সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

অগ্নিবীণার নতুন পাঁচটি অ্যালবাম বাজারে

01জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ থেকে নতুন পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রকাশিত অ্যালবাম গুলো হলো, ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক ‘স্বপ্ন উড়াইলা’, লালনকে নিয়ে বিউটির একক ‘দু’চোখেতে লালন আমার’, অভী’র একক ‘সুমন ফিচারিং অভী’ ও তারেকের একক ‘বুকের মাঝে ব্যথা’ এবং তারেক মঞ্জু’র দ্বৈত অ্যালবাম ‘যুগে যুগে সুখে’।

শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা হাসান আরিফ, সাবেক তথ্য সচিব নাজমুল আহসান, শিক্ষা যুগ্ম সচিব বনমালী ভৌমিক, প্রিন্স মাহমুদ, রাশেদ উদ্দিন তপু ও জি সিরিজ-অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভুইয়া।

বরগুনায় ব্যবসায়ীদের হালখাতা শুরু হয়েছে আগে থেকে

unnamedপহেলা বৈশাখকে ঘিরে সকল বাঙ্গালীরই নানা পরিকল্পনা ও আচারাদী থাকে। বছরের প্রথম দিনটি সবচেয়ে গুরুত্ব পায় বাঙ্গালী ব্যবসায়ীদের কাছে। আমাদের দেশের ব্যবসায়ীরা বাংলা বছরের হিসেব-নিকেশ করেই ব্যবসা পরিচালনা করেন। পুরনো বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস থেকে শুরু হয় বকেয়া আদায়। বছরের প্রথম দিন পহেলা বৈশাখে বকেয়া আদায় করে নতুন খাতা খোলার রীতি শত বছরের। পহেলা বৈশাখের বকেয়া আদায় উৎসব ক্রেতা-বিক্রেতার সুহৃদ বন্ধন অটুট রাখে।
উপকূলীয় বরগুনা জেলার ব্যবসায়ীদের মধ্যে চৈত্র মাসের শুরু থেকেই নববর্ষ বরণ ও আচারাদি পালনের প্রস্তুতি শুরু হয়। শেষ মুহূর্তের ঝার-পোছ শেষ করে ফেলেছে। লালসালুর মলাট দেয়া নতুন খাতা শোভা পাচ্ছে ব্যবসায়ীদের গদি বা ক্যাশ টেবিলে। ইতোমধ্যে ক্রেতাদের কাছে পৌঁছে গেছে হালখাতার নিমন্ত্রণপত্র। ক্রেতারাও প্রস্তুতি নিচ্ছেন বকেয়ার খাতা থেকে নাম কাটার।
বরগুনার বিশিষ্ট পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান সালেহিয়া লাইব্রেরী ও পাবলিকেশনস’র প্রধান সাইফুল্লাহ নাসির বলেন, নিজের প্রতিষ্ঠানে হালখাতা খুলেছি। পাশাপাশি এ পযর্ন্ত নানা ব্যবসায়ীদের কাছে কয়েক লাখ টাকার লালসালুর মলাট দেয়া হালখাতা এবং হালখাতা অনুষ্ঠানের ছাপানো কার্ড ও চিঠি বিক্রি করেছি।
হালখাতা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নতুন করে সাজানো হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। জ্বলে আলোক সজ্জা। আমন্ত্রিতদের বসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। মিষ্টিমুখ করার জন্য থাকে ব্যাপক আয়োজন। সাউন্ড বক্সে বাজতে শুরু করেছে গান।
বরগুনা শহরের মুদি ব্যবসায়ী মো. হারুন অর রশিদ জানান অনেক ক্রেতা রয়েছে যারা সারা বছর বাকিতে মালামাল কেনেন। বছর শেষে হালখাতা অনুষ্ঠানে তারা পুরাতন সকল বকেয়া শোধ করেন। এরা কিন্তু আমাদের আত্মীয়ের মতো। বাড়িতে আত্মীয়-স্বজন এল যেমন আপ্যায়ন করি। এদেরও তেমনি আপ্যায়ন করতে হয়।
হালখাতা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া বেতাগী শহরের জসিম উদ্দিন জানান, পুরাতন খাতার নাম কেটে হালখাতায় নাম তোলার মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি রয়েছে ।
আমতলী শহরের মা ড্রাগ হাউজের মালিক পরিতোষ রায় বলেন, শুধু বকেয়া পাওনার জন্যই নয়। বছরের প্রথম দিনে বন্ধু-বান্ধবদেরও নিমন্ত্রণ থাকে। ঈদ বা পুজোর মতো নববর্ষও আমাদের কাছে আনন্দমুখর একটা দিন।
আমতলী ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস জানান, বাঙ্গালী হিসেবে পহেলা বৈশাখ আমাদের কাছে সার্বজনীন উৎসব। সকল শ্রেণী পেশার মানুষই এই দিনটি বিভিন্নভাবে আগ্রহে পালন করে। বছরের এদিনটি সকলেই ভালভাবে কাটাতে চান। মফস্বল এলাকায় মানুষের প্রাণের আন্তরিকতা নিয়ে পহেলা বৈশাখ কেটে যায়।

