শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রূপগঞ্জে পিকআপ ভ্যানে পেট্রলবোমা, দগ্ধ ৫

pettrol bomaনারায়ণগঞ্জ:  জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় আজ শুক্রবার রাতে একটি পিকআপ লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, রাত দশটার দিকে ভোলতা গাউছিয়া এলাকা থেকে টেক্সটাইল মিলের বিভিন্ন যন্ত্রপাতি একটি পিকআপ ভ্যানে করে ঢাকার পোস্তগোলার দিকে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। ভ্যানটি তারাবো এলাকায় গেলে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা ছোঁড়ে মারে। এতে ওই ছয়জন আহত হন।

দগ্ধরা হলেন, আব্দুস সালাম (২৫), মো. হেলাল (৩৫), মো. রাশেদ (২৭), বিল্লাল হোসেন (২৬) ও মো. সোহেল (২২)। ঘটনার পর লাফ দিয়ে নামার সময় পা ভেঙ্গে যায় কবির হোসেন (২৮) নামের একজনের।

দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ও কবিরকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ছয়জন শ্রমিক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আততায়ীর গুলিতে রাশিয়ার বিরোধী নেতা নিহত

atatরাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দলের নেতা বোরিস নেমৎসভ-কে আততায়ীরা গুলি করে হত্যা করেছে।

বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে তিনি পরিচিত ছিলেন।

মি. নেমৎসভ-এর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মি. পুতিন।

মস্কোর কেন্দ্রে অবস্থিত ক্রেমলিন ভবনের পাশের রাস্তা ধরে হেঁটে যাবার সময় বোরিস নেমৎসভ-কে গুলি করা হয়।

সাদা একটি গাড়ি থেকে কয়েক জন লোক হঠাৎ করে নেমে পিস্তল দিয়ে মি. নেমৎসভ-এর পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে রাশিয়ার ইন্টারফেক্স নিউজ এজেন্সি। তার গায়ে চারবার গুলি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে শোক জানিয়েছেন তার একজন মুখপাত্র।

হত্যার এই ঘটনাটিকে ‘কন্ট্রাক্ট’ বা চুক্তি করে সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ওই মুখপাত্র।

ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেটিকে ইউক্রেনে চালানো রাশিয়ার যুদ্ধ হিসেবেই বিবেচনা করতেন মি. নেমৎসভ।

এই নিয়ে আগামীকাল রবিবারে আয়োজিত একটি সমাবেশে অংশ নেয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে তার ব্লগে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন বোরিস নেমৎসভ।

এমাসের শুরুর দিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই আশঙ্কা করে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো তাকে হত্যা করতে পারে।

১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিন-এর সময়ে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মি. নেমৎসভ।– বিবিসি

পাতানো ম্যাচে জড়িত ভারত!

rainaবিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। পাকিস্তানের পর গতবারের চ্যাম্পিয়নদের কাছে নাকানি চুবানি খেয়েছে  দক্ষিণ আফ্রিকা। এ দুটি ম্যাচ দেখেই ভারতীয়দের চলতি বিশ্বকাপে ফেভারিট ভাবছেন অনেকে। আরব আমিরাত ম্যাচের আগে ক্রিকেটাররাও রয়েছেন ফুরফুরে। ঠিক এই সময়ে ভারতীয় ক্রিকেটারদের দিকে আঙ্গুল তুললেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সদস্য শামি সিলভা। তিনি দেশটির নতুন ক্রীড়া মন্ত্রী নাভিন দিশানায়েকের কাছে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেটারদের ওপর ম্যাচ ফিক্সিং তদন্ত করার অনুরোধ করেছেন। নতুন করে তদন্ত করার অনুরোধ করা হলেও অভিযোগটি কিন্তু পুরনো। ২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত এশিয়া কাপ চলাকালীন সময়ে ভারতীয় এক ক্রিকেটার এক নারীর সঙ্গে হোটেলে রাত যাপন করেন। ধারণা করা হয়, ওই  মহিলার সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ ছিল।  সিসি টিভির ফুটেজের মাধ্যমে দেখা যায় ক্রিকেটারটি ছিলেন সুরেশ রায়না। পরে বিসিসিআই প্রেসিডেন্ট সেই নারীকে সুরেশ রায়নার এজেন্ট বলে পরিচয় দেন। ২০১০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল- এমনটাই ধারণা করছেন শামি সিলভা। সিলভা তার চিঠিতে আরো লিখেন,  ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত করা খুব জরুরি, অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়াতে তদন্তের দায়িত্ব নিরপেক্ষ ব্যক্তির ওপর ন্যস্ত করা উচিত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনায় আনা উচিত। আমি বিনীতভাবে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব তদন্তের জন্য একটি বিশেষ কমিটি নিয়োগ দেয়া হোক।’ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে থাকা বিচারপতি মুকুল মুদগাল কমিটির নজরেও ছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ব্রিটেনের ‘ডেইলি মিরর’ পত্রিকা দাবি করেছে মুদগাল কমিটিকে সহায়তা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পরে আবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মুদগাল কমিটির সহযোগিতা চাইলে তা পায়নি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিনিয়র কর্মকর্তা নিশান্ত রানাতুঙ্গা জানান, ‘ভারতীয় বোর্ড আমাদের জানায় মুদগাল কমিটিকে সহযোগিতা করতে। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত কমিটিকে জানাই আমরা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। কিন্তু তারপর তারা আর যোগাযোগ করেনি।’

