সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

শিক্ষা কার্যক্রম বন্ধের হুমকি বেসরকারি শিক্ষকদের

manobbondhonচলতি বছরের জুলাই থেকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা না হলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে এ হুমকি দেন শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, ১ জুলাই থেকেই বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, সরকারি বিধি অনুযাযী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। এছাড়া শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণসহ শিক্ষক কর্মচারীদের চাকুরির বয়স ৬৫ বছরে উন্নীত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে শিক্ষক নেতা মোজাম্মেল হক বলেন, সরকার আমাদের দাবি না মানলে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। তালা দিয়ে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন— আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সমর, আবদুল খালেক, আবদুল মজিদ, সুনীল চন্দ্র পাল, হাসিনা পারভীন প্রমুখ।

ইঁদুরে নষ্ট করেছে ৭২৪ কোটি টাকার ধান, চাল, গম

shaharaচলতি অর্থ বছরে ইঁদুরে নষ্ট করেছে (২০১৪-১৫) ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম। এক অর্থ বছরেই খেয়েছে ৩ লাখ ৩০ হাজার ১৬৮ মেট্রিক টন ফসল।

রোববার সকালে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২০১৪-১৫ অর্থ বছরে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধান নষ্ট করেছে ইঁদুর। যার বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা। একই সময় ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন চাল নষ্ট করেছে ইঁদুরে।

যার বাজার মূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়াও গম নষ্ট করেছে ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

ধান প্রতি টন ১৮ হাজার ৫০০, গম ২৮ হাজার এবং চাল ৩২ হাজার টাকা টন মূল্য ধরে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সিরাজ আকরাম ও লতিফের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি মঙ্গলবার

traibunalমানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার (কসাই সিরাজ), খান আকরাম হোসেন ও লতিফ তালুকদারের বিরুদ্ধে আগামী ২৩ জুন মঙ্গলবার চূড়ান্ত যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে সিরাজ মাস্টারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান ও খান আকরাম হোসেন ও লতিফ তালুকদারের পক্ষে ব্যারিস্টার মীর সারোয়ার হোসেন অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হায়দার আলী ও সায়েদুল হক সুমন যুক্তি উপস্থাপন করেন।

এর আগে গত ১৫ জুন আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। গত ২৯ মার্চ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ৫ নভেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টারের বিরুদ্ধে ছয়টি এবং আবদুল লতিফ ও খান আকরামের বিরুদ্ধে যৌথভাবে চারটি অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ২৫ আগস্ট এই তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত সংস্থা। বর্তমানে এই তিনজন কারাগারে রয়েছেন।

মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

weatherরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে একথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গতকালের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি গতকাল মধ্য রাতে ১৮.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল- উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

jessoreযশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ব্রিকস নামে ইট ভাটার বিদ্যুতের তার ছিড়ে এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি মোল্লা খবীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)।

ইটভাটার ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভাটার বিদ্যুতের তার কোনোভাবে ছিড়ে পাশের পুকুরপাড়ে পড়ে ছিল। সকালে শিমুল নামে নয় বছর বয়সী এক শিশু ওই তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মিলন, সুমন ও ফাতেমা (৩২) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও মিলন ঘটনাস্থলেই মারা যান। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।

চিকিৎসাধীন শিমুলের অবস্থাও ‘ভালো নয়’ বলে জানিয়েছেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।

শিমুল দোদাড়িয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে। হতাহতরা সবাই সম্পর্কে আত্মীয়, তাদের বাড়িও পাশাপাশি।

বাঘ কাঁদে, বাঘ পতাকা ওড়ায়

bakhবাঘ কখনও কাঁদে!

শেরে বাংলার গ্যালারির দিকে তাকিয়ে সেই কথাটাই মনে হলো৷ গায়ে হলুদ-কালো ডোরাকাটা৷ শরীর ঘাম আর চোখের জলে মাখামাখি৷ হাতে ধরা সবুজ লালা জাতীয় পতাকা বিরামহীন ভাবে উড়িয়ে চলেছেন দুই বাঘ- শোয়েব আর মিলন৷

কারা এই শোয়েব আর মিলন?

