শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মারাঠা মন্দির কিনে নিলেন শাহরুখ

kajolএক ভোরবেলায় চুক্তিতে হস্তান্তরিত হয়ে গেল মারাঠা মন্দিরের মালিকানা। শোনা যাচ্ছে, বলিউডের বাদশা কিং খান ও প্রযোজক আদিত্য চোপড়া কিনে নিয়েছেন এই হলটি। ১৯৯৫-এর ১৮ অক্টোবর মুক্তির পর থেকেই মারাঠা মন্দির হলে চলছিল শাহরুখ ও কাজলের অভিনীত দিলওয়ালে দুলহানিয়া জায়েঙ্গের প্রদর্শনী। টানা ১০০৯ সপ্তাহ চলার পর এই শো’টি বন্ধ করার সিদ্ধান্ত নেন মারাঠা মন্দির কর্তৃপক্ষ।

এই খবর শুনে আবেগপ্রবণ হয়ে ওঠেন শাহরুখ খান। কারণ তার মতো বাকি দুই খানের এতদিন ধরে চলা ছবি কোন রেকর্ড নেই। তাছাড়া এই ছবিটিই প্রমাণ করে তিনি বলিউডের বাদশা। আর নায়কের মন খারাপ শুনে এদিকে বিচলিত হয়ে পরেন প্রযোজক আদিত্য চোপড়াও। তাই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রদর্শনী অব্যাহত রাখতে এই হলটিই কিনে নিয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ জানুয়ারি সকাল তিনটার সময় মারাঠা মন্দির মালিক পিকে বেচারার সঙ্গে দেখা করেন শাহরুখ আর তখনই নাকি সব কথাবার্তা হয়ে যায়। তবে এখনো শাহরুখ বা আদিত্যর কেউই প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু প্রদর্শনী বন্ধ করে দেয়ার নির্ধারিত দিনের পরেও আরো একসপ্তাহ এই ছবিটি দেখানোর সিদ্ধান্ত এই খবরকে আরো জোরালো করেছে। যদিও মারাঠা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দর্শকদের বহুল অনুরোধ আসায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন।

ভেঙ্গে পড়েছে সিরিয়ায় যাওয়া ব্রিটিশ কিশোরীদের পরিবার

siriya23পূর্ব লন্ডনের ৩ কিশোরী ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিতে সিরিয়া চলে গেছে- এ খবর বেরুনোর পর তাদের পরিবারগুলো ব্যাপকভাবে ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তাদের ফিরে আসার জন্য আকুল আহ্বান জানিয়েছেন।

ওই ৩ কিশোরীর পরিবার জানিয়েছে, তারা সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছে, এমন কোনো ইঙ্গিত পরিবারগুলো কখনো দেখেনি। মঙ্গলবার সর্বশেষ তাদের জনসমক্ষে দেখা গেছে।

শামীমা বেগম, আমিরা আবাস এবং খাদিজা সুলতানা নামে নিখোঁজ ওই ৩ কিশোরীর পরিবার উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা, ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিতে সিরিয়ায় গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছোট বোনের পাজামা আঁকড়ে, ধরা গলায় শামীমার বড় বোন রেনু বেগম বলছিলেন, যাওয়ার সময় তেমন কিছুই সঙ্গে করে নিয়ে যায়নি তার বোন।

বোনকে এখনো ‘ছোট্ট বাচ্চা’ বলে তিনি আকুতি জানাচ্ছিলেন, যেখানেই থাকুক, শামীমা যেন শিগগিরই বাড়ি ফিরে আসে।

রেনু বেগম বলেন, যখনই নিরাপদ বোধ করো সাহায্যের জন্য যোগাযোগ করো। এখানে আমরা সবাই তোমাকে ভালোবাসি। তোমাকে কেউ অন্য কিছু বোঝালে, তারা ভুল বোঝাচ্ছে। কারণ অন্য যে কারো চেয়ে পরিবারের মানুষেরাই তোমাকে বেশি ভালোবাসে। রেনু প্রার্থনা করছিলেন, তার বোন যেন কোনো বড় ভুল না করে ফেলে।

