শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

জাতিসংঘে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন

un secজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠাকিভাবে ‘বাংলাদেশ লাউঞ্জ’এর উদ্বোধন করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ হলের দোতলার ব্যালকনিতে লাউঞ্জটি শুরু করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রেরিত এক বার্তায় মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদের লাউঞ্জটি বেশি বেশি ব্যবহার করার আহ্বান জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এখানে বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। স্পিকার এই লাউঞ্জ দেওয়ার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পর এ লাউঞ্জটি পেয়েছে। তিনি লাউঞ্জটির সর্বাধিক ব্যবহারের আহ্বান জানান। সূত্র: বাসস।

ভারতের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত: সাকিব

sakib17বাংলাদেশের ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘‘বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে ভারতের চ্যালেঞ্জ নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’’

মঙ্গলবার মেলবোর্নে সাংবাদিকদের এ কথা বলেন সাকিব।

সাকিব বলেন, ‘‘আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অবশ্যই এটা আমাদের মনে থাকবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আরো বলেন, ‘‘ভারত ভালো একটি দল। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে।’’

বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে ভারত। যার তিনটিতে জিতেছে বাংলাদেশ। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ধোনি, রায়নাদের নিয়ে এবারের দলটিও বেশ শক্তিশালী। সে কথা স্মরণ করেও সাকিবের প্রত্যয়ী, ‘ভারত খুবই ভালো দল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপেও দারুণ করছে। তবে আমাদের আত্মবিশ্বাসও যথেষ্ট পরিমাণেই আছে। এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি আমরা। কাগজে কলমে অবশ্যই ভারত এগিয়ে, এতে কারোই সন্দেহ নেই। তবে একটা দিনই তো, কে জানে দিনটা আমাদের ভালো যেতে পারে, আর ওদের জন্য খারাপ।’

অতি শিগগিরই বিএনপির ভাঙন: হানিফ

hanif14খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আপনি আপনার পতনধ্বনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনার দলের ভাঙন অতি শিগগিরই হবে। সেটা শোনার জন্য কান পেতে থাকুন।

রাজধানীর লালবাগে থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় মঙ্গলবার দুপুরে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আপনি যদি এইভাবে চলেন, তাহলে আপনি আপনার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার নেতাকর্মীরা আর বিএনপিতে থাকবে না। তারা বিকল্প রাস্তা খুঁজবে। খুঁজতে শুরু করেছে। আপনি আপনার পতনধ্বনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনার দলের ভাঙন অতি শিগগিরই হবে। সেটা শোনার জন্য কান পেতে থাকুন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে সিনিয়র কোনো নেতা ছিল না। কারণ যারা বিবেকবান, যাদের দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ আছে, তারা বেগম খালেদা জিয়ার এইভাবে পেট্রল দিয়ে মানুষ হত্যা পছন্দ করে না। এই কারণে তারা আজকে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছেন। দেশের মানুষের প্রতি তার আস্থা নেই। তাই তিনি মানুষ হত্যা করছেন। গত আড়াই মাসে মানুষ হত্যা, গাড়ি ভাঙচুরসহ সম্পদ ধ্বংসের দায় থেকে মুক্তি পাওয়ার, বাঁচার সুযোগ নেই। আপনি যতই আন্দোলনের হুমকি দেন, যতই বিদেশী প্রভুদের কাছে ধরনা দেন, মানুষ হত্যার দায়ে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণ না চাইলে কোনো বিদেশী প্রভু আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না।
হানিফ বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের  সমালোচনা করে বলেন, সংবাদ সম্মেলনের বক্তব্য নির্লজ্জ মিথ্যাচারে ভরা। যার কারণে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি জানেন, যা বলেছেন সব মিথ্যা। তাই প্রশ্নের উত্তর দিলে ধরা খাবেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ‘খলনায়ক’ আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি যে স্বাধীনতার পক্ষে ছিলেন সেটা আজও প্রমাণিত নয়। ৭৫-এর পর ক্ষমতা দখল করে ১১ হাজার রাজাকারকে মুক্ত করে দিয়েছিলেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী, আব্দুল আলীমের মতো রাজাকারকে রেলমন্ত্রী বানিয়েছিলেন। গোলাম আযমকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। খুনি জিয়া মুক্তিযুদ্ধের নায়ক নয়, খলনায়ক ছিলেন।
লালবাগ থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

রংপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

marder1রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর মুলাটোল এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর মুলাটোলের বাসা থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন মোস্তফা মাহমুদ হাসান। বাসা থেকে কিছুদূর যাওয়া মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জনের সন্ত্রাসীর দল মোটরসাইকেল থামিয়ে তাকে কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. জামাল উদ্দীন জানান, মোস্তফা মাহমুদ হাসানের শরীরের বিভিন্ন স্থানে ৬০টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, কি কারণে তার ওপর সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
তিনি সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কারা কেন তার ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

সন্ত্রাসে ‘না’ ফেসবুকের

facebook17কোনও জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রশংসা বা তাদের কর্মসূচির প্রচার আর ফেসবুকে করা যাবে না। তবে ব্যঙ্গাত্মক ছবি, কমেন্টে আপত্তি নেই।
ফেসবুকের গ্লোবাল পলিসি ম্যানেজমেন্ট প্রধান মনিকা বিকের্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  প্রয়োজনে ইউজারের ‘আপত্তিজনক’ কনটেন্ট উড়িয়ে দেওয়ার যে পলিসি তাদের আছে তা বজায় থাকবে। তবে ইউজারদের কাছে বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে দিতে নিয়মাবলীর ভাষা পরিবর্তিত হবে।
কোনও একটি নির্দিষ্ট কনটেন্ট আপত্তিজনক মনেহলে কোনও ফেসবুক ইউজার ফেসবুক কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে তাদের আপত্তি জানাতে পারেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। রিপোর্ট পেলে তা খতিয়ে দেখার দায়িত্ব ফেসবুক রিভিউ টিমের। ফেসবুকের বিচারে আপত্তিজনক প্রমাণিত হলে সেই কনটেন্টের আর হদিস পাওয়া যায় না। সোজা ভাষায় ফেসবুক তাকে সাসপেন্ড বা সাময়িকভাবে অচল করে দেয়।
অবশ্য সরকারের কাছ থেকে কোনও নির্দিষ্ট কোনও কনটেন্ট সম্পর্কে আপত্তি আসলে সেটি বিচার করার পদ্ধতিটি পৃথক।
ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকদিন ধরেই আইএস-এর মত জোঙ্গি গোষ্ঠী গুলি নিজেদের হিংসাত্মক ভাবধারার প্রচার চালিয়ে আসছে। শার্লে এবদোতে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর আক্রমণের পরেই সতর্ক হয় ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের তরফ থেকে সাফ জানানো হয়েছে কোনও রকম সন্ত্রাস বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কোনও রকম সংগঠন বা তাদের কার্যকলাপের মাধ্যম হিসাবে আর এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করা যাবে না। ছড়ানো যাবে না কোনও বিদ্বেষমূলক মতবাদও। খবর: জি নিউজ

সরাসরি সম্প্রচার হবে থার্ড আম্পায়ারের সঙ্গে কথোপকথন

3rd aক্রিকেটে তৃতীয় আম্পায়ারকে কাজে লাগানো হয় মাঠের আম্পায়ারদের সংশয়পূর্ণ সিদ্ধান্তের শুদ্ধতার জন্য। আপাতদৃষ্টিতে যা মাঠের আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত, অনেক ক্ষেত্রেই তা থার্ড আম্পায়ারের গভীর বিশ্লেষণে ভুল বলে প্রমাণিত হয়।
তবে সেই থার্ড আম্পায়াররাও পুরো নির্ভুল হয়ে উঠতে পারেন না; অন্তত সমর্থকদের চোখে। তৃতীয় আম্পায়ার যে দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত দেন, সেটির ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় অনেক দলকেও।
তবে অসন্তোষ প্রকাশ পর্যন্তই, সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারের যুক্তি বা মতামত জানার সুযোগ হয় না।
এবার ক্রিকেট ম্যাচে সেই ব্যবস্থাও হয়ে যাচ্ছে।
এখন থেকে মাঠের আম্পায়ারের সঙ্গে থার্ড আম্পায়ারের কথোপকথন শুনতে পাবেন দর্শকরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।
রান আউটের সিদ্ধান্ত, খেলোয়াড়দের রিভিউ বা অন্যান্য বিষয়ে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সঙ্গে যে পরামর্শমূলক কথা বলবেন, তা সরাসরি শোনানো হবে টিভি ধারাভাষ্যে।
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার একদিনের সিরিজে এই নিয়মটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