এখানে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেটের দুই বাঘ হলো মিলন আর শোয়েব৷’ সোজা করে বললে তারাই এ পার বাংলার সেরা দুই ক্রিকেট সমর্থক৷

ভারতের যেমন সুধীর-গৌতম, পাকিস্তানের যেমন চাচা বা শ্রীলঙ্কার পার্সি অভয়শেখরা, বাংলাদেশের তেমনই মিলন-শোয়েব৷

পেশায় মোটর মেকানিক শোয়েব৷ বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্টেডিয়ামে যাওয়ার আগে বাড়িতে বাঘ সাজতে সাজতেই বললেন, ‘ভারতের সুধীর গৌতমের শচিন-ভক্তি দেখেই প্রেরণা পেয়েছিলাম৷’

মিলন আবার একটা সেলুন চালান৷ প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পর অবশ্য কথা বলার মতো অবস্থা ছিল না৷ আনন্দে কাঁপছিলেন৷ তার মধ্যেই বলে দিলেন, ‘দেশের হয়ে পতাকা ওড়াই, কোনো কষ্টই মনে হয় না৷ আর যখন দেশ এভাবে জেতে, কখন মনে হয় সারা জীবন এভাবেই দেশের পতাকা হাতে থাকতে পারি৷’

মিলনের গল্পটা একটু অন্যরকম৷ জুনিয়র পর্যায় পর্যন্ত খেলতেন৷ আর এগোতে পারেননি৷ কিন্তু সাধ আর সাধ্যের ফারাকটা থেকেই গিয়েছে৷ তবু দমানো যায়নি৷ বাইশগজে না পেরে গ্যালারি মাতাতে নেমে পড়েছেন৷ শোয়েব আবার মোটর মেকানিক বলে টিমে আলাদা কদর৷ তামিম, মাশরাফিদের গাড়ির সমস্যা হলে তার ডাক পরে৷

ম্যাচের আগে ঘণ্টা দু’য়েক করে বাঘ সাজার মেক আপ, আবার পরে রং তুলতে ঘণ্টা খানেক৷ এ ভাবেই শুধু ঢাকা নয়, তারা ঘুরে বেড়াচ্ছেন সারা বিশ্বে৷ অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ে, সব জায়গাতেই দেখা মিলছে কোনো না কোনো টাইগারের৷

শুধু মিলন-শোয়েবই নয়, বাংলাদেশ ক্রিকেট এখন সমর্থনেরও নতুন ভাষা লিখছে৷ জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশন৷ ইংল্যান্ডের বার্মি আমি, ভারতের ভারত আর্মির মতো সমর্থকদের সংগঠন দেখেই তৈরি বাংলাদেশের ‘বিসিএসএ’৷

বিসিকেএ-র কর্ণধার জুনেইদ পাইকার বলছিলেন বছর তিনেক আগে তাঁদের সংগঠন তৈরির ইতিহাসের কথা, ‘বিশ্বের প্রায় সব ক্রিকেট টিমেরই সমর্থকদের একটা সংগঠন আছে৷ আর আমাদের বাংলাদেশের সমর্থকদের আবেগের কোনো খামতি নেই৷ তাই ভাবলাম, এই আবেগকে আলাদা আলাদা না রেখে এক সুতোয় বাঁধলে কেমন হয়৷’

সেই ভাবনা থেকে জন্ম নিয়ে দিব্যি চলছে বিকেএসএ৷ গায়ে দেশের জার্সি৷ কখনও গানছেন, কখনও ড্রাম বাজাচ্ছেন৷ শুধু মাঠে সমর্থনই নয়, সারা বছর ক্রিকেট নিয়ে প্রদর্শনী, কুইজ শো-র মতো নানা রকম অনুষ্ঠানও করে চলেছে এই সংগঠন৷

শোয়েব, মিলনের মতো ভক্তদের স্পনসরও জোগাড় করেন৷ ভিসা করে দেন৷ কখনও সখনও পুরোটা পারেন না৷ শোয়েবের যেমন এ বার বিশ্বকাপ যাওয়া হয়নি ভিসা সমস্যায়৷ মিলন অবশ্য গিয়েছিলেন৷ নিজের পকেট থেকে খরচ হয়েছিল প্রায় দু’লক্ষ৷ জমানো পুঁজি ভেঙে৷

কোনো কিছুই অবশ্য দমাতে মাঠের বাইরের টাইগার জুটিকে৷ আজ রোববারও তারা শেরে বাংলায় থাকবেন৷

রূপক বসু: ভারতীয় সাংবাদিক

ঈদে মহাসড়কে কোনো ভোগান্তি হবে না

obaidulঈদকে সামনে রেখে সোমবার সব স্টেক-হোল্ডারদের নিয়ে একটি সভা করবে যোগাযোগ মন্ত্রণালয়। এ দিন ঈদে ঘরমুখো মানুষের জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করা  হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার ঈদে মহাসড়কগুলিতে কোনো ভোগান্তি হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরীর প্রবেশ এবং বহির্গমন পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবেলা, সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আমরা সক্রিয় রয়েছি।

তিনি বলেন, দেশব্যাপী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের প্রস্তুত রাখা হয়েছে। এখন দেশব্যাপী মহাসড়কগুলো যান চলাচলের উপযোগ রয়েছে।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

