বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

‘না’ ভোট ও নির্বাচন পদ্ধতি নিয়ে যে প্রশ্ন

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ভোটাররা প্রথমবারের মতো ‘না ভোট’ প্রয়োগ করেছিল। ওই সময় জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৩১(৫)(বিবি)-তে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। এ বিধান অনুযায়ী ব্যালট পেপারের সবশেষ প্রার্থীর স্থানে লেখা থাকে ‘ওপরের কাউকে নয়’ এবং ভোটারদের সহজ পরিচিতির জন্য মার্কা রাখা হয় ‘ক্রস’ (ঢ)।

তখন সারা দেশে মোট প্রদত্ত ৬ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ২১০ ভোটের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ৪৩৭টি ‘না ভোট’ পড়েছিল।

উল্লেখ্য, ওই নির্বাচনে ৩৮টি দল অংশগ্রহণ করলেও মাত্র ৬টি দল ‘না ভোটের’ শতাংশের বেশি ভোট পেয়েছিল। তার মানে ‘না ভোট’ সপ্তম স্থানে ছিল। এ বিধান নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল ও রাজনীতিকরা সন্তুষ্ট ছিলেন না। তাই পরবর্তী সময়ে সরকার এ ধারাটি বাদ দেয় এবং বিএনপি এ বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত করেনি।

সংবিধান আইন ২০১১ (পঞ্চদশ সংশোধনী) পাশ হয় ২০১১ সালের ৩০ জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩ জুলাই। এ সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।

এ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। এ সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

এছাড়া সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।

এ সংশোধনীর বিষয়টি উত্থাপন করেন সেই সময়ের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে ২৯১-১ ভোটে বিলটি পাশ হয়।

২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর পর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন।

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর আওয়ামী লীগের অধীনে ৫ জানুয়ারির ওই নির্বাচনে যায়নি বিএনপি-জামায়াতসহ অনেক রাজনৈতিক দল।

যে কারণে একতরফা ওই নির্বাচনে ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। অর্থাৎ ভোটের আগেই আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হয়ে যায়।

২০০৭ সালে ড. এটিএম শামছুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তখন বেশ কিছু নির্বাচনি সংস্কার করেছিল।

তাদের উদ্যোগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রথম বারের মতো ‘না’ ভোট চালু করা হয়।

পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইন সংশোধন করে বাতিল করা হয় ‘না’ ভোট।

নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলছিলেন, যদি ‘না’ ভোট তখন বাতিল করা না হতো, তাহলে হয়তো এত বিশাল সংখ্যক আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারত না। নির্বাচনে কিছু মানুষ কেন্দ্রে যেত।

গত দুটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের ভোটিং পদ্ধতি নিয়ে যত আলোচনা ও রাজনৈতিক বির্তক হয়েছে তা অন্য কোন ইস্যুতে আর হয়নি।

কেননা আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশন বিভিন্ন সময় ইভিএম’- এ ভোট আয়োজনের কথা বলেছেন।

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম’- এ ভোটের মাধ্যমে কিছু কিছু জায়গায় ইসির কিছু সফলতা ছিল।

কিন্তু গত দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা অর্ধেক আসনে ইভিএম’-এ ভোট করার সিদ্ধান্ত নিয়েও পিছু হটেছে। আর ইভিএম ব্যবহার করেনি আউয়াল কমিশন।

নতুন কমিশন গঠনের পর নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এবার সংস্কারের শুরুতেই তাই গুরুত্ব পাবে নির্বাচন পদ্ধতি।

সেক্ষেত্রে ভোটিং ব্যবস্থা আরও আধুনিক করা যায় কি না সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়, বলছিলেন অধ্যাপক আহমেদ।

একই সঙ্গে তিনি বলেন, প্রবাসী ভোটাররা কখনো ভোট দিতে পারে না বিধান না থাকার কারণে। আমার মতামত হচ্ছে তাদের সে সুযোগ থাকা উচিত। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে তা করা যেতে পারে।

নাসরুল্লাহকে হত্যার অভিযান সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র

