সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাজোয়েলিনা পালানোর পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনা কর্নেল

মাদাগাস্কারে সামরিক অভ্যুত্থানের কয়েক দিনের মধ্যেই সেনা কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার দেশ ছেড়ে পালানো এবং আন্তর্জাতিক মহলে নতুন এক অভ্যুত্থান নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই তিনি শপথ নিলেন।

সেনাবাহিনীর ক্যাপস্যাট ইউনিটকে র‌্যান্ড্রিয়ানিরিনা নেতৃত্ব দিয়েছিলেন, যারা বিদ্রোহ করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। রাজোয়েলিনাকে ‘দায়িত্ব থেকে পলায়ন’-এর অভিযোগে অভিশংসনের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়।

শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘আজ আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মোড়। আমরা নতুন সংবিধান প্রণয়ন, নির্বাচনী আইন সংস্কার এবং গণভোটের প্রস্তুতিতে জাতির সব অংশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব।’

তিনি রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করতে যুবকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী দেশের সর্বোচ্চ আদালতের অনুরোধে অরাজকতা ঠেকাতে হস্তক্ষেপ করেছে।

রাজধানী আন্টানানারিভোতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সামরিক কর্মকর্তারা, রাজনীতিবিদ, জেনারেশন জি নেতৃত্বাধীন বিক্ষোভ আন্দোলনের প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সমালোচনার মুখে র‌্যান্ড্রিয়ানিরিনা জোর দিয়ে বলেন, এটি কোনো সামরিক অভ্যুত্থান নয়, কারণ দেশের সাংবিধানিক আদালত এই প্রক্রিয়াকে সমর্থন করেছে।

তিনি ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে বলেন, দেশটি সামরিক শাসনে নয়, বরং ‘নাগরিক সরকারের অধীনেই চলবে।’

৫১ বছর বয়সী এই কর্নেল শুক্রবারের অনুষ্ঠানে সামরিক পোশাক ছেড়ে স্যুট পরে বক্তৃতা দেন, যেখানে তিনি বিদেশি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আমরা মাদাগাস্কারকে জাতীয় পুনর্গঠনের পথে এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য অতীত থেকে বেরিয়ে এসে প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পূর্ণ সংস্কার।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ রোগী

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। সুতরাং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২৪৩ জনই আছে।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এদের মধ্যে ৫৫ হাজার ৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৩ জনের।
এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

‘জুলাই সনদ সইয়ের দিন শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার’

জুলাই জাতীয় সনদ সইয়ের দিনে শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি।’

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির।

হামাস সদস্যদের ‘ভেতরে গিয়ে হত্যা’র হুমকি ট্রাম্পের

গাজায় যদি হামাস মানুষ হত্যা অব্যাহত রাখে, তাহলে তিনি ‘ভেতরে গিয়ে তাদের মেরে ফেলবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই কথা বলেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্যটি দিয়েছেন।

হামাসের গুলিবর্ষণ এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করাও তাকে ‘খুব একটা দুশ্চিন্তায় ফেলেনি।
’ এমকি এগুলোকে গ্যাং সদস্যদের হত্যা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তাহলে আমাদের কাছে কোনো বিকল্প থাকবে না, আমরা ভেতরে গিয়ে তাদের মেরে ফেলব।’ তিনি ‘আমরা’ বলতে ঠিক কাদের বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি। তবে বুধবার তিনি বলেছিলেন, ‘গাজায় মার্কিন সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হবে না।

যুক্তরাষ্ট্রের সমর্থনে গৃহীত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর, হামাস ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ওপর পুনরায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তারা কথিত সহযোগীদের ধরে রাস্তায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার দাবি করেন, হামাস যেনো ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করে এবং ট্রাম্পের পরিকল্পনা মেনে চলে। তবে এতদিন ট্রাম্প নিজে এসব হত্যাকাণ্ড নিয়ে বেশ শিথিল অবস্থানেই ছিলেন।

