময় এসেছে কুয়োর বাইরে বেরিয়ে এসে বিশাল বিশ্বটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার। আমরা প্রত্যেকে মানুষ, এবং আমরা প্রত্যেকেই বাঙলাদেশের বাঙালি–এই সহজ সত্যটি উপলব্ধি করতে সিলেটবাসীর আর কতোকাল লাগবে?”

পুলিশের দায়িত্বহীনতা নিয়ে স্ট্যাটাস
এর আগে সোমবার তিনি অভিজিৎ রায় খুনের সময় পুলিশের দায়িত্বহীনতা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। একদিন পরই তাকেও খুন হতে হলো। এ খুনের সময়ও পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ তুলছেন অনেকেই। পাঠকদের জন্য অনন্তর এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“অভিজিৎ রায়কে যখন খুন করা হয়, অদূরেই পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখেছিল। খুনিরা নিশ্চিন্তে খুন করে চলে গেল। পরে পুলিশ বলে তাদের নাকি দায়িত্বে অবহেলা ছিল না। বড় জানতে ইচ্ছে করে তাদের দায়িত্বটা আসলে কী!
ওয়াশিকুর রহমান বাবুকে যখন খুন করে খুনিরা পালিয়ে যাচ্ছিল তখনও কিন্তু পুলিশ দাঁড়িয়ে ছিল। কিন্তু পুলিশের কপাল খারাপ, তারা বলতে পারলো না— এক্ষেত্রেও তাদের কোনো দায়িত্বে অবহেলা ছিল না। কারণ, লাবণ্য নামের তৃতীয় লিঙ্গের একজন মানবিক মানুষ খুনিদের ধরে ফেলেন। খুনিদের শ্রীঘরে পাঠিয়ে দেন।

বর্ষবরণে হাজার হাজার মানুষের সামনে যখন নারীদের একে একে লাঞ্ছনা করা হচ্ছিল পুলিশ তখন নিধিরাম সর্দার। তারা তখন মূলত দায়িত্ব অবহেলা না করতে সচেষ্ট ছিল। যৌনসন্ত্রাসী গুলোরে পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দিতেই তারা ব্যস্ত ছিল। তাইতো লিটননন্দীসহ আরো কয়েকজন মিলে কয়েকটা যৌনসন্ত্রাসীকে ধরে পুলিশের হাতে তুলে দেন, পুলিশ কিছুসময় পরে এদের ছেড়ে দেয়। মিডিয়ায় এবিষয়ে যখন হৈচৈ, পুলিশ তখন সাফ অস্বীকার করে এরকম কোনো ঘটনা ঘটেনি। কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি!! সিসিটিভির ফুটেজে যখন অপরাধীদের দেখা গেল, তখন তারা চুপ। পুরানো গিটার আবার বাজালো। কেউ তাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। সোশাল মিডিয়ায় এতোদিনে কয়েকটা যৌনসন্ত্রাসীকে চিহ্নিত করার পরও পুলিশ নিষ্ক্রিয়। তাদের কোনো দায়িত্বে অবহেলা নেই।

ছাত্রইউনিয়নসহ কয়েকটি বামসংগঠন ডিএমপি পুলিশের কাছে প্রতিবাদ লিপি দিতে গেল, অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না, নিদেনপক্ষে কোনো উদ্যোগ কেন নেই…. পুলিশ তখন ঝাপিয়ে পড়ে। লাথি দিয়ে, বন্দুকের বাঁট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহত করে!! এক্ষেত্রেও আমি শুনতে পাই… আসলেই পুলিশের দায়িত্ব অবহেলা নেই! কিন্তু বড়ই জানতে ইচ্ছে করে …. পুলিশের দায়িত্বটা আসলে কী!!”

জিতল বায়ার্ন, ফাইনালে গেল বার্সেলোনা

barca13ঘরের মাঠে মুখরক্ষা হলো পেপে গুয়ার্দিওলার।  কিন্তু ফাইনালে যাওয়া থেকে বার্সেলোনাকে আটকাতে পারলেন কোথায়! মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ৩-২ জিতল বায়ার্ন মিউনিখ। কিন্ত প্রথম পর্বে ৩-০ এগিয়ে থাকায় দু’পর্ব মিলিয়ে  ৫-৩ ম্যাচ জিতে নিল বার্সেলোনা।

পেপ গুয়ার্দিওয়ালা নিজেও জানতেন যে, বার্লিনে ফাইনাল খেলতে যাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে তার৷না, এবারের মতো আর ইউরোপ সেরা হওয়ার দৌড়ে থাকতে পারল না তার বুন্দেশলিগা জয়ী টিম৷ম্যাচের পর মুলার-লেওয়ানডস্কিদের উদ্দেশ্যে তাই বলে দিলেন, ‘তোমাদের জন্য আমি গর্বিত৷পরের চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবার আগে আমরা সেলিব্রেট করব৷হতাশ হওয়ার কোনও কারণ নেই৷’সত্যিই তো বায়ার্ন বুধবার অ্যালায়েঞ্জ এরিনায় দারুণ ফুটবল খেলল৷ম্যাচটাতো গুয়ার্দিওয়ালার টিমের ফুটবলাররাই জিতল৷কিন্তু লেগের নিয়মে জিতে গেল বার্সেলোনা৷ দুই লেগ মিলিয়ে ৩-৫ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল মেসির টিম৷

ম্যাচের সাত মিনিটেই মেদহি বেনাতিয়ার গোলে এগিয়ে যায় বায়ার্ন৷কিন্তু ১৫ ও ২৯ মিনিটে নেইমারের জোড়া গোলই বার্সেলোনার বার্লিনে যাওয়ার ভাগ্য লিখে দেয়৷নেইমারের দু’টি গোলেই লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির অবদান রয়ে গেল৷নেইমারের প্রথম গোলটায় মেসির ডিফেন্স চেরা পাসে লুইস সুয়ারেজে বল পাঠিয়েছিলেন নেইমারকে। এগিয়ে আসা বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ারকে ফাঁকি দিতে কোনোও সমস্যা পোহাতে হয়নি ব্রাজিলের সুপারস্টারের। নেইমারের দ্বিতীয় গোলটিতে সেই সুয়ারেজই নেইমারকে পাস বাড়িয়েছেলেন৷যা নেইমার বুকে রিসিভ করেই গোলপোস্টে পাঠিয়ে দেন৷

ম্যাচের ৫৯ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেওয়ানডস্কি। ডি-বক্সের ঠিক ভেতরে জেভিয়ার ম্যাসচেরানোকে বোকা বানিয়ে বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। এরপর ৭৪ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার৷এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সা। বুধবার জুভেন্তাস ও রিয়ালের মধ্যে জয়ী দলের বিরুদ্ধেই আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লুইস এনরিকের দল৷লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত মেসিদের৷অসাধারণ সময়ের মধ্যে দিয়ই যাচ্ছে কাতালান ক্লাবটি৷মেসিরা ফাইনালে জিততে পারলে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ঘরে আনতে পারবেন৷সারা বিশ্ব এখন ফাইনালে ‘এল ক্লাসিকো’ই চাইছে৷অর্থাৎ মেসিদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদেরই দেখতে চাইছেন সকলে৷এখন দেখার রোনাল্ডোর রিয়াল নিজেদের ঘরের মাঠে জুভিদের হারাতে পারেন কী না?

বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘সেলফি’ কোর্স

selfi55সেলফি কিভাবে তুলতে হয় সেবিষয়ে ক্যালিফোর্নিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে একটি অভিনব কোর্স চালু করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এই কোর্সের নাম হচ্ছে, ‘রাইটিং অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং: আইডেন্টিটি অ্যান্ড ডাইভার্সিটি।’

তবে যুক্তরাষ্ট্রের এই সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কোর্সটি অনেক বেশি পরিচিত ‘সেলফি ক্লাস’ হিসেবেই।

