শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বোমা হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্মূল করা হবে

rabbiজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, বাসে পেট্রোল বোমা মেরে বাসযাত্রীদের হত্যাকারীদের ধরতে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নির্মূল করা হবে।

তিনি রোববার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাইবান্ধায় বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, খালেদা জিয়ার তাণ্ডবলীলা, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, বাস পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা জনগণকে সঙ্গে নিয়ে বন্ধ করা হবে।

২০০১ সালে খালেদা জিয়া যেভাবে ক্লিন হার্ট অপারেশনের নামে মানুষ হত্যা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী চান না সেভাবে অভিযান চালাতে। আমরা জনগণের সহায়তায় এসব নাশকতা অবশ্যই প্রতিরোধ করতে সক্ষম হব।

ডেপুটি স্পিকার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা সদর আসনের সাংসদ মাহবুব আরা গিনি, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাদের, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন ও অন্যরা।

রাগের মাথায় স্বামীকে খুন

marder2রাজশাহীর দুর্গাপুরে রাগের মাথায় স্বামীকে কুপিয়ে খুন করেছেন এক গৃহবধূ।

শনিবার গভীর রাতে দুর্গাপুরের আদিবাসী খ্রিস্টান পল্লীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, শনিবার রাতে খ্রিস্টান পল্লীর বাসিন্দা তাপস পান্না (৩৫) ও তার স্ত্রী তৃণা লাকড়ার (৩৩) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তৃণা ধারালো হাসুয়া দিয়ে তাপসকে কোপ দেন। আহত অবস্থায় তাপসকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাত ১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
ঘটনার পর তৃণা লাকড়াকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে হত্যার কথা স্বীকার করে তৃণা পুলিশকে বলেন, ‘হত্যা নয়, রাগের মাথায় কোপ দিয়েছি। এতে তার মৃত্যু হবে তা ভাবিনি।’
তাপস পান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই রুপস পান্না বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই তাপস তার শ্বশুড় বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থাকতেন। তাপস-তৃণার একমাত্র ছেলে গ্রামের মিশন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

 

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ!

bdcricket8অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচের দুটিতেই হার।

প্রথম ম্যাচে পাঁচ উইকেটে, আর দ্বিতীয়টিতে ছয় উইকেটের ব্যবধানে। তবে বাংলাদেশের মেলবোর্ন অধ্যায় শেষ হয়েছে ইতোমধ্যেই। এবার নতুন ভেন্যুতে নতুন করে শুরুর পালা। ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে রোববারই ওয়ার্মআপ ম্যাচের রোমাঞ্চ উপভোগ করবে টাইগাররা। সুতরাং বাংলাদেশের অনানুষ্ঠানিক বিশ্বকাপ শুরু হচ্ছে এদিনই! সিডনির ব্লাক টাউন অলিম্পিক পার্ক স্টেডিয়ামে। প্রতিপক্ষ ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান।

বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দিবারাত্রির ম্যাচটি। গ্রিনিচ মান সময় ১৪টা ৩০ মিনিটে। স্কটল্যান্ড পর্বের আগে এই ম্যাচে টাইগারদের তারকা ত্রয়ী সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিক রহিমদের দিকে নজর থাকবে ক্রীড়ামোদীদের। কেননা অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আনঅফিশিয়াল প্রথম দুই ম্যাচে ক্লিক করতে পারেননি তারা।

তবে ব্যাট হাতে ভালো কিছু করার প্রত্যয় দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে অর্ধশতক করে বিশ্বকাপে সেরা একাদশে থাকার জোর দাবি জানিয়েছেন মুমিনুল হক। দ্বিতীয় ম্যাচে লড়াকু অর্ধশতকে নিজের উপস্থিতি জানিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। বল হাতে ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিনরা।

প্রসঙ্গত, আসন্ন ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। আয়োজক দুই দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও সেখানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

‘ভারতের কাছ থেকে একটু গণতন্ত্র শিখতে পারি না?’

farukiiবিশিষ্ট নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বলেছেন, “ভারতের কাছ থেকে এতো কিছু শিখি, একটু গণতন্ত্র শিখতে পারি না? বিরুদ্ধ মত নিয়া পাশাপাশি চলা, রাজনৈতিক, সামাজিক, আর প্রাতিষ্ঠানিক সৌজন্য দেখানোর উপায় শিখতে পারি না?”

