রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

সব রেকর্ড ভেঙে পিকে এখন পয়লা নম্বরে

প্রত্যাশা ছিলই। আর সেই প্রত্যাশার হাত ধরে বলিউডের ইতিহাসে বক্সঅফিসে ব্যবসার নিরিখে সব রেকর্ড ভেঙে পিকে-এখন এক নম্বরে। ভারতে মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত পিকে-র পকেটে জমা পড়েছে ২৮৫ কোটি টাকা। ৩০০ কোটির সীমানা ছুঁতে আর প্রয়োজন মাত্র ১৫ কোটি।image_112600_0

এর আগে বক্সঅফিস থেকে সবথেকে বেশি টাকা কামিয়েছিল আমিরেরই সিনেমা ধুম থ্রি। ১০০ কোটির মুড়ি মুড়কির যুগে ব্যবসার নিরিখে সেরা পাঁচের প্রথম দুটিই আমিরের। তিন নম্বরে আছে সল্লু মিঞার কিক (২৩৩ কোটি), চারে শাহরুখের চেন্নাই এক্সপ্রেস (২২৭ কোটি), পাঁচেও শাহরুখের ২০১৪ সালের রিলিজ হ্যাপি নিউ ইয়ার।

এখনও পর্যন্ত এই সপ্তাহের শনি, রবি বাকি আছে। ট্রেড অ্যানালিস্টদের মতে গতি প্রকৃতি যা বলছে রবিবারের মধ্যে ৩০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলবে পিকে।

রাজকুমার হিরানির নয়া ব্লকবাস্টারের পোস্টার রিলিজের সময় থেকেই বিতর্কের কেন্দ্রে। প্রাথমিকভাবে পিকে-র পোস্টার নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে। একটি আদালতে মামলাও করা হয় আমির খানের বিরুদ্ধে। তবে ধোপে টেকেনি সেই অভিযোগ। সিনেমা রিলিজের পর শুরু হয় অন্য বিতর্ক। হিন্দু ধর্মাবেগে আঘাত হানছে এই সিনেমা, এই অভিযোগ এনে সেন্সার বোর্ডে পিকে-কে ব্যান করার অনুরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাত, মুম্বইয়ের বিভিন্ন সিনেমা হলে ভাংচুর চালায় বজরং দল। বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী অভিযোগ করেন পিকে-র পিছনে নাকি টাকা ঢেলেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। তবে গেরুয়া বাহিনীর সব অভিযোগ, আপত্তি উল্টো পিকে-কে গুছিয়ে মাইলেজ দিয়েছে। বিতর্ক যত বেড়েছে সিনেমা হলে তত বেড়েছে দর্শক সংখ্যা।

সোশ্যাল মিডিয়াও মোটামুটি পিকে-কে নিয়ে দুই ভাগে বিভক্ত। একদল পিকের বিরোধীতায় যেমন গলা ফাটিয়েছে অন্যদল পিকে-র স্বপক্ষে ভীষণ সরব।

পিকে তৈরি করতে মোটামুটি ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। ভারতে একসঙ্গে ৪,০০০ হলে মুক্তি পেয়েছে এই সিনেমা।

শুধু এদেশেই নয়, বিদেশেও ১৩০ কোটি টাকা কামিয়ে ফেলেছে পিকে। – ওয়েবসাইট

রোমের পাথর বাঁধানো রাস্তাকে পিচঢালা করার প্রস্তাব

রোমের ঐতিহ্যবাহী পাথর বাঁধানো রাস্তা থেকে পাথর তুলে পিচঢালা পথে পরিণত করার প্রস্তাবে নগরীর অনেক মানুষ ক্ষুব্ধ।image_112599_0

সিটি কাউন্সিলের একজন নতুন কাউন্সিলর এই প্রস্তাবটি দেন শহরের রাস্তাগুলো যানবাহন এবং পথচারীদের জন্য আরও নিরাপদ করার লক্ষ্যে।

কাউন্সিলর মাউরিজিও পুচ্চি বলেন, এতে সড়ক রক্ষণাবেক্ষণের খরচও কমবে। আর যেসব কোম্পানি এই সড়ক উন্নয়নের কাজ করবে, তারা এই কাজের বিনিময়ে পাথরগুলো তুলে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে।