১৫১ রানেই অলআউট অস্ট্রেলিয়া

aus new১৫১ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ।

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩২ ওভার ২ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

শুরুটা দারুণ ছিল অস্ট্রেলিয়ার। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার উড়ন্ত সূচনা এনে দেন দলকে। ঘুরে দাঁড়াতে অবশ্য বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

ফিঞ্চকে বোল্ড করে তৃতীয় ওভারেই প্রথম আঘাত হানেন টিম সাউদি। তবে তাতেও কমেনি অস্ট্রেলিয়ার রানের গতি। শেন ওয়াটসনকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ওয়ার্নার।

দ্বিতীয় উইকেট জুটির ৫০ রানের প্রতিরোধ ভাঙেন ড্যানিয়েল ভেটোরি। ১ উইকেটে ৮০ রানে পৌঁছে যাওয়া অস্ট্রেলিয়ার বিপর্যয়ের শুরু তার বলে ওয়াটসনের বিদায়ে।

সীমানায় ওয়াটসনের ক্যাচ নিয়ে বল করতে এসেই ওয়ার্নারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাউদি। রিভিউ নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত।

স্টিভেন স্মিথকে লুক রনকির ক্যাচে পরিণত করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন ভেটোরি।

প্রথম স্পেলে ৫ ওভারে ২৪ রান দেয়া বোল্ট ভয়ঙ্কর হয়ে ফেরেন দ্বিতীয় স্পেলে। এই স্পেলের প্রথম ওভারেই জোড়া আঘাতে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে ফিরিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যানই ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি মাইকেল ক্লার্ক। শর্ট কাভারে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

পরের ওভারে ফিরে মিচেল জনসন ও মিচেল স্ট্যার্ককে ফিরিয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন বোল্ট। জনসন শর্ট কাভারে উইলিয়ামসনের ক্যাচে পরিণতত হন আর স্ট্যার্ক বোল্ড হয়ে যান।

১ উইকেটে ৮০ থেকে অস্ট্রেলিয়ার স্কোর পরিণত হয় ৯ উইকেটে ১০৬ রানে। অর্থাৎ ২৬ রান যোগ করতে ৮ উইকেট হারায় দলটি।

বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা থেকে অস্ট্রেলিয়াকে বাঁচানোর কৃতিত্ব ব্র্যাড হ্যাডিনের। পাল্টা আক্রমণে ৪৩ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দশম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ১২৯। ১৯৮৩ সালের আসরে ভারতের বিপক্ষে এই রান করেছিল তারা।

বোল্টের দ্বিতীয় স্পেলটি এমন ৫-৩-৩-৫। সব মিলিয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়ে তিনিই নিউ জিল্যান্ডের সেরা বোলার।

স্পটলাইট: কক্সবাজার

lamudiকক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের শহর যা ধীরে ধীরে একটি পর্যটন হটস্পটে পরিণত হচ্ছে। এখানের আবাসন বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করার জন্য সকল গুরুত্বপূর্ণ তথ্য লামুডির নিকট পাওয়া যাবে।

