বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমৃত্যু কারাদণ্ড সাঈদীর

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।image_98579_0
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।
এই মামলায় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ এপ্রিল আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন। এর ঠিক পাঁচ মাসের মাথায় আজ রায় ঘোষণা করা হলো।
বুধবার সকাল ১০টা পাঁচ মিনিটে এজলাসে আসেন প্রধান বিচারপতিসহ বেঞ্চের অপর চার বিচারপতি। সকাল ১০টা সাত মিনিটে রায় দেয়া শুরু হয়। শেষ হয় ১০টা ১০ মিনিটে।
আপিলে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। সংখ্যাগরিষ্ঠ মতে ৬, ১১ ও ১৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। একই সঙ্গে ৮ নম্বর অভিযোগের অংশবিশেষে সংখ্যাগরিষ্ঠ মতে সাঈদীকে খালাস দেয়া হয়। সংখ্যাগরিষ্ঠ মতে ৭ নম্বর অভিযোগে ১০ বছর এবং ৮ নম্বর অভিযোগের অংশবিশেষে তাকে ১২ বছর কারাদণ্ড দেন আপিল বিভাগ।
 রায়ে ২০টি অভিযোগের মধ্যে আটটিতে দোষী সাব্যস্ত হন সাঈদী। এর মধ্যে একাত্তরে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে আলাদা দুটি অভিযোগে তাকে সর্বোচ্চ সাজা দেয়া হয়। ওই সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছিলেন এই জামায়াত নেতা। আর রাষ্ট্রপক্ষ অন্য ছয়টি অভিযোগে সাজা চেয়ে আপিল করে, যেগুলোতে দোষী সাব্যস্ত হলেও ট্রাইব্যুনাল সাজা দেননি।
এ রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলার চূড়ান্ত আপিল নিষ্পত্তি হলো।

সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে কাল

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব বুধবার পাস করবে সংসদ।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
image_98468_0
গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদে উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি দুটি বৈঠকের পর বিল নিয়ে তাদের সুপারিশসহ প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান সংশোধন বিল পাসের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।

সংবিধান সংশোধনের বিল কণ্ঠভোটের সঙ্গে সঙ্গে বিভক্তি ভোটের মাধ্যমে পাস করানোর বিধান রয়েছে। এলক্ষ্যে ভোটের ব্যালটও তৈরি করা হয়েছে।

সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটি পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার পর লবিতে রাখা ব্যালটে স্বাক্ষরের মাধ্যমেও ভোট দেবেন।

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণে ৩ ন্যাটো সেনা নিহত

আফগান রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিদেশি  সাঁজোয়া বহরকে লক্ষ্য করে এক আত্মঘাতি গাড়িবোমা হামলা ঘটানো হয়েছে। এতে তিন ন্যাটো সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫ জন।

জানা যায়, স্থানীয় সময় সকাল ৮:০০ টায় একটি বিদেশি সাঁজোয়া বহর মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে চলে এলে জনাকীর্ণ রাস্তায় এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে পর রাস্তাগুলো হঠাৎ জনশূন্য হয়ে পড়ে। নিকটস্থ গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে আরো ছিল আফগান সুপ্রিম কোর্ট।image_98465_0

নিহতেরা মার্কিন সেনানেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (ISAF) এর সদস্য। বিস্ফোরণের পর অগ্নিনির্বাপক দল ও নিরাপত্তারক্ষী বাহিনীর প্রবেশের পর চারপাশের এলাকায় কড়া নিরাপত্তা বেড়ি প্রদান করা হয়।

আফগানিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার মুহূর্তে এ আত্মঘাতি বোমাহামলা সংঘটিত হলো। আগের দিন ১৫ সেপ্টেম্বর সোমবার দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্যে দুই পক্ষের উপস্থিতিতে এক বৈঠক আয়োজিত হয়।

আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যকার বিরোধ নিষ্পত্তির অন্তর্বর্তীকালীন সময়ে ‘শৃঙ্খলা রক্ষার্থে’ ন্যাটোর সেনা প্রবেশকে ঘিরে দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল।

বিস্ফোরণে প্রায় ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সাঁজোয়া বহরের একটি সামরিক যান পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। দূতাবাস ও আদালতকেন্দ্রিক কড়া নিরাপত্তাবলয়সজ্জিত স্থানে বিস্ফোরকপূর্ণ একটি গাড়ি কী করে বিনা বাধায় প্রবেশ করতে পারলো তা নিয়ে রহস্য ঘনীভূত হয়ে চলেছে। সূত্র: আল জাজিরা