শনিবার তার ফেইসবুক স্টাটাসে তিনি এমন প্রশ্ন করেন। ফারুকী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন।

তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো-“ভারতে বসে বসে মিটিংয়ের ফাঁকে ফেসবুকের প্রোফাইলে প্রোফাইলে বাংলাদেশকে খুঁজেছি । সচরাচর অন্যের প্রোফাইল দেখার সুযোগ হয় না । ঘুরে ঘুরে যে ছবি দেখেছি তা চরম আশাবাদী মানুষকেও হতাশ করে তুলবে ।”

“আওয়ামী লীগের বন্ধুদের প্রোফাইলে গিয়ে দেখি ওরা যুদ্ধে আছে। বিএনপির বন্ধুদের প্রোফাইলে গিয়ে দেখি ওরাও যুদ্ধে আছে ।আর আমি শুধু দেখি অন্ধকার।মুখোমুখি বসিবার কেউ নেই।আছে শুধু অন্ধকার ।”

“যে ঘোড়ার পিঠে চড়েছি আমরা দুই দল, ইতিহাস সাক্ষ্য দেয় এ এক অন্ধ ঘোড়া যার কেবল পতনের রাস্তাটাই চেনা আছে ।”

ফারুকী লিখেছেন, “আর আমরা যারা যুদ্ধের দামামা বাজিয়ে চলেছি তাদের চোখে যাদুকর পড়িয়ে দিয়েছে এক ঠুলি আর হাতে ধরিয়ে দিয়েছে তর্কশাস্ত্রের বাহাত্তর খন্ড পুস্তক। আমাদের দিলে তাই রহম নাই, আমাদের দেশে প্রজ্ঞা বলে কোনো শব্দ নাই, আমাদের অভিধানে ক্ষমা বলে কোনো বস্তু নাই।

“আমাদের ধর্মের নাম “নির্মূল ধর্ম”। আমি তোমাকে, তুমি আমাকে-চলো নির্মূল নির্মূল খেলি। কখনো গ্রেনেড, কখনো পেট্রোল বোমা, কখনো রাজার বন্দুক, কখনো জ্ঞান ব্যাপারীর কলম। চলো মারি অবিশ্বাসীরে। আর এই করতে গিয়ে যুদ্ধের ময়দানে যদি কিছু অযোগ্য অপদার্থ সাধারণ প্রাণ পুড়ে কয়লা হয় হোক। ওসব ইতিহাসের জ্বালানি। আহ্!
আহ্!”

“আমরা ভারতের কাছ থেকে এতো কিছু শিখি, একটু গণতন্ত্র শিখতে পারি না? বিরুদ্ধ মত নিয়া পাশাপাশি চলা, রাজনৈতিক, সামাজিক, আর প্রাতিষ্ঠানিক সৌজন্য দেখানোর উপায় শিখতে পারি না?”

পাবনায় মৈত্রী ট্রেনে পেট্রলবোমা হামলা

train motriiকলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বোমা হামলা চালিযেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে কেউ হতাহত হয়নি।

রোববার দুপুর পৌনে তিনটার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড ইয়ার্ডে এই ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হুমায়ুন কবির ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দুপুর দুইটা ৫০ মিনিটে কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে লোকোসেড ইয়ার্ডের কাছে পৌঁছে। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

ঈশ্বরদী দমকল বাহিনীর সহকারী পরিচালক ইউনুস আলী জানান, পেট্রলবোমাটি ইঞ্জিনের ওপর পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন হাফিজও

hafiz9বিশ্বকাপের আগে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থেই আরেকটি দুঃসংবাদ। গোঁড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়লেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
পাকিস্তান দলের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বাঁ-হাতি ওপেনার নাসির জামশেদকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্রের বরাতে রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে দ্বিতীয় একদিনের ম্যাচে ইনজুরিতে পড়েন ৩৪ বছর বয়সী হাফিজ। তাকে তিন সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।
পিসিবি মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হাফিজের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। তার পরিবর্তে নাসির জামশেদকে দলে নেয়ার বিষয়ে ভাবা হচ্ছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপ আসরের আগে পাকিস্তান শিবিরে এ নিয়ে তৃতীয় ইনজুরির ঘটনা ঘটল। হাঁটুর ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার উমর গুল। এছাড়া পায়ে চোট পেয়ে ১৫ জনের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন তরুণ পেসার জুনায়েদ খান।
গত সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি অভিযুক্ত করায় বিশ্বকাপ দল থেকে অভিজ্ঞ স্পিনার সাইদ আজমলের নাম প্রত্যাহার করে নেয়া হয়। তবে শনিবার পুনঃপরীক্ষার পর আজমলের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে আইসিসি।
আগামী ১৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।
উল্লেখ্য, গত দুই দিনে চোটের কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ভারতের ফাস্ট বোলার ইশান্ত শর্মা ও শ্রীলঙ্কার ধামিকা প্রসাদ।

