শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজধানীর মুগদায় পাকিং করা বাসে আগুন

bus fire17রাজধানীর মুগদা এলাকায় তুরাগ পরিবহনের পাকিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মুগদা পেট্রোলপাম্প সংলগ্ন রাস্তায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন এ খবর নিশ্চিত করেন।

এতে কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলেও জানান এসআই উজ্জ্বল।

আমিরাতকে ৩৪২ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

south africa12দক্ষিণ আফ্রিকাকে চারশো করতে দিবেন না- ম্যাচের আগেই কথাটা বলেছিলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। সেই সংকল্পে সফলও হয়েছেন তৌকির।

বৃহস্পতিবার ওয়েলিংটনে আমিরাতের বিরুদ্ধে ৬ উইকেটে ৩৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি সহযোগী আমিরাতের সমানে তাই জয়ের টার্গেটটা ৩৪২ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে হাশিম আমলার (১২)  উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।  রান খরায় থাকা কুইন্টন ডি কক ৬৮ রানের জুটি গড়েন রিলে রোসাউয়ের সাথে। ডি কক ৪৫ বলে সংগ্রামী ২৬ রানের ইনিংস খেলে সাকলাইন হায়দারের হাতে ক্যাচ দেন। ডি ককের পর রোসাউও আমিরাত অধিনায়ক তৌকিরের শিকার হন। কট এন্ড বোল্ড হওয়ার আগে রোসাউ ৪৩ রান করেন।

চতুর্থ উইকেটে মিলার ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের জুটিটা ছিল ১০৮ রানের। দুজনই মাইলফলক মিস করেছেন ১ রানের জন্য। প্রথমে মিলার ৪৯ রান করে বোল্ড হন নাভিদের বলে।  নার্ভাস নাইনটিজের কোপানলে পড়েন ডি ভিলিয়ার্স।

ব্যক্তিগত  ৯৯ রানে (৬ চার, ৪ ছক্কা) কামরান শাহজাদের বলে আমজাদ জাভেদের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন প্রোটিয়া অধিনায়ক। ডুমিনি ২৩ রান করে ফিরলেও শেষদিকে দক্ষিণ আফ্রিকা তিনশো রান পার হয়েছে ফারহান বেহারডিয়ানের ব্যাটে।

৩৩ বলে ৬৪ রানের (৫ চার, ৩ ছয়) ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফিল্যান্ডার করেন ১০ রান। আমিরাতের পক্ষে নাভেদ ৩টি উইকেট নেন।

যশোরে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা, আহত ৪

nabilযশোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী নাবিল আহমেদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালকসহ আহত হয়েছেন চারজন।

বুধবার সন্ধ্যায় শহরের চিত্রামোড়ে ১৪ দলের সমাবেশ শেষে ফেরার পথে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় চিত্রামোড়ে ১৪ দলের সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া গাড়ির বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা লোহার রড ও লাঠি দিয়ে একটি মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করে। এছাড়া লাঠির আঘাতে আহত হন চালক মহসীন আলী, আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলাম মনিসহ চারজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ জানান, দলীয় প্রতিপক্ষরাই এ হামলা করেছে।
কোতোয়ালী থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, গাড়িতে কারা হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

কারাবন্দী মান্না ডিসিসি নির্বাচনে অংশ নেবেন

asif nazrulকারাগারে থাকলেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মান্নার মুক্তির দাবিতে প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে একথা জানিয়েছে সংগঠনের উপদেষ্টা এস এম আকরাম।

বুধবার বিকেলে প্রেসক্লাবে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে। আসিফ নজরুল তার বক্তব্যে, মান্না কারাগারে থাকলেও সিটি নির্বাচনে প্রার্থীতা নিশ্চিত করতে সংগঠনের প্রতি আহ্বান জানান। পরে বক্তব্যে সংগঠনের উপদেষ্টা এস এম আকরাম ঢাকা সিটি নির্বাচনে মান্না অংশ নেবেন বলে নিশ্চিত করেন।