কক্সবাজারের প্রপার্টি সমূহ
অনুন্নত কাঁচা জমি হোক বা সম্পূর্ণ নির্মিত সম্পত্তি হোক উভয়ের ক্ষেত্রেই মূল্য এখনো সহনীয়। তথাপি, যেহেতু এটি বিশ্বের সুন্দরতম মাইলফলকগুলোর মধ্যে একটি, প্রতি বছর লাখ লাখ দেশী-বিদেশী মানুষ এই উপকূলীয় শহরে আসে। প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া এই চাহিদা মেটানোর জন্য বিনিয়োগকারীরা নিত্যনতুন হোটেল নির্মাণ করছে। এই অঞ্চলের জমিগুলো রিসর্ট, হোটেল, হাউজিং অথবা চিত্তবিনোদন পার্কের জন্য অতি উপযোগী, দেশের পর্যটন কেন্দ্রে বিনিয়োগের জন্য এই অঞ্চল সবচেয়ে উপযোগী। সীমাহীন বিকল্পের উপস্থিতি এই অঞ্চলের জমির ব্যবহারের বহুমুখি তাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে।
অবকাঠামো
দর্শকের পরিমাণ অনেক হওয়া সত্ত্বেও সহজলভ্য স্থানীয় পরিবহন থাকায় পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। শহরের এয়ার পোর্ট কক্সবাজারে আসা এবং এখান থেকে ভ্রমণকে নিশ্চিতভাবে সহজ করে তোলে।

হত্যার ষড়যন্ত্রে সুশীল সমাজ: জাপা মহাসচিব

bablu26জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু বলেছেন, “সুশীল সমাজ মানুষ হত্যার ষড়যন্ত্র করছে। তারা টকশোতে গিয়ে গণতন্ত্রের কথা বলে, আর ভেতরে ভিন্ন পথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করে।”

বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, “সুশীল সমাজের নামধারী কিছু ব্যাক্তি সব বিষয়ে উপদেশ দেন। তাদের উপদেশ মেনে কাজ করলে দেশে গণতন্ত্র থাকবে না। তারা যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্যই বিশেষ একটি  গোষ্টির স্বার্থ হাসিল করতে কাজ করেন। তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো মঙ্গল হবে না। তাই তাদের কথায় কান দিয়ে লাভ নেই।”

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জসিম উদ্দিন রচিত ‘দ্যা আমেরিকান ড্রিম’ বইয়ের মোড়ক উন্মেচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বইটির মোড়ক উন্মোচন করলেও বক্তব্য দেননি।

এর আগে সকালে এরশাদের বারিধারার বাসভবনে তার সঙ্গে সৌজন্যে স্বাক্ষাৎ করেন বাংলাদেশে নব নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

জাপা গেন্ডারিয়া ও সুত্রাপুর থানা কমিটি গঠন

এদিকে সারফুদ্দিন আহমেদ শিপুকে আহ্বায়ক ও ডা. শাহনাৎ সম্রাটকে সদস্য সচিব করে গেন্ডারিয়া থানা  জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন শাহেদ হোসেন খান, আব্দুল কাদের তোতা মিয়া, মোয়াজ্জেম হোসেন, আব্দুল রাজ্জাক লাভলু, মো. গিয়াস উদ্দিন, মো. রিয়াজ উদ্দিন বাবু।

অন্যদিকে আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মো: সেলিম কে সদস্য সচিব করে জাতীয় পার্টি সূত্রাপুর থানার নতুন কমিটি গঠন করেছেন। সুত্রাপুর থানা জাপার যুগ্ম আহ্বায়ক হচ্ছেন; হাজী মো. মকবুল, সৈয়দ  মোশারফ  হোসেন জাফরি, মো. নাসির উদ্দিন নেওয়াজ  ও নজরুল ইসলাম,  মো. জুয়েল, মো: কাউছার এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং জাতীয় পার্টি ঢাকা  মহানগর দক্ষিণ এর সদস্য সচিব জহিরুল আলম রুবেল আজ নতুন কমিটি অনুমোদর করেন।

‘খালেদা গ্রেফতার হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে’

uk sবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।

স্থানীয় সময় বুধবার রাতে ইস্ট লন্ডনে অবস্থিত লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটি’র অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ প্রকাশ করেন।

সেনা হত্যাকাণ্ড উপলক্ষে আয়োজিত ‘পিলখানা ম্যাসাকার: ইটস্ ইমপ্যাক্ট অন ন্যাশনাল ডিফেন্স, সেকুরিটি অ্যান্ড সুভেরেইনটি অব বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় বিশিষ্টজনরা ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস পালনের দাবি করেন।

যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কে এম এ মালিকের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন পেশাজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ, সদস্য সচিব ব্যারিস্টার তারিক বিন আজিজ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, শেখ নিউজ ডটকম প্রধান সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রবাসী সংগঠক এস কে আজাদ, লেখিকা ফেরদৌস আরা, ব্যারিস্টার নাসির আহমেদ অপু, সলিসিটর একরামুল হক মজুমদার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, মাওলানা শামীম প্রমুখ।

সভা পরিচালনা করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জহির উদ্দিন, লেফটেন্যান্ট কমান্ডার প্রকৌশলী মাহবুবুর রহমান, শিক্ষাবিদ সৈয়দ মামনুল মোর্শেদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার আনোয়ার হোসেন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান টিপু, অ্যাডভোকেট আলী আকবর প্রমুখ।

যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কে এম এ মালিক বলেন, “২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ঘটনা। এটা আওয়ামী লীগের নীলনকশার অংশ। এ ঘটনার মাধ্যমে সেনা বাহিনীকে দুর্বল এবং সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। আমরা আশা করব, বিএনপি ক্ষমতায় এলে জড়িতদের চিহ্নিত করে যথাযথ বিচার করা হবে।”

পেশাজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ বলেন, “বাংলাদেশের রক্তের হলিখেলায় মেতে আছেন শেখ হাসিনা। স্বাধীনতার পর তার বাবা ৪০ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। হাসিনা বাবাকে ছাড়িয়ে গেছেন। এখন তার বিদায়ের পালা। খালেদা জিয়াকে গ্রেফতার করলে বাংলাদেশে যে অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরিত হবে, তাতে হাসিনা জ্বলে-পুড়ে মরবে।”

পেশাজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার তারিক বিন আজিজ বলেন, “শেখ হাসিনা আগুন নিয়ে খেলছে। গুলি করে, গুম করে বিশ্ব ইতিহাসে কোনো শক্তি ক্ষমতায় টিকতে পারেনি, হাসিনাকেও বিদায় নিতে হবে। খালেদা জিয়াকে গ্রেফতার করলে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হবে।” অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে বিদায় নেয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী বলেন, “পিতৃহত্যার প্রতিশোধ নিতেই শেখ হাসিনা সেনা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবার বাংলাদেশের মানুষ হত্যার এজেন্ডায় নেমেছে।”

শেখ নিউজ ডটকম সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিদ্রোহে অংশ নেয়া জওয়ানরা শুধু বিদ্রোহী নয়, তারা আওয়ামী লীগের এজেন্ট হয়ে এই হত্যায় অংশ নেয়।”

সাবেক সেনা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “সামরিক ব্যাপার যখন রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা হলো তখনই এটা প্রমাণিত হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড একটি সুদূর প্রসারী রাজনৈতিক হত্যাকাণ্ড। এছাড়া কিছু প্রশ্নের জবাব-ই প্রমাণ করে দেয়, পিলখানা হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত। সেদিন প্রধানমন্ত্রী ডিএডি তৌহিদের সঙ্গে কেন দীর্ঘ বৈঠক করলেন? কেন সেনা বাহিনী তাদের সহকর্মীদের মৃত্যু থেকে রক্ষায় এগিয়ে গেল না? এসব প্রশ্নের জবাব খুঁজতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”

ঢাকা উত্তরে মেয়র প্রার্থী নায়ক ফারুক!

farukkসিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর থেকে মেয়র প্রার্থী হবেন চিত্রনায়ক ফারুক। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়েই মেয়র প্রার্থী হবেন ফারুক। ১৯৬২ এর ছাত্র আন্দোলন, ১৯৬৯ এর গণআন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা-যুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন ফারুক।