কিন্তু রোমের মতো একটি ঐতিহাসিক শহরের নগর কেন্দ্রের রাস্তার আধুনিকায়নের এই প্রস্তাব তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

রোমের ঐতিহাসিক কেন্দ্রগুলোর বেশিরভাগ রাস্তা পাথর বাঁধানো। সেই পাথর বাঁধানো রাস্তার ওপর দিয়েই গাড়ি চলে। রোমের ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয় এই পাথর বাঁধানো রাস্তা।

ইন্টারনেটে নানা ব্লগে আর সোশ্যাল মিডিয়ায় এই প্রস্তাব নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। অনেকে নানা মজার মন্তব্যও করছেন।

একজনের মন্তব্য, “এই চোরেরা এখনো সবকিছু সাফাই করতে পারেনি, এখন নজর দিয়েছে আমাদের রাস্তার পাথরগুলোর দিকে। দয়া করে এগুলোতে হাত দিও না।”

আরেকজনের সরস মন্তব্য, “শুধু রাস্তা কেন, কলোসিয়াম সহ রোমের আর সব ঐতিহাসিক নিদর্শনও চীনাদের কাছে বিক্রি করে দেয়া হোক। যারা কিনবে, তারা সঙ্গে বোনাস হিসেবে পাবে রোম সিটি কাউন্সিলের এই নতুন কাউন্সিলরকে, একেবারে বিনামূল্যে।”- বিবিসি

ভারতের পররাষ্ট্রনীতিকে নতুন আকার দিয়েছেন মোদি

 ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বড় জয়ের পর নরেন্দ্র মোদি অভ্যন্তরীণের চেয়ে পররাষ্ট্রনীতিতে বেশি প্রভাব ফেলেছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মা চেলানি৷image_112598_0

পররাষ্ট্রনীতিতে সামান্য অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি এ বিষয়ে যেসব পদক্ষেপ নিয়েছেন, তাতে অনেকে বিস্মিত৷ চীনা প্রেসিডেন্ট শি চিনপিং থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন, সবাই মোদির সঙ্গে এরই মধ্যে সাক্ষাৎ করেছেন৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ভারতে স্বাগত জানানোর পর মোদি এখন এমন সময়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে নতুন করে শীতল যুদ্ধ শুরুর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ভারতের প্রজাতন্ত্র দিবসে এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেননি৷

পাঠকের ভোটে টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ মনোনীত মোদি জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মতো দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্যও কাজ করছেন৷ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা মোদির পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্যে পরিণত হয়েছে৷

নির্বাচনে জেতার পর অনেকে মনে করেছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মোদি হয়ত তাত্ত্বিকতার দিকে যাবেন৷ কিন্তু তার পররাষ্ট্রনীতির অন্যতম ট্রেডমার্ক হলো বাস্তববাদ৷ একটি ঘটনায় সেটা স্পষ্ট বোঝা গেছে৷ প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি নয় বছর আগে যুক্তরাষ্ট্র তার উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে তাকে যেভাবে অপমান করেছিল সেটা ভুলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়েছেন৷ ২০০২ সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, তাতে মোদির জড়িত থাকার অভিযোগে তাকে ভিসা দিতে অপারগতা জানিয়েছিল যুক্তরাষ্ট্র৷ পরবর্তীতে সুপ্রিম কোর্টের তদন্ত প্রতিবেদনে মোদিকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়া হলেও যুক্তরাষ্ট্র তার উপর থাকা ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়নি৷ তারপরও নির্বাচনে জেতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ওবামা মোদিকে টেলিফোন করে তাকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ জানান৷ ভারতের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মোদি তাতে সম্মতিও দেন৷

মোদির কূটনৈতিক ঝুঁকি
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মোদির বাস্তববাদের আরেকটি উদাহরণ হলো চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা৷ ভারতের অবকাঠামো, বিশেষ করে রেললাইন, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পপার্ক গড়ে তোলা, ইত্যাদি ক্ষেত্রে চীনের বিনিয়োগ আহ্বান করেছেন মোদি৷ ভারতে চীনের সরাসরি বিনিয়োগের পরিমাণ খুবই কম৷ কারণ চীনা কোম্পানিগুলো ভারত থেকে কাঁচামাল আমদানি করে সেখানে উৎপাদিত পণ্য বিক্রি করতে বেশি আগ্রহী৷ চীন যে মোদির কূটনৈতিক ঝুঁকির একটি অংশ সেটা বোঝা যায়, চীনা প্রেসিডেন্টে ভারত সফরের সময় ভারতের লাদাখে চীনা সামরিক বাহিনীর ঢুকে পড়া৷

মোদির জন্য আরেকটি চ্যালেঞ্জ হলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, কারণ পাকিস্তানের সামরিক বাহিনীর সহায়তা নিয়ে ভারতে হামলা চালানোর অভিযোগ রয়েছে৷ ছয় বছর আগের মুম্বই হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের কারাগারে আটক সাতজন বিচার এখনও শুরু করেনি পাকিস্তান৷ উপরন্তু এই হামলার পরিকল্পনাকারী হাফিজ সাঈদ, জাতিসংঘ যাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, তাকে একটি বড় সমাবেশ করতে সহায়তা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ৷ এমনকি সমাবেশে অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করেছে পাকিস্তান৷

মোদি অবশ্য তার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এবং পেশাওয়ারে স্কুলে তালেবান হামলায় নিহতদের স্মরণে ভারতে স্কুলগুলোতে দুই মিনিটের নীরবতা পালনের আহ্বান জানিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়েছেন৷

বহুপাক্ষিক হয়ে যাচ্ছে ভারত
মোদির পদক্ষেপে মনে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ভারত এখন বহুপক্ষীয় সম্পর্কের অনুসারী হতে যাচ্ছে৷ বিভিন্ন স্বার্থে পৃথক শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে ভারত শুধু এগিয়েই যাবে না, এটা তার কৌশলগত সার্বভৌমত্ব রক্ষায় সহায়তাও করবে৷

তবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠ করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেন এমন না হয় যে, কোনো এক সময় শুধুমাত্র একটি দেশকে বেছে নেয়ার মতো পরিস্থিতিতে পড়তে হয়৷ যেমন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রাখতে হবে৷ শীতল যুদ্ধের সময়কার ভারত-রাশিয়া সম্পর্কের জায়গায় স্থান হয়েছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের৷ ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে রাশিয়া যে দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে এবং সামরিক চুক্তি সইয়ের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নের ঝুঁকি সম্পর্কে মোদিকে ভাবতে হবে৷

পূর্ব-পশ্চিমের মধ্যে সেতুবন্ধ
যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও এশিয়ার গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যমে ভারত বহুপক্ষীয়তার দিকেই এগোচ্ছে৷ এর বাইরে ভারত তার নিজস্বতার দিকেও খেয়াল রাখছে৷ যেমন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নিষেধাজ্ঞা আরোপের কর্মসূচিতে যোগ দেয়নি ভারত৷

ভৌগলিক অবস্থানের কারণে ভারত এমনিতে প্রকৃতিগতভাবে পূর্ব-পশ্চিম এবং ইউরোপ-এশিয়ার মধ্যে সেতু হয়ে আছে৷ গতিশীল পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারত সত্যিকার অর্থে পূর্ব আর পশ্চিমের মধ্যে সেতুবন্ধ হয়ে উঠতে পারে৷

ব্রহ্মা চেলানি: নতুন দিল্লির ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-এর স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের অধ্যাপক৷

বিধ্বস্ত বিমান থেকে বেঁচে গেল সাত বছরের মেয়েটি

বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে আর সবাই। বেঁচে যায় শুধু সাত বছরের এক মেয়ে। হতবিহ্বল মেয়েটি হেঁটে গিয়ে কড়া নাড়ে কাছের এক বাড়ির দরোজায়। দরোজা খুলে দেয়া লোকটিকে জানায়, বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে তার বাবা-মা।image_112597_0

অবাক করা এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে।

কেনটাকির পুলিশ জানায়, বিধ্বস্ত বিমানটি পরে চারজন মানুষের মৃতদেহ সহ খুঁজে পাওয়া যায়। মেয়েটির পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি।

মেয়েটিকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশংকামুক্ত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, পাইপার পিএ-৩৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কনট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমানটির পাইলট ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছে বলে জানিয়েছিল।