কক্সবাজারে পুলিশ-ইয়াবা ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই কনস্টেবলসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারা হলেন- পুলিশ কনস্টেবল আজিজুল ইসলাম ও বেলাল উদ্দীন এবং ইয়াবা ব্যবসায়ী ইসমাইল। পুলিশ সদস্যদের টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া গুলিবিদ্ধসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
image_98466_0
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসরুলের নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং ইউনিয়নের হাসান্নার টেক এলাকায় একটি প্রাইভেটকারকে (চট্ট মেট্রো গ-১২-৭৮৯৬) থামার সংকেত দেয়। কিন্তু তা অমান্য করে পালানোর চেষ্টাকালে গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশও আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেলেও গুলিবিদ্ধসহ চারজনকে আটক করা হয়।

তারা হলেন- টেকনাফ চৌধুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ইসমাইল, চকরিয়া উপজেলার হারবাং আলীপুর এলাকার মো. আলী হোসেনের ছেলে মহিউদ্দীন, টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার কামাল হোসেনের ছেলে আক্তার হোসেন এবং চট্টগ্রামের আগ্রাবাদ পাঠানটুলী এলাকার আব্দুল করিমের ছেলে মো. সাইদ হোসেন।

এ ব্যাপারে অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

উপনির্বাচনে অনেটকাই ফিকে মোদি কারিশমা

মঙ্গলবার সকাল থেকে নয় রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা পর্ব৷ ১৩ সেপ্টেম্বর ৩২টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দুই লোকসভা কেন্দ্র উপনির্বাচন হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভদোদরা, উত্তরপ্রদেশে সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মইনপুরী ও তেলেঙ্গানারা মেডক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়৷ অন্যদিকে, উত্তরপ্রদেশে ১১টি, গুজরাতে ৯টি, রাজস্থানে চারটি, পশ্চিমবঙ্গে দুটি, অসমে তিনটি ও ত্রিপুরা, সিকিম, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হয়৷ তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটের আগে দেশজুড়ে মোদি ঝড়ের দাপট এখন অনেকটাই নিস্তেজ৷ বিজেপিকে পেছনে ফেলে বিভিন্ন রাজ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস৷image_98451_0

৩২টির মধ্যে আট রাজ্য ১৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি’র হতাশা বাড়িয়ে গুজরাতে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ অথচ লোকসভা ভোটে ২৬-০ তে শেষ করেছিল বিজেপি৷ রাজ্যের যে ন’টি রাজ্যে উপনির্বাচন হয়, তার প্রত্যেকটিই ছিল বিজেপি’র দখলে৷ তবে নরেন্দ্র মোদির মণিনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ অন্যদিকে উত্তরপ্রদেশেও বিজেপি’র উপর সঙ্কটের ছায়া৷ উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে আটটি আসনে এগিয়ে রয়েছে সপা৷তিনটিতে এগিয়ে বিজেপি৷বসিরহাট দক্ষিণে তৃণমূল ও চোরঙ্গি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস৷অন্ধ্রপ্রদেশে নন্দীগামা আসনে এগিয়ে টিডিপি৷রাজস্থানে চারটির মধ্যে তিনটিতে এগিয়ে কংগ্রেস৷ অসমে দুটি আসনে এগিয়ে রয়েছে এআইইউডিএফ ও একটিতে এগিয়ে কংগ্রেস৷ সূত্র: ওয়েবসাইট

সেরা করদাতাদের সিআইপি মর্যাদা দেয়া হবে

দেশের সেরা করদাতাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তির (সিআইপি) মর্যাদা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।image_98460_0

মঙ্গলবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলা-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। জাতীয় রাজস্ব বোর্ড ১৬-২২ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, যারা কর দেবেন তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি। যারা বেশি কর দেবেন এনবিআর চেয়ারম্যানের অনুরোধে তাদের জন্য সিআইপি মর্যাদা দেয়ার উদ্যোগ গ্রহণ করবো। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।

এবার টলিউড মাতাচ্ছেন নিপুণ

ঢালিউডের পর এবার টলিউড মাতাচ্ছেন নিপুণ আক্তার। ওপার বাংলার বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিটি কবে মুক্তি পাবে তা অবশ্য এখনো স্থির হয়নি। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে নিপুণ।image_98462_0

বাংলাদেশের সুপারস্টার নিপুণ আক্তার কিন্তু এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন অভিনয় করার আদৌ কোনো পরিকল্পনা তার ছিল না। নিপুণ পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে, তাও আবার সাত সাগরের পাড়ে রাশিয়ার মস্কোতে। অভিনয়ে আসার আগে কাজ করেছেন মার্কিন মুলুকের একটি ওষুধ প্রস্ততকারক কোম্পানিতে।

কিন্তু ২০০৬ সালে বাংলাদেশে বেড়াতে এসে নেহাৎই শখে ঢুকে পরেন সিনেমা জগতে। এরপর আর ফিরে তাকাতে হয়নি নিপুণকে। গত ৮ বছরে ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু’বার। নিপুণ অভিনয় করেছেন বাংলাদেশের দুই বড় বড় তারকাদের মধ্যে দু’জন – মান্না এবং সাকিব খানের সঙ্গে।

নিপুণ জানান, তিনি অপেক্ষা করছেন তার ফিল্মি ক্যারিয়ারের সব চেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটির মুক্তির জন্য। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘একাত্তরের মা জননী’ সিনেমাটিই তার ক্যারিয়ারের মাইলস্টোন হতে পারে বলে অনুমান নিপুণের।

‘মওদুদ ভাই লেখেন ভালো, রাজনীতি করেন খারাপ’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর মওদুদ আহমদের বইয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি নেত্রী আত্মঘাতী রাজনৈতিক ভুল করেছিলেন। মনে রাখবেন, মওদুদ ভাই লেখেন ভালো, রাজনীতি করেন খারাপ। এখন সেটাই দেখার বিষয়, মওদুদ ও এ কে খন্দকাররা কোন রাজনীতি করবেন।”

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।image_98461_0

হাসানুল হক ইনু বলেন, “বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভুল করেছেন, যেটা ছিল আত্মঘাতী রাজনৈতিক কৌশল। এখন এ ভুলের খেসারত দিচ্ছেন। স্বাভাবিক পথ ছেড়ে অস্বাভাবিক পথে ভুল শোধরানোর পাঁয়তারা করছেন। এ ভুল কিভাবে শুধরিয়ে তিনি আবার রাজনীতিতে আসেবনে সেটাই মূল বিষয়।”

তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের পর বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতির অবসান হয়েছে। সাংবিধানিক ধারা সমুন্নত হয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, “বেগম জিয়ার পথ চারটা নোংরা পথ। (এক) মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি। (দুই) জঙ্গিবাদীদের দিয়ে অশান্তি সৃষ্টি করা। (তিন) বিদেশি প্রভুদের মনোরঞ্জন করে তাদের প্রভু হিসেবে মেনে নিচ্ছে। (চার) বেগম খালোদা জিয়া চক্রান্ত ষড়যন্ত্রের রাজনীতি খেলছেন। মহাজোট তার চারটা নোংরা খেলার ভূত তাড়াবে। তাহলে বাংলাদেশ আর পেছনের দিকে যাবে না।”

তিনি বলেন, “অনেকে দেশে বসে বই লিখে তার (খলেদা) এ নোংরা পথে সহায়তা করছেন। বিদেশে বসে তার ছেলে সেটা করছে।”

এ কে খন্দকারের বইয়ের সমালোচনায় তিনি বলেন, “বঙ্গবন্ধু বিশালত্বের সামনে আমি পিঁপড়ার সমান। তার পেছনে অনেক বড় কমান্ডার ছিল, ছোট-বড় অসংখ্য পিঁপড়া আছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হাতির গল্প বলার মতো। এ কে খন্দকার সাহেব হাতির গল্প বলতে গিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছেন। এটা সবাই জানে তিনি (বঙ্গবন্ধু) ৭ মার্চের ভাষণে পাকিস্তান রাষ্ট্রের কফিনে শেষ পেরেক মেরেছেন।”

এসময় তথ্যমন্ত্রী ছাত্রলীগের কার্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, “শেখ হাসিনার রানৈতিক সৈনিকরা টেন্ডারবাজি, চাঁদাবাজি করবেন না। যদি করেন, তাহলে আপনারা শেখ হাসিনার রাজনৈতিক সৈনিক নন। মনে রাখবেন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে হবে।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, আবদুল হাই কানু, হুমায়ূন কবির প্রমূখ।

