শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সৌম্যের

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা ব্যর্থতায় বিশ্বকাপ শুরুর আগেই বেশ চাপে শান্ত-লিটনরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন এই ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ সোমবার (৩ জুন) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য। বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।’

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

সৌম্য আরও যোগ করেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। ’

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ হজযাত্রী

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৫২ হাজার ৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে মেক্সিকো

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার অর্জন করার পর মেক্সিকোতেও নারীরা ভোটদানের অধিকার লাভ করে। ১৮২১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা লাভ করলেও নারীদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অধিকার ছিল না। সে জায়গায় নির্বাচনে অংশগ্রহণ ছিল কুয়াশাচ্ছন্ন। প্রায় ৭০ বছর পেরিয়ে যাওয়ার পর নতুন আশার আলো দেখা দিয়েছে মেক্সিকানদের মনে। দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লদিয়া শিনবাউম। খবর আলজাজিরার।

আশা করা হচ্ছে গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত হওয়া মেক্সিকোর জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মরেনা পার্টির নেতৃত্বাধীন বামপন্থি জোট। দলটির হয়ে লড়ছেন ক্লদিয়া শিনবাউম, যিনি একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন। এছাড়া ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন পরিবেশ সচিব। মেক্সিকো প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্লদিয়া শিনবাউম হবেন দেশের প্রথম নারী ও ইহুদি প্রেসিডেন্ট।

২০২৪ সালের মেক্সিকো জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা দুইজনই নারী। এদের একজন ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী। তারা দু’জনেই জনপ্রিয়তা জরিপে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজের চেয়ে অনেক এগিয়ে আছেন।

মেক্সিকো ১৮২১ সালে স্পেনে কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মেক্সিকোর সরকারি নাম মেক্সিকান ইউনাইটেড স্টেট। দেশটি সরকারি ভাষা স্প্যানিশ। স্বাধীনতার প্রায় ৯৫ বছর পর ১৯১৭ সালে রচিত হয় মেক্সিকোর সংবিধান। মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্ট একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অভ ডেপুটিজ, যার সদস্যসংখ্যা ৫০০। উচ্চকক্ষের নাম সেনেট, যার সদস্যসংখ্যা ১২৮। জনগণের ভোটাধিকারের বয়স ১৮। মেক্সিকোর সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই তিনটি শাখায় বিভক্ত–নির্বাহী, আইন প্রণয়নকারী এবং বিচার বিভাগ। কিন্তু মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর দুই শাখার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। ফলে মেক্সিকোর প্রেসিডেন্ট দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন।

বতর্মান সরকারের উন্নয়নের ফলে দেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে : প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙনরোধ এবং স্থানীয় বাঁধ নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে-কানাছে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এসব নদী ভাঙন এলাকার খেটে খাওয়া মানুষকে আর বাস্থহারা হতে হবে না। তারা নিজেরাই এলাকায় চাষাবাদ করে জীবন মান উন্নয়নে সক্ষম হবে।

রোববার (২ জুন) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভঅপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মো. বিপ্লব হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামশীল আরেফিন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে গাইবান্ধা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সিদ্দিক আলম দয়াল, সহ-সভাপতি শাহাবুল শাহীন তোতা ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে হেলিকপ্টরযোগে এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ির যমুনা নদীর বামতীরের ভাঙন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এরপর তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দেন।

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : আপিল বিভাগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে আসন্ন ঈদুল আজহার আগে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৮ মে আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী।

গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তপশীল অনুযায়ী আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত।

বাইডেনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা ওফির ফালাক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জিম্মিদের মুক্ত করতেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে চুক্তি বাস্তবায়নে শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি করা হয়।

গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়।

গাজায় যুদ্ধবিরতি ও উপত্যকায় থাকা বন্দিদের মুক্তির লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছেন, তা চূড়ান্ত করতে ইসরাইল ও হামাসকে তাগিদ দিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২২১ পিস ইয়াবা, ২৪ গ্রাম হেরোইন ও ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৩ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন : বাহাউদ্দিন নাসিম

কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন। যে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে দেশে টেকসই বেড়িবাঁধের জন্য চিন্তা করতে হবে না। আ’লীগ গণমানুষের দল। দুর্যোগে দুঃসময়ে আ’লীগের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নাসিম আরো বলেন, এ এলাকায় টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী টেকসই বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধগুলো দ্রুত নির্মাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকল প্রয়োজন মিটাবেন। তিনি উদ্যোগে নিয়ে অচিরেই সকল কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম।

রবিবার সকালে রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেলুটির ফুলবাড়ী ও গড়ইখালীর কুমখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্না, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস এম আয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শংকর ঢালী, প্রসেনজিৎ মিঠু, সোহাগ হোসেন বাবু, সার্ভেয়ার রবিউল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।

ইরানের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আহমেদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। কট্টরপন্থি হিসেবে পরিচিত আহমেদিনেজাদ দীর্ঘ ১২ বছর পর আবার দেশটির প্রেসিডেন্ট হতে চেষ্টা চালাবেন। যদিও ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনে এ পদে নির্বাচনের জন্য অযোগ্য হয়েছিলেন তিনি।আর এবারও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর এএফপি ও সিএনএনের।

এএফপির প্রতিবেদন বলছে, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। সিএনএন বলছে, দেশটিতে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না, সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। এই কাউন্সিল চাইলে তাঁর নিবন্ধন বাতিল করে দিতে পারে। ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।

আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েল সম্পর্কে উসকানিমূলক মন্তব্যের কারণে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়।এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন তিনি। যদিও ২০১৭ ও ২০২১ সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে বাধা দেওয়া হয়।

ফলাফল ঘোষণার পর ঐক্যের ডাক রামাফোসার

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের ভালোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহের নির্বাচনে প্রথমবারের মতো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলটির শীর্ষ নেতা হিসেবে তিনি ঐক্যের এই ডাক দিলেন। খবর আলজাজিরার।

সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে ৩০ বছর আগে ক্ষমতায় আসা এএনসি এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল করেছে, রোববারের (২ জুন) ফলাফল ঘোষণায় এমনটিই দেখা যাচ্ছে। আফ্রিকার স্বাধীকার আন্দোলনের সবচেয়ে পুরোনো এই দলটিকে এক সময় নেতৃত্ব দিয়েছেন অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।

চাকরিহীনতা, অসমতা আর অব্যাহত লোডশেডিংয়ে বিরক্ত ভোটাররা দেশটির পার্লামেন্ট নির্বাচনে এএনসিকে ভোট দেয়া থেকে ব্যাপক হারে বিরত থাকে। যার ফলে দলটি এবার ভোট পায় ৪০ দশমিক ২০ শতাংশ। এর আগের নির্বাচনে ২০১৯ সালে এএনসি ভোট পেয়েছিল ৫৭ দশমিক ৫০ শতাংশ।

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স পেয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ ভোট। এছাড়া এএনসির সাবেক নেতা জ্যাকব জুমার নেতৃত্বাধীন নতুন দল এমকে পার্টি পেয়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ ভোট। মূলত এএনসির ভোট ব্যাংকেই আঘাত হানে এমকে পার্টি।

ঘোষিত ফলাফল অনুসারে দেশটির জাতীয় পরিষদের ৪০০টি আসনের মধ্যে এএনসি পেয়েছে ১৫৯টি আসন। এর আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল ২৩০টি।

ইলেক্টোরাল কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সিরিল রামাফোসা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার নাগরিকরা আশা করে যাদের তারা ভোট দিয়েছে তারা যেন নিজেদের মধ্যে বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্য খুঁজে পায় এবং সবার ভালোর জন্য একসঙ্গে কাজ করে। আর এ কথাই তারা বলেছে।’

রামাফোসা নির্বাচনের জয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের সবার সামনে এখন সময় এসেছে দক্ষিণ আফ্রিকাকে সামনে এগিয়ে নেওয়ার।’