দলের একটি অংশ চায় মেয়র পদে দল থেকে ফারুককে মনোনয়ন দিয়ে তার কর্মের মূল্যায়ন এবং তাকে দেশ সেবার সুযোগ দেওয়া হোক।
এ ব্যাপারে ফারুক বলেন, উদ্বেগের সঙ্গে বলতে হচ্ছে, দল আমাকে আজ পর্যন্ত মূল্যায়ন করেনি। অনেক আগেই সিটি মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু দল এখন বাইরের লোককে গুরুত্ব দিচ্ছে। আসলে দল হয়তো বুঝতেই পারছে না সংগঠনের জন্য কে কি ভূমিকা রেখেছে। তাই ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বাইরের লোককে মনোনয়ন দিতে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মানুষের কূটবুদ্ধির কারণেই এটি হচ্ছে। তারা দলকে মিসগাইড করছে।

ফারুক বলেন, আট বছর বয়স থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন। ছাত্রজীবনে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়। মুক্তিযুদ্ধে অংশ নেই। দল এবং চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ও আমার মতো অনেক ত্যাগী কর্মীর খোঁজ রাখেন না। একুশে পদক আমার প্রাপ্য। তাও পেলাম না। এখন নিজের মূল্যায়ন নিজেকেই আদায় করতে হবে। জনগণ ও দলের লোকজন আমাকে চায়। তাই আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করব। ফারুক বলেন, দল মনোনয়ন না দিলেও নির্বাচনে প্রার্থী হব। আওয়ামী লীগ আমাকে মূল্যায়ন না করলেও বঙ্গবন্ধুর আদর্শের এই দল আমি ছাড়ব না। দলটি হচ্ছে আমার ঘর। ঘর ছাড়ার প্রশ্নই আসে না।

বাফুফে লটারির প্রথম পুরস্কার পেল কিং খান

king khnaফুটবল উন্নয়নে তহবিল গঠনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারি প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা অথবা একটি ফ্ল্যাট জিতেছেন কিং খান ওরফে আলামিন নামে এক ছাত্র।  প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বরটি হচ্ছে ঙ ০৪০৬৩৯৩।

মো. কিং খান শরীয়তপুর জেলার চিকন্দ্রী ইউনিয়নের হতদরিদ্র হাশেম হাওলাদারের ছেলে। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরর দশম শ্রেনীর ছাত্র এবং চিকন্দ্রী ইউনিয়ন ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে কিং খান ৫ নম্বর।

বাফুফে ভবনে আলাপকালে কিং খান প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, যখন পত্রিকায় দেখলাম, আমি প্রথম পুরস্কার পেয়েছি, দৌড়ে বাড়িতে গিয়ে মাকে জানালাম। সেকি যে আনন্দ বলে বুঝাতে পারব না। আজ এখানে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গেলাম। দেখি কি হয়।

পুরস্কার দিয়ে কি করবেন এমন প্রশ্নের জবাবে কিং খান জানান, আমরা খুবই খরিব। বাবার আমাদের ভাই বোনদের পড়াশুনা করাকে কষ্ট হচ্ছে, তাই তাদের পড়াশুনায় ব্যয় করবো। আমাদের গ্রামে অকে আগ থেকেই ফুববল খেলা হয়, ক্লাবও আছে। আমার ইচ্ছা্‌ নিজ গ্রামে একটি খেলোযাড় দল গঠন করবো।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বাফুফে ভবনে লটারীর ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কারের নম্বরটি তোলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য সামসুল হক চৌধুরী, জাতীয় দলের ডাচ কোচ লুডিভিক ডি ক্রুইফ এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

৯২ রানে হারল বাংলাদেশ

srilanka260পরাজয়ের হতাশায় শেষ হলো বাংলাদেশের এমসিজি অভিষেক। বিশ্ব বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই র্দুভাগ্যের রোষানলে পড়ে যায় বাংলাদেশ। স্লিপে এনামুল হক বিজয়ের লাহিরু থিরিমান্নের ক্যাচ ফেলা দিয়ে শুরু। একের পর এক ক্যাচ মিস, রানআউট মিস, স্ট্যাম্পিং মিস, মিস ফিল্ডিং- দৃষ্টিকটু কত কী দেখা গেল।

যার পরিণতিও এলো ম্যাচের ফলাফলে। বৃহস্পতিবার এমসিজিতে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ৩৩২ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। জবাবে ৪৭ ওভারে ২৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। দিলশান ম্যাচ সেরা হন।