উপজেলায় যাচ্ছে টেলিটক ব্রডব্যান্ড ইন্টারনেট!

teletalk13প্রতিটি জেলায় থ্রিজি সংযোগ স্থাপনের পর এবার উপজেলা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। চলতি বছর থেকেই উচ্চগতির এই ইন্টানেট সেবা চালু করতে পারে অপারেটরটি। আর এজন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে আরো সাশ্রয়ী মূল্যে ভয়েজ কল সেবা চালুর উদ্যোগ নিয়েছে টেলিটক লিমিটেড। উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অর্থসংস্থান করতে ২০১৬ সালের মধ্যে পুঁজি বাজারে শেয়ার ছাড়তে যাচ্ছে সবার আগে থ্রিজি সেবা চালু করেও পিছিয়ে থাকা এই প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরেই কয়েকটি উপজেলায় সীমিত আকারে টেলিটক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে। আরা আগামা বছর নাগাদ বাংলাদেশের সকল প্রান্তে বসবাসরত প্রত্যেক নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে মোবাইল ভয়েজ, ডিজিটাল সেবা এবং মোবাইল ব্রডব্যান্ড অ্যাক্সেস চালু হবে।

সূত্রটি আরও জানিয়েছে, টেলিটককে সেবামূলক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সোমবার (১৬ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি  ইমরান আহমদ, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কমিটির অপর সদস্য মোয়াজ্জেম হোসেন রতন টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিস পরিদর্শন করে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এসময় সেবা কার্যক্রম উন্নয়নে প্রতিবন্ধকতা দূর করে প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নেয়া যায় তারও তাগিদ দেয়া হয়।

কমিটি সূত্রে জানা গেছে, এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে অপর রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল-এর তিন-চার হাজার লাইনম্যানকে অন্তর্ভূক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

সালাহ উদ্দিনকে বাঁচিয়ে রাখার আকুতি স্ত্রীর

hasina ahmedবিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ফরাসি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেসকে (এএফপি)   সোমবার দেয়া এক সাক্ষাৎকারে এ আকুতি জানান তিনি।

হাসিনা বলেন, “যদি তার (সালাহ উদ্দিন) বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তার বিচার করা হোক। কিন্তু দয়া করে তাকে বাঁচিয়ে রাখুন।”

এএফপিকে হাসিনা জানান, গত মঙ্গলবার গোয়েন্দা সংস্থার লোকজন সালাহ উদ্দিনকে রাজধানীর একটি বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এএফপির প্রতিবেদনের শুরুতে বলা হয়, সালাহ উদ্দিন আহমেদ গত জানুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুখপাত্র নির্বাচিত হন। বিএনপির ডাকা অবরোধের শুরুতে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে তার পূর্বসূরিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে সাদা পোশাকধারী ডিবি পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে একটি বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণ করেছে বলে সোমবার অভিযোগ আনে বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সহযোগী শিমুল বিশ্বাস এএফপিকে বলেন, “সালাহউদ্দিন আহমেদকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা এবং আমরা বিশ্বাস করি তিনি এখনো তাদের নিরাপত্তা হেফাজতে রয়েছেন।” তিনি বলেন, তাকে মুক্তি দেয়া বা আদালতে হাজির করা উচিত।

