শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ওসমানি মেডিকেলে ১০ শিশুর মৃত্যু

osmani medicalসিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স এক দিন থেকে দেড় বছরের মধ্যে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হাসপাতালের তিন ওয়ার্ডে তাদেরে মৃত্যুর ঘটনা ঘটে।

অভিভাবকদের অভিযোগ, ডাক্তারদের অবহেলার কারণেই মৃত্যুর এ ঘটনা ঘটেছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুস সালাম জানান, শিশুরা বিভিন্ন রোগে মারা গেছেন। এদের মধ্যে কারো জন্মগত ক্রটি, শারীরিক সমস্যাসহ নানা রকম রোগ ছিল।

ডাক্তারদের অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

ভারতকে হারানোর এটাই মোক্ষম সুযোগ: জহির

india-pakপাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি জহির আব্বাস অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাম্প্রতিক বাজে পারফরমেন্স দেখে মনে আশার বীজ বুনেছেন। তিনি মনে করছেন, বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের যেই ‘অপয়া’ রেকর্ড রয়েছে সেটি পরিবর্তনের এটাই মোক্ষম সুযোগ।

বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল। প্রতিবারই শেষ হাসি হেসেছিল ভারত। তবে এবারই প্র্রথম শচিন টেন্ডুলকারকে ছাড়া বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। গত তিন মাস ধরে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের মুখ দেখেনি ধোনির দল। ফলে এবার ভারতকে হারানোর দারূণ এক সুযোগ রয়েছে মিসবাহ-আফ্রিদি-ইউনিসদের সামনে।

বিশ্বকাপ নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে জহির আব্বাস বলেন, “আমি মনে করি, অস্ট্রেলিয়া, নিউজিলান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উত্তীর্ণ হবে। চতুর্থ দলটি হবে ভারত অথবা পাকিস্তান। এজন দু’দলের জন্য প্রথম ম্যাচটি হবে গুরুত্বপূর্ণ। ম্যাচটি হাইভোল্টেজ হবে সেই বাপারে আমি আশাবাদী।”

তিনি আরো বলেন, “পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে ভারতকে কখনো হারাতে পারেনি। তবে এবার তাদের সামনে এই ‘অপয়া’ কাটানোর সুবর্ণ সুযোগ রয়েছে। আমি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খেলাগুলো দেখেছি। প্রস্তুতি ম্যাচের খেলাও দেখেছি। পাকিস্তান তাদের সেরা খেলাটা খেলতে পারলে এবার ভারতকে হারাতে পারবে বলে আমার বিশ্বাস।”

ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ধোনিদের ওপরই চাপটা বেশি থাকবে বলে মনে করেন সাবেক এই পাক তারকা। তিনি বলেন, “ভারত ডিফেন্ডিং চাম্পিয়ন। ফলে পাকিস্তানের তুলনায় ভারতের ওপরই বেশি চাপ থাকবে।”

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বাজে পারফরমেন্স সত্ত্বেও গতবারের চ্যাম্পিয়নদের বাতিলের খাতায় ফেলতে চান না প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা জহির আব্বাস।

তিনি বলেন, “ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো বোলার পাকিস্তানের নেই। ভারতের ব্যাটিং শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বোলিং পারফরমেন্স খুব আশাব্যঞ্জক নয়। অস্টেলিয়ার মাটিতে গত কয়েক মাস ধোনিরা কোনো ম্যাচ না জিতলেও তাদেরকে বাতিলের খাতায় ফেলা যায় না।”

প্রসঙ্গত, বিশ্বকাপের দ্বিতীয় দিন আগামী ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

pak-bangসম্ভাবনা জাগিয়েও জয়ের তরী তীরে ভেড়াতে পারেনি বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপের পর সোমবারও সিডনিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে নাগালের মাঝে পেয়েছিল বাংলাদেশ। এবারও শেষ অবধি পরাজয়ের হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের।

ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তামিম, মাহমুদউল্লাহর জোড়া হাফ সেঞ্চুরিতে ২৪৬ রান করে মাশরাফির দল। জবাবে ১১ বল বাকি থাকতেই সাত উইকেটে ২৪৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। আট রানেই দুই ওপেনার ফেরেন। সরফরাজকে রুবেল, আহমেদ শেহজাদকে মাশরাফি ফেরত পাঠান। ইউনুস খান ও হারিস সোহাইলের ৪৪ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ইউনুস ২৫ রান করে ক্যাচ দেন সাকিবের হাতে। চতুর্থ উইকেটে হারিস- শোয়েব মাকসুদ ৫১ রানের জুটি গড়েন। হারিস মাহমুদউল্লাহর শিকার হন ৩৯ রান করে।

এরপর উমর আকমল-শোয়েব মাকসুদের ৬৩ রানের জুটি ভেঙে দেন টাইগার অধিনায়ক মাশরাফি। উমর আকমলও ৩৯ রান করেন। মিসবাহকে বোল্ড করেন তাসকিন।

শেষদিকে রান-বলের সমীকরণটা পাকিস্তানের পক্ষে নিয়ে যান সেট ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও আফ্রিদি। দলকে জয় থেকে রান দূরে রেখে আফ্রিদি ২৪ রান করে আউট হন সাকিবের বলে। এক প্রান্ত আগলে পাকিস্তানের জয়টা নিশ্চিত করেন শোয়েব মাকসুদ। তিনি অপরাজিত ৯৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি-তাসকিন ২টি করে উইকেট পান। সাকিব, রুবেল, রিয়াদ নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল। ১৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ বলে এনামুল বিজয় সোহাইল খানের শিকার হন। সপ্তম ওভারে মমিনুলকে ফেরত পাঠান মোহাম্মদ ইরফান।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংস মেরামতের পাশাপাশি দলকে বড় রানের ভিতও গড়ে দেন তারা। ৩৩ ওভার স্থায়ী জুটিতে তামিম-রিয়াদ ১৬৮ রান যোগ করেন।
দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির দিকেও ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু এ জুটি বিচ্ছিন্ন হয় মাহমুদউল্লাহ রিয়াদ রান আউট হলে। চার নম্বরে ব্যাট করতে নামা রিয়াদ ১০৯ বলে ৫ চারে ৮৩ রান করেন। সঙ্গীর বিদায়ের পর তামিমও স্থায়ী হননি। দলীয় ১৯০ রানে ইনজুরি কাটিয়ে ফেরা এই বাঁহাতি ওপেনার ইয়াসির শাহর বলে বোল্ড হন ৮১ রান করে।

তামিম-রিয়াদের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা।
বড় স্কোরের সম্ভাবনা নষ্ট হয় মুশফিকরা থিতু হতে না পারায়। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। মুশফিক ০, সৌম্য ১৫, সাব্বির ৬, মাশরাফি ২ রান করেন।

শেষদিকে সাকিবের ৩০ বলে তিনটি চারে ৩১ রানের ইনিংসেই বাংলাদেশ আড়াইশো ছুঁইছুঁই স্কোর গড়ে। পাকিস্তানের মোহাম্মদ ইরফান ৫২ রানে ৫টি, ইয়াসির শাহ ২টি করে উইকেট পান।

পাকিস্তানে চিরকালের জন্য নিষিদ্ধ ইউটিউব

youtube5ইউটিউবকে চিরকালের জন্য ব্লক করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। গত শনিবার এ বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারক মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের দীর্ঘ বৈঠক হয়। কিন্তু তাতেও ইউটিউবে কোনো ফিল্টার লাগিয়ে পাকিস্তানে চালু রাখা গেল না।

যদিও সিদ্ধান্তটা ঠিক হঠাৎ হয়নি। ২০১২-র সেপ্টেম্বর থেকেই পাকিস্তানে ইউটিউব ব্যানড ছিল। কারণ ইউটিউবে ‘ইনোসেন্স অফ মুসলিমস’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পায়, যা নিয়ে পাকিস্তানে যথেষ্ট গণ্ডগোল হয়। সে সময় পাক সরকার সিদ্ধান্ত নেয়, যত দিন ইউটিউবে ফিল্টার লাগানোর ব্যবস্থা না হচ্ছে তত দিন পর্যন্ত ইউটিউব বন্ধই থাকবে। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে ফিল্টার কি? ফিল্টার হচ্ছে এমন একটি টুল, যা দিয়ে কোনো বিশেষ বিশেষ কনটেন্ট ব্লক করা সম্ভব।

শনিবার এ নিয়েই বৈঠক হয়। কিন্তু তাতে কোনো পথই বার করা যায়নি। পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী আনুষা রহমান জানান, ‘এ নিয়ে বহুবার বৈঠক করা হয়েছে, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। ফলে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

সরকারের এক উচ্চপদস্থ অফিসার এ প্রসঙ্গে জানান, সরকার এ মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না। তিনি আরও জানিয়েছেন, এখানে ধর্মের নামে খুব সাধারণ কারণেও দাঙ্গা লেগে যায়। ফলে কনটেন্ট ফিল্টার করা যায়নি বলেই ব্যান করা ছাড়া গতি নেই।

তবে পাকিস্তানে বাক্ স্বাধীনতা নিয়ে যারা আন্দোলন করছেন, তারা ব্যাপারটিকে নাগরিক অধিকার হনন হিসাবেই দেখছেন। এই প্রথম নয়। ২০১০ সালে এভাবেই প্রায় সপ্তাহ দু’য়েকের জন্য ফেসবুকও ব্যান করা হয়।

২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

muktijodddaaসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। সোমবার তাদের সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরেরের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

আদেশে নেত্রকোণার পূর্বধলা দেবহাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ আলী, অগ্রণী ব্যাংক লিমিটেডের নওগাঁ বোয়ালিয়া শাখার এফএএলডিএ মো. খালেদুর রহমান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী, ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সামাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম প্রধান শামীমা আখতার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডিইও মো. এনামুল হক, কিশোরগঞ্জ ভৈরবের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদের মো. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কালঘড়ার মো. কাঞ্চন মিয়া, বান্দরবান জেলা সমাজসেবা অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদ আহমেদ, যশোর চৌগাছার ইন্দ্রপুরের মো. মজহারুল হক, মানিকগঞ্জ সিঙ্গাইর চর আটিপাড়ার মো. শাহজাহান আলম আবদুর রহমানও এই তালিকায় রয়েছেন।

এ ছাড়া আরো যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (অধ্যাপক, প্রাণিবিদ্যা) মো. রহমত আলী বিশ্বাস, জনতা ব্যাংক লিমিটেডের সাপোর্ট স্টাফ (ক্যাটাগরি-২) মো. হাসমতুল্যা, নওগাঁর ধামইরহাটের চকযদুর মো. নুরুল ইসলাম, কুড়িগ্রাম উলিপুরের খামারের মো. সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জ সওজের সড়ক উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী (চ. দা.) দিলীপ কুমার দাস, সাধারণ প্রশাসন শাখার সহকারী মো. এনামুল হক খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এমএলএসএস মো. আবদুল হান্নান শেখ, পাউবোর শাহাবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন।

বাপাউবো সার্কেল-৩ এর নির্বাহী প্রকৌশলী (নকশা) এ কে এম নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া, ঝিনাইদহের শৈলকূপার জালশুকা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ. বারী খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (সিডিসি) ডা. মো. ফজলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ সহযোগী অধ্যাপক (গণিত) মো. কামাল উদ্দিন ও সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইফতেখার উদ্দিনের মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।

এর আগেও কয়েক দফা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রশিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের বরদা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মির্জাপুর ইউনিয়নের বরদা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা বর্তমান মেম্বার আনোয়ার এবং সাবেক মেম্বার নজরুল ইসলামের মধ্যে বিরোধ ছিল। সোমবার সকালে বরদা গ্রামের জামতলায় একটি দোকান ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার দিকে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনাস্থলে রশিদ নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের পরিবারের দাবি মারামারির সময় ইটের আঘাতে মারা গেছেন রশিদ। তবে প্রতিপক্ষের দাবি রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
সংঘর্ষের সময় উভয় গ্রুপের অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড শটগানের গুলি ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। পরে আনোয়ার মেম্বারসহ ১২ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, বর্তমান ও সাবেক মেম্বারের সর্মকদের মধ্যে সংঘর্ষে রশিদ ঘটনাস্থলে মারা গেছেন। তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

 

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

bagdad5ইরাকের রাজধানী বাগদাদে দীর্ঘ এক যুগ জারি থাকা কারফিউ তুলে নেয়া হয়েছে রোববার। শহরের বাসিন্দাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক করে তোলার জন্যই সরকার কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই দুটি বোমা হামলার ঘটনায় প্রাণ হারালেন বাগদাদের অন্তত ১৫ বাসিন্দা।

সোমবার উত্তর বাগদাদে পৃথক দুটি আত্মঘামী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে,উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত কাদমিয়া জেলার এক চেকপয়েন্টে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে মারা যান কমপক্ষে ১৩ জন। আহত হন ৩০ জন। হামলাকারী নিজেও এ ঘটনায় নিহত হয়েছেন।
শিয়া মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এলাকায় এর আগেও বোমা হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স আরো জানায়, দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটেছে উত্তর বাগদাদের একটি শহরতলীতে। আত্মঘাতী এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ২।
 এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
তবে এর আগে বেশ কিছু আত্মঘাতী হামলায় ইরাকের উত্তর ও দক্ষিণাংশের কয়েকটি এলাকার দখলে থাকা ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল।

 

সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীদের বিষয়ে তদন্ত করবে ভারত

সোমবার ২০০৬-০৭ সালের অ্যাকাউন্টধারীদের তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডের এইচএসবিসি ব্যাংক।নতুন এই তালিকায় বিশ্বের প্রায় ২০০ দেশের অ্যাকাউন্টধারীদের নাম প্রকাশ করা হয়, যাদের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
অ্যাকাউন্টধারীদের গোপন তথ্য পর্যালোচনার মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসরটিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এক প্রতিবেদনে দাবি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মধ্যে ১১৯৫ জন ভারতীয় নাগরিক। তাদের অ্যাকাউন্টে জমা আছে ২৫ হাজার ৪২০ কোটি রুপি। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, রাজনীতিক ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
২০১১ সালে সুইজারল্যান্ড সরকার প্রকাশিত এক তালিকায় বলা হয়, ৬২৮ জন ভারতীয় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু আইসিআইজের দাবি, বর্তমানে সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ভারতের একটি পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, নতুন এসব অ্যাকাউন্টের সত্যতা যাচাই করে দেখা হবে।
অরুণ জেটলি বলেন, ‘৬-৭ মাসের সর্বাত্মক চেষ্টার পর ভারত থেকে অর্থ পাচারকারী ৬০ নাগরিকের পরিচয় প্রকাশ করেছে কর বিভাগ। এই তালিকাভুক্তদের ব্যাপারে সরকার অবগত রয়েছে। এর বাইরে থাকা অর্থ পাচারকারীদেরও খুঁজে বের করা হবে।’
তিনি আরো বলেন, ‘গত মাসে  সুইজারল্যান্ডের অর্থমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা কালো টাকা সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
তবে ঠিক কবে নাগাদ নতুন তালিকার অ্যাকাউন্টধারীদের বিষয়ে তদন্ত শুরু হবে তা নির্দিষ্টভাবে জানাননি অরুণ জেটলি। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস

হাইপারটেনশন: কী কী নিয়ম মেনে চলা উচিত?