কেনটাকির পুলিশ সার্জেন্ট ডিন প্যাটারসন বলেন, সাত বছরের মেয়েটি নিজে পায়ে হেঁটে এসে সবচেয়ে কাছের বাড়িতে গিয়ে এই বিমান দুর্ঘটনার খবর দেয়। মেয়েটি যে প্রাণে বেঁচে গেছে সেটা একটা অলৌকিক ঘটনা।

ভারত-পাকিস্তান সম্পর্কে শান্তি দেখা যাচ্ছে না

 ভারতে মে মাসে ক্ষমতায় আসে বিজেপি৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি৷ তবে দুই দেশের সম্পর্কে যে শিগগিরই শান্তি আসবে সেটা মনে করছেন না বিশ্লেষকরা৷image_112596_0

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে স্বাগত জানিয়েছিলেন মোদি৷ এই ঘটনায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা করেছিলেন অনেকে৷ কিন্তু পরে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দুই মাসেরও কম সময়ের মধ্যে কাশ্মির সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে৷ এ বিষয়ে সাংবাদিক ও গবেষক ফারুক সুলেহরি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে কখনও আসলে সত্যিকারের শান্তি প্রক্রিয়া ছিল না৷ মাঝেমধ্যে কিছু সময়ের জন্য শুধু উত্তেজনায় বিরতি দেখা গেছে৷ ১৯৪৭ সাল থেকেই এমনটা হয়ে আসছে৷”

সন্ত্রাসী দমনে বৈষম্য
বর্তমানে পাকিস্তানকে দুই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে হচ্ছে৷ একদল পাকিস্তানের অভ্যন্তরে হামলা করছে৷ আরেকদল পাকিস্তানে থেকে ভারত ও আফগানিস্তানে হামলা করছে৷ যেমন কদিন আগে পেশাওয়ারে একটি স্কুলে হামলা চালায় তালেবান৷ ওই হামলার পর পাকিস্তানের একটি আদালত জাকি উর রেহমান লাখভিকে ছেড়ে দেয়৷ ভারতের মুম্বাইতে ২০০৮ সালে যে সন্ত্রাসী হামলা হয়েছিল ওই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এই লাখভি৷ এছাড়া মুম্বাই হামলার সঙ্গে জড়িত হাক্কানি নেটওয়ার্ক, আফগান তালেবান, লস্কর-ই-তৈয়বার জঙ্গিদের পাকিস্তান বিচার করবে বলে আশা ছিল ভারতের৷ কিন্তু সেটা হয়নি৷ তাই পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত জি. পার্থসারথী মনে করেন, পাকিস্তান যতদিন সন্ত্রাসী দমনের ক্ষেত্রে দুই গোষ্ঠীর মধ্যে বৈষম্য করা থেকে বিরত না থাকছে ততদিন দুই দেশের মধ্যে শান্তি আসবে না৷

ইসলামাবাদের সাংবাদিক আব্দুল আগা বলেন, বিবদমান বিষয়গুলোর সমাধানে দুই দেশের উচিত শান্তি আলোচনা শুরু করা৷ এছাড়া বাণিজ্য বাড়ানো এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর উপরও জোর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ ‘‘সেটা না হয়ে দ্বন্দ্বে জড়ালে শুধুমাত্র সন্ত্রাসীরাই লাভবান হবে,” বলে মনে করেন আগা৷- ডিডব্লিউ

ট্রাইব্যুনালে অপেক্ষমাণ দুই মামলা, বিচার চলছে ৭ আসামির

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন দুটি মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রয়েছে। আরো চার মামলায় সাত আসামির বিরুদ্ধে বিচার চলছে।image_112556_0

ট্রাইব্যুনাল এ পর্যন্ত ১৫ মামলায় রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার অপেক্ষায় থাকা দুই মামলার আসামিরা হলেন-জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার (পলাতক)। ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এ কথা জানান।

ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়া চার মামলার সাত আসামি হলেন- বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলী, চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটু এবং পটুয়াখালীর ফোরকান মল্লিক। এদের মধ্যে আসামি হাছেন আলী পলাতক, অন্যরা কারাগারে রয়েছেন।