হাসিনা কী জিনিস মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে: অলি

olito hasinaচট্টগ্রাম: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও ১৯ দলীয় জোটের সমন্বয়কারী কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, “শেখ হাসিনা কী জিনিস মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেশের রাজনীতি ও গণতন্ত্র আওয়ামী সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে।”

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা এলডিপি, গণতান্ত্রিক ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, “আওয়ামী লীগ কি জিনিস নতুন প্রজন্ম তা জানতো না। সরকারের অগণতান্ত্রিক আচরণ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোট ডাকাতি এ সবই এখন নতুন প্রজন্মের কাছে পরিষ্কার হয়ে গেছে। বর্তমান সরকার দেশের গণতন্ত্রের কবর রচনা করেছে।”

সমাবেশে বক্তব্য দেন এলডিপি নেতা উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, এলডিপি নেতা পৌর মেয়র আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক ভাইস চেয়ারম্যান ও এলডিপি নেতা আবদুর রহিম বাদশা, সাবেক চেয়ারম্যান সিরাজ আহমদ, আবদুল মাবুদ, সাইফুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দীন, এলডিপি নেতা জসিম উদ্দীন হায়দার, আবিদুর রহমান বাবুল।

‘এ সরকারের আমলে কোন ধর্মই নিরাপদ নয়’

sorkar dormoবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এ সরকারের সময়কালে মানুষ যেমন নিরাপদ নয়, তেমনি কোন ধর্মও নিরাপদ নয়। আওয়ামী লীগ শুধু ধর্মকে অবমাননা করতেই জানে। সম্মান করতে নয়। আওয়ামী লীগ এদেশের আলেম ওলামাদেরও পদে পদে অপদস্ত ও অপমানিত করেছে। তাদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন।”

শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের জাগরণী ক্লাব মাঠে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এ সরকারের আমলে কোন মানুষের জীবন নিরাপদ নয়। কারণ সরকারের গুণ্ডাবাহিনীরা মানুষকে যেখানে সেখানে মেরে ফেলছে, গুম করছে আহত করছে। ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতার ভাইকে সন্ত্রাসী ও পুলিশি নির্যাতন এবং বিএনপি কর্মী সমর্থকদের উপর সরকারি দলের হামলা নির্যাতন এরই প্রমাণ।”

এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ্য করে মির্জা ফখরুল আরো বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ বা জনগণ কারো কথা চিন্তা করে না। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যখন এদেশের মানুষকে গুলি করে, তখন তারা কোন প্রতিবাদ করে না। তাছাড়া ভারত এদশের উপর নিয়ে কোন বিনিময় ছাড়াই ট্রানজিট ও বিদ্যুৎ সংযোগ সুবিধা পাচ্ছে সে ব্যাপারেও তাদের কোন খেয়াল নেই। তারা শুধু নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চায় যে কোন মূল্যে।”

বিএনপি’র সিনিয়র এ নেতা আরো বলেন, “এবার গণতন্ত্র রক্ষার লড়াই। আমাদের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জিততে হলে অবশ্যই আমাদের দল জোটের প্রার্থীদের জয়ী করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি’র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম, গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত দুই জন’

sagor-runiসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে দুই জন জড়িত বলে র‌্যাবের তদন্তকারী দল জানিয়েছে। তবে দুই জন সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি র‌্যাব।

