রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রী উদ্ধার

trolar13ট্রলারযোগে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কোস্টর্গাড সেন্টমার্টিন থেকে থাই ট্রলারসহ ১১৬ যাত্রীকে নিয়ে টেকনাফ আসার পথে নাফনদীর মোহনায় ট্রলারটি আটকা পড়ে। পরে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে কয়েকটি ট্রলারে প্রায় ৯ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৬টার দিকে যাত্রীদের টেকনাফ নিয়ে আসা হয়। তবে থাই ট্রলারটি নাফনদীর মোহনায় ডুবন্ত অবস্থায় রয়ে যায়।
কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সাড়ে ৪ কিলোমিটার উত্তর-পশ্চিম এলাকায় মালয়েশিয়াগামী ট্রলারের অবস্থানের খবর পায় কোস্টগার্ড। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টর্গাড জওয়ানরা থাইল্যান্ডের একটি ট্রলারসহ ১১৬ যাত্রীকে উদ্ধার করে। তবে উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন অসুস্থ থাকায় তাদের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে দায়িত্বরত নৌ জাহাজ এসআর আমিনে চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরে রাত ৮টার দিকে সেন্টমার্টিন থেকে ট্রলারসহ উদ্ধার যাত্রীদের টেকনাফ নিয়ে আসার পথে নাফনদীর মোহনায় ট্রলারটি ডুবোচরে আটকা পড়ে পানি ডুকতে থাকে। পরে ট্রলারে থাকা ১১৬ যাত্রীকে ছোট ট্রলারে উঠিয়ে উদ্ধার করা হয়।
থাই ট্রলার থেকে উদ্ধার যাত্রীরা কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা, সিলেট, বগুরা, নারায়নগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, শরিয়তপুর, রাজবাড়ী, পটুয়াখালী, কালিগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, চট্রগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলার বাসিন্দা।

‘ব্লগার হত্যা ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের ওপর আঘাত’

hrw7ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনাকে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়- অনন্ত বিজয় দাসকে ১২ মে তার কর্মস্থলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মুক্তমান ব্লগে লেখালেখি করতেন। ওই ব্লগটি পরিচালনা করতেন আরেক মুক্ত চিন্তকারী অভিজিৎ রায়। গত ফেব্রুয়ারি মাসে একই কায়দায় তাকেও হত্যা করা হয়েছে। গত মার্চ মাসে আরেক ব্লগার ওয়াসিকুর রহমানকে একইভাবে হত্যা করা হয়েছে।
বিৃবতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, ‘ধর্মনিরপেক্ষ ব্যক্তি ও নাস্তিকদের ওপর এই ধরণের অবাধ আক্রমণ শুধুমাত্র তাদের স্তব্ধই করছে না বরং যারা বাংলাদেশে ধর্মীয় বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে চিন্তা করেন তাদের এক ধরণের হতাশাজনক বার্তা দিচ্ছে। ‘
তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত এই ধরণের হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করা। ধর্মীয় স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত সহ্য করা হবে না- এ বিষয়টি নিয়েও সরকারের বক্তব্য থাকতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় বাসার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অনন্ত বিজয় দাশকে (৩০) কুপিয়ে হত্যা করে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অনন্ত ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। তার সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত হচ্ছিল বিজ্ঞান বিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।

জাপানে ভূকম্পন অনুভূত

japan13জাপানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৬ টা ১২ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান দ্বীপ হনশু’র টোহোকুতে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূকম্পনের মাত্রা ৬ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল জাপানের মরিকার ১১৯ কিলোমিটার দূরে ৩৯ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধান সম্প্রচার সংস্থা এনএইসকে জানায়, ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায় নি।
স্থানীয় একটি বিদ্যুৎ সরবরাহকারি কোম্পানির মুখপাত্র জানায়, ভূমিকম্পে নিকটবর্তী কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয় নি। তবে ওই এলাকায় ট্রেন যোগাযোগব্যবস্থা সাময়িক বিঘ্নিত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি সর্তকতা জারি করে এমন একটি সংস্থা প্যাসিফিক সুনামি সর্তক কেন্দ্র জানায়, এ ভূকম্পনের ফলে কোন ধরণের সুনামির সর্তকবার্তা নেই।
চার বছর আগে একই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল। খবর: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।

