শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদা গ্রেফতার হলে আন্দোলন আরো গতি পাবে

gulf newsবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে চলমান সংকট সমাধানের চেয়ে আরো বাড়বে বলে মনে করছে গালফ নিউজ।

সোমবার গালফ নিউজের এক সম্পাদকীয়তে এসব কথা লেখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে জেলে পাঠানো হলেই বাংলাদেশ সঙ্কটের সমাধান হবে না। এতে সরকারবিরোধী বিক্ষোভ আরও গতি পেতে পারে। রাজনীতি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অস্তিত্ব মুছে ফেলা যাবে না। তবে কাদের সঙ্গ বেছে নিয়েছেন খালেদা সে বিষয়ে তাকে খুব সতর্ক হতে হবে।

‘হাসিনা-জিয়া হেট্রেড ইজ প্যারালাইসিং বাংলাদেশ’ বা ‘হাসিনা-খালেদা জিয়ার রেষারেষিতে অচল বাংলাদেশ’ শীর্ষক ওই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সঙ্কট গ্রাস করেছে বাংলাদেশকে।  এতে শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে সামাজিক জীবন ও অর্থনৈতিক খাত। অনিশ্চয়তা প্রশমিত হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একটি হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। এটা তার জন্য সৌভাগ্য। এতে সন্দেহের আঙ্গুল আরও একবার উঠছে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়ার দিকে। তাকে আবার গ্রেফতার করা হতে পারে। তা করা হলে সরকারের বিরুদ্ধে আরেক দফা বিক্ষোভ আন্দোলন দেখা দেবে।

এই অনিশ্চয়তার মাঝে, কট্টরপন্থিদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তা এরই মধ্যে অনুভূত হচ্ছে এবং প্রমাণও মিলছে। দেশের এই অচলাবস্থায় দেশ হারাচ্ছে গুরুত্বপূর্ণ রাজস্ব আয়। রাজনৈতিক হেভিওয়েট এই দু’রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে অহংবোধ ও ক্ষমতার লড়াইয়ের শিকার হচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ।

এই অবস্থায় বাংলাদেশের বেশির ভাগ শিল্প-কারখানা ক্ষতির শিকার হচ্ছে। বাংলাদেশকে ভারসাম্য অবস্থায় নিয়ে আসতে হলে দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা ফেরাতে হবে।

এক্ষেত্রে খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে অবশ্যই এ সমস্যার সঠিক জবাব হবে না। যখন সহিংসতা পরিহার করে গঠনমূলক সংলাপের কথা বলা হচ্ছে তখন খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে তা হতে পারে কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত।

১৯৯১ সাল থেকে পালাক্রমে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। এখন তারা একে অন্যের বিষয়ে যে তীব্র ঘৃণা ও নিজে উচ্চাকাঙ্খা পোষণ করেন তাতে বাংলাদেশ এক ঘূর্ণাবর্তে ধরা পড়েছে।

রাজনৈতিকভাবে তাদের অস্তিত্বকে মুছে দেয়া যাবে না। কিন্তু কট্টরপন্থিদের উত্থান অবশ্যই একটি উদ্বেগের কারণ। এক্ষেত্রে খালেদা জিয়া কার সঙ্গে আছেন সে বিষয়ে অত্যন্ত সতর্ক হতেই হবে। চূড়ান্ত বিচারে, এর জন্য উচ্চ মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে।

পাকিস্তানে এক দিনে ১২ জনের ফাঁসি

fashi30পাকিস্তানে এক দিনে ১২ জন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সে দেশের সরকার।

মঙ্গলবার সকালে ফাঁসিতে ঝুঁলিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সব মিলিয়ে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও শেষ মুহূর্তে একজনের ফাঁসির আদেশ স্থগিত করা হয়।

ডন পত্রিকা জানায়, মঙ্গলবার সকালে পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তাদের মধ্যে করাচিতে দুজন, রাওয়ালপিন্ডিতে দুজন, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় একজন করে, জাহাং জেলা কারাগারে তিনজন এবং মিয়ানওয়ালিতে দুজনকে ফাঁসি দেয়া হয়েছে।

মুলতান জেলে জাফর ইকবাল ও ওয়াকার নাজির নামের দুই কয়েদিকে ফাঁসিতে ঝুঁলানোর কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওয়াকার নাজিরের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। আসামিপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ার কারণে তার ফাঁসি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ নিয়ে ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

তবে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমেন রাইটস পাকিস্তানে মৃত্যুদণ্ডের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