অন্য পরিবারগুলোর একই রকমভাবে ভেঙ্গে পড়েছে। আমিরার বাবা বলছেন, তার বাড়িতে শোকের মাতম চলছে। ‘সিরিয়াতে যেও না’ বলে আহ্বান জানাচ্ছিলেন আবাস হোসেন।

ওই ৩ কিশোরীই পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন একাডেমী স্কুলের ছাত্রী। এই স্কুল থেকে ডিসেম্বরে তাদের বন্ধু একটি মেয়ে সিরিয়া চলে গেছে পুলিশ জানিয়েছে। সেসময় এই ৩ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেছিল।

তবে এই ঘটনা পূর্ব লন্ডনের বাঙালি মুসলমান কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের একজন উপদেষ্টা আব্দুল বারি।

ব্রিটেন থেকে ইতিমধ্যেই প্রায় ৫০০ ছেলেমেয়ে জিহাদে অংশ নিতে মধ্যপ্রাচ্যে গেছে বলে তথ্য পাওয়া যায়।

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

marder1চুয়াডাঙ্গা সদর উপজেলার মাহমুদ জুমায় ইউপি সদস্য হোসেন আলীকে (৪৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হোসেন আলী উপজেলার মাহমুদ জুমা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়।

এদিকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিন্দুরিয়া পুলিশ ক্যম্পের ইনচার্জ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুবর্ৃৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: আব্দুল জব্বারের মামলার রায় মঙ্গলবার

zabbarএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণার দিন ধার্য করে এই আদেশ দেন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

গত বছর ৩ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-১।

১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে রয়েছেন বলে ধারণা করছেন প্রসিকিউশন।

স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানে জিতলো ইংল্যান্ড

england230স্কটল্যান্ডকে ১১৯ রানে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে আগের টানা ২ ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা ইংল্যান্ড। বাংলাদেশ সময় সোমবার ভোরে আইসিসি বিশ্বকাপ-২০১৫ এর পুল ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।

ওভালের ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের সামনে ৩০৪ রানের টার্গেট দাঁড় করায় ইংলিশরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে তারা।

এদিকে ইংল্যান্ডের দেয়া ৩০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটল্যান্ডের পক্ষে কালাম ম্যাকলেওড সর্বোচ্চ ৭১, প্রিস্টন মোমেসন ২৬ এবং ম্যাথিউ ক্রস ২৩ রান করেন।

ইংল্যান্ডের স্টিভেন ফিন ৩টি জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও ক্রিস ওকস ২টি করে এবং জো রুট ১টি উইকেট নেন।

আগের দুই ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ডের টপঅর্ডাররা এদিন ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে উড়ন্ত সূচনা এনে দেন। ওপেনার ইয়ন বেল ৫৪ রানে আউট হলেও মুইন আলী তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০৭ বলে ১২৮ রান।

এরপর অধিনায়ক ইয়ান মরগান দেখে শুনে খেলতে থাকলেও আর তেমন কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন জস ডেভি।

ইংল্যান্ড দল : মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালেন্স, জো রুট, ইয়ন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রোড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।

স্কটল্যান্ড : কায়েল কোয়েটজার, কালাম ম্যাকলেওড, ফ্রেডি কোলম্যান, ম্যাট ম্যাখান, প্রিস্টন মোমেসন, রিচি বিরিংটন, ম্যাথিউ ক্রস, জস ডেভি, মাজিদুল হক, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল।

বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে ৩ গাড়িতে আগুন

sultanaবিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও গণগ্রেপ্তারের মধ্যদিয়ে চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতাল কর্মসূচি। অবরোধের ৪৮তম দিনে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ২০ দল। রাজধানীসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীতে চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণে আহত হয়েছে বেশ কয়েকজন। জয়পুরহাটে ১৪ দল আয়োজিত মিছিল পরবর্তী শান্তি সমাবেশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জেলা মহিলা লীগের সভানেত্রী রেবেকা সুলতানাসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের মিছিলে ধাওয়া দেয়ার সময় আহত হয়েছেন ওসি নবীর হোসেন। চট্টগ্রামের মীরসরাইয়ে ৭টি পেট্রলবোমা ও ৫টি ককটেলসহ ১ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এদিকে টানা অবরোধের পাশাপাশি দফায় দফায় হরতালে সারা দেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। দূরপাল্লার যানবাহন চলাচল একেবারেই সীমিত। তবে রাজধানীতে যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
রাজধানীতে তিন গাড়িতে আগুন, গ্রেপ্তার ১০: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে রোববার রাজধানীতে তিন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরনো ঢাকায় মহানগর মহিলা কলেজের সামনে ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের ছাত্রী শারমিন সুলতানা (১৮) গুরুতর আহত হয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন্‌ এলাকায় বিক্ষিপ্তভাবে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে নাশকতার অভিযোগে র‌্যাব-পুলিশ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীর সাইনবোর্ডের পাশে একটি পেট্রল পাম্পে ৬ নম্বর পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি। অপরদিকে সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে একটি সিএনজিতে আগুন দেয়া দুর্বৃত্তরা। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘বৈশাখী’ বাসে দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক ইউনুস আলী আহত হয়েছেন। মিরপুর মডেল থানার এসআই মোয়াজ্জেম জানান, ঢাবি’র বৈশাখী নামে বাসটি কল্যাণপুর থেকে মিরপুর-১৪ নম্বরে যাচ্ছিল। মিরপুর-২ এর গ্রামীণ ব্যাংক ভবনের সামনে এলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরণে শারমিন সুলতানা গুরুতর আহত হয়েছেন। আহত শারমিন কবি নজরুল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের স্প্রিন্টারে তার উরু ও বাহুতে জখম হয়েছে। শারমিনের মা লিমা আক্তার জানান, সূত্রাপুরের ফরাসগঞ্জের বাসা থেকে মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ করে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল সরাসরি শারমিনের গায়ে এসে লাগে। ককটেলের আঘাতে তিনিও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আশরাফ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বাহাদুরশাহ পার্ক এলাকায় আসার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১ টার দিকে পল্লবীর বাংলা স্কুলের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে কাওরানবাজার আন্ডারপাসের বাইরে ও ভেতরে পরপর সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। ককটেল বিস্ফোরণে দুইজন পথচারী আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে পুরানো ঢাকার নবাবপুর রোডের ডাচবাংলা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক দিনমজুর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দেলোয়ার জানান, তিনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল তার সামনে বিস্ফোরিত হলে তিনি আহত হন। এদিকে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নাশকতা বিরোধী ধারবাহিক অভিযানে ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ৬ জন বিএনপির নেতাকর্মী ও দুই জন জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে। এর বাইরে গতকাল দিনেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের সামনের বস্তিতে অভিযান চালিয়ে ৯টি ককটেলসহ রাজীব নামে একজনকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।
মামলা ও গ্রেপ্তার: অবরোধ-হরতালকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ২০দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়েছে। বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি রওশন এরশাদের ময়মনসিংহ শহরের ‘সুন্দর মহল’-এর বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামানকে প্রধান আসামি করে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ অফিসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ২৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে অবরোধ-হরতালকে কেন্দ্র করে কক্সবাজার জেলা শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম নোমান, তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. বদরুদ্দোজা রমজান, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদর থানা জামায়াতের আমীর রুহুল আমিন ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা আহসান হাবিব সোনা, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলম হোসেন, গাইবান্ধার পলাশবাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন, থানা ছাত্রদলের আহ্বায়ক মিনুসহ যশোরে ৪৯ জন, খুলনায় ২৬ জন, বগুড়ায় ২১ জন, গাজীপুরে ১০ জন, রংপুরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, গাইবান্ধায় ৯ জন, গাইবান্ধার পলাশবাড়ীতে ৭ জন, দিনাজপুরে ৮ জন, সিরাজগঞ্জে ৪ জন, পঞ্চগড়ে ৫ জন, মেহেরপুরে ৩ জন, রাজশাহীতে ৪ জন, মেহেরপুরে ৪ জন, ফেনীতে ৬ জন, ফরিদপুরের বোয়ালমারীতে ৪ জন, মাগুরায় ৩ জন, দিনাজপুরে ২ জন, সিরাজগঞ্জে ২জনসহ সারা দেশে অন্তত ৩০০ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অবরোধ-হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল করেছে ছাত্রদল। গতকাল ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় মিছিল করেছে ছাত্রদল। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, শামসুল আলম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে আজিজ মার্কেট থেকে শাহবাগ, সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে বুয়েট শহীদ মিনার থেকে পলাশী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, বুয়েট ছাত্রদলের সভাপতি কেএমএস মুসাব্বির শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন গণিত ভবনের সামনে, যুগ্ম সম্পাদক বয়েজিদ আরেফিনের নেতৃত্বে কার্জন হলের সামনে, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কবিরের নেতৃত্বে বঙ্গবাজার, সহ-সাধারণ সম্পাদক নোমান হাসনাতের নেতৃত্বে হুমায়ুন রোড, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে লক্ষ্মীবাজার মোড়, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে বিশ্বরোড, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীবের নেতৃত্বে কাঁটাবনে, ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে উত্তরায় ছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বকশীবাজার মোড়, কাঁটাবন, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, জয়পুরহাটের পাঁচুর মোড়, কক্সবাজার, পিরোজপুর, নরসিংদী, কুমিল্লা দক্ষিণ জেলা, কুড়িগ্রাম, দিনাজপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের নিমগাছি কলেজ, বেলকুচি কলেজ, সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ, চৌহালী কলেজ সহ দেশের প্রায় সব জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট অফিস জানায়, হরতাল-অবরোধের সমর্থনে সিলেটে মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক গ্রুপ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়। বিকালে বারুতখানায় এলাকায় মিছিল করেছে মহানগর বিএপির নেতাকর্মীরা। মিছিলটি জেল রোড পয়েন্টের সামনে থেকে শুরু করে বারুতখানা পয়েন্টে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপি নেতা রুহুল কুদ্দুস হামজা প্রমুখ। বেলা ২টার দিকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে সংগঠনের কয়েকজন নেতাকর্মী চৌহাট্টা এলাকায় মিছিল বের করেন। তবে পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে চৌহাট্টা এলাকা ত্যাগ করেন। মিছিল থেকে খালেদা জিয়াকে মামলায় জড়ানো, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন মোহন, মুমিনুর রহমান তানিম, স্টেলিন তারিয়ান, সোহেল মাহমুদ, মির্জা জাহেদ, আবু হানিফ, আবুল হাসিম, সামসুল ইসলাম লেইছ, অলি চৌধুরী, মতিউর রহমান আফজল প্রমুখ। দুপুরে নগরীর মেন্দিবাগ এলাকায় মিছিল করেছে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি মেন্দিবাগ এলাকা থেকে শুরু করে গ্যাস অফিসের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি জানান, চট্টগ্রামের মীরসরাইয়ে ৭টি পেট্রল বোমা ও ৫টি ককটেলসহ ১ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কাঠবাজারের লিটনের দোকান থেকে এ পেট্রল বোমা ও ককটেলসহ রিপন (২১) নামের যুকবকে আটক করে।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বালতির পানিতে ভিজিয়ে রেখে তা নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় মোকারিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল ইসলাম (৪৮)সহ ৯ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার আগে জুনিয়াদহ ইউপির রনপিয়া গ্রামের একটি মসজিদ থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা- ভেড়ামারা উপজেলার জুনিয়াদয়া ইউনিয়নের ডা. আরশেদ আলী (৪৫), আব্দুল্লাহ (২৮), শহীদুল ইসলাম (৪২), শরিফুল ইসলাম (২৮), তুহিন (৩৬), আঃ রশিদ (৩৫), আবদুল্লাহ (৪২), তোজাম্মেল হক (৬৩)। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটককৃতরা প্রত্যকেই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, জামায়াত-শিবিরকে বিভিন্ন নাশকতায় সহযোগিতা করার অভিযোগে জামায়াতের এক আইনজীবী ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ও রোববার সকালে দুইটি পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- অ্যাডভোকেট আহাম্মদুর রহমান রুমন (৪২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শামসুদ্দিন চৌধুরী সানিন, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ ও শের-ই-বাংলা ফজলুল হক হলের যুগ্ম আহ্বায়ক মিঠু।