এর আগে সোমবার ইসরায়েল ও মিসর সফরকালে ট্রাম্প বলেন, হামাস খোলাখুলিভাবেই জানিয়েছে যে তারা ওই ধ্বংসপ্রাপ্ত অঞ্চলের সমস্যাগুলো শেষ করতে চায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা এ ব্যাপারে খোলামেলা ছিল। আর আমরা তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন দিয়েছিলাম।’

সূত্র : এএফপি

জুলাই সনদ স্বাক্ষর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : সালাহউদ্দিন

জুলাই সনদ স্বাক্ষর যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যত দিন বাংলাদেশের ইতিহাস থাকবে, তত দিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সব কিছু কেবল শুরু হলো।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে।
রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।

নির্বাচনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলে জানান তিনি।

জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষরের দিনকে মহান দিন বলে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করেন।
একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই বীর যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা (পুরনো কথাবার্তা সব পেছনে ফেলে) বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার (সরকার চালানো বিষয়) সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়।
তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে।

তিনি বলেন, আজকের দিন মহান দিন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে।
বিভিন্ন দেশে এটা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। দেশের রাজনীতিবিদরা যে উদাহারণ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহারণ হয়ে থাকবে।

দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদের মোবারকবাদ জানান প্রধান উপদেষ্টা।

শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত, আপনাদের প্রতি চির কৃতজ্ঞ : এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফল মেনে নিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস (সহসম্পাদক) প্রার্থী জাহিন বিশ্বাস এষা। ফল ঘোষণার পর শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত!’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন এষা। একই সঙ্গে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়।
আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন— ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব। এ ছাড়া সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে— মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ নির্বাচিত হয়েছেন।

এদিকে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ জনের মধ্যে শিবির মনোনীত ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির। অন্য দুইজন সিনেট সদস্য হলেন— সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

ক্যান্সার জয় করে মাঠে ফেরার প্রস্তুতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রায় সাত মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর নিজের জীবনের কঠিনতম অধ্যায়ের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার নিক ম্যাডিনসন। সম্প্রতি এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি টেস্টিকুলার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে এখন সম্পূর্ণ সুস্থ এবং শিগগিরই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

৩৩ বছর বয়সী ম্যাডিনসন ২০১২ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তবে শেষবার অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্ট খেলেছিলেন নয় বছর আগে।
গত মার্চে নিউ সাউথ ওয়েলস দলের হয়ে খেলার পরই তার জীবনে নেমে আসে বিশাল ঝড়। পরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলার ক্যান্সার।

টিউমার অপসারণের পর জানা যায়, ক্যান্সার ইতোমধ্যেই তার পেটের লসিকাগ্রন্থি ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় কেমোথেরাপি, যা চলেছিল মে মাসের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত।
ম্যাডিনসন নিজেই বলেছেন, ‘ওটা ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ নয় সপ্তাহ। চুল পড়ে গিয়েছিল, শরীর একদম ভেঙে পড়েছিল, ঘুমও আসত না। দিন-রাত শুধু ক্লান্ত লাগত।’

এই কঠিন সময়েও পাশে ছিলেন তার স্ত্রী বিয়ানকা।
এ সময়ই তাদের দ্বিতীয় সন্তান ওয়াইল্ডার জন্ম নেয়। ম্যাডিনসনের লড়াইয়ে যা নতুন প্রেরণা দেয়।

জুলাইয়ে কেমো শেষ হওয়ার পর ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন তিনি। সেপ্টেম্বরে আসে বড় সুখবর। চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাডিনসন এখন ক্যান্সারমুক্ত।

নিজের অভিজ্ঞতা থেকে তরুণদের উদ্দেশে ম্যাডিনসনের পরামর্শ, ‘শরীরের কোনো সমস্যা বা সন্দেহ থাকলে দেরি না করে পরীক্ষা করান। সময়মতো আমার ক্যান্সার ধরা না পড়লে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারত।’

১৭ ঘণ্টা পর চট্টগ্রামের কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) টেক্সটাইল কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৬টি ইউনিটের রাতভর যৌথ প্রচেষ্টার পর সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