সঙ্কটে আইরিন!

irinবড়পর্দার নবাগতা চিত্রনায়িকা আইরিন সুলতানা। র্যা ম্প থেকে ছোটপর্দা হয়ে উঠে আসা আইরিনের মুক্তিপ্রাপ্ত ছবির ঝুড়িতে মাত্র একটি ছবি। তবে মিডিয়াতে ছবির চেয়েও চলচ্চিত্র নায়িকা হিসেবেই তার জোর প্রচারণা চলে।

চলতি সময়েও দুটো ছবির শুটিং করছেন তিনি। এছাড়া একটি ভৌতিক চলচ্চিত্রের ঢাকঢোল পিটিয়ে মহরত ঘোষণা করলেও পরিচালকের অনৈতিক প্রস্তাবের অভিযোগে ছবিটি ছেড়ে দেন তিনি।

এ নিয়েও মিডিয়ায় কম আলোচনা হয়নি। এর ভেতরে আরেক সৌখিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেও নতুন ছবির কাজ শুরু করেছেন বটে, কিন্তু ছবিগুলো কবে রিলিজ হবে বা আদৌ রিলিজ হবে কি-না! তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

ঠিক এই সময় নিজের ক্যারিয়ারের শুরুটা কতটা ইতিবাচক দেখছেন আইরিন? প্রশ্নের উত্তরে আইরিন বলেন, ‘আমাদের চলচ্চিত্র খুব একটা যে খারাপ হচ্ছে তা না। একটা ক্রান্তিকাল চলছে সত্যি তবে সেই জায়গা থেকে আমাদের উত্তরণের খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এখন অনেক ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, মৌলিক গল্প ও মেকিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে আমি মনে করি এর উত্তরণ ঘটবে।’

কিন্তু যে ধারার নাটক নির্মাতা কাম চলচ্চিত্রকারদের সঙ্গে আইরিন কাজ করছেন তাতে সন্দেহ থেকেই যায় ছবিটির ভবিষ্যত্ নিয়ে। এছাড়াও এর ভেতরে একটি ছবি তৈরির পর রিলিজ বিলম্ব নিয়েও রেকর্ড গড়েছে তার!

বাংলাদেশের ভিডিওতে ‘কাঁপছে’ ভারত

indiaaকোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত খেলাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠেছে। বিশেষ করে স্যোশাল মিডিয়াতে। আর এর তাপ লাগছে মূল ধারার মিডিয়াতেও। ভারতের পত্রিকাগুলো এই নিয়ে নানা ধরনের প্রতিবেদন ছাপছে।

ভারতের একটি দৈনিকের একটি প্রতিবেদন এখানে তুলে ধরা হলো।

তারা ফিরিয়ে দিতে চাইছেন ২০০৭ সালের স্মৃতি৷

ইউ টিউবের ভিডিও থেকে খবরের কাগজের প্রতিবেদন—বাংলাদেশে গড়পড়তা মেজাজটা এখন এ রকমই ‘হম কিসিসে কম নেহি’৷ মার্চ মাসেই তিন বছর আগে এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ৷ আট বছর আগের বিশ্বকাপের জয়ও মার্চে৷ তাই মার্চে তাদের ক্রিকেট স্বাধীনতা দেখছে বাংলাদেশ৷

এবং জয়ের স্বপ্ন দেখার ফাঁকে ভারতীয় সংস্থার ক্রিকেট ভিডিওর পাল্টা ভিডিও বানানো হচ্ছে৷ কোথাও ‘মোড়ল’ বলা হচ্ছে ভারতের দাদাগিরিকে৷ কোথাও ধোনিকে ব্যঙ্গ করা হচ্ছে তার মন্তব্য নিয়ে৷ এর পাশাপাশি ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেওয়ার ঘটনাকে ফিরিয়ে আনার আবেদনই যেন পৌঁছে দেওয়া হচ্ছে মাশরাফি বিন মর্তুজাদের কাছে৷

উত্তেজনার রেশ তীব্র থেকে তীব্রতর৷ ক্রিকেট উত্তেজনা দেখে তসলিমা নাসরিন পর্যন্ত টুইট করে ফেলেছেন, ‘৫০ কেজি মিষ্টি কিনব ১৯ মার্চের ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য৷ যে-ই জিতুক সেলিব্রেট করব৷’