হাইপারটেনশন শব্দটা পুরনো হলেও দিন দিন এই রোগের প্রকোপ বাড়ছে ৷ আর এর জন্য আমাদের লাইফস্টাইলকেই দায়ী করছেন চিকিত্সকরা ৷  কয়েকবছর আগেও হাইপারটেনশন  বা উচ্চরক্তচাপের সমস্যাটা মূলত ৩০-৩৫ বছরের পর থেকে দেখা দিত কিন্তু এখন ১৭-১৮ বছরের ছেলে-মেয়েরা এই রোগে আক্রান্ত হচ্ছে ৷ মহিলাদের মেনোপজ বন্ধ হওয়ার পর থেকে  এই সমস্যাটা বেশী দেখা যায় ৷ হাইপারটেনশন কেন হয় এবং এই রোগের চিকিৎসাই বা কি?

হাইপারটেনশন কেন হয়?
লাইফস্টাইল চেঞ্জ

বংশগত কারণ
অন্য কোনো ক্রনিক অসুখ থাকলে
ইডিওপ্যাথি হাইপারটেনশন অর্থাত্ যেটা নিজে থেকেই হতে পারে ৷
ওবেসিটি, স্ট্রেস, টেনশন

লক্ষণ
মাথার যন্ত্রণা
মাথা ঘোরা
বুক ধরফর করা
ঘাড়ে যন্ত্রণা
বমি বমি ভাব
চোখে দেখার সমস্যা

হাইপারটেনশন থেকে কী কী রোগ হতে পারে?
হার্ট অ্যাটাক
স্ট্রোক
ক্রোনিক কিডনি ডিজিস

কী করা উচিত?
টেনশন কমানো
হেলদি ডায়েট
ফাস্ট ফুড এড়িয়ে চলা
এক্সারসাইজ

প্রাথমিকভাবে এই পরামর্শ দেওয়ার পর চিকিৎসকরা  মেডিসিন প্রেসক্রাইব করেন ৷ এই  মেডিসিনে পা ফোলা ,শ্বাস কষ্টের মতো সাইড এফেক্ট থাকলেও কোনো ভয়ের কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷

মিশর সফরে যাচ্ছেন পুতিন

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দু’দিনের সফরে মিশর যাচ্ছেন। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর । আর তার এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন কায়রো-ওয়াশিংটন সম্পর্কে অস্বস্তি বিরাজ করছে ।

দীর্ঘ এক দশকের মধ্যে এবং ২০১১ সালে ব্যাপক গণআন্দোলনে সাবেক একনায়ক হোসনি মোবারকের উৎখাতের পর মিশরে এটি হবে পুতিনের প্রথম সফর। ২০০৫ সালে আগের সফরের সময় রাশিয়ার এ নেতা হোসনি মোবারকের সঙ্গে সাক্ষাত করেন।

পুতিন হচ্ছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির প্রধান অ-আরব সমর্থক।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাসে সেনাপ্রধানের হস্তক্ষেপে ইসলামপন্থী নেতা মোহাম্মাদ মুরসি উৎখাতের পর থেকে তার সমর্থকদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় সিসি ওয়াশিংটনের ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর সরকারি বাহিনীর ব্যাপক দমনপীড়নে মুরসির কয়েকশ’ সমর্থক নিহত এবং তার হাজার হাজার অনুসারিকে বন্দি করা হয়।

সরকারি কর্মকর্তারা জানান, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পুতিন মিশর সফরে যাচ্ছেন।
ইউক্রেন সংকট সত্ত্বেও পুতিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েননি এমনটা বুঝানোর লক্ষ্যেই মিশরে তিনি এ সফরে যাচ্ছেন বলে বিশেষজ্ঞরা বলছেন।