শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা জানাল চীন

‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। ছবি: সংগৃহীত
দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। ছবি: সংগৃহীত

অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের ‘সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার’ উদ্যোগকে স্বাগত জানায়।’

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

একইভাবে, ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন।

বৈঠকে, ‘উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান-চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিইসি (চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর) ২.০ নিয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ‘পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।’

এর আগে, দার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথে দেখা করেন।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান।

ইতিহাদে জয় দিয়ে ডি ব্রুইনেকে বিদায় জানাল ম্যানচেস্টার সিটি

ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। মাঠ ছাড়ার আগে ডি ব্রুইনেকে সংবর্ধনা দেয় পুরো দল।

তার আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ওমর মারমাউস। ৩০ গজ দূর থেকে গোল করেন মিশরীয় এই তারকা। মৌসুমের সেরা গোলের তালিকায় নিশ্চিত যা জায়গা করে নেবে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডো সিলভা। আর দ্বিতীয় হাফে ডি ব্রুইনের বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে সিটির শেষ গোলটি করেন।

তবে বাড়ানো সময়ের শেষ মিনিটে এক গোল শোধ দেয় বোর্নমাউথ। মাঝে দুই দলই ১০ জনে পরিণত হয়। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কোভাসিচ। আর ৭৩তম মিনিটে কুক লাল কার্ড দেখলে বোর্নমাউথও দশ জনে পরিণত হয়।

এদিকে বোর্নমাউথকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত করল সিটিজেনরা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আসছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে সিটির দরকার ১ পয়েন্ট। আগামী সপ্তাহে ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!

ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। মঙ্গলবার (২০ মে) এই গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, ইসরাইলি নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ আছে যে, তারা শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা।

বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। জাতীয় নিরাপত্তা পরিষদও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে, ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও না।

তবে গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি আরও বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যেখানে দেশটির সমস্ত ইউরেনিয়াম অপসারণ করার কথা বলা হয়নি, তাহলে হামলার সম্ভাবনা বেশি থাকবে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক চুক্তির জন্য তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সিএনএন জানায়, নতুন গোয়েন্দা তথ্যটি ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ইসরাইলি যোগাযোগ এবং ইসরাইলি সামরিক গতিবিধির পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা হামলার ইঙ্গিত দিতে পারে।

অন্যদিকে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি ‘অতিরিক্ত এবং আপত্তিকর।’ এ নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, নতুন পারমাণবিক চুক্তির আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খামেনি।

সূত্র: রয়টার্স

বিলিয়ন ডলার খরচে ‘গোল্ডেন ডোম’ নির্মাণের ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির কথা কয়েক মাস ধরে বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এসব হুমকি মোকাবিলায় এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে তাগিদ দিয়ে আসছিলেন তিনি।

ক্ষমতায় বসার পর পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন তিনি। এবার ১৭ হাজার ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা নির্বাচনের পাশাপাশি এই প্রকল্পের নেতৃত্ব দেয়া ব্যক্তির নামও প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশ-ভিত্তিক সিস্টেম, যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে।

শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইন এর নেতৃত্ব দেবেন। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমার মনে হয় তিন বছরের কম সময়ে আমরা একটি বড় পর্যায়ে পৌঁছে যাব। আপাতত ২ হাজার ৫০০ কোটি দিয়ে কাজ শুরু করছি, ১৭ হাজার ৫০০ কোটি ডলারের খরচ হবে। আড়াই তিন বছরের ভেতর একটা ফল পাবো আশা করি।

প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন প্রকল্পের রূপরেখার বিষয়ে সিদ্ধান্তে এসেছে। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে আগামী তিন বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাটি চালু হতে পারে।

গোল্ডেন ডোম নির্মাণে এরই মধ্যে ফেডারেল বাজেটে ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন ট্রাম্প। বিশাল আকারের বাজেট বিলটি আসন্ন সপ্তাহগুলোতে পাসের আশা করছেন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা।

এর আগে চলতি মাসে কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মহাকাশভিত্তিক এ ব্যবস্থা মোতায়েন ও চালু রাখতে আগামী দুই দশকে ব্যয় হতে পারে ১৬১ বিলিয়ন থেকে ৫৪২ বিলিয়ন ডলার।

তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্পঘনিষ্ঠ স্পেসএক্স, পালান্টির ও আন্দুরিলের মতো কোম্পানিগুলোকে এই প্রকল্পের চুক্তিপত্র কীভাবে দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা।

ইসরাইলের বাধায় গাজায় এখনো ত্রাণ বিতরণ শুরু করা যায়নি: জাতিসংঘ

প্রায় ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষধাজ্ঞা আরোপ করে ইসরাইল। এতে দুর্ভিক্ষের মুখে পড়ে উপত্যকার বাসিন্দারা। সোমবার (১৯ মে) মাত্র ৫ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের মাত্র ১ শতাংশ। তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে গাজায় প্রতিদিন ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার।

মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন গাজায় ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা, যদিও দিনে উপত্যকাটিতে ৫০০ ট্রাক ত্রাণের প্রয়োজন।

এদিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আজও (২০ মে) গাজা উপত্যকায় কোনো মানবিক সাহায্য বিতরণ করা হয়নি।

তিনি বলেন, আমাদের একটি দল কেরেম শালোম এলাকায় প্রবেশ করে ইসরাইলি সবুজ সংকেতের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিল। দুর্ভাগ্যবশত, তারা আমাদের গুদাম থেকে পণ্য আনার অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, গাজা উপত্যকায় আরও সরবরাহ এসেছে তবে স্থলভাগে থাকা জাতিসংঘের দলগুলো আমাদের গুদাম এবং ডেলিভারি পয়েন্টগুলোতে পৌঁছাতে পারেনি।

এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষ চরম রূপ নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় অনাহারে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।

মঙ্গলবার বিবিসির রেডিও ফোরস টুডে প্রোগ্রামে গাজায় ইসরাইল যে পরিমাণ সাহায্য দিচ্ছে তা নিয়ে কথা বলেন টম ফ্লেচার।

তিনি বলেন, ইসরাইল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেয়ার পর গতকাল গাজায় মাত্র পাঁচ ট্রাক ত্রাণ গেছে। এটা বাসিন্দাদের প্রয়োজনের তুলনায় একেবারের নগণ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এটা মরুভূমির মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো’।

তিনি আরও বলেন, শিশু খাদ্য ও পুষ্টিকর খাবারের লরিগুলো গাজার কাছাকাছি রয়েছে কিন্তু সীমান্তের ঠিক ওপারে থাকায় বেসামরিক লোকদের কাছে পৌঁছায়নি।

ফ্লেচার বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি গাজায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য না পৌঁছে, তাহলে প্রায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে। তার কথায়, ‘আমি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যতটা সম্ভব এই ১৪ হাজার শিশুকে বাঁচাতে চাই।’

এদিকে গাজায় অযৌক্তিক হামলার জেরে ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একইসঙ্গে দেশটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানিয়েছেন, তারা ইসরাইলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।’

ডেভিড ল্যামি বলেন, ইসরাইলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরাইলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।

সৌদি পৌঁছেছে হজযাত্রীদের ১৩৩ ফ্লাইট

২০২৫ সালের পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন চার হাজার ৫৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ৩৬৪ জন। মোট ১৩৩টি ফ্লাইটে করে তারা সৌদি আরব পৌঁছান।

এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬৭টি ফ্লাইটে ২৫ হাজার ৬০২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ ছাড়া এ সময়ে সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৭১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও বাকিরা পুরুষ। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন চারজন। বাকি পাঁচজন মারা যান মদিনায়।

২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। এরপর ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশের মান বাঁচানোর লড়াই আজ

শারজায় বুধবার (২১ মে) টাইগারদের মান বাঁচানোর লড়াই। সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বোলিং-ফিল্ডিংয়ের হাস্যকর ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লিটনের দল। অন্যদিকে, ঐতিহাসিক জয়ের পর উজ্জীবিত ইউএই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়

ম্যাচের যেকোনো মুহূর্তে তালগোল পাকিয়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা আছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রতিপক্ষকে মোমেন্টাম উপহার দিতে এই দল রীতিমতো সিদ্ধহস্ত। বড় দলের বিপক্ষে তবুও না হয় মেনে নিয়েছেন দর্শকরা। কিন্তু, এখন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষেও একই হাল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েও হেরেছে লিটনের দল। বোলিং ইনিংসে তাদের কান্ড কারখানা দেখে সবার চোখ উঠেছে কপালে, মাথায় উঠেছে হাত। রানআউটের সুযোগ পেয়েও তাওহীদ হৃদয়ের বিস্ময়কর থ্রো, শরিফুল ইসলামের অহেতুক ওভার থ্রো, তানজিম সাকিবের নো বল, ফুলটস—হাস্যকর সব কাহিনী! জেতা ম্যাচ কিভাবে হারতে হয়, তার আদর্শ উদাহরণ বাংলাদেশ-ইউএই দ্বিতীয় টি-টোয়েন্টি।

মধ্যপ্রাচ্যের দেশটিতে এই সফর আসলে এফটিপির বাইরের। মূলত, পাকিস্তান সফরের প্রস্তুতি সারতে চেয়েছিল ফিল সিমন্সের দল। শুরুতে সিরিজ ছিলো ২ ম্যাচের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হলে এপিক ম্যাচটাই হতো শেষ। সিরিজটাও শেষ হতো সমতায়। তবে, দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই বিসিবি ও এমিরেটস বোর্ডের সমঝোতায় ম্যাচ বাড়ে একটা। তাই শারজায় বাংলাদেশ-আমিরাত সিরিজ এখন ৩ ম্যাচের। সে হিসেবে শেষটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী বা অঘোষিত ফাইনাল।

বেশিরভাগ মানুষই হয়তো ভাবেননি যে আরব আমিরাতের বিপক্ষে এতোটা প্রেশারে থাকবে বাংলাদেশ। র‌্যাঙ্কিং, অভিজ্ঞতা কোনো হিসেবেই এমন কোণঠাসা হওয়ার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। যদিও শিশিরে বোলিং-ফিল্ডিং কঠিন বা স্বাগতিকরা অনেক সুবিধা পেয়েছে এমন কথাবার্তা বলে দায়সারা ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন অধিনায়ক।

দুই ম্যাচেই স্কোরবোর্ডে দুইশ’র আশপাশে রান তুলেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা ভালো মার্কই পাচ্ছেন। যদিও প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইমন ইনজুরির কারণে খেলতে পারেননি দ্বিতীয়টায়। শেষ ম্যাচে একাদশে ফিরতে পারবেন কি না আশঙ্কা আছে। তানজীদ তামিম, শান্ত, হৃদয়রাও মারকুটে ইনিংস খেলেছেন। তবে, বেশ নড়বড়ে ছিলেন লিটন।

চিন্তা বেশি বোলিং নিয়ে। পেসারদের উন্নতি নিয়ে গেলো কয়েক বছর এতো কথা হয়েছে। অথচ তারাই কত সাদামাটা এই সিরিজে। প্রথম ম্যাচে মোস্তাফিজের স্পেল ছাড়া বলার মতো কিছু নেই। শরিফুল, তানজিম সাকিব আর পেস সেনসেশন নাহিদকে রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা পেতে হয়েছিলো। বছর ঘুরতেই আইসিসির আরেক সহযোগী সদস্যের বিপক্ষে সিরিজ হারের চোখ রাঙানি। টি-টোয়েন্টিতে বাংলাদেশ আর কতো নামবে? উজ্জীবিত আরব আমিরাতের সামনে মান বাঁচাতে মরিয়া টাইগার বাহিনী।

শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা

ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেটি না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেফতার হবেন।

বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাতায়াতের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি।

বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা মালিকরা ঢাকার বাইরে যেতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে।

এরই মধ্যে শ্রমিকদের বেতন না দেয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে বলেও জানান ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আরও অনেকের বিরুদ্ধে হবে।

‘টগর’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে

প্রকাশিত হলো আলোচিত চলচ্চিত্র ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক।

পোস্টারে দেখা যায়, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারার আদর আজাদ।
তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ড দৃশ্য সিনেমাটির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অনেকেই বলছেন, পোস্টারে বলিউড-হলিউড স্টাইলে থ্রিল এবং ইমোশন দুটোই ফুটে উঠেছে।

পরিচালক আলোক হাসান জানান, ‘টগর শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।’ চলচ্চিত্রটি পরিবেশনা এআর মুভি নেটওয়ার্ক।

চলচ্চিত্র প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘টগর আমার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ছবি। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’
পূজা চেরি বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।

সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
চলচ্চিত্রটি ঈদুল আজহায় সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

যুদ্ধ চালাতেই শান্তি আলোচনায় কালক্ষেপণ মস্কোর : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা শান্তি আলোচনায় গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করছে না। মস্কো আসলে তিন বছর ধরে চলা যুদ্ধ চালিয়ে যেতে চায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেলেনস্কি ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন এবং রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা তিন বছরেরও বেশি সময় পর এই সংঘাতের ওপর প্রথম সরাসরি আলোচনার জন্য শুক্রবার ইস্তাম্বুলে মিলিত হয়েছেন।
কিন্তু আলোচনা কোনো যুদ্ধবিরতিতে পৌঁছতে ব্যর্থ হয় এবং জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে আলোচনার টেবিলে ‘খালি মাথা’ পাঠানোর অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এটা স্পষ্ট যে রাশিয়া তার যুদ্ধ ও দখলদারি অব্যাহত রাখার জন্য কালক্ষেপণের চেষ্টা করছে।’

পুতিনের সঙ্গে সোমবার দুই ঘণ্টার কথোপকথনকে একটি অগ্রগতি হিসেবে উপস্থাপন করেছেন ট্রাম্প, যখন রিপাবলিকানরা যুদ্ধের অবসানের জন্য একটি অধরা চুক্তির সন্ধান করছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু পুতিন আবারও পূর্ণ, তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য রোডম্যাপ ও যুদ্ধের অবসানের বিভিন্ন অবস্থানের রূপরেখাসংবলিত একটি স্মারকলিপিতে কাজ করতে প্রস্তুত। আর জেলেনস্কি সোমবার জানান, তিনি এই ‘স্মারকলিপি’ সম্পর্কে কিছুই জানেন না, তবে রাশিয়ার প্রস্তাবগুলো দেখতে আগ্রহী।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে এবং তার পর থেকে দেশটির পূর্বাঞ্চলের একাংশ ধ্বংস করেছে। কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এবং এখন তাদের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার জন্য তুরস্কে ভ্রমণ করতে অস্বীকৃতি জানানোর পর ইউক্রেন ও ইউরোপ ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে, যাতে তিনি মস্কোর ওপর বিশাল নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ চাপিয়ে দেন।

জেলেনস্কি বলেছেন, ‘ফলাফল বয়ে আনে—এমন যেকোনো আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত। আর যদি রাশিয়া অবাস্তব শর্ত পেশ করতে থাকে এবং অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে, তাহলে অবশ্যই কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

কিয়েভ ইস্তাম্বুল আলোচনায় মস্কোর আলোচকদের বিরুদ্ধে অবাস্তব দাবি তোলার অভিযোগ করেছে, যার মধ্যে রয়েছে বিস্তৃত আঞ্চলিক দাবি, যা ইউক্রেন বারবার প্রত্যাখ্যান করেছে।