আসিফ নজরুল আরও বলেন, আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হলে প্রতিবাদ করেন নাই। বিএনপির নেত্রী গ্রেফতার হলে প্রতিবাদ করেন নাই। মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হওয়ায় ভয় পেয়ে গেলেন। তার রিমান্ড ঠিক না। এটা বলার সৎ সাহস আপনাদের নাই দেখেই বাংলাদেশে তৃতীয় ধারার রাজনীতি হয় নাই।

একই সভায় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, মাহমুদুর রহমান যদি জেলেও থাকে তবু সে নির্বাচন করবে।

সালাহ উদ্দিনের স্ত্রীর জিডি নেয়নি থানা

salahuddin8বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খোঁজ চেয়ে করতে চাওয়া জিডি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। গুলশান এবং উত্তরা থানার কোনোটিতেই তার জিডি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

হাসিনা আহমেদ বলেন, আমি রাতে প্রথমে গুলশান থানা এবং পরে উত্তরা থানায় আমার স্বামীর সন্ধান চেয়ে জিডি করতে গিয়েছিলাম। কোথাও আমার জিডি গ্রহণ করা হয়নি। থানার কর্মকর্তারা জিডি না নেওয়ার কারণ হিসেবে বলেছেন অভিযোগ ভিত্তিহীন।

তিনি জানান, যে বাড়িতে সালাহ উদ্দিন আহমেদ ছিলেন সেই বাড়ির নম্বরসহ মালিকের নাম-ঠিকানাসহ অভিযোগ নিয়ে তিনি থানায় গিয়েছিলেন।

জিডি করতে ব্যর্থ হয়ে এই সাবেক সংসদ সদস্য জানান, বৃহস্পতিবার প্রতিকার চাইতে তিনি উচ্চ আদালতে যাবেন।

অভিযোগ গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একজন ভদ্র মহিলা একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সাক্ষীর ব্যাপারে তার সহযোগিতা চেয়েছিলাম। তবে সহযোগিতা না করে হাসিনা চলে গেছেন বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযোগ স্বীকার করেনি।

মোদির ইসরাইল প্রীতি

modiমোদি ভারতের প্রধানমন্ত্রী হবার পরই তাকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে নতুনত্ব কিছু নেই। সৌজন্যের খাতিরে এমন অনেক রাষ্ট্র প্রধানই নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতিও মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের ভিন্ন মাত্রা আছে। মোদির নেতৃত্বে বিজেপি ভারতের রাষ্ট্রক্ষমতায় আসা মানে আন্তর্জাতিক প্রশ্নে ইসরাইলের মনোবল বৃদ্ধি। ভারতের বিদেশ নীতিতে ইসরাইল চিরকালই ব্রাত্য ছিল। ইসরাইল-প্যালেস্তাইন বিরোধে ভারত বরাবর প্যালেস্তাইনের ন্যায়সঙ্গত দাবির পক্ষেই অবস্থান নিয়েছে। ভারত স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জনমতের শরিক। মার্কিন সহযোগিতায় এই দাবি অস্বীকার করে চলেছে ইসরাইল।

ইসরাইল শুধু প্যালেস্তাইনবাসীদের পিতৃভূমি থেকে উৎখাত করে জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি ক্রমাগত প্যালেস্তাইনবাসীদের কোণঠাসা করে শক্তিশালী হয়েছে ও প্রসারিত হয়েছে। এরপরও প্রতিনিয়ত সেখানে সামরিক হামলা, অত্যাচার, হয়রানি, গুপ্ত হত্যা, অপহরণ, গ্রেপ্তার ইত্যাদি চলছে।

এতদসত্ত্বেও চিরকালের অবস্থান বদল করে বাজপেয়ীয় আমলে এনডিএ সরকার প্যালেস্তাইন থেকে সরে আসতে শুরু করে ইসরাইলের দিকে। এমনকি ইসরাইলের চরম অমানবিকতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির বিরোধিতা করাও বন্ধ হতে থাকে।