বুদ্ধিজীবীদের পড়াশোনা করার প্রস্তাব ইনুর

enu24বুদ্ধিজীবীদের ভালো করে পড়াশোনা করে প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “সংলাপের দাবি করলেও এখন পর্যন্ত কেউ গঠনমূলক প্রস্তাব দেয়নি। সংবিধান উপেক্ষা করে কেউ কেউ এমন প্রস্তাব দিয়েছেন, যা সাংবিধানিক শূন্যতা তৈরি করবে।”

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, “কতিপয় বুদ্ধিজীবী সংলাপ নিয়ে যতটা সরব, আগুনে পুড়িয়ে মানুষ মারার বিরুদ্ধে ঠিক ততটাই নীরব। দেশ ও মানুষের জন্য ওই বুদ্ধিজীবীদের সামান্য মায়া থাকলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ করতে বলতেন।”

বুদ্ধিজীবীদের সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে কথা বলতে হবে—এমনটা উল্লেখ করে মন্ত্রী বলেন, “বুদ্ধিজীবীরা যুদ্ধাপরাধী ছাড়া সব রাজবন্দীর মুক্তি চেয়েছেন। তাহলে নাশকতার সঙ্গে জড়িতদেরও ছাড়তে হবে কি না, মন্ত্রী তা জানতে চান।”

সংলাপের ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, “দেশব্যাপী চলমান নাশকতা বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ বা রাজনৈতিক আলোচনা নিয়ে চিন্তা করা হবে। সংলাপের কথা বললেও বিএনপি গঠনমূলক কোনো প্রস্তাব দিতে পারেনি। সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্য ২০ দলীয় জোট নেত্রী অস্বাভাবিক প্রস্তাব দিচ্ছেন।”

তিনি বলেন, ‘‘মানুষ শান্তি ও স্বাভাবিকতা চয়। সরকারও শান্তি ও স্বাভাবিকতা চায়। খালেদা জিয়া সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা ছাড়লে শান্তি প্রতিষ্ঠার কাজ সহজ হতো। যত কঠিনই হোক না কেন, সরকারকে শান্তি প্রতিষ্ঠায় কঠিন পথই গ্রহণ করতে হচ্ছে এবং হবে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্ করে ইনু বলেন, “আপনি যদি নাশকতায় জড়িত না থাকেন, ধোয়া তুলসিপাতা হোন তাহলে ঘর থেকে বের হয়ে নাশকতার বিরুদ্ধে মাঠে নামুন।”

অবরোধ তুললেই সংলাপ, তার গ্যারান্টি নেই: ইমাম

htimamবরাবরের মতো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি হরতাল-অবরোধ কর্মসূচি তুলে নিতে আহ্বান জানালেও কর্মসূচি তুলে নিলেই যে সংলাপ হবে, তার কোনো গ্যারান্টি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এবার অনুষ্ঠানের ১০৩তম পর্বে এইচ টি ইমাম ছাড়াও প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রির সভাপতি হোসেন খালেদ।

অনুষ্ঠানে দর্শকদের প্রথম প্রশ্ন ছিল- রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আর কতদিন নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হবে?