ভারতে বাংলাদেশি সন্ত্রাসীদের সৌখিন জীবনযাপন

বাংলাদেশের অন্তত ৪৩ জন সন্ত্রাসী ভারতে অবস্থান করছে বলে দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের৷ মন্ত্রণালায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, তাদের নিয়ে একটি প্রতিবেদন ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, সর্বশেষ গত মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিজিবি-র পক্ষ থেকে এই ৪৩ জন সন্ত্রাসীর একটি তালিকা হস্তান্তর করা হয়৷ সেই তালিকা ধরে সন্ত্রাসীদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে অনুরোধ করে বিজিবি৷image_98443_0

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে আমরা তত্পরতা শুরু করেছি৷ পর্যায়ক্রমে সব সন্ত্রাসীকেই ফিরিয়ে আনা হবে৷’”

ব়্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, “এই ৪৩ জন সন্ত্রাসীর দেশে থাকা সহযোগীরা বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের হুমকি দিচ্ছে, চাঁদা আদায় করছে৷ প্রয়োজন হলে সীমান্তের ওপারের ফোন নাম্বার ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে হুমকিও দিচ্ছে এই সব শীর্ষ সন্ত্রাসী৷ তাই এদের দেশে ফেরানো গেলে চাঁদাবাজি অনেকটাই কমে আসবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে থাকবে৷”

তিনি জানান, এই ৪৩ জন অপরাধীর তালিকা ব়্যাব-এর গোয়েন্দা বিভাগই তৈরি করেছে৷ ব়্যাব-এর ওই তালিকায় দেখা গেছে যে, ১৬টি হত্যা মামলার আসামি মিরপুরের শাহাদত হোসেনের বর্তমান অবস্থান মুর্শিদাবাদ৷ চারটি হত্যা মামলার আসামী আমিনুল ইসলাম মুকুল বর্তমানে ভারতের কারাগারে বন্দী রয়েছে৷ ঢাকার নয়াটোলার জিসান ওরফে মন্টু আছে কলকাতায়৷ তার বিরুদ্ধে রয়েছে আটটি হত্যা মামলা৷ আগরতলায় আছে হত্যাসহ ১৩ মামলার আসামি শাহীন সিকদার৷ চট্টগ্রামের খন্দকার তানভির ইসলাম ওরফে জয়-ও আছে কলকাতায়৷ আটটি হত্যাসহ ২৫ মামলার আসামী মোহাম্মদপুরের নবী হোসেন আছে আলীপুর জেলে৷ তিনটি হত্যাসহ সাতটি মামলার আসামী আনোয়ার হোসেন আনু আছে ভারতের গোবিন্দপুরে৷ এছাড়া অন্যান্যদের ব্যাপারেও বিস্তারিত তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে৷

জিয়াউল আহসান বলেন, “এই তালিকায় ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ আসামিদের নাম উল্লেখ করা হয়েছে৷ তবে তালিকার অধিকাংশই ঢাকার সন্ত্রাসী৷ এরা ভারতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সৌখিন জীবনযাপন করছে৷ সহযোগীরা ঢাকা থেকে যে চাঁদাবাজির টাকা পাঠায়, তা দিয়েই চলছে তাদের জীবন৷ অনেক ব্যবসায়ী ভয়ে সরাসরি ভারতে নির্দিষ্ট সন্ত্রাসীকে টাকা পাঠানোর খবরও পাওয়া গেছে৷ সব কিছু নিয়ে তদন্ত করছে ব়্যাব৷”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অন্যতম প্রধান পরিকল্পনাকারী নূর হোসেনের পাশাপাশি ভারতের কারাগারে বন্দি থাকা কয়েকজন সন্ত্রাসীকে ফিরিয়ে আনতে তত্পরতা শুরু করেছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ও নূর হোসেনসহ গ্রেফতারকৃতদের ফেরত পাওয়ার বিষয়টি দেখভাল করছে৷ বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়৷ সূত্র: ডিডব্লিউ

শাহজালালে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ১১ কেজি ৬৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।তবে স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।image_98345_0

কাস্টমসের পরিদর্শক মোস্তফা জামান জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, কাস্টমস কর্তৃপক্ষের কাছে আগে থেকেই তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। তাই ফ্লাইটটি অবতরণের পর উড়োজাহাজের ক্যাপ্টেনের সহায়তায় এতে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দীনের নেতৃত্বে কাস্টমসের একটি দল। তারা উড়োজাহাজের ২১-ই সিটের কুশনের নিচ থেকে বাদামি রঙের স্কচটেপ মোড়ানো সাত-আটটি প্যাকেট উদ্ধার করে। পরে এসব প্যাকেট খুলে ১০০টি স্বর্ণের বার পাওয়া যায়।