আজ ভারত ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু। প্যালেস্তাইনের বিষয়ে সম্পূর্ণ নীরব। আসলে ইসরাইলের জায়নবাদের সঙ্গে বিজেপি-র হিন্দুত্ববাদের গভীর সাযুজ্য আছে। মূলত জাত্যভিমানকে ভিত্তি করেই জায়নবাদের বিকাশ। এখানে নীতি-আদর্শ, মানবিকতা, ন্যায়ের কোনো জায়গা নেই। বিজেপি-ও হিন্দুদের ঐক্যবদ্ধ করে ভারতের রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় এবং ভারতকে হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়। জায়নবাদীদের দুঃসাহস এবং দৃঢ় মানসিকতা হিন্দুত্ববাদীদের মুগ্ধ করে। তাই প্রধানমন্ত্রী থাকাকালীন বাজপেয়ী যেমন ইসরাইলকে তাদের আদর্শ রাষ্ট্র হিসেবে গণ্য করেছেন। এখন মোদিও সেই পথে হাঁটতে শুরু করেছেন।

ক্ষমতায় আসার পর মোদি বিদেশ সফরে অত্যধিক জোর দিয়েছেন। বিদেশী নীতিতে আমূল পরিবর্তন করে ভারতকে বিশ্বে বৃহৎ শক্তিধর ও প্রভাবশালী দেশ হিসেবে দেখতে চান। তাই জোট নিরপেক্ষতার বদলে সাম্রাজ্যবাদী জোটের শরিক হয়ে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছেন। এই প্রশ্নে তার লক্ষ্য চীনের পাল্টা শক্তি হিসেবে আত্মপ্রকাশ। তাই চীনের সঙ্গে কার্যত প্রতিযোগিতার মানসিকতা নিয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন-বিরোধী পালটা জোট বা মঞ্চ গড়তে চান আমেরিকার মদতে। ফলে এখনো তার ইসরাইল সফর সম্ভব হয়নি।

তাই তিনি চান রাষ্ট্রপতি অন্তত আপাতত সেই ঘাটতি পূরণ করুক। কিন্তু সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি খুশি হননি। ইসরাইলের পাশাপাশি প্যালেস্তাইন সফর করে ভারসাম্য রক্ষার পক্ষে তিনি। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেসের দীর্ঘদিনের শীর্ষনেতা বর্তমান রাষ্ট্রপতি প্যালেস্তাইনকে একে বারে ছেঁটে ফেলতে চাইছেন না। ফলে একসঙ্গে দু’দেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। এরমধ্যে অবশ্য ইসরাইল থেকে বার্তা এসেছে ভারতের রাষ্ট্রপতি ইসরাইলের সঙ্গে প্যালেস্তাইন সফর করলে তাদের কোনো আপত্তি নেই। এরপরই সফরের তোড়জোড় শুরু হয়েছে। তাই প্রশ্ন উঠছে ভারতের রাষ্ট্রপতিকে প্যালেস্তাইন যাবার অনুমতি কি ইসরাইল থেকে নিতে হচ্ছে? এতদিন জানা ছিল মোদি ভারতকে মার্কিন অধস্তন করতে চাইছেন। এখন দেখা যাচ্ছে ইসরাইলেরও।

পুলিশকে বিচারের আওতামুক্ত রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করার আহবান

amnestyপুলিশ কর্মকর্তাদের বিচারের আওতামুক্ত রাখা সংক্রান্ত যে প্রস্তাব বাংলাদেশ পুলিশ বাহিনী সরকারকে দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।

এছাড়া যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনে জড়িত থাকার পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে তাদের বিচারের হাত থেকে রক্ষা না করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারকে ওই আহ্বানে বলেছে, নির্যাতনের সকল অভিযোগ ও প্রতিবেদন কোন ব্যতিক্রম ছাড়াই তদন্ত করার সিদ্ধান্ত নিতে হবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

১০ই মার্চ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে।

এতে বলা হয়, বাংলাদেশের একটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে যে, পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশি আইনের একটি ধারা বাতিলের প্রস্তাব করেছে।

ওই আইনে, যে কোন পরিস্থিতিতে জেলহাজতে কাউকে নির্যাতন অপরাধ হিসেবে গণ্য করে জড়িতদের শাস্তির বিধান রয়েছে। পুলিশ কর্তৃপক্ষ বিশেষ করে টর্চার অ্যান্ড কাস্টোডিয়াল ডেথ (প্রিভেনশন) অ্যাক্ট, ২০১৩ (নির্যাতন ও কারা হেফাজতে মৃত্যু প্রতিরোধ আইন)-এর পুনর্বিবেচনা চায়। নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের পূর্বের আইনসমূহকে শক্তিশালী করেছে এ আইনটি।

পুলিশ কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ওই আইনের ১২ অনুচ্ছেদটি বিলুপ্তির প্রস্তাব করেছে। তারা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), সেপশাল ব্রাঞ্চ, ডিটেক্টিভ ব্রাঞ্চের মতো পুলিশের বিশেষ শাখাসমূহকেও ওই আইনের অধীনে বিচারের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছে।

আইনটির ১২ অনুচ্ছেদ অনুসারে যুদ্ধ, যুদ্ধের হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, যে কোন  জরুরি অবস্থা কিংবা নিজেদের জ্যেষ্ঠ কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষের নির্দেশসহ কোন পরিস্থিতিই নির্যাতনের অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয়। এ বিধান যে কোন নির্যাতন নিষিদ্ধ করেছে ও আইনের যে কোন  ধরনের ব্যত্যয়কে প্রত্যাখ্যান করেছে। নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক এবং মর্যাদাহানিকর শাস্তি বা আচরণের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনের নিবন্ধ-২ মোতাবেক আইনটি প্রণয়ন করা হয়েছিল। জাতিসংঘের ওই কনভেনশনটি ১৯৯৮ সালে বাংলাদেশ অনুমোদন করে।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃতি বোঝাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের অন্য মানবাধিকার সংস্থাগুলো পুলিশের দ্বারা বিভিন্ন নির্যাতনের ঘটনাসমূহ উদাহরণ হিসেবে সংরক্ষণ করে আসছে। কয়েক দশক ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন নির্যাতন বিচারের আওতামুক্ত রয়েছে। এমনকি এ ধরনের অনেক ঘটনায় যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিচারের উদ্যোগ নেয়া হয় না।

অ্যামনেস্টি বলেছে, এমনকি বর্তমান নির্যাতন ও কারা হেফাজতে মৃত্যু প্রতিরোধের আইনটি বলবৎ থাকা স্বত্ত্বেও, দেশজুড়ে বিস্তৃত আকারে সংঘটিত হতে থাকা বিভিন্ন নির্যাতনের ঘটনায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি হবার ঘটনা খুবই বিরল। এ ধরনের নির্যাতনের শিকার বিভিন্ন ব্যক্তি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেছেন যে, পুলিশ স্টেশনের কর্মকর্তারা এ আইনের অধীনে নির্যাতনের অভিযোগ গ্রহণে খুবই অনাগ্রহী। কিন্তু যখন মানুষ প্রতিবাদে ফুঁসে উঠেছে, সেসব  ক্ষেত্রেই কেবল বিচারের উদ্যোগ নেয়া হয়েছে। আইনটি পাস হওয়ার ১৭ মাস পরেও এখন পর্যন্ত কোন পুলিশ কর্মকর্তার বিচারই এ আইনের অধীনে সফলভাবে করা হয়নি।

বাংলাদেশে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর আচরণ অনেকদিন ধরেই করে আসছে পুলিশ। নির্যাতনের উপায়সমূহের মধ্যে রয়েছে মারাত্মকভাবে পিটুনি, সিলিংয়ে ঝুলিয়ে রাখা, প্রজননতন্ত্রে বৈদ্যুতিক শর্ট দেয়া, এমনকি কিছু ক্ষেত্রে আটককৃতদের পায়ে গুলি করা।