ব্লগার অনন্ত হত্যায় অজ্ঞাত ৪ জনের নামে মামলা

ananto bijoyসিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে।
নিহতের বড় ভাই রতেশ্বর দাশ মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিমানবন্দর থানায় এ হত্যা মামলা করেন।
বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান, মামলায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।
ওসি জানান, মামলার এজাহারে বলা হয়েছে- ব্লগে লেখালেখির জন্য ধর্মান্ধগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
পুলিশের ধারণা, চারজন মুখোশধারী এই হত্যাকাণ্ডে অংশ নেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট মহানগরে হরতাল পালন করছে গণজাগরণ মঞ্চ। হরতালের সমর্থনে বুধবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট, চৌহাট্টাসহ বিভিন্ন এলাকায় মিছিল করে গণজাগারণকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় বাসার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অনন্ত বিজয় দাশকে (৩০) কুপিয়ে হত্যা করে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অনন্ত ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। তার সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত হচ্ছিল বিজ্ঞান বিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।
অনন্তকে হত্যার পর আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করেছে বলে আনসার বাংলা ৮ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়। তবে এ ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ওই ঘটনার দায় স্বীকার করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার সংশ্লিষ্টতার দাবি করা হয়েছিল।
অভিজিৎ হত্যাকাণ্ডের পর গত ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে।

চিত্রনায়ক সালমান শাহর মামা পিস্তলসহ আটক

salman mamaসিলেট নগরীর দাড়িয়াপাড়া থেকে লাইসেন্সকৃত পিস্তলসহ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা আলমগীর কুমকুমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাসা থেকে তাকে আটক করা হয়। পিস্তল দিয়ে পথচারিদের হুমকি এবং গুলিবর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে মহানগর যুবলীগ নেতা শান্ত দেব প্রাইভেটকার নিয়ে দাড়িয়াপাড়ার সড়ক দিয়ে যাওয়ার সময় কুমকুমের বাসার পাশে গিয়ে হর্ন বাজান।

এ সময় বাসার গেইটে দাঁড়িয়ে থাকা কুমকুম শান্ত দেবের গাড়ি থামিয়ে হর্ন বাজানোর কারণ জানতে চান। শান্ত সড়কে বাঁক থাকায় হর্ন বাজানো হয়েছে বলে জানান।

উভয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে কুমকুম তার লাইসেন্সকৃত পিস্তল থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা গুলি ছোঁড়ার সত্যতা পেয়ে রাত ১টার দিকে কুমকুমকে আটক করে থানায় নিয়ে যায়।

বুধবার সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, আলমগীর কুমকুমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার লাইসেন্সকৃত পিস্তলের গুলির হিসাব নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়ার বারুইপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আমিরুল ইসলাম (৫০) নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার করিমপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঐ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ময়নাল বিশ্বাস ও সুলতান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর আগেও এই দুই পক্ষের মধ্যে কয়েকদফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তারই জের ধরে আজ বুধবার ভোরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় পাঁচ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ময়নাল বিশ্বাস পক্ষের আমিরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পয়লা বৈশাখের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ বললেন আইজিপি

shohidulপয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি ও শ্লীলতাহানির চেষ্টা’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর বক্তব্যও ঠিক নয় বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে বেসরকারি টেলিভিশন সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করল। যাদের সামনে এই ঘটনা ঘটালো সেই পাবলিকরা তাদের কেন ধরল না। পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না।’

ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীর কথা ঠিক নয় বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, লিটন নন্দী একেক জায়গায় একেক ধরনের কথা বলেছেন। তবে লিটন নন্দীর কথা ধরে নিলেও দেখা যায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। লিটন নন্দীর বক্তব্য, পুলিশ লাঠিপেটা করে দুটি মেয়েকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছে।

আইজিপি আরও বলেন, ‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, কেউ আগায়া আসল না, বাকি লোক তাকিয়ে দেখল। একটা লোকও তো বলল না, এই লোকটাকে তারা চেনেন। তারা তাদের বাড়ির পাশের।’ তিনি বলেন, গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে সেদিনের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল, যাতে জনগণ তাদের সহযোগিতা করে। কিন্তু একটি লোকও তো তথ্য দিলেন না। এতে শুধু পুলিশকে দায়ী করলে হবে না।

প্রথমবার বারী সিদ্দিকী ও সালমা

bari slamaলোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। একই ধারার গানে সফলতা পেয়েছেন রিয়েলিটি শো থেকে উঠে আসা সালমা। এই দুই শিল্পী প্রথমবারের মতো গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ব্যবহার করা হবে সোনাবন্ধু শিরোনামের নতুন চলচ্চিত্রে।