বৈরুতে ব্যাপক ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। বলা হচ্ছে, নাসরুল্লাহর অবস্থান লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ৮০টিরও বেশি বোমা ফেলে ইসরাইল। যেখানে একেকটা বোমার ওজন ছিল প্রায় এক টনের মতো। এসব হামলায় কয়েকটি আবাসিক ভবন সমতলে পরিণত হয়।

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, হিজবুল্লাহপ্রধানকে নিশানা করে চালানো হামলা সম্পর্কে অবগত ছিল মার্কিন প্রশাসন। ইসরাইলের এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সমর্থন দেখছেন সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন শুক্রবারের লেবাননে হামলার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। যদি শুক্রবারের রাতভর হামলায় অনেক বেসামরিক মৃত্যু নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাইডেন বলেছেন, ‘হাসান নাসরুল্লাহ এবং তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ, চার দশকের সন্ত্রাসের রাজত্বে শত শত আমেরিকানকে হত্যার জন্য দায়ী। ইসরাইলি বিমান হামলায় তার মৃত্যু হাজার হাজার আমেরিকান, ইসরাইলি এবং লেবাননের বেসামরিক নাগরিক সহ তার বহু শিকারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে’।

পৃথক বিবৃতিতে কমলা হ্যারিস বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং আমি মধ্যপ্রাচ্যে সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে দেখতে চাই না। বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা অর্জনের জন্য কূটনীতিই সর্বোত্তম পথ’।

এছাড়া শুক্রবার এক ফোন কলে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনী, স্থাপনা এবং ইসরাইলকে রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।

১৬ সেপ্টেম্বর থেকে লেবাননের অভ্যন্তরে ইসরাইলি হামলায় কমপক্ষে ১ হাজার ৩০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫৬ জন মহিলা এবং ৮৭ জন শিশু। শুক্রবার নাসরুল্লাহ নিহত এবং বেশ কয়েকটি বড় আবাসিক ভবন ধ্বংস করা ব্যাপক ইসরাইলি হামলায় চূড়ান্ত মৃতের সংখ্যা এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করছে।

কুষ্টিয়ার খোকসায় সড়ক দূর্ঘটনায় ৪ স্কুলছাত্রী নিহত, গুরুতর আহত ১

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাতেমা ও সাদিয়া নামের আরো দুইজন।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন ১২ বছর বয়সী মিম, ১১ বছর বয়সী তানজিলা ও ১২ বছর বয়সী বীথি। আরও এক জনের পরিচয় এখন-ও পাওয়া যায়নি।

নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে এবং তানজিলা পালন শেখের মেয়ে। অন্যদিকে, বীথি হেলাল উদ্দিনের মেয়ে। কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন মাজিদ পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় হঠাৎ ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই মিম-এর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বীথি নামের আরো দুইজন শিক্ষার্থী মারা যায়।

অন্যদিকে, আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দূর্ঘনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

বার্সেলোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনা

ফেবারিটের তকমা নিয়েই ওসাসুনার মাঠে নামে বার্সেলোনা। তবে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় কাতালানরা। ম্যাচের ১৮তম মিনিটে ডেডলক ভাঙে ওসাসুনা। ব্রায়ানের ক্রস থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন আন্তে বুদিমির।

মিনিট দশেক পর, দ্বিতীয় গোল হজম করে বসে বার্সা। মাঝ মাঠ থেকে বল পেয়ে পাস দেন পাবলো ইবানেজ। দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান স্প্যানিয়ার্ড উইঙ্গার ব্রায়ান।

বিরতির পর খেলার ৫৩ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পাও ভিক্টোরের নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে বল চলে যায় জালে।

ম্যাচের ৭২ মিনিটে, সফল স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায়ের সাথে ওসাসুনাকে আরও একধাপ এগিয়ে নেন বুদিমির। এরপর ৮৫ মিনিটে, বক্সের বাইরে থেকে বল পেয়ে দারুণ শটে স্কোর লাইন ৪-১ করেন আবেল ব্রেতোনেস। অন্যদিকে, খেলার শেষ মুহূর্তে লামিন ইয়ামালের গোলে হারের ব্যবধান কমায় বার্সেলোনা।