এর আগে যাদেরকে আটক করা হয়েছিল তাদের সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে সাম্প্রতিক বছরগুলোতে। তারা প্রায় সবাই সাক্ষ্য দিয়েছেন যে, পুলিশ হেফাজতে তাদের নির্যাতন কিংবা নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, হাজার হাজার মানুষ প্রতিবছর পুলিশি নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর আচরণের ঝুঁকিতে রয়েছে।

বর্তমানে যারা এ ধরনের ঝুঁকিতে রয়েছেন, তারা হচ্ছেন এ বছরের ৫ জানুয়ারির পর আটক বিরোধীদলীয় শ’ শ’ সমর্থক।

৫ জানুয়ারির পর বিরোধীরা সড়ক অবরোধের ঘোষণা দেয়ার পর থেকে তাদের আটক করা হয়েছে। আরও হাজারো কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে, পরে আবার মুক্তি দেয়া হয়েছে।

শ’ শ’ বাস ও অন্যান্য যানবাহনে পেট্রবোমা হামলা হয়েছে। এর ফলে পুড়ে মৃত্যু হয়েছে কয়েক ডজন মানুষের। আরও শ’ শ’ মানুষ বিভিন্ন মাত্রায় আহত হয়েছে। এ ধরনের ঘটনাসমূহে জড়িতদের বিচারের সম্মুখীন করা সরকারের দায়িত্ব। তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে, কোন অবস্থাতেই নির্যাতন ও নিষ্ঠুর আচরণ বিরোধী আইনসমূহের লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে বাধ্য।

অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশ সরকারকে অবশ্যই সরাসরিভাবে পুলিশের এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। ওই প্রস্তাব নির্যাতনের বিরুদ্ধে আইনি সুরক্ষার অবমাননাস্বরূপ। বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ওই রক্ষাকবচগুলো যথেষ্ট কার্যকরি, যার মাধ্যমে নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।

কয়রায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

cross fieeখুলনা : জেলার কয়রার সুন্দরবনসংলগ্ন হংসরাজের চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত হাসান আলী সানা (৩০) জলদস্যু রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এএসআই মিঠুন কুমার দাশসহ তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি বন্দুক, তিনটি পাইপগান ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগরের গাবুরা এলাকা থেকে রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানাকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে রাত ৪টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবনের হংসরাজ চরে গেলে আগে থেকে অবস্থান নেওয়া জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

এক সময় জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে জলদস্যু হাসান আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, নিহত হাসান আলী সানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

কারিনাকে স্ত্রী দেখতে চাইতেন যে পরিচালক

karina pকারিনা কাপুর এখন সাইফ আলি খানের বেগম৷ তবে তিনি করণ জোহরের স্ত্রীও হতে পারতেন৷ অন্তত করণের স্ত্রী যিনি হতেন তিনি কারিনার মতোই হতেন৷ সম্প্রতি এমনই খোলামেলা স্বীকারোক্তি করেছেন পরিচালক করণ জোহর৷

সেই ১৭ বছর বয়সে কারিনাকে  প্রথম দেখেই ছবিতে কাস্ট করেছিলেন করণ৷ ক্রমে ক্রমে ইন্ডাস্ট্রিতে তারা ভালো বন্ধু হয়ে উঠেছেন৷ কোনো সমস্যা হলে কারিনা দ্বারস্থ হতেন করণেরই৷ একজন অভিনেত্রী, অন্যজন পরিচালক৷ তবু দুজনের কেমিস্ট্রি ছিল অসাধারণ৷ সাইফ আলি খানও দুজনেরই ভালো বন্ধু ছিলেন৷ সেখান থেকেই কারিনা-সাইফ প্রেম৷ তারপরেই কারিনা বেগম হয়েছেন পতৌদির নবাব পরিবারের৷ তাই কারিনাকে আর স্ত্রী হিসাবে পাওয়া হরো না করণের৷ তবে নিজের স্ত্রী যেন কারিনার মতোই হন এমনটাই চাইতেন তিনি৷