দ্বৈতগানটি ছাড়াও সালমার কণ্ঠে এ চলচ্চিত্রে আরও কিছু গান থাকবে। এ প্রসঙ্গে মঙ্গলবার  ‘বানিয়া বন্ধু’ খ্যাত এ গায়িকা বললেন, যে গানগুলো শুনে শুনে বড় হয়েছি। সেই গানগুলো আবারও নতুনভাবে গাইতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদেরও ভাল লাগবে। আর বারী ভাই গুণী শিল্পী। তার সঙ্গে প্রথমবার গেয়েছি। বেশ ভাল লাগছে।

সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা শিরোনামের জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী ও সালমা। সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। শনিবার রাতে গানটি রেকর্ড করা হয়।

‘সোনাবন্ধু’ সিনেমায় থাকছে আরও দুটি প্রচলিত গান— ‘ও কী বন্ধু কাজল ভ্রমরা’ ও ‘কী জ্বালা দিয়া গেলা মোরে’। গান দুটিতে কন্ঠ দিয়েছেন সালমা।

জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় নির্মিত হবে ‘সোনাবন্ধু’। এতে বারী সিদ্দিকী ও সালমার গাওয়া গানে ঠোঁট মেলাবেন নবাগত তায়েব ও পরী মনি।

চলচ্চিত্রের পাশাপাশি সালমা ব্যস্ত আছেন দুটি একক এ্যালবামের গানে। লালনের গান নিয়ে পূর্ণাঙ্গ এ্যালবাম ও বিভিন্ন ধরনের গান নিয়ে আরেকটি এ্যালবাম নিয়ে অচিরেই শ্রোতাদের সামনে হাজির হবেন তিনি।

নেপালে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার নিখোঁজ

usa heliছয়জন মার্কিন নৌসেনা এবং দুজন নেপালি সেনাসহ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার নেপালে নিখোঁজ হয়েছে। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পরিবহণে হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল।

মঙ্গলবার সবশেষ ভূমিকম্পের উৎপত্তিস্থলের কয়েক কিলোমিটার দূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টেভ ওয়ারেন বলেছেন, নেপালে থাকা সেনাদের প্রতিবেদন থেকে তিনি জানতে পেরেছেন, জ্বালানি সমস্যা নিয়ে কথা বলছিলেন ক্রুরা। এর কিছু সময় পর হেলিকপ্টারে থাকা মার্কিন সেনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

নিখোঁজ হেলিকপ্টারটি খুঁজে পেতে মঙ্গলবার সন্ধ্যা নামার আগ পর্যন্ত ৯০ মিনিট অনুসন্ধান চালায় মার্কিন নৌবাহিনীর দুটি হেলিকপ্টার। কিন্তু কোনো সন্ধান মেলেনি। তবে স্থলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাতভর অনুসন্ধান করেও এ খবর লেখা পর্যন্ত হেলিকপ্টারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নেপালে ২৮ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। এই শোক কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবার আবারও ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এই ভূমিকম্পের মুহূর্তে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আর নেই

suchitraপশ্চিমবঙ্গের প্রখ্যাত কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মারা গেছেন। কলকাতার ঢাকুরিয়ায় নিজের বাড়িতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিবিসির কলকাতা সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান, ওষুধ খেতে গিয়ে গলায় পানি আটকে সুচিত্রা ভট্টাচার্য মারা যান বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

সুচিত্রা ভট্টাচার্য ১৯৫০ সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী সুচিত্রা কম বয়স থেকেই লেখালেখি শুরু করেছিলেন। বিয়ের পর কিছুদিন বিরতির পর  আবার লেখালেখি শুরু করেন। তবে তার বিপুল জনপ্রিয়তার শুরু নব্বইয়ের দশকে।

কাচের দেওয়াল’, ‘কাছের মান’, ‘দহ’, ‘হেমন্তের পাখি’, ‘নীল ঘূর্ণি’, ‘অলীক সুখ’-এর মতো উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প তাকে বহুলপঠিত লেখকের আসনে বসায়।

২০০৪ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি লেখাতেই মনোনিবেশ করেন সুচিত্রা। শহুরে মধ্যবিত্ত জীবন ও তার টানাপড়েন এবং নারীরা ছিল তার লেখার প্রিয় বিষয়।

তার লেখা উপন্যাস অবলম্বনে কলকাতায় যেমন চলচ্চিত্র নির্মিত হয়েছে, বাংলাদেশেও তৈরি হয়েছে নাটক।

তার আকস্মিক মৃত্যুর খবরে  পশ্চিমবঙ্গের সাহিত্যিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘বজ্রাঘাতের মতো মনে হচ্ছে। এই তো সে দিন দেখা হল, ফোনে কথা হল। এভাবে যে চলে যাবেন ভাবতেই পারিনি।’ একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাণী বসু এবং তিলোত্তমা মজুমদার।