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে শনিবার রাতে এক অভিযানে বিএনপি-জামায়াতের ৪ নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তারা হলেন- মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দীন, বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল আলম এবং সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন। এদিকে ওই রাতে শ্রমিক নেতা সোনাকে আটক করে তারই প্রতিবাদে মেহেরপুর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সকাল সাড়ে দশটার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার দুপুর পৌনে একটার দিকে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা শেষে সোনাকে ছেড়ে দেয় পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও হরতাল আর টানা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া শহর ছাত্রদল। রোবববার সকাল ১০টায় শহরের কোর্ট স্টেশন এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে জামায়াতের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া করলে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন আহত হয়েছে। পুলিশ মিছিল থেকে দাখিল পরীক্ষার্থী শাহাদাত হোসেনসহ ৬ জনকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, রোববার দুপুরে হরতাল-অবরোধ সমর্থনে সোনাগাজী পৌর ও কলেজ ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওসি নবীর হোসেনের হাতে আঘাত পেয়ে আহত হয়। পুলিশ মিছিল থেকে শাহাদাত হোসেন নয়ন নামে এক দাখিল পরীক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে। আটক অন্যরা হলেন- সোনাগাজী ইউনিয়ন ছাত্রদল নেতা ফজলুর রহমান ফরহাদ (২২), টিপু সুলতান (২০), জামাশেদ আলম বাদশা, (১৮) জাহিদুল ইসলাম পিয়াস (১৭) ও আনোয়ারুল ইসলাম (১৪) ।
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম নোমানকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাত দশটার দিকে শহরের তারাবনিয়ারছরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। ডিবি পুলিশের ওসি আবুল হোসাইন শিবির নেতা নোমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছাত্রদলের এক নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে ছয়জন, টঙ্গী থানা এলাকা থেকে দুইজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলামকে আটক করে। আটককৃত বাকিরাও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনায় ২০ দলীয় জোটের ঘোষিত হরতাল ঢিলেঢালাভাবে চলছে। রোববার রাতে বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের সমর্থনে সকালে নগরীর দৌলতপুর ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রদল। গতকাল সাড়ে ১১টায় ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন মোহাম্মদ মিথুনের নেতৃত্বে বিজ্ঞান ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে হরতালের সমর্থনে মিছিল করেছে ২০ দলের নেতাকর্মীরা। গতকাল হরতালের সমর্থনে দফায় দফায় ২০ দলীয় জোটের মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের চলাকালে কোন প্রকার ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক-বীমা, অফিস-আদালতের মূল ফটক বন্ধ রাখতে দেখা গেছে।
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে রোববার সকালে মিছিল করেছে ছাত্রদল। শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাতেনখাঁর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সভাপতি মাসিদুর রহমান মেনন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা মিন ফজলে আজিম, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি হামিদুর রহমানসহ ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপের সময় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গাড়িতে আগুন দেয়ার সময় আরেক শিবির কর্মীকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত রাত পৌনে ৮টায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী বিশ্ব রোডে একটি মালবাহী ট্রাকে পেট্রল বোমা ছুড়ে মারে শিবির। ট্রাকটি’র সামনের কিছু অংশ পুড়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিনাজপুর সরকারি কলেজ শাখার শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান শহর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে আটক করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ ইউপি সদস্যসহ জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জালালপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও জামায়াত নেতা আজমত আলী এবং গোপিনাথপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ফরহাদ হোসেনের ছেলে আব্দুল হালিম।
তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. বদরুদ্দোজা রমজানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলার এজাহারভুক্ত আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়ন থেকে নাশকতা সন্দেহে শনিবার রাতে পুলিশ ৪ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার পরম্‌শ্েবদী গ্রামের মো. সাহিদ মোল্যা (৬০), মো. জালাল চাকলাদার (২৫), আকুবর চাকলাদার (৩৫) ও ময়েনদিয়া গ্রামের মো. ফারুক মিয়াকে (২৫) আটক থানা পুলিশ। রোববার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ওই চার জনকে নাশকতা সন্দেহে আটক করা হয় এবং ১৫১ ধারায় কোটে চালান দেওয়া হয়।
মাগুরা প্রতিনিধি জানান, ট্রাকে পেট্রোল বোমা হামলা মামলায় মাগুরা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার এসআই মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস (৪৫)কে রাউতাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