সম্প্রতি এক ম্যাগাজিনের কভার শুট করলেন তারা একসঙ্গে৷ অনেকদিন পর একসঙ্গে আড্ডা দিলেন৷ মজা করলেন৷ আর সে সবের মধ্যেই করণ করে ফেললেন এই সৎ স্বীকারোক্তি৷

এমনকী ঐশ্বরিয়ার মতো কারিনাকেও একজন ন্যাচারাল অ্যাক্টর মনে করেন করণ৷ তার মতে, এরা জন্ম থেকেই অভিনেত্রী৷ শুধু ক্যামেরার সামনে মাঝে মাঝে আসে আর চলে যায়৷ শর্মিলা ঠাকুরের মতো কারিনাও যেভাবে বিয়ের পর নিজের কেরিয়ারের প্রতি ফোকাস ধরে রেখেছেন তাতেও খুশি করণ৷ অভিনেত্রী হিসেবে তো বটেই, ব্যক্তি কারিনার জন্যেও বড় জায়গাই নিজের মনে তুলে রেখেছেন করণ৷

র‌্যাবের মোবাইলফোনের আড়িপাতা যন্ত্রকেনায় বাঁধা

mobile trackমানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোনে আড়ি পাতা এবং নজরদারি করার জন্য র‌্যাবের কেনা সরঞ্জাম আটকে দিয়েছে সুইজারল্যান্ড।

এ বিষয়ে র‌্যাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও দিয়েছে। এতে বলা হয়েছে, সরঞ্জাম কেনার প্রক্রিয়া শেষে জাহাজীকরণের আগ মুহূর্তে চালানটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, একটি মানবাধিকার সংস্থা র‌্যাবের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। এ কারণে ঝামেলা হচ্ছে। তবে কোন সংস্থা রিপোর্ট দিয়েছে সেটা জানি না।

দরপত্র অনুসারে, নজরদারির জন্য যে প্রযুক্তি বা সরঞ্জাম র‌্যাব কিনছে সেটা ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেনটিটি (আইএমএসআই) ক্যাচার নামে পরিচিত। এগুলো অত্যন্ত শক্তিশালী গুপ্তচর সরঞ্জাম। এর মাধ্যমে মোবাইল ফোনে আড়ি পাতা হয়। এই প্রযুক্তি সহজে বহনযোগ্য এবং গাড়িতে ব্যবহারের উপযোগী।

চিঠির ব্যাপারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি ক্রয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগের ওয়েবসাইটে গত বছরের ৬ জানুয়ারি নতুন করে ইউএইচএফ ট্রান্সমিটার অ্যান্ড সার্ভেইলেন্স ইকুইপমেন্ট আইএমএসআই ক্যাচার কেনার দরপত্র আহ্বান করে র‌্যা। দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১২ ফেব্রুয়ারি।

বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে জার্মানির ইউরোপাল এগ্রিলিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ দেওয়া হয়। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি এমএম ট্রেডার্স। তারা সুইজারল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান নিওসফট থেকে নেওয়া গোয়েন্দা সরঞ্জাম র‌্যাবের কাছে সরবরাহ করবে।

আইএমএসআই ক্যাচার সম্পর্কে বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, মোবাইল ফোনের ব্যবহৃত নেটওয়ার্কে এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই প্রবেশ করা যায়। এই প্রযুক্তির সাহায্যে পাঠানো বেতার তরঙ্গ প্রথমে মোবাইল ফোন ব্যবহারকারীর আইএমএসআই (সিম) দখল করে নেয়। প্রতিটি সিমের একটি মাত্র কোড থাকে।

এরপর দখল করা সিমে একটি সংকেত পাঠানো হয়। ফোন ব্যবহারকারী বুঝতে পারেন না যে এটা কোন নেটওয়ার্ক থেকে আসছে। পাঠানো সংকেত গ্রহণ করার পরই ফোন সেটটি স্বয়ংক্রিয়ভাবেই ওই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যায়। এভাবে আইএমএসআই ক্যাচার ব্যবহার করে হাজার হাজার মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করা হয়।

প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধির কার্যালয় সূত্র জানায়, র‌্যাবের নজরদারি সরঞ্জাম কেনার খবর জেনে যায় যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনাল। নজরদারি সরঞ্জামের রপ্তানি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী

প্রচারণা চালাচ্ছে এই সংস্থাটি। ‘কোয়ালিশন এগেইনস্ট আনলফুল সার্ভেলেন্স এক্সপোর্ট অর্থাৎ বেআইনি নজরদারি সরঞ্জাম রপ্তানিবিরোধী জোট’ বলে তাদের একটি আন্তর্জাতিক জোটও রয়েছে। চুক্তি হওয়ার পর র‌্যাবের একটি দল সুইজারল্যান্ডে ওই সরঞ্জামগুলো দেখতে যায়। এ সময় তাদের পেছনে আড়ি পাতে প্রাইভেসি ইন্টারন্যাশনাল।

সুইজারল্যান্ডের জুরিখে র‌্যাব কর্মকতাদের সঙ্গে প্রযুুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নিওসফট কর্মকর্তাদের বৈঠক, হোটেলে অবস্থান ও বিভিন্ন স্থানে যোগাযোগের চিত্র ধারণ করে প্রাইভেসি ইন্টারন্যাশনাল। এমনকি দরপত্রের বিস্তারিত তথ্য জোগাড় করে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। সুইজারল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রাইভেসি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের ব্যাপারে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে থাকা ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি।

প্রাইভেসি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, র‌্যাবের বিরুদ্ধে নৃশংসতা আর নির্যাতন চালানোর রেকর্ড আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী ২০০৪ সালে র‌্যাব গঠনের পর থেকে এ পর্যন্ত তাদের হাতে সাত শতাধিক বিচারবহির্ভূত হত্যাকা- হয়েছে।

যদি এসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক হয়, তা হলে সরঞ্জামগুলোর রপ্তানি থামানো বাঞ্ছনীয়। তারা সরঞ্জাম রপ্তানির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অংশ না হওয়ার জন্য সুইজারল্যান্ড সরকারের প্রতি আবেদন জানান। এরপরই সরঞ্জাম সরবরাহে বিলম্ব শুরু হয়।

উল্লেখ্য, বাংলাদেশের প্রচলিত আইনে টেলিফোনে আড়ি পাতা বৈধ। টেলিযোগাযোগ আইনের ৯৭(ক) ধারায় বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, ধারণ বা এ-সম্পর্কিত তথ্যাদি সংগ্রহে সরকার সময় সময় নির্ধারিত সময়ের জন্য গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থাকে কোনো ক্ষমতা দিতে পারবে।’

র‌্যাবের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, র‌্যাবের ব্যবহার করা গোয়েন্দা সরঞ্জাম ইউএইচএফ ট্রান্সমিটার অ্যান্ড সার্ভেইলেন্স ইকুইপমেন্টটি ব্যবহারের অনুপযোগী। ২০১৩ সালের ২৮ নভেম্বর এটি অকেজো ঘোষণা করা হয়। সরকারি অনুমোদনের পর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নতুন আরেকটি যন্ত্র ক্রয়-প্রক্রিয়া শুরু হয়। একইভাবে এটি ব্যবহারের জন্য প্রশিক্ষণ ও প্রাকজাহাজীকরণের বিষয়টিও অনুমোদন করা হয়। সরকারি ক্রয় প্রক্রিয়া মেনে কেনাকাটা সম্পন্ন করার একপর্যায়ে র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করছে বলে একটি মানবাধিকার সংস্থা সংবাদ প্রচার করে। সেই সংবাদের ওপর ভিত্তি করে উৎপাদনকারী দেশ সুইজারল্যান্ড জাহাজীকরণ প্রক্রিয়া আটকে দেয়। এসব সরঞ্জাম না থাকায় গোয়েন্দা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করে র‌্যাব।