তসলিমার মতো সবাই ‘মিলে সুর মেরা তুমহারা’ নন৷ ইউ টিউবে পোস্ট করা ভিডিওগুলোও ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীতে৷ ভারতে দারুণ জনপ্রিয় হয়ে যাওয়া ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের জব্বর পাল্টা দেওয়ার চেষ্টা বাংলাদেশিদের৷ ইউ টিউবে বাংলাদেশিদের তৈরি এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে৷ ভারতের বিজ্ঞাপনের স্লোগান যেখানে ‘উই ওন্ট গিভ ইট ব্যাক’, সেখানে বাংলাদেশি বিজ্ঞাপনের মূল বক্তব্য, ‘আমরা ২০০৭ ফিরিয়ে দেব৷’

কী আছে এই ভিডিওতে? দেখা যাচ্ছে, চাঁদের একটি গর্ত থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ছে এক ভিনদেশী প্রাণী৷ সেটিই বাংলাদেশের প্রতিনিধি এই ভিডিওতে৷ যে ইচ্ছে মতো আছড়ে ফেলছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের মহাকাশচারীদের৷ ধ্বংসাত্মক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এগোচ্ছে সেই ভয়ঙ্কর জীব৷ হঠাৎ দেখা যায়, একটি পাথরের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছে ভারতীয় মহাকাশচারী৷ শেষ আটের ম্যাচে নামার আগে বাংলাদেশিদের কাছে ম্যাচটা এ রকমই৷ ইংল্যান্ডকে হারানোর পর যেন তাদের ভয়ে কাঁপছে ধোনি-বাহিনীও৷ শেষে ফুটে উঠছে ওই পাঁচটি শব্দ– ‘উই উইল গিভ ব্যাক ২০০৭’!

ঘুরেফিরে সেই আসছে ২০০৭ প্রসঙ্গ৷ রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়াকে হাবিবুল বাশারের টিমের হারিয়ে দেওয়া৷ আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনির মুখোশ পরা দু’জনকে বাংলাদেশি ভক্তরা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ভারতকে হারানো ম্যাচগুলোর ছবি৷ অর্থাৎ হুঁশিয়ারি, সেই সব ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে৷

এখানেই শেষ নয়৷ বাংলাদেশের একটি দৈনিকের এক প্রতিবেদনে যেমন সরাসরি আক্রমণ করা হয়েছে ধোনিকে৷ ধোনি বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, একবার অস্ট্রেলিয়া, একবার নিউ জিল্যান্ডে ম্যাচ খেলার জন্য৷ বাংলাদেশের জবাব তৈরি রয়েছে৷ বক্তব্য, এই কাজটা ভারতকে করতে হয়েছে একবারই৷ বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ দু’বার করে এই দুই দেশের মধ্যে যাতায়াত করে ফেলেছে৷ সে ক্ষেত্রে ধোনি আরও বেশি সুবিধাই বা আশা করছেন কী ভাবে?

এখনও পর্যন্ত ২৮টা ওয়ান ডের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ৷ বৃহস্পতিবার ম্যাচের আগে বারবার ওই তিন দিনকে সামনে এনেই বিজয় দিবসের স্বপ্ন দেখছেন প্রতিবেশী দেশের মানুষ৷”

জুনে সামরিক বাহিনী ছাড়বেন প্রিন্স হ্যারি

harryদশ বছর বৃটিশ সেনাবাহিনীতে চাকরি করবার পর আগামী জুন মাসে অবসর নিতে যাচ্ছেন রানী এলিজাবেথের পৌত্র প্রিন্স হ্যারি।

প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামের পরেই বৃটিশ সিংহাসনের উত্তরাধিকারী তিনি।

সৈনিক হিসেবে প্রিন্স হ্যারি দুবার আফগানিস্তানের রণাঙ্গনে ছিলেন।সেনাবাহিনীর চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত হবার পর তিনি বলেছেন তিনি তার জীবনের নতুন অধ্যায়ের দিতে তাকিয়ে আছেন। তবে সামরিক বাহিনীতে দশ বছরের কাজের অভিজ্ঞতা জীবনভর তার সাথেই থাকবে।
এদিকে প্রিন্স হ্যারির বিষয়ে রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে সামরিক বাহিনী ছাড়াটা সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত। মূলত তিনি সামরিক বাহিনী ছাড়বেন অস্ট্রেলিয়া ডিফেন্স ফোর্সের সাথে চার সপ্তাহের একটি কর্মসূচি শেষ করার পর। যেটি এপ্রিলে শুরু হওয়ার কথা।

অস্ট্রেলিয়াতে তিনি ডারউইন, পার্থ ও সিডনিতে আর্মি ব্যারাকে অবস্থান করবেন এবং ইউনিট ভিত্তিক কর্মকাণ্ড ও প্রশিক্ষণ অনুশীলনের মতো বিষয়গুলোতে অংশ নেবেন। এরপর তিনি রাজকীয় সফরে নিউজিল্যান্ড যাবেন।

জুনে সামরিক বাহিনী ছাড়ার তার আফ্রিকা ও যুক্তরাজ্যে সেচ্ছাসেবী হিসেবে কাজ করার কথা রয়েছে।– বিবিসি

গোয়ায় অবকাশে খোলামেলা বিপাশা বসু

bipasha boshuদিলখুশ মেজাজে সময় কাটাচ্ছেন বলিউডের আবেদনময়ী নায়িকা বিপাশা বসু। বাঙালী এই বলিউডি এখন ভারতের আরেক প্রদেশ গোয়ায় অবকাশ যাপন করছেন।

বিকিনি পরা থেকে সাইকেল চালানো- নিজের খেয়ালে, বলিউডের চেনা রুটিনের বাইরে বেরিয়ে বিপাশাকে খুশিই মনে হচ্ছে। ‘অ্যালোন’- থ্রিলারে দু’দুটো বিপাশা বসুকে দেখেছেন দর্শক। তবে এবার একেবারে আলাদা বিপাশা। এখানে তাঁর কলটাইম নেই। শুটিংয়ের কড়া শিডিউল নেই তাই খোলা মনে ঘুরে বেড়াচ্ছেন বিপাশা।

কখনও সেলফি তুলছেন, কখনও হল্টার নেক বিকিনিতে ছবি তুলেছেন, কখনও আবার চুটিয়ে সাইকেল চালাচ্ছেন। আর সেসব ছবি ফ্যানদের দেখিয়েছেন ইনস্টাগ্রামে।

বলিউডে এই সময়টা বোধহয় ছুটিরই মৌসুম চলছে। কয়েকদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এলেন সোনাক্ষী সিনহা। হুমা কুরেশিও সেরে নিয়েছেন তুর্কি ভ্রমণ। এবার ছুটির আঁচে গা সেঁকে গোয়া ঘুরছেন বিপাশা।

তবে বিপাশা কি সেখানেও ‘অ্যালোন’? অন্তত নায়িকার মুড আর ছবির বহর দেখে তো তা মনে হয় না। তাহলে সঙ্গে কে? আপাতত সে বিষয়ে নায়িকা কোনও তথ্য দিতে নারাজ।

শিশুশ্রমে বাংলাদেশের অবস্থান ২য়

childlebourজীবন ধারণের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা ব্যবহার হচ্ছে কারিগর হিসেবে। দিনদিন এর সংখ্যাও বেড়ে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, এ সংখ্যা পৌঁছে গেছে ৮০ লাখের কাছাকাছি। তবে কর্তৃপক্ষের দাবি, বর্তমান সরকার শিশুদের পুনর্বাসনের জন্য নানা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, শিশুশ্রমের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২য়। যেখানে প্রায় তিনশ` ধরনের কাজে জড়িত প্রায় ৭৯ লাখ শিশু। এর মধ্যে ৪১ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকা শিশুর সংখ্যা প্রায় ১৪ লাখ।

দেশের শ্রম আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও নেই কোন কার্যকরী পদক্ষেপ। বরং কাজ দিয়ে শিশুদেরই উপকার করছেন বলে দাবী মালিকদের।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র স্বল্প পারিশ্রমিক ও সহজলভ্য হওয়ার কারণেই শিশুদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন মালিকরা। তবে ইতোমধ্যে ৪২ হাজার শিশুকে পুনর্বাসন করা হয়েছে বলে দাবি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের।

শিশুশ্রম বিশেষজ্ঞ রাশেদা কে চৌধুরী বলেন, `যাদের রুজির সমস্যা থাকে তারাই শিশুশ্রমে নিয়োজিত হয়। বিশেষ করে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর একটা নজরদারির বিষয় থাকতে হবে।`

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, অভিভাবক যখন গোপনে শিশুদেরকে দিয়ে ফেলে। আর যারা মালিক তারাও যখন গোপনে কাজটা করে ফেলে তখন তৃতীয় পক্ষের খুব কঠিন হয়ে যায় সেটা বের করে নিয়ে আশা।