তবে আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলেও জানানো হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট অগ্নি নির্বাপণের কাজ অব্যাহত রেখেছে। ভবনের বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে।

আগুনে আটতলা বিশিষ্ট ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার ভবনটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, চিকিৎসাসেবায় ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম তৈরির এই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।

গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটের দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। প্রথমে অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্টেশন থেকে মোট ২৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তবে আগুনের ভয়াবহতার কারণে তাদের কার্যক্রমে ধীরগতি হয়।

শুরুতেই সিইপিজেডে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর পাঁচটি এবং পরবর্তী সময় বিমানবাহিনীর একটি ইউনিটও অংশ নেয়।

সন্ধ্যার পর আগুন ক্রমে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তীব্র উত্তাপে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকার পরিবেশ অসহনীয় হয়ে ওঠে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ভবনটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।

একপর্যায়ে আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত অষ্টম তলার কিছু অংশ ধসে পড়ে। তবে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘দীর্ঘ সময়ের প্রচেষ্টায় অবশেষে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনের ভেতরে নির্বাপণের কাজ চলছে। আগুনের উৎস কোথায় এবং কীভাবে সূত্রপাত হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

জুভেন্টাসের তারকা ফরোয়ার্ডকে নিয়ে যুদ্ধে নামছে বার্সেলোনা-বায়ার্ন

বার্সেলোনা এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করছে। ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ইউরোপজুড়ে খুঁজছেন এমন এক স্ট্রাইকারকে, যিনি আগামী মৌসুমে রবার্ট লেভানডফস্কির উত্তরসূরি হতে পারেন।

৩৭ বছর বয়সী পোলিশ তারকার সঙ্গে বার্সার চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের শেষে। আর চুক্তি নবায়নের বিষয়ে এখনও নিশ্চিত নয় কোন পক্ষই।
তাই, নতুন এক নির্ভরযোগ্য গোলস্কোরারের খোঁজ শুরু করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর অনুযায়ী, তাদের তালিকায় আছে ২২ বছর বয়সী ক্যামেরুনের তরুণ ফরোয়ার্ড কার্ল এট্টা এয়ং। লা লিগার শুরুতেই ভিয়ারিয়াল ও লেভান্তের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। তার রিলিজ ক্লজ ৩০ মিলিয়ন ইউরো।
তবে, ইতালীয় সংবাদমাধ্যমগুলো বার্সেলোনার নজরে থাকা আরেক ফরোয়ার্ডের নাম নতুন করে সামনে এনেছে।

সে নামটি হলো দুসান ভ্লাহোভিচ। ২৬ বছর বয়সী এই সার্বিয়ান স্ট্রাইকারের সঙ্গে জুভেন্টাসের চুক্তিও শেষ হবে এই মৌসুম শেষে। গত গ্রীষ্মেই বার্সেলোনার সঙ্গে তার নাম জড়িয়েছিল।
ইতালির সংবাদমাধ্যম ‘তুত্তোস্পোর্ট’ জানিয়েছে, বার্সার ক্রীড়া পরিচালক ডেকো ইতোমধ্যেই ভ্লাহোভিচের এজেন্ট দারকো রিস্তিচের সঙ্গে যোগাযোগ করেছেন।

জুভেন্টাস ও ভ্লাহোভিচের মধ্যে নতুন চুক্তির আলোচনা এখন স্থবির। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাহোভিচ ইতালি ছাড়তে আগ্রহী এবং নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন।

তবে ভ্লাহোভিচ জানিয়ে দিয়েছেন, জানুয়ারিতে তিনি ক্লাব ছাড়তে চান না, বরং গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে আরও ভালো চুক্তির সুযোগ নিতে চান। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে তিনি ৮ ম্যাচে করেছেন ৪ গোল ও ১ অ্যাসিস্ট।

এদিকে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও নাকি ভ্লাহোভিচের প্রতি আগ্রহী। তবে তারা ইতোমধ্যেই হ্যারি কেইনের চুক্তি নবায়নের পথে, যা ভ্লাহোভিচের জন্য দরজা কিছুটা বন্ধ করে দিতে পারে।