উত্তরে এইচ টি ইমাম বলেন, “সরকারিভাবে যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

সহিংসতা আগে থেকে অনেক কমেছে দাবি করে তিনি বলেন, “শহরের বাইরে  গ্রাম ও ইউনিয়নগুলোতেও জনগণ এগিয়ে এলে খুব তাড়াতাড়ি এ সমস্যা থেকে আমরা মুক্তি পাব।”

তিনি বলেন, “আওয়ামী লীগের কেউ কিন্তু বোমা মারছে না। আওয়ামী লীগ বিরোধিরাই করছে। আজকের বাংলাদেশে যারা এ কাজ করছে তারা, একাত্তরেও বাংলাদেশের বিরোধিতা করে এ কাজ করেছিল।”

খন্দকার মাহবুব হোসেন বলেন, “আজকে জনগণের গণতান্ত্রিক আন্দোলনে কতিপয় দুষ্কৃতিকারী এমন কাজ করছে। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। যে মুহূর্তে  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দেয়া হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে, তখনই হরতাল-অবরোধ পালন করা থেকে সরে আসবে জনগণ।”

হোসেন খালেদ বলেন, “আমরাও নিরাপত্তাহীনতা বোধ করি। ২০১৩-১৪ অর্থ বছরে আমাদের বাজেট ছিল ১৩ লাখ ৪০ হাজার কোটি টাকা আয় করা। সেভাবে প্রতিদিন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা কন্ট্রিবিউশন থাকার কথা। সেখানে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে।”

ফারাহ কবির বলেন, “ব্যক্তি, মা বা উন্নয়নকর্মী হিসেবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিদিন গণমাধ্যমে খবর আসছে দেশের কোথাও না কোথাও সহিংসতা হচ্ছে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা কি করে ফিরে পাব?”

আরে প্রশ্নে এইচ টি ইমাম বলেন, “নির্বাচনে না গিয়ে তারা সন্ত্রাস করছে। সবার গ্রহণযোগ্য সরকার এসেছে। এরপর হঠাৎ করে এসে তালগাছটি চাই বললে হবে? এখন হরতাল-অবরোধ বন্ধ করুক, পরে যখন নির্বাচন হবে, তখন নির্বাচন পদ্ধতি সম্পর্কে কথা হতে পারে…।”

ফারাহ কবির বলেন, “জনগণের জন্যই নাকি রাজনীতিবিদরা সব করেন। তাহলে সমস্যার সমাধান যদি সংলাপ হয়, তবে সংলাপে বসতে হবে আপনাদের।”

খন্দকার মাহবুব হোসেন বলেন, “যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে তাদেরকেই এই একমাত্র সমাধান সংলাপের ডাক দিতে হবে।”

এইচ টি ইমাম বলেন, “যারা দেশে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারা আগে বন্ধ করুন, জনগণকে মুক্তি দিন।”

গোবিন্দগঞ্জে বাসে আগুন

busp২০ দলের অবরোধের পাশাপাশি হরতালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের শ্রীমুখ এলাকায় বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম  এ তথ্য জানান।
তিনি জানান, রাতে পার্কিং করা ওই বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন-সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হবে না: তথ্যমন্ত্রী

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ না হওয়া পর্যন্ত কোন সংলাপ হবে না। আগুন-সন্ত্রাসীদের সঙ্গে কোনও সংলাপ হতে পারে না।’

রোববার দুপুর ১২টায় সচিবালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরোধ-হরতালের নামে চোরাগোপ্তা হামলা, হত্যা, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতা ও সন্ত্রাস চালানো হচ্ছে। পৈশাচিকতায় দেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে দগ্ধদের ভীড় বাড়ছে। আগুনে পুড়ে নিহতদের লাশের পাহাড় উঁচু হচ্ছে। এসব হচ্ছে খালেদা জিয়ার নির্দেশে। তিনি আগুন-সন্ত্রাসের রানী।’
দানবের সাথে মানবের সংলাপ হয় না বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘ভাবখানা দেখে মনে হয় মুক্তিপণ হিসেবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর চেয়ার পেলেই দেশবাসীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবেন খালেদা জিয়া।’
সংলাপ আহ্বানকারী বুদ্ধিজীবীরা সংলাপ নিয়ে যতোটা সরব, আগুনে মানুষ পুড়িয়ে মারার ব্যাপারে ততোটাই নীরব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ওইসব বুদ্ধিজীবীর উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী একটি নির্বাচন বা অস্থায়ী কোনো প্রস্তাব নিয়ে সংলাপ হবে না। স্থায়ী সমাধান চাইলে খালেদা জিয়াকে সন্ত্রাস-নাশকতা বন্ধ করতে বলুন। তারপর সংবিধানের ভেতরে যে কোনো আলোচনা হতে পারে।’