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় ‘হেলেন’ এর কারণে অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়, গভর্নর রয় কুপারের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে উত্তর ক্যারোলিনায় কমপক্ষে ১০ জন মারা গেছে। অন্যদিকে, সালুদা কাউন্টির দুই দমকলকর্মীসহ দক্ষিণ ক্যারোলিনায় কমপক্ষে ২০ জন মারা গেছে।

জর্জিয়ায়, গভর্নর ব্রায়ান কেম্পের একজন মুখপাত্রের মতে, আলামোতে টর্নেডোতে অন্তত ১৭ জন মারা গেছে। এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে, কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য বিপুল পরিমাণ বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টা নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী ‘কাতার এয়ারওয়েজে’র বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ড. ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন’সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা’র প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এছাড়াও, ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠক-ও করেন তিনি। আশা করা হচ্ছে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা।

ভাঙ্গায় আ.লীগ নেতা বাদল মুন্সি স্কুলের জায়গা দখল করে দেয়াল নির্মাণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯১নং বিবিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় এ দেয়াল নির্মাণ করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। এই আওয়ামী লীগ নেতা ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মুন্সি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিবিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে প্রতিবেশী মৃত শাজাহান মুন্সির ছেলে মো. বাদল মুন্সি (সাবেক ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) সীমানা প্রাচীর তৈরি করছেন।

প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।
নামধারী আওয়ামী লীগ নেতা তাদের কথায় কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রধান শিক্ষক উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার পরও তাদের কাজ থেমে থাকেনি। তিনি বিদ্যালয়ের সামনের প্রধান ফটকসহ খেলার মাঠ সম্পূর্ণ আটকিয়ে দেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা 24hourbd.com কে জানান, স্কুলের হেডমাস্টার সাহেব আমাকে বিষয়টি প্রাচীর নির্মাণের পরে অবহিত করেছেন। আমি বিষয়টি অবগত হয়ে দখলকারীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, ৯০ সালে স্কুলটি নির্মিত হয়েছে। এ পর্যন্ত কোনোদিন কেউ হস্তক্ষেপ করেনি। সুযোগ সন্ধানী এই আওয়ামী লীগ নেতা বাদল মুন্সি একেবারেই স্কুল ঘেঁষে সামনের প্রায় ৭০ শতাংশ জায়গা সব বন্ধ করে দিয়েছেন। কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে প্রাচীর নির্মাণ করেছেন। আমি দুই-তিন দিন ইউএনও স্যারের কাছে গিয়ে তাকে পাইনি। এই সুযোগে নামধারী আওয়ামী লীগ নেতা নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।

এ ঘটনায় বিবিরকান্দি গ্রামের বাসিন্দারা কেউই দেওয়াল নির্মান কাজে কোন প্রকার বাঁধা প্রদান করেনি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিবিরকান্দির বাসিন্দারা আওয়ামী লীগের দুই ভাগে বিভক্ত হয়ে অনেকেই নানা অপকর্মে লিপ্ত ছিলো। সাবেক সতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ কাজীর অনুসারী ছিলেন। সাবেক সতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যায়। যার কারনে নিক্সনের অনুসারী হিসেবে পরিচিত নিরু খলিফা নানা অপকর্মের দায়ে বর্তমানে কারাগারে আছেন। এই সুযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ কাজীর অনুসারী মোঃ বাদল মুন্সী বিদ্যালয়ের জায়গা সুযোগ বুঝে দখল করে দেওয়াল নির্মান করে এবং বর্তমানে নিজেকে রক্ষা করার জন্য বিএনপির নেতাদের সাথে হাত মিলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদল মুন্সি তার চাচা লায়েক মুন্সির কাছ থেকে স্কুলের পিছন থেকে কিছু জমি ক্রয় করেন। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই আওয়ামী লীগ নেতা বাদল মুন্সি বিএনপি নেতাদের নাম ব্যবহার করে স্কুলের সামনের খেলার মাঠসহ জায়গা দখল করেন। কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকগণ প্রশাসনের কাছে দ্রুত দখল মুক্ত করার দাবি জানাই।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বাদল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলের জায়গা আমার নামে হওয়ায় আমি সকল কাগজপত্র প্রশাসনের কাছে জমা দিয়েছি। স্কুলের জায়গা যদি আপনার নামে হয় তাহলে এতকাল আপনি প্রশাসনকে জানাননি কেন? এ প্রশ্নের জবাবে বাদল মুন্সি জানান, প্রভাবশালী দখলবাজ নিরু খলিফার জন্য অত্র এলাকার কোন কাজ চাঁদা প্রদান করা ছাড়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এখন আমার সুযোগ হয়েছে, তাই আমার জায়গায় আমি দেওয়াল নির্মান করেছি। এই ঘটনায় এখনো বিবেকবান মানুষ ভয়ে মুখ খুলতে রাজী হয় নাই। তবে প্রশাসনের উচিৎ শীঘ্রই স্কুলের জায়গা দুষ্কৃতিকারীর হাত থেকে দখলমুক্ত করে স্কুলের জায়গা ফিরিয়ে কোমলমতি শিক্ষার্থীদের খেলার সুযোগ করে দেওয়া।

কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পালটা সতর্কবার্তা ভারতের

জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া হুঁশিয়ারির পালটা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। তারা জানিয়েছে, ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে।’

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ভারতের ফাস্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর এনডিটিভির।

ভাবিকা মঙ্গলানন্দন বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাধেও পাকিস্তানের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে।

২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পালটা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন।

ভাবিক বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা, যে দেশে মাদকের কারবার চলে, তাদের কী করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার।

ভারতের এই প্রতিনিধি বলেন, পাকিস্তানের চিত্র আসলে কেমন, তা সবারই জানা। এই প্রসঙ্গে তিনি ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার কথা তুলে ধরেন।

বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন, হোটেলে ফিরে গেছে দুই দল

বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি ক্রমেই বেড়েছে। যে কারণে ভারতীয় দল গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গেছে।

সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে ফিরে যান নাজমুল হোসেন শান্তরা। এরই মধ্যে বৃষ্টির কারণে ভেসে গেছে দ্বিতীয় দিনের প্রথম সেশন। ইতোমধ্যে শুরু হয়েছে লাঞ্চ বিরতি। কানপুরে দ্বিতীয় সেশনও মাঠে গড়াবে কিনা তা নিয়েও রয়েছে যতেষ্ট সংশয়।

গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে।

আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। টস হেরে ব্যাট করতে নেমে নবম ১৩ ওভারের মধ্যে ২৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে গড়েন জুটি। ৫১ রানের জুটির পর ৩১ রান করে আউট হন শান্ত। লাঞ্চের শেষে কিছুটা সময় খেলা হওয়ার পর আলো কমে যাওয়ায় ফের বন্ধ হয় খেলা, এরপরই নামে প্রবল বৃষ্টি। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমদিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: ডিক ডারবিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন সিনেটর মেজরিটি হুইপ ডিক ডারবিন।

নিউইয়র্ক সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ডিক ডারবিন। এসময় প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দেন।

ডারবিন বাংলাদেশি জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা উন্নত ভবিষ্যতে বিশ্বাস করে, তারাই ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে এখন তিনি একটি ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি বলেও মন্তব্য করেন।

ডিক ডারবিন বলেন, আমি জানি ড. ইউনূসের হৃদয়ে বাংলাদেশি জনগণের সর্বোত্তম স্বার্থ রয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপর তিনি আবারও ড. ইউনূসের প্রতি অবিচ্ছিন্ন সমর্থনের প্রস্তাব দেন। একইসাথে প্রেসিডেন্ট জো বাইডেনকেও তাকে সমর্থনের অনুরোধ জানান।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানির নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশে তিন সহকর্মীর নেতৃত্ব দেন ডারবিন। বাংলাদেশ সরকারকে ড. ইউনূসের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে এবং তার মুখোমুখি হওয়া সন্দেহজনক অভিযোগগুলো প্রত্যাহার করার আহ্বানও জানান।