এল এ টাইমস নামের একটি পত্রিকা এই খবরটি দিয়েছে।

কোর্সের একজন সহযোগী অধ্যাপক মার্ক ম্যারিনো বলেছেন, এই কোর্সে অনুসন্ধান করা হয় কিভাবে একটি ছবি, বিশেষ করে একজন মানুষের সেলফি, ওই মানুষের পরিচয়, তার লিঙ্গ, জাতীয়তা, তার যৌনতা এবং আর্থসামাজিক অবস্থাকে তুলে ধরে।

এসব ছবি যারা দেখেন তারা এতে কিভাবে এতে সাড়া দেয় সেটাও গবেষণা করে দেখা হয় এই কোর্সে।

ছাত্রছাত্রীদের নিজেদের তোলা সেলফির পাশাপাশি বিখ্যাত ও সুপরিচিত লোকদের সেলফিও পড়ানো হয় সেখানে।

অনেকেই মনে করেন যে সেলফি হচ্ছে আধুনিক যুগের আত্মপ্রেম।

কিন্তু এই কোর্সের শিক্ষকরা সেটা অস্বীকার করে বলেছেন, মানুষের সাথে মানুষের যোগাযোগের এটা হচ্ছে সর্বশেষ মাধ্যম।

“যোগাযোগের এই প্রক্রিয়া শুরু হয়েছে যখন মানুষ আদিম যুগে একটা গুহার দেয়ালে হাতের ছাপ দিয়ে কিছু বোঝাতে চেষ্টা করতো, তারপর চিঠি লেখা আবিষ্কার হলো, তারপর নিজের ছবির প্রিন্ট কিম্বা ব্যক্তিগত দিনলিপি। আর এখন সেটা সেলফি।”

তবে এই কোর্সে লেখাপড়া করতে গিয়ে শিক্ষার্থীরা যাতে খুব বেশি আত্মপ্রেমে মেতে না থাকেন সেজন্যে তাদেরকে আরো কিছু কাজেও অংশ নিতে হয়।

সেসবের মধ্যে রয়েছে ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্যে আবেদন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাহায্য করা।

কর্তৃপক্ষ বলছে, এর ফলে তারা শুধু অনলাইনে সামাজিক নেটওয়ার্কের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে বাস্তবের লোকজনের সঙ্গে যোগাযোগেও নিজেদের ব্যস্ত রাখতে পারবে।– বিবিসি

১৫ থেকে ১৭ বছর বয়সি সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত

ecদেশে ১৫ বছর থেকে ১৭ বছর বয়সি সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত ভোট দেওয়া যাবে না।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের এক বৈঠকে এ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনারের নিকট উপস্থাপন করে।

কমিশন সূত্র জানায়, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কবে নাগাদ এ কার্যক্রম শুরু করা হবে তার কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে, ২০০০ সালের জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রথম পর্যায়ে ১ জুলাই থেকে ১৫ অক্টোবর, দ্বিতীয় ধাপে ১ আগস্ট থেকে ১৪ আগস্ট এবং শেষে ধাপে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে তথ্য সংগ্রহ করবে ইসি। এতে ৭২ লাখ ১৫ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ করার কথা ভাবছে ইসি।

কমিশন সূত্র আরো জানায়, যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রদান করা হবে। ১৮ বছর পূর্ণ হলে তারা ভোট দিতে পারবে। ২০১৬ সালের ২ মের মধ্যে নিবন্ধন কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

ট্রফি আর হারানো সম্মান ফিরিয়ে আনার শেষ লড়াই

ronaldo13গত শনিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগা ম্যাচ ড্র হওয়ার পরে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা খুঁজে পাচ্ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অবশেষে দেখা যায় মুখ গোমড়া করে মাথায় হাত দিয়ে বসে আছেন টানেলের মধ্যে। যেন সব কিছুই শেষ হয়ে গিয়েছে তার!

কোপা দেল রে আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করার পরে লা লিগার স্বপ্নও প্রায় শেষ। সিআর সেভেনের সামনে এখন শেষ সুযোগ বলতে একটাই। চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে তিনি শুধু রিয়াল মাদ্রিদকে মরসুমে নিজেদের প্রথম বড় ট্রফিটা দিতে পারবেন, তা-ই নয়। পারবেন নিজেকে নতুন করে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসাতেও। কিন্তু সেটা কি সম্ভব হবে?