ইউএনবিতে প্রকাশিত এক খবরে তদন্ত কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের রাতে সাগর-রুনির বাড়িতে দুজন ব্যক্তি ছিল। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে ১২ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সমাবেশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

পহেলা বৈশাখ: রমনা বটমূল ও এর আশপাশ এলাকায় যানবাহন চলাচলে নির্দেশনা

roadplan to 1boishakপহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল ও এর আশপাশ এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

ডিএমপি’র নির্দেশনায় বলা হয়, পহেলা বৈশাখ রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়,বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইর্কোট ও এর আশপাশের এলাকায় জনসমাগম বৃদ্ধি পাবে। ফলে যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ওইদিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।

মিরপুর থেকে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্থান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সেসব গাড়ি সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে অথবা হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামটর বামে মোড় নিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

মোহাম্মদপুর থেকে যেসব বাস রুটের গাড়ি মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সেসব রুটের গাড়ি মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব বাস রুটের গাড়ি গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে সে সব রুটের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণি বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে এবং আসবে।

এছাড়া,ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব বাস রুটের গাড়ি গুলিস্থান, ফুলবাড়িয়া যাতায়াত করে সে সব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং সোজা আজিমপুর বেবী আইসক্রীম মোড় সোজা গোরশাহ্ মাজার বামে মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে: বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং, পিজি ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত, রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত, নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং,পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বক্শীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং।

এছাড়া নির্দেশনায় বলা হয়, বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানবাহন টিএন্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়িসমূহ),কার্জন হল থেকে আব্দুল গণি রোড (দক্ষিণ দিকের গাড়িসমূহ),কার্জন হল থেকে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ), মৎসভবন থেকে সেগুনবাগিচা (পূর্ব দিকের গাড়িসমূহ,বেইলি রোড (ভিআইপি গাড়ী পার্কিং, কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিকের গাড়িসমূহ, মিন্টো রোড (মিডিয়া গাড়ি পার্কিং) পার্কি করবে।

খালেদা জিয়াকে চায়ের দাওয়াত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

nasimmontriবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চায়ের দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ‘বিএনপির বন্ধুদের বলতে চাই পরামর্শ থাকলে দেন। প্রয়োজনে বিএনপি নেত্রীকে আমার চেম্বারে চা খাওয়ার দাওয়াত রইলো। আমি আপনাকে (খালেদা জিয়া) চায়ের দাওয়াত দিলাম। এসে আমাদের উদ্দেশে কোন পরামর্শ বা কথা থাকলে বলেন।’

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনার নাবালক ছেলেকে থামান। বোধশক্তিহীন মানুষের বুদ্ধিতে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। জনগণকে জিম্মি করে আন্দোলন করতে চান, হবে না। আজকে যা বলছেন, পাগলের উক্তি। এটার উদ্দেশ্য কী? নাবালকদের কথা শুনে যাই করেন নিজের ক্ষতি করবেন না।’

আন্দোলনের অহেতুক হুমকি দিয়ে লাভ নেই উল্লেখ করে নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি) আন্দোলনের লোক না। আন্দোলন করতে পারেন না। আওয়ামী লীগই আন্দোলনের দল। আন্দোলনের মধ্য দিয়ে এ দলের জন্ম।’

নাসিম বলেন, ‘নির্বাচন বর্জন করে প্রতিহতের ডাক দেয়া হয়েছিলো। কেউ আপনাদের কথা শোনেনি। নির্বাচন হয়েছে, সারা দুনিয়ার মানুষ সরকারকে স্বীকার করেছে। দশম সংসদের প্রথম অধিবেশনও গত বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে।’

সংগঠনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

অস্থায়ী সরকারের বেতভুক্ত কর্মচারী ছিলেন জিয়া: শেখ হাসিনা

hasina-opsitionসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মোনাফেক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অস্থায়ী সরকারের বেতভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। তাকে সাহায্য করেছিল কর্নেল তাহের; যাঁর একটি পা পঙ্গু ছিল।

তিনি বলেন, পঙ্গুদের ফাঁসি দেওয়ার নিয়ম না থাকলেও তাঁকে ফাঁসি দেওয়া হয়েছে। কত বড় মোনাফেক হলে নিজের সহযোগীকে হত্যা করা যায়!

শনিবার সন্ধ্যায় গণভবনে টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়ের পর শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতায় বিশ্বাস করে না। বিশ্বাস করলে মুক্তিযুদ্ধ নিয়ে এত আজে-বাজে কথা বলতো না। মুক্তিযুদ্ধ এবং যে সংবিধান সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত হয়েছে, তা নিয়েও কটাক্ষ করার মতো দুঃসাহস তারা দেখিয়েছে।

‘অবৈধ ক্ষমতা দখলকারী ব্যক্তির হাতে যে দল গঠিত হয়েছে, সে দলও অবৈধ’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য সে অবৈধ দল থেকে ছবক শুনতে হয়। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কাজেই সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিও অবৈধ।

এসময় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা হাইকোর্টের রায় মানে না। প্রথম রাষ্ট্রপতি নিয়ে কে প্রশ্ন ওঠালো? যার বাবা মুক্তিযুদ্ধের সময় একজন মেজর ছিলেন। স্বাধীনতার পর জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমোশন দিয়ে যাকে মেজর জেনারেল করেছিলেন। অবৈধ ক্ষমতা দখলকারী খন্দকার মোশতাকের হাতে জিয়া হলেন সেনাপ্রধান। সেনাপ্রধান হয়ে তিনি তাহের, খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেন।

তিনি বলেন, খন্দকার মোশতাককে বিদায় দেওয়ার পর সায়েম সাহেবকে রাষ্ট্রপতি করা হয়। পরে তাকে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা থেকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন জিয়া।

প্রধানমন্ত্রী বলেন, আর্মি রুল ও সংবিধান ভঙ্গ করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। পরে তিনি হ্যাঁ/না ভোট করেন। সে সময় থেকে ভোট কারচুপি শুরু হয়।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যার (তারেক রহমান) একাডেমিক ক্যারিয়ার ইন্ডারমিডিয়েট পাস করেনি বলে শোনা যায়; যার মা অষ্টম শ্রেণী পাস, তারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস, সংবিধান শিক্ষা দেয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে!

সারাদেশে সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছে।

তিনি বলেন, ‘আমরা চেয়েছি, নির্বাচনগুলো যাতে যেনতেন মতো না হয়। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসব সবদলের সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়ে আসতে পেরেছেন। একটি সরকার যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে, সেটি এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ চাইলে জামায়াতে ইসলামী একটি আসনেও নির্বাচিত হতে পারতো না।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, সরকারের বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা।

প্রতিটি উপজেলায় একটি মাস্টার প্ল্যান করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথায় হাসপাতাল হবে, কোথায় বিদ্যুৎ যাবে, কোথায় স্কুল প্রতিষ্ঠিত হবে, তার একটি প্ল্যান এমনভাবে করতে হবে, যাতে আবাদী জমি ক্ষতিগ্রস্ত না হয়।

নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো পরিকল্পনা সুষ্ঠুভাবে গ্রহণ করতে হবে; যাতে করে পরিকল্পনাটি কার্যকর হয়। টাকা-পয়সা যা দেই, তা যেন মানুষের কাজে লাগে!

শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে সোলার প্যানেল করে দিচ্ছি; যাতে করে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়।

টুঙ্গিপাড়ার নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হয়ে গেছে, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে হবে। মিলেমিশে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা বেগম মিমি বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

অনুষ্ঠান শুরুর আগে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদ্বয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

ড্রিল মেশিন দিয়ে ফুটো করে চিকিৎসা, ৭ জনের জেল-জরিমানা

jeljorimanaদেয়াল ফুটো করার মেশিন (ড্রিল মেশিন) দিয়ে ফুটো করা হতো শরীরের হাড়। চিকিৎসকের নেই কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান। অথচ তারা এভাবেই রাজধানীর বাবর রোডে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। শনিবার র‌্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে চিকিৎসালয়টি সিলগালা করেন। তাৎক্ষণিকভাবে সাতজনকে জেল-জরিমানা করা হয়।

আসামিরা হলেন- পিরোজপুরের বাবুল চন্দ্র পাইক(৪২), রতন কৃষ্ণ মজুমদার(৪৩) ও অন্তরা শিকদার(২৯); যশোরের ইমাম হাসান (২২), শরিয়তপুরের জুয়েল মিয়া (২২), খুলনার মাসুম বিল্লাল (২২), এবং গোপালগঞ্জের শোভা বনিক (২৫)।

তাদের প্রথম দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।

ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, অভিযানের সময় দেখা যায় জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) কাছে ১৬/১৪ বাবর রোডের ছয় তলা ভবনের তিন তলায় এ হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। গভীর রাতে এ হাসপাতালের মালিক পাইক বাবু এবং তার ভায়রা রতন কৃষ্ণ মিলে ডাক্তার ছাড়া নিজেরাই রোগীদের এনেসথেসিয়া এবং অপারেশন করে।

গোপনে খবর পেয়ে শুক্রবার রাতব্যাপি সেখানে অভিযান চালানো হয়। এ সময় রতন কৃষ্ণ স্বীকার করেন, তিনি রোগীর পায়ের হাড় ড্রিল মেশিন দিয়ে ফুটো করে টানা দেয়ার কাজটি করে থাকেন। তিনি যে ড্রিল মেশিন দিয়ে রোগীর পা ফুটো করেন সেটি হার্ডওয়ারের দোকান থেকে কিনে এনেছেন। এর গায়ে লেখা রয়েছে ৩৫০০ আরপিএম অর্থ্যাৎ এটি মিনিটে ৩৫০০ বার ঘুরবে।

র‌্যাব জানায়, রতন পাঁচ বছর আগে খুলনায় ইলিশ মাছের ব্যবসা করতেন। ব্যবসা ছেড়ে ভায়রার হাসপাতালে ওটি’র কাজ শুরু করেন। অষ্টম শ্রেণী পাশ হলেও ড্রেসিং করা এবং ড্রিল করার কাজ চালিয়ে আসছিলেন। হাসপাতালের মালিক পাইক বাবু এসএসসি পাস হয়েও লোকাল এনেসথেসিয়া প্রদানে কাজ করেন।

পঙ্গু হাসপাতালে আসা নিরীহ রোগীদের হাসপাতালের গেট থেকেই ভুল বুঝিয়ে আশেপাশে গড়ে উঠা কয়েকটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় সংঘবদ্ধ দালালচক্র। দালালরা প্রাইভেট হাসপাতালে রোগী ভাগিয়ে আনার বিনিময়ে জনপ্রতি পাঁচশ’ টাকা আয় করেন। এরপর হাসপাতালে যত বিল হয় তার শতকরা ৩০ ভাগ দেয়া হয় দালালদের।

এর আগে বিভিন্ন ক্লিনিকে ম্যানেজার ও পার্টনার থাকার পর সাত বছর আগে পাইক বাবু নিজেই ১০ বেডের হাসপাতালের মালিক হন। কয়েক মাস আগে বর্তমান ভবনে হাসপাতালটি স্থানান্তর করে স্বাস্থ্য অধিদফতর থেকে পঞ্চাশ শয্যার লাইসেন্স নেন। এমন হাসপাতালে ১৫ জন ডাক্তার ও ৩০ জন নার্স থাকা বাধ্যতামূলক হলেও কোনো নার্স পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব।

নীলক্ষেতে ঢাবি ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

dhak uniরাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির এক শিক্ষার্থী নীলক্ষেতে বই কিনতে গেলে বেশি দাম চাওয়ায় ওই শিক্ষার্থীর সঙ্গে দোকানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দোকানি শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করে।

এ ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশ’ শিক্ষার্থী নীলক্ষেত মোড়ের পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে দোকানিদের পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

শিক্ষা্র্থী-ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘলেও পুলিশের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে দাবি করেন সংশ্লিষ্ট থানার এসআই আনোয়ার হোসেন।

তবে, এসআই আনোয়ার জানান, আপাতত ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ থাকলেও পরিস্থিতি থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।