একটি মামলায় তিন আসামি সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে গত ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। রাজাকার পলাতক হাছেন আলীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। একটি মামলায় আসামি চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে ১২ জানুয়ারি সুচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে ১৯ জানুয়ারি সুচনা বক্তব্য পেশ ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য দিন ধার্য রয়েছে।

এছাড়াও একটি মামলায় আসামি নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। যশোর-৬ আসনের জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ও বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা সাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আটক রয়েছেন। তাদের বিষয়ে তদন্ত সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান অঙ্গীকার ছিলো যুদ্ধপরাধীদের বিচার করা। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধপরাধীদের বিচারে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন টিম গঠন করা হয়। প্রথমে একটি ট্রাইব্যুনালে এ বিচার প্রক্রিয়া শুরু হয়। পরে এ বিচারকে ত্বরান্বিত করতে ২০১২ সালের ২২ মার্চ আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। পৃথক দুটি ট্রাইব্যুনালে এ পর্যন্ত ১৫টি মামলার রায় হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে পুনরায় সরকার গঠনের পর ট্রাইব্যুনালে ছয়টি ও আপিলে দুটি মামলায় রায় ঘোষণা করা হয়।

গণতন্ত্রকে হত্যা করতে চায় বিএনপি: হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করার জন্য আগামী ৫ জানুয়ারি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়।image_112571_0

তিনি শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি গত ৫ জানুয়ারির আগে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, দেশের মানুষ যেভাবে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র প্রতিহত করেছে সেভাবে ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে।

জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ও অগ্রণী ব্যাংক লিমিডের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগ নেতা এমএ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী প্রমুখ। -বাসস

বিএনপির সঙ্গে কোনো আপস নেই: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওকারীদের সঙ্গে কোনো আপস নেই। তাদেরকে এখনি রুখতে হবে। আন্দোলনের নামে নাশকতা হলে জনগণের জানমাল রক্ষায় সরকার এর কঠিন জবাব দেবে।image_112570_0

শনিবার ঢাকা বিশ্ববদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন।

সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম বলেন, “তারেক বিদেশে বসে বঙ্গবন্ধুকে নিয়ে যে কটূক্তি করেছে এর জন্য নিঃশর্ত ক্ষমা এবং আত্মসমর্পণ না করলে দেশের এক ইঞ্চি মাটিতেও খালেদাকে সমাবেশ করতে দেয়া হবে না।”

সমাবেশ শেষে ছাত্রলীগের র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আকাশ মেঘাচ্ছন্ন, বেড়েছে তাপমাত্রা

দক্ষিণের বাতাসের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গতকাল থেকেই সারাদেশের তাপমাত্রা বেড়েছে। দক্ষিণা বাতাসের চাপে উত্তরের বাতাস ঢুকতে না পারায় তাপমাত্রা বেড়েছে বলে মনে করছে আবহাওয়া অধিদফতর।image_112565_0

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুইদিন তাপমাত্রার এ অবস্থা অপরিবর্তিত থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে দেশের রংপুর, লালমনিরহাট, রাজশাহী, দিনাজপুর অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২০.৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মেঘ কেটে গেলে শীতের অনুভূতি আগের মতা বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিরপেক্ষ ছিলাম, থাকবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহম্মেদ বলেছেন, অতীতের নির্বাচনগুলোতে বর্তমান কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। আগামী নির্বাচনগুলোতেও কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে।image_112553_0

শনিবার সকালে বান্দরবান জেলা সদরের সার্ভার স্টেশন পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার সার্ভার স্টেশনটি ঘুরে দেখেন এবং দ্রত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ্, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ভোটার হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “কমিশন খুব সতর্কতার সঙ্গে কাজ করছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা তদন্ত করে বহিরাগতদের তালিকা থেকে বাদ দেয়া হবে।”

সিইসি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। যেসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তা শেষ করে দ্রত নির্বাচনের দেয়া হবে। খুব শিগগিরই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন দেয়া হবে। সে অনুযায়ী কমিশন প্রস্তুতি নিচ্ছে।”

উল্লেখ্য, প্রায় এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বান্দরবান শহরের ম্যাজিস্ট্রেট কলোনি এলাকার পাশে সার্ভার স্টেশনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।

প্রধান নির্বাচন কমিশনার পরে বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ ভকন পরিদর্শন করেন।