হঠাৎ করে কিছুটা ম্লান হয়ে যাওয়া এই মহাতারকা আজ নামবেন কার্লোস তেভেজ, আন্দ্রে পির্লোর জুভেন্তাসের বিরুদ্ধে।  প্রথম পর্বে জুভেন্তাস স্টে়ডিয়ামে ১-২ মুখ থুবড়ে পড়তে হয়েছিল রোনাল্ডোদের। সান্ত্বনা পুরস্কার বলতে শুধু মাত্র একটা অ্যাওয়ে গোল। এই অবস্থায় জুভেন্তাসকে হারাতে না পারলে রোনাল্ডোর শ্রেষ্ঠত্বের উপরই কিন্তু প্রশ্ন উঠে যেতে পারে।

ইতিমধ্যেই সমর্থকদের কটাক্ষের শিকার হতে হচ্ছে সিআর সেভেনকে। কয়েক জন আবার চমকপ্রদ ভাবে প্রতিবাদে সরব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যারা মনে করছেন, রোনাল্ডো বুড়ো ঘোড়া হয়ে উঠেছে। যার বড় রেসে দৌড়নোর ক্ষমতা চলে গিয়েছে। মরসুমে ৫৪ গোল করলেও বিশেষজ্ঞদের মতে সেই ধারাবাহিকতা হারিয়ে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। আগে রোনাল্ডো নামা মানেই ডিফেন্ডার নাস্তানাবুদ হওয়া। সেই ভয়টা নাকি এখন বিপক্ষের চলে গিয়েছে।

যদিও এই মনোভাবের সঙ্গে একদম একমত নন দলের ইতালীয় কোচ কার্লো আন্সেলোত্তি। যিনি কিছু দিন আগেই বলেছিলেন, সিআর সেভেনের দুটো পায়ের ক্ষমতা আছে যে-কোনও ম্যাচের ছবি পাল্টে দেওয়ার। ‘‘রোনাল্ডোকে সমর্থকরা টিটকিরি দিচ্ছে কেন জানি না। ও যদি এই মরসুমে আর গোল নাও করে, তাতেও ওর শ্রেষ্ঠত্বে কোনো দাগ লাগবে না।’’ বলছেন রিয়াল কোচ।

কিন্তু রোনাল্ডোর ধারাবাহিকতার অভাব যদি রিয়াল কোচের চিন্তার এক নম্বর কারণ হয়, তা হলে দু’নম্বর অবশ্যই রিয়াল ড্রেসিংরুম। শোনা যাচ্ছে, গ্যালাকটিকসদের মধ্যে এখন ঝামেলা লেগে গিয়েছে। কিছু দিন আগেই গ্যারেথ বেলের এজেন্ট অভিযোগ জানিয়েছিলেন, দলের বাকি ফুটবলাররা নাকি বেলকে বল পাস দিতে চাইছে না। ভালো স্প্যানিশ না জানায় ক্রমশ একা হয়ে যাচ্ছেন ওয়েলস উইজার্ড। যে বিবিসি গত মরসুমে ফুটবলের অন্যতম সেরা শক্তি ছিল, সেই ত্রিভুজের বেঞ্জিমা ও রোনাল্ডোর সঙ্গেও নাকি কথা বলেন না বেল। কিন্তু জুভেন্তাস ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও আন্সেলোত্তির দাবি, দলে কোনো সমস্যাই নেই। ‘‘বেলের এজেন্ট কি আমাদের ট্রেনিং দেখতে আসে? ও তা হলে জানবে কী করে ড্রেসিংরুমে কী চলছে। বেলের সঙ্গে কারও কোনও ঝামেলা নেই।’’ সঙ্গে আবার এটাও জানালেন, জুভেন্তাসের বিরুদ্ধে বেল ও রোনাল্ডোর সঙ্গে শুরু থেকেই খেলবেন বেঞ্জিমা। ‘‘বেঞ্জিমা এখন পুরোপুরি ফিট। ও প্রথম থেকেই খেলবে।’’

রিয়াল যখন অগ্নিপরীক্ষার মুখে, জুভেন্তাস আবার ইতালীয় ফুটবলের হারিয়ে যাওয়া আধিপত্য ফিরিয়ে আনার লড়াইয়ে। ২০১০-এ ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে আর কোনো বীরগাথা নেই ইতালীয় দলগুলোর। দ্বিতীয় পর্বে দলে ফিরবেন পল পোগবা। জুভেন্তাসের যে ডিফেন্ডারকে ২০১৪ বিশ্বকাপে কামড় দিয়েছিলেন লুই সুয়ারেজ সেই জিওর্জিও চেলিনি বলছেন, ‘‘আমার ক্লাব কেরিয়ারের সব থেকে বড় ম্যাচ। রিয়ালের বিরুদ্ধে লড়াইটা খুব সম্মানজনক।’’

উত্তর কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

yong chol২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন হায়ুন ইয়ং-চোল

সিউল: উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ সেদেশের প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া গোয়েন্দা দপ্তর।

বিমান বিধ্বংসী গোলার আঘাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

ধারণা করা হচ্ছে যে, দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রায় দুই সপ্তাহ আগে ওই ঘটনা ঘটলেও সম্প্রতি সেটি জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এক প্রতিবেদনে গোয়েন্দা দপ্তর ইয়োনহাপ জানিয়েছে, ৩০ এপ্রিল উত্তর কোরিয়ায় এক বিমান বিধ্বংসী গোলার আঘাতে হায়ুন ইয়ং-চোল নিহত হন।

সম্প্রতি তিনি দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হয়ে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ বলছে, একটি অনুষ্ঠান চলার সময় কিম জং-উনের উপস্থিতিতে মি. ইয়ং-চোল ঘুমিয়ে পড়েছিলেন। তবে সেই ঘটনার জের ধরেই এই মৃত্যুদণ্ড কি না, তা এখনো পরিষ্কার নয়।

তবে উত্তর কোরিয়ার কোনো সূত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।

২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মি. ইয়ং-চোল।– বিবিসি

আড়াইহাজারে ২ যুবকের লাশ উদ্ধার

narayonganj mapনারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এদের মধ্যে একজনের নাম ফারুক। সে রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মৃত আ. হাই মিয়ার ছেলে। ফারুক পেশায় একজন রিকশাচালক।
অপরজনের নাম সিফাত। সে নরসিংদী সদর থানার সাগরদিয়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, ফারুকের লাশ দুপ্তারা ইউনিয়নের পাটিতাপাড়ার নুরুল হুদার পরিত্যক্ত ভিটা থেকে এবং সিফাতের লাশ জাঙ্গালিয়া এলাকা থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কী লিখতেন নিহত ব্লগার অনন্ত

muktomonaaনিহত ব্লগার অনন্ত বিজয় দাশ মুক্তমনা ব্লগে মূলত মানুষের জন্মের ইতিহাস, জীববিবর্তন, বিবর্তনবাদ, ডারউইন তত্ত্ব ও বিজ্ঞানের নানা বিষয়ে লেখালেখি করতেন।

উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে মঙ্গলবার সকালে দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

তাকে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এর আগে যে তিনজন ব্লগারকে প্রায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ধারণা করা হয় যে ইসলামের সমালোচনা করার কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে।

অনন্ত বিজয় দাশ তার লেখায় কখনো কখনো টেনে এনেছেন ইসলামসহ অন্যান্য ধর্মের প্রসঙ্গ। এছাড়াও তিনি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবীকে নিয়ে কিছু লেখা পোস্ট করেছেন।

মুক্তমনার প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর বিভিন্ন ব্লগে শফিউর রহমান ফারাবীকে আটক করার দাবি উঠলে পরে পুলিশ তাকে আটক করেছে।

‘জীববিবর্তন ও ইসলাম’ এই শিরোনামে ২০১২ সালে পোস্ট করা একটি নিবন্ধে দাশ লিখেছেন, “ইউরোপ-আমেরিকার খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যেকার জৈববিবর্তন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি গণমাধ্যমে দীর্ঘদিন ধরে প্রচারিত-আলোচিত হলেও এ বিষয়ে বিশ্বের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না।..”

এরপর তিনি তার লেখায় ডারউইনের বিবর্তনবাদের বিষয়ে বাংলায় কি কি লেখা হয়েছে এবং বিশ্বের বিজ্ঞানীরা কি কি বলছেন তার একটি বিবরণ তুলে ধরেছেন।

এরকম আরো কয়েকটি লেখার শিরোনাম হচ্ছে, ‘জাভা মানব: একটি হোমিনিড ফসিল আবিষ্কারের কাহিনি’, ‘আমি কি একটা বাঁদর?’ ‘বিবর্তন কি কেবলই একটি তত্ত্ব?’ ইত্যাদি।

‘কোরানের ‘মিরাকল ১৯’-এর উনিশ-বিশ!’ – এই শিরোনামে আরেকজন লেখককে সঙ্গে নিয়ে লেখা একটি নিবন্ধে বলা হয়েছে, “বাংলাদেশ একটি ধর্মীয় রাষ্ট্র এবং শিক্ষার মান যথেষ্ট নিম্নমুখী হওয়ায় এ দেশ মিরাকল বিকাশের একটি উর্বর ভূমি। …ধর্মের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন অথচ ধর্মের নাম ভাঙিয়ে বা জড়িয়ে কোনো কিছু শোনানো হলে, সেটা তারা বিনা প্রশ্নে বিশ্বাস করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না।”

মুক্তমনায় তিনি যে ধরনের লেখা লিখতেন তার জন্যে ওই ব্লগ থেকে তাকে ২০০৬ সালে পুরস্কার দেয়া হয়েছিল।

ব্লগটি লিখেছে, “মানবতা ও যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ’ তাকে মুক্তমনা র্যাশনালিস্ট অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।”

তার প্রকাশিত কয়েকটি বইয়ের নাম: ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়, জীববিবর্তন সাধারণ পাঠ ইত্যাদি।

বিজ্ঞান বিষয়ক একটি লিটল ম্যাগাজিন ‘যুক্তির’ সম্পাদক ছিলেন তিনি। সূত্র: বিবিসি

নেপালে জোড়া ভূমিকম্পে মৃত ২৬

nepal12ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে আট হাজারের বেশি লোক মারা যাওয়ার পর মঙ্গলবার আধা ঘণ্টার ব্যবধানে আবারও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সর্বশেষ খবর পর্যন্ত ২৬ জনের মৃতের খবর পাওয়া গেছে। ভুমিকম্পের পর কাঠমান্ডু বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৩। এরপর বেলা ১টায় অপর ভূমিকম্পটি আঘাত হানে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৯।

প্রথম ভূমিকম্পটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে চীন সীমান্তের কাছে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। যা এভারেস্ট পর্বতের নিকটবর্তী শহর নামচি বাজার থেকে ৬৮ কিলোমিটার পশ্চিমে।

গত ২৫ এপ্রিলের ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পুর্বে এবং ১০ কিলোমিটার গভীরে। মঙ্গলবার দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল নেপালের কোদারি এলাকায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যমটি বলেছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে সিন্ধুপালচক জেলার চৌতারা এলাকায় ওই চারজন মারা গেছেন। এছাড়া ভূমিকম্পের পর ওই এলাকায় অন্তত তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে।

সর্বশেষ ভূমিকম্পে তিন শতাধিক লোক আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ধসে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

এদিকে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির কয়েকটি রাজ্য এবং বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে ভারতের উত্তরপ্রদেশে একটি ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।

এর দুই সপ্তাহ আগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির আট হাজারের বেশি লোক মারা যায়। এছাড়া বিধ্বস্ত হয় দেশটির ঐতিহাসিক সব স্থাপনা। সূত্র: রয়টার্স