শিশুশ্রম প্রতিরোধে এদেশে রয়েছে অনেক আইন। কিন্তু পেটের ক্ষুধার কাছে কি সবসময় সব আইন মেনে চলা সম্ভব? তাই শিশু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে, এ বিষয়ে কর্তৃপক্ষকে নিতে হবে যথাযথ পদক্ষেপ। পাশাপাশি, শিশুশ্রম বন্ধে সবার আগে বাড়াতে হবে জনসচেতনতা।

ফের গ্রেফতার আতঙ্কে সৌদি প্রবাসীরা

saudi arঅবৈধ অভিবাসীদের বিতারিত করতে আবারও গ্রেফতার অভিযান শুরু করেছে সৌদি আরব। গত সপ্তাহে দেশটির বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৪ হাজার ১৬৫ জন ‘অবৈধ’ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

তবে তাদের মধ্যে বাংলাদেশি আছে কি না, বা থাকলে এর সংখ্যা কত এ ব্যাপারে কিছু জানা যায়নি। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে  বলা হয়েছে, অবৈধ বিদেশিদের ধরতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু হয়েছে। অভিযানে নতুন কিছু কৌশল হাতে নেওয়া হয়েছে।

মদিনা পুলিশের প্রধান মেজর জেনারেল আব্দুল হাদি আল-শাহরানি সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৫৩ জন প্রবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মদিনা পুলিশ। দ্বিতীয় দফায় অভিযান চালানোর পর থেকে এ নিয়ে মদিনায় গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ২৫৪ জন।

তাবুক পুলিশের এক মুখপাত্র কর্নেল খালেদ আল- ঘাবান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দফায় দফায় শ্রম ও অভিবাসন আইন ভঙ্গ করায় ২৯১ প্রবাসীকে গ্রেফতার করেছে তাবুক পুলিশ। বাজার, শপিংমল, রাস্তা ও পুলিশ চেকপয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

নতুন করে আবারও এই অভিযান শুরু হওয়ায় অবৈধ প্রবাসীরা আতঙ্কের মাঝে রয়েছেন। অনেক প্রবাসী আতঙ্কে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি খুব প্রয়োজন ছাড়া তারা বাসার বাইরে যাচ্ছে না। এতেও শেষ রক্ষা হচ্ছে না অবৈধ প্রবাসীদের। কারণ শ্রমিকদের বসবাসের ভিলায়ও চলছে এই অভিযান।

রাজধানীতে বিএনপির ৯ নেতাকর্মী আটক

arrestচলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদিনে নির্বাচন চায় পুলিশ, একদিনে করার পক্ষে ইসি

ecঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দেয়া হয়েছে।

একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে এই তিনি সিটির নির্বাচন দু’দিনে আয়োজনের কথা বলা হলেও তাতে সাড়া দেয়নি কমিশন। তবে তিন সিটির নির্বাচন একই দিনে এবং এপ্রিলের মধ্যেই শেষ করতে চায় ইসি।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, তিন সিটিতে দু’দিনে ভোট আয়োজনে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তাতে ইসি রাজি হয়নি।

সম্ভবত একই দিনে তিন সিটিতে ভোটের আয়োজন করতে যাচ্ছে ইসি। এছাড়াও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে-৩০ এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন শেষ করলে তাদের জন্য ভালো হয়।

পুলিশ প্রধানের বক্তব্যের পর সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। কখন নির্বাচন হবে, সে সিদ্ধান্ত নেবে কমিশন। পুলিশের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেয়া হয়েছে। নির্বাচন কোন সময়ের মধ্যে হবে সেটা পুলিশের বলার কোনো বিষয় নয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ইসি কার্যালয়ে গিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার ইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে প্রাক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিন এবং চট্টগ্রাম সিটির নির্বাচন পৃথক দিনে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও ওই বৈঠকে আইজিপি অংশ নেননি।

পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকরা দীর্ঘক্ষন সিইসি’র জন্য অপেক্ষা করলেও সন্ধ্যা ৭টার পর সাংবাদিকদের এড়িয়ে কার্যালয় ত্যাগ করেন কাজী রকিবউদ্দীন আহমদ।

সাংবাদিকরা তফসিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন। পরে ইসি সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফসিল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিনক্ষন ঠিক করে পরামর্শ দেয়ার সুযোগ নেই। এটা কমিশনের দায়িত্ব। কবে নির্বাচন হবে জানতে চাইলে তিনি বলেন, খুব তাড়াতাড়ি নাগরিকরা জানতে পারবেন নির্বাচন কবে হবে। সহসাই নির্বাচন হবে।