‘আগুনে নিহতদের তালিকা টাঙালেন ক্রসফায়ারের তালিকা তো টাঙাননি’

neঅবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের কাছে মানববন্ধন করেছেন সরকার সমর্থিত মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, লেখকসহ শতাধিক লোক। এ সময় কার্যালয়ের সামনে চলমান আন্দোলনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫৪ জনের একটি তালিকা ঝুলিয়ে দেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও এমপি তারানা হালিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। তালিকা ঝুলানোর সময় কার্যালয়ের ভেতর থেকে এর প্রতিবাদ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান। তিনি সাংবাদিকদের মাধ্যমে পীযূষ বন্দ্যোপাধ্যায়কে কার্যালয়ের মূল ফটকের সামনে ডাকেন। এসময় তার কাছে শাইরুল কবির খান জানতে চান- আপনারা শুধু অগ্নিদগ্ধ হয়ে নিহতদের তালিকা ঝুলিয়েছেন। কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ক্যাডারদের গুলিতে নিহত হয়েছেন, তাদের তালিকা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে টাঙাননি। পুলিশের গুলিতে ২০ দলের শ’ শ’ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে পঙ্গু হাসপাতালে কাতরাছেন তাদের খোঁজ কি নিয়েছেন? আমি আশা করবো- আপনি ক্রসফায়ারে নিহতদের তালিকাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে টাঙাবেন এবং পঙ্গু হাসপাতালে গিয়ে একটু খোঁজ নেবেন। এর জবাবে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়টি আমি দেখবো। গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, লেখক ও অগ্নিদগ্ধদের স্বজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ। এছাড়া ‘সহিংসতা থামাও’ নামে ফেসবুকের একটি গ্রুপের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। এসময় তারা চলমান আন্দোলনে সহিংসতা বন্ধের স্লোগান সংবলিত বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, একটি পরিবার তাদের দুর্নীতি ও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে এই হত্যাকাণ্ড চালাচ্ছে।

আগুনে পুড়িয়ে মানুষ মারা, মানুষের সম্পদ ধ্বংস করা মেনে নেয়া যায় না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই এই সহিংসতা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা বন্ধ করে তারা যেন গণতান্ত্রিক ধারায় ফিরে আসেন। মানববন্ধন থেকে এটাই আমাদের চাওয়া। অভিনেতা জাহিদ হাসান বলেন, আমরা চলমান সহিংসতা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। ছেলেমেয়েরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, এ জন্য অবরোধ-হরতাল বন্ধের আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আলাপ-আলোচনা করে সমাধান বের করুন। এ জন্য সবার আগে প্রয়োজন সহিংসতা বন্ধ করা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওহিদুজ্জামান, অভিনেতা হাসান ইমাম, সংসদ সদস্য নাদের চৌধুরী, তুষার খান, চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণসহ শতাধিক লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে অংশগ্রহণকারীরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে খালেদা জিয়ার কার্যালয়ের অভিমুখে মৌন পদযাত্রা শুরু করেন। এসময় তাদের ৮৬ নম্বর সড়কের দক্ষিণপ্রান্তে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তারানা হালিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে কার্যালয়ের সামনে যেতে অনুমতি দেয়া হয়। তারা  খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এসে চলমান আন্দোলনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫৪ জনের একটি তালিকা ঝুলিয়ে দেন। তালিকার নিচে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। তালিকা কেন টাঙানো হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আমরা একটি তালিকা টাঙিয়ে দিলাম। হয়তো খালেদা জিয়া একবার হলেও এই তালিকা  দেখবেন। তার মনে মায়া হবে। মানববন্ধন শেষে আগুনের জবানবন্দি এবং পরে বার্ন ইউনিট নামের দুটি পথনাটক প্রদর্শিত হয়। সেখানে পেট্রল বোমা ও আগুনে পোড়ানো বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের নামে নাশকতার সমালোচনা করা হয়। এদিকে গতকালও খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেয়নি পুলিশ। বেলা সাড়ে ১২টার দিকে ৮৬ নম্বর সড়কের উত্তরদিক দিয়ে ২০ প্যাকেট খাবার নিয়ে আসেন এক শুভাকাঙক্ষী। এসময় তল্লাশি চৌকির সামনে থেকেই তাকে ফিরিয়ে দেয় পুলিশ। গত ১১ই ফেব্রুয়ারি রাত থেকে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। তবে খালেদা জিয়ার জন্য তারা আত্মীয়স্বজনের আনা খাবার প্রবেশে অনুমতি দেয়া হচ্ছে।

নড়াইলে ভূমি অফিসে আগুন

fire31নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে ভূমি অফিস অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বেশি ক্ষতি না হলেও অফিসের ভেতর থাকা কিছু ফাইল ও আসবাবপত্র পুড়ে যায়।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। জানালা ভেঙ্গে কেউ ভেতরে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, রাতে লোহাগড়া উপজেলার ভূমি অফিসে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অফিসের ভেতর থাকা কিছু ফাইল ও আসবাবপত্র পুড়ে যায়।

পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজধানীতে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক

arrest28রাজধানী ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এই আটকের কথা জানানো হয়।

এসএমএসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭ জন বিএনপির এবং একজন জামায়াত কর্মী।

লঞ্চডুবির ঘটনায় খালেদা জিয়ার শোক

khaledaপদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চডুবিতে নিহত এবং যাত্রী নিখোঁজের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রবিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় খালেদা জিয়া বলেন, রবিবার দুপুরে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবিতে অসংখ্য মানুষের জীবনহানি ঘটেছে। এখনও অসংখ্য যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আমি শোকাহত ও মর্মাহত।

খালেদা জিয়া বলেন, এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে একের পর এক সড়ক পথ, রেলপথ ও নৌপথে অব্যাহতভাবে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটলেও বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী সেই দুর্ঘটনারোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান আওয়ামী সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।

দেশের বিভিন্ন ভবন দুর্ঘটনা থেকে শুরু করে সড়ক, রেল ও নৌপথের বড় বড় দুর্ঘটনারোধে সব সময়ই উদাসীন থেকেছে এ সরকার। এসব দুর্ঘটনারোধে রাষ্ট্রীয় উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাবেক এ প্রধানমন্ত্রী।

এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান,  পাশাপাশি লঞ্চডুবির এ ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়া যারা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তিনি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা দেয়ারও জোর দাবি জানান খালেদা জিয়া।