ওয়াবদুল কাদের বলেন, পদ্মা সেতুতে যুক্ত হবে চার লেন। ইতোমধ্যে, পদ্মাসেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, পদ্মাসেতুর কালো মেঘ কেটে এখন আলো ঝলমল করছে। পদ্মার দু’পাড়ে পদ্মায় এখন সৃষ্টির উৎসব। চলছে, নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ।

পদ্মাসেতু নির্মাণ অগ্রগতি বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ২ হাজার ৪ টন ক্যাপাসিটির হ্যামার এখন পদ্মাপাড়ে চলে এসেছে। অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শুরু হয়ে যাবে নদী শাসনের মূল কাজ। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মাসেতুতে চারলেন মহাসড়ক যুক্ত হবে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৪০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ঢাকা-জয়দেবপুর চারলেনের কাজও শেষ পর্যায়ে। আগামী ঈদে এসব মহাসড়কে কোনো দুভোগ, ভোগান্তি থাকবে না।

মেট্রোরেল সম্পর্কে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের যোগাযোগের নেটওয়ার্ক মেট্রোরেল প্রকল্পের কাজও এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ৮টি টেন্ডার আহ্বান করা হবে। এরপর আগামী ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলের কাজ শুরু হবে।

রাজধানীর যানজট প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, যানজট নগর জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনার নাম। এটা আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সবার সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা আশা করি স্বস্তি দিতে পারবো।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কথা তুলে তিনি বলেন, সড়ক-মহাসড়কে এখনো ঝরছে তাজা প্রাণ। ইতোমধ্যে, ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে সড়ক প্রসস্তকরণের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার  দেশের যোগাযোগমন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সড়ক পরিবহনমন্ত্রীদের সভা ভুটানে অনুষ্ঠিত হয়।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ উন্নয়ন প্রসঙ্গে পরিবহনমন্ত্রী বলেন, মধ্যমআয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, তা সফল করতে চাই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সুদৃঢ়। আঞ্চলিক ও উপআঞ্চলিক উদ্যোগগুলোর প্রতি আমাদের সরকারের রয়েছে সুদৃঢ় আস্থা ও সমর্থন।

মন্ত্রী বলেন, সার্ক ফ্রেমওয়ার্কের আওতায় একটি অভিন্ন সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠার সর্বপ্রথম ভাবনাটি ভেবেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ভাবনা আজ পল্লবিত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় চার প্রতিবেশী সন্দেহ-সংশয়ের দেওয়াল ভেঙে নির্মাণ করতে যাচ্ছে, সম্পর্কের এক সোনালী সেতুবন্ধ।

সড়ক পরিবহনমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় ঢাকা-কাঠমাণ্ডু সরাসরি বাস সার্ভিস চালু এবং নেপাল কর্তৃক মংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। গত ১৬ জুন ভুটানের রাজার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এ সময় ভুটানের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, ‘তিনি আমার মাদার ফিগার’। তিনি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে তার একমাত্র বন্ধু হিসেবে উল্লেখ করেন।

এ সময় আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা-থিম্পু সরাসরি বাস সার্ভিস চালু, ঢাকা-শিলং-গৌহাটি বিদ্যমান বাস সার্ভিস সম্প্রসারণ করে ভুটানের সামধ্রুপ ঝংকার পর্যন্ত চালু এবং ভুটান কর্তৃক সৈয়দপুর বিমান বন্দর ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের জন্য প্রস্তাব করা হয়।

এ ছাড়া ভুটানের পক্ষ থেকে বাংলাদেশ হতে খাদ্য, গার্মেন্টস, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন পণ্য আমদানি ও বাংলাদেশে ফলমূল ও বিদ্যুৎ রফতানির প্রস্তাব দেওয়া হয়।

চুক্তিটি সইয়ের মধ্য দিয়ে চার দেশের নির্ধারিত রুটে ব্যক্তিগত গাড়ি, পণ্য এবং যাত্রীবাহী পরিবহন চলাচল করতে পারবে। এতে চারদেশের মানুষের মধ্যে পিপল-টু-পিপল কন্ট্রাক্ট প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, যা দেশগুলোর অর্থনীতিতে সঞ্চার করবে গতিময়তা।

বিশ্বে জোরপূর্বক উদ্বাস্তু ৫৯ কোটি ৫০ লাখ: জাতিসংঘ

uddasto২০১৪ সালের শেষ নাগাদ বিশ্বে জোরপূর্বক উদ্বাস্তুর সংখ্যা বেড়ে ৫৯ কোটি ৫০ লাখ হয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে। এ কারণেই বিশ্বে শরণার্থী সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র মেলিসা ফ্লেমিং এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বে যে রেকর্ডসংখ্যক শরণার্থী, আশ্রয় অনুসন্ধানকারী ও অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে তার কারণ বিশ্বব্যাপী বিশৃঙ্খলা।

মেলিসা বলেন, শরণার্থী সঙ্কট বর্তমানে নজিরবিহীন আকার ধারণ করেছে, কিন্তু তা মোকাবেলায় যা করা হচ্ছে তা খুবই সামান্য।

তিনি আরো বলেন, বিশ্বের পুরনো সংঘাতগুলো তো আছেই। তার ওপর নতুন করে বিভিন্ন এলাকায় সংঘাত তৈরি হচ্ছে। ফলে মানবাধিকার সংগঠনগুলো চরম আর্থিক সঙ্কটে ভুগছে।

প্রসঙ্গত, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ইউএনএইচসিআর একটি প্রতিবেদনে প্রকাশ দেখানো হয়েছে, ২০১৪ সালের শেষ নাগাদ জোরপূর্বক উদ্বাস্তুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫০ লাখ। ১ বছর আগে যা ছিল ৫১ কোটি ২০ লাখ। আর ১ দশক আগে এ সংখ্যা ছিল সাড়ে ৩৭ কোটি। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী ১২২ জনের মধ্যে একজন লোক হয় শরণার্থী, না হয় বাস্তুচ্যুত কিংবা আশ্রয় অনুসন্ধানকারী।

উল্লেখ্য, ইউএনএইচসিআর ২০০০ সাল থেকে ২০ জুনকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করে আসছে। বিশ্বের যে সব লোক নির্যাতন, দ্বন্দ্ব ও সহিংসতার কারণে তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তাদের সম্মানেই দিবসটি পালন করা হয়।

জাফরুল্লাহর জরিমানা স্থগিতের আদেশ ট্রাইব্যুনালে

jaforullahগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ডা: জাফরুল্লাহ চৌধুরীর ৫ হাজার টাকা জরিমানা  স্থগিতের আদেশের কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমানের কাছে এ কপি হস্তান্তর করেন।

এর আগে গত ১৮ জুন নির্ধারিত সময়ে জরিমানা না দেওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

তবে জরিমানা জমা দেওয়ার নির্ধারিত সময়ের আগেই গত ১৬ জুন ট্রাইব্যুনালের দেওয়া  ৫ হাজার টাকা জরিমানার আদেশের  কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

একইসঙ্গে জাফরুল্লাহর আবেদনটি  আগামী ৫ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

আপিল বিভাগের জরিমানা স্থগিতের আদেশটি ট্রাইব্যুনাল না জানায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বলেও ওইদিন জানিয়েছিলেন ডেপুটি রেজিস্টার আফতাবুজ্জামান।

গত ১০ জুন  আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যর বেঞ্চ ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমান করেন। ৭ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে পর প্রথমে তিনি কাঠগড়ায় উঠে সাজা ভোগ করতে অস্বীকৃতি জানান ও আদালতকে সাজা স্থগিত করতে বলেন। অবশেষে তার সঙ্গী সাথীদের  অনুরোধ ও জোরাজুরিতে দুপুর বারোটা ৪৯ মিনিট থেকে একটা ৪৯ মিনিট পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে দণ্ড ভোগ করেন জাফরুল্লাহ।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমানার দায়ে ডা. জাফরউল্লাহ চৌধুরীকে এ সাজা দেওয়া হয়।

টিউলিপকে ইউরোপীয় প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

tulipজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউরোপ প্রবাসী বাঙালিরা।

২০ জুন শনিবার যুক্তরাজ্যের লন্ডনের পার্ক লেন হিলটন হোটেলে প্রবাসী বাঙালিরা এক  জমকালো অনুষ্ঠানের আয়োজন করে টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানান।

অভিনন্দন জানিয়ে প্রবাসীরা বলেন, তার এই বিজয় সব বাঙালির জন্যই আনন্দের ও গর্বের। বাংলাদেশের স্থপতির পরিবারের উত্তরাধিকার তিনি। টিউলিপ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হলো। তাকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। জয় হোক তার নবযাত্রার।

প্রবাসীদের অভিনন্দনের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার প্রেরণার উৎস। খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার মা শেখ রেহানা, আমার ভাই-বোন ও স্বামী সবসময় আমাকে উৎসাহ জুগিয়েছেন।

লন্ডনের বাঙালি কমিউনিটি আমাকে এই নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করেছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন যেন আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।

প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের হাতে ফুলের তোড়া তুলে দেন সর্বইঊরোপীয় আওয়ামী লীগের সভাপতি জার্মান প্রবাসী অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এম এ গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক এম. নজরুল ইসলাম, সদস্য মজিবুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু  প্রমুখ।