৩৩২ রানটা অনেক দূরত্বের পথ। কিন্তু পথের শুরুতেই রাস্তা হারিয়ে ফেলার কাজটা ‘দক্ষ’ ভাবে করে গেছেন তামিম ইকবাল। মালিঙ্গার করা ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড তিনি। কিছুটা পাল্টা আক্রমণ করলেও থিতু হতে পারেননি সৌম্য সরকার। ১৫ বলে ২৫ রান করে ফিরেন তিনি ইনিংসের ষষ্ঠ ওভারে। পরের ওভারেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাঝে থাকা মুমিনুল লাকমলের শিকার হন ১ রান করে।

বিজয়-মাহমুদউল্লাহর জুটি থামে ৪৩ রানে। ফিল্ডিংয়ের শুরুতেই দলকে অপয়া’র মুখ দেখানো বিজয় রান আউট হন। তিনি ৪৩ বল খেলে করেন ২৯ রান। দলীয় ১০০ রানে মাহমুদউল্লাহও হেরাথের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। তিনি ২৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে টাইগারদের হয়ে সান্তনার জবাব দিয়েছেন সাকিব-মুশফিকের জুটি। এমসিজির উইকেটটা ব্যাটিং সহায়ক ছিল। দিলশানদের পর তারা দুজনও সেটি দেখিয়েছেন। তাদের ৬৪ রানের জুটি বিচ্ছিন্ন হয় সাকিব দিলশানের বলে মালিঙ্গার হাতে ক্যাচ দিলে। তিনি ৪৬ রান করেন। সাকিবের বিদায়ের পর খোলসবন্দী হয়ে পড়া মুশফিক ৩৬ রান করে বোল্ড হয়েছেন লাকমলের বলে।

এক প্রান্ত আগলে বাংলাদেশের প্রতিরোধের সলতে জ্বালিয়ে রেখেছিলেন সাব্বির রহমান। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। মালিঙ্গার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে সাব্বির ৬২ বলে ৫৩ রান (৭ চার)করেন। তাসকিনকে এলবির ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন মালিঙ্গা। শ্রীলঙ্কার মালিঙ্গা ৩টি, লাকমল-দিলশান ২টি করে উইকেট নেন।

এর আগে ইনিংসের শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। থিরিমান্নে একাই কয়েকটি সুযোগ দিয়েছেন। যার সবাই নষ্ট করেছে বাংলাদেশ। মাশরাফির করা ইনিংসের চতুর্থ বলে বিজয় সহজ ক্যাচ ফেলেছেন। ৯ম ওভারে ২২ রানে আবারও মাশরাফির বলে থিরিমান্নের ক্যাচ স্লিপ ও উইকেটকিপারের ফাঁক গলিয়ে যায়। সাব্বিরের করা ২২তম ওভারে স্টাম্পিং মিস করেন মুশফিক। ‘কই’ মাছের প্রাণ থিরিমান্নেকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রুবেল। ১২২ রানে ১২তম হাফ সেঞ্চুরি করা থিরিমান্নের ক্যাচ ধরেন তাসকিন। তিনি ৫২ রান করেন।

এরপর শুরু হয় দিলশান-সাঙ্গাকারার জুটিতে শ্রীলঙ্কার বড় স্কোর গড়ার গল্প। তাদের জুটিতে আর ভাঙন ধরাতে পারেনি বাংলাদেশ। দুই লঙ্কানের ব্যাটে পিস্ট হয়েছেন রুবেল-তাসকিনরা। তারা ২৫.৩ ওভারে ২১০ রানের জুটি গড়েন। শেষ ১০ ওভারে ১২৬ রান তোলেন তারা দুজন।

দিলশান খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৫০ বলে হাফ সেঞ্চুরির পর ১১৫ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। ২১তম সেঞ্চুরি করা দিলশান ১৪৬ বলে ২২টি চারে ১৬১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে সর্বোচ্চ অপরাজিত ১৬০ রান করেছিলেন তিনি ভারতের বিরুদ্ধে ২০১২ সালে হোবার্টে।

ক্যারিয়ারের ৪০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন সাঙ্গাকারা। এমন ম্যাচটাকে স্মরুণীয় করে রাখলেন তিনি ২২তম সেঞ্চুরি দিয়ে। ওপেনার তৈরি করা ভিতের সঠিক ব্যবহার করেছেন সাঙ্গাকারা। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৭৩ বলে তুলে নেন সেঞ্চুরি। ৭৬ বলে অপরাজিত ১০৫ রান (১৩ চার, ১ ছয়) করেন তিনি।