তবে সরকার ও পুলিশ সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। গত শনিবার পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ  বা আইন প্রয়োগকারী কোনো সংস্থা সালাহ উদ্দিনকে অপহরণ করেনি।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলে সরকারের নির্দেশে সালাহ উদ্দিনকে উঠিয়ে নিয়ে গেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মানবাধিকারকর্মী আইনজীবীরা শঙ্কা প্রকাশ করেছেন যে, তাকে বিচার ছাড়াই হত্যা করা হতে পারে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ এএফপিকে বলেছেন, হাইকোর্টে উপস্থাপিত প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, তারা সালাহ উদ্দিনকে গ্রেফতার করননি। তিনি তাদের হেফাজতেও নেই।

খালাস চেয়ে মাওলানা সুবহানের আপিল বুধবার

subhanজামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করবেন।

সুবহানের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার সকালে আপিল দায়েরের পর দুপুর ১২টায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এ বিষয়ে প্রেস বিফ্রিং করা হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডাদেশ দেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ আট ধরনের নয়টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে  অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বঙ্গবন্ধুর পাশে চাঁদাবাজদের ছবি দেখতে চাই না

obaidull28এখন রাজনীতিতে আদর্শ নেই অভিযোগ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমি ব্যথিত হই বিভিন্ন রাস্তায় বঙ্গবন্ধুর ছবির পাশে চাঁদাবাজ, টাউট-বাটপার ও লুটেরাদের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড দেখে। এসব চাঁদাবাজ-টাউট-বাটপারদের ছবি বঙ্গবন্ধুর পাশে দেখতে চাই না।

আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এক ধরনের মানুষেরা এ অপকর্ম করে যাচ্ছে। তাদের সঙ্গে কোনো আপোস নেই, তাদেরকে নিবৃত করতে হবে। যেখানেই বঙ্গবন্ধুর পাশে চাঁদাবাজ, টাউট-বাটপার ও লুটেরাদের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড দেখবেন, সেগুলো ছিড়ে ফেলবেন। তাতেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আর এ কাজ (নিবৃত) যারা করবেন, তারাই হবেন বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শের অনুসারী।

তিনি বলেন, ভাষণ-বক্তৃতা দিয়ে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করার দরকার নেই, তিনি প্রতিষ্ঠিত হয়েই আছেন। এই মাটি যতোদিন থাকবে, বঙ্গবন্ধুকে উৎখাত করা যাবে না। বক্তৃতার চেয়ে বঙ্গবন্ধুকে আমরা কতোটা অনুসরণ করি, সেটাই মূল বিষয়। এখানকার ক’জন বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি? বঙ্গবন্ধুর আত্মজীবনী অনুসরণই রাজনীতির জন্য যথেষ্ট। তাহলেই রাজনীতি আদর্শের দিকে যাবে, মূল্যবোধের দিকে যাবে। আজকের রাজনীতিতে আদর্শ নেই।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের রাজনীতি এখন প্রতিহিংসাপরায়ণ, অন্ধের মতো আক্রোশের। এখানে কর্মসম্পর্ক কীভাবে গড়ে উঠবে?

ওবায়দুল কাদের বলেন, একটা শ্রেণি বঙ্গবন্ধুকে হত্যা, শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও জয়কে অপহরণ চেষ্টা করে কর্মসম্পর্কের পরিবেশ বিষাক্ত করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনেও হরতাল-অবরোধ ডেকেছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে?

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে ওবায়দুল কাদের বলেন, আইএসের কর্মকাণ্ডের বিরুদ্ধে এলায়েন্স গঠন করে তাদের দমন করছে ওয়াশিংটন। বাংলাদেশে আইএস স্টাইলে কর্মকাণ্ড করছে বিএনপি। তাদের সঙ্গে সংলাপ করে লাভ কি? সংলাপ করতে হলে সম্পূর্ণভাবে এ সন্ত্রাস-সহিংসতা বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে সংলাপ হবে কি-না!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, অযৌক্তিক কর্মসূচি দিয়ে আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে নেওয়া যায় না। ভুল পথে ভালো ফল হয় না।

তিনি দাবি করেন, বিএনপির আন্দোলন সরকার হটানোর জন্য নয়। তাদের আন্দোলন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তারা আন্দোলনের নামে নাশকতা করছে।

চিত্রনায়িকা দিলারা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ।